২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেমিংওয়ের নারীরা: প্রথম উপন্যাস দ্বিতীয় প্রেমের পর

ফারুক মঈনউদ্দীন ফারুক মঈনউদ্দীন

Published : 14 Jun 2020, 11:46 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


অ্যাগনেস কুরোওস্কির সাথে স্বল্পস্থায়ী প্রেমের করুণ সমাপ্তির পর শিকাগোর একটা অ্যাপার্টমেন্টে এসে ওঠেন আর্নেস্ট হেমিংওয়ে। এই কমপ্লেক্সের অন্য অ্যাপার্টমেন্টে থাকতেন লেখক কেট স্মিথ ও পেইন্টার কেনলি স্মিথ। এই চিত্রকরের ঘরে একবার এক পার্টিতে হেমিংওয়েকে নিমন্ত্রণ করেছিলেন কেট। এখানেই কিছুদিনের জন্য বেড়াতে আসা কেটের বান্ধবী হ্যাডলি রিচার্ডসনের দেখা পান তিনি, তাঁর মনে পড়ে, কয়েক বছর আগে এই তরুণীকেই হয়তো একটা অনুষ্ঠানে পিয়ানো বাজাতে দেখেছিলেন। উল্লেখ্য, ছাত্রাবস্থায় হ্যাডলি সংগীত জগতে কিছুদিন বিচরণ করেছিলেন এবং হতে চেয়েছিলেন পেশাদার পিয়ানোবাদক। তবে সে আগ্রহ বেশিদিন স্থায়ী হয়নি। সে হিসেবে হেমিংওয়ের বেলায় এটা ছিল দ্বিতীয় দেখায় প্রেম। সেই দেখায় হেমিংওয়ে দ্বিতীয়বার প্রেমে পড়ে যান তাঁর চেয়ে আট বছরের বড় হ্যাডলি রিচার্ডসনের। পরে তিনি লিখেছিলেন, "জানতাম এই মেয়েটিকেই বিয়ে করতে যাচ্ছি আমি।" (ডেনিস নোবল– হেমিংওয়েজ কিউবা: ফাইন্ডিং দ্য প্লেসেস অ্যান্ড পিপল দ্যাট ইনফ্লুয়েন্সড দ্য রাইটার)। হ্যাডলিকে দেখে নিশ্চয়ই প্রথম প্রেমিকা অ্যাগনেস কুরোওস্কির স্মৃতি উথলে উঠেছিল তাঁর মধ্যে। তাঁর মনে হয়েছিল, অ্যাগনেসের চেয়ে বয়সে এক বছরের বড় হলেও হ্যাডলির মধ্যে শিশুসুলভ একটা ব্যাপার ছিল, যা অ্যাগনেসের ভেতর ছিল না।

সেবার কেটের বাড়িতে সপ্তাহ তিনেক থেকেছিলেন হ্যাডলি। সেখানকার প্রাত্যহিক আড্ডা আর হুল্লোড়ের মধ্যে প্রচন্ড স্ফুর্তিবাজ হেমিংওয়ের সহজাত আকর্ষণ ও আসর জমানোর দক্ষতা লক্ষ করেন তিনি। তবে হেমিংওয়ের মতো সাথে সাথে প্রেমে পড়ে যাননি। বয়সের পরিপক্কতা এবং বেড়ে ওঠার সময় মায়ের প্রবল খবরদারির মধ্যে থাকার ফলে হ্যাডলির ভেতর যেমন গড়ে উঠেছিল জেদি মানসিকতা, পাশাপাশি পারিবারিক শাসনের নিগড় থেকে মুক্ত হয়ে জীবনকে উপভোগ করার তৃষ্ণাও ছিল অনিবারিত। মায়ের মৃত্যুর পর এই স্বাধীনতা হাতের নাগালে আসে তাঁর। হেমিংওয়ের সাথে সম্পর্ক পাকাপাকি হওয়ার পর এক চিঠিতে তিনি লিখেছিলেন, "পৃথিবীটা হচ্ছে একটা জেলখানা, আমরা দুজনে মিলে ওটা ভাঙতে যাচ্ছি।"
শিকাগো থেকে সেন্ট লুুইসে ফিরে আসার পর হ্যাডলির কাছে প্রায় প্রতিদিন একটা করে দীর্ঘ চিঠি আসতে লাগল হেমিংওয়ের কাছ থেকে। হ্যাডলি শোভনভাবে লেখা চিঠিতে একসাথে সেগুলোর জবাব দিতেন সপ্তাহখানেক পর। প্রথমদিকে এই যুবকের প্রেম নিবেদনকে হালকাভাবে নিয়েছিলেন তিনি। অবশেষে ১৯২১ সালের নববর্ষের দিন লেখা চিঠিতে তিনি লিখেন, "কী বোঝাতে চাইছ তুমি, তুমি চাইছ অন্ততপক্ষে কিছুদিনের জন্য তোমাকে ভালোবেসে যাই আমি? তুমি কি দীর্ঘদিন নিজেকে চালিয়ে নিয়ে যাওয়ার আশা করো না, নেস্টো? . . . তুমি কি বলতে চাও যে আমাদের অন্তরঙ্গতার ওপর নানান বিষয় ও পরিস্থিতির দীর্ঘ ধকল তুমি সইতে পারবে না? . . . হ্যাঁ, আমি জানি তুমি আমাকে কতখানি ভালোবাস।" (সূত্র: অ্যালিস হান্ট সকোলফ: হ্যাডলি, দ্য ফার্স্ট মিসেস হেমিংওয়ে)।
তাঁদের চিঠি চালাচালির মধ্যে হ্যাডলিও ধীরে ধীরে উপলব্ধি করতে পারেন যে এই যুবকই হতে পারে তাঁর যোগ্য সঙ্গী। ওদের দুজনের মধ্যে বয়সের অসমতার বিষয়ে হ্যাডলির ভেতর অস্বস্তি থাকলেও হেমিংওয়ের তাতে বিন্দুমাত্র সমস্যা ছিল না। কারণ তাঁর প্রথম প্রেমিকাও ছিলেন বয়সে তাঁর চেয়ে সাত বছরের বড়। পরে অবশ্য হ্যাডলির ভেতর থেকেও এই ইতস্তত ভাবটা দূর হয়েছিল।

এর মধ্যে হেমিংওয়ে শিকাগোর মাসিক দ্য কোঅপারেটিভ কমনওলেথ পত্রিকায় একটা কাজ পেয়ে যান। দায়িত্ব হিসেবে প্রতিবেদন লেখা, সম্পাদনা, রিপোর্টিং সবই তাঁকে এক হাতে সামলাতে হতো, ফলে চাকরিটা করতে গিয়ে তাঁর নিজস্ব লেখালেখি শিকেয় ওঠে। সেন্ট লুইস ও শিকাগোতে বসে এই দুজনের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে এক ইতালিয় বন্ধুর কাছ থেকে তাঁর স্মৃতি বিজড়িত ইতালি ভ্রমণের আমন্ত্রণ পেয়ে হেমিংওয়ের মন উচাটন হয়ে ওঠে। হ্যাডলির কাছে বিয়ের পরিকল্পনা এবং ইতালিতে মধুচন্দ্রিমা উদযাপনের ইচ্ছে ব্যক্ত করা চিঠিখানা পাঠাবার পরই হেমিংওয়ে অন্য একটা পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে নিয়োগের প্রস্তাব পান। কাক্সিক্ষত একটা ভালো চাকরিতে যোগ দিয়ে কিছু সঞ্চয় করা অথবা ইতালি ভ্রমণের দুর্নিবার ইচ্ছে ও সম্ভাব্য খরচ– এই দুটোর কোনটি বেশি গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে টানাপড়েনের মধ্যে পড়ে যান হেমিংওয়ে। এ বিষয়ে হ্যাডলির মতামতও গুরুত্বপূর্ণ তাঁর কাছে। তাঁকে বিষয়টা জানালে হ্যাডলির জবাব যেরকম ছিল, তাতে বৈষয়িক কিছু ছিল না, বরং তিনি জানান, "আমি মোটেই সেরকম মহিলা নই [যে] তার বাস্তব ভবিষ্যতের নিশ্চয়তা চায়।"
হেমিংওয়ের সাথে প্রণয়পূর্ণ এই সময়টাতে হ্যাডলি যেন তাঁর নবযৌবন ফিরে পান, আবার সংগীতচর্চায় মন ঢেলে দেন তিনি, ব্যস্ত হয়ে পড়েন স্কেটিং, সাঁতার, আর্ট গ্যালারি, কনসার্ট, নাচ, সান্ধ্য পার্টি–এসব কর্মকাণ্ডে স্থানীয় একটা ক্লাবে পিয়ানোবাদনের আমন্ত্রণও পান তিনি।

তবে এই পত্রপ্রেমে দুজনের কারোরই মন ভরছিল না, তাই হ্যাডলির সাথে দেখা করার জন্য সেন্ট লুইস চলে গিয়েছিলেন হেমিংওয়ে। এক সপ্তাহের এই সন্দর্শনে উভয়ের অতৃপ্তি রয়ে যায় বলে দুসপ্তাহের মাথায় হ্যাডলি শিকাগো চলে আসেন। শিকাগো যাওয়ার এই সিদ্ধান্তে বাধ সেধেছিলেন তাঁর বোন ফোনি, তাঁর মতে আর্নেস্ট চমৎকার মানুষ, কিন্তু ওদের মা যেরকম পাত্র পছন্দ করতেন ও সেরকম নয়। তবু হ্যাডলিকে নিরস্ত করা যায়নি, ওঁর কয়েক বন্ধুকে নিয়ে তিনি ঠিকই শিকাগো চলে যান। হেমিংওয়ের বন্ধুরাও সেসময় তাঁদের খুব ভালো রকম সাহচর্য দিয়েছিলেন। তাঁর পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য হ্যাডলিকে তাঁদের বাড়িতেও নিয়ে গিয়েছিলেন হেমিংওয়ে। পরিবারটির সবাইকে খুব পছন্দ করেছিলেন হ্যাডলি, বিশেষ করে তাঁর হবু শ্বাশুড়িকে। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে অ্যালিস সকোলফকে হ্যাডলি বলেছিলেন যে তিনি বুঝতে পারেন তাঁর হবু শ্বশুরবাড়ির সবাই সেন্ট লুইসের এই শান্ত মেয়েটিকে আর্নেস্টের বিয়ে করার পরিকল্পনা খুব ভালোভাবে নিয়েছিল। সেই সাথে তাঁর এটাও মনে হয়েছে, তাঁদের মধ্যে একটা ভয় কাজ করছিল যে আর্নেস্ট পরে কোনো একসময় এমন কিছু করে বসবে যা এই শান্ত মেয়েটির জন্য ভালো হবে না। তবে বয়োকনিষ্ঠ প্রেমিকটির ওপর হ্যাডলির ছিল অগাধ আস্থা ও বিশ্বাস।

হেমিংওয়ে আর হ্যাডলির প্রাক-বিবাহ প্রেম চলাকালীন (জুলাইÑআগস্ট, ১৯২১) সময়ে প্রথমবারের মতো তাঁরা একসাথে এক সপ্তাহ কাটিয়েছিলেন শিকাগোতে। সেসময় দিনের বেলায় হ্যাডলিকে তিনি নিয়ে যেতেন কমনওয়েলথ কোঅপারেটিভ অফিসে। আর রাতের বেলায় ছাদের ওপর এক বিছানায় পাশাপাশি শুয়ে অবিরাম গল্প করতেন, কখনো নিজের নতুন লেখা পড়ে শোনাতেন হেমিংওয়ে। (সূত্র: পিটার গ্রিফিন–অ্যালং উইথ ইয়ুথ: হেমিংওয়ে, দ্য আর্লি ইয়ার্স)।
চমৎকার দিনগুলোর শেষে হ্যাডলি সেন্ট লুইসে ফিরে যান। হেমিংওয়ের পত্রবৃষ্টি শুরু হয় আবার, প্রতি দিন একটা, কখনো দুটো, এমনকি তিনটা পর্যন্ত চিঠি পেতেন হ্যাডলি। ফলে পাড়ার ডাকপিওন পর্যন্ত কৌতুহলী হয়ে উঠেছিল এব্যাপারে। এই পত্রযোগের এক চিঠিতে দেখা যায়, হেমিংওয়ের পরবর্তী জন্মদিনে হ্যাডলি তাঁকে একটা করোনা টাইপরাইটার উপহার দেবেন বলে জানাচ্ছেন। হেমিংওয়ের চিঠিতে ভালোবাসার কথা ছাড়াও থাকতো তাঁর বন্ধুদের কথা, নিজের লেখালেখি আর মাছ ধরার গল্প। ততদিনে তাঁদের মধ্যে বিয়ের সম্ভাব্য তারিখ ও স্থান নিয়ে কথাবার্তাও শুরু হয়। হ্যাডলির হবু শ্বাশুড়ি তাঁকে চিঠি লিখে জানান যে মিশিগানের ওয়ালুন লেকে হেমিংওয়ে পরিবারের একটা সামার হাউস আছে, সেখানে মধুচন্দ্রিমা যাপন করতে পারে নবদম্পতি। ছোট জনবিরল সেই জায়গার কয়েক মাইলের মধ্যে ছোট একটা গির্জা, কয়েক ঘর বসতি, একটা পোস্ট অফিস, আর রয়েছে একটা জেনারেল স্টোর। তিনি আরও জানান, ছোটবেলা থেকেই আর্নেস্টের এই জায়গাটা খুব পছন্দ। হ্যাডলিও চাইছিলেন বিয়েটা সেন্ট লুইসের বাইরে কোথাও হোক, তা না হলে ওর বোন ফোনি সব ব্যাপারেই নাক গলাবে। কারণ, এতদূর এগোবার পরও হ্যাডলির বিয়ে ও সন্তান জন্মদানের ব্যাপারে ফোনি ওঁদের মায়ের সন্দেহটাকে তুলে এনেছিলেন। শুধু তা-ই নয়, বিষয়টা নিয়ে ফোনি আর্নেস্টের সাথেও কথা বলেছেন জানার পর হ্যাডলির সাথে বড় বোনের একচোট হয়ে গিয়েছিল। তাঁর একান্ত নিজস্ব বিষয়ে নাক না গলানোর জন্য অগ্রজাকে সাবধানও করে দিয়েছিলেন তিনি। এই বিষয়ে হ্যাডলির বান্ধবীরাও স্বাভাবিকভাবে তাঁর পক্ষ নিয়েছিলেন। হ্যাডলিও ততদিনে মা ও বড়বোনের একসময়ের উপেক্ষার সামনে অসহায় বালিকাটির মতো আর নেই, তাঁর আত্মবিশ্বাস তখন তুঙ্গে।

হ্যাডলির বোন এবং হেমিংওয়ের বন্ধুদের তরফ থেকে অনেক আপত্তি ও বাধার মুখে অবশেষে জুন মাসে আর্নেস্টের সাথে তাঁর বাগদানের ঘোষণা দেন হ্যাডলি। কারো কথাই কানে তোলেননি তিনি, কারণ, নিশ্চিত জেনে শুনেই তিনি এগিয়েছেন যে হেমিংওয়ে হচ্ছেন তাঁর যোগ্য পুরুষ। আর্থিক সংস্থানের কথাও তাঁকে ভাবতে হচ্ছিল না, কারণ ইতিমধ্যে পারিবারিক উত্তরাধিকারসূত্রে পেয়েছেন কিছু বন্ড, সেগুলোর সুদ দিয়ে দুজনের চলে যাওয়ার কথা। এর মধ্যে তাঁদের ভবিষ্যত পারিবারিক বাজেটও তৈরি করে ফেলেছেন হ্যাডলি: বাড়িভাড়া ৭৫ ডলার, দুধের জন্য ৬ ডলার, কাঁচা বাজারের জন্য ৩০ ডলার, ডিম ২ ডলার সহ গৃহস্থালীর অন্যান্য সরঞ্জাম বাবদ ৯০ ডলার, আর্নেস্টের দুপুরের খাবার ও আনুসঙ্গিক খরচ এবং ইতালি যাওয়ার জন্য লিরা জমানো ইত্যাদি বাবদ ৬৯ ডলার। (সূত্র: অ্যালিস হান্ট সকোলফ)।

বাগদানের পর পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন থাকাটা তাঁদের দুজনের জন্যই যখন দুর্বিষহ হয়ে দাঁড়ায়, হ্যাডলির এক বন্ধু তখন বলেন যে বাগদানের পর এই সময়টাই বড় মধুর। এই ধারণা খারিজ করে দিয়ে তিনি আর্নেস্টকে লেখেন, "ভবিষ্যতের যা কিছু মনোরম ও চমৎকার তার সবকিছু জ্যোতিবিজ্ঞানের মাধ্যমে সূর্যকে দেখা এবং সূর্যকিরণে পরিপূর্ণ একটা দেশে সহজ ও আনন্দে থাকার মধ্যকার পার্থক্যের মতো মনে হয়।" (সূত্র: অ্যালিস হান্ট সকোলফ)। এদিকে হেমিংওয়ের মা-ও হ্যাডলিকে একটা সম্ভাব্য তারিখ ঠিক করার জন্য চাপ দিচ্ছিলেন। অবশেষে বহু বাগড়া ও অনিশ্চয়তার মধ্যে বিয়ের তারিখ ঠিক হয় সেপ্টেম্বর ৩, ১৯২১।

বিয়ের কয়েকদিন আগে হর্টন বে-তে এসে পৌঁছার পরপরই দুই বন্ধুকে নিয়ে মাছ ধরার জন্য আর্নেস্ট চলে যান স্টার্জন নদীতে। কুমারত্ব ঘোচানোর আগে বন্ধুদের সাথে শেষ কয়েক রাত হৈ হুল্লোড় করে বিয়ের দিন রাতজাগা চোখ নিয়ে মেথডিস্ট চার্চের বিয়ের আসরে যখন পৌঁছান তিনি, তাঁর গায়ে তখনো লেগে রয়েছে মাছের হালকা গন্ধ। বর ও কনের ধর্মীয় তরিকা আলাদা বলে উভয় মতের সমন্বয়ের জন্য মেথডিস্ট চার্চই ছিল আদর্শ জায়গা। সকালে সাঁতার কেটে ফেরার পর চুল শুকানোর জন্য বেশি সময় লেগেছিল, তাই বিয়ের আসরে পৌঁছাতে হ্যাডলির কিছুটা দেরি হয়ে যায়। বিয়ে পড়ানোর সময় হ্যাডলির বোন ফোনি 'মেনে চলা' (ওবে) শব্দটি নিয়ে আপত্তি তুলে বসেছিলেন, তবে শেষ পর্যন্ত একটা রফা হয়। (সূত্র: স্টিভ নিউম্যান–দ্য মিডিয়াম, ১৪ জুন, ২০১৮)।


আলোকচিত্র: হোটেল রুমে বিয়ের পোশাকে প্রস্তুত হ্যাডলি

যাই হোক, বিয়েটা ভালোয় ভালোয় হয়ে যায়। মধুচন্দ্রিমা পালনের জন্য ওয়ালুন লেকের ধারে হেমিংওয়ে পরিবারের সামার কটেজে চলে যান তাঁরা। কিন্তু এই পর্বটা ভালো কাটেনি ওঁদের, দুজনই কাশি আর সর্দিজ্বরে আক্রান্ত, বেশ শীতও পড়ে গিয়েছিল। এসময় এক সন্ধ্যায় হেমিংওয়ে হ্যাডলিকে তাঁর বহু পরিচিত পেটোস্কি বারে নিয়ে যান। সেখানকার পূর্ব পরিচিত মেয়েগুলোর সাথে নববধুকে পরিচয় করিয়ে দিয়েছিলেন হেমিংওয়ে। স্বভাবতঃই হ্যাডলি স্বামীর এই নারীঘেঁষা ব্যাপারটা পছন্দ করেননি। হেমিংওয়ে কিছু একটা বলে স্ত্রীকে বোঝাতে চাইলেও খুব একটা যে সন্তুষ্ট হননি তিনি সেটা সহজেই কল্পনা করে নেওয়া যায়। তাঁর স্বামীটি যে বিয়ের আগেও বিভিন্ন নারীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন, হ্যাডলির কাছে সেটা আরও পরিষ্কার হয়।

মধুচন্দ্রিমার পর শিকাগোতে ভাড়া নেওয়া একটা ছোট অ্যাপার্টমেন্টে গিয়ে ওঠেন হেমিংওয়ে দম্পতি। শিকাগোর তুলনায় প্রায় মফস্বল শহর সেন্ট লুইস থেকে আসা হ্যাডলি বড় এই নগরে বড্ড নিঃসঙ্গ হয়ে পড়েন, কারণ, হেমিংওয়ে নিজের কাজে প্রায় সারাদিনই বাইরে থাকতেন। সুতরাং নববধুটির সবচেয়ে কাছের মানুষ হয়ে দাঁড়ায় পাড়ার মুদি দোকানী। তাঁদের ভাড়া বাসাটিও এতই ছোট ছিল যে বাইরের বন্ধুদের ডেকে এনে পার্টি করার মতো পর্যাপ্ত পরিবেশ ছিল না। এর মধ্যে কোঅপারেটিভ কমনওয়েলথ পত্রিকাটির আর্থিক অবস্থা খারাপ হয়ে এলে সেখানকার কাজটি ছেড়ে দেন হেমিংওয়ে, ফলে তাঁদের খুব সংযমী বাজেট, ইতালি যাওয়ার খরচের সংস্থান– সবকিছু ওলটপালট হয়ে যায়। টরন্টো স্টার পত্রিকায় ফ্রি ল্যান্সার হিসেবে লেখার সম্মানী ছাড়া হেমিংওয়ের নিজস্ব আর কোনো উপার্জন ছিল না। এসময় হ্যাডলির পারিবারিক সূত্রে পাওয়া সম্পদের বাইরে পরলোকগত চাচার রেখে যাওয়া অপ্রত্যাশিত আট হাজার ডলারের উত্তরাধিকার এই দম্পতির জন্য একটা বড় আশ্রয় হয়ে দাঁড়ায়। ফলে তাঁদের ইতালি যাওয়ার পরিকল্পনা আবার হালে পানি পায়। এসময় সদ্য ইউরোপ ফেরত ঔপন্যাসিক শেরউড এন্ডারসন (১৮৭৬-১৯৪১) তাঁদের বোঝাতে সক্ষম হন যে লেখকদের জন্য প্যারিস হচ্ছে আদর্শ জায়গা, কারণ ওখানেই কিছু ভালো কাজ হচ্ছে এখন। ডলার ভাঙিয়ে ফ্রাঁর রেটও ভালো পাওয়া যাবে বলে হেমিংওয়েকে আশ্বস্ত করেন তিনি। উল্লেখ্য, এই শেরউড এন্ডারসন একবার কনিষ্ঠ এই লেখকের লেখাকে কিপলিংয়ের লেখার সাথে তুলনা করেছিলেন। এটা জানার পর হ্যাডলি এক চিঠিতে হেমিংওয়েকে লেখেন, তিনি হেমিংওয়েকে অন্য কারো সাথে তুলনা করতে চান না। "তুমি হচ্ছো আর্নেস্ট হেমিংওয়ে, লিখছ নিজের সেরাটাই– এটা মোটেই অন্য কারো সবচেয়ে ভালো কিংবা সবচেয়ে খারাপটার মতো নয়।"

ইতালি যাওয়ার পরিকল্পনা মাথায় থাকলেও প্যারিস যাওয়ার জন্য এন্ডারসনের পরামর্শ হেমিংওয়ের মনে ধরে। কাকতালীয়ভাবে মাস দুয়েকের মাথায় টরন্টো স্টার পত্রিকার বিদেশী সংবাদাদাতা হিসেবে নিয়োগ পেয়ে যান তিনি। ফলে তাঁদের প্যারিস যাওয়ার বাপারে আর কোনো দ্বিধা থাকে না। শেরউড তরুণ লেখক হেমিংওয়ের উচ্চ প্রশংসা করে গারট্রুড স্টাইন, এজরা পাউন্ড, সিলভিয়া বিচ প্রমুখের কাছে চিঠি লিখে দেন, ফলে প্যারিসের সাহিত্যিক মহলে ঢুকতে তাঁকে বিশেষ বেগ পেতে হয়নি। বিয়ের তিন মাসের মাথায় হেমিংওয়ে সস্ত্রীক প্যারিসের পথে যাত্রা করেন। হেমিংওয়ের জীবনীকার জেফরি মেয়ারস লিখেছেন, অ্যাগনেসের সাথে যা যা তিনি আশা করেছিলেন, "হ্যাডলিকে পাওয়ার পর তার সবই পেয়েছিলেন: এক সুন্দরী নারীর ভালোবাসা, একটা স্বস্তিদায়ক আয় এবং ইউরোপে বসবাসের সুযোগ।"

নিউ ইয়র্ক থেকে "লিওপোল্ডিয়ানা" নামের একটা পুরনো জাহাজে চড়ে বেশ খোশমেজাজে হেমিংওয়ে সস্ত্রীক প্যারিসের পথে রওনা হয়েছিলেন ১৯২১ সালের ডিসেম্বরে। যাত্রাপথে তাঁদের সহযাত্রী কয়েকটা চটকদার মেয়ে কেবলই তাঁদের আশপাশে ঘুরঘুর করছিল দেখে হ্যাডলি কিছুটা ম্রিয়মান, কারণ ওদের লক্ষ্য ছিল তাঁর হুল্লোড়বাজ আকর্ষণীয় স্বামীটি। এদের সাথে প্রতিযোগিতায় নামার যোগ্যতা সম্পর্কে হ্যাডলির কিছটা সংশয় ছিল তখনো। তিনি লক্ষ্য করেন, যেখানেই যান সেখানেই মানুষকে আকর্ষণ করতে পারেন তাঁর রমণীমোহন স্বামীটি। প্রেমিকার ভূমিকায় থাকা অবস্থায় এসবে কিছু মনে না করলেও স্ত্রী হয়ে আসার পর এগুলো বেশি করে চোখে পড়তে থাকে তাঁর।

প্যারিসে পৌঁছে বাড়ি ভাড়া করার আগে পর্যন্ত একটা শস্তা হোটেলে গিয়ে ওঠেন তাঁরা। বাড়ির বাইরে এটাই ছিল প্রথমবারের মতো হ্যাডলির বড়দিন উদযাপন। আর্থিক অস্বচ্ছলতা নিয়ে অপরিচিত একটা শহরে দুজনই ছিলেন কিছুটা গৃহকাতর। তাই খুব মিতব্যয়ী জীবনযাপন করতে হচ্ছিল তাঁদের, টাকা বাঁচাবার জন্য কখনোই ট্যাক্সি চড়তেন না তাঁরা, দামী কোনো রেস্তোঁরায় খেতে যেতেন না। তবু খ্রিস্টমাস উপলক্ষে দুজনে যে মাঝারি মানের রেস্তোঁরায় রাতের খাবার খেতে গিয়েছিলেন, সেখানে যে পরিমাণ বিল হয়েছিল, সে পরিমাণ টাকা তাঁদের কারো কাছে ছিল না। অগত্যা স্ত্রীকে সেখানে বসিয়ে রেখে হেমিংওয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে হোটেলে ফিরে গিয়ে টাকা নিয়ে এসে বিল মিটিয়েছিলেন সেদিন।

চরম আর্থিক কষ্ট সত্ত্বেও প্যারিসবাসই হেমিংওয়ের লেখকজীবনের ভিত্তি তৈরি করে দিয়েছিল। সেদিন শেরউড এন্ডারসনের পরামর্শ না পেলে এবং প্যারিসে বয়োজ্যেষ্ঠ লেখকদের সংস্পর্শে না এলে হেমিংওয়ে হয়তো তাঁর বর্তমান অবস্থানে পৌঁছাতে পারতেন না। এবিষয়ে গারট্রুড স্টাইনের প্রাথমিক ভূমিকা ছিল বেশি, কারণ তাঁর মাধ্যমেই হেমিংওয়ে প্যারিসে অবস্থানকারী জাঁ ককতো, জেমস জয়েস, জ্যানেট ফ্ল্যানার, এজরা পাউন্ড, স্কট ফিটজেরাল্ড, পাবলো পিকাসো প্রমুখের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। এসময় সিলভিয়া বিচের রেন্টাল লাইব্রেরিটিও তাঁকে খুব সাহায্য করেছিল। মরণোত্তরকালে প্রকাশিত তাঁর প্যারিস-স্মৃতিতে তিনি লিখেছেন:
সেসব দিনে বই কেনার পয়সা ছিল না। আমি শেকসপিয়ার অ্যান্ড কোম্পানির রেন্টাল লাইব্রেরি থেকে বই ধার করে আনতাম, ১২ রু দ্য লদিয়োঁতে ওটাই ছিল সিলভিয়া বিচের বুক স্টোর আর লাইব্রেরি। . . . আমি যখন প্রথমবার বইয়ের দোকানটিতে যাই খুব লজ্জা করছিল, রেন্টাল লাইব্রেরিতে নাম লেখানোর মতো যথেষ্ট টাকা ছিল না আমার কাছে। তিনি আমাকে বলেন যে আমার হাতে টাকা আসার পর যেকোনো সময় জামানতের টাকাটা জমা দিলেই চলবে। তারপর একটা কার্ড বের করে দিয়ে বলেন, আমি যে কয়টা ইচ্ছে বই নিতে পারি। . . . আমি তুর্গেনেভ দিয়ে শুরু করি, অ্যা স্পোর্টসম্যানস স্কেচ-এর দুটো খণ্ড এবং ডি এইচ লরেন্সের প্রথম দিককার একটা বই, সম্ভবত সনস অ্যান্ড লাভারস নিয়েছিলাম। সিলভিয়া তখন বলেন যে আমি চাইলে আরো কয়েকটা বই নিতে পারি। আমি ওয়ার অ্যান্ড পিস-এর কন্সটেন্স গারনেট সংস্করণ আর দ্য গ্যাম্বলার্স অ্যান্ড আদার স্টোরিজ বাছাই করি। (অ্যা মুভেবল ফিস্ট)


আলোকচিত্র: প্যারিসে শেকসপিয়ার অ্যান্ড কম্পানি বুকষ্টোরের সামনে হ্যাডলি ও অন্যদের সাথে

গারট্রুড স্টাইনও তাঁর সঙ্গীনি অ্যালিস টোকলাসের আত্মজীবনীর ঢঙে লেখা বিখ্যাত স্মৃতিকথায় লেখেন, "সেই বিকেলে হেমিংওয়ে সম্পর্কে পাওয়া আমার প্রথম ধারণার কথা খুব ভালোভাবে স্মরণ করতে পারি। সে ছিল এক অসাধারণ সুদর্শন এক যুবক . . . আকর্ষণীয় চোখের চেয়ে বরং আগ্রহের আবেগে পূর্ণ। গারট্রুড স্টাইনের সামনে বসে তাকিয়ে থেকে তাঁর কথা শুনছিল।" (দ্য অটোবায়োগ্রাফি অভ অ্যালিস বি টোকলাস)।

প্যারিসে হেমিংওয়ের চলাফেরা ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই, লেখালেখির বাইরে তাঁর একটা কাজ ছিল সদ্য পরিচিত বন্ধুদের বক্সিং শেখানো। একজন সত্যিকার পুরুষ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইছিলেন তিনি। লেখক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য তাঁর প্যারিসে আসার উদ্দেশ্য সফলতা লাভ করতে শুরু করে বছরখানেকের মধ্যে। শেরউড এন্ডারসনের স্ত্রী মার্গারেট সম্পাদিত লিটল ম্যাগাজিন লিটল রিভিউ এবং হ্যারিয়েট মুনরোর পোয়েট্রি-এবং বার্লিন থেকে প্রকাশিত দের কোয়েশনিৎ আর্ট ম্যাগাজিনে তাঁর কয়েকটা গল্প প্রকাশিত হয়। সে বছরই (১৯২৩) প্রকাশিত হয় তাঁর প্রথম বই থ্রি স্টোরিজ অ্যান্ড টেন পোয়েমস এবং তার তিন মাস পর দ্বিতীয় গ্রন্থ গল্প সংকলন ইন আওয়ার টাইম। এসব প্রকাশনা থেকে আয় খুব বেশি না হলেও তাঁর পরিচিতি বেড়ে যায়। টরন্টো স্টার ছাড়াও অন্যান্য লেখালেখি এবং হ্যাডলির পারিবারিক বিনিয়োগ থেকে যৎসামান্য আয় দিয়ে কষ্টেসৃষ্টে চালিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল তাঁদের দুজনের সংসার। এসময় হ্যাডলি সন্তানসম্ভবা হলে হেমিংওয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যান। আর্থিক অস্বচ্ছলতা ছাড়াও হেমিংওয়ের ধারণা ছিল বাচ্চাকাচ্চা হলে তাঁর চলাফেরার স্বাধীনতা ও লেখালেখি বাধাগ্রস্থ হবে। এব্যাপারে তাঁর অস্বস্তি এতই বেশি ছিল যে খবরটি তাঁর বাবা-মাকে প্রথমবারের মতো জানান সন্তান জন্মের মাসখানেক আগে। তবে আর সব নারীর মতো হ্যাডলি একটা সন্তান চেয়েছিলেন। গারট্রুড স্টাইন তাঁর অ্যালিস টোকলাসের আত্মজীবনী বইতেও বিষয়টি তুলে এনেছিলেন:
হেমিংওয়ে বলেছিল সে নিঃসন্দেহে একজন লেখক হতে চায়। ওর স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিল ও, অল্প কিছুদিনের মধ্যে একদিন একা এসে উপস্থিত হয়। বেলা দশটার দিকে সে এবাড়িতে এসে থেকে যায়, সে লাঞ্চ পর্যন্ত থাকে, সারাবিকেল থাকে সে, ডিনারের সময়েও সে থাকে, রাত দশটা বেজে গেলেও যায় না ও, তারপর, ওর স্ত্রী গর্ভবতী, হঠাৎ করে এই ঘোষণা দেওয়ার পর মহাতিক্ততা নিয়ে বলে, আমি বাবা হওয়ার জন্য এখনও অনেক ছোট।

পিতৃত্ব নিয়ে হেমিংওয়ের দুশ্চিন্তা লাঘব করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন স্টাইন। তবে আরেক অবিভাবক এজরা পাউন্ড তাঁর এই ভয় দূর করার জন্য কিছুই করেননি। পাউন্ডের মতে শিল্পী এবং তাদের স্ত্রীদের বাচ্চাকাচ্চা থাকা উচিত নয়। (সূত্র: প্যাট্রিক ব্লেয়ার বন্ডস– অভিসন্দর্ভ ট্রান্সআটলান্টিক ব্যাগেজ: এক্সপ্যাট্রিয়েট প্যারিস, মর্ডানিজম অ্যান্ড দ্য অ্যপ্রেন্টিসশিপ অভ আর্নেস্ট হেমিংওয়ে)

অনাগত সন্তান সহ পরিবার চালানোর বাড়তি ব্যয় মেটানোর জন্য টরন্টো স্টার কাগজের দৈনিক ও সাপ্তাহিক উভয় সংখ্যায় দুহাতে লিখতে থাকেন হেমিংওয়ে। এতেও খুব বেশি উপার্জন যে হচ্ছিল তা নয়। এসময় ব্রিটিশ ঔপন্যাসিক ফোর্ড ম্যাডক্স ফোর্ড তাঁর সদ্য প্রকাশিত টান্সআটলান্টিক রিভিউ পত্রিকায় হেমিংওয়েকে উপ সম্পাদকের দায়িত্ব দেন, যাতে তাঁর দৈন্যদশার কিছুটা লাঘব হয়। খুব বেশি আর্থিক স্বচ্ছলতা না এলেও সমসাময়িক সাহিত্য জগতে প্রতিষ্ঠা লাভ করেন তিনি। টান্সআটলান্টিক রিভিউ ম্যাগাজিনে নিজের গল্প ইন্ডিয়ান ক্যাম্প ছাড়াও ধারাবাহিকভাবে তিনি ছাপেন ওয়ার্ক ইন প্রগ্রেস শিরোনামে জেমস জয়েসের উপন্যাস ফিনাগেনস ওয়েক এবং গ্রারট্রুড স্টাইনের দ্য মেকিং অভ আমেরিকানস।
সন্তান জন্মের আগে হেমিংওয়ে সস্ত্রীক টরন্টো চলে আসেন, যাতে আয়টা আরও বাড়ানো যায়। এই সময়টা ছিল তাঁদের জীবনের খুব কষ্টকর অধ্যায়। পত্রিকার সম্পাদকের সাথে খুব ভালো বনিবনা হচ্ছিল না তাঁর। তাঁদের মধ্যকার সম্পর্ক এতই তিক্ত ছিল যে কাজ থেকে ছুটি দেওয়া হয়নি বলে প্রথম সন্তান বাম্বির জন্মের সময় হ্যাডলির পাশে থাকতে পারেননি তিনি। টানাটানির সংসারে বাচ্চার কান্নাকাটি, পত্রিকার একঘেঁয়ে কাজ– এসবের মধ্যে থেকে হাঁপিয়ে উঠছিলেন হেমিংওয়ে, মনোঃসংযোগ করতে পারছিলেন না নিজের লেখালেখিতে। এসব লক্ষ করে হ্যাডলি প্যারিস ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, নিজের সন্তানের চেয়ে স্বামীর লেখালেখির স্বার্থটাকেই বড় করে দেখেছিলেন তিনি। (পলা ম্যাকলিন: দ্য প্যারিস ওয়াইফ)

নবজাতক বাম্বিকে নিয়ে ১৯২৪ সালের প্রথমদিকে প্যারিসে ফিরে এসে হেমিংওয়ে তাঁর লেখালেখির গতি ফিরে পান। এসময় তিনি লেখেন ইন্ডিয়ান ক্যাম্প, সোলজারস হোম এবং বিগ টু হার্টেড রিভার-এর মতো গল্প। তাঁর মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে এবং সেকারণে হয়ে পড়েন কিছুটা বেহিসেবীও। অ্যা মুভেবল ফিস্ট বইটিতে এসবের খুব সূক্ষ্ম আভাষ পাওয়া যায়। কিছু সমালোচক মনে করেন বইটির বহু প্রসঙ্গ এবং মতামত ব্যক্তিবিশেষের প্রতি ছিল নিষ্ঠুরতারই নামান্তর। কারো মতে বইটির মধ্যে বহু ভালো উপাদান থাকা সত্ত্বেও এটিতে প্রকাশ পেয়েছে লেখকের আত্মকেন্দ্রিকতা, দম্ভ, আত্মরতি, অতিশয়োক্তি ও লোকদেখানো পৌরুষ। তাঁর জীবনীকারদের লেখাতেও লেখকজীবনের শুরু থেকেই হ্যামিংওয়ের কিছু নেতিবাচক দিক উঠে এসেছে। যেমন:
ভেতরে ভেতরে যদিও প্যারিস জীবন ওক পার্কের যুবকটিকে বদলে দিয়েছিল; অহংতাড়িত, একটা আন্তর্জাতিক সাহিত্যিক পরিম-লের স্থূল প্রতিযোগিতায় ডুবে গিয়েছিলেন তিনি এবং একইসঙ্গে নিজেকে আবিষ্কার করেন একটা সম্ভাবনাময় ভালোবাসার প্রতারণায়। . . . ১৯২০ এর মাঝামাঝি সদা উদ্ধত ও উচ্চাকাক্সক্ষী হেমিংওয়ে হয়ে পড়েন আত্ম-নিমগ্ন ও পেশা অভিলাষী, তাঁর দৃষ্টিতে কিছুটা মাতৃসুলভ হয়ে ওঠা এক বয়স্কা মহিলার সাথে বিয়ের জোয়ালে আটকে পড়া অধৈর্য এক যুবকে। হ্যাডলিকে ভালোবাসতেন তিনি, কিন্তু উপভোগ করতেন যৌন আবেদনময়ী চটকদার নারীদের মনোযোগও।"(সূত্র: জে জেরাল্ড কেনেডি: হেমিংওয়ে, হ্যাডলি অ্যান্ড প্যারিস: দ্য পারসিসটেন্স অভ ডিজায়ার)।
এসময় (১৯২৫) এরকমই একজনের সাথে স্বল্পস্থায়ী সংস্পর্শে এসেছিলেন হেমিংওয়ে, যদিও সেই সান্নিধ্যের পরিধি খুব বিস্তৃত ও বিশদ ছিল না, তবে সেই বিদেশীনির মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন তাঁর প্রথম উপন্যাসের বীজ। মাদকাসক্ত এক ব্রিটিশ ব্যারনের সাথে সংসার ভেঙে যাওয়ার পর লেডি ডাফ টুইসডেন নামের এই ইংরেজ রমণী প্যারিসে আসা ইস্তক তাঁর লুব্ধক চাহনি, তীক্ষè রসবোধ আর চমৎকার বাচনভঙ্গী দিয়ে প্যারিসের তাবৎ লেখক শিল্পী আর সুরাপ্রেমিকদের ধরাশায়ী করে ফেলেছিলেন। সুরাসক্তি আর জুয়াতে মারাত্মক পারদর্শিতা থাকায় টুইসডেন হয়ে ওঠেন চরম আরাধ্য এক মোহিনী কুহকে। তাঁর সাথে প্রেমিক প্যাট গাথরি থাকলেও সেটা প্যারিসের শিল্পরসিক মহলের পুরুষদের নিরস্ত করতে পারেনি। উপরন্তু তাঁর অনুরক্ত পুরুষদের সবাইকে 'ডার্লিং' সম্বোধন করে তাঁদের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। দুর্জনেরা বলে, অগনিত প্রেমিকের নাম মনে রাখা সম্ভব ছিল না বলেই তিনি সবাইকে ডার্লিং সম্বোধন করে তাঁদের বশে রাখতেন। প্যারিসের লেখককুলের প্রায় সবার কাছেই এই নারী ছিলেন তাঁদের ভবিষ্যত লেখার নায়িকা ও অনুপ্রেরণা। বলাবাহুল্য, হেমিংওয়েও এঁদের দলে ছিলেন, এবং পরবর্তী সময় তিনিই একমাত্র সফলভাবে তাঁর লেখায় এনেছিলেন ডাফকে। এই ব্রিটিশ ললনাকে দেখে হেমিংওয়ের ভেতরেও প্রেম জেগে উঠেছিল, অথচ ঘরে আছে তাঁর চার বছরের পুরনো স্ত্রী। স্বামীকে ডাফ টুইসডেনের সাথে ঘনিষ্ঠ হতে দেখে হ্যাডলির মনে কিছুটা শংকা জেগেছিল। ইসাবেলা সিমনস নামে হেমিংওয়ের কিশোরবয়সের এক বান্ধবীর সাথেও স্বামীর কিছুটা অন্তরঙ্গতা লক্ষ্য করেছিলেন হ্যাডলি, তবে সেটা নিয়ে বিশেষ ভাবিত ছিলেন না। ডাফ টুইসডেন ছিলেন অনেক বেশি আগ্রাসী ও সম্মোহনী শক্তির অধিকারী, ভয়টা সেখানেই (সূত্র: স্কট ডোনাল্ডসন– দ্য প্যারিস হাজব্যান্ড) এখানে একটা বিষয় লক্ষ্যণীয় যে প্রথম দুই প্রেমিকার মতো ডাফ টুইসডেনও ছিলেন বয়সে হেমিংওয়ের চেয়ে ছয় বছরের বড়। কেবলই নিছক প্রেম নাকি একটা উপন্যাস লেখার মশলা– ঠিক কোন কারণে হেমিংওয়ে এই নারীর প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন সে কথা জোর দিয়ে বলা যায় না। তবে শেষোক্তটি যে অধিক সত্য– তার প্রমাণ পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি। ইতিমধ্যে ডাফ তাঁর আরেক প্রেমিকের সাথে চলে গেলে হ্যাডলির ভেতরের চাপা উদ্বেগটা দূর হয়।

আমাদের জানা আছে, মুষ্টিযুদ্ধের মতো বুল ফাইটিংয়ের প্রতিও দারুণভাবে আসক্ত হয়ে পড়েছিলেন হেমিংওয়ে। বিয়ের দুবছর পর স্ত্রী হ্যাডলিকে নিয়ে সেখানকার বিখ্যাত বুলফাইটিং উৎসবে যোগ দিতে স্পেনের প্যাম্পলোনা গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য, এই বিষয়ের ওপর একটা বই লেখা। কিন্তু সপ্তাহখানেকের অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারেন যে এটা নিয়ে আস্ত একখানা উপন্যাসই রচনা করা যায়। তবে কাজটিতে তখনো হাত দেওয়া হয়নি। দুবছর পর প্যারিসের লেখক আর সুরামোদী স্যাঙ্গাতদের একটা দল জুটিয়ে নিয়ে আবারও প্যাম্পলোনার সেই উৎসবে যাওয়ার আয়োজন করেন তিনি। একেবারে শেষ মুহুর্তে এই দলের সাথে জুটে যান ডাফ টুইসডেনও, সাথে অবশ্যই ছিলেন প্রেমিক প্যাট এবং আরেক প্রণয়প্রার্থী হ্যারল্ড লোব। এই নারীর রমণীয় উপস্থিতি সে যাত্রায় হেমিংওয়ে সহ দলের তাবৎ পুরুষ মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। তবে সেবারের স্পেন সফর খুব ভালো যায়নি। এক দুপুরে পানশালায় ডাফ টুইসডেনের দুই প্রেমিক ও হেমিংওয়ের মধ্যে মারামারির ঘটনাও ঘটে যায়। সেই ভ্রমণের অভিজ্ঞতা অনেকের কাছেই সুখকর না হলেও হেমিংওয়ের জন্য এটা এনে দিয়েছিল এক নতুন সুযোগ। বুল ফাইটিংকে কেন্দ্র করে যে উপন্যাস লেখার বিষয়টি তাঁর মাথায় ঘুরছিল, সেটি বাস্তব হয়ে ধরা দেয়। টুইসডেনকে ঘিরে উত্তেজনা ও কদর্য প্রতিযোগিতার মধ্যে হেমিংওয়ে একটা উপন্যাসের যাবতীয় উপাদান পেয়ে যান। তাই প্যাম্পলোনা থেকে প্যারিস ফিরে এসেই লিখতে বসে যান তিনি এবং ছয় সপ্তাহের মধ্যে উপন্যাসটির প্রথম খসড়া নামিয়ে ফেলেন। শুরু করার সময় এটির নাম তিনি দিয়েছিলেন "ফিয়েস্তা," শেষ করার পর সেটি বদলে করেন "দ্য লস্ট জেনারেশন।"

প্রথম খসড়াতে উপন্যাসের শুরুটা ছিল এরকম:
এই উপন্যাসটা এক ভদ্রমহিলাকে নিয়ে। তার নাম লেডি অ্যাশলি এবং এই কাহিনী যখন শুরু হয় তখন সে থাকতো প্যারিসে, আর সেটা বসন্তকাল। এটা একটা রোমান্টিক ও নীতিনিষ্ঠ গল্পের ভালো পটভূমি হতে পারে। সবাই জানে, প্যারিস খুব রোমান্টিক একটা জায়গা। এখানকার বসন্তকালটাও খুব আনন্দের ও রোমান্টিক। প্যারিসের হেমন্তকালটা সুন্দর হলেও একটা বিষণœতা আর মনমরা বারতা দিতে পারে, যা আমরা এই গল্প থেকে দূরে রাখার চেষ্টা করবো।
প্যারিসের উচ্চমহলের মক্ষীরাণী লেডি টুইসডেনের বৃত্তান্ত জানার পর বুঝতে অসুবিধা হয় না যে ইনিই উপন্যাসের ব্রেট অ্যাশলি। উপন্যাসে এই চরিত্রটির বর্ণনা এরকম, "ব্রেট ছিল মারাত্মক সুন্দরী। তার গায়ে একটা পুলওভার জার্সি সোয়েটার এবং টুইডের স্কার্ট, চুলগুলো ছেলেদের মতো করে পেছনদিকে আঁচড়ানো। . . . রেসিং বোটের খোলের মতো তৈরি ওর শরীরের বাঁকগুলো, উলের জার্সি পরা থাকলেও সেসবের কিছুই আড়ালে থাকে না।" প্রথমে উপন্যাসের অন্য চরিত্রগুলোকেও এতবেশি খোলামেলাভাবে তুলে আনা হয়েছিল যে প্যারিসের লেখক-বুদ্ধিজীবী মহলের সবাই তাদের অতি সহজেই চিনতে পারতেন। এমনকি উত্তম পুরুষে জ্যাক বার্নস চরিত্রের নামটিও প্রথমে ছিল হেম, যে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী এক লেখক। তেমনি রবার্ট কোহন হচ্ছে বাস্তবের হ্যারল্ড লোব, মাইক ক্যাম্পবেল চরিত্রটি ডাফ টুইসডেনের প্রেমিক প্যাট গাথরির এবং বাস্তবের লেখক ডোনাল্ড স্টুয়ার্টকে উপন্যাসে করা হয়েছে বিল গর্টন।


অনেক সম্পাদনা ও মাজা ঘষার পর দ্য সান অলসো রাইজেস নামে উপন্যাসটি যখন প্রকাশিত হয় সেটি শুরু হয় এভাবে:
রবার্ট কোহন একসময় ছিলেন প্রিন্সটনের মিডলওয়েট বক্সিং চ্যাম্পিয়ন। ভাববেন না যে মুষ্টিযুদ্ধের খেতাব হিসেবে ওটা দিয়ে আমি প্রভাবিত, তবে এটা কোহনের জন্য ছিল অনেক কিছু। বক্সিংয়ের জন্য মোটেই পরোয়া করতো না ও, বরং অপছন্দই করতো, তবে প্রিন্সটনে থাকতে ইহুদি বলে তার প্রতি আচরণে যে হীনন্মন্যতা আর লজ্জা সে বোধ করতো সেটার পালটা ব্যবস্থা হিসেবে খুব কষ্ট সহ্য করে বিশদভাবে এটা শিখেছে ও। এখানে একধরণের অন্তর্গত সান্তনা ছিল যে ওর সাথে ভাব দেখালে যে কোনো কাউকেই কুপোকাৎ করতে পারে সে, যদিও খুব লাজুক আর আপাদমস্তক ভদ্র ছেলে বলে জিম ছাড়া আর কোথাও কখনো বক্সিং করেনি ও।

বাস্তবের যে হ্যারল্ড লোবকে উপন্যাসে কোহন বানানো হয়েছে, বইটি প্রকাশিত হওযার পর তিনি কী বলেছেন আমরা দেখতে পারি:
হেমের মনে কোহনের মধ্যেও ছিল ক্ষতিপূরণের লক্ষ্য। . . . আমার মতে, কলেজে না যাওয়ার হতাশা থেকে কখনোই মুক্ত হতে পারেনি হেম। আর সে চ্যাম্পিয়ন হতে চাইতো সবকিছুতেই। ওর নাদাবী সত্ত্বেও আমরা যুক্তিযুক্তভাবেই ধরে নিতে পারি যে সে নিজেই প্রিন্সটনের চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতো। . . . আমার ধারণা, এসব নিয়ে ওর ঈর্ষা, সন্দেহ আর প্রশস্তির মিশ্রন ছিল এটা, যা স্কট ফিটজেরাল্ড এবং বোধ হয় আমার সাথেও ওর সম্পর্ককে জটিল করে তুলেছিল। এমনকি এটাও হতে পারে যে কোহনকে প্রিন্সটনের মিডলওয়েট বক্সিং চ্যাম্পিয়ন বানালে ওর আপত্তিকর চরিত্র চিত্রায়নের হুলগুলো থেকে কিছু খুলে নেওয়া যাবে। (হ্যারল্ড লোব: হেমিংওয়ে'জ বিটারনেস – কানেকটিকাট রিভিউ, অক্টোবর ১৯৬৭)।
বিল গর্টন চরিত্রের আড়ালে প্রকৃত ডোনাল্ড স্টুয়ার্ট (১৮৯৪–১৯৮০) বইটিকে উপন্যাস বলে চালাচ্ছেন দেখে অবাক হয়ে বলেছিলেন, সাংবাদিকতার মতো করে লেখা বইটি "কি ঘটেছিল তার ওপর একটা রিপোর্ট ছাড়া কিছুই নয়।" যে ব্রেট অ্যাশলি চরিত্রকে কেন্দ্র করে উপন্যাসটি লেখা, তার বাস্তব নায়িকা লেডি ডাফ টুইসডেন এটি পড়ে হতভম্ব হয়ে এটিকে 'নিষ্ঠুর,' 'শস্তা রিপোর্টিং' ও হেমিংওয়ের 'নোংরা কৌশল' বলে আখ্যায়িত করেছিলেন।

হেমিংওয়ে এসব বাস্তব চরিত্রকেই যে কেবল অপরিবর্তিত অবস্থায় উপস্থাপন করেছেন তা নয়, প্যারিসের পটভূমি বর্ণনায় তিনি তাঁর নিজের চেনা পরিবেশকেও অবিকৃতভাবে উপন্যাসে তুলে এনেছেন বলে এটিকে ছদ্মাবরণে আত্মজৈবনিক উপন্যাস বললে খুব বেশি ভুল হবে না। যেমন, "রু দে লা মনটেইন সেইন জেনেভিভের ডান্সিং ক্লাবটি ছিল বাল মুসেৎ [নৃত্যশালা]। সপ্তাহের পাঁচদিন পাঁথিউ মহল্লার কর্মজীবী মানুষেরা এখানে এসে নাচতো।" আমরা জানি, হেমিংওয়ের প্যারিসজীবনে একসময় তাঁরা থাকতেন ৭৪ রু কার্দিনাল লেময়েঁর এক বাসায়। ওটার নিচে যে বাল মুসেৎ ছিল, সেখান থেকে রাতভর ভেসে আসা নাচগানের শব্দে লেখায় মনোনিবেশ করা কঠিন ছিল বলে তিনি সকালে উঠে লিখতে বসতেন। উপন্যাসের জ্যাক বার্নস যখন প্যারিসের রাস্তা ধরে হেঁটে যায় তার বর্ণনা পাঠকের কাছে মনে হয় যেন অ্যা মুভেবল ফিস্ট বইয়ের বর্ণনা পড়ছেন তিনি। প্লাশ কনত্রাসকার্পে, রু মুফতাদ, রু কার্দিনাল লেময়ঁ এমনকি লুক্সমবর্গ গার্ডেনের হর্স চেস্টনাট গাছগুলোও অবিকৃতভাবে উপস্থিত উভয় গ্রন্থে। "লুক্সেমবর্গ গার্ডেনের হর্স-চেস্টনাট গাছগুলো ফুলে ভরা ছিল (দ্য সান অলসো রাইজেস )", "তোমার মনে আছে হর্স চেস্টনাট গাছগুলো ফুলে ফুলে ভরে ছিল?" কিংবা "আমি প্লাশ দে লা অবজারভেতর থেকে লুক্সেমর্গের ভেতর দিয়ে হেঁটে যাই, হর্স চেস্ট-নাট গাছগুলো ফুলে ভরা ছিল" (অ্যা মুভেবল ফিস্ট)।
উপন্যাসটির বহু সরাসরি ইঙ্গিত বাদ দেওয়া হয়েছিল স্কট ফিটজেরাল্ডের পরামর্শে। বস্তুত এটির খসড়াতে ঘষামাজা করার কাজে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। খসড়াটি পড়ার পর ফিটজেরাল্ড বহু সংশোধনী ও পরামর্শ দিয়ে হেমিংওয়ের কাছে একটা দীর্ঘ চিঠি লিখেছিলেন, তার একাংশ এরকম, "তোমাকে নিজে থেকে কেবল ভালো লিখতেই হবে না, যে কোনো কেউ যা করতে পারে সেটা না করতে হবে তোমাকে। আমার মনে হয় এটাতে প্রায় ২৪ জায়গায় বিদ্রুপ, টিটকারি, টেক্কা দেওয়া, তীব্র অবজ্ঞা রয়েছে, যা ২৯ পৃষ্ঠা পর্যন্ত পুরো আখ্যানটির ক্ষতি করেছে, তার পর থেকে (শুরুতে কোহনের মিথ্যে পরিচিতির পর) সত্যিকারভাবে চলতে শুরু করেছে ওটা।"

উপন্যাসটি লেখার কাজ শেষ হয় ১৯২৫ সালের সেপ্টেম্বরে, সেটার সম্পাদনা করতে করতে ডিসেম্বর গড়িয়ে যায়। নির্বিঘেœ কাজটি করার জন্য সপুত্রক হ্যাডলিকে নিয়ে হেমিংওয়ে চলে যান অস্ট্রিয়ার শোন্সে । তাঁর ভাষায় "লেখার জন্য শোন্স ছিল আদর্শ জায়গা। জীবনে প্রথমবারের মতো দ্য সান অলসো রাইজেস-এর খসড়ার পুনর্লিখনের মতো কঠিন কাজটা ১৯২৫ ও ১৯২৬ এর শীতকালে ওখানেই করেছিলাম আমি, . . . ।" (অ্যা মুভেবল ফিস্ট)।

অবশেষে দ্য সান অলসো রাইজেস প্রকাশিত হয় ১৯২৬ সালে, প্রকাশক স্ক্রিবনার্স। বইটি প্রকাশের কাজটি স্ক্রিবনার্সের পাওয়ার পেছনে একটা ইতিহাস আছে বলে জানা যায়। শেরউড এন্ডারসনের সুপারিশে হেমিংওয়ের প্রথম গল্পগ্রন্থ ইন আওয়ার টাইম-এর নিউইয়র্ক সংস্করণ (১৯২৫) প্রকাশ করেছিল বনি অ্যান্ড লিভরাইট। সেই সুবাদে দ্য সান অলসো রাইজেস-ও তাঁদের বের করার কথা। কিন্তু এরমধ্যে হেমিংওয়ে যখন টরেন্টস অভ স্প্রিং নামে শেরউড এন্ডারসনের ডার্ক লাফটার বইটির একটা বাজে প্যারডি ঔপন্যাসিকা লিখে বনি অ্যান্ড লিভরাইটের কাছে প্রকাশের জন্য দেন, তাদের শাঁসালো লেখক এন্ডারসন সহ সমসাময়িক লেখকদের অনেকেই আহত হবেন, এই আশংকায় তারা এটা প্রকাশে অসম্মতি জানায়। কিন্তু তাঁর বই বের না করলে তাদের আরেক প্রতিযোগী প্রকাশক ম্যাক্স পারকিনসের প্রতিষ্ঠান স্ক্রিবনার্স হেমিংওয়ের বই প্রকাশের সুযোগটা নিয়ে নেবে– এই উভয়সংকটে পড়ে লিভরাইট অ্যান্ডারসনের পরামর্শ চান। এন্ডারসন স্বভাবতই তাঁদের সমর্থন দেননি। ফলে স্ক্রিবনার্স পেয়ে যায় হেমিংওয়ের প্রথম উপন্যাস দ্য সান অলসো রাইজেস প্রকাশের সুযোগ। বইটি প্রকাশের পর যখন ভালো ব্যবসা করছিল, তখন এন্ডারসন লিভরাইটকে বলেছিলেন যে তাঁকে কিছু না বলে টরেন্টস অভ স্প্রিং প্রকাশ করে ফেলা উচিত ছিল ওদের।

উপন্যাসটি সম্পাদনার চূড়ান্ত পর্যায়ে তাঁকে সাহায্য করার অজুহাতে শোন্সে গিয়ে যোগ দিয়েছিলেন তাঁর নতুন বান্ধবী কেতাদুরস্ত ফ্যাশন সাংবাদিক পলিন ফেইফার। এখান থেকে তাঁদের সম্পর্ক গাঢ়তর হয়ে প্রণয় থেকে পরিণয়ে গড়ায়।