সে বিশ্ব আমারই মূর্তি: বিশ্বজিৎ সাহা, মুক্তধারা ও নিউইয়র্ক বইমেলা!
১ .
বিভিন্ন কারণে মানুষের সাগর পাড়ি দেয়ার প্রয়োজন পড়ে। কখনও রাজনৈতিক, কখনও আর্থিক, কখনও জীবন যখন হুমকির সামনে পড়ে বলে, বা অন্য কারণে মানুষ নিজের জন্মভূমি ছেড়ে দূরে চলে যায়। তবে এছাড়া একেবারে মানসিক কারণ, মানে 'নিজের' থেকে পালানোর জন্যও কেউ কেউ বিদেশে আশ্রয় নিতে পারে। আমাদের স্বদেশী বাঙালি সমাজ বহুদিন আগে থেকেই বিদেশে আশ্রয় নিয়েছেন বা প্রবাসী হয়েছেন। বিশেষ করে গত শতাব্দীর গোড়ায় বিলেতে গিয়েছেন কেউ কেউ। তার কিছুকাল পরেই যুক্তরাষ্ট্রে এসেছেন বাঙালি অনেকে। আদনান সৈয়দ এ বিষয়ে ধারাবাহিকভাবে লিখছেন তাঁর গবেষণামূলক বই। আমাদের নিজেদের ইতিহাসের জন্য এবিষয় গ্রন্থিত করা জরুরি।
কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর অধিক সংখ্যক বাঙালি যুক্তরাষ্ট্রে এসেছেন। আগের মতোই, মানে পঞ্চাশ বা ষাটের দশকের মতো এইসব বাঙালিদের বেশির ভাগ এসেছেন পড়াশুনা করতে। তাদের কেউ কেউ পড়াশুনা করে ফিরে গেছেন দেশে। কিন্তু সত্তরের শেষ এবং আশির গোড়ার দিকে কম শিক্ষিত বাঙালি খেটে খাওয়া মানুষরাও আসতে শুরু করেন ভাগ্যান্বেষণের জন্য। এদের সংখ্যা বিপুল। তাই গত সাড়ে তিন দশকে আসা বাঙালিরা আমেরিকার বিভিন্ন শহরে নিজেদের আবাস গড়ে তুলছেন। আমাদের ভাষায় এই সব প্রবাসী মানুষদেরকেই আমরা অভিবাসী বলে জানি। কিন্তু শিক্ষিত মানুষরা তাদের অভিবাসী পরিচয় নিয়ে, বা তাদের জাতিগত পরিচয় কী হবে তা নিয়ে ভাবিত। কেউ কেউ মনে করেন দ্বিতীয় প্রজন্ম থেকে আমাদের সন্তানরা সবাই এদেশে যারা আছে, বা অন্যান্য দেশে, সবাই সেসব দেশের সংস্কৃতিতে নিজেদের গড়ে তুলবে। কিন্তু এদের মধ্যে যারা নিজেদের আদি সংস্কৃতি, ভাষা, শিক্ষাদীক্ষা, এমনকি ধর্ম বংশ পরম্পরায় টিকিয়ে রাখার প্রয়াস নিয়ে ভাবেন, তাঁরা ভিন্ন চিন্তা করেন। কিন্তু আসলে এই আদি পরিচয় সত্যিই টিকে থাকবে কিনা তা নিয়ে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোসহ ইউরোপের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে বিপুল গবেষণার কাজ হচ্ছে, বিশেষ করে সত্তর দশকের পর থেকে গত প্রায় পঞ্চাশ বছরে। এর মাঝে পশ্চিমা পুঁজিবাদে বিপুল পরিবর্তন দেখা দিয়েছে আশির গোড়া থেকে। কম দামে মজুরের আশায় পশ্চিমা পুঁজির মালিকরা জাতীয় পুঁজিকে বেশি মুনাফার জন্য দরিদ্র দেশগুলোতে বিনিয়োগ করছে। এর ফলে বিশ্বায়ন বা গোলোকায়নের সৃষ্টি হয়েছে। কিন্তু সমাজবিজ্ঞানে বা অর্থবিজ্ঞানে এতদিন অভিবাসী পরিচয় নিয়ে যে তাত্ত্বিক আলোচনা হতো, তার সঙ্গে বিশ্বায়ন তত্ত্বের বা তত্ত্বগুলোর একটা সমান্তরাল যাত্রা বা কোথাও কোথাও মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে।
একটা সময় ছিল যখন একাডেমিক জগতে 'ডায়াসপোরা' শব্দটা শুধু সেই সব মানুষদের ক্ষেত্রে ব্যবহার করা হতো যারা নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছেন, বা সেখান থেকে বিতাড়িত হয়েছেন এবং অন্য দেশে আশ্রয় নিয়েছেন, যেমন ইউরোপ বা উত্তর আমেরিকায়। যেমন ইহুদি, গ্রীক, আর্মেনিয়ান বা কিউবান। এটা ঘটেছিলো মূলত রাজনৈতিক-অর্থনৈতিক কারণে । এসব মানুষ গত শতাব্দীতে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক সত্তা বজায় রাখার জন্য আশ্রয় নেয়া দেশের সংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি ভাবেন নি। তাদের মধ্যে জন্মভূমিতে একদিন ফিরে যাবার তীব্র বাসনা পোষণ করতেন। কিন্তু যারা একেবারেই ভাগ্যান্বেষণে অন্য দেশে পাড়ি দিয়েছেন, তাদের মধ্যে জন্মভূমিতে ফিরে যাবার বাসনা তীব্র নয়।
প্রবাসী, অভিবাসী বা Diaspora-সদস্য শব্দগুলোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যারা শিক্ষা জগতে Diaspora নিয়ে গবেষণা করেন, তারা এর ব্যাখ্যা ভিন্নভাবে দেন। হিব্রু শব্দ Galut, যা Speiro (to sow), এর সঙ্গে preposition dia (over), আদি গ্রীক ভাষায় পাওয়া যায়, ধরা হয় সেখান থেকেই শব্দটি নেয়া হয়েছে। সম্প্রতি কয়েকজন নৃবিজ্ঞানী তাত্ত্বিক বিশেষ করে রবিন কোহেন ও অর্জুন আপ্পাদুরাই "Cultural Diasporas", "Fear Diasporas" এবং "Virtual Diasporas" ইত্যাদি বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন এই সব অভিবাসী মানুষদের সম্প্রদায়কে।
বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের চারিত্রে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ইহুদি এবং আরমেনিয়ার অভিবাসীদের তাদের মূলভূমির রাজনীতিকরা তাদেরকে সম্পদ ভাবেন, কারণ তারা মার্কিন দেশে বা ইউরোপে দেশে দেশে তাদের দেশের পক্ষে রাজনৈতিক লবিং করতে পারেন এবং বেশ জোরালো শক্তির সঙ্গেই পারেন। যেমন ২০০২/২০০৩ সময়ে এদেশে অভিবাসী ইরাকীরা মার্কিনীদের ইরাক আক্রমণের পক্ষে বিশেষ প্রভাব রেখেছিলেন, তেমনি ইহুদিরা এদেশে ইজরাইলের পক্ষে রাজনৈতিক লবিং করে থাকেন আজ বহুদিন। অন্যদিকে ফিলিপিন্সের বা ভারতের অভিবাসীরা এদেশ থেকে বিপুল অর্থ দেশে পাঠিয়ে তাদের অর্থনীতিতে অবদান রাখছেন। এসব অভিবাসীদের জীবনে, বা তাদের কাজকর্মের জন্য বিশেষ সুবিধা তারা পাচ্ছেন আধুনিক প্রযুক্তির কাছ থেকে। সেটা রাজনৈতিক দিক থেকেও সত্য। আন্তর্জাতিক রাজনীতির নীতিমালা নির্ধারণে এসব অভিবাসীরা ভূমিকা রাখছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। অভিবাসীদের নিজের দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছেন অনেকে পূর্ব ইউরোপের দেশগুলোতে কম্যুনিজম পতনের পর। সেসব দেশে গণতান্ত্রিক নেশন স্টেট গড়ে তোলার ক্ষেত্রে অনেকে অবদান রাখেন। আমার শিক্ষক অধ্যাপক এনড্র এরাটো ইহুদি পরিবারের সন্তান। এগারো বছর বয়সে পিতামহীর হাত ধরে হাঙ্গেরি থেকে পালিয়ে নিউইয়র্কে আশ্রয় নিয়েছিলেন। ৮৯ সালে হাঙ্গেরিতে কম্যুনিজমের পতনের পর দেশটিকে গণতান্ত্রিক ধনবাদী দেশ হিশেবে গড়ে তুলতে এবং এর আধুনিক শাসনতন্ত্র প্রণয়নে বড় ভূমিকা রেখেছেন। তিনি নামজাদা সমাজবিজ্ঞানী। নিউ স্কুলের অধ্যাপনা থেকে ছুটি নিয়ে প্রায় দুই বছর হাঙ্গেরিতে কাটান নিজের মাতৃভূমির আধুনিক শাসনতন্ত্র রচনার জন্য। এমন উদাহরণ আরও অনেক রয়েছে। '৭১ এর মুক্তি যুদ্ধের সময় প্রবাসী বাঙালিরা এদেশে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন স্বাধীনতার পক্ষে।
তবে অনেক সমাজবিজ্ঞানীর মতে অভিবাসী পরিচয় একটি ভিন্ন এথনিক আইডেনটিটি হিশেবেও গড়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে। তাঁদের আরগুম্যানট একটু ভিন্ন। কিন্তু ধর্ম, সংস্কৃতি, এথনিসিটি-ভিত্তিক যে আইডেনটিটি সেরকম আইডেনটিটি অভিবাসীদের বেলায় সংজ্ঞায়িত হবে কিনা সেটা নিয়ে একাডেমিক মহলে বিতর্ক থেকেই যাবে। অধ্যাপক অর্জুন আপ্পাদুরাই, যিনি বিশিষ্ট নৃবিজ্ঞানী এবং বিশ্বায়নের নামজাদা তাত্ত্বিক, তাঁর অভিবাসী নিয়ে বক্তব্য অন্যদের থেকে আলাদা। এই পণ্ডিত মানুষটি আমার সরাসরি শিক্ষক নিউ স্কুলে। বর্তমানে তিনি এন ওয়াই ইউ-তে অধ্যাপক। দক্ষিণ ভারতের বংশোদ্ভূত এই মানুষটি মনে করেন অভিবাসীরা কোনদিন পুরোপুরি আশ্রয় নেয়া দেশের সংস্কৃতিতে মিশে যেতে পারে না। তাঁর আরগুম্যানট অনেকটা বিখ্যাত সমাজবিজ্ঞানী এবং সংস্কৃতি বিষয়ে বারমিংহাম স্কুলের তাত্ত্বিক স্ট্যাউয়ারট হলের তত্ত্বের কাছাকাছি। তাঁদের দুজনেরই ধারণা অভিবাসীরা নিজের জন্মদাগের মতো নিজ সমাজের ও যে-সমাজে আশ্রিত এই দুই সংস্কৃতিকেই বহন করে বেঁচে থাকে।
আমাদের বাঙালি অভিবাসীদের সংখ্যা এখন যদিও কম নয়, কিন্তু আমাদের মধ্যে এখনও ভারতীয় অভিবাসীদের মতো পরিকল্পিত শিক্ষিত 'ভারতীয়-আমেরিকান' অভিবাসী সমাজ গড়ে ওঠেনি, যাদের নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রভাব মার্কিন রাজনীতি- সংস্কৃতি- অর্থনীতিতে রাখতে সমর্থ হয়েছে। বাঙালিদের সামগ্রিক- অভিবাসীয় কোন প্রযুক্তিগত প্লাটফর্ম আছে কিনা আমি জানি না, কিন্তু ভারতীয়দের অনেক ওয়েবসাইট আছে। সেখানে তাদের জাতীয় এবং অভিবাসীয় কর্মকাণ্ডের বিবরণ দেখা যায়। এসব প্রযুক্তির ব্যবহার অভিবাসীদের মধ্যে Collective Conscience সৃষ্টিতে বিশেষ সহায়ক। একটি ভারতীয় অভিবাসীদের ওয়েব সাইটে লেখা, "The Diaspora is very special to India. Residing in distant lands, its members have succeeded spectacularly in their chosen professions by dint of their single-minded dedication and hard work. What is more, they have retained their emotional cultural and spiritual links with the country of their origin. This strikes a reciprocal chord in the hearts of people in India."
আমাদের সঙ্গে ভারতীয়দের সাংস্কৃতিক দিক থেকে কিছু জায়গায় সাদৃশ্য থাকার কারণে এবং ঐতিহাসিক দিক থেকে যেহেতু আমরা কাছাকাছি ট্র্যাডিশনের উত্তরাধিকার, তাই আমাদের অভিবাসীদের অনেকেই আমাদের আগে আসা ভারতীয়দের পথকে অনুসরণ করেছেন। তবে আমাদের বাঙালিদের মূল অংশ এসেছে আশির দশকের গোড়ার দিক থেকেই। সত্তরের দশকে কিছু সংখ্যক ফার্মাশিষ্ট, নার্স ও ডাক্তার এসেছেন। তাঁরা নিজেদের ক্লাব বা সংগঠন করে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়েছেন, নিজেদের আত্মপরিচয় যাতে সন্তানদের মাঝে থাকে সে চেষ্টা করেছেন। কিন্তু আশির দশক থেকে বিপুল সংখ্যক বাঙালি শ্রমিক শ্রেণির মানুষ আসার পর আমাদের প্রবাসী জনগোষ্ঠীর মাঝে চারিত্রগত বা প্রকৃতিগত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। শ্রমিক শ্রেণীর মানুষ শিক্ষা বা সংস্কৃতিতে একটু ন্যূন হলেও সংখ্যায় বেশি থাকার কারণে তাঁরা নিজেদের সংগঠন গড়ে তোলেন এবং তাঁদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিউয়র্কসহ আমেরিকার বড় শহরগুলোতে বাঙালিদের উপস্থিতি তাঁরা জানিয়ে দেন জোরালোভাবে। এর ফলে বিভিন্ন ব্যবসা, সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ড লক্ষ্য করা যায়। গোড়ার দিকে মানে আশির শেষ দিকে এবং নব্বইয়ের গোড়ায় এইসব প্রতিষ্ঠান গড়ে ওঠে। সংবাদপত্রগুলো, যেমন 'প্রবাসী', 'ঠিকানা', 'বাঙালী', 'পরিচয়' ও আরও দুয়েকটি সাপ্তাহিক বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
২ .
এসময়ে নব্বইয়ের গোড়ায় বাংলাদেশের বিখ্যাত পুস্তক প্রকাশনালয় 'মুক্তধারা'র পরিবারের সদস্য বিশ্বজিৎ সাহা নিউয়র্কে আসেন। তিনি বাংলাদেশে একটি জেলা শহরে থাকাকালীন সময়ে প্রথম সাংবাদিকতা শুরু করেন। জেলা শহর ছেড়ে ঢাকা এসে সাংবাদিকতাকেই পেশা হিশেবে চালিয়ে যান। আজকের মন্ত্রী মোস্তফা জব্বারের সম্পাদনায় 'আনন্দপত্র' এ যোগ দেন এবং দীর্ঘদিন সেখানে সাংবাদিকতা করেন। কিন্তু সাংবাদিকতার বাইরে বিশ্বজিৎ মানসিকভাবে অনেক বেশি ভাবতেন আমাদের সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ে। বিখ্যাত প্রকাশক ও পুস্তক ব্যবসায়ী চিত্তরঞ্জন সাহার পরিবারের সদস্য হওয়ার কারণেই হয়তো বই, বইয়ের জগৎ এবং সংস্কৃতি বিষয়ক ভাবনা তাঁর মনকে আচ্ছন্ন রাখতো।
নব্বই দশকের গোড়ায় যখন বিশ্বজিৎ যুক্তরাষ্ট্রে আসেন, সে-সময়ে নিউয়র্কে 'প্রবাসী' প্রধান সাপ্তাহিকগুলোর একটি। সৈয়দ মোহামদ উল্লাহ সম্পাদিত সেই পত্রিকায় যোগ দিয়ে বিশ্বজিৎ নিউয়র্কে সাংবাদিকতা শুরু করেন। কিন্তু পারিবারিক ঐতিহ্য বা নিজের ভেতরের ক্ষুধা, যে কারণেই হোক তিনি নিজের ঘরে বসে কিছু বই পাঠকদের কাছে বিক্রি শুরু করেন। রাজনৈতিক আদর্শ এবং সাংস্কৃতিক দিক থেকে তিনি যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিকে ধারণ করেন তাই শুরু থেকেই দুচারজন সমমনা বন্ধুদের নিয়ে একুশে ফেব্রুয়ারি পালন, বা স্বাধীনতা দিবস ও বিজয় দিবস পালন ইত্যাদি ছোট আকারে পালনের সঙ্গে যুক্ত হন। তখন নিউয়র্কে কয়েকজন লেখক বাস করতেন এবং তাঁরাও ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতির অনুসারী, তাঁরা বিশ্বজিৎ সাহাকে সাহায্য করেন এইসব কর্মকাণ্ডে। একুশে ফেব্রুয়ারি পালনের মধ্যে দিয়েই হয়তো তাঁর কাজিন বিখ্যাত প্রকাশক, যিনি বাংলাদেশে একুশের বইমেলার প্রবর্তক, চিত্তরঞ্জন সাহার মতো নিউয়র্কেও বই মেলা করার উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেন। এতে তাঁকে যারা সাহায্য করেন তাঁদের মধ্যে ডঃ জ্যোতিপ্রকাশ দত্ত, ডঃ পূরবী বসু, সৈয়দ মোহামদ উল্লাহ, ডঃ নুরুন্নবী, ডাঃ জিয়াউদ্দিন, হাসান ফেরদৌস, নীনি ওয়াহেদ, ওবায়দুল্লাহ মামুন, সেমন্তী, আদনান সৈয়দসহ আরও অনেকে রয়েছেন। ধীরে ধীরে বইমেলা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অনেক লেখক সাহিত্যিকের মিলনমেলা হয়ে দাঁড়ায়। দেখতে দেখতে সাতাশ বছর পেরিয়ে আটাশ বছরে পা দিয়েছে এই জনপ্রিয় বইমেলা। ঢাকা, কলকাতা এবং নিউয়র্কের লেখক-পাঠকদের কাছে এখন এটা একটা বড় বাৎসরিক অনুষ্ঠানে রূপ নিয়েছে।
নিউইয়র্ক বইমেলা নিয়ে কিছুটা হলেও আলোচনা হয়েছে, কিন্তু এর পেছনের মানুষটি যিনি প্রায় মেলা এবং বাংলা সংস্কৃতির বিস্তারে স্থপতির কাজটি করে চলছেন আজ আঠাশ বছর যাবৎ তাঁর সম্পর্কে খুব কমই লেখা হয়েছে, তিনি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ ১৯৯১ সালে এদেশে এসেছেন আর ঠিক কিছুদিন পরই ১৯৯২ সালের ২১ ফেব্রুয়ারির মধ্যরাত থেকে তিনি একুশে উদযাপন করে যাচ্ছেন। ৯২ সালের সেদিন থেকে শুরু হয় রাত ১২:০১ মিনিটে জাতিসংঘের সামনে একুশ পালন। এর সঙ্গে রয়েছে বইমেলার আয়োজন। প্রথম দিকে খুব সীমিত আকারে বইমেলা হতো, কিন্তু বছর দুই তিনেকের মধ্যেই মুক্তাধারার বইমেলা বিশেষ জনপ্রিয়তা পায় এবং মানুষের ঢল নামে। এটি হয়ে ওঠে নিউইয়র্কে বাঙালিদের সবচেয়ে বড় অনুষ্ঠান।
বইমেলা, বাংলা ভাষা ও সাহিত্যের প্রচারের বাইরে বিশ্বজিৎ সাহার অন্য যে গুরুত্বপূর্ণ অবদান সেটা বাংলাদেশ সরকার এবং দেশবাসীর সামনে গুরুত্ব দিয়ে তুলে ধরা উচিৎ, তাহলো ১৯৭৪ সালে ২৫ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় যে ভাষণ দিয়েছিলেন সেই দিনটিকে সন্মান জানিয়ে নিউইয়র্ক স্টেট সেনেট 'ইমিগ্রেনট ডে ' ঘোষণা দিয়েছে। এই কাজটি খুব সহজ ছিল না। এটির জন্য দীর্ঘদিন বিশ্বজিৎ চেষ্টা করে যাচ্ছিলেন এবং সফল হয়েছেন। দিনটিকে সামনে রেখে ২৫ সেপ্টেম্বরে তিন দিনের বইমেলার ঘোষণা দিয়েছেন বিশ্বজিৎ সাহা। আমার বিবেচনায় নিউইয়র্ক সেনেট কে দিয়ে এটি করানো তাঁর জীবনের বড় অর্জনগুলোর একটি।
দ্বিতীয়ত মুক্তাধারা আয়োজিত বইমেলার আরেকটি উদ্দেশ্য ছিল দুই বাংলার শীর্ষস্থানীয় লেখকদের মেলায় এনে এখানকার নতুন প্রজন্মের তরুণ তরুণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কাজটিও বিশেষ প্রশংসার দাবিদার। তৃতীয়ত, আরেকটি গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছেন বিশ্বজিৎ, তাহলো এখাকার বাঙালি শিশু, কিশোর-কিশোরীদের দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য তাদের চিন্তাচেতনার বিকাশ ঘটিয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্পূর্ণ তাদের দিয়ে করিয়ে সৃষ্টিশীল কিছু চিন্তার উন্মেষ ঘটানো এখানকার শিশু কিশোরদের মাঝে। সেমন্তী ওয়াহেদ ও আরও কয়েকজনের সাহায্যে এই কাজটি করে চলেছেন বিশ্বজিৎ সাহা আজ কয়েক বছর ধরে। এটি বিশেষ প্রশংসার দাবিদার।
প্রাথমিক দিকে অর্থাৎ সাতাশ আঠাশ বছর আগে বইমেলা বা মুক্তধারার এসব কর্মকাণ্ডকে মানুষ হয়তো সম্পূর্ণ ব্যবসা হিশেবে দেখেছেন, কিন্তু অচিরেই বোঝা গেলো এর পেছনে একজন মানুষের দেশপ্রেম এবং বাংলা ভাষা সাহিত্য এবং সংস্কৃতির প্রতি তাঁর গভীর প্রেম রয়েছে, যাকে শুধু ব্যবসা বা আর্থিক দিক থেকে বিচার করা ঠিক নয়। এর পেছনে বিশ্বজিৎ-এর বাংলাকে গভীর ভালবাসার দিকটিই বেশি গুরুত্বপূর্ণ।
চতুর্থত মানুষ হিশেবে বিশ্বজিতের মনোজগৎ কেমন, তা কিছুটা ভাবা। সবচেয়ে বেশি চোখে পড়ে কোমল হৃদয়ের এই মানুষটি সব সময় নিজেকে পাদপ্রদীপের আড়ালে রাখা। এতো আয়োজনের সবচেয়ে পেছনেই তিনি রেখেছেন নিজেকে, এটা এই বিজ্ঞাপন ও প্রচারপ্রিয়তার মাতাল যুগে খুব কঠিন এবং সত্যিই উন্নত রুচির একটি কাজ! আমার সঙ্গে আজ সাতাশ বছরের পরিচয়ে আমি কোনদিন তাঁকে কাউকে কোন আচরণে আহত করতে দেখি নি, এমনকি যারা বইমেলা বা তাঁর রাজনৈতিক চেতনার বিরোধী এমনকি তাদেরকেও তিনি শ্রদ্ধার সঙ্গেই গুরুত্ব দেন। মানুষ হিশেবে তাঁর এই দিকটিই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে তাঁর প্রতি। আমার নিজের ব্যক্তিগত আরেকটি বিষয়ে তাঁর প্রতি মানসিক ঋণ রয়েছে, সেটা ধন্যবাদের সঙ্গেই উল্লেখ করতে চাই, তাহলো আমার বন্ধু কবি সৈয়দ শহীদের বইয়ের দোকান 'অনন্যা' বন্ধ হয়ে যাওয়ার পর আমার মতো আরও কয়েকজনের সাহিত্য আড্ডার ব্যবস্থা তিনি মুক্তাধারায় করে চলেছেন, এটার জন্য তিনি আমাদের কৃতজ্ঞতার দাবিদার!
সবশেষে বলা যায় নিউয়র্ক বইমেলার সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভূমিকা রয়েছে অভিবাসীদের মধ্যে বিরাট। এই মেলা এবং মেলাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান বাঙালি জাতীয়তাবাদকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। তাই দেখা যায় এর সাথে যারা যুক্ত তাঁরা অনেকেই মুক্তিযোদ্ধা এবং কেউ কেউ রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশের রাজনীতিতে যে দুটি সরাসরি বিভাজন রয়েছে, একটি মুখিজুদ্ধের পক্ষের, অন্যটি তার বিপক্ষের বা জামাত- বিএনপি শিবিরের পক্ষের, নিউয়র্ক বইমেলা সেখানে শতাংশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সাংস্কৃতিকভাবে বইমেলার আয়োজকবৃন্দ এবং এর সহযোগীরা প্রায় সকলেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী প্রগতির পক্ষের মানুষ। তাই এই মেলা এবং মুক্তধারার অন্যান্য কর্মকাণ্ড বাঙালি অভিবাসীদের মাঝে আজ প্রায় তিন দশক ধরে একটি প্রগতিশীল চেতনাকে নিরন্তর বাঁচিয়ে রাখছে। এটি নিঃসন্দেহে একটি বড় কাজ, বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে। আমার মনে হয় বইমেলা এবং মুক্তধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রাবাসী বাঙালিদের মাঝে সুদূর প্রসারী অবদান রাখছে। এর জন্য মুক্তধারা এবং বিশ্বজিৎ সাহা অবশ্যই ধন্যবাদ ও প্রশংসার যোগ্য। আর আমাদের আন্তরিক কৃতজ্ঞতা দাবী করেন সেই সব মানুষ যারা আজ প্রায় তিন দশক ধরে এই মেলাকে বাঁচিয়ে রেখেছেন তাঁদের শ্রম ঘাম ও মেধা দিয়ে, গৃহস্থবধূর কল্যাণী হাতে জ্বালানো সন্ধ্যাপ্রদীপের সলতের আলোর মতো!
