২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জল পড়ে, পাতা মরে

একরাম আলি একরাম আলি

Published : 31 Oct 2020, 04:58 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


কোনো কিশোর— হয়তো-বা অধিকাংশ কিশোর— যখন প্রথম একটা কবিতা লিখে ফেলে, সে জানতেও পারে না— তার সামনে অপেক্ষা করে আছে গোপন একটা সুড়ঙ্গ। এবং সুড়ঙ্গের সেই গোলকধাঁধায় তাকে ঢুকতেই হবে, যদি খাতার সাদা পাতাগুলো ডাইনি-হাওয়ায় উড়ে উড়ে তাকে অবিরাম প্ররোচিত করে।
প্রথম প্রচেষ্টায় কী লিখবে সে? যা-ই লিখুক, চেষ্টা করবে তার লেখার কাঁচা শরীরে যেন একটা দোলা থাকে। দৈনন্দিন জীবনের থেকে দূরে যেখানে তার মন নাচতে চাইছে বা আজন্ম নাচছে, নৃত্যের সেই তাল যেন লেখায় আছাড় খায়। অর্থাৎ চেষ্টা করবে ছন্দোবদ্ধ বাক্য লিখতে। আর চেষ্টা করবে প্রতি পংক্তির শেষটাকে মিলিয়ে দিতে। কেন? এভাবেই সে পড়ে এসেছে। বা, শুনে।
এ যেন ইচ্ছাপূরণের এক চমৎকার গল্প, বহু উত্থান-পতনের শেষে যেখানে সবাই এসে মিলিত হয় আর সুখেশান্তিতে বসবাস করে।

ধরা যাক, আমাদের এই কিশোর তার একান্ত খাতাটি আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে সক্ষম হল। কী হতে পারে তাহলে? তত দিনে তার চারপাশে আশ্চর্য হওয়ার মতো একটা শব্দ অশরীরীর ছায়া হয়ে ঘুরতে শুরু করবে। সেই শব্দটি— কবিতা। তখন বারবার সে মনে মনে আওড়ায়। কোনো-এক আলোকোজ্জ্বল গ্রহান্তরের প্রাণীর মতো বিড়বিড় করে শব্দটি। তার সারা শরীরে নভোমণ্ডল থেকে পবিত্র আত্মা এসে ভর করে আর সেই সদ্য-তরুণটি— তখনও তার তারুণ্য আসেনি যদিও— আর-একটি শব্দ দেখতে পায়। সে-শব্দটি— পবিত্র।
কবিতার সঙ্গে পবিত্রতাকে বিনিসুতোয় গেঁথে ফেলার প্রলোভন থেকে বেরিয়ে আসা তখন তার পক্ষে কঠিন হয়ে পড়ে। যা-কিছু পবিত্র, তা-ই কবিতা; বা, কবিতা নিজেই পবিত্র— এমন বিশ্বাস জন্মায়। আসলে, যখন সে কবিতার মুখোমুখি, কোনো-এক ক্ষণে সহসা তীব্র সূচ-রশ্মি এসে তার মনে বিঁধিয়ে দিয়েছিল এই কথাটি যে, সে তো পবিত্র মন নিয়ে লিখছে। ফলে, লেখাটিও অবশ্যই পবিত্র। কিন্তু একান্ত। প্রকাশ করবার মতো নয়। এমনকি কাউকে বলার মতোও নয়।

এমনই গোপন পবিত্রতার আশ্রয়ে কবিতার জন্ম হয়েছিল একদিন। এবং আমাদের সেই কৈশোরোত্তীর্ণ কবিতাপ্রয়াসীকে এখন আমরা বলতে পারি— কবি।
তাঁর যে কবিতার সঙ্গে সম্পৃক্ত হওয়ার মনটি, যে-মনটিকে ভাবা হচ্ছে পবিত্র, সেই মনটি রয়েছে কোথায়? কবির অন্তরে। আর কবি? রয়েছেন সর্ব কলুষযুক্ত এই পার্থিব জগতে। প্রাণের অক্ষমতা আর অপমানগুলি প্রতিনিয়ত প্রত্যক্ষ করতে তিনি বাধ্য। তিনি দেখছেন নিজের অসহায়তা। দেখছেন— ঝুলতে ঝুলতে বাসের পাদানি থেকে ফসকে রাস্তায় পড়ে যাচ্ছে প্রৌঢ়। বাঘের মুখ থেকে বাঁচতে প্রাণপণে ছুটছে হরিণ। পারছে না। জঙ্গল শেষ হয়ে আসছে। সামনে জনপদ। আরও ভয়ংকর বিপদের মুখোমুখি সে। পঁচিশ হাজার ফুট উপরে পাখির চেয়েও ছোট্ট এক ক্যামেরা তাক করে আছে মাথায়। নিষ্ফল ছুটছে একদল প্রাণ। এটা জেনেই যে, নিমেষে তাদের শেষ করে দেবে ওই যন্ত্রনিক্ষিপ্ত মিসাইল।
এই কলুষতাগুলি প্রতি মুহূর্তে তাঁর কবিতা লেখার পবিত্র মনকে দীর্ণ করারই কথা। করছেও। এবং এমন একটা সময় আসবে, যখন তিনি সন্দেহ করতে শুরু করবেন ওই পবিত্র শব্দটিকে।
এইখানে পৌঁছে থমকে যাবেন তিনি। এতদিনের কবিতা, সেসবের পাঠ-অভিজ্ঞতা, তাঁকে নিয়ে যাবে বুকশেলফের শ্বাসরোধী অন্ধকারে— যাকে আমরা পুনর্বিবেচনা বলি। কবির এলোমেলো চুল খাড়া হয়। ঠোঁটের সিগারেটের ছাই রাতের গভীরতার দিকে লম্বা হতে থাকে। একসময় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ফের শান্ত হন। তাঁর সন্দেহ হয়— কবিতা কি সত্যিই পবিত্র?
টেনে বের করেন উচ্ছৃঙ্খল এক তরুণের চটি বই। উলটেপালটে ফের গুঁজে দেন শেলফে। আরেকটা বই। ফের গুঁজে দেন। চাঁদের সর্বনাশা গতিপথে বিপজ্জনকভাবে জুড়ে দেন নিজেকে। তারপর একদিন নিজেই তিনি সিদ্ধান্তে পৌঁছান— কবিতা রয়েছে পবিত্রতার ঠিক উলটো মেরুতে।

কবিতার ক্ষেত্রে এই যে পবিত্র শব্দটি, এর উৎস কোথায়? তিনি ভাবতে বসেন। হাজার বছরের কবিতাভাবনার সামনে প্রথমেই তাঁর চোখে পড়ে কবিতাশরীরের স্বর্গীয় নৃত্যরত ভঙ্গিটি, সঙ্গে জাদুকরী অন্ত্যমিল— যা-সব তিনি পড়ে এবং অনুসরণ করে আসছেন সেই শুরুর থেকে।
একসময় নিষ্ঠুরের মতো ফেলে দেন ছন্দ আর মিল নামের রঙিন এবং আরামপ্রদ দোলনা আর নির্ভরযোগ্য ওয়াকার। তিনি দেখতে চান— কবিতা নিজের পায়ে দাঁড়াতে পারে কি না। ছুটে যেতে পারে কিনা ওই জানালার কাছে, যেখানে গেলে ফুটপাথের শতচ্ছিন্ন পোশাকের সেই প্রৌঢ়াকে দেখা যাবে, যে-আসলে নগ্ন। যে সারাদিন আঙুল নেড়ে বিড়বিড় করে সূর্যের সঙ্গে ঝগড়া করে যাচ্ছে।
শুরু হয় নতুন এক কবিতাজীবন। পরিত্যাগ করেন ছন্দ আর মিলের অতিরিক্ততা। তত দিনে তাঁর চোখের সামনে পরিস্ফুট হতে শুরু করেছে একেকটি শব্দের বিস্তার, তার ওজন। ধুলোয় ভর্তি পথে দেখতে পান ছন্দহীনতার চলন, যার মাতাল পায়ে-পায়ে মাপা-অমাপা তালের অদৃশ্য ছন্দ। তাঁর কানের কাছে কেঊ ফিসফিস করে— জল পড়লেই পাতা শুধু নড়ে না। অতিবৃষ্টিতে গাছ থেকে পাতা খসে যেতে পারে। পাতার অকালমৃত্যু হয়।

তত দিনে আমাদের কবির চুলে পাক ধরতে শুরু করেছে। চিন্তাপ্রস্থানের ভূমি বিস্তৃত হয়ে ছড়িয়ে গেছে দুরধিগম্য নানা দিকে। এমন এক সময়ে এসে তাঁর সন্দেহ হল— তবে কি আমার কবিতা এখনো মুক্ত আর স্বাবলম্বী নয়? সটান কবিতা রূপে আবির্ভূত হতে এখনো সে পরনির্ভর? কোথায় এবং কেন এমন হচ্ছে?
আবার তিনি নিজের কবিতার সীমান্ত পর্যন্ত হেঁটে যান। যুদ্ধ শেষ হওয়ার পর পরাজিত সেনাপতি যেমন একা বিপক্ষের দখলকৃত অঞ্চল থেকে দূরে ক্লান্ত পদবিক্ষেপে ঘুরে বেড়ায়। হাঁটতে হাঁটতে সেই কবির অন্যমনস্ক পায়ে লাগে উপমার মতো চ্যাটচেটে রক্ত। উৎপ্রেক্ষার মতো বিপজ্জনক খন্দের সামনে তিনি থমকে দাঁড়ান, যে-খন্দ থেকে তখনো নির্গত হচ্ছিল শত্রুদের রেখে যাওয়া রাসায়নিক গ্যাসের মতো বিষাদ। গোটা সীমান্তে— যা তখন নির্জন আর পরিত্যক্ত এক ভূমি মাত্র— অপরূপ এক চিত্রকল্প রচিত হয়ে রয়েছে। রয়েছে অতীতের বহু বহু যুদ্ধের হাহাকার আর কান্না আর জয়োল্লাসের স্মৃতি।

আমাদের কবি আবার ফিরে আসেন তাঁর কক্ষে, সাদা পাতার কাছে। শুধু মাত্র সাদা পাতা, যা নিরাভরণ। নিরাবরণও। নিজের মস্তিষ্ককে শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টায় প্রাণান্ত করেন। কেননা, তত দিনে তিনি জেনে গেছেন– কবিতাকে একক পায়ে অভিযাত্রায় বেরোতে হলে অলঙ্কারশাস্ত্রকে বিসর্জন দিতেই হবে। কবিতা হবে নগ্ন। পূর্বাপরহীন। একক। এবং সম্পূর্ণত স্বাবলম্বী। সেই কবিতার সঙ্গে একটা লোটা বা বদনাও থাকবে না। কম্বল থাকবে না।

আমাদের কবি এইভাবে তাঁর নতুন যাত্রা একদিন শুরু করবেন। করবেনই।
তা না হলে জল পড়বে। পাতাও মরে যাবে।