আফ্রিকার ছোটগল্প
গল্প মানুষকে চিরকাল আনন্দ দিয়েছে। আর কেবল আনন্দ নয়, দিয়েছে ভাবমগ্নতাও। গল্পের এমন ক্ষমতার কথা আমরা জানি, যা মানুষের প্রাণ রক্ষা করতে পেরেছিল। আরব্য রজনীর শেহেরজাদী ও বাদশাহ শাহরিয়ারের গল্প কে না জানেন? শেহেরজাদী যে নিজেকে বাচাতে পেরেছিল শেষ পর্যন্ত সেতো ওই গল্পের জাদুর কারণেই। মৃত্যুদন্ডপ্রাপ্ত সেই নারী এমন সব চাঞ্চল্যকর কাহিনি রাজাকে শোনাতেন এবং এমন জায়গায় এসে থামতেন যে, শাহরিয়ারকে পরবর্তী অংশ শুনবার জন্য আগামী রাত পর্যন্ত অপেক্ষা করতেই হতো। রাতের পর রাত কেটেছে এভাবেই। শেহেরজাদীর গল্প বলার কায়দায় বাদশাহ এতোটাই মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে, একপর্যায়ে মেয়েটির প্রতি তিনি মমত্ব অনুভব করেন। বেঁচে যায় একটি নারীর প্রাণ। তাহলে কি এটাই প্রমাণিত হলো না যে, গল্পের জাদু একটা বিরাট ব্যপার? বাংলাদেশের কৃষিভিত্তিক গ্রামীন সমাজে এক সময় পুঁথি পাঠের প্রচলন ছিল। মানুষ রাত জেগে পুঁথি পাঠ শুনতো কেন? কারণ পুঁথির ভেতর গল্প থাকতো। আর থাকতো ওই পাঠের দৃষ্টিহৃদয়নন্দন ভঙ্গি। গল্প লিখিতরূপ পাওয়ার বহুকাল পরে এর শিল্প-অশিল্প নিয়ে ভেবেছেন লেখকরা। আদিকালের গল্পে কি শিল্প ছিল না? অবশ্যই ছিল। সেই শিল্প লেখকের বলবার ওস্তাদির গুণে স্বতস্ফুর্তভাবেই এসেছিল। সেজন্য ওইসব গল্প-কাহিনি সহজবোধ্যও ছিল। সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে ছোটগল্প আর অত সহজবোধ্য থাকলো না। কেননা ওই যে বললাম, আধুনিক কালে সাহিত্যের নন্দন নিয়ে লেখকরা আলাদাভাবে চিন্তা করতে শুরু করেছিলেন।
শিল্পবিপ্লবের সঙ্গে উপন্যাসের বিকাশের সম্পর্ক নিবিড়। উপন্যাসের শাখা হিসেবে ছোটগল্পের বেলাতেও একথা প্রযোজ্য। কথাসাহিত্য বিকশিত হতে হতে আজকে এমন জায়গায় এসে পৌঁছেছে যে, আধুনিক উপন্যাসের একটি বড় অংশই হয়ে উঠেছে ব্যক্তির নিঃসঙ্গতা, প্রেম-অপ্রেম, নিস্পৃহতা, পলায়নপরতা ইত্যাদির আধার। এটা মুখ্যত ঘটেছে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায়। জাপান, চীন, কোরিয়ার মতো উন্নত এশীয় দেশগুলোতেও তাই হয়েছে। সেদিক থেকে আফ্রিকার গল্প-উপন্যাস সম্পূর্ণ আলাদা। এই সাহিত্য উপজীব্য করেছে ব্যক্তি ও গোষ্ঠীর সংগ্রামশীলতা। সব ধরনের অন্যায়-অনাচারের বিরুদ্ধে দাড়িয়েছে। নামমাত্র স্বাধীন দেশগুলোতে সাম্রাজ্যবাদী চক্র নেতার নামে যেসব গুন্ডাপান্ডা পুষছে তাদের অকথ্য নিপীড়নের চিত্র ও তার বিরুদ্ধে প্রতিবাদ সিংহভাগ জায়গা জুড়ে আছে আফ্রিকার কথাসাহিত্যে। সুতরাং মোটা দাগে ইউরোপ আমেরিকার কথাসাহিত্য যদি হয় ব্যক্তিবিপর্যয়ের গল্প তাহলে আফ্রিকার কথাসাহিত্য হচ্ছে আত্মরক্ষার প্রয়োজনে রচিত সাহিত্য। শাদাচামড়ার অধিকারী কোন লেখক, যতই শক্তিমান হোন, কালো মানুষদের ওপর সংঘটিত নির্যাতন ও অবমাননার সঠিক, পূর্ণাঙ্গ চিত্র কখনোই তুলে ধরতে পারবেন না। নাডিন গারডিমার বা জি এম কোয়েৎজিরা কিছুটা ব্যাতিক্রম। গারডিমার Men of July উপন্যাসে 'কাল'দের বিদ্রোহের পর একটি সুশিক্ষিত শ্বেতাঙ্গ পরিবারের যে অশুভ পরিণতি দেখিয়েছেন বা Disgrace উপন্যাসে কোয়েৎজি কালো মানুষদের দ্বারা ধর্ষিতা এক শ্বেতাঙ্গ নারী ও তার অধ্যাপক পিতার মানসিক অবস্থার যে ছবি এঁকেছেন তা আমাদের ভাল লাগতে পারে। একজন দীক্ষিত আধুনিক পাঠক, যদি আফ্রিকান হন, ওইসব গ্রন্থে প্রযুক্ত শিল্পিতা স্বীকার করে নিয়েও মনে-মনে হাসবেন। কেননা তার মনে হবে, এধরনের সাহিত্যকর্মগুলো গরু মেরে জুতা দানের সমতুল। অতএব, আমাদের যন্ত্রণা-বেদনা-বঞ্চনার গল্প অন্যরা ভালো করে লিখতেই পারবে না, তা লিখতে হবে আমাদেরকেই—– এমন দায়িত্ববোধ থেকেই আফ্রিকার স্থানীয় লেখকরা কলম হাতে নিয়েছিলেন। আর সেই পালে জোর হাওয়া লাগিয়েছেন চিনুয়া আচেবে, বেন ওকরি, ওলে সোয়েংকা, নগুগি ওয়া থিয়ং, আমোস টুটুওলা, বেসি হেড, নুরুদ্দিন ফারাহ, আমা আতা আইডুর মতো বিশ্ববরেণ্য লেখকবৃন্দ।
বিশাল মহাদেশ আফ্রিকা। তার এক একটি দেশও কম বড় নয়। শতশত মাইলব্যাপী বিস্তৃত বন-জঙ্গল, মরুভূমি, সমতলভূমির চড়াই-উতড়াই সেসব দেশের ভূদৃশ্যে যেমন অশেষ বৈচিত্র্য এনেছে, তেমনি বিচিত্র সব জনগোষ্ঠী এবং অসংখ্য গোত্র-সম্প্রদায়, তাদের রীতিনীতি, পালা-পার্বণ, এক কথায় জীবন যাপনের ধরণ তাদের সম্পূর্ন পৃথক করেছে বিশ্বের অন্য সমস্ত অঞ্চল থেকে। আফ্রিকার বহু দেশ এখনো অনেক গরিব। শিক্ষার আলো থেকেও বঞ্চিত তারা। ফলে তারা মনে করে তাদের দারিদ্র দশা ঈশ্বরেরই ইচ্ছার প্রতিফলন এবং এটাই তাদের নিয়তি। কিন্তু এ অবস্থা যে সুবিধাবাদী মানুষের সৃষ্ট এটা বোঝার ক্ষমতাও তাদের ছিল না সুদীর্ঘকাল। অল্প কিছু আলোকপ্রাপ্ত, সাহসী, সহমর্মী মানুষ তাদের দুর্দশার সমূহ কারণ ও তার থেকে পরিত্রাণের পথ বাতলে দিয়েছে। এর পরিণামে সংঘর্ষ এবং সাম্রাজ্যবাদীদের এজেন্ট তথা পালিত গুন্ডাদের সঙ্গে বিবাদ বাধে প্রথমে তাদেরই। এসব বিষয় যে কেবল চিনুয়া বা নগুগির উপন্যাসেই ধরা পড়েছে তা নয়, তাদের এবং অন্য অনেক আফ্রিকী লেখকের ছোটগল্পেও উঠে এসেছে। আফ্রিকার এগারোটি দেশের বারোজন লেখকের মোট ছাব্বিশটি গল্প পড়ার পর আমার মনে হয়েছে, প্রায় সকলের লেখাতেই উপরে উল্লিখিত বৈশিষ্টগুলো বিদ্যমান। বুচি এমেসিতা, কিউই আরমাহ বা এলেন মাবানকউ এর মতো কতিপয় লেখক ব্যক্তির সমস্যাকে গুরুত্ব দিয়েছেন কখনো কখনো। বিংশ শতাব্দির মাঝামাঝি নাগাদ আফ্রিকান ছোটগল্পে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। পশ্চিমের কিছু কলাকৌশল প্রযুক্ত হলেও এসব গল্পে স্থানীয় লোককাহিনি ও চিরায়ত অনেক কেচ্ছার পুননির্মাণ লক্ষ করা যায়। লোকগল্পে অবশ্য চরিত্রের চেয়ে ঘটনা বেশি গুরুত্ব পায়, অন্যদিকে আধুনিক ছোটগল্পে চরিত্রের উপর বেশি জোর দেয়া হয়েছে। এক্ষেত্রে আখ্যানের গাথুনিও মজবুত। ছোটগল্পকারগণ যেসব থিমকে বারবার লেখায় এনেছেন সেগুলো হচ্ছে ঔপনিবেশিকতা, ছদ্মবেশী নয়া ঔপনিবেশিকতাও সংশ্লিষ্ট রাজনীতি, অনিশ্চয়তাবোধ ও তা থেকে জাত উদ্বেগ, নারীপুরুষের আত্মপরিচয়, গ্রাম ও শহরের ভেতরকার দ্বন্দ্ব, প্রাত্যহিক জীবনের চালচিত্র প্রভৃতি। সিয়েরালিয়নের প্রধান এক লেখক আবিওসেহ নিকোলের The Fireman গল্পের কেন্দ্রীয় চরিত্রে যে মানস দোদ্যুল্যমানতা আমরা লক্ষ্য করি তা কিন্তু ঐতিহ্য ও আধুনিকতার দ্বন্দ্ব থেকেই সৃষ্ট। ওই মানসচাঞ্চল্যের শেষ কোথায় তা আমরা জানি না। জানেন না সম্ভবত লেখকও। প্রচন্ড স্বাতন্ত্র্যবাদী লেখক নগুগি ওয়া থিয়ং যিনি গোঁড়ার দিকে ইংরেজিতে লিখলেও পরের মাতৃভাষায় লিখতে শুরু করেন। তিনি মনে করেন ইংরেজিতে লিখলে নিজের জাতিসত্তা ও বর্নাঢ্য সংগ্রামী আফ্রিকী জীবনযাত্রার বিচিত্র বেদনাময় রূপ যথার্থভাবে ফুটিয়ে তুলতে পারবেন না।, খরা, শস্য-হীনতা, অনাহার-অপুষ্টির ভয়াবহ চিত্র এঁকেছেন এই লেখক তার গল্প-উপন্যাসে। খরাআক্রান্ত গ্রামের অনুর্বর জমি নগুগির ভাষায় 'কুমিরের পিঠের মতো'। তার গল্পে জীবিকার খোঁজে মানুষকে শহরের দিকে চলে যেতে দেখি। গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে এই যে তারা চলেছে, কোন স্বর্গের দিকে যাচ্ছে তারা? নগুগি প্রশ্ন তুলেছেন, যেদিকে তারা যাচ্ছে সেই শহরগুলোও সমস্যাভারাক্রান্ত। বস্তির অস্বাস্থ্যকর মানবেতর জীবন তাদের কী দেবে? চিনুয়া আচেবের Girls at war and other stories এক অসাধারণ গ্রন্থ। "ঋণদাত্রীর ক্রোধ" গল্পে লেখক প্রজাপালকের ছদ্মবেশধারী রাষ্ট্রের ভন্ডামির কর্কশ ছবি এঁকেছেন দক্ষ হাতে।
জীবিকাসংকটের কারণে তুচ্ছ কাজ করতে বাধ্য হচ্ছে মানুষ এবং সেজন্য তাদের মনে যে – ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে এসবও বলেছেন তিনি। আরেকটি গল্পে দেখতে পাই নারীদের প্রতিবাদী চেহারা। পুরুষের বিকল্প হিসেবে নয় বরং তাদের কাধের সঙ্গে কাঁধ মিলিয়ে নারীরা যুদ্ধে অবতীর্ণ। এমনও ঘটেছে যে, লড়াকু পুরুষরা যেখানে আর এগুতে পারছে না, নারীরা সেখান থেকেই যাত্রা আরম্ভ করেছে নতুন উদ্যমে। মনে পড়ছে The Ivory Dancer নামের একটি ছোটগল্প। সুদীর্ঘকালের ঐতিহ্য তার পূজারী ও চর্চাকারী এক নেতৃস্থানীয় ব্যক্তিকে কিভাবে উৎপীড়কে রুপান্তরিত করে সেটাই এই গল্পে দেখিয়েছেন সাইপ্রিয়ান একোইয়েনসি। এখানে এক অল্প বয়সী নৃত্যশিল্পী স্থানীয় গোত্রপ্রধানের অন্যায়ের বিরোধিতা করে, ফলে সে হুমকির সম্মুখিন হয়। শত্রুপক্ষের রক্তচক্ষু ও হুমকি উপেক্ষা করেও ওই শিল্পী ন্যায় ও প্রগতির পথেই থাকার লড়াই অব্যাহত রাখে। কিভাবে রাখে সেটাই এই গল্পের মূল আকর্ষণ।
বিষয়বস্তুর বিচারে, আফ্রিকার প্রতিবাদী ঘরানার এইসব গল্পে বৈচিত্র্য কম থাকলেও তার উপস্থাপনরীতিতে, লেখক ভেদে, অনেক বৈচিত্র্য লক্ষনীয়। সেজন্য মিশর বা মরক্কোর ছোটগল্প আর সুদান বা ইথিওপিয়ার ছোটগল্প একরকম নয়। দৃষ্টিভঙ্গির পার্থক্যও স্পষ্ট। ভাষাকৌশল ও শিল্পিতার দিক থেকেও পিছিয়ে নেই আফ্রিকার অগ্রণী কথাকোবিদগণ।
