২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারা সৈয়দ হক: জীবন ও সাহিত্যে শূন্যতার প্যাটার্ন ভেঙে

মোজাফ্ফর হোসেন

Published : 05 Nov 2020, 08:57 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


'খাতা ভর্তি বড় বড় গোলাকার এঁকে চললো রাবেয়া। তার হঠাৎ মনে হলো, মানুষের জীবন ও মৃত্যুতে শূন্যের এক বিশেষ স্থান আছে। একেবারে শূন্য থেকে মানুষের জীবন হয় শুরু এবং অতি দ্রুততার সাথে সে জীবন শেষ হয়ে শূন্যে হয় বিলীন। খুব ছোট শূন্য থেকে বৃহৎ শূন্যে মানুষের যে ক্রমাগত যাতায়াত সেই সকল ক্ষুদ্র ও বৃহৎ শূন্যদের একত্র করার দায় পড়েছে যেন রাবেয়ার। একটি ক্ষুদ্র শূন্যের সাথে সে মেলাচ্ছে বৃহৎ এক শূন্যের, তারপর আবার একটি ক্ষুদ্র শূন্যের সাথে আরো এক বৃহৎ শূন্য। এইভাবে ক্ষুদ্র ও বৃহৎ বহু শূন্য একত্র হয়ে গড়ে তুলছে এক অভিনব শূন্যতার প্যাটার্ন।' ['নিঃসঙ্গতার ভাঙচুর', উপন্যাস]
মানুষের বিশেষ করে বাংলাদেশের মেয়েদের জীবন যে একঘেয়ে এক শূন্যের, একটা অভিনব শূন্যের প্যাটার্নে বন্দি তাদের জীবন, এই উপলব্ধি উপন্যাসের রাবেয়া ধার করেছে এক কিশোরীর কাছ থেকে। কিশোরীর জন্ম যশোরের চুড়িপট্টির স্থবির এক সমাজে, অশিক্ষা, ভণ্ডামি, নারীবিদ্বেষ, নারীনির্যাতন, সাম্প্রদায়িকতা—এসব সামাজিক অবক্ষয়ের মধ্যে। সময়টা চল্লিশের দশক। পৃথিবী দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছে বিশ্বযুদ্ধে। একটা ভুল ইতিহাসের শিকার হচ্ছে ভারতীয় উপমহাদেশ। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ, গৃহহীন হচ্ছে হাজার হাজার পরিবার, ধর্মের ভিত্তিতে, হিন্দু না মুসলিম এই প্রশ্ন তুলে যখন এসব কিছু ঘটে যাচ্ছে বৃহৎ ভারতে, তখন একজন মুসলমান বিয়ে করছেন একজন হিন্দুনারীকে। হিন্দুধর্ম থেকে রূপান্তরিত হয়ে মুসলমান হয়ে ওঠা সেই নারীর গর্ভ থেকে জন্ম নিচ্ছে চুড়িপট্টির সেই কিশোরী। সমাজের চারপাশে যখন ভাঙন, রাষ্ট্র ভাঙছে, পরিবার ভাঙছে, সম্পর্ক ভাঙছে, অর্থনীতি ভাঙছে, মানুষের এই বৃহত্তর ভাঙনপীড়নের মধ্যে সেই কিশোরী যখন ডাক্তারি পড়ার জন্য নিকটের কথিত 'হিন্দুশহর' কলকাতায় না গিয়ে দূরের কথিত 'মুসলমানশহর' ঢাকার দিকে রওনা হচ্ছে, তখন তার মা তার হাতে ধরিয়ে দিচ্ছেন কতগুলো বাচ্চা ছেলেদের হাফপ্যান্ট। এগুলো পেটিকোটের নিচে পরতে হবে। ঘরের বাইরের মেয়েদের শত বিপদ। সব বিপদের বড় বিপদ হলো নিজের সতীত্ব টিকিয়ে রাখতে হবে। ঘুমের মধ্যেও পরে থাকতে হবে এই প্যান্ট। মা সেই কিশোরীকে বলে দিচ্ছেন, মেয়েদের সবচেয়ে বড় শত্রু হলো তার শরীর।
কিশোরী চুড়িপট্টির সেই স্থবির সমাজ ছেড়ে যে মুক্তির কথা ভেবেছিল ঢাকা শহরের জীবনে, তা এক হ্যাফপ্যান্টের ফিতেই আটকে গেল। শুরুতে যে শূন্যতার প্যাটার্নের কথা রাবেয়া বলেছিল, সেই প্যান্টার্নে মধ্য দিয়ে আমরা এগুতে দেখলাম এই কিশোরীকে। সেদিনের সেই আত্মবিশ্বাসী কিশোরী বলছেন, 'আমি ঢাকা যাচ্ছি। শূন্য থেকে যাচ্ছি একশো'র দিকে। আমি মেয়ে মানুষ না, মানুষ হতে যাচ্ছি।'
অর্থাৎ কিশোরীর এর পরের যে যাত্রা তা হলো শূন্যের প্যাটার্ন ভেঙে শতক অর্থাৎ পূর্ণতার দিকে। এ পর্যায়ে আমি উনবিংশ থেকে বিংশ শতকের প্রথমার্ধের অন্যতম নারী পণ্ডিত ল্যু সালোমের সেই জীবনদর্শনের কথা স্মরণ করতে চাই, কি আশ্চর্য চুড়িপট্টির যে কিশোরীর কথা বলছি তিনিই একদিন ল্যু সালোমের উপর একটি বই লিখলেন, এবং সেখানে তিনি ল্যু সালোমের কথা বলতে গিয়ে লিখলেন: 'নারীর প্রয়োজন প্রথমত, অবিমিশ্র স্বাধীনতা। দ্বিতীয়ত, নারী হয়ে জন্মালেও গভীর জ্ঞান অন্বেষণে মানুষ হিসাবে নারীর পূর্ণ অধিকার প্রতিষ্ঠা।'
সেদিনের সেই কিশোরী আজ আমাদের সামনে বসে আছেন একজন সফল মানুষ, সু-সাহিত্যিক এবং স্বনামে খ্যাত চিকিৎসক হিসেবে।


লেখক আনোয়ারা সৈয়দ হক
আনোয়ারা সৈয়দ হক বহুমাত্রিক লেখক। তিনি মোটামুটিভাবে সাহিত্যের সব শাখায় লিখেছেন শতাধিক বই। গল্প, উপন্যাস, কলাম, জীবনী, ভ্রমণকাহিনি, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, শিশুসাহিত্য মোটাদাগে আমরা এভাবে সাহিত্যের শাখাগুলোকে চিহ্নিত করতে পারি। কিন্তু জনরা হিসেবে তাঁর সাহিত্য আরও অনেক বেশি বৈচিত্র্যময়। যেমন, মুক্তিযুদ্ধের সাহিত্য, এটি বাংলাদেশের সাহিত্যের বিশেষ একটি জনরা। এখানে আনোয়ারা সৈয়দ হক প্রবলভাবে দৃশ্যমান তাঁর সৃষ্টি দিয়ে। এরপর ধরা যাক, নারীবাদী সাহিত্য, সাইকোলজিক্যাল সাহিত্য—এ ধরনের জনরাভিত্তিক আলোচনায়ও আমরা তাঁর সাহিত্যকে পাঠ ও বিশ্লেষণ করতে পারি। বর্তমান আলোচনায় কিছুটা প্রাধান্য থাকবে তাঁর নারীবাদী সাহিত্যের প্রতি।
উপন্যাস
প্রথম উপন্যাস 'তৃষিতা' প্রকাশিত হয় সচিত্র সন্ধানীতে, ১৯৬৮ সালে। উপন্যাসটি তিনি ছাত্র অবস্থায় লেখেন। এখানে লেখকের নিজের জীবনকে আমরা কিছুটা পাই। উপন্যাসে আনোয়ারা সৈয়দ হকের মতো নারীচরিত্র তুলি ঢাকায় পড়তে আসে পরিবার ছেড়ে। হোস্টেলজীবন, নগরজীবনের নানা অভিজ্ঞতার কথা উঠে আসে। তুলি ভালোবাসে বক্ষব্যাধিগ্রস্ত পুরুষ মুশতাককে। প্রথম ব্যক্তির বয়ানে লেখা।
আনোয়ারা সৈয়দক হক যে সরস এবং সুখপাঠ্য গদ্যে লেখেন, তার সূচনা এই উপন্যাস থেকেই। দৃষ্টান্ত হিসেবে একটা অংশ তুলে ধরছি। কাওরান বাজারে ট্রেনের সিগনাল পড়েছে। তিনি লিখছেন: ট্রেন আর আসে না। ক্রসিংয়ের ঢাকা ঘোরা লোকটার অস্পষ্ট নির্বিকার অবয়বটা দেখে মনে হচ্ছে যেন একটা শত্রু। এত আগে থেকে শয়তানটার গেইট বন্ধ করার কি দরকার ছিল? যে মুহূর্তে মনে হলো ঘোড়ার মতো পা ঠুকি মেঝেতে, অমনি ঘসঘস ঘসঘস করতে তীক্ষ্ম হুইসিল বাজিয়ে এসে পড়ল ট্রেন।…জানালার ফাঁকে উৎসুক মুখ, আলো তরতর করে সরে যাচ্ছে সামনে থেকে—দূর থেকে দূরে, অন্ধকারে।'

সোনার হরিণ উপন্যাসে উচ্চবিত্ত পরিবারের মেয়ে ছবির গল্প আমরা জানতে পারি। এটি লেখকের দ্বিতীয় উপন্যাস। কথাশিল্পী আবু রুশদ এই উপন্যাসের প্রশংসা করেছিলেন একটি লেখায়। 'নিঃসঙ্গতার ভাঙচুর' উপন্যাসে আমরা পাই তেত্রিশ বছরের অবিবাহিত সংগ্রামী ও সংবেদনশীল রাবেয়া চরিত্রটিকে। উপন্যাসের শুরুর দিকে কথক বলছেন, 'রাত যত গভীর হয়, রাবেয়ার মনে হয়, সারাদিনের বিধ্বস্ত প্রকৃতি যেন তার ক্ষত উন্মোচন করছে, নীরবে, ধীরে ধীরে, লজ্জায় বিব্রত হয়ে।' এরপর উপন্যাসটি আমরা যখন পড়ে যাই, উপলব্ধি করি রাবেয়া নিজেও তার ক্ষত উন্মোচন করছে, নীরবে, ধীরে ধীরে, লজ্জায় বিব্রত হয়ে। পরিবারে সৎমার হাতে নির্যাতন, ছোটভাই খোকন তো মরেই গেল, শৈশবে যৌননির্যাতন—এসব কষ্টের গল্পগুলো প্রাচীন বাড়িটার মতো চিরকালীন চেহারা নিয়ে বসে আছে।
লেখকের 'ব্যবহৃতা' উপন্যাসটি সবচেয়ে পাঠকপ্রিয়। এটাকে ডকুফিকশন বলা যেতে পারে। আনোয়ারা সৈয়দ হক উপন্যাসটিকে বলেছেন 'সমীক্ষা উপন্যাস'। রাজধানীর যৌনপেশাজীবী নারীদের নিয়ে তিনি গবেষণা করেছেন। তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রিজিয়া রহমানের 'রক্তের অক্ষর' আমাদের অনেকের পড়া। সেটি একটি সার্থক উপন্যাস। 'ব্যবহৃতা' প্রথাগত উপন্যাস নয়। ২৫টি পরিচ্ছেদে কতগুলো টুকরো গল্পের সমন্বয় ঘটেছে। আনোয়ারা সৈয়দ হক নিজেই উপন্যাসটির কথক। বারো বছর বয়সী মেয়ে নদীকে দিয়ে শুরু। এরপর পাপিয়া, উর্মি, শিউলি, বকুল, শুক্লা, সূর্যমুখীদের টুকরো কাহিনি তিনি বর্ণনা করেছেন। বেশ্যা নামের চেয়ে যৌনকর্মী কি ভালা নাম না? একজন যৌনকর্মী লেখিকাকে এই প্রশ্ন করলে জবাবে তিনি বলেছেন: "…বরং আমি তোমাদের ডাকব আদিম শ্রমজীবী বলে। বস্তুত যৌনজীবিকাই নারীর আদিম শ্রম।…নারীর যতটুকু ক্ষমতার স্বাদ, তা হলো নিজের যৌনতা দিয়ে পুরুষকে বশীভূত করে রাখা। এবং একইভাবে নিজের জীবন এবং অস্তিত্ব বাঁচিয়ে রাখা। নারী খুব দুঃখের সঙ্গে হলেও, এখন স্বীকার করতে বাধ্য যে পুরুষের আগ্রাসী মনোভাবের সাথে তার আপস করা ছাড়া আর কোনো উপায় নেই।"
একই ধারাবাহিকতায় তিনি লিখেছেন আরেকটি উপন্যাস 'নখ'। এসিডদগ্ধ নারী ও জেলে যাওয়া এসিড সন্ত্রাসীদের সাক্ষাৎকার নিয়েছেন। উপন্যাসের নায়িকা একটি এনজিওতে চাকরি করেন। কাজের সূত্রে তাকে এ সকল সাক্ষাৎকার নিতে হয়। উপন্যাসের নায়িকা নিজেও পারিবারিক জীবনের স্বামীর নির্যাতনের শিকার।

ইংল্যান্ড ও স্কটল্যান্ডে বসবাসরত বাঙালি অধিবাসীদের নিয়ে লেখা উপন্যাস 'গুজরিপঞ্চম'। অধিকাংশ উপন্যাসের মতো এটিও নারী চরিত্রপ্রধান। ডাক্তার কুলসুম সেমিনারে অংশ নিতে কয়েকদিনের জন্য লন্ডনে আসে। একটা অস্থায়ী চাকরি জুটিয়ে নেয়। এটা শেষ হলে আরেকটা চাকরি নিয়ে যায় স্কটল্যান্ডে। স্বামী থেকে কিছুদিনের জন্য পরিত্রাণ খোঁজা। পাশাপাশি কিছু সঞ্চয় হলে মেয়েকে বিদেশে পাঠানোর ইচ্ছা তার। বাংলাদেশি ডায়াসপোরা সাহিত্য হিসেবেও এটি পাঠ করা চলে। আমরা জানি, জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় লেখক আনোয়ারা সৈয়দ হক বিদেশে কাটিয়েছেন। ডাক্তার কুলসুমের দেখা লন্ডন ও সেখানকার সমাজের খুঁটিনাটি চালচিত্র তার নিজের দেখা। অন্যান্য ডায়াসপোরা সাহিত্যে আমরা দেখি, অভিবাসী জীবনের সংকট ও পিতৃ-মাতৃভূমির প্রতি যে-নস্টালজিয়া এবং ক্ষয়ে যাওয়া সময়ের জন্য হাহাকার কিংবা আগন্তুক হিসেবে নতুন জীবনের কথা উপজীব্য হয়ে ওঠে। অর্থাৎ ডায়াসপোরা জীবনে থেকে হোমল্যান্ড এবং হোস্টল্যান্ডের মধ্যকার টানাপড়েন উঠে আসে। এখানে সেই অর্থে তা হয়নি। কারণ উপন্যাসের নায়িকা পরিস্থিতিতে নয়, সচেতনভাবে কিছুদিন লন্ডনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেশে ফিরে যাবেন। তবে এখানে যেটা হয়, একজন নারীর আত্মজাগরণ। বা আত্মউন্মোচন। ইংল্যান্ডের পথে পথে ঘুরে, একাকী নিজের মুখোমুখি হয়ে উপন্যাসের প্রধান চরিত্র নিজের সত্তাকে নতুন ভাবে উপলব্ধি করেন।
'তারাবাজি' উপন্যাসে গ্রামের সহজ সরল সুজাত আলী একটা গল্প পেয়েছে, গ্রামের মানুষ এখন তাকে গুরুত্ব দিচ্ছে। আষাঢ়ে গল্পের মতো করে শুরু হলেও উপন্যাসটি ক্রমেই সিরিয়াস হয়ে ওঠে। শুভ ও অশুভের ভেতর দ্বন্দ্ব চিরকালীন। মানুষের ভেতরেই শুভ ও অশুভের অবস্থান। ড. জেকিল অ্যান্ড মিস্টার হাইড গল্পের কথা আমরা জানি। স্টিভেনসন বলছেন, ম্যান ইজ নট ট্রুলি ওয়ান, বাট ট্রুলি টু। এখানেও নারীর অন্তর্জগতের দ্বন্দ্ব, পারিবারিক ও সামাজিকভাবে নিপীড়ণ প্রতীকের মধ্য দিয়ে উঠে এসেছে।

'দুই রমণী' উপন্যাসে লুসি আর মিসেস আরেফিনের গল্প। আয়ারল্যান্ডের কৃষকের মেয়ে লুসি। লুসি জীবনের তাগিদে আসে ইংল্যান্ডে। লুসির দুর্ভাগ্য যে, বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়া এক বকাটে যুবক হায়দারের সঙ্গে সাক্ষাৎ ও প্রণয় হয় তার। বড় ভুলটা করে হায়দারকে বিয়ে করে বাংলাদেশে এসে। 'অস্থিরতার কাল, ভালোবাসার সময়' উপন্যাসে একদিকে মানবিক সম্পর্কের ক্ষয় অন্যদিকে ভালোবাসা। জাগতিক সফলতা মানুষকে নষ্ট করে দিচ্ছে বটে কিন্তু মানুষের মনে কোথাও না কোথাও এতটুকু ভালোবাসা বেঁচে আছে যার কারণে শেষ পর্যন্ত মানবিকতা পরাজিত হয় না। 'সন্দেহ' মনোবিশ্লেষণধর্মী উপন্যাস। নারী-পুরুষের সাংসারিক জীবনে সন্দেহ কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে এবং নারীরা কিভাবে এর শিকার হয়, তা এখানে উঠে এসেছে। 'ঘুমন্ত খেলোয়াড়' উপন্যাসে সেইসব তরুণদের গল্প বলা হয়েছে যারা সমাজের অস্থির স্রোতের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ভুলপথে হাঁটতে শুরু করেছে। নেশার জগতে বিকাশ হওয়ার আগেই ঝড়ে পড়ছে দেশের একটা প্রজন্ম। 'ফিরে যাবার পথ অনিশ্চিত' উপন্যাসটি একাত্তর পরবর্তী সামাজিক অবক্ষয় নিয়ে লেখা। এছাড়াও 'খাদ', 'জলনুড়ি', 'সেই প্রেম সেই সময়', 'কার্নিশে ঝুলন্ত গোলাপ', 'আহত জীবন', 'রুপালি স্রোত', 'ঘুম', 'সেইসব দিন' ইত্যাদি লেখকের গুরুত্বপূর্ণ উপন্যাস।


ছোটগল্প
শতাধিক গল্প লিখেছেন আনোয়ারা সৈয়দ হক। গল্প সমগ্র-১ এ আছে ৬০টির মতো গল্প। ১৯৫৪ সালে প্রকাশিত হয় প্রথম গল্প 'পরিবর্তন'। তখন লেখকের বয়স মাত্র ১৪ বছর। নারীচরিত্র প্রধান গল্পটির নায়িকার বয়সও ১৪ বছর। আনোয়ারা সৈয়দ প্রথম জীবনে গল্প লিখেছেন নিজের জীবনকে উপভোগ করার জন্য। তখন পরিবারে নিরানন্দময় সময়কে তিনি উপভোগ করেছেন কলম হাতে নিয়ে।
পঞ্চাশ থেকে ষাটের দশকে বাংলাদেশের ছোটগল্পে এক ধরনের পালাবদল ঘটে। এই সময় আমাদের অগ্রজ লেখকদের জাতীয় দায়িত্ব পালন করতে হয়েছে। একদিকে আলাদা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাহিত্যের স্বতন্ত্র ভাষা সৃষ্টি করা, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালি জাতিরাষ্ট্রের উত্থানে সাহিত্যকে অস্ত্র হিসেবে কাজে লাগানো। আনোয়ারা সৈয়দ হক তাঁর ছোটগল্পে সময়ের দায়িত্ব পালন করার পাশাপাশি অতিরিক্ত একটা দায়িত্ব পালন করেছেন, যেটা আমাদের পুরুষ লেখকদের খুব সচেতন হয়ে করতে হয়নি, তিনি আমাদের অবহেলিত নিয়ত নির্যাতনের শিকার নারী সমাজের জন্য লিখেছেন সাহসীভাষ্যে। একদম প্রথম গল্প থেকে শুরু করে এখন পর্যন্ত যে গল্প তিনি লিখে যাচ্ছেন তার ভেতর নারী চরিত্রগুলো এবং নারীর সংসার ও কর্মজীবনের নানা ঘটনাপ্রবাহ তিনি সচেতনভাবে উপস্থাপন করেছেন।


শিশুসাহিত্য
বাংলা সাহিত্যের প্রায় সব সিরিয়াস সাহিত্যিকই কম-বেশি শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন। হয়ত একটা দায়বদ্ধতার জায়গা থেকে তাঁদেরকে এই কাজটা করতে হয়েছে। এক্ষেত্রে সকলে যে শতভাগ সফল হয়েছেন সে কথা বলা মুশকিল। শিশু-কিশোরদের মনস্তত্ত্ব বুঝে তাদের উপযোগী সাহিত্য রচনা করা সহজ কাজ না।
আনোয়ারা সৈয়দ হক মূলত চড়া মেজাজের কথাসাহিত্যিক। তিনি সমাজের নিপীড়িত-উপেক্ষিত মানুষ, নানাভাবে নির্যাতনের শিকার নারীদের জন্যে লিখেছেন। তবে ছোটদের জন্য যখন কলম ধরেন, তখন আমরা ভিন্ন এক আনোয়ারাকে পাই। এখানে তিনি আর তাঁর গদ্যের টনটনে ভাবটা রাখেননি। শিশুদের মতোই সরল ও সহাস্য হওয়ার চেষ্টা করেছেন। তাঁর শিশুসাহিত্য যতটা না বিনোদন-প্রধান তার চেয়ে বেশি শিক্ষাপ্রধান। তিনি কেবল শিশুদের মনোরঞ্জনের জন্য না লিখে, লিখেছেন শিক্ষাদানের উদ্দেশ্য নিয়ে। তাই মানবিক কখনো কখনো সত্যনিষ্ঠ সংগ্রামী গল্প তিনি শিশুকিশোর-উপযোগি করে তুলে ধরার চেষ্টা করেছেন। সবচেয়ে বড় যে কাজটা করেছেন সেটা হলো, শিশুদের ভেতর স্বদেশচেতনা উন্মেষ; প্রেমবোধ, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সজাগ করে তোলা। তাঁর গল্পে বার বার মুক্তিযুদ্ধের কথা আসে। ভারতবর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোর কথা আসে। ভাষা আন্দোলন, দেশভাগ—কোনোকিছুই বাদ যায় না।
শিশুসাহিত্যের পাশাপাশি শিশুদের জন্য লেখা 'এখন তুমি বড় হচ্ছো' বইটির কথা স্মরণ করতে চাই। বয়ঃসন্ধিকালের কিশোর-কিশোরীদের জন্য খুব দরকারি এই বই তিনি লিখেছেন। বাংলাদেশে এ ধরনের বই খুব একটা চোখে পড়ে না। 'কিশোর কিশোরির মন ও তার সমস্যা' আরেকটি গুরুত্বপূর্ণ বই। এরকম আরও কিছু বই তার আছে। শিশুসাহিত্যে তাঁর জনপ্রিয় ছানা সিরিজ খুব জনপ্রিয়তা পেয়েছে।


আত্মজীবনী
'আমার স্কুল', 'নরক ও ফুলের কাহিনী', 'অবরুদ্ধ', 'ক্ষুব্ধ সংলাপ'—বাংলাদেশের আত্মজীবনীমূলক সাহিত্যে এ চারটি বই উল্লেখযোগ্য সংযোজন। বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক পট পরিবর্তনের অনন্য দলিল হিসেবে বইগুলো অসাধারণ। আনোয়ারা সৈয়দ হকের আত্মজীবনীর সবচেয়ে বড় দিক হলো তিনি স্পষ্ট করে সব কিছু লিখেছেন। নিজের দোষগুণ, সম্মানহানি এসব বিষয় আড়াল করে কিছু লেখেননি। প্রথম পিরিয়ড যখন হলো মা তাকে বললেন, 'এই বয়সেই কপাল পুড়ল হতচ্ছাড়ী, দশ পেরোতেই পারলিনে…?' এরপর ইতি ঘটে গেল শৈশবের। কিশোরী আনোয়ারা তখন শরীর লুকাতে শিখে নিলেন, কুঁজো হয়ে হাঁটতে লাগলেন, যেন ক্রমেই তার বুকের স্ফীতভাব কাউকে উত্তেজিত না করে। এরপর তিনি কারও কারও উত্তেজনার কারণ হয়েছেন সশরীরে উপস্থিত না থেকেও। একদিন সেলাইঘরে ঢুকে দেখেন দর্জি তার ছেড়ে রাখা জামার গন্ধ নিচ্ছে। এভাবেই নিজের শরীর ক্রমেই নিজের কাছে অচেনা হয়ে উঠল।
নারীদের জীবন যে শূন্যতার প্যাটার্ন দিয়ে বন্দি বলে আনোয়ারা সৈয়দ হক মনে করেন। সেই বন্দিত্ব ঘোচানোর জন্য তিনি নারীর অর্থনৈতিক মুক্তির উপর জোর দিয়েছেন। নারীকে স্বাধীন ও স্বাবলম্বী হতে হবে। আমরা জানি নোরা ঘর ছেড়েছে মুক্তির জন্য। কিন্তু পুরুষশাসিত সমাজব্যবস্থায় একা নোরা এখন কোথায় যাবে? একই প্রশ্ন আমরা যোগাযোগের কুমু কিংবা বিষবৃক্ষের সূয্যমুখীকে করতে পারি। একজন নাটকের, অন্য দুজন উপন্যাসের নায়িকা। তিনজন নারী ঘর ছেড়েছে তিনরকম প্রেক্ষাপট থেকে। কিন্তু তিনজনের কাছে সমাজের একটাই প্রশ্ন — সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর 'নোরা তুমি কোথায় যাবে?' প্রবন্ধে যেমনটি বলেছেন — 'ঘর ছেড়ে তারা যাবে কোথায়?'
সমাজে তখন তিনটি অপশন খোলা থাকে। এক. স্বামীর সঙ্গে আপোষ করে স্বামীর সংসারে ফিরে যাওয়ার, যেমন কুমু কিংবা সূয্যমুখী করেছে। দ্বিতীয় অপশন হলো আত্মহত্যা করা। যেমন আন্না কারেনিনা উপন্যাসের আন্না করেছে। কিন্তু নোরা কি করবে আমরা জানি না। কিন্তু নোরার জন্য আরও একটি পথ খোলা আছে। তাকে কর্মজীবী হতে হবে। নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। অন্যথায় মুক্তি সম্ভব নয়।
আনোয়ারা সৈয়দ হকের 'ব্যবহৃতা' উপন্যাসে বারবণিতা শাবনুর বলছে: 'আজ আপনে যদি আপনার স্বামীর সমান কামাই করতেন, তো তাইলে দেখতেন আপনার স্বামী আপনারে কত ডরায়। আসলে মানুষ ডরায় পয়সারে। পয়সা যার থাকবো, মানুষ তারেই ডরাইবো। এই যেমন আমি বাড়িত ট্যাকা পাঠাই, আমার বাব মা ভাই সবাই আমারে ডরায়। কেউ জিগায় না, শাবনুর কই পাইছোস এতো ট্যাকা?'
কথাগুলো শাবনুর যেন আরেক ভূগোল ও সময়ের বাসিন্দা নোরাকেই বলছে। অর্থাৎ, নোরা ঘর ছাড়ার পর নোরা তুমি কোথায় যাবে বলে আমাদের মনে যে প্রশ্ন জেগেছিল, তার উত্তরে আনোয়ারা সৈয়দ হকের একজন যৌনকর্মী বলছে, নারীকে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হবে।
নোরা-কুমু-সূয্যমুখী-মৃণাল-আন্না ঘর ছেড়েছে। কিন্তু আনোয়ারা সৈয়দ হকের উপন্যাসের নায়িকারা ঘর ছাড়েনি। রাবেয়া দশ বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে গেলেও তাকে পুরুষ জগতের হিংস্র রূপ দেখে ফিরে আসতে হয়েছে। কোন পুরুষ খারাপ, বাইরের না গৃহের? এই প্রশ্নের উত্তর আমরা জানি রাবেয়া দিতে পারবে না। কারণ সে ঘরে বাইরে সমানভাবে নির্যাতনের শিকার। এই বাস্তবতার কারণেই আনোয়ার অন্য এক চরিত্র 'আমি, শর্মিলা ও বর্ণা' গল্পে বলে, নারীর প্রধান শত্রু তার পরিবার। সেই পরিবারের ভেতর থেকে নিজের জীবন বদলানোর যে যুদ্ধ তা আমরা করতে দেখি আনোয়ারা সৈয়দ হকের চরিত্রদের। বৃহত্তর সমাজ নয় ব্যক্তিক পরিমণ্ডল নিয়ে ভাবে তার উপন্যাসের চরিত্ররা। অধিকাংশ চরিত্রই আমরা দেখি অস্তিত্বসচেতন। তারা নিয়ত একধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যায়।


ন্যারেটিভ
আনোয়ারা সৈয়দ হকের অধিকাংশ গল্প-উপন্যাস নারীর দৃষ্টিতে লেখা। তিনি পুরুষ কথকের মুখ থেকেও গল্প বলেছেন কিন্তু 'পুরুষের দৃষ্টিভঙ্গি' গ্রহণ করেননি। পুরুষ চরিত্রপ্রধান গল্প লেখা আর পুরুষের দৃষ্টিভঙ্গিতে লেখা আলাদা বিষয়। শতশত বছর ধরে শিল্পসাহিত্যে নারীনির্মিতি হয়েছে পুরুষের দৃষ্টিকোণ থেকে। নারীরা এক অর্থে পুরুষের কলোনাইজড, আরেক অর্থে সাবঅলটার্ন। ফলে নারীকে দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ন্যারেটিভ নির্মাণ করতে হচ্ছে। নতুন করে এখন নারীদের একটা সাহিত্যিক ঐতিহ্য তৈরি করতে হচ্ছে। যে কারণে অস্ট্রেলিয়ান নারীবাদী লেখক ডেল স্পেনডার তার Mothers of the Novel বইতে বলছেন, …it is not necessary to invent a literary tradition for women, only to rewrite the records and to put in what men have left out.
Mothers of the Novel বইতে ডেল দেখাচ্ছেন যে, জেন অস্টিনের আগে উল্লেখ করার মতো একশজন নারী ঔপন্যাসিক এসেছেন। কিন্তু সাহিত্যের পৃষ্ঠপোষক পুরুষ হওয়ার কারণে এবং সাহিত্যের ইতিহাস পুরুষদের দৃষ্টিকোণ থেকে লেখার ফলে এ-সকল লেখক হারিয়ে গেছেন। তিনি পরিষ্কারভাবে বলছেন: the language of literary history is man-made, and the order it imposes on the past a male construct.
এই কারণে এখন একজন নারী লেখকের ভালো লেখাটাই কেবল গুরুত্বপূর্ণ নয়, নারীদের সাহিত্যের ট্রাডিশন তৈরিতে অবদান রাখতে পারাটাও গুরুত্বপূর্ণ কাজ বটে। এই যে নারীদের স্বকীয় ভাষাকে তুচ্ছতাচ্ছিল্যের ছলে বলা হচ্ছে মেয়েদের গদ্য মেয়েলি। এবং মেয়েরাও চেষ্টা করেছেন এই মেয়েলি গদ্য থেকে বের হয়ে পুরুষ সমালোচকীয় দৃষ্টিতে উতরে যেতে। পুরুষের ভাষায় আমি লিখব কেন? এই প্রশ্ন কজন করতে পেরেছেন। সাহিত্যে ভাষা দুরকমের। ভাল এবং মন্দ। এটা শিল্পের বিচারে। কিন্তু জেন্ডার রাজনীতিতে শিল্পের ভাষা আরও দু ধরনের। পুরুষের ভাষা ও নারীর ভাষা। নারীর ভাষার অনন্য উদাহরণ হতে পারে সাহিত্যে ভার্জিনিয়া উলফ, কেট শপ্যা, উইলা ক্যাথার, ইসমত চুগতাইয়ের মতো লেখকরা। নারীদের সাহিত্যভাষার সমস্যা হলো, ভাষাটা নানাদিক থেকে তৈরি না। যেমন, আমি মনে করি নারী লেখকদের যৌনতার ভাষা এখনো তৈরি হয়নি। কারণ এখনো সাহিত্যে নায়িকার রূপের যে বর্ণনা থাকে, সেটা পুরুষের দেখা দৃষ্টিতে, যৌনতার ক্ষেত্রে নারীরা এখনো সাহিত্যে সাবমিসিব। এটা একটা দিক। এমন আরও অনেক বিষয় নিয়ে কথা হবে পারে, কিন্তু সেটা বর্তমান গদ্যের বিষয় না। কথাটা আসছে আনোয়ারা সৈয়দ হক সেই প্রচেষ্টার একটা সূত্র ধরিয়ে দিতে।


জীবনীগ্রন্থ
আনোয়ারা সৈয়দ হক তিনটি গুরুত্বপূর্ণ জীবনীগ্রন্থ লিখেছেন। কিন্তু তথাকথিত জীবনীগ্রন্থ নয়। এক্ষেত্রে তিনি ব্যক্তির অলটারনেটিভ বায়ো লিখেছেন। যেমন 'পিকাসোর নারীরা' গ্রন্থে পিকাসোর শিল্পে নারীর ভূমিকার পাশাপাশি নারীরাও ব্যক্তি হিসেবে কেমন ছিলেন সেটি তিনি উপস্থাপন করেছেন। ফলে এখানে আমরা পুরুষ হিসেবে পিকাসোকে যেমন পাই, তেমনি নারী হিসেবে তার বান্ধবীদের আমরা চিনতে পারি। একদিকে পিকাসোর লাম্পট্য, অন্যদিকে নারীদের উচ্চাশা। 'রবীন্দ্রনাথ ও বিজয়া' গ্রন্থে তিনি রবীন্দ্রনাথের সঙ্গে আর্জেন্টিনার নারী ভিক্টোরিয়া ওকাম্পোর কি সম্পর্ক ছিল সেটা তিনি নির্ণয় করার চেষ্টা করেছেন।
এ পর্বে ল্যু সালোমে: আধুনিক নারীর প্রথম মানচিত্র বইটি খুব গুরুত্বপূর্ণ। ল্যু সালোমে ছিলেন ইউরোপের আধুনিকতম নারীদের একজন। জ্ঞান অন্বেষণের জন্য জার্মানিতে চলে আসেন। স্বদেশ রাশিয়ায় তখন মেয়েদের জন্য উচ্চশিক্ষা নিষিদ্ধ ছিল। তাঁর পছন্দের বিষয় ছিল দর্শন, সাহিত্য, নাট্যকলা। তিনি চেয়েছিলেন নারী হিসাবে নয় মানুষ হিসাবে নিজেকে জানতে এবং প্রতিষ্ঠা পেতে। ধর্মীয় ও সামাজিক অনুমোদনকে আমলে না নিয়ে তিনি হয়ে ওঠেন নারীবিপ্লবের আদর্শিক চরিত্র।
ল্যু সালোমেকে স্মরণ করছি শুধু এই কারণে না যে, আনোয়ারা সৈয়দ হক তাঁকে নিয়ে একটি বই লিখেছেন। বলছি এই জন্য যে, আমাদের সামনে বসে আছেন আরেক ল্যু সালোমে। তিনিও শিক্ষার জন্য যশোর থেকে ঢাকায় আসেন। সে সময় নারীশিক্ষার জন্য অনুকূলে ছিল না আমাদের সমাজ ব্যবস্থা। বাবার ইচ্ছায় মেডিকেলে পড়াশুনা করলেও আনোয়ারা আপার প্রিয় বিষয় ছিল সাহিত্য। সালোমের মতো সব সময় তিনি জ্ঞান অন্বেষণ করে যাচ্ছেন।
ল্যু সালোমের প্রিয় বন্ধু ফ্রেডরিখ নিৎসের কথা, 'দৃঢ়তার সাথে বাঁচো। বাঁচো সমগ্রতা, পূর্ণতা এবং সৌন্দর্যের সাথে।' ল্যু সালোমে সেই চেষ্টা করে গেছেন আমৃত্যু। আনোয়ারা সৈয়দ হকও আমাদের মাঝে আছেন সমগ্রতা, পূর্ণতা ও সৌন্দর্যচেতার সঙ্গে, অনন্য এক দৃষ্টান্ত হয়ে।