২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যতের দিকে ধাবমান নজরুল

রাজু আলাউদ্দিন

Published : 25 May 2020, 08:50 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


তিরিশের কবিরা–বুদ্ধদেব বসু তার সম্পর্কে লেখা সত্ত্বেও — নজরুল সম্পর্কে মূল্যায়নে নিরব থেকে বা ভুল ধারণার বশবর্তী হয়ে কেবল নজরুলপাঠকেই ক্ষতি্গ্রস্ত করেননি, বাংলা সাহিত্যকেই ক্ষতিগ্রস্ত করেছেন। জানি তারা এটা সচেতনভাবে করেননি, করেছেন পশ্চিমী সাহিত্যিক বিশ্ববীক্ষার অনুকরণপ্রিয় ধারণার দাসত্ব থেকে। নজরুল তিরিশের সন্তান হওয়া সত্ত্বেও পশ্চিম-প্রিয় গোটা তিরিশি ধারণার বিরুদ্ধে তিনিই ছিলেন একমাত্র বিদ্রোহী সন্তান। আর কী আশ্চর্য, তাকে তিরিশের কেউ নয়, বরং তিরিশের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে বুঝেছিলেন তারও আগের এক কালোত্তর পুরুষ–রবীন্দ্রনাথ। সমকালে বুদ্ধদেব বসু আর জীবনানন্দ দাশ দ্বিধা ও তারিফের মৃদুমন্দ আশ্রয়ে ঠাঁই দিলেও, বামপন্থী বা প্রগতিশী বলে পরিচিত বিষ্ণু দে কিংবা সমকালের সুধীন দত্ত বা অমিয় চক্রবর্তীর বিন্দুমাত্র আগ্রহের আঁচড় আমরা দেখতে পাই না তাদের কোনো লেখায়। সমর সেনও কি এই 'চিরউন্নত শিরের' প্রতি একবারের জন্য হলেও কৌতূহল নিয়ে তাকিয়ে ছিলেন? তার কোনো লেখায়া আছে কি? যদিও প্রেমেন্দ্র মিত্র কিংবা অচিন্ত্যকুমার সেনগুপ্ত তাকে বুঝতে কার্পণ্য করেননি। বয়োজ্যেষ্ঠ আরেক প্রণম্য ব্যক্তিও নজরুল-মূল্যায়ণে ছিলেন নির্ভুল কম্পাসের মতোই দিকনির্দেশী, তিনি বিনয় সরকার। যদি অতীতের ধুলোবালি উর্ণাজাল ভেদ করে একটু পেছনে তাকানো যায় তাহলে দেখা যাবে সেই বিনয়-বিভূতি: " "বিদ্রোহী" দেখাবামাত্র নজরুলের ভেতর আমি হুইটম্যান আর রবীন্দ্রনাথ দুজনকে এক সঙ্গেই পাকড়াও ক'রেছিলাম। তবুও বুঝে নিলাম লেখক বাপকা বেটা। বিংশ শতাব্দীর প্রথম কুরুক্ষেত্রের পরবর্তী অন্যতম যুগ-প্রবর্তক বাঙালীর বাচ্চা নজরুল।" ( পৃ ৩৯৯) এ সেই বাঙালির বাচ্চা যার আত্মা উন্মুক্ত ছিল পৃথিবীর সকল জাতি ও ধর্মের মানুষের জন্য, ছিল ভবিষ্যতের সেই মানুষের জন্য যারা ইনসাফ ও সাম্যের আদর্শে বলীয়ান। আমাদের কাল যত বেশি দুর্নীতি-ধুসর, যত বেশি অপরাধের উদ্ভ্রান্ত আঘাতে ছিন্নভিন্ন হচ্ছে, যত বেশি ধর্মীয় বিষে এই বুদ্ধিদীপ্ত কাল নীল হয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক আর আত্মঘাতী হামলায় সমকাল হচ্ছে যত বেশি রক্তাক্ত, যুক্তি ও মননের সুতোয় বোনা ফিনফিনে আধুনিকতার পট্টখানি যতটা খুনে নির্বোধ রং ধারন করছে, নজরুল ততটাই ভবিষ্যতের দিকে আস্থার প্রতীকের এক বিশ্বস্ত ভরসায় ন্যস্ত হচ্ছেন। তিনি বলেছিলেন ' বর্তমানের কবি আমি, ভবিষ্যতের নই নবী…' –কথাটাকে আক্ষরিক অর্থে নিয়েছেন অনেকেই– কী করুণ দুর্দশা! 'করুণ দুর্দশা' এই জন্য যে তার সমকালের লেখক-শিল্পীরাই বিষয়টিকে সেই অর্থে বিবেচনা করেছেন– অথচ উইলিয়াম ফকনার যখন বর্তমানের কথা বললেন, তখন তিনি বর্তমানের মধ্যে অতীত ও ভবিষ্যতের উপস্থিতির কথাও জানালেন–আমরা তার তারিফে উচ্ছ্বছিত হই, কিন্তু নজরুলের ক্ষেত্রে বর্তমান বলতে কেবল কঙ্কালসার বর্তমানকেই বুঝে নিলাম, যেন বর্তমান বলতে কেবলই বর্তমান, তাতে নেই অতীতের রক্তস্রোত, নেই ভবিষ্যতের মাংশ। আমি ক্রমশ নজরুল-রজ্ঞিত কেন হচ্ছি তার কারণ কেবল এটুকুই নয়, আরও বহু অকথিত কারণ আমাকে মাতাল করে রেখেছে। নজরুল হচ্ছেন আমাদের সেই ইউটোপিয়া যার স্বপ্নে দেখার হিম্মত ও মহব্বত আমাদের এখনও হয়নি ।

তবে কেউ কেউ এই হিম্মত ও মহব্বতের রঙিন পথে নজরুলকে নতুন তাৎপর্যে হাজির করতে শুরু করেছেন। এরই মধ্যে স্প্যানিশভাষী প্রাবন্ধিক ও অনুবাদক মারিয়া এলেনা বাররেরা নজরুলকে মৃত্যুর শতবর্ষ পরে যে-অনুবাদ ও চক্ষূউন্মীলক ভাষ্যে হাজির করেছেন তা ওই ইউটোপিয়ারই প্রাসঙ্গিকতাকে আমাদের সামনে হাজির করে। কিংবা আজফার হোসেন-এর মতো মননদীপ্ত অধ্যাপক যখন নজরুলকে বৈশ্বিক রাজনীতি ও সাহিত্যের বিশাল প্রেক্ষাপটে নতুন তাৎপর্যে হাজির করেন তখন কবি-কথিত সেই 'বর্তমান' ভবিষ্যতেরই প্রত্নরূপ হিসেবে হাজির হয় মাত্র।

নজরুল কেবল বাংলা অঞ্চল এবং বাংলা ভাষাতেই নয়, সর্বভারতীয় সাহিত্যিক পরিমন্ডলেই নজরুল এক বিস্ময়কর উত্থান। কবিতার মতো অজনপ্রিয় মাধ্যম দিয়ে জনমানসে এতটাই ব্যাপক ও প্রবলভাবে প্রবেশ করেছিলেন যে মাত্র ২৫ বছর বয়সেই তিনি গোটা ভারতবর্ষে লেখকদের মধ্যে জনপ্রিয়তম ব্যক্তিত্ব হয়ে ওঠেন। রবীন্দ্রনাথের সাহিত্যিক ও সাংস্কৃতিক আধিপত্য সত্ত্বেও সাধারণ্যে নজরুলই ছিলেন সবচেয়ে বেশি পরিচিত। তার আগে আর কেউ-ই রাজনৈতিক চেতনার গনগণে আগুণে সাহিত্যের রুটি সেঁকে নেননি আর সাহিত্যকে তার আগে আর কেউ এতটা পরিপূরক রূপে, এতটা প্রেমময় বন্ধনে হাজির করেননি।

গোটা বাংলায়ই শুধু নয়, গোটা ভারতবর্ষেই কবিতা ও গানকে রাজনীতির সাথে সম্পৃক্ত করার দুঃসাহস দেখিয়েছেন খুব কম লেখকই । তার আগে ও তার সমাকালে – ডি এল রায়, কিংবা বিষ্ণু দে— একজন রাজনীতিকে খানিকটা তরল আবেগে অন্যজন মননের এক আইফেল টাওয়ারে ন্যাস্ত করেছিলেন। কিন্তু নজরুলই প্রথম কবিতা ও গানকে একই সাথে সর্বজনীন ও স্থানিক রংয়ে রঞ্জিত করে প্রবেশ করলেন জনারণ্যে। এই মিশ্রণের আবেদন এতই অপ্রতিরোধ্য ছিল যে জাতপাত ও সাম্প্রদায়িকতার রাজনীতি ও সংস্কৃতিকে তিনি প্রবল প্রতাপে চূর্ণ করে দিয়েছিলেন। এই প্রবল গ্রহণযোগ্যতার মুল কারণ এই যে সেকালের ভারতবর্ষের জনগণ ধর্মীয় বিভেদবোধ সত্ত্বেও মুক্তিকামিতার ঐক্যবদ্ধ আবেগে এক সুতোয় গ্রথিত ছিল। নজরুল ঠিক এই ঐক্যের জায়গাটিতে অত্যন্ত স্পর্শময় ভাষায় প্রবেশ করেছেন তার শৈল্পিক সক্ষমতা নিয়ে।
পুঁজির কব্জায় এ পৃথিবী ক্রমাগত যত বেশি শোষণের যন্ত্র হয়ে উঠছে নজরুলের লড়াই ও তার প্রাসঙ্গিকতা ততই আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে।