২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অরুণ মিত্রের কবিতা প্রসঙ্গে

সরকার মাসুদ সরকার মাসুদ

Published : 27 Jul 2020, 01:50 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


ঢাকা অধ্যায় শুরু হওয়ার আগে আমি ছ'বছর রাজশাহীতে ছিলাম। বিশ্ববিদ্যালয়জীবন শেষে রাজধানীর উদ্দেশে রওয়ানা হওয়ার অল্প আগে একটা পুরস্কার দেয়া হয়েছিল আমাকে। সাহিত্যকর্মের প্রথম স্বীকৃতি ছিল ওই 'জুগস পুরস্কার'। টাকাপয়সা তো থাকে না; থাকে উপহারবস্তু। তো ওই পুরস্কারের অংশ হিসেবে বন্ধুরা আমাকে দিয়েছিলেন কুড়িটি মুল্যবান বই। কাব্যগ্রন্থ ছিল পাঁচটি। তার ভেতর একটি হচ্ছে অরুণ মিত্রের 'খুঁজতে খুঁজতে এতো দূর'।
ওই বইটির সূত্রেই অরুণ মিত্রের কবিতার সঙ্গে আমার পরিচয়। তারপর কবিতা ও গদ্য মিলে আমি তার আরও ৫/৬ টি বই পড়েছি। কিন্তু বিভিন্ন লেখকের যে গ্রন্থসমূহ আমি বারবার পড়েছি তার মধ্যে অন্যতম ওই বইটি। বইয়ের নাম কিন্তু সবসময় চিত্তস্পর্শী হয় না, এমনকি বড় লেখকদের বইও। অরুণ মিত্রের ওই কাব্যগ্রন্থের নাম প্রথম দর্শনেই আমাকে টেনেছিল, আজও টানে। বইটি কবির পরিণত বয়সের প্রকাশনা। ওই 'এত দূর' কথাটার ভেতর দিয়েও তা ব্যক্ত করা হয়েছে। লিখতে লিখতে পড়তে পড়তে আমাদেরও বয়স হলো, খুঁজতে খুঁজতে আমরাও পেরুলাম অনেকটা পথ।
যা খুঁজছি মানে যা পেতে চাই তা পাইনি বা পেয়ে থাকলেও তা এতোই সামান্য যে মন তাতে খুশি নয়। না হলে আর 'এত দূর' আসা কেন? কাঁটাবনের শিল্পতরু চিরঅধরা জেনেও কবি-শিল্পীরা চিরকাল তার দিকেই নৌকা ভাসায় । ভাসিয়েছিলেন অরুণ মিত্রও। আরাধ্যকে স্পর্শ করতে না পারলেও শিল্পতরুর অনেকটা কাছে পৌঁছে গিয়েছিলেন। হাত ধরতে পারেন নি ; রূপ তো দেখেছেন! তার কবিতা খুব জটিল নয়। তার কবিতা খুব সহজও নয় যে চট করে বুঝে ফেলা যাবে। দ্রুত অর্থ বের করা যায় যেসব কবিতার সেগুলো তো সাধারণ কবিতা। সাধারণ ও অনাধুনিক। অরুণ মিত্র আধুনিক কবি ; ফলে তিনি অবশ্যই সাধারণ নন। অথচ দেখুন, তার বলবার ধরণ প্রায়শই কী শাদামাটা ! পড়তে পড়তে অনেক সময় মনে হয়, আরে, এভাবে তো সাধারণ লোকও কথা বলে। যেমন, 'তোমার সঙ্গে চলতে আমার ভালো লাগে, তোমার সঙ্গে দেখতে আমার ভালো লাগে।' কিন্তু যখন ভাবি এসব কথার শুরুতে লেখক বলেছেন, 'গর্জনের মুখে একটা তারা কাঁপছে। তাকে দেখার পরই আমরা বেরিয়ে পড়েছিলাম, বুলা আর আমি। 'তখন এইসব উচ্চারণ গাঢ় তাৎপর্য নিয়ে হাজির হয় আমাদের সামনে।

কবিতায় আটপৌরে ধরনের কথাবার্তার পাশাপাশি অরুণ মিত্র এমনও বলেন—– 'এবার তলিয়ে যাও ছড়িয়ে যাও, ডুবতে ডুবতে দেখিয়ে দাও নিশ্চিন্ত শুকতারা, দেখিয়ে দাও নরম সূর্য।' তখন আবার মনে হয়, কবিতা যখন সার্থক হয়ে ওঠে, তার অনেক কিছুই বোধগম্যতার বাইরে থেকে যায়। অনেক স্থানেই কবি ঠিক কী বলতে চাইছেন বোঝা না গেলেও প্রযুক্ত বাকপ্রতিমার ধরণ, উপমা, ইঙ্গিত প্রভৃতি এনে দেয় ভালোলাগার চমৎকার অনুভূতি। আমরা মনে মনে বলি, বাহ! এই তো; এমন ভঙ্গিই তো চাই। অরুণের অনেক কবিতা আমাকে তেমন আকর্ষণ করতে পারেনি। অন্যদিকে, এমন অনেক কবিতাও আছ যেগুলো পড়ে শিল্পের গাঢ় স্বাদ পেয়েছি; এখনও পাই।
'এখান থেকেই আগুন লাগে…' শিরোনামের একটা অনবদ্য কবিতা আছে। এটা ঠিক গদ্যফর্মে লেখা নয়। কবিতার ঐতিহ্যবাহী চেহারাই ফুটে উঠেছে এখানে। শুরুর অংশটা এরকমঃ 'এখান থেকেই আগুন লাগে রাস্তায়/পুড়তে থাকে হামিদ নিতাই ইয়াকুব নন্দলাল/বাস ট্রাক ঠেলাগাড়ি ভটভটিয়া মেয়েমানুষ আর বাচ্চারা,/কংকাল মেলা শুরু হয় /আর আকাশে লাল ছবির খেলা,/খরখরে জিভ বাতাস চেটে চেটে ঝাঁজরা করে দেয়/তারপর জমি ছেয়ে ফেলে শুকনো বালি।' এখানেও সেই বোঝা না বোঝার আলোছায়া, রহস্যের সেই কুহকী হাতছানি!

সন্দেহ নেই গদ্যফর্ম অরুণ মিত্রের প্রিয় আঙ্গিক। এই স্টাইলসচেতনতা 'খুঁজতে খুঁজতে এতোদূর' কাব্যগ্রন্থে মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে বৈকি। বাংলা কবিতার নিবিষ্ট পাঠক কিন্তু এটা লক্ষ না করে পারেনি যে, বিশেষ করে 'শুধু রাতের শব্দ নয়' কাব্যগ্রন্থ থেকে এই লেখকের বলার কায়দা কিভাবে পাল্টে গেছে। অরুণের কবিতায় চিত্রকল্প, উপমা, রূপক, আঙ্গিকের প্রয়োগে ওই পরিবর্তনটা ক্রমশ বিশিষ্ট হয়ে উঠেছিল। সেটা আমৃত্যু মোটামুটি অক্ষুণ্ণ থেকেছে।

পশ্চিমবঙ্গের ষাটের ও বিশেষভাবে সত্তরের প্রজন্মের কবিতায় দেখা যায় যে, ভাস্কর চক্রবর্তী, মানিক চক্রবর্তী, রণজিৎ দাশ, নির্মল হালদার প্রমুখ কবি দৈনন্দিন মুখের ভাষাকে যতটা সম্ভব ব্যবহা্রযোগ্য করে তুলেছেন। ঐ প্রয়াস এখনো অব্যাহত আছে। লক্ষযোগ্য বিষয়, অরুণ মিত্র বহুযুগ আগেই এটা কাজে লাগিয়েছেন। তার শব্দ ও বাক্য প্রয়োগের ধরনে মুখের ভাষার স্বাদ পাওয়া যায়। মনে রাখতে হবে, অরুণ চল্লিশের প্রজন্মের কবি। এবং কাব্যের শিল্পচিন্তা মাথায় রেখে গদ্যকে ওইভাবে কাজে লাগানোর ধারণাটি সেসময় একেবারেই নতুন। বহুপাঠী, বহুপ্রশ্নতাড়িত অরুণ মিত্রের দক্ষতা ছিলেন ফরাসি ভাষায়। পল এলুয়ার, স্যাঁ ঝন পের্স, আঁরি মিশো প্রমুখ বিশ্ববরেণ্য ফরাসি কবির কাব্য তিনি কেবল পাঠই করেননি; তাদের নিয়ে চিন্তাগর্ভ গদ্যও লিখেছেন। তিনি যে একটানা অনেক বছর টানা গদ্যে কবিতাচর্চা করেছেন তার পেছনে পের্সের 'আনাবাজ'সহ আরোও কিছু কবির কাব্যগ্রন্থের প্রভাব থাকতেই পারে। থাকলেও এই বাঙালি কবি ওই ভঙ্গিটিকে নিজের মতো করে নির্মাণ করতে পেরেছেন বলেই মনে হয়।

তা সত্ত্বেও, আমার ধারণা, টানা গদ্যে লিখিত কবিতাসমূহের অনেকগুলোকেই তিনি যথেষ্ট 'কবিতা' করে তুলতে পারেননি। বরং গদ্য ও সনাতন ধারার মিশ্রণে রচিত কবিতাগুলোই বেশি উজ্জ্বল। উন্নত রুচির সংস্পর্শে এলে সংবেদনশীলতা কিরকম চেহারা ধারণ করতে পারে তার একটা দৃষ্টান্ত এই সব পঙক্তি ——- ' শেষ ঘন্টার পর প্রকান্ড মুহুর্ত; / দীর্ঘ দেবদারুর মরীচিকা ফোটে/ গোটা দলটা সন্ধ্যার দিকে এগোয়/ মুগ্ধ শান্তির সরোবর যেখানে।' (শেষ ঘন্টার পর। কাব্যগ্রন্থঃ ঘনিষ্ঠ তাপ) 'শেষ ঘন্টা' কি নতুন পর্ব বা অধ্যায়ের ইঙ্গিতবহ ? 'সন্ধ্যা'ই বা এখানে কিসের প্রতীক? 'প্রকাণ্ড মুহূর্ত' বলতে কি অনন্ত সময়কে বুঝিয়েছেন কবি? এসবের কোনটিই নির্দিষ্ট অর্থ নিয়ে ধরা দেয় না আমাদের কাছে; যেমন জীবনানন্দকথিত 'আমিষ অন্ধকার'- এর রহস্য ভেদ করতে পারি না আমরা। পারি না, কিন্তু তাতে টেক্সটগুলোর রস আস্বাদনে আমাদের বিশেষ অসুবিধা হয় না।

একটা সন্দর্ভ, একটা ভ্রমণকথা বা একটা গল্পেরও অর্থ বের কর করা যায়; কিন্তু অর্থের ইঙ্গিত থাকলেও আধুনিক কবিতার সেরকম কোন মানে বের করা যায় না, তার প্রয়োজনও পড়ে না। আধুনিক কবিতা যে মান ও উচ্চতায় পৌঁছেছে আজ, সেখানে মাঝে মাঝেই ভাবনা-কল্পনার বিশিষ্ট রূপ ও বুদ্ধিদীপ্ততার বিশিষ্ট প্রকাশ আমাদের চোখে পড়ে। আমাদের অর্জিত বিদ্যাবুদ্ধি দিয়ে ওই রূপ ও প্রতিভাসের কতোটুকুই বা আমরা অনুধাবন করতে পারি?
লেখক-শিল্পীদের মধ্যে যারা বড় মাপের ভাবুক, তাদের অতৃপ্তি ও সংশয়ও বড় মাপের। তা না হলে অরুণ মিত্র কি করে ওই সংশয়ী জিজ্ঞাসা রাখতে পেরেছিলেন? 'দেশ' পত্রিকার এক 'বইমেলা' সংখ্যায় পত্রস্থ একটি প্রতিবেদন থেকে জানা যায়, কোন এক বছর বর্ধমান বইমেলায় উপস্থিত হয়েছিলেন কলকাতা থেকে আগত শতাধিক লেখক। সেই দলের মধ্যমণি কবি অরুণ মিত্র। তো মেলা প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে অরুণ বাবু পড়ে যান তার এক ভক্ত পাঠকের সামনে। কাল বিলম্ব না করে তিনি জিজ্ঞেস করেন, দাদা, আপনার নতুন কবিতার বই এসেচে? আমি আপনার একজন নিয়মিত পাঠক। থমকে দাঁড়ান অরুণ মিত্র। তারপর মোটা ফ্রেমের ভারী চশমার উপর থেকে তাকিয়ে বলেন, তা বেরিয়েছে একটা বই। কিন্তু মশাই, আমাদের কবিতা কি হচ্ছে? মানে তেমন কিছু…? ভক্ত পাঠক তো অবাক। বিখ্যাত প্রবীন কবি কি বললেন এটা! অরুণ মিত্র ততোক্ষণে তার দৃষ্টির বাইরে চলে গেছেন।
ভেবে দেখুন তো, আজকের কোনো বাঙালি কবি এমনভাবে বলতে পারবেন, তাও আবার জনসমক্ষে? অরুণ মিত্র পেরেছিলেন। তিনি কবির হৃদয় ও সামর্থ্য নিয়ে জন্মেছিলেন। তিনি জানতেন তার ক্ষমতা; তার দুর্বলতাও।