নারীর আপন ভাগ্য এবং ‘সালেহার ইচ্ছা-অনিচ্ছা’
পূরবী বসুর "সালেহার ইচ্ছা-অনিচ্ছা" গল্পটি প্রথমে আমি পড়ি কলকাতা থেকে 'অনুষ্টুপ প্রকাশনী থেকে ১৯৯৬তে প্রকাশিত "বাংলাদেশের নারী আন্দোলনের গল্প" সংকলনে। প্রথমবার পড়েই এতো অসাধারণ লেগেছিল গল্পটা, এখনো সমান মুগ্ধতাই রয়েছে। কী কারণে সেই মুগ্ধতা তা আজ এই লেখাটিরভ মাধ্যমে বলবার চেষ্টা করবো।
১। গল্পে ঘটনার প্রকৃতিটাই দৈনন্দিন গড়পড়তা অন্যান্য ঘটনার থেকে এতোটা অন্যরকম যে ভীষণভাবে চমকে যেতে হয়। এরকম ঘটে? সত্যি?
২। গল্পটা এমন একটা মায়াময় ভাষায় লেখা হয়েছে, গত একশো বছরের পুরোনো গদ্যভাষাও এখানে আছে, আবার আজকালকার ভাষাও।
৩। গল্পটার মধ্যে মানবসমাজের ব্যক্তিগত স্বপ্ন এবং ইচ্ছাপূরণের এমন একটা ছবি আছে যে মনে হয় আমাদের জীবনে অসম্ভব বলে কিছু নেই, আমরা যা চাই তা অবশ্যই আমরা পেতে পারি যদি সেটা পাবার জন্য যে দাম দিতে হয়, নিজের সবকিছু দিয়েও সেই দাম চুকাতে আমরা প্রস্তুত থাকি।
৪। লেখিকা এক রঞ্জনরশ্মির মধ্য দিয়ে সমাজের ক্ষমতাবানদের অবস্থানটি দেখিয়ে দিয়েছেন। তার জন্য তাঁকে কোনো ভূমিকা বা আলাদা মন্তব্য করতে হয়নি। ব্যক্তি এবং ঘটনাকে এমনভাবে সাজিয়েছেন যে আপনা আপনিই সমাজে তার আসল রূপ, কার্যপদ্ধতি, দিল্লির ভাষায় যাকে বলে 'দুধ কা দুধ, পানি কা পানি' বেরিয়ে এসেছে।
পরের আলোচনায় ঢোকার আগে গল্পের কথাবস্তুটা সরলরেখায় ঝালিয়ে নেওয়া যাক: বাংলাদেশের গ্রাম তারপাশায় বাপমরা গরীব যুবতী মেয়ে সালেহা ও তার মায়ের অভাবের সংসার। পরের বাড়ির ধান ভেনে, ধান সেদ্ধ করে, গরু-বাছুরের দেখাশোনা করে কঠোর পরিশ্রম করে তাদের পেটের ভাত জোগাড় করতে হয়। গল্পের ঘটনাক্ষণের তিনবছর আগে সেই গ্রামেরই কাশেম মোল্লার ছেলে সোবহান সালেহার সঙ্গে মেলামেশা করতো। যদিও একথা এই গল্পে সরসরি বলা নেই, তবু কথাবার্তা থেকে বোঝা যায় যে এই মেলামেশার ফলে সালেহা গর্ভবতী হয়ে পড়ে। সোবহান তখন শহরে পড়তে গিয়েছিল। তার পরে কী ঘটনা ঘটে তার স্পষ্ট উল্লেখ কোথাও নেই। সালেহার অপরাধের বিচার যেদিন সন্ধ্যায় তাদের বাড়িতে হচ্ছিলো, গ্রামের সব মুরুব্বি যেমন জমিদার, মসজিদের ইমাম, কাজী, মাদ্রাসার মৌলবী এবং অন্যান্য নারী-পুরুষ সমস্ত গ্রামবাসীর উপস্থিতিতে, সালেহাদের বাড়ির উঠানে সমস্ত পুরুষরা জমায়েত হয়েছিলেন, গ্রামের নারীরা সব সালেহাদের ঘরের ভিতরে, ইমামসাহেব উঠান থেকে ঘরের ভেতরে থাকা সালেহাকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সালেহা জবাব দিচ্ছে। ইমামসাহেব সালেহাকে জিজ্ঞাসা করেন যে সোবহান সালেহার শরীরের উপর প্রথম থেকেই কখনো জবরদস্তি করতো কিনা, সেই অভিযোগ সালেহা নাকচ করে দেয়। বরং সে যে সোবহানের সঙ্গ উপভোগই করতো সেটাই স্বীকার করে। ইমামসাহেবের প্রশ্নের উত্তরে সালেহা জানায় যে তিনবছর আগে সোবহান যখন তাকে বিয়ের প্রস্তাব দেয়, সালেহা তা মেনে নেয়না, কারণ তার মতো মেয়ে সমাজে স্ত্রী হিসাবে গৃহীতা হতে পারেনা (এখানে নিশ্চয়ই সালেহা তার অবাঞ্ছিত মাতৃত্বের কথা উল্লেখ করছে)। সালেহা গ্রামের মাতব্বরদের এও জানায় যে আগে সোবহানের সঙ্গে মেলামেশার সময় জানতো না কীভাবে সতর্কতা অবলম্বন করলে বিপদে পড়তে হয়না, এখন এ বিষয়ে তার জ্ঞান বেড়েছে, তাই সোবহানের সঙ্গ সে উপভোগ করে।
যে অপরাধের জন্য সেদিন সালেহার বিচারসভা বসেছিল (কদিন আগে সোবহানের পুরুষাঙ্গ বঁটি দিয়ে সালেহা প্রায় অর্ধেক কেটে দিয়েছিল) তার কারণ হিসাবে সালেহা জানায় যে অন্যসময় সে সোবহানের সঙ্গ, তার মিষ্টি ব্যবহার পছন্দ করলেও অন্যদিনের মতো সেদিন সে সঙ্গমে সম্মত ছিল না। এর আগেও একদিন সালেহার অনিচ্ছা সত্ত্বেও সোবহান জোর করে তাকে ধর্ষণ করেছিল। দ্বিতীয় দিন সালেহা সোবহানকে এই সুযোগ দেয়নি।
ইমামসাহেব যখন সালেহাকে জিজ্ঞেস করলেন যে কখনো বিয়ে হবেনা জেনেও সে কীভাবে সে সোবহানের সঙ্গে এরকম ঘনিষ্ঠতা উপভোগ করতো? তার নিজের প্রতি ঘৃণাবোধ হ'ত না? সালেহা বলে যে, যখন সে জানতে পারে জীবনে কখনো আর তার বিয়ে হবেনা, কঠিন কায়িক পরিশ্রম করে এবং সকলের কাছে তাকে লাথিঝাঁটা, এমনকি তার নিজের মায়ের কাছেও, খেয়েই বেঁচে থাকতে হবে, তখন সোবহানের মিষ্টিমধুর ব্যবহার সালেহার খুব ভালো লাগতো। কিন্তু চূড়ান্ত ঘটনা ঘটবার আগে সোবহানের প্রথম দিনের জবরদস্তি যথাসম্ভব প্রতিরোধ করলেও (যা কার্যত ব্যর্থ হয়েছিল) দ্বিতীয় দিন সালেহা সোবহানকে সেই সুযোগই দেয়নি, বঁটি দিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলতে উদ্যত হয়েছে, আহত সোবহান প্রাণ নিয়ে দৌড়ে পালিয়ে বেঁচেছে।
সালেহা তার শেষ স্পষ্ট স্বীকারোক্তি আর ঘরের পর্দার আড়ালে থেকে নয়, ঘর থেকে বেরিয়ে এসে উঠোনে জমায়েত হওয়া সমস্ত পুরুষের সামনে স্বীকার করে।
এর ঠিক পরবর্তীতে কী ঘটনা ঘটলো তা গল্পে স্পষ্ট করে বিবৃত নয়। জানা যাচ্ছে যে সালেহার সারা শরীরে আঘাতের চিহ্ণ। নিশ্চয়ই অগুনতি বেত্রাঘাত করে সালেহাকে শাস্তি দেওয়া হয়েছে, তার সারা শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, গায়ে জ্বর এসেছে, আর সালেহার মা গরম জলে ন্যাকড়া ভিজিয়ে সেই সব বিচিত্র রেখাগুলো আস্তে আস্তে মুছিয়ে দিয়েছে । তারপর রসুন ছেঁচা গরম সরষের তেল আঙুলের আগায় করে সেইসব দাগগুলোতে বুলিয়ে দেয় সালেহার মা। পিঠের যেসব জায়গায় লম্বালম্বিভাবে কেটে গিয়েছিল, সেখানে জ্বলন্ত সলতে দিয়ে সেঁকের শুশ্রুষা করে। এতো আঘাত, অপমান, শাস্তির পরও সালেহা কেন বেঁচে থাকতে চায়, মায়ের এই প্রশ্নের উত্তরে সালেহা জানায় যে রোজই সে ভাবে পরের দিনটা হয়তো সুদিন হয়ে আসবে, আসে না। তবু কেন যেন সালেহার বাঁচার আকাঙ্ক্ষা ফুরায় না।
"সালেহার ইচ্ছা-অনিচ্ছা"র কথাবস্তু এটুকুই। কিন্তু এটুকু বললে গল্পটি সম্পর্কে কিছুই বলা হয় না। কারণ গল্পের প্রাণভোমরা লুকিয়ে আছে এর বিবরণ ভঙ্গিতে, প্রকৃতিতে, বিবরণের নানা ফাঁকফোকরে, অর্থাৎ ঘটনার অংশবিশেষ অত্যন্ত সচেতনভাবে এড়িয়ে যাওয়ার মধ্যে। বিবরণভঙ্গির জন্য অবলম্বন করা হয়েছে এমন একটি পদ্ধতি যেটা মনে হয় দৈনন্দিন ঘটনার মধ্যে একটা অত্বর গতি রয়েছে, রয়েছে একটা অমোঘ স্বাভাবিকতা যেমন রহিমার নিকানো উঠান, তার মেয়ের মাথায় নারকেল তেল ঘষে দেওয়া ইত্যাদি, ইত্যাদি। ইতিমধ্যে সালেহাদের তারপাশা গ্রামে ঘটে গেছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, জীবনযাত্রার দৈনন্দিনতাকে যেন এর বাইরে রাখা হয়েছে যা গল্পের পরবর্তী নাটকীয়তার সঙ্গে বৈপরীত্য সৃষ্টি করে অসম্ভব এক গতিসঞ্চার করতে সমর্থ হয়েছে।
গল্পটির একটা প্রতিপাদ্য তো নিশ্চয় এটা যে মৌলবাদী সমাজের বিচারব্যবস্থা খুব কট্টরভাবেই নারীবিরোধী। গল্পের ঘটনাকালের তিনবছরের বেশি সময় থেকেই সালেহা-সোবহান তথাকথিত 'অবৈধ' সম্পর্কে জড়িত, যার ফলস্বরূপ সালেহা গর্ভবতীও হয়েছে। হতে পারে যে সালেহার ভূমিকা শেষপর্যন্ত ছিলো বেশি হিংসাত্বক কিন্তু সোবহানও তো অপরাধমুক্ত নয়। সে-ও তো সালেহার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। কই, গ্রামের সালিশীসভা তো তার কোন শাস্তিবিধান করলো না।
"সালেহার ইচ্ছা-অনিচ্ছা'তে একটা খুব উল্লেখযোগ্য বড়ো বিষয় হলো মানুষের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছাকে (যে ইচ্ছা অন্যের ক্ষতিকারক নয়) সমাজব্যবস্থার কেন্দ্রে স্থাপন করবার প্রয়াস। সভ্যতার একটা বড় অর্জন তো মানুষের উপর জবরদস্তি না করা, তার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছাকে মান্য করা, মর্যাদা দেওয়া। সভ্যসমাজে এরকম বহু নজীর পাওয়া যায় যে প্রাপ্তবয়স্ক নারীপুরুষরা বিয়ের পরে সহবাসের জন্য পারস্পরিক সম্মতির অপেক্ষা করে। স্ত্রীর অসম্মতিতে তার সঙ্গে সহবাস করলে স্বামী 'বৈবাহিক ধর্ষণ'-এর অপরাধে দণ্ডিত হবেন, আইনে সেই ব্যবস্থা আছে। আমাদের আলোচ্য গল্পে সালিশসভায় যখন সালেহা জানালো যে চূড়ান্ত ঘটনার দিনে, এমনকি তার আগেও একদিন তার ইচ্ছা হয়নি বলে সোবহানের সঙ্গে সহবাসে সম্মতি দেয়নি। গল্পে পুরো ঘটনাটাই এতো সূক্ষ্ম ও স্বাদুভাবে বর্ণিত হয়েছে যে মনে হয় সঠিক ভাবে সেটা বোঝাবার জন্য লেখিকার নিজের ভাষা তুলে দেওয়া ছাড়া গতি নেইঃ
"বাইরের লোকজন এতক্ষণে অধৈর্য হয়ে পড়েছে। তারা এখনও শুনতে পায় নি সালেহার অপরাধের পেছনের কারণটি কি। বড় আস্তে সে কথাটি বলেছিল সালেহা। শব্দটা শ্রুতিগোচর হয় নি। গ্রামবাসীদের অনুরোধে ইমাম সালেহাকে নির্দেশ দেন কেন সে এই কাজ করেছে সেই জবাবটা জোরে আরেকবার বলতে, যাতে সকলে শুনতে পায়। সালেহা তখন পর্দা সরিয়ে দরজার বাইরে বেরিয়ে আসে। তারপর সকলের সামনে দাঁড়িয়ে বলে, ' আমি ঐ কাজ করছি এর লেগ্যা যে ঐদিন আমার ইচ্ছা করে নাই, তারপরেও হ্যায় জোর করছিল'।
শুধু সোবহান নয়, কাশেম মোল্লা নয়, মসজিদের সদ্যবিবাহিত জোয়ান ইমাম, তার পাশের বৃদ্ধ কাজী, মৌলবী সাহেব বা মেজ চৌধুরীও নয়, তামাম গ্রামবাসীর বিস্মিত দৃষ্টির সামনে হ্যাজাক লাইটের উজ্জ্বলআলোতে ঘরের দরজার সামনে সোজা দাঁড়িয়ে থাকে সালেহা। মনে হয় যেন সে এই গ্রামের কেউ নয়। যেন মূর্তিমতী এক ইচ্ছাময়ী দেবী অথবা কোন প্রেতাত্মা।
সালেহার কন্ঠনিঃসৃত অনুচ্চ, ছোট্ট ও মোলায়েম শব্দটি হঠাৎ বেগবতী হইয়া উঠে।"
গল্পটির আরম্ভ হয়েছে সাধুভাষায়, সালিশী বর্ণনার সময় ব্যবহার করা হয়েছে চলিত ভাষা, আবার সালেহা যখন নিজের হিংস্রতার কারণ ব্যাখ্যা করে, যে ঘোষণাটি ছিল ওই সময়ে ওই গ্রামে এক আণবিক বোমাপতন সদৃশ, কারণ কেউ প্রস্তুত ছিলনা এরকম কিছুর অস্তিত্বের জন্য, সেই আণবিক মুহূর্তে গল্পের ভাষাকে আবার ফিরিয়ে নেওয়া হয় তার বহু পুরানো পোশাকে, যেন পাঠককে একটা ধাক্কা দিয়ে নড়িয়ে চড়িয়ে বসিয়ে দেওয়ার জন্য, লেখিকার বার্তা অনুযায়ী 'ইচ্ছাময়ী' দেবী (অথবা কোনো প্রেতাত্মা) সালেহার অত্যন্ত কট্টরভাবে ধার্মিক, সামন্ততান্ত্রিক সমাজে উড়িয়ে দেওয়া 'ইচ্ছা' নামক এক অপূর্ব, অভূতপূর্ব সত্ত্বাকে যার অস্ত্বিত্ব যেন ঐখানে কখনো, কোনো কালেই ছিলনা। গল্পের ভাষাটা এখানে হয়ে যায় কাব্যিক, কারণ গ্রামীণ ইচ্ছার সংক্রমণ, পরিভ্রমণ গল্পে তখন অন্যলোকে প্রবেশ করেছে। গ্রামের রামতনুর মেয়ে আজ নামতা মুখস্ত করবে না, জোবেদা রাঁধবে না, স্কুলমাস্টার খালেকের স্ত্রী হঠাৎ পাওয়া নির্জনতার সুযোগে, স্বামীর সঙ্গে শারীরিকভাবে নয়, মনের আদানপ্রদানে অত্যধিক আগ্রহী হয়ে উঠবে। কিন্তু যে সমাজ ভয়ঙ্করভাবে সামন্ততান্ত্রিক ভাবধারার খাতে চলছে, যে সমাজ সর্বনাশাভাবে কট্টর তারা কীভাবে সমাজের সবচেয়ে দুর্বল অবস্থানে যে আছে, সেই মেয়েদের ইচ্ছার স্বাধীনতাকে মূল্য দেবে? তাহলে তো সেই সমাজ যে চূড়ান্ত সামন্ততান্ত্রিক আজ্ঞানুবর্তিতার ভিতটার ওপর দাঁড়িয়ে আছে সেই ভিতটাই ধ্বসে পড়বে। অতএব ধর্মের যথাবিহিত বিধান অনুযায়ী যা শাস্তি দেবার ছিল, তাই করা হলো, সর্বজনসমক্ষে তাকে বেত মেরে ক্ষতবিক্ষত করা হলো ( যদিও গল্পের কোথাও সেই বর্ণণা নেই, সেকথা আগে বলে নিয়েছি)
এও আগে বলেছি যে সোবহানও ব্যভিচারী, সালিশীসভা কিন্তু তাকে কোনোরকম শাস্তির আওতায় আনলো না, সালেহার যৌনজীবনের বর্ণণা শুনতে শুনতে মুরুব্বীদের 'নাউজুবিল্লাহ', 'ওয়াস্তাক ফেরুল্লা' ইত্যাদি শপথবাক্য যতই উচ্চারণ করুন না কেন, (ঘরের ভেতর মহিলারা সালেহার স্পষ্ট উক্তি শুনে, মুখে আঁচল চেপে ধরছিল),–এই সব আচরণের মধ্যে সমাজের লাগামছাড়া ভণ্ডামিই প্রকাশ পায়। সালেহা এই ভণ্ডামির বাইরে থেকে, সমাজকে 'চ্যালেঞ্জ' জানাতে পেরেছে। যেমন করে সমাজের বেঁধে দেওয়া রাস্তায় না চলে যীশুখৃস্ট, বা জোয়ান অফ আর্ক মৃত্যুদণ্ড পেয়েছিলেন। তুলনাটা হয়তো সমানুপাত হলোনা, কিন্তু ঘটনাগুলির পর্যায় কি সমপঙতির নয়?
বাঙলাদেশের এক অজ পাড়াগাঁয়ের গরীব মেয়ে সালেহা কী করে এমন দুঃসাহসী হয়ে উঠতে পারলো? গল্পটা ১৯৯৩ বা ১৯৯৪তে লেখা হয়েছিল, অন্তত লেখিকার তাই ধারণা, প্রথম ছাপা হয় ঢাকা থেকে প্রকাশিত 'দৈনিক সংবাদ'এর সাহিত্য সাময়িকীতে। প্রথম সংকলনভুক্ত হয় 'সে নহি নহি'তে ১৯৯৫-এর ফেব্রুয়ারিতে। আমি যে সংকলনে গল্পটি পড়েছি ("বাঙলাদেশের নারী আন্দোলনের গল্প") সেটি ১৯৯৬ তে প্রকাশিত। জানতে ইচ্ছা করে যে গল্পটি লেখার আগে, অর্থাৎ ১৯৯৩র আগে এরকম ঘটনা কি বাঙলাদেশে ঘটেছিল? যেমন ১৯৯৩র জুনে আমেরিকার ভার্জিনিয়াতে লরেনা ববিট তাঁর অত্যাচারী স্বামীর ঘুমন্ত অবস্থায় পুরুষাঙ্গ কেটে নিয়েছিলেন দীর্ঘদিন শারীরিক এবং মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে। অবশ্য বাঙলাদেশে আদৌ এরকম ঘটনা ঘটেছিল কিনা তা জানা তত প্রাসঙ্গিক নয়। আয়েশার মতো "এই বন্দী আমার প্রাণেশ্বর" ১৮৬৫ তে ভারতবর্ষে কোনো নারী সেকালে বলেছিল কিনা, অথবা আনন্দময়ীর মতো কোনো হিন্দুনারী ১৯১০এর আগে বাংলায় সদ্যোজাত মাতৃহীন কোনো শিশুকে তার জন্মপরিচয় গোপন রেখে আপন সন্তান হিসাবে গ্রহণ করেছিলেন কিনা জানা 'দুর্গেশনন্দিনী" বা "গোরা" পড়বার সময় না জানলেও শিল্প-আস্বাদনে সমস্যা ঘটেনা। লেখক তাঁর কল্পনাশক্তি এবং রচনা দক্ষতার ক্ষমতায় অনেক 'অপরিচিত', 'অসম্ভব'কে আমাদের/পাঠকদের করতলগত করে দেন। সাহিত্যের ইতিহাসে তার ভূরি ভূরি নজীর আছে।
যে কথাটা হচ্ছিলো, সালেহা কী করে এতো দুঃসাহসী হয়ে উঠলো? একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে, সমাজবদ্ধ জীব হিসাবে আমরা নানা রকম সামাজিক অনুশাসনের দ্বারা দিনাতিপাত করি। কিন্তু সমাজতাত্ত্বিকরা গবেষণায় দেখেছেন যে নানাভাবে যখন ব্যক্তিকে উপুর্যপরি পীড়ন করা হয়, তখন সেই ব্যক্তি আত্মরক্ষার জন্যই এমন একটা তথাকথিত অসম্ভব "বেয়াড়া" আচরণের মাধ্যমে, সমাজের সমস্ত অনুশাসনকে অগ্রাহ্য করে সেই সমাজের ক্ষমতাবানদের কর্তৃত্বকে ধূলায় লুটিয়ে দেয়। যেমন আমরা মহাশ্বেতা দেবীর "দ্রৌপদী" গল্পের শেষে দেখতে পাই। সম্পূর্ণভাবে বিবস্ত্র করে, হাত-পা খুঁটায় বেঁধে, সারারাত ধরে নকশালকর্মী দোপদীকে ধর্ষণ করে পরদিন সকালে কাপড় পরিয়ে পুলিশ যখন পরদিন সকালে বড়কর্তার কাছে হাজির করাতে চাইল, দোপদির উত্তর ছিল, "হেথা কেউ পুরুষ নাই যে লাজ করবো…… কাপড় পরাতে দিব না। লেংটা করতে পারিস, কাপড় পরাবি কেমন করে? মরদ তু?" এই কথা বলতে বলতে রক্তমাখা থুতু ফেলবার জন্য দোপদি সেনানায়কের সাদা বুশসার্টটিই বেছে নেয়। /অসম্ভব অসহায় বোধ করেন সেনা নায়ক।
তাই আমাদের আলোচ্য গল্পে বাস্তবে এরকম ঘটনা ঘটুক আর না-ই ঘটুক, তারপাশার ঐ পরিবেশে সালেহার এরকম আচরণ সাহিত্যে বাস্তবতার সমস্ত শর্ত মেনেই প্রতিষ্ঠিত হয়েছে। আসলে সাহিত্য এই কারণেও তো আমাদের জীবনের মধ্যে পূর্ণতার বোধ আনে, জীবনের কাছে আমাদের প্রত্যাশা, স্বপ্নগুলো সাকার করে। অবশ্য এই প্রত্যাশা ও স্বপ্নপূরণ করবার কতগুলো শৈল্পিক শর্ত থাকে, যেগুলো না মেটালে সাহিত্য পাঠকের মন ছুঁতে পারেনা। লেখিকা পূরবী বসু তা করতে পেরেছেন গ্রামের দৈনন্দিন জীবনযাত্রার টুকরো, টুকরো ছবির 'এপ্লিক' জুড়ে, যেগুলির কিছু কিছু এই লেখাটির প্রথমে বা মাঝখানে বলেছি। আবার একই সঙ্গে কোথাও সাধুভাষার আশ্রয় নিয়ে গ্রামের দৈনন্দিন জীবনধারার সঙ্গে পাঠকের ছেদ ঘটিয়ে ওই গ্রামের মানুষেরই 'ইচ্ছে'ঘুড়িকে আকাশে উড়িয়ে দিয়েছেন। তারপাশা গ্রামে যেখানে সিংহভাগ মানুষের পক্ষে জীবনকে সুন্দরভাবে যাপন করবার জন্য কোনো সুবিধাই নেই, রাস্তাঘাট নেই, জীবিকা নেই, সেখানে সমাজের সবচেয়ে দুর্বল মেয়েটিও তার ইচ্ছাকে মূল্য দেবার সাহস দেখাতে পারে, যার উক্তি "দুর্গেশনন্দিনী"র 'এই বন্দী আমার প্রাণেশ্বর "-এর সমতূল্য বিস্ফোরক। সালেহা সালিশী সভায় স্বীকারোক্তিতে বলে, [যে কথাটা আগেও একবার উল্লেখ করেছি] " আমি ঐ কাজ করছি এর লেগ্যা যে ঐদিন আমার ইচ্ছা করে নাই, তারপরেও হ্যায় জোর করছিল"। সর্বসমক্ষে অমানুষিক বেত্রাঘাতের ক্ষত শুশ্রূষার সময় সালেহার মা যখন বলে যে এতো আঘাত অপমানের থেকে ছোটোবেলায় হওয়া মারাত্মক হামেই সালেহার মরে যাওয়াই ভালো ছিল। অথবা এতো আঘাত-অপমান-অত্যাচারের পর বিষ খেয়ে, গলায় দড়ি দিয়ে মরে গেল না কেন সালেহা? উত্তরে সালেহা বলে "……না লো মা……মরি নাই ক্যান জানস? রোজই গুম থেকে উইঠ্যা ভাবি কাউলকা থেইক্যা সুদিন আইব। আহে না। হের পরও ক্যান জানি বাঁইচ্যা থাকতে ইচ্ছা করে।"
গল্পে এই অসম্ভব আশার প্রতিষ্ঠা এর একটা প্রচণ্ড জোর যেটা পাঠককে ভীষণভাবে নড়িয়ে দেয়, যারপরনাই উদ্দীপিত করে, জীবনসংলগ্ন করে, জীবনের একটি নূতন ধারাপাত শেখায়।
প্লেটো তাঁর রিপাবলিক থেকে কবি-শিল্পীদের নির্বাসন দিতে চেয়েছিলেন এই জন্য যে কবি, শিল্পীরা সাহিত্যে মিথ্যার জয়গান করে বাস্তব জগতের থেকে লোকজনদের দূরে সরিয়ে নিয়ে যান। যুদ্ধে স্পার্টার কাছে আথেন্স-এর পরাজয়।প্লেটো মেনে নিতে পারেননি বলে এই পরাজয়ের দায় প্লেটো কবি, শিল্পীদের উপর বর্তিয়ে ছিলেন। প্লেটোশিষ্য আরিস্ততল তাঁর 'পোয়েটিকস' গ্রন্থে প্লেটোর এই অভিযোগ এইভাবে খণ্ডন করেছিলেনঃ ট্রাজেডির আলোচনাকালে আরিস্ততল দেখিয়েছেন যে ট্রাজেডির মাধ্যমে দর্শকের মনে নায়কের জন্য যে ত্রাস এবং করুণা জাগ্রত করা হয়, ট্রাজেডির ঘটনা সংস্থান দর্শকের মনে জড়ো হওয়া সেই ত্রাসের মোক্ষণ ঘটিয়ে তাঁদের এক নূতন উজ্জীবিত সত্তায় করে। কাজেই কবি, শিল্পী রিপাবলিকে বসবাস করবার পক্ষে মোটেই বিপজ্জনক নন, বরং ঠিক তার উল্টো।
কিন্তু এতো কথা, এতো ধানাই-পানাই কীসের জন্য? এই জন্য যে 'সালেহার ইচ্ছা-অনিচ্ছা' গল্পটা এতো ভয়ঙ্কর ভাবে উদ্দীপক, শতকথা বলেও এটার মর্মোদ্ধার করা যায় না। কারণ গল্পটার নিঃশব্দতা, এর ফাঁকফোকরে এর বহু মর্মবস্তু লুকিয়ে আছে। ঐগুলো চিরে চিরে বার করে দেখাতে গেলে 'পুঁথি বেড়ে যায়' আর পাঠকেরও ধৈর্য হারিয়ে ফেলার কথা। গল্পের শেষে যে আশাবাদ ফোটানো হয়েছে, এ আশাবাদ কিন্তু বিগত শতাব্দীর ষাট-সত্তর দশকের গড়পড়তা বিপ্লবী নাটকের অগভীর আশাবাদ নয়। এর জাতগোত্রই আলাদা। সেটা বোঝাবার জন্যই সামান্য এই প্রচেষ্টা। অনেক সময় মানবসৃষ্ট কোনো আশ্চর্য শিল্পবস্তুকে বোঝাতে গিয়ে যে উক্তিটি ব্যবহৃত হয়, "এ ঈশ্বরের আপন হাতের সৃষ্টি", ইচ্ছা হয় "সালেহার ইচ্ছা-অনিচ্ছা" সেই কথাটিই বলতে।
অলমিতি-
