কবিগুরুর ‘লেখক-জীবন’
চিত্রকর্ম: জামাল আহমেদ
প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক দুইভাবেই আমি সাহিত্যের ছাত্র। তার থেকে বড় কথা আমি লেখালেখির একজন নিবিড় পাঠক। এই দুই অভিজ্ঞতায় রবীন্দ্রনাথকে আমি আবিস্কার করি ঈর্ষা এবং সমীহ করার জায়গা থেকে। তাঁর প্রতি আমার ঈর্ষা আর সমীহ কোনটাই কারো থেকে কম না। পাঠক হিসেবে আমার যতই দিন যেতে থাকে ঈর্ষা আর সমীহ ছাপিয়ে আরো দুটো বিষয় সামনে চলে এলো। আশ্রয় এবং চ্যালেঞ্জ; গুরু এবং পথের মাথায় হিমালয়, যা অতিক্রম করা দুঃসাধ্য। আমার এরকম অবস্থার একটা ব্যাখ্যাও আছে।
রবীন্দ্রনাথ বাংলা ভাষা সাহিত্যে এত সব বৈচিত্র্য তার এক হাতে এনেছেন এবং আধুনিকতার নানা পথ বাতলে দিয়েছেন লেখালেখিতে। আমার জানা মতে, পৃথিবীর অন্য কোন ভাষায় এই রকম আর দ্বিতীয় জন নাই।
লেখালেখির অনেক অপরিচিত বাধা বা দুর্বোধ্য অনেক বিষয় বা কৌশলের সহজ সমাধান রবীন্দ্রনাথের লেখালেখি থেকে পাই। রবীন্দ্রনাথকে কেউ ভালবেসে পড়ে যেমন লাভবান হন, আবার তাঁর লেখালেখি পছন্দ না করেও তার পরের প্রজন্মের লেখকরা তার লেখালেখি থেকে লাভবান হবেন। আমি রবীন্দ্রনাথ পড়ি ভালবেসে। একজন লেখকের জন্যে জীবন হচ্ছে লেখালেখির স্কুল। আর বাঙালি লেখকের জন্যে দুটি স্কুল– একটা তার নিজের জীবন আরেকটা রবীন্দ্রনাথের লেখালেখি। কেননা রবীন্দ্রনাথ বাংলা ভাষা আর বাংলা সাহিত্যের দুটোরই আধুনিক ভিত্তি নির্মাণ করেছেন।
রবীন্দ্রনাথ একই সঙ্গে চ্যালেঞ্জও। তিনি এতসব বিষয়ে লেখালেখি করেছেন; তার তাবৎ সাহিত্যের পাতা উল্টালে মনে হয় তিনি তো সব লিখে গেছেন। বাকি তো কিছু রেখে যাননি। এজন্য মনে হয় তাঁর সাহিত্য এক হিমালয় যা অলঙ্ঘ্য। এই হিমালয় ডিঙাবে কার সাধ্য? সেটা ডিঙানোর উপায় আছে কী?
আমার যে সময়, সে সময় তো রবীন্দ্রনাথ পাননি। আমার যে অভিজ্ঞতা তাও তাঁর ছিল না। রবীন্দ্রনাথ পাঠশালায় পাঠ নেননি। আর লিখব নিজের সময় ও অভিজ্ঞতার সঙ্গে যাপন করে। আমার হিমালয় দেখার চেষ্টা এভাবেই। এরকম পর্যবেক্ষণই তুলে ধরেছিলাম উপসালা শহরে সুইডেনের ভারতীয় দূতাবাস আর উপসালা ইন্ডিয়ান কয়ার আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর এক সংলাপে, এক প্রশ্নের জবাবে। এই সংলাপে আরো অংশ নিয়েছিলেন ভারতীয় রাষ্ট্রদূত বনশ্রী বোস হ্যারিসন, অধ্যাপক সন্তনু দাশগুপ্ত। আমাকে উদ্দেশ্য করে অধ্যাপক বিপ্লব সান্যালের প্রশ্নটা ছিল এরকম, রবীন্দ্রনাথের পরের প্রজন্মের লেখক হিসেবে রবীন্দ্রনাথকে কিভাবে দেখি।
রবীন্দ্রনাথ 'লেখক-জন্ম' শিরোনামের আধাপৃষ্ঠার ছোট একটি প্রবন্ধের শুরুতেই বলেছেন, 'পূর্বজন্মের অবশ্য একটা মহাপাপ করিয়াছিলাম নতুবা লেখক হইয়া জন্মিলাম কেন? বলা বাহুল্য লেখালেখি জীবনে নানা বিড়ম্বনা, নিগ্রহ, লেখালেখি ঘিরে ভুল মানুষের ভুল খেদ, লেখালেখি জীবনের তাবৎ বিড়ম্বনা ও যন্ত্রণাকে প্রশ্নবিদ্ধ করতেই এমন খেদ ঝেড়েছেন।
লেখালেখিতে হিমালয় সমান সাফল্য থাকার পরও এরকম খেদোক্তি কেন করলেন? এই প্রশ্নে ফিরে আসব। তার আগে একটু বলে নিতে চাই, তাঁর লেখক-জীবন কেমন ছিল। যদিও তাঁর লেখক-জীবন সম্পর্কে বাঙালি পাঠকমাত্রই অল্প বিস্তর জেনে থাকবেন।
রবীন্দ্রনাথের জন্ম এমন এক পরিবারে, যে পরিবার কেবল কলকাতাকেন্দ্রিক সাংস্কৃতি পরিমণ্ডলের শূন্য ডিগ্রি দ্রাঘিমায় অবস্থান ছিল না, শিল্পসাহিত্যকে আশ্রয় করে তাদের যোগাযোগ ও ভাব আদান প্রদান বিস্তৃত ছিল দেশ মহাদেশ ছাড়িয়ে। যে পরিবারে ধর্ম প্রবর্তক যেমন ছিল, ছিল সঙ্গীতজ্ঞ, সম্পাদক, গায়ক, অভিনেতা, দার্শনিক, চিত্রকর; নিজস্ব নাট্যশালা, প্রকাশনা, একাধিক সাময়িকী। রবীন্দ্রনাথ নিজে এক পর্যায়ে পরিবার থেকে প্রকাশিত তিনটি সাহিত্য সাময়িকীর দায়িত্ব সামলেছেন।
লেখালেখির শুরুতে এক্কেবারে কৈশোরে সমবয়সী বউদি কাদম্বিনীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। বউদি ছিলেন ঈশ্বর গুপ্তের কবিতার ভক্ত। ঈশ্বর গুপ্ত ছিলেন রবীন্দ্রপূর্ব যুগে বাংলা কবিতার একজন অগ্রসর কবি। রবীন্দ্রনাথের কাব্যশক্তিকে উসকে দেবার জন্যে বউদি কিশোর কবি রবীন্দ্রনাথকে তার কবিতাগুলোর প্রথম শ্রোতা পাঠক হিসেবে বলতেন, ওহু, ঈশ্বর গুপ্তের মত হয়নি। আর রবীন্দ্রনাথের মধ্যেও ঈর্ষা, জেদ আর উদ্যম পেয়ে বসত আরো বেশি লিখতে, আরো ভাল লিখতে।
রবীন্দ্রনাথ তাঁর বেড়ে ওঠার প্রতিটি মুহুর্তকে, সে কঠিন হোক, সহজ হোক তা গ্রহণ করতেন দেখার, জানার এবং উদযাপনের সুযোগ হিসেবে। এসবের অনেক কিছু আমরা তার 'জীবনস্মৃতি' গ্রন্থ থেকে জানতে পারব। তিনি পাঠক হিসেবে ছিলেন সৌভাগ্যবান, যেমনটা ছিলেন লেখক হিসেবে। ইতিহাস ভূগোল, দর্শন, রাষ্ট্রনীতি, সাহিত্যের পাশাপাথি পৃথিবীর প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো তাঁর কৈশোরেই পড়া হয়ে গিয়েছিল। দুটো প্রধান ভাষা বাংলা ও ইংরেজিতে ছিলো দারুণ দখল। যদিও পড়াশোনায় সারাজীবন ছিলেন ছিটকে পড়াদের দলে। শিশু শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত পাঠ্যপুস্তক পর্যন্ত লিখেছেন, ইংরেজি সাহিত্যের প্রাতিষ্ঠানিক ছাত্র না হয়েও ইংরেজি সাহিত্যের কবি ও কবিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে বক্তৃতা দিয়েছেন।
লেখালেখি করেছেন বাংলা ও ইংরেজি দুই ভাষায়। তাঁর লেখালেখির শতকরা চল্লিশ ভাগ ইংরেজিতে। যদিও কখনও নিজেকে ইংরেজি ভাষাভাষির লেখক হিসেবে তুলে ধরতে চাননি। পাসপোর্টে ব্রিটিশ-ভারতীয় নাগরিক হলেও নিউইয়র্কের এক জাদুঘরের পরিদর্শন বইয়ে মন্তব্যের খাতায় জাতি-পরিচয়ের জায়গায় লিখেছেন, 'বাঙালি'। আমাদের দেশটির নাম বাংলাদেশ শব্দটিও তাঁর লেখালেখিতেই দারুণভাবে দৃশ্যমান।
তিনি পড়াশোনায় ছিলেন ছিটকে পড়া। কিন্তু বই পড়ায় ছিলেন তার উল্টো। কর্মজীবনে ছিলেন লাগাম ছাড়া। বছর কয়েক বাংলাদেশের শিলাইদাহ, পাতিসর, দক্ষিণডিহিতে জমিদারি দেখভাল করলেও আদতে করেছেন লেখালেখি। একই সঙ্গে গ্রাম বাংলার জমিন ও জীবনকে দেখেছেন কাছে থেকে। যা ছিল জমিদার পুত্র কবির জন্যে অনেকটা ঘাটতি। সেই ঘাটতি যেন পুষিয়ে নিলেন। যাপন করলেন নদীঘনিষ্ঠ আরেক জীবন। যার ছাপ তাঁর ছিন্নপত্রসহ নানা গল্প, কবিতা ও গানে আমরা পাই। ইউরোপ প্রবাসী হয়েছেন, বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছেন, জায়গির থেকেছেন, আদতে সবকিছুর আড়ালে নিজের জগৎ ও জীবনের তালাশ করেছেন। ফিরেছেন দারুণ সব অভিজ্ঞতা আর অভিজ্ঞান নিয়ে। যার ছাপ পড়েছে লেখালেখিতে। এসবের ছাপ আমরা তাঁর নানা সময়ে ভ্রমণের উপর ভিত্তি করে লেখালেখি তাঁর ভ্রমণভিত্তিক ওসব সাহিত্যকর্মের সীমানা তাঁর মৃত্যুর আশি বছর পরেও সামগ্রিকভাবে কেউ ডিঙাতে পারেনি। তিনি আফ্রিকা মহাদেশ ব্যাতীত পৃথিবীর নানা প্রান্তে ৩৩টি দেশ ভ্রমণ করেছেন। যেন ভারতবর্ষের ঋষীদূত জ্ঞানবিজ্ঞান শিল্প-সাহিত্যের জাহাজ নিয়ে বের হয়েছেন।
লেখালেখিতে ছিলেন বাঁধনহারা। লেখালেখির টেবিল তাকে চুম্বকের মত টানতো। তিনি আতœীয় বিয়োগে কষ্ট ও যন্ত্রণাকে পাথরচাপা দিয়ে মৃতের সৎকার করে এসেই লেখার টেবিলে বসে যেতেন। তার ছিল দেখার চোখ। অন্তরের উপলব্ধি, শ্রতিধন্য কান আর দৌড়সম হাঁটার গতি। তিনি গান লিখতেন। তাঁর অগ্রজ সুর দিতেন। রবীন্দ্রনাথ নাটক লিখতেন, নির্দেশনাও দিতেন, অভিনয়ও করতেন সময়ে সময়ে। তিনি নানা উপলক্ষে গদ্য ও পদ্য অবিরত লিখে পত্রিকা সাময়িকীগুলোর চাহিদার জোগান দিতেন। লেখালেখির পরিণত বয়সে পত্রপত্রিকায় তিনি আলাদা গুরুত্ব পেতেন। সময়ে সময়ে সেটা তিনি চাইতেন। অন্যসব অনুজ লেখকদের সঙ্গে তাঁর লেখা একই কাতারে ছাপা হলে বিরাগ হতেন।
যা বুঝতেন, তা খিলতেন। নিজের জানার বোঝার আর সীমাবদ্ধতার বাইরে যেতেন না। তিনি সারাজীবন এতসব লেখালেখি করলেও মাহকাব্য লেখনেনি। তা নিয়ে তিনি কিছু বলেও যাননি। কেন মহাকাব্য লিখলেন না? তাঁর লেখালেখির কর্ম উল্টেপাল্টে দেখে আমার মনে হয় মহাকাব্যের মত বৃহৎ কলেবরে লেখায় মগ্ন থাকার মত ফুরসৎ তাঁর ছিল না। তাঁর ছিল হাজারটা ভাবনা মাথায়। গান লেখা শেষ হল তো প্রবন্ধ, তারপর নাটক; এর পর কবিতা, ছোটগল্প তো আছেই। সেই সঙ্গে অনুবাদ। নানা জায়গায় বক্তৃতা, আলোচনা, কতজনের জন্মদিন কত পার্বণ, কত আবদার।
এখন একদল মিসকিনের মত জনপ্রিয় লেখক অটোগ্রাফ গ্রহীতার মুখের দিকে তাকাবর ফুরসৎ না নিয়েই অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন; আদতে বই বিক্রি বাড়ানোই উদ্দেশ্য। যত অটোগ্রাফ তত বিক্রি। রবীন্দ্রনাথ অটোগ্রাফ গ্রহীতার খাতায় কখনো কখনো কবিতার লাইন বা গোটা একটা নতুন কবিতাই লিখে দিতেন। তিনি সময়, উপলক্ষ, অনুষঙ্গ, মন ও ভাবের ভাষাকে সুর, ছন্দ ও সংলাপে ধরতে পারতেন অনবরত। তাঁর লেখালেখির জীবনটা ছিল জাদুর মত। তিনি লিখেছেন বিরামহীন। তিনি পড়েছেন বিরামহীন। তেমনটা দেখেছেন জগত ও জীবনকে।
তিনি লেখালেখিতে বৈচিত্র্য যোগাযোগের সমন্বয় দেখিয়ে গেছেন। রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন। এমন কি নানা সময়ে জনমত গঠনের পক্ষে লেখালেখি করেছেন জনকল্যাণ ও স্বদেশপ্রেমের পক্ষে থেকে। নিজে কংগ্রেসের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। মহাত্মা গান্ধী তাঁর চেয়ে বয়সে ছোট হলেও বন্ধুত্ব ছিল দারুণ। গান্ধীকে নিয়ে 'মহাত্মা গান্ধী' শিরোনামের একটি বইও লিখেছেন।
পরিব্রাজকের মত পৃথিবী ঘুরে ঘুরে নানা সভ্যতার উপর নিজের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ তুলে ধরেছেন। তাঁর লেখায় সমাজবাদী ব্যবস্থার জয়গান যেমন ছিল তেমন বহু মত পথ ও ভাবের আদান-প্রদানের পক্ষে তিনি ছিলেন। তিনি ছিলেন ধর্ম শিক্ষা ও সমাজ সংস্কারের পক্ষের একজন দার্শনিক। তিনি ছিলেন বাংলাভাষার চিরন্তন অভিভাবক। তিনি বহু বিদেশি শব্দের বাংলা শব্দ প্রবর্তন ও প্রচলন করেছেন।
কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করে তিনি ক্ষুদ্রঋণ ব্যবস্থার প্রবর্তন করেছেন। যদিও দেশিবিদেশি প্রচারগোষ্ঠী বাংলাদেশের নোবেল জয়ী এক ব্যবসায়ীকে এই ব্যবস্থার প্রবর্তক হিসেবে চালিয়ে দিয়ে একটি অসত্যকে প্রতিষ্ঠা করতে চাইছে। শান্তিনিকেতনে বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে আদতে তার সারাজীবনের সৃষ্টি, জ্ঞান ও অভিজ্ঞানের একটা আলোর বাগান করেছেন। এটা তাঁর লেখালেখি আর সংস্কারমূলক ধ্যানধারণার একটা প্রায়োগিক জমিন ও ল্যাবরেটরি।
তিনি দেশে বিদেশের সাহিত্য অনুবাদ করেছেন। এর মাধ্যমে নিজের লেখালেখির হাতকে আরো একটু ঝালাই করে নিয়েছেন। তিনি নানা ঘটনা ও সময় উপলক্ষে নিজের সম্পৃক্ততা রেখেছেন। তিনি ধ্যানমগ্ন লেখক যেমন, তেমনি রণে ভঙ্গ নন, তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন। তিনি এত এত বিষয় এত এত কাঠামোর প্রবন্ধ লিখেছেন- যা বিশ্বসাহিত্যেই বিরল। তিনি বড়দের জন্যে লিখেছেন যেমন- তেমনি ছোটদের জন্যে হরেক রকম বিষয় ও কাঠামো আর ভাষায় তুলে ধরেছেন। কত বৈচিত্রময় গল্প, কবিতা আর নাটক যে ছোটদের জন্যে লিখেছেন, এরকম একক লেখক দুনিয়ার কোন ভাষায় আছে? আমি খুঁজে পাইনি। এক জীবনের পঠনে রবীন্দ্রনাথের লেখালেখিতে এত বেশি জিনিস খুঁজে পাই; জানার বোঝার এক একটি দরজা জানালা খুলে যায়।
এতকিছুর পর এই জীবন নিয়ে কবিগুরুর খেদ কেন? অই যে জগৎ ও জীবনকে তিনি এতটা বুঝতেন, খুব কম জনই তাঁর কাছাকাছি ছিলেন। যিনি নিজে হিমালয়সম, তাঁর বেদনাও কী অপার তবে? লেখালেখি যেমন সত্যকে প্রকাশ। সত্য তবে আগুন। ভেতরে তাঁর আগুন বয়েছেন, বাইরে তার আলো বিলিয়েছেন। আলোর দিশা কী জগতসংসারে ঠিকঠিক মিলে? জগৎ কি তাঁর মত করে বুঝিবার পারে?
