২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান সৈয়দের অনুবাদ: শৃঙ্খলিত স্বাধীনতার স্বাদ

রাজু আলাউদ্দিন

Published : 05 Sep 2020, 11:44 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


জীবনানন্দ দাশের মতো বিরল ব্যতিক্রমকে বাদ দিলে বাংলা ভাষার প্রায় সব আধুনিক কবিই বিদেশী কবিতা অনুবাদে প্রলুব্ধ হয়েছেন। কেউ কেউ বহিরাগত তাগিদে কেউ বা অন্তর্গত প্রেরণায়। মান্নান সৈয়দের ক্ষেত্রে এই তাগিদ ছিলো অন্তর্গত। কিন্তু 'অন্তর্গত' বলার পরেও কিছু প্রশ্নের কৈফিয়ত অনুক্ত থেকে যায়। কারণ, যদি আমরা মান্নান সৈয়দকে পরাবাস্তব কবি হিসেবে বিবেচনা করি, তাহলে তিনি পরাবাস্তববাদী নন–এমন অনেকেরই কবিতাও অনুবাদ করেছেন। কেন করলেন?

পরাবাস্তবাদীদের ইশতেহার যদি আমরা মনে রাখি তাহলে দেখবো, সেখানে যে কথা রয়েছে তার সারাৎসার হচ্ছে যুক্তির গুরুভার শৃঙ্খল থেকে চৈতন্যের মুক্ত কল্পনা ও অবচেতনের উৎসার। সুতরাং পরাবাস্তববাদী তকমা না পরেও কালের বিচারে পরাবাস্তব আন্দোলনের পূর্ববর্তী ও পরবর্তী এমন অনেক কবি রয়েছেন যারা পরাবাস্তবের নিকট আত্মীয়। এই অর্থে মান্নান সৈয়দের পাঠের ও উপভোগের জগত অনেক বেশি প্রসারিত ছিলো। এই কারণে আক্ষরিক অর্থে বা শতভাগ পরাবাস্তববাদী বৈশিষ্টের নন এমন অনেক কবির কবিতার দ্বারা তিনি আকৃষ্ট হয়েছেন। এছাড়াও পরাবাস্তববাদীদের নিকট আত্মীয় নন- এমন অনেক কবির প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। যেমন প্রাচীন লি পো থেকে শুরু করে একালের ব্রেখট, ভজনেসনস্কী, পাউন্ড, লরেন্সের কথা বলা যেতে পারে। কখনো কখনো সৌন্দর্য-চেতনা, কখনো বা শৈলীর চমৎকারিত্ব কখনো বা উপলব্ধির শিল্পরূপে মুগ্ধ হয়ে তিনি অনুবাদে হাত বাড়িয়েছেন এসব কবির কবিতার দিকে। ফলে ভিন্ন ভিন্ন বৈশিষ্টের হওয়া সত্ত্বেও এরা সবাই মিলে মান্নান সৈয়দের চেতন ও অবচেতন জগতের গোটা পরিমন্ডলের একগুচ্ছ সংকেত হয়ে উঠেছেন।
মান্নান সৈয়দের অনুবাদ মানে তার মৌল স্বরূপেরই অপর পিঠ। কিংবা অন্য আরেকটি কোণ থেকে এভাবেও বলা যেতে পারে, তার কাছে অনুবাদ মানে নিজেরও জন্মের আগে নানান ভাষায় নিজেরই হারানো আত্মার বিক্ষিপ্ত স্বরগুচ্ছ যা তিনি কুড়িয়ে এনে নিজের ভাষায় জড়ো করতে থাকেন। ফলে অনূদিত কবিরা তারই রচিত পূর্বসূরী, অতএব তারা মান্নান সৈয়দের প্রতিধ্বনি। তাই অনুবাদ মানে অন্য কেউ নয়, সে নিজেরই অপর আদল যাকে আবিস্কার করতে হয় নিজেরই পূর্ণাঙ্গতা নিশ্চিত করার লক্ষ্যে। কেউ কেউ তা সরাসরি স্বীকার করেই এটি সম্পাদন করেন, কেউ তা অস্বীকারের মাধ্যমে আত্মীকৃত করে নেন। মা্ন্নান সৈয়দ উভয় ধরনের লেখক যিনি আত্মীকৃত করেছেন নিজের অন্যসব রচনায়, প্রধানত কবিতায়, আবার নিজেকে অপরের মধ্যে গুজে দিয়েছেন সরাসরি অনুবাদের মাধ্যমে। আত্মীকৃত আর আত্মবিলোপের উভয় খেলাতেই মান্নান সৈয়দ অংশগ্রহণ করেছেন। তিনি ভালো করেই জানতেন, সৃজনশীল লেখকের ক্ষেত্রে অনুবাদ নিছক অনুবাদ নয়, এ হচ্ছে এক ধরনের মুখোশ। আর আপাতভাবে এলোমেলো মনে হলেও, কবি অনুবাদক সাজ্জাদ শরিফের ভাষায়, 'খেলাচ্ছলেরও এক অচেতন ছক থেকে যায় বটে।' 'সংকেত' এবং 'মুখোশ'-এ রূপান্তরিত হলে 'খেলাচ্ছলেরও …ছক' থাকতে হবে। আর সেটা থাকলেই কেবল অনূদিত কবিরা হয়ে পরেন তার-ই বিক্ষিপ্ত, চূর্ণ রূপ। অনুবাদ প্রসঙ্গে ভলতেয়ার-এর সেই উক্তিটি স্মরণ করলে মান্নান সৈয়দের এসব অনুবাদের সংযোগসূত্রটি আবিস্কার করা আরও সহজ হয়ে যাবে আমাদের কাছে: When we decide to translate we must chose our author as one chooses a friend, of a taste confirming to our own. (Candid and other writings, Voltaire, The Modern library, USA, 1956, p-562)
মান্নান সৈয়দ তার নিজের বিক্ষিপ্ত, চূর্ণ রূপের সন্ধান করেছেন রুশ, জার্মান, ফরাসী, ইতালীয়, স্প্যানিশ, চীনা এবং ইংরেজি ভাষার বন্ধুপ্রতিম ২৬ জন কবির কবিতায়; অনুবাদের মাধ্যমে তিনি নিজের কাব্যিক বন্ধুদের এক বলয় তৈরি করে নিয়েছিলেন। আমার এলোমেলো বিন্যাসে তাঁরা হচ্ছেন লি পো, রিলকে, আপলেনিয়ার, হিমেনেস, ট্রাকল, লোরকা, এলিতিস, শেলি, হাইনে, নের্ভাল, লরেন্স, পাউন্ড, আর্প, আরাগঁ, প্রেভের, নেরুদা, ভজনেসেনস্কী ব্রেখট, মন্তালে এবং সর্বশেষ বোর্হেস। তাঁর অনুবাদের ভিত্তি ছিলো ইংরেজি। কিন্তু মুশকিল হচ্ছে কার ইংরেজি অনুবাদের ভিত্তিতে এসব তর্জমা সম্পাদিত হয়েছে তার হদিস পাওয়ার উপায় নেই। তাঁর মতো অসাধারণ গবেষক এবং তথ্য-মাতাল লেখক প্রায় কবির খামখেয়াল নিয়ে অনুবাদ করে গেছেন জীবনের একটা পর্বে, তথ্যবহুল হ্রস্ব ভূমিকা জুড়ে দিয়েছেন কোন কোন অনূদিত কবিতাগুচ্ছের সূচনায়। কিন্তু ইংরেজি কোন অনুবাদকের নাম বা কোন সংস্করণ ব্যবহৃত হলো সে সম্পর্কে তিনি আমাদের কোন তথ্যই জানান নি। ফলে এই অনুবাদগুলোর পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন এবং মান ও মূলানুগতার বিচারের ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন আমরা হই। কারণ একই কবিতা ভিন্ন ভিন্ন হাতে ভিন্নভাবে অনূদিত হয়েছে। কেবল ইংরেজ কবিদের ক্ষেত্রে এই সমস্যাটা আমাদের জন্য থাকছে না। এই সূত্রে সাজ্জাদ শরিফ উদাহরণ হিসেবে এ্যালান পোর 'একা' কবিতার উল্লেখ করেছেন উক্ত লেখাটিতে। সাজ্জাদ দেখিয়েছেন কোন কোন ক্ষেত্রে মান্নান সৈয়দ মূল থেকে সরে গেছেন। অন্তমিল এবং ছন্দের নির্ভুল গঠনে বেশি মনযোগী না হলে হয়তো মূলানুগতা বজায় রাখা অসম্ভব ছিলো না। কিংবা আরেকটু বেশি সময় এবং ধৈর্য্য থাকলে ছন্দ ও অন্তমিলসহই এটাকে জবরদস্ত 'বিশ্বাসী'( Faithful) রূপে হাজির করা সম্ভব হতো। কিন্তু এমন নিষ্ঠা কবিতার অনুবাদের ক্ষেত্রে বাংলা ভাষায় খুবই বিরল। এমনকি, যারা অনুবাদকর্ম নিয়েই সারাটা জীবন কাটিয়েছেন তাদের মধ্যেও এর নজির খুব বেশি নেই।

অনুবাদে মান্নান সৈয়দের বিচ্যুতি ছিলো, কিন্তু সেই বিচ্যুতি ও দূরত্বকে তিনি পুষিয়ে দেয়ার চেষ্টা করেছেন তাঁর কবি মনের সৃষ্টিশীলতার বিনিময়ে। হয়তো সে বিনিময় যথাযথ ছিল না, কখনো কখনো তা ছিলো বিসম। সাদৃশ্যের বিপর্যয় ঘটেছে অনেক ক্ষেত্রেই। উদ্দিষ্ট(Target Language) ভাষায় এই বিপর্যয়কে তিনি প্রশ্রয় দিয়েছিলেন মূল বাক্যাংশের অর্থগত বিপত্তি ঘটিয়ে। কিন্তু মনোযোগী ছিলেন তাঁর নিজের ভাষায় কবিতাটিকে অর্থময়, চিত্রল ও ধ্বনির মাধুর্যে পরিপূর্ণ করার দিকে। সেই দিক থেকে মূল কবিতাকে খানিকটা বঞ্চিত করলেও তিনি উদ্দিষ্ট ভাষায় (Target Language) আমাদেরকে একটি পরিপূর্ণ নিটোল কবিতাই উপহার দিয়েছেন। পেশাদার অনুবাদক বা সফল অনুবাদকের মতো অনুবাদকে তিনি অতটা গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে মনে হয় না। অনুবাদের মুখোশে তার সৃষ্টিশীল সত্তার এক পরীক্ষায় নেমেছিলেন মাত্র যেখানে তিনি শৃঙ্খলিত স্বাধীনতার স্বাদ পেতে চেয়েছেন। ফলে, মান্নান সৈয়দের অনুবাদকে নিছক অনুবাদ নয়, বরং তার কাব্যসত্তার সম্প্রসারণ হিসেবে দেখলেই আমরা কবি মান্নান সৈয়দের এক পরিপূর্ণ আদলটিকে দেখার সুযোগ পাবো।