২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাঁর গল্পের ভুবন

আহমাদ মোস্তফা কামাল

Published : 25 Sep 2020, 11:47 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


বাঙালি লেখকদের ইংরেজি ভাষায় লেখা বইপত্র বাংলাদেশের পাঠকেরা খুব একটা পড়েন বলে মনে হয় না। হয়তো আন্তর্জাতিক পাঠকদের কাছে তাঁরা সহজেই পৌঁছতে পারেন, কিন্তু তাঁরা কী লেখেন, কেমন লেখেন, দেশের পাঠকদের কাছে সেটি অজানাই রয়ে যায়, লেখকেরাও জানতে পারেন না পাঠকেরা তাঁদের সম্বন্ধে কী ভাবেন। এই ফাঁকটুকু পূরণ করার কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান নয়, সেটি থাকলে মন্দ হতো না। কাজী আনিস আহমেদও তেমনই এক লেখক, যিনি তাঁর সাংগাঠনিক দক্ষতার জন্য সাহিত্যমহলে রীতিমতো খ্যাতিমান, কিন্তু তাঁর লেখা সম্বন্ধে পাঠকদের ধারণা কম। তাঁর গুডনাইট মি. কিসিঞ্জার ও অন্যান্য গল্প (Good Night, Mr. Kissinger and other stories) পড়তে গিয়ে আমার মনে হয়েছে, বইটি যদি পাঠকেরা পড়েন, তাহলে নতুন এক জগতের সঙ্গে তাদের দেখা হবে। ব্যাপারটা ব্যাখ্যা করি। আমাদের কথাসাহিত্য প্রধানত মধ্যবিত্ত লেখকদের দ্বারা লিখিত নিম্নবিত্ত বা মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনযাপন এবং চিন্তা ও দর্শনের বর্ণনা। দেশে যে একটা উচ্চবিত্ত শ্রেণি আছে, তাদের জীবনযাপন-চিন্তা-দর্শন-দৃষ্টিভঙ্গি যে আলাদা রকমের হতে পারে, আমাদের কথাসাহিত্যে তার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এর যৌক্তিক কারণও আছে। আমাদের লেখকেরা মধ্যবিত্ত জীবন যাপন করেন এবং নিম্নবিত্ত মানুষের জীবন দেখার সুযোগ পান, কিন্তু উচ্চবিত্তের জীবন সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, সেই সুযোগও তাদের সচরাচর ঘটে ওঠে না এবং তার চেয়ে বড় বিষয় হলো, উচ্চবিত্তদের তাঁরা প্রায় শত্রুই ভাবেন। কীভাবে লিখবেন তাঁরা? এ কথার পরিপ্রেক্ষিতে কেউ বলতেই পারেন, উচ্চবিত্তদের নিয়ে লেখা কি খুব জরুরি? আমি বলব, হ্যাঁ, জরুরি। একটা শ্রেণি একটা সমাজে যুগের পর যুগ ধরে জীবন যাপন করছে, অথচ লেখকদের চোখে তারা অপাঙ্ক্তেয় রয়ে যাবেন, এ কেমন কথা? কাজী আনিস সেই অভাবটি পূরণ করেছেন। তাঁর গল্পের অধিকাংশ চরিত্র উচ্চবিত্ত অভিজাত সম্প্রদায়ের মানুষ। কীভাবে তিনি এঁদেরকে গল্পে হাজির করেছেন, তা আমরা একবার চকিতে দেখে নিতে পারি।
২
এই লেখার একটা চটকদার শিরোনাম আমি দিতে চেয়েছিলাম, যেমন 'বড়লোকদের গল্প'। এই ধরনের শিরোনাম আজকাল পাঠকেরা খুব 'খায়', কিন্তু আমি যেহেতু তাদের খাওয়াতে বসিনি, তাদের তুষ্ট করার অভিপ্রায়ও আমার নেই, সে জন্য ও ধরনের চটকদারি বা চমকদারি থেকে বিরত রইলাম। কিন্তু শিরোনামটি দিলে খুব বেশি ভুল হতো না। বড়লোক বা ধনাঢ্যদের গল্প তিনি সত্যিই লিখেছেন। যেমন ধরা যাক, 'আমার শত্রুরা' (All My Enemies) গল্পের শাহবাজ সাহেব অতি ধনাঢ্য মানুষ। শহরের সবচেয়ে উঁচু ভবনটি তার। শুধু তা-ই নয়, সেই ভবনের ৪১ তলায় নিজের অফিসে বসে সামনের দিকে তাকিয়ে শহরের জয় করা অংশ দেখে তিনি পুলক অনুভব করেন এবং আরেক অংশে সাম্রাজ্য সম্প্রসারণের পরিকল্পনা করেন। হ্যাঁ, আক্ষরিক অর্থেই তিনি সাম্রাজ্য তৈরি করেছেন। শহরজুড়ে তার সম্পদ। এই শাহবাজ সাহেব আমাদের সেই সব ধনাঢ্য ব্যক্তিদের প্রতিনিধি, যারা স্বাধীনতার পর লুটপাটে মেতেছিল, 'শত্রু সম্পত্তি' দখল করেছিল, নানা রকম সুযোগের সন্ধানে ছিল এবং প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করেছিল। অথচ তিনি উঠে এসেছেন স্কুলশিক্ষক পিতার নিম্নমধ্যবিত্ত ঘর থেকে। এই ধরনের ফুলেফেঁপে ওঠা ধনবানদের অনেক আলগা আভিজাত্য প্রদর্শন করতে হয়। তার ষাটতম জন্মদিনের পার্টির জন্য তিনি ব্যাংকক থেকে প্লেনে করে তাজা অর্কিড নিয়ে আসেন, সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ান কাঁকড়া নিয়ে আসেন, কীভাবে সাজানো হবে, তার নিখুঁত পরিকল্পনা জানিয়ে দেন সবাইকে। কিন্তু সকাল থেকেই একটার পর একটা ঝামেলা এসে হাজির হয়। ইন্দোনেশিয়ান কাঁকড়া নষ্ট হয়ে যাওয়ার খবর আসে, মন্ত্রীর রেফারেন্স নিয়ে আসা চাকরিপ্রার্থী তরুণকে সাক্ষাৎ দিতে গিয়ে তার সঙ্গে তর্ক বেঁধে যায় (কারণ, সে দাবি করে, তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে নিয়োগ না দিয়ে অন্য একজনকে দেয়া হয়েছে, যেন তাকেই নিয়োগ দেয়া হয়। তিনি বুঝতে পারেন, তরুণ এই ছেলেটি তার ছকের বাইরে, একে নিয়ন্ত্রণ করা যাবে না), এবং তিনি ধৈর্য হারিয়ে উত্তেজিত হয়ে ওঠেন, জন্মদিনে শান্ত থাকার প্রতিজ্ঞা ভেঙে যায়, মীমাংসা ছাড়াই তরুণটিকে তাড়িয়ে দেন। সেদিনই তার একমাত্র পুত্র পাঁচ তারা হোটেলে লাঞ্চের জন্য তাকে নিমন্ত্রণ করে এবং জানায় সে স্কলারশিপ পেয়েছে এবং ভবিষ্যতে সে সিনেমা বানাতে চায়। তার অনুপস্থিতিতে এই বিশাল সাম্রাজ্য কে দেখবে, সেই দুর্ভাবনায় তিনি কাতর হয়ে থাকেন, এদিকে ছেলে চায় সিনেমা বানাতে, মেয়ে 'দুবার স্বামী বদল করে' বসে আছে বাসায়। হোটেল থেকে বাসায় ফিরে তিনি দেখেন, পার্টির জন্য সাজানো-গোছানো শেষ হয়নি, অথচ পার্টি শুরু হতে আর বেশি দেরি নেই; তিনি আবার ধৈর্য হারান, তাড়া করেন এক ডেকোরেটরকর্মীকে। পার্টি শুরু হলে এবং নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করলে তিনি প্রায় প্রতিটি মানুষকে দেখে ভয়ংকর বিরক্ত হন, তাদের সম্বন্ধে কদর্য সব কথা মনে আসে, যদিও সৌজন্য-ভদ্রতা ও আভিজাত্যের মুখোশটি তাকে পরেই থাকতে হয়। চমকপ্রদ বর্ণনায়, সূক্ষ্ম উইট আর হিউমার নিয়ে গল্পটি এগিয়ে যায়। একসময় এসে হাজির হয় তার প্রতিদ্বন্দ্বী খন্দকার, যে কিনা একসময় তারই কর্মচারী ছিল, এখন আলাদা হয়ে নিজেই সাম্রাজ্য বাড়াচ্ছে আর শহরের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের পাঁয়তারা করছে। বিনয়ে বিগলিত হয়ে খন্দকার জানায়, আজই সে পঞ্চান্নতলা ভবনের অনুমোদন পেয়েছে, অর্থাৎ সে-ই শহরের সবচেয়ে উঁচু ভবনের মালিক হতে যাচ্ছে। শাহবাজ সাহেবের দিনটাই বিষাক্ত হয়ে ওঠে, সব ওলটপালট হয়ে যায়। এমনকি কেক কাটার সময় তিনি একজন কর্মীকে সেই তরুণ চাকরিপ্রার্থী ভেবে চড় মেরে বসেন। তার সমস্ত সৌজন্য, সভ্যতা-ভব্যতা, নিজের বানানো আভিজাত্যের লক্ষণ-আচরণ কাচের মতো ভেঙে পড়ে, তার বানোয়াট মুখোশটিও মুহূর্তের মধ্যে খসে পড়ে।
এই ভেঙে পড়ার ব্যাপারটা দেখা যায় আনিসের আরও দুয়েকটি গল্পে। বলাই বাহুল্য, সব এক রকম নয়, একেকটা একেক রকম। 'তার জীবনের শ্রেষ্ঠ সুখের দিন' (The Happiest Day of His Life) গল্পটির কথা বলা যায়। প্রথম পুরুষে বর্ণিত গল্পটির কথক এক বহুজাতিক কোম্পানির মার্কেটিং শাখার জেনারেল ম্যানেজার, দেশে-বিদেশে ঘুরে বেড়ায়, চাকরিবাকরি-পরিবার-পরিজন নিয়ে বেশ সুখেই আছে। বন্ধুদের 'সুখ তো ছিল সেই স্কুল-পালানো দিনগুলোয়' ধরনের আলোচনায়-আড্ডায় আনন্দ তো পায়ই না, বরং বিরক্ত হয়। এই বন্ধুদেরই একজন, আমজাদ, একদিন আত্মহত্যা করে বসে এবং কথকের জন্য একটা মুখ বন্ধ করা প্যাকেটে চিঠি রেখে যায়। বাদল নামের বন্ধুটি সেই চিঠি পৌঁছে দেয়, কিন্তু কিছুদিন সেটি পড়ার সাহস হয় না কথকের। তারপর একদিন প্যাকেট খুলে দেখা যায়, চিঠি নয়, ডায়েরির ঢঙে লেখা কতগুলো কাগজ। সেখানে আমজাদের জীবনের কোনো প্রসঙ্গেরই উপস্থিতি নেই, বরং বর্ণনা আছে কতগুলো দিনের, যে দিনগুলোতে সে সুখী বোধ করেছিল। কথক কৌতূহল নিবৃত্ত না করতে পেরে পড়তে শুরু করেছিল, আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাওয়ার সুপ্ত ইচ্ছেও হয়তো ছিল কিন্তু এসব বিবরণ পড়তে পড়তে সে বিরক্ত হয়। এক জায়গায় সে দেখে লেখা আছে : 'মাঝেমধ্যে আমি ভাবি, আমার বন্ধুদের কাছে তাদের জীবনের শ্রেষ্ঠ সুখী দিনটি সম্পর্কে জানতে চাইব। অবশ্য তারা বলবে বলে মনে হয় না।' পড়ে কথকের প্রতিক্রিয়া হয় এ রকম : 'এই প্রশ্ন নিয়েই কি সে মাঝেমধ্যে আমার অফিসে আসত? কী হাস্যকর! আমরা আধুনিক বাস্তববাদী মানুষ। আমাদের আলোচনায় স্বাভাবিকভাবেই এগুলো আসার কথা নয়। জীবনের মান-অপমান ও রাগ-বিরক্তি নিয়ে আমরা কথা বলি, জীবনের বড় আঘাতগুলোতে দুঃখ প্রকাশে আমাদের তেজস্বী ভাষা আছে। আমরা কথা বলায় প্রতিষ্ঠিত রীতির বাইরে যাই না।' সূক্ষ্ম ইঙ্গিতময় বিদ্রƒপটি বেশ পরিষ্কার-'আধুনিক এবং বাস্তববাদী' মানুষের সুখ নিয়ে কথা বলার ইচ্ছে বা আকাক্সক্ষা নেই, যদিও দুঃখ-হতাশা-ক্ষোভ প্রকাশের তেজস্বী ভাষা আছে এবং কথা বলায় প্রতিষ্ঠিত রীতির বাইরে' যাওয়ার চেষ্টা তারা করে না! কথক রাগ করে লেখাগুলো ছুড়ে ফেলে, তার জন্য এগুলো রেখে যাবার মানেও বুঝতে পারে না। কিন্তু ওই দিন সে অফিস থেকে সরাসরি বাসায় না ফিরে, ড্রাইভারকে বিদায় দিয়ে নিজেই ড্রাইভ করে বহুদূর চলে যায় একা একা। এরপর বাদলকে সে এড়িয়ে চলতে থাকে, তার মুখোমুখি হতে চায় না, কিন্তু একদিন ঠিকই বাদল তাকে অফিসে ধরে ফেলে। মৃদু কথাবার্তা শেষে বিদায় দেবার সময় কথক তার হাত চেপে ধরে বলে-'আচ্ছা বাদল, তুমি কি সুখী?' বোঝা যায় যে বিরক্ত হলেও কথক এই প্রশ্ন দ্বারা তাড়িত হয়েছে, আমজাদ নিজের প্রশ্নটি খুব কৌশলে কথকের কাছে হস্তান্তর করে গেছে এবং কথকের জীবন আর আগের মতো নেই। নেই যে, সেটি জানা যায় শেষের দিকে এসে। এখন সে অনেক রাত করে বাড়ি ফেরে। গাড়ি নিয়ে দূরে কোথাও চলে যাবার ব্যাপারটা প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। বাসায় ফিরে দেখে বউ ঘুমিয়ে পড়েছে, রাতের খাবার ঢাকা আছে, পাশে লেখা 'খেয়ে নিয়ো।' সে খায় না, বেডরুমে গিয়ে দেখে বউ নেই, সে তার ছেলের রুমে ঘুমাচ্ছে। কথকের মনে হয়, 'এদের কি আমি চিনি?'


এ-ও একধরনের ভাঙন। কিন্তু দুটো গল্পের ভাঙন এক রকম নয়। 'আমার শত্রুরা' গল্পে আছে সূক্ষ্ম এক বিদ্রুপ। শাহবাজ সাহেব নিজেই যেসব স্ট্যান্ডার্ড তৈরি করেন-ম্যানার-কার্টেসি-এটিকেট-এ সবকিছুর, তা নিজেই ভেঙে ফেলেন কোনো এক অসতর্ক মুহূর্তে, বেরিয়ে পড়ে তার আসল চেহারা। আর এই গল্পের কথকও তার নিজের তৈরি করা ধারণা থেকে বেরিয়ে আসে বটে, তবে প্রায় নিজের অজান্তে, মৃত এক বন্ধুর কৌশলী প্ররোচনায়; এবং এই গল্পে কোনো বিদ্রুপ নেই, আছে এক মানবিক আকুতি, জীবনের দিকে নতুন করে ফিরে তাকাবার এক অপূর্ব আয়োজন; এবং ফিরে তাকালে মনে হয়, যে জীবন পেরিয়ে এলাম-সেটি যেন আমার নয়, আমার জীবন পড়ে আছে অন্য কোথাও, অন্য কোনোখানে! এই গল্পটি অত্যন্ত শক্তিশালী। আর কে না জানে, একটি গল্পগ্রন্থে একটিমাত্র শক্তিশালী গল্প থাকলেও সেই গ্রন্থটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
নানা ধরনের বিষয় এবং নানা ধরনের চরিত্র নিয়ে গল্প লিখেছেন কাজী আনিস, তবে যেকোনো ব্যক্তিচরিত্রের চেয়ে যাকে বেশি চোখে পড়বে সে হচ্ছে শহর ঢাকা। আরও পরিষ্কার করে বললে হারিয়ে যাওয়া পুরোনো দিনের ঢাকা, স্মৃতির ঢাকা, গত শতকের সত্তর-আশির দশকের ছিমছাম-মায়াময় ঢাকা। 'চামেলি' (Chameli), 'পরীক্ষা দিয়ে কবি হওয়া' (The Poetry Audition), 'আয়েশাকে হারিয়ে' (Losing Ayesha)-এই গল্পগুলোতে স্মৃতির ঢাকার দেখা পাওয়া যায়। অবশ্য পুরো ঢাকা নয়, ধানমন্ডি এবং এর আশপাশের এলাকা। কিন্তু ওটুকুতেই আন্দাজ করা যায় সেই সময়ের ঢাকা কেমন ছিল। এসব গল্পের ব্যক্তিচরিত্রগুলো টিপিক্যাল মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত তো নয়ই। অভাব-দারিদ্র্য-আর্থিক টানাটানি-হতাশা-দুঃখ-বেদনার যেসব গল্প পড়ে আমরা অভ্যস্ত, আনিসের গল্পে সেসব নেই। তাঁর চরিত্ররা অন্য রকম, তাদের জীবনযাপন, চিন্তাভাবনা, সুখ-আনন্দ, দুঃখ-বেদনাও অন্যরকম। গল্প পড়েই এর স্বাদ নিতে হয়, সে জন্য সব আখ্যানের বর্ণনা এখানে দিচ্ছি না, পাঠকেরা পড়লে নিশ্চয়ই এই নতুন ধরনের গল্পগুলোর স্বাদ পাবেন। কেবল পুরোনো দিনের ঢাকাই নয়, 'ফেরার বছর' (The Year of Return), 'রামকমলের উপহার' (RamKamal's Gift) এবং 'এলিফ্যান্ট রোড' (Elefant Road) গল্পগুলোতে বদলে যাওয়া নতুন ঢাকার দেখা মিলবে। 'আমার শত্রুরা' এবং 'তার জীবনের শ্রেষ্ঠ সুখের দিন' গল্পের কথা তো আগেই বলেছি। এই বইয়ের একটিমাত্র গল্প 'গুডনাইট মি. কিসিঞ্জার' আমেরিকার পটভূমিতে লেখা। কাজী আনিস দীর্ঘকাল আমেরিকায় ছিলেন, কেউ যদি প্রত্যাশা করেন যে তাঁর গল্পে ওখানকার জীবন পাওয়া যাবে, একটু হতাশই হতে হবে তাকে। তিনি আমাদের গল্পই বলতে চেয়েছেন, এই দেশের গল্প, এই শহরের গল্প, এই শহরের মানুষদের গল্প। এমনকি, 'গুডনাইট মি. কিসিঞ্জার'ও আমাদেরই গল্প, যে আমরা দেশটাকে এত ভালোবাসি যে কেউ দেশকে নিয়ে কটুকথা বললে তাকে কোনো দিন ক্ষমা করি না। গল্পের কথকও হেনরি কিসিঞ্জারকে ক্ষমা করেনি। বাংলাদেশকে 'তলাবিহীন ঝুড়ি' বলার স্মৃতি তো ভুলে যায়ইনি, নতুন করে যুক্ত হয়েছে টুকিটাকি উপহাস, যার প্রতিটিই কথকের মনে আগুন জ্বালিয়ে দেয়, মনে মনে কিসিঞ্জারকে শারীরিকভাবে আঘাত করারও সুযোগ খোঁজে।

আগেই বলেছি, এই গল্পগুলোর অন্যতম এক চরিত্র এই শহর ঢাকা। সেটি সবচেয়ে চমৎকারভাবে ধরা পড়েছে 'রামকমলের উপহার' গল্পে। রামকমল 'পৃথিবীর অলিখিত সর্বশ্রেষ্ঠ উপন্যাসটি' লিখতে চায়। সে বলে, 'আমাদের যা করতে হবে তা হলো, একেবারে নতুন এক কায়দায় শহরটাকে এবং উপন্যাসটাকে এক করে ফেলতে হবে। ঢাকা একবারে নতুন একধরনের শহর। ঢাকাকে দেখলে বোঝা যায় কেয়ামত হয়ে যাওয়ার পর দুনিয়ার অবস্থাটা কেমন হবে। সেই দুনিয়ার বাস্তবতাটা ধারণের জন্য একটা উপযুক্ত আঙ্গিক আমাদের খুঁজে পেতে হবে।' বোঝাই যায়, তার চিন্তার কেন্দ্রে আছে ঢাকা। এই শহরের ইতিহাস এবং এর ধ্বংস হয়ে যাওয়ার করুণ আখ্যান যেমন সে লিখতে চায়, তেমনি একে নতুন করে নির্মাণ করার স্বপ্নটিও লিখে যেতে চায়। এবং একা নয়, এই কাজটি করতে চায় 'সবাই মিলে', সে জন্য সে অনেককে এ কাজে যুক্তও করে। তার যুক্তিটা এ রকম : 'আমি এটা সম্মিলিতভাবে করতে চাচ্ছি এজন্যই যে আমার মনে হয়, আমার হাতে অনেক সময় নেই। আমি যদি না-ও থাকি, অন্যদের দ্বারা যেন শেষ হয়। এটা কোনো সংকীর্ণ প্রজেক্ট নয়। এর চলা উচিত যতদিন এই নগরী চলে। এটি চলতে থাকা উচিত যেন এর পরিবর্তন-পরিমার্জনও চলতে থাকে। পুরনো সংস্করণ পরিমার্জন করে নতুন সংস্করণ বের হতে হবে। এটাকে হতে হবে এক জ্যান্ত ডকুমেন্ট।' গল্পটি ইঙ্গিতময়, কারণ, একসময় দেখা যায় কাউকে কিছু না বলে রামকমল উধাও হয়ে গেছে এবং গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আসলে রামকমল নামে কেউ নেই, ছিলও না। যে ছিল কিংবা যে উধাও হয়ে গেছে, সে অন্য কেউ এবং তার প্রকৃত নাম কেউ জানে না। অথচ তার নানা অপকীর্তির কথা শোনা যায়, শহরের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের খবরও পাওয়া যায়। জানা যায়, সে বহু লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। মনে হয় যেন এক প্রতারকের গল্প পড়লাম। আসলে তা নয়। রামকমলের চরিত্র একমাত্রিক নয়, বহুমাত্রিক। সে একই সঙ্গে ভালো এবং মন্দ, পরোপকারী এবং স্বার্থপর, স্বপ্নবাজ এবং নৈরাশ্যপীড়িত, সর্বোপরি এক রহস্যময় চরিত্র। যেন সে নিজেই এই শহরের সমস্ত চরিত্র একসঙ্গে ধারণ করে আছে, কিংবা সে নিজেই এই শহর ঢাকা। সে হারিয়ে গেলেও ওই প্রজেক্ট বাতিল হয়ে যায় না, বরং সে উপহার দিয়ে যায় তার স্বপ্নকে, ঢাকাকে নতুর রূপে গড়ে তোলার স্বপ্ন। ইঙ্গিতপূর্ণ এবং রহস্যময় এই গল্পটিকেও আমি আরেকটি শক্তিশালী গল্প বলে মনে করি।

৩
এই লেখাটি গুড নাইট মি. কিসিঞ্জার ও অন্যান্য গল্প বইয়ের পূর্ণাঙ্গ রিভিউ নয়। কাজী আনিস আহমেদ কেমন গল্প লেখেন তার একটি ধারণা দেয়ার চেষ্টা করলাম মাত্র। বইটি পড়লেই কেবল তাঁর গল্পের স্বাদ আস্বাদন করা যাবে। পাঠকদের জ্ঞাতার্থে জানাই, বইটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) এবং যুক্তরাষ্ট্রের দ্য আননেমড প্রেস থেকে। মুহম্মদ মুহসিনের অনুবাদে বইটির বাংলা ভাষান্তর বেরিয়েছে কাগজ প্রকাশন থেকে।
কাজী আনিসের গদ্য অত্যন্ত প্রাণবন্ত, কমিউনিকেটিভ এবং প্রাঞ্জল, প্রচুর উইট এবং হিউমার আছে বর্ণনায়, চরিত্র নির্মাণে যথেষ্ট দক্ষ তিনি, সর্বোপরি একটি গল্পকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করবার সমস্ত কৌশলই তাঁর জানা আছে। মোট কথা, একজন কথাশিল্পীর যে সমস্ত গুণাবলি থাকলে তাঁকে শক্তিমান বলা হয়, আনিস তার সবগুলোই আয়ত্ত করেছেন।
কাজী আনিস আহমেদের গল্প-উপন্যাস বাংলাদেশের কজন পাঠক পড়েছেন, এ নিয়ে প্রশ্ন থাকলেও তাঁর নামটি যে লেখক-পাঠকদের কাছে অত্যন্ত পরিচিত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। তার কারণ, তাঁর সাংগাঠনিক দক্ষতা। তিনি শুধু লেখালেখিতেই নিমগ্ন রাখেননি নিজেকে, একই সঙ্গে তাঁর মেধা, শ্রম ও সৃজনশীলতা নিয়োগ করেছেন শিল্প-সাহিত্যসংশ্লিষ্ট নানা কাজে। ঢাকা লিটফেস্টের অন্যতম পরিচালক তিনি, ইংরেজি সাহিত্য পত্রিকা বেঙ্গল লাইটসের প্রতিষ্ঠাতা, প্রকাশনা সংস্থা বেঙ্গল লাইটস বুকসের স্বত্বাধিকারী, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এবং বাংলা ওয়েব পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রকাশক। পারিবারিক ব্যবসা আর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের পরিচালনা পর্ষদে তাঁর অংশগ্রহণ তো আছেই। এত এত কর্মযজ্ঞে ব্যস্ত থেকে লেখালেখিতে তিনি কীভাবে এত মগ্ন হন, তা আমার কাছে এক বিস্ময়। তিনি কর্মমুখর থাকুন, সৃজনশীল থাকুন, আমাদের জন্য আরও আরও বিস্ময় উপহার দিন, সার্থক এবং দীর্ঘ জীবন লাভ করুন। ৫০ বছর পূর্তিতে তাঁর জন্য অজস্র শুভকামনা।