২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাহাত খান আমাদের যৌবনে ছিলেন যৌবনেরই প্রতীক

ফরিদ কবির

Published : 30 Aug 2020, 09:43 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


সম্ভবত কলেজে থাকতেই 'অমলধবল চাকরি' পড়েছিলাম। বাংলাদেশের কোনো ঔপন্যাসিকের বই পড়া সেই প্রথম। কলেজে থাকতে আমি মাসুদ রানা খুব পড়তাম। ফাঁকে ফাঁকে সমরেশ বসু, সুনীল, শীর্ষেন্দু, বিমল কর, মৈত্রেয়ী দেবী, শংকর।

একদিন এক বন্ধুর বাসায় দেখি, রাহাত খানের অমলধবল চাকরি ও ইমদাদুল হক মিলনের 'ভালোবাসার গল্প'।
রাহাত খান নামটিই বেশি টানলো। কেন? কোথায় যেন পড়েছিলাম, মাসুদ রানার বস রাহাত খান নামটি কাজী আনোয়ার হোসেন নিয়েছেন এই রাহাত খান থেকেই।
যদিও আমি তাতে নিশ্চিত নই।
কিন্তু মাসুদ রানার সুবাদে এই নামটির প্রতি কেন জানি একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছিল। সেই বন্ধুর বাসা থেকে আমি রাহাত খান ও ইমদাদুল হক মিলনের দুটো বইই বয়ে এনেছিলাম।
কিন্তু প্রথমে পড়েছিলাম রাহাত খানের 'অমলধবল চাকরি'।
আমার মনে আছে, সেই উপন্যাসটি পড়ে খুবই মুগ্ধ হয়েছিলাম। তাঁর গদ্য এতোই সরল ও সরস যে তরতর করে সে রাতেই বইটি শেষ করে ফেলেছিলাম।
এর পর তার আরো বই খুঁজতে শুরু করলাম। একজন জানালেন, রাহাত খানের 'দিলুর গল্প' পড়ো।
হঠাৎ একদিন ইত্তেফাকের পাতা ওল্টাতেই মেঘ-না-চাইতে-জলের মতো দেখি সেখানে রাহাত খানের একটি উপন্যাস ধারাবাহিক ছাপা হচ্ছে। 'হে অনন্তের পাখি'!
সেই প্রথম 'পাখী' বানানটি দেখি হ্রস্য ই-কার দিয়ে- 'পাখি'!
মনে আছে, শিল্পী আইনুল হক মুন্নার ইলাস্ট্রেশন ছিলো তাতে। কিন্তু ধারাবাহিক উপন্যাস পড়া আমার চায়ের কাপ নয়। এক হপ্তা পর আরেক অধ্যায় পড়বো, পরের অধ্যায় আরো এক হপ্তা পর… অতো ধৈর্য আমার নেই।
আমি 'দিলু'র খোঁজ করি।
অনেক খোঁজাখুঁজির পর 'দিলুর গল্প' বইটি মিলেছিলো। সম্ভবত বইটি বেরিয়েছিলো 'মুক্তধারা' থেকে। ভেতরে নিউজপ্রিন্ট কাগজ। মলাটে সম্ভবত হাশেম খানের টিপিক্যাল প্রচ্ছদ।
বইটি হাতে পাবার পর যতোটা উত্তেজনা হয়েছিলো, বইটি দেখার পর সেই উত্তেজনায় পানি পড়ে গিয়েছিলো। হতদরিদ্র চেহারার একটি বই। তার ওপর বড়দের বই নয়।
আমি তখন ইউনিভার্সিটিতে যাবো যাবো করছি। অনেক বড়ই তো তখন!
কিন্তু আমার মতো 'বড় পাঠক'কেও কাবু করে ফেলেছিলো ক্লাস সেভেনের দিলু! কীভাবে একটি দলে সে ঠাঁই পেলো, কীভাবে কিছুদিনের মধ্যে দলের লিডার হয়ে উঠলো তার উত্তেজনাকর কাহিনি।
এটুকু মনে আছে, সে একটি গল্প বলেছিলো, যেখানে তাদের বাড়িতে আমন্ত্রণ পেয়ে বেড়াতে আসেন মহাত্মা গান্ধী, চার্লি চ্যাপলিন ও পাবলো পিকাসোসহ অনেক তাবড় তাবড় লোক! কিন্তু তাদের জন্য কোনো রান্নার ব্যবস্থা ছিলো না। পিঁয়াজু খাইয়ে তাদের বিদেয় করা হয়।
গল্পের এটুকুই কেবল মনে আছে। কিন্তু পুরো বইটি চিকনাচাকনা হওয়ায় রাহাত খানকে বেশ শাপ-শাপান্ত করেছিলাম, মনে আছে।

তার কিছু গল্পও আমি পড়েছিলাম, তার মধ্যে 'ইমান আলীর মৃত্যু' পড়েও আমার খুব ভালো লেগেছিলো। 'দুই বাংলার শ্রেষ্ঠ গল্প' নামে একটি সংকলন আমি সম্পাদনা করেছিলাম আশির দশকের শেষ দিকে। সেখানে এই গল্পটি আমি নির্বাচন করেছিলাম। সে বই থেকে চাইলে গল্পটি আপনারা পড়ে নিতে পারেন।
মনে আছে, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই আমি রাহাত খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এটা জানাতে যে আমি তার একজন ভক্ত।
রাহাত খান তখন খুব সম্ভবত সহকারী সম্পাদক। কাঁচাপাকা চুল ও গোঁফ। কিছুটা রাশভারি। নিউজপ্রিন্টের ছোট প্যাডে তিনি তখনো 'হে অনন্তের পাখি' লিখছিলেন।
তাঁর সেই ছোট ছোট হস্তাক্ষর আমার এখনো মনে আছে। বাঁ দিকের মার্জিন বেঁকে নিচের দিকে কিছুটা চওড়া হয়ে আছে! তিনি লেখায় বিরতি দিয়ে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ, বলো?
আমি কিছু বলতে যাওয়ার আগেই এক রূপসী নারী সেখানে, সেই ছোট্ট কক্ষে ঢুকেছিলেন। তাদের মধ্যে কিছু মধুর আলোচনা হচ্ছিলো। তারা এমনভাবে কথা বলছিলেন, যেন আমি সেখানে হাজির থেকেও গড়হাজির!
সেই নারী চলে যাওয়ার পর আমি যখন মুখ খুলতে যাবো, তখন আরো এক নারী সেখানে উপস্থিত হয়েছিলেন। সে বয়সে তাঁর অতো নারী ভক্ত দেখে খুবই ঈর্ষান্বিত হয়েছিলাম।

পরবর্তীকালে তাঁর সঙ্গে খুবই ভালো সম্পর্ক হয়েছিলো আমার। ইত্তেফাক অফিসে গেলে তাঁর সঙ্গে প্রায়ই দেখা করতে যেতাম। চা খেতে খেতে নানান গল্প করতাম আমরা। প্রধানত বাংলাদেশের কথাসাহিত্য নিয়েই তিনি কথা বলতেন। কথা হতো পশ্চিমবঙ্গের কথাসাহিত্য নিয়েও। ততোদিনে বাংলাভাষার প্রায় সকল কথাসাহিত্যিকের বইই আমার পড়া।
আমি নিজে কবিতা লিখলেও উপন্যাসই তখন বেশি পড়তাম। রাহাত ভাই, জানতে চাইতেন কার কার লেখা পড়েছি, কেমন লাগছে তাদের লেখা- এসব। ততোদিনে বিভূতিভূষণ, অমিয়ভূষণ, তারাশঙ্কর, মানিক, দেবেশ রায়, শ্যামল, শীর্ষেন্দু ও সুনীল পড়তে শুরু করেছি। সেসব লেখকের রচনা সম্পর্কে আমার মতামত জানতে চাইতেন তিনি।
আশির দশকের মাঝামাঝি সময়ের মধ্যে আরো অনেকের রচনাই তিনি পড়তে আমাকে উৎসাহিত করেছেন।

একটা সময় টের পাই, আমার সাহিত্যরুচির ওপর তাঁর একটা আস্থা তৈরি হয়েছে। ফলে তাঁর সঙ্গে ওই সময়টায় নিয়মিতই আড্ডা হতো আমার। আমি কয়েকবার তাঁর বাসায়ও গিয়েছি। নব্বই দশকের পর, আমি আজকের কাগজে যোগ দিলে তাঁর সঙ্গে যোগাযোগে কিছুটা ভাটা পড়ে। আমি নিজেও খুব ব্যস্ত হয়ে পড়ি।
আশির দশকের মাঝামাঝি পর্যন্ত তিনি যথেষ্ট জনপ্রিয়ও ছিলেন। সম্ভবত ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক হবার পরই তাঁর লেখালেখিতেও ভাটা পড়ে।

ছড়াকার ও কথাসাহিত্যিক পারভীন সুলতানা রুবীর সূত্রে আমার স্ত্রী ঝর্না ও তার বোন কথাসাহিত্যিক নাসরীন জাহানকে তিনি চিনতেন। ফলে হয়তো আমার প্রতি তার আলাদা একটা স্নেহও গড়ে উঠেছিলো।
পাক্ষিক অন্যদিনের জন্য একবার তাঁর একটি সাক্ষাৎকারও আমি নিয়েছিলাম। সেখানে তাঁর লেখালেখি ছাড়াও তাঁর ব্যক্তিজীবন নিয়েও অনেক কথা হয়েছিলো।

কিছুদিন আগে তাঁর স্ত্রীর এক ফেসবুক স্ট্যাটাস থেকে জানতে পারি, তিনি অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে। যাবো যাবো করেও শেষ অব্দি এই লেখকের সঙ্গে শেষ দেখাটা হয়নি আমার।

রাহাত খান আমাদের যৌবনে ছিলেন যৌবনেরই প্রতীক। বাংলাদেশের নগরজীবনের মধ্যবিত্তের টানাপোড়েন তাঁর রচনার অনেকটা জুড়েই ছিলো। সবচাইতে বড় কথা, তাঁর গদ্যভঙ্গি ও সংলাপ ছিলো আমাদের এ অঞ্চলের নাগরিক মধ্যবিত্ত জনমানুষের মুখের ভাষার সবচাইতে কাছাকাছি। বাংলাদেশে এখনো শিক্ষিত নগরবাসীর এই অংশ আর কারোর সাহিত্যেই ততোটা বিশিষ্ট হয়ে উঠতে পারেনি।