হেমিংওয়ের নারীরা: ভাঙনের নেই পারাপার
ছবি: ১৮ অক্টোবর ১৯৩৮ তারিখের টাইম মাগাজিনের প্রচ্ছদে হেমিংওয়ে
যে অবস্থায় এবং পরিস্থিতিতে হেমিংওয়ের সাথে প্রথম স্ত্রী হ্যাডলির বিবাহবিচ্ছেদ ঘটেছিল তাতে স্বামীভক্ত, সাংসারিক ও কোমল স্বভাবের এই নারীর প্রতি প্রায় সকলের সহানুভূতির পাশাপাশি তাঁর নতুন প্রেমিকা ও দ্বিতীয় স্ত্রী পলিন ফেইফারের দিকে ছিল অভিযোগের তর্জনী। হ্যাডলির জীবন থেকে স্বামীকে ছিনিয়ে নেওয়ার জন্য ধনীর দুলালী পলিনই যে খলনায়িকা সেটিই ছিল প্রায় প্রতিষ্ঠিত সত্য। এমনকি শেষজীবনে সংকলন করা প্যারিসের স্মৃতিকথা অ্যা মুভেবল ফিস্ট গ্রন্থে স্বয়ং হেমিংওয়েও পলিনের বিষয়ে প্রচ্ছন্নভাবে বিষোদগার করতে ছাড়েননি। পলিনের নামোল্লেখ না করেও তিনি লেখেন, সে " . . . প্রাচীনতম কৌশল অবলম্বন করে আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছিল। কায়দাটা হচ্ছে এক অবিবাহিতা তরুণী আরেক বিবাহিতা তরুণীর দুদিনের বন্ধু বনে গিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে বাস করতে আসে, তারপর অজান্তে, সরল মনে স্বামীটিকে বিয়ে করার নিরন্তর চেষ্টা করতে থাকে।" উল্লেখ্য তাঁর অন্য তিন স্ত্রীর সাথে প্রাকবিবাহ সম্পর্ক নিয়ে কোথাও এরকম বিরূপ মন্তব্য করেননি তিনি। তবে হেমিংওয়ের জীবনীকারদের কারো মতে তাঁর সাথে প্রথম পরিচয়ের দিন পলিন এবং ভার্জিনিয়া দুই বোনই একসাথে থাকলেও হেমিংওয়ের দৃষ্টি ছিল ছোট বোনটির ওপর। কিন্তু তার পর পলিনই আর্নেস্টকে দখল করে নেয়। পলিন সম্পর্কে এমন সব নেতিবাচক সিদ্ধান্ত সত্ত্বেও অন্তত একজন জীবনীকার পলিনকে নিরপরাধ বলে উপস্থাপনের চেষ্টা করেছেন। পলিন যে পুরুষ সম্পর্কে অনভিজ্ঞ এক নারী, যিনি ভালো-মন্দ না বুঝেই হেমিংওয়ের প্রেমমুগ্ধ হয়ে পড়েছিলেন–এমন কথাই প্রমাণ করার চেষ্টা করা হয়েছে রুথ হকিন্সের আনবিলিভেবল হ্যাপিনেস অ্যান্ড ফাইনাল সরো: দ্য হেমিংওয়ে-ফেইফার ম্যারেজ বইতে।
হেমিংওয়ের শুভানুধ্যায়ী এবং জীবনীকারেরা পলিন সম্পর্কে যে মনোভাবই পোষণ করুন না কেন, দীর্ঘ ১৩ বছর টিকে ছিল তাঁদের সংসার। পলিনের ধনাঢ্য পরিবারের বদৌলতে ফ্লোরিডার কি ওয়েস্টে হেমিংওয়ে পেয়েছিলেন বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফিশিং বোট, মহার্ঘ্য আফ্রিকান সাফারির সুযোগ, যা হেমিংওয়ের প্রথম জীবনে ছিল স্বপ্নবৎ। প্রথম স্ত্রী হ্যাডলিকে বিয়ে করার পর হেমিংওয়ে যখন প্যারিসে দীনহীন কালাতিপাত করে লেখক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রাম করছিলেন, বহু বেলা এমনকি অনাহারেও কাটাতে হয়েছে তাঁকে, সামর্থ্য ছিল না হ্যাডলির জন্য একপ্রস্থ নতুন পোশাক কিংবা একজোড়া জুতো কেনার। সুতরাং কেবল আকর্ষনীয়া নারী হিসেবেই নয়, পলিনের আর্থিক সচ্ছলতাও হেমিংওয়েকে প্রলুব্ধ করেছিল বললে ভুল হবে না। তবে দ্বিতীয় বিয়ের দশ বছরের মধ্যে হেমিংওয়ে পরিনত হয়েছিলেন আর্থিকভাবে স্বচ্ছল বিশ্বের কয়েকজন লেখকের একজনে, সংসার নির্বাহের জন্য তাঁকে আর পলিনের সম্পদের ওপর নির্ভর করতে হয়নি। এমনকি তাঁর দীর্ঘদিনের সঙ্গী 'পিলার' নামের সমুদ্রতরীটিও তিনি নিজ আয় থেকে কিনতে সমর্থ হয়েছিলেন। এই তেরো বছরে তিনি রচনা ও প্রকাশ করতে পেরেছিলেন অ্যা ফেয়ারওয়েল টু আর্মস, টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট এবং ফর হুম দ্য বেল টোলস-এর মতো উপন্যাস, প্রকাশিত হয়েছে তিনটি গল্পগ্রন্থ এবং দুটি ননফিকশনও।
পলিনকে বিয়ে করার পর মাঝে মাঝে শিকার আর লেখালেখি করার জন্য আরকানসাসের পিগটে শ্বশুরালয়ের সম্পন্ন গেরস্থালীর আতিথ্যে অবকাশ যাপনে যেতেন হেমিংওয়ে। দীর্ঘ রেলযাত্রায় যেতে হতো বলে কখনো এক নাগাড়ে মাসের পর মাস থেকে যেতেন তাঁরা। লেখালেখির জন্য তাঁর পছন্দের জায়গা ছিল গোলাঘর এবং মূল বাড়ির সাথে সংযোগকারী দুপাশ খোলা বারান্দাটি। সেসময় এলাকার প্রবীণ লোকজন তাঁদের পাড়ার জামাতা এই সেলিব্রিটি লেখকটি সম্পর্কে জানতেন, তবে সেটা নিয়ে কোনো আদেখলাপনা ছিল না তাঁদের মধ্যে। তাঁকে বেশিরভাগ সময় ব্যস্ত দেখা যেতো লেখার কাজে, বাকি সময় দেখা যেতো হয় সমবয়সীদের জুটিয়ে তাস খেলতে অথবা মদ্যপান কিংবা কোয়েল শিকারে যেতে।
এখানে বসে তিনি লিখেছিলেন অ্যা ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসের অংশবিশেষ। গল্পও লিখেছিলেন বেশ কয়েকটা, যেমন "অ্যা ক্লিন ওয়েল লাইটেড প্লেস" কিংবা "অ্যা ডেজ ওয়েইট।" দ্বিতীয় গল্পটা ওখানে লেখা হয়েছিল কি না, সেটা নিশ্চিত ছিল না, কিন্তু এটুকু অন্তত জানা গেছে যে ওটা সেখানকার পটভূমিতে লেখা।
পলিন এবং তিন পুত্রকে (হ্যাডলির গর্ভজাত জ্যাক সহ) নিয়ে ১৯৩২ সালে শীতে যেবার হেমিংওয়ে পিগট যান, সেসময়কার অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছিল গল্পটা। সপরিবার বড় বোনের পিত্রালয়ে আসা উপলক্ষে ভার্জিনিয়া বাড়ির গোলাঘরের ওপরের চিলেকোঠাটাকে সংস্কার করে ভগ্নিপতির লেখার জন্য একটা স্টুডিও বানিয়ে দিয়েছিলেন। "অ্যা ডেজ ওয়েইট" গল্পটার মূল চরিত্র জ্বরে আক্রান্ত শাৎজ নামে নয় বছর বয়সের এক কিশোর। ও যখন শোনে, ওর শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি, তখন সে নিশ্চিত ধরেই নেয় যে মারা যাচ্ছে ও, কারণ ফ্রান্সের স্কুলে ও শুনেছে যে ৪৪ ডিগ্রি হলেই মানুষ মারা যায়। তখন ওর বাবা বুঝিয়ে বলেন যে ফ্রান্সে সেন্টিগ্রেডে হিসাব হয়, সেখানে ৩৭ ডিগ্রি স্বাভাবিক আর ফারেনহাইটে ৯৮ ডিগ্রি। নিশ্চিত মৃত্যুর জন্য সকাল থেকে অপেক্ষা করছিল ছেলেটি, অথচ মৃত্যুভয়ে ভীত ছিল না। গল্পটিতে শীতের প্রকৃতি বর্ণনা থেকে গবেষকেরা নিশ্চিত হন যে সেবারের পিগট সফরের পটভূমিতে লেখা ওটা। এখানে আরেকটা সূত্র উল্লেখ করা দরকার যে গল্পের শাৎজের বয়স নয় বছর, ঠিক সেসময় তাঁর প্রথম সন্তান জ্যাক ওরফে বাম্বির বয়সও নয়।
হেমিংওয়ের সৃষ্টিশীলতার সফলতম এই সময়ের মধ্যে তাঁদের দুই পুত্রের জন্ম হয়, তাঁরা ঘুরে বেড়াতে পেরেছেন ইউরোপ, আফ্রিকায়, কিউবাকে বানাতে পেরেছেন তাঁদের সেকেন্ড হোম। পলিনও হেমিওয়েকে ভালোবেসে গিয়েছেন, ভোগ ম্যাগাজিনের সফল সাংবাদিক ও একজন ফ্যাশন আইকন থেকে পরিনত হয়েছিলেন কেবলই হেমিংওয়ের স্ত্রীতে। মিসৌরি ইউনিভার্সিটির স্কুল অভ জার্নালিজমের ছাত্রী পলিনের নিজেরও লেখালেখির ক্ষমতা ছিল, অপ্রকাশিত কিছু কবিতাও ছিল তাঁর, ভোগ পত্রিকার মতো নামী প্রকাশনার সাথে জড়িত থেকে তিনিও প্রতিষ্ঠিত হতে পারতেন রূপ বিশেষজ্ঞ এবং লেখিকা হিসেবে। কিন্তু হেমিংওয়ের মাপের একজন লেখকের স্ত্রী হিসেবে স্বামীর লেখালেখির কাজ নির্বিঘœ রাখার কাজটিই দায়িত্ব হিসেবে মাথায় তুলে নিয়েছিলেন তিনি। তাঁর লেখার সম্পাদনার কাজগুলোও পলিন করতে পারতেন নিখুঁতভাবে। একারণে তাঁদের বিচ্ছেদের পরও ভালো সম্পাদক হিসেবে পলিনের কথা স্বীকার করেছেন হেমিংওয়ে।
পলিনের মৃত্যুর বহু বছর পর তাঁর সৎ পুত্র জ্যাক হেমিংওয়ে ওরফে বাম্বি, যিনি নিজেও দুটো আত্মজীবনীমূলক বই লিখেছেন, তাঁর সৎ মা পলিনের প্রশংসা করেছেন। তিনি জানান দুটো মা পেয়ে বরং খুশিই ছিলেন তিনি, তাঁর কখনোই মনে হয়নি যে তিনি পলিনের আত্মজ নন। সৎ মা-টি খুব ভালো গল্প বলতে পারতেন বলেও উল্লেখ করেছেন তিনি। তাঁর স্মরণে আছে, তাঁদের কী ওয়েস্টের বাড়ির উল্টোদিকের বাতিঘরে থাকা একটা ছোট ছেলের গল্প তিনি প্রায়ই করতেন। প্রতিবার এই গল্পটি বলার সময় বাড়তি কিছু ঘটনা যোগ করতেন তিনি।
পলিনের লেখালেখির ক্ষমতা নিয়ে এমন মতও আছে যে পলিন হেমিংওয়ের কোনো গল্প লিখে না দিলেও মূল কাঠামো তৈরি করে দিয়েছেন কখনো। তেমন একটা গল্প "আফটার দ্য স্টর্ম"। পলিনের বান্ধবী কবি এলিজাবেথ বিশপ (১৯১১-১৯৭৯) মনে করেন, জাহাজের ক্যাপ্টেন হেমিংওয়ের বন্ধু ব্রা সন্ডার্স তাঁর দেখা একটা জাহাজডুবির ঘটনা প্রায়ই বলতেন, যেখানে এক মহিলার সোনালী চুল ভাসতে দেখেছিলেন তিনি ডুবন্ত জাহাজের পোর্টহোল দিয়ে। এই ঘটনাটা কোনো একসময় পলিনও শুনে থাকবেন এবং সেটা লিখে দিয়েছিলেন হেমিংওয়েকে। কারণ, পলিনের শোনা সন্ডার্সের বর্ণিত কাহিনীর সাথে হেমিংওয়ের "আফটার দ্য স্টর্ম" গল্পটার রয়েছে হুবহু মিল।
ছবি:পলিন ফেইফার
রুথ হকিন্স হেমিংওয়ের ওপর গবেষণা করে তাঁর পূর্বোক্ত বইটি ছাড়াও সাক্ষাৎকারে বেশ কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে পলিনের ছোট বোন ভার্জিনিয়ার সাথে হেমিংওয়ের প্রেমের সম্পর্ক হয়েছিল। ভার্জিনিয়াও নাকি তাঁর বন্ধুদের কখনো বলেছেন যে তিনি হেমিংওয়ের দ্বিতীয় স্ত্রী হতে পারতেন। আর্নেস্ট আর পলিনের বিয়ের পর ঔপন্যাসিক ডন পাওয়েল (১৮৯৬-১৯৬৫) তাঁর ডায়েরিতে উল্লেখ করেছিলেন, ভার্জিনিয়া ওরফে জিনি বিশ্বখ্যাত একজন লেখকের স্ত্রী বড় বোন পলিনের প্রতি ঈর্ষাকাতর ছিলেন। তাঁর হাউসকিপার লিলি জর্ডন হেমিংওয়ে আর ভার্জিনিয়ার পাখি শিকারে যাওয়ার বর্ণনা দিয়েছেন, কিন্তু তাঁরা ফেরার সময় শিকার করা কোনো পাখি নিয়ে এসেছিলেন, এমনটি মনে করতে পারেননি। শিকার করতে গিয়ে ওদের খালি হাতে ফিরে আসার ব্যাপারটা নিয়ে তাঁর মনেও ধন্দ ছিল, তবে ভাবতেন সত্যিই হয়তো কোনো শিকার তাঁরা পাননি। (সূত্র: রবার্ট এলডার:হিডেন হেমিংওয়ে)।
তবে ভার্জিনিয়ার হেমিংওয়ের দ্বিতীয় স্ত্রী হওয়ার স্বপ্ন কিংবা লেখকের সাথে তাঁর হৃদয়ঘটিত কোনো সম্পর্ক থাক বা না থাক, তাঁর কথিত ইচ্ছে বাস্তবায়িত হলে হেমিংওয়ে তাঁর লেখকজীবনের এই উচ্চতায় পৌঁছাতে পারতেন কি না সন্দেহ থাকে। কারণ হেমিংওয়ের লেখালেখির প্রতি পলিনের যে যতœ ও সহায়তা, সেটি ভার্জিনিয়া দিতে পারতেন বলে আপাতদৃষ্টিতে কোনো প্রমাণ নেই। তাঁদের এক যুগের সংসার যখন ভেঙে যায়, তখন তিনি তাঁর শ্যালিকা জিনিকেই দোষারোপ করেছিলেন। ওদের বিয়ে বিচ্ছেদের বছর খানেক আগে যখন পলিনের সাথে সাংসারিক অশান্তি চলছিল, শ্বাশুড়ির কাছে এক চিঠিতে হেমিংওয়ে লিখেছিলেন, "আমার জীবন ও আচরণ নিয়ে ভার্জিনিয়ার ভাষ্য বেশ উদ্ভট। আমাদের ঘর ভাঙার জন্য ঠিক সময়ে এটা ভালোভাবেই ছড়িয়ে দিয়েছে ও।"
উপরন্তু জিনি সম্পর্কে যে গোপন বিষয়টি পরবর্তী সময় উদঘাটিত হয়, সেটি হচ্ছে তিনি ছিলেন সমকামী। কারো মতে হেমিংওয়ের "দ্য সি চেঞ্জ" ছোটগল্পটির মূল বিষয়বস্তু ভার্জিনিয়ার এই চারিত্রিক প্রবণতার চিত্রায়ন। ফিল নামের কথক যুবকটি একসময় বুঝতে পারে যে তার প্রেমিকা এতদিন অন্য যার সাথে সম্পর্ক রেখে আসছে সে-ও এক নারী। তাদের মধ্যকার কথোপকথন থেকে বোঝা যাচ্ছে, ফিল একজন লেখক, কারণ, ওর নিষেধ সত্ত্বেও মেয়েটি যখন ওর কাছে আবার ফিরে আসবে বলছে, তখন মেয়েটির অভিজ্ঞতা তার লেখার কাজে লাগবে বলেই হয়তো মেয়েটির কাছ থেকে সব শুনবে বলে বলছে ও।
তবে এটি যে ভার্জিনিয়ার সাথে তাঁর কথিত সম্পর্ক নিয়েই লেখা সেটা জোর দিয়ে বলা যায় না। গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৯৩১ সালে, অর্থাৎ পলিনের সাথে বিয়ের চার বছর পর, এটি যে ভার্জিনিয়ার সাথে তাঁর অভিজ্ঞতা থেকে লেখা তারও কোনো নিরঙ্কুশ প্রমাণ নেই। প্যারিসে এরকম চরিত্রের অভাব ছিল না। আমাদের মনে রাখতে হবে, হেমিংওয়ের প্যারিস জীবনের প্রথম অবিভাবকদের একজন গারট্রুড স্টাইনও সমকামী ছিলেন, যদিও তাঁর সাথে হেমিংওয়ের কোনো হৃদয়ঘটিত সম্পর্ক ছিল না।
ছবি:পন্ডস ক্রিমের বিজ্ঞাপনে জেন ম্যাসন
রুথ হকিন্স তাঁর গবেষণায় আবিষ্কার করেন যে বিয়ের আগে পলিনের একটা গর্ভপাত করাতে হয়েছিল। হেমিংওয়ের সাথে ১০০ দিনের বিচ্ছিন্নতার সময় তাঁদের মধ্যে যে চিঠি লেখালেখি চলছিল, সেখানে এসম্পর্কিত বিভিন্ন ইঙ্গিতপূর্ণ প্রসঙ্গ খুঁজে পেয়ে তিনি তাঁর গবেষণার ডানা বিস্তৃত করে বিষয়টার সত্যতা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। চিঠির ইঙ্গিতগুলো ছাড়াও হ্যাডলি সহ হেমিংওয়েকে নিয়ে শাঁতে ভ্রমণের সময় পলিনের রুক্ষ্ম মেজাজ, কিংবা ক্যাপ দনতিবে গিয়ে পলিনকে যেরকম ভেঙে পড়া মনে হচ্ছিল হ্যাডলির –সেসব থেকে রুথ হকিন্স নিশ্চিত যে পলিনকে গর্ভপাতের আশ্রয় নিতে হয়েছিল। ১৯২৭ সালে লেখা "হিলস লাইক হোয়াইট এলিফ্যান্টস" গল্পে বিষয়টা খুব স্পষ্টভাবে উঠে এসেছে। গল্পটার রচনাকাল এবং পলিনের সাথে তাঁর প্রাকবিবাহ অন্তরঙ্গ সম্পর্কের সময়টাও মিলে যায় এখানে। গল্পটিতে এক যুগল ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ওদের কথোপকথন ছিল এরকম:
লোকটি বলে, "এটা অত্যন্ত সহজ একটা অপারেশন। আসলে এটা কোনো অপারেশনই নয়।"
মেয়েটি কিছুই বলে না।
"আমি তোমার সঙ্গে যাবো, সর্বক্ষণ থাকবো তোমার সাথে, ওরা কেবল একটু বাতাস ঢুকতে দেবে ভেতরে, আর তারপর সবকিছু বিলকুল স্বাভাবিক।"
"তারপর আমরা কী করবো?"
"আমাদের সবকিছু সুন্দর হয়ে উঠবে তার পর। আগে ঠিক যেমন ছিলাম আমরা।"
"তুমি কি মনে করো আমাদের সবকিছু ঠিক থাকবে, সুখি হবো আমরা"
"আমি জানি ঠিক থাকবো আমরা। তোমার ভয় পাওয়ার কিছু নেই। এটা করেছে এমন অনেককেই দেখেছি আমি।"
পলিনের সাথে বিয়ের চার বছরের মাথায় তাঁর দ্বিতীয়বার সন্তানসম্ভবা (১৯৩১) হওয়ার পর হেমিংওয়ের সাথে পরিচয় ঘটে জেন মেসনের। প্রথম সন্তানের জন্মের তিন বছর পর পলিনের দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার পেছনেও কিছু ঘটনা আছে। তাঁদের প্রথম সন্তান প্যাট্রিকের জন্মের সময় পলিনের সিজারিয়ান করতে গিয়ে প্রাণ সংশয় ঘটেছিল বলে চিকিৎসক তাঁকে আর সন্তান না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পলিনের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক, তিনি গোঁড়া ক্যাথলিক ছিলেন বলে জন্ম নিয়ন্ত্রণের কৃত্রিম ব্যবস্থাগুলো অবলম্বন করতে অনীহা ছিল তাঁর। তাই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার মধ্যেই তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছিল।
প্রথম সন্তানের জন্মের পর চিকিৎসকের পরামর্শ থেকেই সম্ভবত তাঁদের দাম্পত্য জীবনের টানাপড়েন শুরু। অথচ হেমিংওয়ের একাধিক জীবনীকার ও গবেষক জানিয়েছেন যে একটি কন্যা সন্তানের জন্য খুব লালায়িত ছিলেন তিনি। চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও পলিন যে জীবনের ঝুঁকি নিয়ে দ্বিতীয় সন্তান ধারণ করেছিলেন, তার কারণ, স্বামীকে একটি কন্যা সন্তান উপহার দিতে চেয়েছিলেন তিনি। এখানে উল্লেখ করা দরকার যে তাঁর ছেলেরা শিশু অবস্থায় ওদের মাকে খুব কমই কাছে পেয়েছিল। এক হিসেবে ধরলে দ্বিতীয় সন্তান গ্রেগরিকেই মাতৃস্নেহ বঞ্চিত হতে হয়েছিল বেশি। কারণ, ওর প্রাণ সংশয়ের ঝুঁকি নিয়েই তাকে গর্ভে ধারণ করেছিলেন পলিন। কাক্সিক্ষত একটা কন্যা সন্তানের জায়গায় পুত্র সন্তান হওয়াও ছিল ছেলেটির আরেক অপরাধ। তাই, জন্মের দুসপ্তাহ পর থেকে তাকে দেখাশোনার দায়িত্ব ছেড়ে দেওয়া হয় এক নার্সের ওপর। ছেলে বড় হলে পলিন তার কাছে স্বীকারও করেছিলেন যে তাঁর মধ্যে সহজাত মাতৃপ্রকৃতির ঘাটতি আছে। পাঁচ-ছয় বছর বয়সের আগে বাচ্চাদের সাথে খুব মাখামাখি করার প্রবৃত্তি ছিল না তাঁর। একারণে সন্তান প্রতিপালনের জন্য প্রয়োজনীয় সময়টুকু তিনি দিতে পারতেন স্বামীর লেখালেখির কাজে সহায়তায়।
আমরা জানি অ্যা ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসে লেফটেন্যান্ট হেনরির সাথে নার্স ক্যাথেরিনের ভালোবাসার এক পর্যায়ে ক্যাথেরিন গর্ভবতী হয়ে পড়ে। হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব না হওয়ার কারণে সিজারিয়ান করলে দেখা যায় বাচ্চাটা গর্ভেই মারা গিয়েছিল। তার পর অত্যধিক রক্তক্ষরণে ক্যাথেরিনও মারা যায়। প্রথম সন্তান প্যাট্রিকের জন্মের সময় পলিনের বেলায় ঘটা এই ঘটনাটাই উপন্যাসে তুলে এনেছিলেন হেমিংওয়ে।
পলিনের সাথে শারীরিক দূরত্ব বৃদ্ধি পাওওযার পর বাইশ বছরের তরুণী সোনালী চুল আর ডাগর নীলাক্ষির দীর্ঘাঙ্গী জেন ম্যাসনের মধ্যে হেমিংওয়ে খুঁজে পেয়েছিলেন তাঁর সাথে পাল্লা দিতে পারঙ্গম আর এক রমণীকে। নিখুঁত সৌন্দর্যের জন্য সেসময় পন্ডস ক্রিমের বিজ্ঞাপনের মডেলও হয়েছিলেন জেন। জেনের স্বামী গ্রান্ট ম্যাসন ছিলেন হাভানাতে প্যান আমেরিকান এয়ারলাইনসের বড় কর্তা। কর্মোপলক্ষে তাঁকে প্রচুর বাইরে যেতে হতো বলে তিনি তাঁর নিয়ন্ত্রণবহির্ভুত পুরুষঘেঁষা স্ত্রীর ওপর কর্তৃত্ব খাটানো ছেড়ে দিয়েছিলেন, আর সেই সুযোগে হেমিংওয়ের সাথে জেনের সম্পর্কটি অমোঘ অন্তরঙ্গতায় পৌঁছাতে দেরি হয়নি।
মনের মতো এহেন সহচরী পেয়ে হেমিংওয়ে তাঁকে গল্প লেখার উৎসাহও দিয়েছিলেন। ফলে জেন একটা গল্প লিখেও ফেলেন। সেটি আদ্যন্ত সংশোধন ও সম্পাদনা করেছিলেন হেমিংওয়ে। গল্পটি নিউ ইয়র্কার ম্যাগাজিনে পাঠানো হয়েছিল, কিন্তু ছাপার যোগ্য বলে বিবেচিত হয়নি বলে অপ্রকাশিত থেকে যায়। বোঝা যায়, এমনকি হেমিংওয়ের মতো লেখকও সেটি প্রকাশ করার জন্য সম্পাদককে প্রভাবিত করতে পারেননি।
অ্যা ফেয়ারওয়েল টু আর্মস প্রকাশিত হওয়ার পর হেমিংওয়ে যে আর্থিক স্বাচ্ছন্দ্য লাভ করেন তাতে তাঁর বহু শখ মেটানো সম্ভব হয়েছিল। এসব বিলাসী কর্মকাণ্ডের মধ্যে অন্যতম ছিল একটা মটরবোট কিনে ফেলা। 'পিলার' নামের এই বোটটি তাঁর বইয়ের বিরূপ সমালোচনা, ভগ্নপ্রেমের যন্ত্রণা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার আশ্রয়ে পরিনত হয়েছিল। ফ্লোরিডার কী ওয়েস্ট থেকে এই বোটে চড়েই ক্যারিবিয় দ্বীপগুলোতে যেতেন হেমিংওয়ে। সেসবের মধ্যে মাত্র ৫০ মাইল দূরের বিমিনী দ্বীপ ছিল হেমিংওয়ের প্রিয় এক গন্তব্য। বাড়িতে স্ত্রীপুত্রদের রেখে বন্ধুদের নিয়ে এসব জায়গায় দীর্ঘদিন মাছ ধরে কাটাতেন তিনি। এমনকি ১৯৩৫ সালে বিমিনিতে এক মাছ ধরা প্রতিযোগিতায় সেরা পুরস্কারটি জিতেও নিয়েছিলেন। একজন বিদেশীকে এই পুরস্কার দেওয়া নিয়ে বেশ ঝামেলা হয়েছিল সেখানকার অধিবাসীদের মধ্যে।
এই দ্বীপে বসে তিনি লিখেছিলেন মরণোত্তর প্রকাশিত উপন্যাস আইল্যান্ডস ইন দ্য স্ট্রিম। এখান থেকেই হেমিংওয়ে নতুন ঠিকানা খুঁজে পান কিউবাতে। দেশটিতে তাঁর প্রথম যাওয়া হয় ১৯২৮ সালে স্পেন যাওয়ার পথে জাহাজে চড়ার জন্য। তিনদিনের সেই যাত্রাবিরতিতে সাথে ছিলেন শ্যালিকা জিনি ফেইফার সহ পুরো পরিবার। সেবার যে অ্যামবোস মুনডোস হোটেলে উঠেছিলেন তাঁরা, সেই হোটেলই হয়ে দাঁড়ায় পরবর্তী সময়ে তাঁর প্রতিবার কিউবা সফরের ঠিকানা।
মাছ ধরা ছাড়াও নিভৃতে বসে লেখালেখির কাজ করার জন্য এই হোটেলের একটা রুমে প্রায় স্থায়ীভাবে থাকতে শুরু করেন তিনি। ভাড়া ছিল দৈনিক দেড় ডলার। লেখার কাজ ছাড়াও জেন ম্যাসনের সাথে অবাধ মেলামেশা ছিল তাঁর আরেক আকর্ষণ। আমরা জেনেছি প্রথম সন্তান জন্মের পর থেকে সীমিত শারীরিক সম্পর্কের কারণে আর্নেস্ট ও পলিনের মধ্যে যে দূরত্ব দেখা দিয়েছিল সেটির পরিপূরক হিসেবেই যেন নতুন প্রেমিকা জেন ম্যাসনের আবির্ভাব। উল্লেখ্য, জেন ছিলেন সন্তান ধারণে অক্ষম, সুতরাং সে অর্থে ছিলেন সম্পূর্ণ নিরাপদ। তবে তাঁদের এই মেলামেশার ভেতর শরীর ছাড়া সত্যিকার প্রেম কতখানি ছিল সে বিষয়ে হেমিংওয়ের গবেষক ও জীবনীকারদের সন্দেহ আছে। জেন ম্যাসনের মাছ শিকারের দক্ষতা এবং হেমিংওয়ের মাছ ধরার দুর্নিবার নেশা–দুয়ের মিলনে প্রকৃত সঙ্গীনি হিসেবে এই সুন্দরী রমণী টেক্কা দিতে পেরেছিলেন অনেককেই, যদিও হেমিংওয়েকে বিয়ে করার পরিকল্পনা তাঁর আদৌ ছিল না। "জেন ছিলেন মাছ শিকারের যথার্থ সঙ্গী। তিনি দেখতে সুন্দরী, ছিলেন চিত্ত বিনোদিনী, খুব দক্ষভাবে ছিপ সামলাতে পারতেন তিনি। সমুদ্রপীড়ায় ভোগেননি কখনোই, রান্নায় সাহায্য করতে পারতেন। ব্যবস্থাটা ছিল অতি আদর্শ, আর্নেস্ট তার স্বাদ উপভোগ করছিলেন।" (সূত্র: কার্ট বার্নিস: দ্য হেমিংওয়ে উওমেন)। জেনপর্বের বহু বছর আগে লেখা হেমিংওয়ের একটা গল্প "দ্য এন্ড অভ সামথিং," ওটাতে মাছ ধরায় আগ্রহী ও দক্ষ এক নারী চরিত্র আছে, মার্জোরি, বিষ্ময়করভাবে এই চরিত্রটি থেকেই যেন নেমে এসেছিলেন জেন ম্যাসন।
ছবি: এসকোয়ার ম্যাগাজিনের ফেব্রুয়ারি ১৯৩৬ সংখ্যায় হেমিংওয়ের প্রকাশিত গল্প
সেই প্যারিসজীবন থেকেই বিভিন্নজনকে নানান ক্রীড়াকৌশলের প্রশিক্ষণ দিতে হেমিংওয়ের কোনো ক্লান্তি ছিল না, যেমন, প্রথমদিকে মুষ্টিযুদ্ধ, পরেরদিকে শিকার ইত্যাদি। হাভানাতেও একাজটি করতেন তিনি, তবে মাছ ধরার কৌশল শিক্ষার্থী হিসেবে জেনই ছিলেন তাঁর যথার্থ শিষ্যা। তাঁদের এই ঘনিষ্ঠ সম্পর্ক, মাঝে মাঝে 'পিলার' নিয়ে মাঝ দরিয়ায় দুজনের মাছ ধরার অভিযান পরিচিত মহলের মধ্যে প্রায় প্রকাশ্য কেচ্ছায় পরিনত হয়েছিল। এসময় পলিন ছেলেদের নিয়ে মাঝে মাঝে হাভানা চলে আসতেন হেমিংওয়ের কাছে, তখন জেনের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতার রূপ ও মাত্রাটি রূপান্তরিত হতো নিছক পারিবারিক বন্ধুত্বে। পলিনের কানেও এই সব কেচ্ছাকাহিনী যে পৌঁছায়নি তেমনটি ভাববার কারণ নেই। তবে তিনি মনকে বোঝাবার চেষ্টা করতেন যে এটা লেখক আর ভক্তের বিষয়, তাঁরা নিছকই বন্ধু–তাই মুখরোচক কথাগুলো কানে নিতেন না তিনি। তবে স্বামীটির স্বভাব-চরিত্র সম্পর্কে বিলক্ষণ ধারণা ছিল তাঁর। একবার স্বামীকে পাঠানো এক চিঠির সাথে এক প্লাস্টিক সার্জনের একটা বিজ্ঞাপন পাঠিয়ে তিনি ঠাট্টাচ্ছলে লিখেছিলেন, মিসেস ম্যাসন এবং কিউবান রমণীরা এত সুন্দর যে যাওয়ার আগে সার্জারি করে নিজের বড় নাক, ঠোঁটের খুঁত, ছড়ানো কান, আঁচিল, তিল সবকিছু ঠিক করে নেবেন বলে ভাবছেন তিনি। একই চিঠিতে তিনি আরও লিখেছিলেন যে কিউবা যাওয়ার জন্য তর সইছে না তাঁর। যাওয়ার সময় তিনি সুতোর গুটি, বাথ রোব, স্লিপার ইত্যাদিও সাথে করে নিয়ে যাবেন। আগেরবার হেমিংওয়ের বাথরোবের পকেটে কোনো এক মেয়ের রুমাল, কোটে সেলাই করা বাড়তি বোতাম দেখতে পেয়েছিলেন তিনি। (সূত্র: রুথ হকিন্স: আনবিলিভেবল হ্যাপিনেস অ্যান্ড ফাইনাল সরো: দ্য হেমিংওয়ে-ফেইফার ম্যারেজ)।
'পিলার' বোটটি কেনার আগে তিনি 'অ্যানিটা' নামের একটা বোট ভাড়া নিয়ে কিউবার উপকূলে মার্লিন মাছ শিকারে যেতেন, সাথে থাকতেন বন্ধু জো রাসেল। এসময় কার্লোস গুতেরেজ নামে এক অভিজ্ঞ মার্লিন শিকারিকে সাথে নিতেন তাঁরা। এই কার্লোসই তাঁকে শিখিয়েছেন কীভাবে বিভিন্ন গভীরতায় টোপ ফেলতে হয়, দেখিয়েছেন মার্লিন শিকারের নানান কৌশল। পরের বছর এসকোয়ার ম্যাগাজিনে লেখার সময় এসব অভিজ্ঞতা ব্যবহার করেছেন তিনি। আর্কাইভে সংরক্ষিত বিভিন্ন কাগজপত্রের ভেতর থেকে মার্লিন শিকারের সেই অভিজ্ঞতাপ্রসূত একটা অপ্রকাশিত গল্প 'হ্যাপিনেস অ্যাজ পারস্যুট' নামে ছাপা হয় নিউ ইয়র্কার ম্যাগাজিনে, জুন ২০২০ সালে।
চার বছরের উদ্দাম প্রণয়ের পর জেনের সাথে হেমিংওয়ের সম্পর্ক শেষ হয়ে যায়। এই ভাঙনের কারণ ঠিক কোনটি, সে সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারেননি তাঁর জীবনীকারেরা। হয়তো জেনের প্রত্যাশা ও চাহিদার তুলনায় হেমিংওয়ে যথেষ্ট ধনবান ছিলেন না, হেমিংওয়েও জেনকে ভবিষ্যৎ স্ত্রী হিসেবে ভাবেননি কখনোই। সর্বোপরি তাঁদের মধ্যে সত্যিকার পবিত্র প্রেমের সম্পর্ক কখনোই হয়নি, জেনের মধ্যে হ্যাডলি কিংবা পলিনের মতো আদর্শ স্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না, সেটিও স্পষ্ট। জেনের স্বামী গ্রান্ট ম্যাসনও আমেরিকায় বদলী হয়ে সস্ত্রীক ওয়াশিংটনে চলে গিয়েছিলেন। তবে আরেকটা বড় কারণ হতে পারে আফ্রিকান সাফারিতে গিয়ে ওদের মেজবান হেমিংওয়ের বন্ধু কর্নেল রিচার্ড কুপারের সাথে জেনের ঘনিষ্ঠ সম্পর্কের জের। তিনি টের পাচ্ছিলেন আফ্রিকান সাফারি থেকে ফিরে আসার পর হেমিংওয়ের প্রতি জেনের ব্যবহারে পরিবর্তন ঘটেছে। কুপারের সাথে এই সম্পর্কটা আফ্রিকান সাফারিতেই কেবল সীমাবদ্ধ ছিল না, পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে আমেরিকা, কিউবা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত গিয়ে জেনকে সঙ্গ দিয়েছিলেন তিনি। কুপারের সাথে সম্পর্কটা শরীর ছাড়িয়ে হৃদয় পর্যন্ত গিয়ে না পৌঁছালেও কর্তৃত্বপরায়ণ হেমিংওয়ের সেটা পছন্দ হয়নি। জেনের সাথে কেচ্ছা কেলেঙ্কারির গল্প পলিনের কাছে সত্য বলে প্রতিষ্ঠা পাওয়ার পর পলিনও কি তাঁর স্বামীকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেননি? এসব মিলিত কারণেই মূলত জেনের সাথে হেমিংওয়ের সম্পর্কচ্যুতি ঘটে।
জেনকে স্ত্রী হিসেবে গ্রহণ করার কোনো ইচ্ছে হেমিংওয়ের না থাকলেও অনিন্দ্যসুন্দরী এই নারীকে তাঁর গল্প উপন্যাসের উপাদান হিসেবে সফলভাবে উপস্থাপন করতে পেরেছিলেন তিনি। জেনের সাথে ছাড়াছাড়ির পরপরই তাঁর বিখ্যাত "দ্য শর্ট হ্যাপি লাইফ অভ ফ্রান্সিস মাকোম্বার" গল্পের মিসেস মাকোম্বার তথা মারগট চরিত্রটি যে তাঁর প্রাক্তন প্রেমিকা জেন ম্যাসনের সেটি কাউকে বলে দিতে হয় না।
গল্পটিতে মারগটের যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা এরকম, "তিনি ছিলেন অত্যন্ত রূপবতী এবং সৌন্দর্য ও দৃঢ় সামাজিক অবস্থানে থাকা এক নারী, যার কারণে পাঁচ বছর আগে নিজের ছবি সহ একটা সৌন্দর্য উপকরণকে সমর্থন দেওয়ার জন্য পাঁচ হাজার ডলার সম্মানী পেয়েছিলেন, যে উপকরণটি তিনি নিজে কখনোই ব্যবহার করেননি।" আমরা জানি, জেন ম্যাসনও পন্ডস ক্রিমের মডেল হয়েছিলেন একসময়। গল্পে ফ্রান্সিস মাকোম্বার স্ত্রী মারগটকে নিয়ে আফ্রিকান সাফারিতে গিয়েছিলেন। সেখানে রাতের বেলায় ফ্রান্সিস যখন ঘুমে, তখন মারগট তাদের গাইড রবার্ট উইলসনের তাঁবুতে গিয়ে তাঁর সাথে মিলিত হয়েছিলেন। বিষয়টা ফ্রান্সিস মাকোম্বার বুঝে ফেলেন, তবে স্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারেন না। গল্পকারের ভাষায়, "মাকোম্বারের পক্ষে মারগটকে ডিভোর্স দেওয়ার তুলনায় তিনি ছিলেন খুবই সুন্দরী এবং মারগটের পক্ষে মাকোম্বারকে ছেড়ে যাওয়ার তুলনায় তিনি ছিলেন খুবই পয়সাওয়ালা।" মধ্যরাতের পর উইলসনের তাবু থেকে অভিসার শেষে মারগট যখন নিজেদের তাবুতে ফেরেন এবং জেগে থাকা ফ্রান্সিস সব বুঝে ফেলেন, তখন তাঁদের মধ্যকার কথোপকথনে ফ্রান্সিস মাকোম্বারের অসহায় অবস্থাটা বোঝা যায়। ফ্রান্সিস বলেছিলেন,
"এরকম কোনো কিছু ঘটার কথা ছিল না। তুমি প্রতিজ্ঞা করেছিলে ঘটবে না।"
"যা-ই হোক, এখন হয়ে গেছে।"
"তুমি বলেছিলে এই ট্রিপটা যদি আমরা করি, সেখানে কেউ থাকবে না। প্রতিজ্ঞা করেছিলে তুমি।"
পরদিন সকালের ঘটনায়ও ফ্রান্সিস মাকোম্বার আর উইলসনের পরস্পরের প্রতি গোপন মনোভাব বোঝাতে লেখক লিখেছেন:
"দিনের আলো ফোটার আগে তিনজনই যখন নাস্তার টেবিলে, ফ্রান্সিস মাকোম্বার ভেবে দেখলেন যে তিনি ঘৃনা করেন এমন অনেক মানুষের মধ্যে রবার্ট উইলসনকেই করেন সবচেয়ে বেশি।
"ঘুম ভালো হয়েছে?" পাইপে তামাক ভরতে ভরতে উইলসন কর্কশ গলায় জিজ্ঞেস করেন।
"আপনার?"
"চমৎকার," শ্বেতাঙ্গ শিকারিটি বলে।
মাকোম্বার মনে মনে ভাবেন, শালা বেজন্মা, অহংকারী বাস্টার্ড একটা।
উইলসন বিরস ঠাণ্ডা চোখে ওদের দিকে তাকিয়ে ভাবছিলেন, তাহলে সে ফিরে এসে একে ঘুম থেকে জাগিয়ে দিয়েছিল। ঠিক আছে, তাহলে ওর বউ যেখানে থাকার কথা সেখানে রাখে না কেন ও? সে কী ভাবে আমাকে, আমি কি শালার পাথরের সাধু? বউ যেখানে থাকার কথা সেখানেই রাখুক। এটা ওর নিজের দোষ।
ছবি: পিলার বোটে কার্লোস গুতেরেজের সাথে জেন ম্যাসন
আমরা এখানে জেন ম্যাসনের বাস্তব জীবনের কথা স্মরণ করতে পারি। জেন পূর্ব আফ্রিকায় সাফারিতে গিয়ে হেমিংওয়েরই বন্ধু রিচার্ড কুপারের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং সেটা দীর্ঘদিন বিভিন্ন দেশে বিস্তৃত ও অব্যাহত ছিল। জেনের স্বামী গ্রান্ট ম্যাসন এসব কীর্তিকলাপ সম্পর্কে অবহিত থাকলেও স্ত্রীকে বিরত রাখকে ব্যর্থ হয়েছিলেন। গল্পের ফ্রান্সিস মাকোম্বার যে বাস্তবের গ্রান্ট ম্যাসন সেটাতে কোনো অস্পষ্টতা নেই।
জেন ম্যাসনের সাথে দীর্ঘ চার বছরের অন্তরঙ্গতা যেভাবে সাঙ্গ হয়েছিল, কিংবা শেষভাগে জেন যেভাবে হেমিংওয়েকে প্রত্যাখ্যান করেছিলেন, সেটি আহত ও অপমানিত করেছিল তাঁকে। তাই কেবল মাকোম্বার দম্পতির চরিত্রে গ্রান্ট ও জেনকে উপস্থাপন করেই ক্ষান্ত হননি তিনি, টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট উপন্যাসে তাঁদের তুলে এনেছেন আরও নগ্নভাবে। জেন ম্যাসনের ব্যাভিচারী প্রবণতাকে উপন্যাসে উপস্থাপন করা হয়েছে হেলেন ব্র্যাডলির মাধ্যমে। প্রেমিক রিচার্ড গর্ডনের সাথে হেলেনকে চরম আপত্তিকর অবস্থায় বিছানায় দেখার পরও স্বামী টমি ব্র্যাডলি যেরকম নিস্পৃহভাবে দরজাটা বন্ধ করে চলে যান, তাতে টমিকে যে জেনের স্বামী গ্রান্ট হিসেবে দেখানো হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কেবল তা-ই নয়, জেনের ওপর তাঁর যাবতীয় বিদ্বেষ ও বিবমিষা তিনি উদগার করেছেন হেলেন চরিত্রের মধ্য দিয়ে। হেলেন যে বহুভোগ্যা নারী, সেটা তিনি তুলে এনেছেন এভাবে:
হেনরি কার্পেন্টার জিজ্ঞেস করে, "টমি ব্র্যাডলিকে দেখেছ আজ?"
ওয়ালেস বলে, "ওকে সহ্য করতে পারি না আমি। ওকেও না, ওর ছেনাল বউটাকেও না।"
হেনরি কার্পেন্টার বলে, "আমি হেলেনকে পছন্দ করি। এত চমৎকার সময় দিয়েছে ও।"
"কখনো করেছো ওটাকে?"
"অবশ্যই। চমৎকার জিনিসটা।"
উপন্যাসটির মূল উপজীব্য যে শ্রেণীবৈষম্য, তার মধ্যে ধনবান শ্রেণীটির মধ্যকার দুর্নীতি ও স্বস্তিহীনতা, অসুখী দাম্পত্য জীবন, পরকীয়া ও ব্যাভিচার, মহামন্দার ফলে সৃষ্ট দারিদ্র্য, মাদক পাচার, কিউবার বিপ্লব– এসবের মাঝে কেবল হেলেনের চরিত্রই নয়, অন্যান্য নারী চরিত্রগুলোকেও খুব হীনভাবে উপস্থাপন করেছেন হেমিংওয়ে। উপন্যাসে হেমিংওয়ের এই চরম নারীবিদ্বেষী ভূমিকাটি তাঁর ব্যক্তিগত জীবনাচারের সাথে যেন খাপ খায় না।
টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট উপন্যাসটি লেখা শেষ হলে হেমিংওয়ে সেটির পা-ুলিপি পঠিয়েছিলেন এসকোয়ার পত্রিকার সম্পাদক আর্নল্ড গিংরিচের কাছে। ওটা পড়ার পর গিংরিচ কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন। হেলেন আর রিচার্ডের চরিত্রের মধ্য দিয়ে গ্রান্ট আর জেন ম্যাসনকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা কেবল চরম নোংরাই নয়, মানহানিকরও বটে। কিন্তু হেমিংওয়ে তাঁর পত্রিকার নামীদামী লেখক, তাই তিনি হেমিংওয়ের কাছে ছুটে যান যাতে তাঁকে বুঝিয়ে ওটাকে পরিমার্জনা করে আপত্তিকর অংশগুলো কিছুটা লঘু করা যায়। কিন্তু তাঁর অনুরোধ কানে তোলেননি হেমিংওয়ে, বরং তাঁদের দীর্ঘদিনের সম্পর্কটি নষ্ট হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, জেন ম্যাসনের তৃতীয় বিবাহ বিচ্ছেদের পর তাঁর বিয়ে হয় এই গিংরিচের সাথে ১৯৫৫ সালে। ব্যবসা সফল এসকোয়ার কাগজটির কারণেই গিংরিচ জেনের পাণিগ্রহণে সমর্থ হয়েছিলেন, তার কারণ আমরা জানি যে আর্থিকভাবে অসচ্ছল কোনো পুরুষের ঘর করতে যাওয়ার পাত্রী ছিলেন না জেন।
উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৩৭ সালের অক্টোবরে, এই উপলক্ষে টাইম ম্যাগাজিন তাদের ১৮ অক্টোবরের সংখ্যার প্রচ্ছদ কাহিনিতে হেমিংওয়েকে উপস্থাপন করেছিল। প্রচ্ছদে হেমিংওয়ের সাধারণ কোনো আলোকচিত্র ব্যবহৃত হয়নি। পত্রিকাটির পক্ষ থেকে শিল্পী ওয়ালডো পার্সকে (১৮৮৪-১৯৭০) দিয়ে মাছ ধরার ছিপ ফেলে বসা ভঙ্গিতে হেমিংওয়ের একখানা ছবি আঁকিয়ে নেওয়া হয়েছিল। ছবির নিচে ব্যবহৃত হয়েছিল কোস্ট গার্ডের হাতে মারাত্মক আহত অবস্থায় ধরা পড়ার পর হ্যারি মর্গানের বিচ্ছিন্ন বাক্যে বলা শেষ কথাগুলো। মূল নিবন্ধে বলা হয়:
"সুশীল জগতের দৃষ্টিতে আর্নেস্ট হেমিংওয়ের অনেক কিছু জবাব দেওয়ার রয়েছে। শতাব্দীর কঠিনতম আক্রমণ চালাতে সক্ষম গদ্যে সজ্জিত হয়ে তিনি মেধা ও শক্তিকে এলোপাতাড়ি ব্যবহার করেছেন রঙ্গিন চশমা ভেঙে দিতে, বহু সুশীল ভ-ামিকে ফেলে দিয়ে তৈরি করেছেন ইতস্তত ছড়ানো অদ্ভুতদর্শন শিল্প। অপবাদকারীরা তাঁকে ভয় দেখানো দুর্বৃত্ত বলে আখ্যায়িত করেন, বলেছেন চশমা ভেঙে ফেলা এবং সহজে বিজিতদের ঠেলে ফেলে দেওয়া কোনো সাহসের কাজ নয়।"
"হেমিংওয়ের সব গল্পে মৃত্যুর উপস্থিতি যেমন নিশ্চিত, সেটি এখনো তাঁকে শেষ করতে পারেনি। ঊনচল্লিশ বছরের জীবনে পূর্ণতায় পৌঁছে তিনি মৃত্যুর মধ্যে থাকাটা বেছে নিয়েছেন। গত দুসপ্তাহ আগে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় পাঠানো তাঁর প্রথম রিপোর্টে যে মাদ্রিদকে তিনি শান্ত বলে বর্ণনা করেছিলেন, সেখানে এক সকালে যখন তিনি খেউরি করছিলেন সেই হোটেলে একটা শেল এসে আঘাত করে।"
"নিজেকে যুদ্ধ এবং যুদ্ধকালীন প্রজন্মের সহিংসতা, লক্ষ্যহীনতা আর নৃশংসতার প্রধান মুখপাত্রে পরিনত করেছেন তিনি।"
বইটি প্রকাশিত হওয়ার পর পাঠক ও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। পাঁচ মাসে দুই সংস্করণ মিলিয়ে বইটি মোট বিক্রি হয় আটত্রিশ হাজার কপি। এটির যৌনরসাত্মক দৃশ্য ও ঘটনার বর্ণনার বিরুদ্ধে ব্যাপক সমালোচনাও অব্যাহত থাকে। ডেট্রয়েটে কর্তৃপক্ষ বইটি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া শুরু করলে শেরউড এন্ডারসন লেখক হিসেবে হেমিংওয়ের শক্তিমত্তার পক্ষে যুক্তি দেখিয়ে তাঁর পক্ষ নিয়েছিলেন। তিনি ডেট্রয়েটের বিরোধীদলের নেতার কাছে এক চিঠিতে লেখেন, "আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসটির প্রচার বন্ধ করার চেষ্টার বিরুদ্ধে আমি আমার প্রতিবাদ জ্ঞাপন করছি। মিস্টার হেমিংওয়ে একজন বড় লেখক। কাউকে আঘাত করার জন্য তিনি কিছু লিখতে পারেন না। তাঁর বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে হাজার গুন বুদ্ধিমানের কাজ হবে, যে অশুভকে তিনি উন্মোচন করছেন তার বিরুদ্ধে যুদ্ধ করা।" (সূত্র: রুথ হকিন্স: আনবিলিভেবল হ্যাপিনেস অ্যান্ড ফাইনাল সরো: দ্য হেমিংওয়ে-ফেইফার ম্যারেজ)। উল্লেখ্য, উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগে এটির একটি অংশ "ওয়ান ট্রিপ অ্যাক্রস" নামে ছোটগল্প আকারে কসমোপলিটন ম্যাগাজিনে ছাপা হয় ১৯৩৪ সালে, আরেকটা ১৯৩৬ সালে এসকোয়ার ম্যাগাজিনে "দ্য ট্রেডম্যানস রিটার্ন" নামে।
টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট উপন্যাসটি প্রকাশিত হওয়ার আগে স্প্যানিশ গৃহযুদ্ধ শুরু হয়। এসময় যুদ্ধের ময়দান থেকে খবর সংগ্রহের জন্য হেমিংওয়ে তাঁর অ্যাডভেঞ্চারপ্রবণ স্বভাবে আমেরিকার সংবাদপত্রগুলোর মোর্চার সাথে যুক্ত হয়ে সমর সাংবাদিক হিসেবে কাজে নেমে পড়েন। একই দেশের দুই বিবদমান গোষ্ঠির মধ্যে সংঘটিত যুদ্ধের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে লেখক হেমিংওয়ের পাঠানো খবরগুলো অন্যান্য খবরের চেয়ে ছিল ভিন্নতর, তবে সাংবাদিকসুলভ নিস্পৃহ নিরপেক্ষতা সবসময় রক্ষা করতে পারতেন না বলে কেউ কেউ তাঁর পাঠানো রিপোর্টকে একপেশে বলেও মনে করতেন।
স্প্যানিশ গৃহযুদ্ধের সাংবাদিকতা করতে যাওয়ার আগে (ডিসেম্বর ১৯৩৬) কী ওয়েস্টে হেমিংওয়ের সাক্ষাৎ ঘটে আরেক দুর্ধর্ষ সাংবাদিক মার্থা গেলহর্নের সাথে। পলিনের সাথে আংশিক দূরত্ব তৈরি হওয়ার পর জেন ম্যাসনের সাথে চার বছরের পরকীয়া পর্বের শেষে হেমিংওয়ের জীবনে এই রমণীর প্রবেশ আবারও প্রমাণ করে যে আমেরিকান কথাসাহিত্যের এই রাজপুত্র কখনোই সঙ্গিনীবিহীন ছিলেন না। মার্থা ছিলেন পেশাদার সাংবাদিক, তিনিও স্পেনের গৃহযুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য স্পেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ছবি:পিলার বোটের হুইলে হেমিংওয়ে সাথে কার্লোস
মার্থা এবং হেমিংওয়ে যখন স্পেনে, সেই সুযোগে জেন ম্যাসন হেমিংওয়ের সমুদ্রতরী পিলারের দক্ষ নাবিক কার্লোস গুতেরেজকে তাঁর বোটে চাকরি দিয়েছিলেন। এতে হেমিংওয়ে বলার সুযোগ পেয়ে যান যে মার্থা গেলহর্নের সাথে সম্পর্কের প্রতিশোধ হিসেবে গুতেরেজকে ভাগিয়ে নিয়ে গেছেন জেন। বিষয়টির মধ্যে সত্যতা থাক বা না থাক, কার্লোসের জায়গায় হেমিংওয়ে পিলারে যাঁকে নতুন নিয়োগ দেন তাঁর মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী উপন্যাসের অবিস্মরণীয় চরিত্র সান্তিয়াগোকে। সেই নবনিযুক্ত নাবিকের নাম গ্রেগরিও ফুয়েন্তস। তবে একথা সত্য যে এই গুতেরেজই তাঁকে ডিঙি নৌকায় চড়ে একাকী এক বৃদ্ধ জেলের বিশাল এক মার্লিন মাছ ধরার গল্পটা বলেছিলেন। গুতেরেজের কাছে শোনা এই গল্পের বর্ণনা দিয়েই প্রায় পনের বছর আগে এসকোয়ার পত্রিকায় একটা লেখা লিখেছিলেন হেমিংওয়ে (সূত্র: টম ডেভিস)। সেদিন যদি জেন গুতেরেজকে ভাগিয়ে নিয়ে না যেতেন, হেমিংওয়ে যদি ফুয়েন্তেসের মধ্যে সান্তিয়াগো চরিত্রটিকে খুঁজে না পেতেন, তাহলে এই উপন্যাসটি তিনি লিখতে পারতেন কি না, কিংবা নোবেল পুরস্কার পেতেন কি না, জোর দিয়ে বলা যায় না। কারণ, নোবেল কমিটির শংসাবচনে বলা হয়েছিল যে হেমিংওয়েকে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে অতি সম্প্রতি প্রমাণিত দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি-তে বর্ণনাভঙ্গির কৌশল প্রয়োগে তাঁর পরম দক্ষতার জন্য এবং সমসাময়িক রচনাশৈলীতে তাঁর প্রয়োগ করা প্রভাবের কারণে।
আমরা জানি, প্যারিসবাসের সময় থেকেই চিত্রকর জেরাল্ড মারফি ও তাঁর স্ত্রী সারা মারফির সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন হেমিংওয়ে। সেই ঘনিষ্ঠতার বদৌলতেই হেমিংওয়ের প্রথম স্ত্রী হ্যাডলি তাঁদের শিশুপুত্র বাম্বিকে নিয়ে ফ্রেঞ্চ রিভিয়েরাতে মারফি দম্পতির আতিথ্য গ্রহণ করেছিলেন, যেখানে গিয়ে বাচ্চাটার হুপিং কাশি ধরা পড়ে। বন্ধুবৎসল সারা সবার কাছে এতই আদৃতা ছিলেন যে পিকাসো কমপক্ষে পাঁচটি ছবিতে তাঁকে এঁকেছিলেন।
হেমিংওয়ে এই সারা মারফিরও প্রেমে পড়েছিলেন বলে কোনো কোনো গবেষক উল্লেখ করেছেন। ১৯৩৯ সালে পলিনের সাথে হেমিংওয়ের দাম্পত্য সম্পর্ক যখন প্রায় তলানিতে এসে ঠেকেছে, সেসময় সারা এক চিঠিতে জানান যে তিনি কী ওয়েস্ট আসছেন কিছুদিনের জন্য। তার আগে সারার একটা শৈল্যচিকিৎসা হয়েছিল, তাই সেরে ওঠার জন্য হাওয়া বদলের দরকার ছিল তাঁর। প্রিয়তমা সারা আসবেন জেনে হেমিংওয়ের ভেতর আনন্দের হিল্লোল বয়ে যায়।
মারফি পরিবারের জীবনীকার আমান্দা ভেইল লিখেছেন, "সারা প্রথম থেকেই হেমিংওয়েকে অত্যন্ত পছন্দ করতেন। তাঁর শৈল্পিক সংবেদনশীলতা . . . তাঁর পুরুষালী তেজ– মাঝে মাঝে আত্মবিনয়ী হাসির মধ্যে নির্দোষভাবে তেতে ওঠা– এসব তাঁকে সবচেয়ে বেশি প্রণয়াভিলাষী করেছিল।" হেমিংওয়েও নীল চোখের গাঢ় সোনালী চুলের, সুন্দরী, অভিজাত এই সুপাঠিকা, বহুদেশদর্শী ধনাঢ্য রমণীটির প্রতি সবিশেষ অনুরক্ত ছিলেন। জেন ম্যাসনের পর হেমিংওয়ে একমাত্র সারাকে পেয়েছিলেন, যিনি বোটে স্বচ্ছন্দ, পছন্দ করতেন মাছধরা। সারা যেভাবে তাঁর শান্ত বুদ্ধিদীপ্ত স্বভাব দিয়ে হেমিংওয়ের হৃদয় হরণ করতে পেরেছিলেন, সেটি খুব কম নারীই পেরেছিলেন। তবে পরস্পরের প্রতি উভয়ের মুগ্ধতা ও ভালোবাসা সবসময়ই অনুক্তই রয়ে গিয়েছিল। সেবার কী ওয়েস্ট থেকে ঘুরে যাওয়ার পর হেমিংওয়ে সারার কাছে চিঠিতে লিখেছিলেন, "আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, আপনি সবসময়ই কতখানি বিশ্বস্ত ও মনোহরা এবং সুন্দর ও আকর্ষণীয়া . . . আমার ইচ্ছে হয় আমরা যদি বৃষ্টিভেজা বিকেলগুলো একসাথে কাটাতে পারতাম। সেটা ছিল এক সুন্দর ঝড়। আপনাকে সবসময়ই ভালোবাসি, কথাটা বিশ্বাস করবেন।" (সূত্র: কার্লিন ব্রেনেন: হেমিংওয়েজ ক্যাটস)।
জেরাল্ড মারফির মতে হেমিংওয়ের প্রতি সারার তীব্র ভালোবাসা ছিল একধরনের সহজাত সম্মোহন। অন্তিম রোগাক্রান্ত হেমিংওয়ের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন সারা যে চিঠি লিখেছিলেন সেটিতেও ছিল মানুষ হিসেবে তাঁর প্রিয় এই লেখকটির পৌরুষদীপ্ত ভাবমূর্তির স্বীকৃতি। সারা যেন ইচ্ছাশক্তির জোরে আবার ফিরে পেতে চাইছিলেন সেজানের চিত্রকর্ম দেখে লিখতে শেখা তরুণ লেখকটিকে। হেমিংওয়ের আত্মহননের মাত্র আটত্রিশ দিন আগে সারা তাঁকে লিখেছিলেন, "বিভিন্ন অসুখের উল্লেখ করে,– আপনার মায়ো ক্লিনিকে থাকার খবর– পত্রিকায় প্রায়ই পড়ছি আমরা, দয়া করে আমার কাছে একখানা পোস্টকার্ডে লিখে পাঠান যে ব্যাপারটা সেরকম নয়, অথবা অন্ততপক্ষে লিখুন যে আপনি সেরে উঠেছেন– অসুস্থ হওয়াটা আপনার সাথে যায় না– সব সময়ের মতো– বন্দুক হাতে অথবা বোটের ওপর– দাড়িওয়ালা মজবুত এক যুবক হিসেবে– আপনার ছবি তুলতে চাই আমি– কেবল একটামাত্র লাইন, প্লিজ।" (সূত্র: লিন্ডা প্যাটারসন মিলার: ইন লাভ উইথ পাপা)
বহু বছর পর জেরাল্ড আর সারা মারফির নাতনি লারা ডোনেলি এক সাক্ষাৎকারে বলেছিলেন, "হেমিংওয়ে অবশ্যই তাঁর [সারা] প্রেমে পড়েছিলেন। তিনি একাকী তাঁর [হেমিংওয়ে] সাথে অনেক সময় কাটিয়েছেন। শিকার কিংবা মাছধরা, ষাঁড়ের লড়াই এবং হেমিংওয়ে যা যা ভালোবাসতেন জেরাল্ড তার কিছুই পছন্দ করতেন না। তাই একাই তাঁর সাথে দেখা করার জন্য কী ওয়েস্ট যেতেন তিনি [সারা]।" সারার সাথে হেমিংওয়ের যেমনই সখ্য থাকুক না কেন, জেরাল্ডের সাথে সম্পর্ক ছিল কিছুটা শীতল। হেমিংওয়ের দিক থেকে জেরাল্ডের প্রতি ছিল একধরনের মৌন প্রতিযোগিতামূলক মনোভাব। দুজনের মধ্যকার এমন চোরাস্রোতের কারণে তাঁরা প্রকৃতপক্ষে কখনোই পরস্পরের কাছে আসতে পারেননি (সূত্র: ক্যালভিন টমকিনস)। তবে এই দূরত্ব মারফি পরিবারের সাথে হেমিংওয়ের আপাত নৈকট্যের পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তার কারণ হয়তো সারা ও হেমিংওয়ের পারস্পরিক পছন্দ ও ভালোলাগার সম্পর্ক। কিন্তু আমরা যদি বিভিন্ন সময়ে হেমিংওয়ের প্রতি ধনাঢ্য মারফি পরিবারের আত্মিক ও আর্থিক সমর্থনের কথা স্মরণ করি তাহলে জেরাল্ডের সাথে হেমিংওয়ের এই শীতল সম্পর্কের দিকটি গৌন হয়ে যায়। অম্লমধুর এই সম্পর্ক হেমিংওয়ের প্যারিসবাস থেকে শুরু করে পলিন ফেইফারের সাথে বিচ্ছেদের সময় পর্যন্ত দীর্ঘদিন টিকে ছিল।
হ্যাডলির সাথে বিচ্ছেদের সময় মারফি দম্পতির যে ভূমিকা ছিল, পলিনের সাথে ভাঙনোন্মুখ সম্পর্কের সময় সারা তাঁদের সংস্পর্শে এলেও তাঁর আদৌ কোনো প্রতিক্রিয়া ছিল কি না জানা যায় না। আমরা জানি পলিনের সাথে হেমিংওয়ের বিবাহপূর্ব সম্পর্ক যখন গাঢ়তর হচ্ছিল তখন মারফি দম্পতি এই সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে ইন্ধন দিয়েছিলেন। তাই এসময় তাঁদের ভূমিকার বিশেষ গুরুত্ব ছিল। একটি বিষয় স্পষ্ট যে এক দশক আগে পলিন ফেইফার যে কৌশলে হ্যাডলির কাছ থেকে হেমিংওয়েকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছিলেন, তিনি নিজেই সেরকম পরিস্থিতির শিকার হয়েছিলেন। যদিও পলিন যেরকম আগ্রাসী ছিলেন, হেমিংওয়ের নতুন প্রেমিকা মার্থা গেলহর্নের সেরকম কোনো প্রত্যক্ষ ভূমিকা দেখা যায়নি।
