২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেমিংওয়ের নারীরা

ফারুক মঈনউদ্দীন ফারুক মঈনউদ্দীন

Published : 20 May 2020, 02:19 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


আলোকচিত্র: অ্যাগনেসের ডিউটির ফাঁকে হেমিংওয়ে সাথে
আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ে (১৮৯৯–১৯৬১) প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালিয় ফ্রন্টে অ্যাম্বুলেন্স ড্রাইভার, তারপর সাংবাদিকতা-ইত্যাদি কাজ ছেড়ে একসময় পুরোপুরি মনোনিবেশ করেন লেখালেখিতে। বিশ শতকের কথাসাহিত্যে তাঁর রচনাশৈলির প্রভাব ছিল গভীর, তাঁর জীবনযাত্রাপ্রণালীও পরের প্রজন্মের ওপর ছায়া ফেলেছিল। তাঁর উপন্যাস রচনার কালপঞ্জী থেকে প্রতীয়মান হয়, ১৯২০-এর দশকের মাঝামাঝি থেকে ৫০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ছিল হেমিংওয়ের চরম ফলবতী সময়। তাঁর জীবদ্দশায় প্রকাশিত সাতটি উপন্যাসের মধ্যে ছয়টিই প্রকাশিত হয়েছিল এই সময়ের মধ্যে। জীবদ্দশায় প্রকাশিত তাঁর ছয়টি ছোটগল্প সংকলন ছাড়াও মরণোত্তর প্রকাশিত উপন্যাসের সংখ্যা তিনটি এবং ছোটগল্প সংকলন চারটি। তাঁর নন-ফিকশন গ্রন্থের সংখ্যা দশটি, যার বেশিরভাগই প্রকাশিত হয় মরণোত্তর সময়ে। এসব ছাড়াও সারাজীবনে তিনি অজস্র চিঠি লিখে গেছেন, সেসব প্রকাশিত হয়েছে মোট পাঁচ খণ্ডে। হেমিংওয়ের উপন্যাস ও গল্প অবলম্বনে নির্মিত ১৫টি চলচিত্রও বিষয়বস্তু ও দর্শন বিবেচনায় তাঁর লেখার সর্বজনীনতাকে প্রতিষ্ঠিত করে।
দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের জন্য তিনি পেয়েছেন পুলিৎজার (১৯৫৩) ও সাহিত্যে নোবেল পুরস্কার ১৯৫৪ সালে। ১৯৪৭ সালে তিনি আরেকটি পুরস্কার লাভ করেছিলেন, 'ব্রোঞ্জ স্টার মেডাল,' তবে এটি দেওয়া হয়েছিল যুদ্ধক্ষেত্রে তাঁর বীরত্বের জন্য। এর মধ্যে তাঁর বই বিক্রি হয়েছে লাখ লাখ কপি। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও তাঁকে কাবু করে ফেলেছিল। একদা বুল ফাইট, শিকার এবং সমুদ্রে মাছধরা শক্তপোক্ত শরীর আর নিজের বশে ছিল না তাঁর। গাড়ি দুর্ঘটনায় ভাঙা হাঁটু, পরপর দুটো বিমান দুর্ঘটনার প্রচণ্ড অভিঘাতে চিড়ধরা মাথার খুলি, বিযুক্ত হওয়া কাঁধের জোড়, আগুনে পোড়া শরীর, ক্ষতিগ্রস্ত যকৃৎ এবং কিডনি-এত সব মারাত্মক শারীরিক ও মানসিক জখমের সাথে যুক্ত হয়েছিল তাঁর ইনসমনিয়া, উচ্চ রক্তচাপ, বিপজ্জনক মাদকাসক্তি ও বিষাদরোগ।
বহু অসফল প্রেমের প্রধান পুরুষ, চারবার দারপরিগ্রহকারী হেমিংওয়ের অসুস্থতা একসয় মনোবিকলনে পরিণত হয়, মেজাজ হয়ে পড়ে নিয়ন্ত্রণহীন। পত্রিকায় খবর হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁকে ছদ্মনামে ক্লিনিকে ভর্তি করতে হয়েছিল। ১৯৬১ সালের এপ্রিল মাসে তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেন। একই মাসে তাঁর দ্বিতীয় আত্মহনন প্রচেষ্টা ব্যর্থ হয়। তাঁকে যখন আবার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি তৃতীয়বার আত্মহত্যা করার চেষ্টা করেন। ২৬ জুন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অবশেষে ১৯৬১ সালের ২ জুলাইতে তাঁর আত্মহত্যার চতুর্থ চেষ্টা সফল হয়।
তাঁর বর্ণাঢ্য জীবনের সংস্পর্শে আসা স্ত্রী এবং নারীরা এবং তাঁর জীবন ও কর্মের ওপর তাঁদের প্রভাব নিয়ে অনুসন্ধিৎসু ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব এটি।

আর্নেস্ট হেমিংওয়ে একের পর এক নারীর সাথে জড়িয়েছেন, তাঁদের মধ্যে চারজনের সাথে গিয়েছেন ছাদনাতলা পর্যন্ত, তবে এই ক্রমসম্পর্কের ধারাবাহিকতায় তিনি একজনের সাথে সম্পর্ক সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত আরেকজনকে ছাড়েননি, একজনকে ছাড়ার আগে এই সম্পর্ক চলেছে যুগপৎভাবে। আবার কখনো তাঁর কাছে আটপৗরে হয়ে যাওয়া দাম্পত্য জীবনের চিরন্তন ফাটল গলে আবির্ভুত হয়েছেন প্রেমাস্পদা নারীরা। তাঁর দ্বিতীয় স্ত্রী পলিন ফেইফার লিখেছিলেন, আর্নেস্টের প্রেমে পড়া নিয়ে আমি কিছু মনে করি না, কিন্তু প্রেমে পড়লে সবসময় সেই মেয়েকেই তার বিয়ে করতে হবে কেন?" এভাবেই লেখক-জীবনের চূড়ান্ত সফলতার পাশাপাশি তাঁর ধারাবাহিক ব্যক্তিগত দাম্পত্য-অস্থিরতা ও বিচ্ছেদ, বিবাহবহির্ভুত অস্থায়ী প্রেমের অসফল সমাপ্তি তাঁর সাথে তাঁর জীবনীকারদেরও রেখেছে ব্যতিব্যস্ত। ৬২ বছরের জীবনকালে তাঁর দাম্পত্য জীবনের দৈর্ঘ ৪১ বছর। প্রথম বিয়ের (১৯২১) পঁচিশ বছরের মাথায় তিনি চতুর্থ স্ত্রীর পাণি গ্রহণ করেন। প্রণয়ঘটিত এই অপূর্ণতার সাথে যুক্ত হয়েছিল তাঁর বাতিক ব্যাধি যা মনস্তত্ববিদদের ভাষায় বাইপোলার ডিজঅর্ডার, প্রবল সুরাসক্তি, আত্মরতিপরায়ণতার মতো মানসিক রোগ। এসব উপসর্গ থেকে নিস্তার পাওয়ার জন্য তাঁর নিজস্ব উপশমের কায়দা ছিল উদ্দাম জীবনযাপন, বুলফাইটের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ সব কর্মকাণ্ডে জড়িত হওয়া, বেসামাল মদ্যপান এবং লেখালেখিতে ব্যস্ত থাকা। এসবের মাঝে তাঁর জীবনে নারীরা এসেছেন, সেই সব প্রেমিকাদের কারো সাথে গাঁটছড়া বাঁধা হয়েছে, কারো সাথে সপ্রেম কিংবা প্রেমহীন সম্পর্ক শেষ হয়েছে পরিনতিহীনতায়।
প্রেমকাতুরে হেমিংওয়ের জীবনে প্রথম নারীর আগমন ঘটে তাঁর আঠার বছর বয়সে। সদ্যতরুণ হেমিংওয়ে তখন আমেরিকান রেডক্রসের সদস্য হয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছেন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে। তাঁর কর্মস্থল ছিল ইতালির রণাঙ্গণে। সেটা ১৯১৮ খ্রিস্টাব্দ। সেখানে সম্মুখযুদ্ধের ইতালিয় সেনাদের কাছে খাবার পৌঁছে দিতে গেলে একটা মর্টার শেল এসে পড়ে। এই হামলায় তাঁর পাশের দুজন যোদ্ধা মারা গেলেও মারাত্মক আহত তৃতীয়জনকে হেমিংওয়ে নিজের আহতাবস্থা উপেক্ষা করে পিঠে তুলে কাছের ট্রেঞ্চে নিয়ে যান, যদিও তাঁর নিজেরও পূর্ণ জ্ঞান তখন ছিল না। এই সেবার কারণে তাঁকে দেওয়া হয়েছিল ইতালিয় সামরিক খেতাব 'ক্রোচে দি গুয়েরা।' পায়ে মর্টার শেলের মারত্মক আঘাত নিয়ে হেমিংওয়ে ভর্তি হয়েছিলেন মিলানের অসপিডালে ক্রোচে রোসা আমেরিকানা অর্র্থাৎ আমেরিকান রেডক্রস হাসপাতালে। বলাবাহুল্য, সেদিন তাঁর পরিনতিও যদি ইতালিয় সৈনিকদের মতো হতো, তাহলে বিশ্ব সাহিত্যে হেমিংওয়ে নামের কোনো লেখক থাকতেন না।
এই হাসপাতালে শুশ্রুষাকারী নার্সদের মধ্যে ছিলেন দয়ালু, প্রাণোচ্ছল, টগবগে অ্যাগনেস কুরোওস্কি। দক্ষতা ও আন্তরিকতার জন্য সবার কাছেই তিনি ছিলেন পরম আদৃতা। হাসপাতালের সব রোগীই ছিলেন তাঁর ভক্ত, তাঁদের কেউ কেউ এমনকি তাঁর প্রেমে পড়ার জন্যও বাকুল। তবে তাঁদের জানা ছিল না নিউ ইয়র্কের এক চিকিৎসকের সঙ্গে অ্যাগনেসের বিয়ে চূড়ান্ত প্রায়। পরে সেই প্রেমিককে পরিত্যাগ করেছিলেন অ্যাগনেস।
আহত সৈনিককে উদ্ধারের বীরত্বের জন্য এবং ইতালি রণাঙ্গণে আহত প্রথম আমেরিকান হিসেবে হেমিংওয়েও ছিলেন হাসপাতালের নতুন নায়ক। তবে আগে কখনো সহপাঠিদের মতো চিরাচরিত নিয়মে তাঁর কোনো মেয়ে বান্ধবী ছিল না, তাই ছিল না নারী বিষয়ক অভিজ্ঞতাও। কৈশোর ছাড়িয়ে বেড়ে ওঠা সুঠাম শরীরের সুদর্শন যুবক হয়ে উঠছিলেন তিনি। অ্যাগনেসের স্বভাব ও সৌন্দর্যে বিমোহিত এই তরুণ নায়ক নবযৌবনের চিরায়ত ধর্মে নিজের অজান্তেই আসক্ত হয়ে পড়েছিলেন কালো চুলের দীর্ঘাঙ্গী মায়াবতী নারীটির প্রতি। কিন্তু প্রেমিকের কাছে ভালোবাসা বয়স মানে না, অ্যাগনেস ছিলেন হেমিংওয়ের চেয়ে প্রায় সাত বছরের বড়। নার্স হিসেবে তাঁর কাছে নাইট ডিউটিই আকর্ষণীয় ছিল। গভীর নিস্তব্ধ রাতে নিঝুম ওয়ার্ডের মৃদু আলোয় যুদ্ধক্লান্ত আহত সৈনিকেরা যখন নিঃসাড়ে ঘুমাতো, নিঘুম চোখে অপত্যস্নেহে সেই দৃশ্য দেখতে পছন্দ করতেন অ্যাগনেস। অগ্রজাতুল্য সেবিকাটির প্রতি হেমিংওয়ের এই প্রেম একেবারেই যে একতরফা ছিল, তা বলা যায় না, অ্যাগনেসের ভেতরেও সাহসী এই তরুণটির প্রতি একধরনের আকর্ষণ জন্ম নেয়। তবে সেটি হেমিংওয়ের তীব্র ভালোবাসার তুলনায় ছিল বহু বেশি সংযত ও বাস্তবমুখী। তাই অ্যাগনেস তাঁদের মধ্যকার প্রণয়কে খুব বেশি প্রশ্রয় দেননি।


আলোকচিত্র:নার্স অ্যাগনেস কুরোওস্কি

হেমিংওয়ে যখন কিছুটা সুস্থ হয়ে উঠে হাঁটাচলা শুরু করতে পারেন, তখন অ্যাগনেসের ডিউটি না থাকলে তাঁরা দুজনে হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াতেন রাস্তায়, ক্যাম্পারি বা কফি নিয়ে কোনো ক্যাফেতে বসতেন দুদণ্ড। এমনকি একসাথে রেসের মাঠে কিংবা অপেরাতেও গিয়েছেন তাঁরা।
হেমিংওয়ের মধ্যে ভালোবাসার অঙ্কুরটি যতই বিকশিত হতে থাকে, অ্যাগনেস তাঁর বয়স ও সহজাত পরিপক্কতা দিয়ে বয়োকনিষ্ঠ এই নব্য প্রেমিকটিকে পরিমাপ করতে পারছিলেন। তিনি লক্ষ করেন সুস্থতা ফিরে আসার সাথে সাথে হেমিংওয়ের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসছে, আর প্রায়শই সেটির প্রকাশ ঘটছিল তাঁর বেপরোয়া এবং পরঅসহিষ্ণু মনোভাবের ভেতর দিয়ে। অথচ হেমিংওয়ে তাঁর অপরিপক্ক ভাবনায় ইতিমধ্যে অ্যাগনেসকে বিয়ে করার কথাও ভেবে ফেলেছে। এবিষয়ে অ্যাগনেসের কোনো গভীর ভাবনা ছিল না, কারণ তাঁদের বয়সের বেখাপ্পা পার্থক্য এবং হেমিংওয়ের স্বভাবের প্রকৃত রূপ। অবশ্য আমেরিকার মতো দেশের সামাজিক বাস্তবতায় এরকম অসম বযসের বিয়ে মোটেই উদ্ভট নয়, হেমিংওয়ের প্রথম বিয়েই তার প্রকৃষ্ট প্রমাণ। তবু হেমিংওয়ের প্রেমের আহবানে বাহ্যিকভাবে সাড়া দিলেও পরিপূর্ণভাবে অ্যাগনেস নিজেকে কখনোই জড়াননি এই বালকের সাথে।
মাসদুয়েক হেমিংওয়েকে শুশ্রুষা করার পর অ্যাগনেস ভেনিসের তোরে দি মোসতোর আরেকটি হাসপাতালে বদলী হয়ে যান। তাঁদের প্রেম তখন চিঠিপত্রে সীমিত হয়ে পড়ে, সেই অদর্শনের যন্ত্রণা ঘোচাতে এমনকি দৈনিক তিন-চারখানা চিঠি লিখতেন তাঁরা। ইতিমধ্যে সুস্থ হয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে হয় বিষণ্ন হেমিংওয়েকে। নতুন কর্মস্থলে গিয়ে অ্যাগনেস নতুন করে ইতালিয় সেনা অফিসার এক ডিউক পরিবারের সন্তান লেফটেন্যান্ট দোমিনিকো কারাচিওলোর প্রেমে পড়ে গিয়েছিলেন। মাত্র হাইস্কুল পেরোনো প্রায় ভবিষ্যতবিহীন ১৯ বছরের হেমিংওয়ের চেয়ে এই সেনা অফিসারটিই অ্যাগনেসের কাছে ছিলেন নিঃসন্দেহে বেশি আকর্ষণীয়।
হেমিংওয়েকে লেখা চিঠির ভাষায় টের পাওয়া না গেলেও ইতালিয় অফিসারের সাথে নতুন প্রেম যে তাঁর ভেতরের উচ্ছাসের প্রকাশকে প্রভাবিত করছিল সেটা ধারণা করা যায়। প্রথমদিকের এক চিঠিতে অ্যাগনেস লেখেন, "তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি, আমি জানি তোমার কাছে ফেরার সময় কী নিয়ে আসবো।" বয়সের পার্থক্যের বিষয়টা যে অ্যাগনেসের মাথা থেকে কখনোই যায়নি সেটা বোঝা যেতো তাঁর সম্বোধনে। হেমিংওয়েকে কখনো ডাকতেন ব্যাম্বিনো মিও (প্রিয় বাছা), কখনো 'খোকা' (কিড), কখনো 'আর্নি', আর নিজেকে ডাকতেন 'মিসেস কিড' বলে। লিখেছেন, "কখনোই ভাবতে পারিনি অন্য কেউ আমার কাছে এত প্রিয় ও অনিবার্য হতে পারে। হারাবার জন্য তোমাকে অর্জন করতে দিও না আমাকে। তোমায় ভালোবাসি, আর্নি।"
যুদ্ধক্ষেত্রে ফিরে গেলেও কিছুদিনের মধ্যেই মারাত্মক জন্ডিস নিয়ে আবার হাসপাতালে ফিরে আসতে হয় হেমিংওয়েকে। অ্যাগনেস সব খবরই পেতেন চিঠির মাধ্যমে, তাই হেমিংওয়েকে দেখতে ছুটি নিয়ে সপ্তাহখানেকের জন্য মিলানে এসেছিলেন একবার। পরের মাসে হেমিংওয়েও অ্যাগনেসের নতুন কর্মস্থলে গিয়ে হাজির হন তাঁকে চমকে দেবার জন্য। কিন্তু এবারের সাক্ষাতে মনে হয় বয়োজ্যেষ্ঠা এই রমণীর সংযত প্রেম আরও থিতিয়ে এসেছে, তাই অপরিপক্ক প্রেমিকটির আচার আচরণ ও সহবত নিয়ে কিছুটা খোলাখুলি সমালোচনা করেন তিনি।


আলোকচিত্র: তৃতীয় ছবি: রেডক্রস নার্স কুরোওস্কি

হেমিংওয়ের কাছে লেখা ৫২টি চিঠি ছাড়াও পরবর্তী সময়ে আবিষ্কৃত অ্যাগনেসের ডায়েরি থেকেও তাঁদের সে সময়ের রোমান্সের আরো কিছু ইঙ্গিত পাওয়া যায়। তাঁদের প্রেমের সম্পর্ক যে খুব গভীর কিছু ছিল না, মাত্র আগস্ট মাসে তিনি টের পান যে হেমিংওয়ে তাঁর প্রতি প্রেমাবিষ্ট হয়ে পড়েছেন, তাঁদের ঘনিষ্টতা যে চুমুর সীমা অতিক্রম করে আর বেশিদূর এগোয়নি, এমনকি এই তরুণ রোগীটির বালিশের নিচে তাঁর চুলের কাঁটা পাওয়া যাওয়ার ঘটনায় হাসপাতালে কেমন হইচই হয়েছিল– এসব তথ্য পাওয়া যায় সেই ডায়েরিতে। (সূত্র: জেমস নেগেল ও হেনরি ভিলার্ড– হেমিংওয়ে ইন লাভ অ্যান্ড ওয়ার: দ্য লস্ট ডায়েরি অভ অ্যাগনেস কুরোওস্কি)
বস্তুত আলেয়ার মতো সাময়িক এই সান্নিধ্যের সময়টুকুকে অ্যাগনেস ঠিক প্রেম বলে স্বীকার করেননি কখনোই। তাঁর পরবর্তী কার্যকলাপও প্রমাণ করে যে তরুণটিকে তিনি পছন্দ করলেও সেটি তাঁর পক্ষ থেকে অগভীর একটা প্রেমের খেলাই ছিল মাত্র। আগের সব নিপাট প্রেমপত্রের বিপরীতে শেষপর্যন্ত ১৯১৯ সালের মার্চ মাসে লেখা একটা চিঠিতে তিনি হেমিংওয়ের মোহভঙ্গ ঘটান।
'প্রিয় বাছা আর্নি' সম্বোধনে লেখা চিঠিটি ছিল এরকম:
বহু চিন্তাভাবনা করে এই মধ্যরাতে তোমাকে লিখতে বসেছি, ভয় হচ্ছে আঘাত পাবে তুমি, তবে আমি নিশ্চিত এতে তোমার কোনো স্থায়ী ক্ষতি হবে না।
তুমি চলে যাওয়ার বেশ কিছুদিন আগে থেকে আমি নিজেকে বোঝাতে চেষ্টা করছিলাম যে এটা সত্যিকার ভালোবাসা, কারণ, আমরা মনে হয় প্রায় বিষয়েই গররাজি হতাম, আর তখন যুক্তিই আমাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখত, বেপরোয়া কিছু করে ফেলা থেকে তোমাকে বিরত রাখার জন্য আমি মেনে নিতাম।
আজ কয়েকমাস ধরে তোমার কাছ থেকে দূরে থাকার পর বুঝতে পারি, এখনও তোমাকে পছন্দ করি আমি, তবে সেটা প্রেয়সীর চেয়ে মা হিসেবে বেশি। ঠিক আছে আমি ছেলেমানুষ, আসলে আমি তা নই, এবং দিনে দিনে সেই ছেলেমানুষী কমে যাচ্ছে আমার।
তাই, বাবু (এখনও আমার কাছে বাবু-ই তুমি এবং সবসময় সেটাই থাকবে), নিজের অজান্তে তোমাকে ঠকানোর জন্য কখনো কি আমাকে ক্ষমা করবে তুমি? জানো, আমি আসলে খারাপ নই, এবং কখনো ক্ষতি করতে চাই না, এবং এখন বুঝতে পারি প্রথম থেকেই আমার ভুল ছিল যে তুমি আমাকে ভালোবেসেছ, আর সেটার জন্য এখন আমি আমার হৃদয়ের গভীর থেকে আক্ষেপ করি। এখন আমি যথেষ্ট বয়স্কা এবং সবসময় তা-ই থাকবো, আর এটাই সত্য, এবং এই সত্য থেকে সরে যেতে পারবো না যে তুমি একটা বালক মাত্র– বাচ্চা ছেলে একটা।
আমার মনে হয় কোনোভাবে তোমাকে নিয়ে গর্ব করার কারণ ঘটবে আমার, কিন্তু প্রিয় বাছা, সেদিনের জন্য আমি অপেক্ষা করে বসে থাকতে পারি না, জীবনবৃত্তির জন্য তাড়াহুড়া করা ভুল।
পাদুয়া থেকে মিলান যাবার পথে আমার ভাবনাগুলোকে তোমাকে বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি একটা অবুঝ বাচ্চার মতো আচরণ করছিলে, আমি তোমাকে ক্রমাগত আঘাত করতে পারছিলাম না। এখন সাহসটা পাচ্ছি, কারণ আমি অনেক দূরে।
উল্লেখ্য এই চিঠির তারিখ ছিল মার্চ ৭, ১৯১৯। এই চিঠির ঠিক ছয়দিন আগের (মার্চ ১) একটা চিঠিতে অ্যাগনেস লিখেছিলেন যে তিনি হেমিংওয়ের কাছ থেকে একতাড়া চিঠি পেয়েছেন "তার সবগুলো এখনো পড়া হয়ে ওঠেনি," তাঁর এমন সময় কাটছে যেখানে আনন্দের কোনো অভাব নেই, সিগারেট খাওয়া আর জুয়া খেলা শিখে নিয়েছেন তিনি, অন্ধকার রাতে তাঁর পিস্তল থেকে শুন্যে গুলি ছুড়ে উদযাপন করছেন কোনো উপলক্ষ। এখানে লক্ষ্যণীয়, হেমিংওয়ের চিঠিগুলো পড়ার সময় তিনি পচ্ছিলেন না বলে লিখেছেন। অথচ প্রতীক্ষায় থাকা বিরহকাতর প্রেমিকার পক্ষে স্বাভাবিক আচরণ হতো চিঠি পাওয়ামাত্র কাঁপা হাতে খুলে সেসব পড়ে নেওয়া, তারপর বারবার পড়া। আমেরিকান জীবনীকার স্কট ডোনাল্ডসন এই চিঠির ভাষা ও প্রকাশ থেকে প্রমাণ করার চেষ্টা করেছেন যে অ্যাগনেস ততদিনে আর একা নেই, জীবন ও সময়কে উপভোগ করার মতো উপযুক্ত এক সঙ্গীকে খুঁজে পেয়েছেন তিনি।
মার্চের সাত তারিখের চিঠিটির শেষ প্যারাতে ঠিক ছয়দিন আগের চিঠির এই ইঙ্গিতকে আরো স্পষ্ট করে দেন অ্যাগনেস। "আর– বিশ্বাস করো আমি যদি বলি এটা আমার জন্যও ছিল আকস্মিক– খুব শীগগিরই বিয়ে করতে যাচ্ছি আমি। আশা করি এবং প্রার্থনা করি সবকিছু ভেবে দেখার পর আমাকে ক্ষমা করতে পারবে তুমি, . . .।"
এরকম একখানা চিঠিতে পাওয়া বার্তায় প্রথম প্রেমের এমন পরিনতিতে ভেঙে পড়েছিলেন হেমিংওয়ে। এতটাই আঘাত পেয়েছিলেন তিনি যে পরবর্তী সময়ে সেই হাসপাতালের মধ্যবয়স্কা নার্স মাতৃসমা এলসি ম্যাকডোনাল্ডের কাছে লেখা এক চিঠিতে অ্যাগনেস সম্পর্কে বিষোদগারও করেছিলেন হেমিংওয়ে। অ্যাগনেসের আচরণ সম্পর্কে লিখে তিনি কামনা করেন যে সে যখন নিউ ইয়র্কে এসে পৌঁছাবে, তখন জাহাজের পাটাতনে হোঁচট খেয়ে পড়ে যাতে তার সামনের পাটির দাঁতগুলো ভেঙে যায় (সূত্র: পল স্মিথ– অ্যা রিডার্স গাইড টু দ্য শর্ট স্টোরিজ অভ আর্নেস্ট হেমিংওয়ে)
উল্লেখ্য, হেমিংওয়ের সাথে এই এলসির ছিল কিছুটা খুনসুটির সম্পর্ক। হেমিংওয়ের কেবিনের আলমিরাতে যখন কনিয়াকের কয়েকটা খালি বোতল পাওয়া যায়, হাসপাতালের হেড নার্স বেশ বকাঝকা করেছিলেন তাঁকে। এলসি সেসময়েও কিছুটা নমনীয় আচরন করেছিলেন এই তরুণটির প্রতি। তখনো পুরোপুরি সুরাসক্ত হয়ে না উঠলেও মাঝে মাঝে গলা ভেজাবার জন্য হাসপাতালে নিষিদ্ধ এই পানীয়টি গোপনে জোগাড় করতেন হেমিংওয়ে। এলসি সেসব দেখেও না দেখার ভান করেছেন, বরং সবসময় পক্ষীশাবকের মতো আগলে রাখতে চেয়েছেন হেমিংওয়েকে (সূত্র: কেনেথ স্কাইলার লিন– হেমিংওয়ে)।
হেমিংওয়েকে স্বপ্ন থেকে মাটিতে নামিয়ে আনা অ্যাগনেসের ৭ মার্চের এই চিঠি সম্পর্কে হেমিংওয়ের বোন মার্সেলিনের মনে আছে যে তাঁর ভাই এই চিঠি পড়ে বমি করে দিয়েছিলেন। অ্যাগনেসকে হারানো তাঁর বাবার প্রথম জীবনের বড় একটা ট্র্যাজেডি বলে উল্লেখ করেছিলেন ছেলে জ্যাক হেমিংওয়ে। (সূত্র: কেন রিংগল– দ্য উওম্যান বিহাইন্ড হেমিংওয়েজ 'ফেয়ারওয়েল')


আলোকচিত্র:হেমিংওয়ের সাথে দুই সহকর্মী সহ কুরোওস্কি (বাম থেকে দ্বিতীয়)

এই চিঠি পাওয়ার কয়েকদিনের মধ্যে হেমিংওয়ে আমেরিকান রেডক্রসে তাঁর প্রাক্তন বন্ধু বিল হোমের কাছে একটা চিঠিতে লেখেন, "ও আমাকে ভালোবাসে না বিল। সব ফিরিয়ে নিয়েছে ও। . . . আমি কেবল অ্যাগকে চেয়েছিলাম। . . . আমি শুকনো মুখে গলায় আটকানো একটা দলা নিয়ে লিখছি তোমাকে, বিল, এসময় কথা বলার জন্য যদি তুমি থাকতে।" (সূত্র: স্কট ডোনাল্ডসন– দ্য জিলটিং অভ আর্নেস্ট হেমিংওয়ে)
উল্লেখ্য অ্যাগনেসের লেখা সব চিঠি পাওয়া গেলেও, তাঁর কছে লেখা হেমিংওয়ের কোনো চিঠি পাওয়া যায়নি। নতুন প্রেমিক দোমিনিকোই ঈর্ষাবশত অ্যাগনেসের কাছে হেমিংওয়ের লেখা সবগুলো চিঠি পুড়িয়ে ফেলেছিলেন, অ্যাগনেস পরবর্তী সময়ে এই চিঠি পোড়ানোর ঘটনাটিকে বাগদানের শর্ত হিসেবে স্বীকার করেছিলেন। তবে যে ইতালিয় প্রেমিকের কারণে হেমিংওয়ের প্রেমকে পায়ে ঠেলেছিলেন অ্যাগনেস, শেষাবধি তাঁর সাথে বিয়ে হয়নি ওঁর। কারণ, তাঁর অভিজাত বংশীয়া হবু শাশুড়ি দোমিনিকোর মা বেঁকে বসায় বিয়েটি ভেঙে গিয়েছিল। বিয়েতে নারাজি হওয়ার জন্য দোমিনিকোর মা যে কারণটি দেখিয়েছিলেন সেটি অ্যাগনেসের জন্য খুব স্বস্তিকর ছিল না, মহিলার মতে এরা হচ্ছে আমেরিকান মারকুটে দুঃসাহসী মেয়েছেলে, ওঁর ছেলের সাথে খুব ভালো জুটি হবে না।
মাস ছয়েক পর অ্যাগনেস তাঁর এই ব্যর্থ বিয়ের খবরটি নিজেই চিঠি লিখে হেমিংওয়েকে জানিয়েছিলেন, কিন্তু হেমিংওয়ে তার কোনো জবাব দেননি। অ্যাম্বুলেন্স ইউনিটে তাঁর একসময়ের সহকর্মী বন্ধু হাওয়েল জেনকিনসের কাছে লেখা (১৬ জুন, ১৯১৯) চিঠিতে বলেছিলেন, "গতকাল রোম থেকে অ্যাগ-এর একটা করুণ চিঠি পেলাম। সে তার মেজরের [দোমিনিকোর পদবী ছিল লেফটেন্যান্ট] সাথে ঝগড়া করে বিচ্ছিন্ন হয়ে গেছে। মানসিকভাবে খুব বাজে অবস্থায় আছে ও এবং বলেছে, আমার সাথে যা করেছে তার জন্য এই ঘটনাটিকে প্রতিশোধ বলে ভাবতে পারি আমি। বেচারী। ওর জন্য খুব খারাপ লাগছে। কিন্তু এখানে আমার করার কিছু নেই। একদা ওকে ভালোবেসেছিলাম আমি, আর ও আমাকে ঠকিয়েছে। আমি ওকে দোষ দিই না। ওর স্মৃতিগুলো ঝালাই করে বন্ধ করে দিতে চেয়েছিলাম আমি, মদ খেয়ে আর অন্য মেয়েদের সাথে মিশে পুড়িয়ে ফেলেছি সব, এখন আর কিছু নেই।" (কার্লোস বেকার : সিলেক্টেড লেটারস)
প্রথম প্রেমের এরকম সমাপ্তির আড়াই বছরের মাথায় হেমিংওয়ে হ্যাডলিকে বিয়ে করেন। মজার ব্যাপার হ্যাডলি ছিলেন হেমিংওয়ের চেয়ে আট বছরের আর অ্যাগনেসের এক বছরের বড়। এই বিয়ের অতিথি তালিকায় হেমিংওয়ে তাঁর প্রথম প্রেমিকার নামও রেখেছিলেন, তবে সেই নিমন্ত্রণপত্র যথাস্থানে গিয়ে পৌঁছেছিল কি না জানা যায়নি। এই বিয়ের পরও হেমিংওয়ে কিন্তু তাঁর প্রথম প্রেমের কথা ভুলতে পারেননি। তাই বিয়ের একবছরের মাথায় হেমিংওয়ে অ্যাগনেসকে দীর্ঘ বিরতির পর একটা চিঠি লেখেন। এখনে একটা কথা উল্লেখ করা প্রাসঙ্গিক, সেবছরের জুন মাসে হেমিংওয়ে প্রথমা স্ত্রী হ্যাডলির সাথে ইতালি ভ্রমণে গিয়ে তাঁর স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে ঘুরে বেড়িয়েছিলেন। সেই ভ্রমণ হয়তো অ্যাগনেসের সাথে তাঁর অমলিন স্মৃতিগুলোকে জাগিয়ে তুলেছিল। সেই চিঠিতে তিনি তাঁর বিয়ে এবং অ্যাগনেসের স্বপ্নের শহর প্যারিসে তাঁদের নতুন সংসার পাতবার খবর, টরন্টো স্টার পত্রিকার সাংবাদিক হিসেবে তাঁর ইওরোপ ঘুরে বেড়াবার কথা, তাঁর প্রকাশিতব্য প্রথম বই থ্রি স্টোরিজ অ্যান্ড টেন পোয়েমস-এর সংবাদ জানিয়ে বোঝাতে চেয়েছিলেন যে তিনি আর চালচুলোহীন এক বালকমাত্র নেই। এই চিঠির জবাব লিখেছিলেন অ্যাগনেস ২২ ডিসেম্বর, ১৯২২ তারিখে। 'ডিয়ার কিড' সম্বোধনে তিনি লেখেন, "অতীত থেকে তোমার বার্তা যখন আমার কাছে পৌঁছায়, বিস্ময় কাটিয়ে ওঠার পর বুঝতে পারি, জীবনে কখনোই আর কিছুতে এত খুশি হইনি আমি। তুমি জানো যেভাবে আমাদের বন্ধুত্ব শেষ হয় তাতে সব সময় কিছু তিক্ততা ছিল . . . যা-ই হোক আমি সবসময় জানতাম শেষ পর্যন্ত এটা ঠিক হয়ে যাবে, এবং তুমি বুঝতে পারবে যে এটাই ছিল সবচেয়ে ভালো পথ, আমি নিশ্চিত এটা তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ এখন তোমার কাছে হ্যাডলি আছে।" এই চিঠিতে এমনকি নার্স এলসি ম্যাকডোনাল্ডের কাছে লেখা চিঠিতে তাঁর প্রতি হেমিংওয়ের অভিশাপের উল্লেখও করেছিলেন অ্যাগনেস। এসময়ও হেমিংওয়ে অ্যাগনেসকে ভুলতে পারেননি এবং ভেতরে একটা আশা পোষন করে রেখেছিলেন যে প্রথম প্রেমিকার সাথে তিনি সম্পর্কটা পুনঃস্থাপন করতে পারেন। সাংবাদিক ও লেখক লিংকন স্টেফানসের কাছে এমন কথাও নাকি বলেছিলেন যে অ্যাগনেস যদি ফিরে আসতে চায় তাহলে হ্যাডলিকে ছেড়ে সাথে আবারও তারা মিলে যেতে পারেন কারণ, ওর জন্য সবকিছুই ছাড়তে রাজি আছেন তিনি (সুত্র: স্টিভেন পেন– মাই লস্ট প্রাইজ)। তবে তাঁর সেই ইচ্ছে পূরণ হয়নি।
পরবর্তী সময়ে অ্যাগনেস বিপত্নীক স্ট্যানফিল্ডকে বিয়ে করে ফ্লোরিডার কি ওয়েস্টে থিতু হয়েছিলেন। হেমিংওয়েও সেই কি ওয়েস্টে প্রায় দশ বছর বসবাস করে ফেয়ারওয়েল টু আর্মস সহ বহু গুরুত্বপূর্ণ গল্প উপন্যাস রচনা করেছিলেন, কিন্তু প্রথম প্রেমিকার সাথে আর কখনোই দেখা হয়নি তাঁর।
প্রথম প্রেমের স্মৃতি তাঁকে এতটাই তাড়িত করেছিল যে ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসের ক্যাথারিন বার্কলে চরিত্রটির মধ্যে প্রথম প্রেমিকা অ্যাগনেসকে যে প্রায় খোলামেলাভাবে উপস্থাপন করেছেন হেমিংওয়ে, সেটা স্পষ্ট। এই নার্সটির সাথে তাঁর স্বল্পস্থায়ী সম্পর্কের ইতিবৃত্ত জানা থাকলে ক্যাথারিন চরিত্রটিকে অ্যাগনেস বলে চেনা যায়। যেমন
"আমি বিছানায় যাওয়ার পর সবাই যখন ঘুমে এবং সে যখন নিশ্চিত যে কেউ আর ডাকবে না ওকে, সে আসে ও। আমি ওর চুলগুলো খুলে দিতে পছন্দ করতাম, এসময় আমাকে চুমু খাওয়ার জন্য হঠাৎ করে মাথাটা নামিয়ে আনার সময়টুকু ছাড়া বাকি সময় খুব চুপচাপ খাটের ওপর বসে থাকত ও, ওর চুলের কাঁটা খুলে বিছানার চাদরের ওপর রেখে দিতাম আমি, চুলগুলো খুলে যেতো, এসময় ও যখন খুব শান্তভাবে বসে থাকতো আমি তাকিয়ে থাকতাম ওর দিকে, তখন বাকি দুটো চুলের কাঁটা খুলে নিলে চুলের পুরো রাশি নেমে আসতো, ও মাথা নামিয়ে আনলে দুজনই তার ভেতর ঢুকে পড়তাম, মনে হতো একটা তাবুর ভেতর কিংবা জলপ্রপাতের পিছনে রয়েছি আমরা।"
একদিন ফ্রেডরিক বলে যে তাকে খুব শিগগিরই ফ্রন্টে ফিরে যেতে হবে। ক্যাথেরিন বলে,
"তোমার না যাওয়া পর্যন্ত এটা নিয়ে আমরা না ভাবি। দেখো, আমি খুশি ডার্লিং, আমাদের একটা চমৎকার সময় যাচ্ছে। বহুদিন আমি এত খুশি ছিলাম না, তোমার সাথে যখন দেখা হয় আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। পাগলই হয়ে গিয়েছিলাম মনে হয়। এখন আমরা সুখী আর দুজনই ভালোবাসি দুজনকে। চলো আমরা কেবল সুখী থাকি। তুমিও খুশি, কি খুশি নও? তুমি পছন্দ করো না এমন কিছু কি আমি করি? তোমাকে খুশি করার জন্য আমি কি কিছু করতে পারি? আমার চুল খুলে দেবো? তুমি খেলতে চাও?"
"হ্যাঁ, বিছানায় এসো।"
"ঠিক আছে। পেশেন্টদের দেখে আসি আগে।"
আহত ফ্রেডরিকের আবার মিলানের সেই হাসপাতালে ফিরে আসা, ক্যাথেরিনের সেই হাসপাতালে আবার বদলী হয়ে আসা, ওর নাইট ডিউটির কারণে ওদের ঘনিষ্ট মেলামেশার সুযোগ– এসবই হেমিংওয়ের সাথে অ্যাগনেসের প্রণয়পূর্ণ সময়গুলোর কথা মনে করিয়ে দেয়। এমনকি ফেয়ারওয়েল উপন্যাসের আরেক নার্স মিস গেইজ যখন পেশেন্টের বিছানায় ভারমুথের একটা খালি বোতল পায় এবং তার সাথে পান করার ইচ্ছে প্রকাশ করে, সেই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় অ্যাগনেসের সহকর্মী নার্স এলসি ম্যাকডোনাল্ডের কথা।
তবে বহু বছর পর অ্যাগনেস এই সমিল চরিত্র সম্পর্কে কথা বলেছেন যে চরিত্রটি মোটেই তিনি নন। চরিত্রটি যে লেখকের কল্পনার সৃষ্টি, সেকথা উল্লেখ করে তিনি প্রথম বিশ্বযুদ্ধে হেমিংওয়ের সহকর্মী, মিলানের হাসপাতালে সহরোগী, পরবর্তী সময়ের কুটনীতিবিদ এবং লেখক হেনরি ভিলার্ডকে বলেছিলেন, "আসুন, দয়া করে ব্যাপারটা পরিষ্কার করি। আমি সেরকম মেয়ে ছিলাম না।" তাঁর মতে উপন্যাসের ক্যাথারিন যে পুরাদস্তর উদ্ভট কল্পনা, এবং হাসপাতালে এরকম ভালোবাসার ঘটনা কল্পনাই করা যায় না। (সূত্র: জেমস নেগেল ও হেনরি ভিলার্ড– হেমিংওয়ে ইন লাভ অ্যান্ড ওয়ার: দ্য লস্ট ডায়েরি অভ অ্যাগনেস কুরোওস্কি)। সম্ভবত তাঁর এই অবস্থানের পক্ষে বড় যুক্তি ছিল যে উপন্যাসে ক্যাথেরিনের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি, কারণ অ্যাগনেস হেমিংওয়ের সাথে আর যা-ই করুন না কেন, তিনি সন্তানসম্ভবা হননি।
তবে 'ফেয়ারওয়েল' উপন্যাসে অ্যাগনেসকে যেভাবেই দেখানো হোক না কেন, হেমিংওয়ের দুর্বল গল্প 'একটি অতি ক্ষুদ্র গল্প'তে যেভাবে তাঁদের উভয়কে উপস্থাপন করা হয়েছে, সেটি সম্পর্কে অ্যাগনেসের কোনো প্রতিবাদই ধোপে টেকে না। গল্পটি যেন তাঁদের দুজনের জীবনের স্বল্পস্থায়ী একটা অধ্যায়ের তারিখহীন দিনপঞ্জি। গল্পের লুজ নামের নার্সটি যে অ্যাগনেস এবং অনামা রোগীটি যে হেমিংওয়ে, তাতে বিন্দুমাত্র অস্পষ্টতা নেই। একারণেই হয়তো এটি সফল একটা গল্প হয়ে ওঠেনি। "তারা একমত হয় যে সে আর পান করবে না, . . . সে (লুজ) তখনই বাড়ি ফিরতে অনিচ্ছুক বলে পাদুয়া থেকে মিলান অব্দি ট্রেনে ওরা ঝগড়া করতে করতে এসেছে। মিলান স্টেশনে যখন বিদায় নিতে হয়, ওরা বিদায় চুম্বন করে, কিন্তু ওদের ঝগড়া তখনো শেষ হয়নি।" চিঠি লেখালেখির একপর্যায়ে লুজ "শেষপর্যন্ত আমেরিকায় চিঠি লিখে জানায় যে ওদের মধ্যে ভালোবাসা ছিল কেবল বালক বালিকার মতো। সে তার জন্য দুঃখিত . . . এবং সেই বসন্তে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ওর বিয়ে হবে বলে আশা করছে ও। সে ওকে সবসময় ভালোবেসেছে, কিন্তু এখন বুঝতে পারছে যে সেই ভালোবাসা ছিল বাল্যপ্রেম মাত্র।" গল্পটির এই উদ্ধৃতাংশ এবং হেমিংওয়ে ও অ্যাগনেসের মধ্যকার ক্ষণস্থায়ী প্রেমের অধ্যায়ের সময় ঘটনাগুলোর সাথে কেবল চরিত্রের নামটি ছাড়া আর কোনোই অমিল নেই। এমনকি পাদুয়া থেকে মিলান পর্যন্ত ট্রেনে হেমিংওয়ে যে ছেলেমানুষী করেছিল, অ্যাগনেসের চিঠিতে তার উল্লেখও এই গল্পে অপ্রছন্ন।
হেমিংওয়ের অন্য গল্প উপন্যাসের কয়েকটিতেও তাঁর মা, প্রেমিকারা কিংবা স্ত্রীরাও যে উপস্থিত– সেটা খুব মোটা দাগেও বোঝা যায়। লেখায় এই ব্যক্তিজীবনের অভিজ্ঞতার প্রভাব নতুন কোনো উপসর্গ নয়। আমরা ক্রমে এরকম আরো দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবো।