ভরার মেয়ে সম্পর্কে দু’চারটি কথা
চিত্রকর্ম: সুলতানা মিমি
বঙ্গীয় কুলীন সমাজে একদল মেয়ের উদ্ভব হয়েছিল (সম্ভবত ১৬-১৭ শতকে) যাঁদের বলা হ'ত 'ভরার মেয়ে'। কুলীন সমাজে নাকি মেয়ের তুলনায় ছেলের সংখ্যা ছিল অনেক কম। রাজা বল্লাল সেন, যিনি কুলীন প্রথার সৃষ্টি করেছিলেন তিনি কুলীন সমাজের কৌলীন্য রক্ষা করবার উপায় হিসাবে বিবাহপ্রথার মধ্যে এত রকম বিধি-নিষেধ আরোপ করেছিলেন যে কয়েকটা ধরাবাঁধা গাঁই-গোত্রর মধ্যে বিয়ে দেবার বাধ্যবাধকতা তৈরি হয়েছিল। সমস্যা গুরুতর আকার ধারণ করেছিল কুলীন সমাজে পাত্রীর তুলনায় পাত্র অনেক কম থাকাতে। মেয়ের বাবার পক্ষে কৌলীন্য বজায় রাখার জন্য মেয়ের 'রজোদর্শনের' আগে 'স্বঘরে' তাঁকে কন্যাসম্প্রদান করতে হ'ত। নাহলে সমাজপতিরা তাঁকে সমাজ থেকে তাড়িয়ে দেবেন। যেখানে পাত্রীর তুলনায় পাত্রের সংখ্যা এত কম তাই পাত্রের অভিভাবকরা পাত্রীর বাবার 'নাচার' ভাব দেখে শুধুমাত্র পাত্রীর কপালে একটুখানি সিঁদুর ছোঁয়াবার জন্য একটা মোটা অঙ্কের টাকা হাঁকতেন পণ হিসাবে। কাজেই বহুসংখ্যক গরীব কুলীনকন্যা থাকতেন 'অবিবাহিত' অবস্থায়। যে সমস্ত কুলীনকন্যার বাবা কুলীন পাত্রপক্ষের খাঁই মিটিয়ে নিজের মেয়েকে কপালে একটুখানি সিঁদুর ছুঁইয়ে নিতেন তাঁদের মেয়েরা সারাজীবন বাবার সংসারেই থাকতেন, সেই স্বামীরা স্ত্রীর কোন দায়িত্বই নিতেন না, উল্টে শ্বশুরবাড়ি থেকে প্রতি বছর ভাতা আদায় করতেন বিয়ে করে কুলীনকন্যার উদ্ধার করেছেন বলে। যে সব দরিদ্র কুলীন পিতা, বোধ হয় তাঁরাই সংখ্যায় বেশি ছিলেন, দারিদ্র্যর জন্য কুলীন জামাই-এর 'পণ' জোগাড় করতে পারতেন না তাঁরা গোপনে মেয়েকে বিশেষ একশ্রেণীর নৌকায় তুলে দিতেন যাতে দূর দেশে গিয়ে ঐ মেয়েদের 'স্বজাতে' বিয়ে দেওয়া হয়। 'বে-ওয়ারিশ' এই কুলীন কন্যারাই মূলত 'ভরার মেয়ে'। অভিধান থেকে জানতে পারি যে ভরা শব্দের দু'টি মানে। একটি হচ্ছে ভার, রাশি অর্থাৎ পরিমাণে অনেকখানি দ্রব্য। অন্য মানেটি হচ্ছে, পণ্য রাশি বোঝাই নৌকার মেয়ে। ভাগ্যের পরিহাস এই যে ঐ মেয়েরাই ছিল সেই নৌকার পণ্য। একদল ঘটকের উদ্ভব হয়েছিল, সমাজে তাদের বলা হ'ত 'ভরার ঘটক' যারা আগেই খোঁজখবর নিয়ে আসত কোথায়, কোন গ্রামে অবিবাহিত দরিদ্র কুলীন কন্যা রয়েছে। মেয়ের বাড়ির গ্রাম থেকে অনেক দূরে তারা নৌকা বাঁধত এবং লোক মারফৎ মেয়ের অভিভাবকের কাছে খবর পাঠাত। অভিভাবকরা 'ভরা'র ঘটকের সঙ্গে আগেই কথাবার্তা বলে নিতেন। তারপর যে রাতের অন্ধকারে ঐ নৌকাগুলি সেই এলাকা ছেড়ে যেত সেই রাতে সকলের অগোচরে অভিভাবকরা তাদের মেয়েদের 'ভরায় তুলে দিতেন।
বঙ্গদেশের কুলীন সমাজে যেমন পাত্রের অকুলান ছিল, তেমনি অকুলীন সমাজে ছিল পাত্রীর অকুলান। বহু অকুলীন পুরুষ কন্যাপণ মেটাতে পারতেন না বলে অবিবাহিত থাকতেন। সুযোগ বুঝে পাত্রীর অভিভাবকরা চড়া দরে কন্যাপণ হাঁকতেন। যাদের ক্ষমতা ছিল তারা চড়া দরেই স্ত্রী সংগ্রহ করতেন। যাঁরা তা পারতেন না, তারা কিনতেন ভরার মেয়ে অথবা বৈষ্ণব আখড়ায় গিয়ে গোস্বামী প্রভুদের শরণ নিয়ে 'কণ্ঠী বদল' করতেন। এভাবেই বাংলাদেশে 'গৃহী বৈষ্ণব' জাতির উদ্ভব হয়েছিল। 'ভরার ঘটক'রা যখন রাতের অন্ধকারে কুলীন সমাজের মেয়েদের দূর অঞ্চলে নিয়ে যেতেন তার আগে ঐ মেয়েদের অভিভাবকদের কাছে যদিও তারা 'তামাতুলসী গঙ্গাজল' হাতে নিয়ে প্রতিজ্ঞা করতেন যে স্বজাতি-স্বঘরে তারা ঐ মেয়েদের বিয়ে দেবেন কিন্তু বাস্তবে তা ঘটত বলে মনে হয় না। এ প্রসঙ্গে আমরা আবার পরে ফিরে আসব।
কুলীন বাবা-মা মেয়েকে ভরার নৌকায় তুলে দিয়ে মেয়ে সম্পর্কে কিছুকাল নীরব থাকতেন। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলতেন মেয়ে দূরে কোনও আত্মীয়বাড়ি গেছে। এরপর কান্নাকাটি, অশৌচপালন, নিয়মরক্ষার জন্য শ্রাদ্ধ এবং অল্প কয়েকজন ব্রাহ্মণকে ফলার ভোজন। এভাবে বাংলাদেশের দরিদ্র কুলীন অভিভাবকরা এক ঘৃণ্য অপরাধের আড়ালে আনুমানিক তিনশ বছর ধরে তাদের কৌলীন্য বজায় রেখেছিলেন !
ভরার মেয়েদের সম্পর্কে যে অল্প তথ্য পাওয়া গেছে তাতে জানা যায় যে ভরার ঘটকরা ঐ মেয়েদের দূর অঞ্চলে (বাংলাদেশের মধ্যেই) নিয়ে গিয়ে অকুলীন সমাজে অল্প পণে বিয়ে দিতেন। ঐ পণের একটা মোটা অংশ সমাজপতিরা পেতেন।
যদিও ভাদ্রমাসে বাংলাদেশে বিয়ের রেওয়াজ নেই তবু ভরার মেয়েদের বিয়ে আরম্ভ হত ভাদ্র মাসে এবং চলত দোল পূর্ণিমা পর্যন্ত। যে সমস্ত ভরার মেয়ের বিয়ে হ'ত না তাদের পাঠানো হত 'ধামরাই', বেগুনবাড়ি, রামকেলী ও ক্ষেতুরের মেলায় বৈষ্ণব গোস্বামী প্রভুদের 'গদী'-তে।
সেকালে প্রভাবশালী গোস্বামী প্রভুদের শ্রীপাটে–অর্থাৎ বাড়িতে —শিষ্য-ভক্তদের বহু বিধবা কন্যা জমা রাখা হ'ত। এছাড়াও গোস্বামী প্রভুদের তত্ত্বাবধানে বহু 'আখড়া' ছিল। এই আখড়াগুলির পরিচালক ছিলেন মোহন্তরা। এই মোহন্তের অধীনে যে সব বৈষ্ণব বাবাজীরা গ্রামে গ্রামে ভিক্ষা করতেন এবং অনাথা বিধবা মেয়েদের খোঁজখবর রাখতেন, দরকারমত তাদের আখড়াগুলিতে আশ্রয়-ও দিতেন, তাদের শ্ব—-''টহলিয়া বাবাজী'। এই আখড়াবাড়িতে আশ্রয়প্রাপ্ত মেয়েগুলিকে প্রয়োজনমত গোস্বামীদের শ্রীপাটেও পাঠানো হ'ত। এসব কাজকর্ম অনেক সময়ই চলত সমাজের সুড়ঙ্গপথে যেজন্য বৈষ্ণব আখড়া সম্পর্কে অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীতে উচ্চবর্ণের শিক্ষিত সমাজে খুব একটা ভালো ধারণা ছিল না।
আগেই বলেছি ভাদ্র থেকে ফাল্গুনের মধ্যে যে সমস্ত ভরার মেয়ের বিয়ে দেওয়া গেল না তাদের মেলায় বড় বড় গোস্বামীদের 'গদী'তে জমা করে দেওয়া হ'ত [ গদী মানে বিশেষভাবে চিহ্নিত একটি স্থান] । মেলার প্রান্তে গোস্বামীদের গদীর পেছনে ঐ মেয়েগুলির জন্য সুরক্ষিত চালাঘর থাকত, গোস্বামীর একান্ত বিশ্বাসী লোক ছাড়া কেউ ঐ চালাঘরে যেতে পারত না। গদীর সামনে সার্কাসের তাঁবুর মত একটা কাপড়ের ঘর করা হ'ত, ঐ ঘরের নাম ছিল 'কাণ্ডারী [ 'কানাত? তাঁবু'?] ঐ 'কাণ্ডারী'র গায়ে ছিল ছোট ছোট ছিদ্র। সন্ধ্যার পর ভরার মেয়েদের কাণ্ডারী ঘরে বসিয়ে তাদের একটি আঙুল ঐ ছিদ্রপথে বাইরে বের করে রাখা হ'ত।
যে সব পুরুষরা অতি অল্প ব্যয়ে সঙ্গিনী সংগ্রহ করতে চাইতেন তাঁরা জেলায় গোস্বামীর গদীতে নির্দিষ্ট অর্থ জমা দিয়ে অনুমতি-পত্র নিতেন, একে বলা হ'ত 'পত্রী' করা। এই 'পত্রী'র দক্ষিণা ১৭ শতকে ছিল সোয়া পাঁচপণ মানে ৪২০টা কড়ি। ১৯ শতকে এই দক্ষিণা বেড়ে হয় পাঁচ সিকে।
'পত্রীকারক' কাণ্ডারীর তত্ত্বাবধায়ক–যাঁকে বলা হ'ত গোঁসাই গদীর ছড়িদার –তাঁর হাতে পত্রী জমা দিলে কাণ্ডারীর ছিদ্রপথে বের করা একটি আঙ্গুল চেপে ধরার অনুমতি পেতেন। ছড়িদার তখন কাণ্ডারী থেকে ঐ মেয়েটিকে বের করে আনতেন। মেয়েটি যদি পত্রীকারকের পছন্দ না হ'ত তাহলে আবার পয়সা জমা দিয়ে নূতন পত্রী নিয়ে সঙ্গিনী পছন্দ করার অনুমতি ছিল। এভাবে পছন্দ হওয়া সঙ্গিনীকে নিয়ে সেই পত্রীকারক গোস্বামী প্রভুর কাছে ভেক নিয়ে বৈষ্ণব আখ্যা পেতেন এবং তাঁর সঙ্গিনী হতেন বৈষ্ণবী। তাঁরা সাধারণত কীর্তন আখ্যা করে ভিক্ষা করতেন। মেলাতে-ও যে মেয়েদের কোন পুরুষ জুটত না, নির্দিষ্ট দিনে তাঁদের নীলামে বিক্রি করা হ'ত। দেশের ধনী লোকেরা গৃহদাসী হিসাবে তাদের কিনে নিতেন।
ভরার মেয়েদের দুর্বিষহ জীবন সম্পর্কে এত কম তথ্য আমাদের কাছে আছে যে তাদের সম্পর্কে বেশি কিছু আলোচনা করার মত তথ্য আমাদের নেই। বিখ্যাত সংখ্যাতাত্ত্বিক প্রশান্তকুমার মহলানবিশের বাবা গুরুচরণ মহলানবিশের (আদি ব্রাহ্মসমাজের নেতা) আত্মজীবনীর শুরুতেই একজন ভরার মেয়ের কথা জানা যায় যে কোন বর্ণহিন্দুর বাড়িতে দাসী হিসেবে গৃহীত হয়েছিল। মেয়েটির কথাবার্তা থেকে বোঝা গিয়েছিল সে মুসলমান মেয়ে। কেননা সে বাতিকে বলেছিল 'চেরাগ'। সে মেয়েটির পরে কি গতি হয়েছিল গুরুচরণ মহলানবিশ তা আমাদের আর জানাননি। তবে বর্ণহিন্দুর বাড়িতে দাসী হিসাবে যে তার আর জায়গা হয়নি সেকথা অনুমান করতে আমাদের অসুবিধা হয় না।
ভরার মেয়ে-র জবানীতে কিছু গান সংগ্রহ করেছেন লোকসাহিত্য সংগ্রাহক ক্ষিতীশচন্দ্র মৌলিক। সারাজীবন দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে অশেষ ক্লেশ স্বীকার করে দীর্ঘদিন ধরে যে পূর্ববঙ্গের বিভিন্ন গ্রামে প্রচলিত পল্লীকবি রচিত প্রাচীন গীতিকাগুলি সংগ্রহ করেছেন তিনি, ঐ সংগ্রহ সাতখণ্ডে 'প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা' নামে প্রকাশও করেছেন, তা নানা দিক দিয়ে বাঙালী জাতির অপূর্ব সম্পদ। 'প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা'র চতুর্থ খণ্ডে ভরার মেয়ের তিনটি আলাদা গান ('ছুটা') এবং একটি বারোমাসী গান রয়েছে। সঙ্গে দীর্ঘ একটি ভূমিকাও যুক্ত করেছেন ক্ষিতীশচন্দ্র মৌলিক। বর্তমান প্রবন্ধটি প্রায় পুরোটাই 'প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা'র চতুর্থ খণ্ড অবলম্বনে রচিত। 'ভরার মেয়ে'র দুর্দশার ইতিহাস সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যেত যদি না এই গানগুলি রক্ষা পেত। বাঙালী উত্তরপুরুষ চিরকাল সেজন্য ক্ষিতীশচন্দ্র মৌলিকের কাছে কৃতজ্ঞ থাকবে।
আগেই বলেছি ভরার মেয়ের গান যেভাবে আমাদের হাতে এসেছে তা ভরার মেয়ের জবানীতে লেখা, খুব সম্ভবত তাদের নিজস্ব রচনা নয়। কারণ ছিন্নমূল এই মেয়েগুলি যে অবস্থায় পড়ত তাতে কোন স্থায়ী রচনা রেখে যাবার মত সামাজিক অবস্থা মনে হয় তাদের ছিল না। মনে হয় তাদের দুঃখ অবলম্বন করে কোন সহৃদয় পল্লীকবি এই গানগুলি লিখেছেন। প্রথম গানটি শুরু হচ্ছে এভাবে : পোড়া বিধিরে, এই ছিল কপালে।— /(ধূয়া)/কোন দোষে হইয়া দূষী [ মূ ] / জনম পাইলাম এমন কুলীনের ঘরে॥/ ভরা বয়েস চইলা গেল/আমার না হইল বিয়া।/ কুলীন ঘরের কইন্যা রে আমি/থাইক্যাছি ঘরে কেওয়াড় দিয়া॥
এই গানটিতে ভরার মেয়ের দুঃখের কারণ : (১) তার কুলীন ঘরে জন্ম, (২) সময় মত বিয়ে না হওয়া, (৩) রাতের অন্ধকারে তাকে অকূলে ভাসিয়ে দেওয়া, (৪) তার মা-বাপ তার প্রতি নির্দয় নয়, কিন্তু ক্ষমাহীন সমাজ তাদের নির্দয় হতে বাধ্য করেছে, (৫) তাকে বিদেশে বন্দী অবস্থায় কাটাতে হচ্ছে, (৬) ঘটক তাকে টাকার বিনিময়ে বিদেশী মূর্খের সঙ্গে বিয়ে দিচ্ছে। দ্বিতীয় গানটিতে বাপের বাড়ি যাবার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। ভাটিয়ালী গানের ঢঙে এই গানটি রচিত। উজান দেশের মাঝিকে ভরার মেয়েটি ভাটির দেশে পড়ে থাকার দুঃখ জানাচ্ছে। যেন সে বলতে চায় যে মাঝি গিয়ে তার (মেয়েটির) বাবা-মাকে তার দুঃখের সংবাদ দিক।
তৃতীয় গানটি মনে হয় দ্বিতীয় গানটিরই ক্রম অনুসারে লেখা। তাতে মেয়েটি মাঝিকে উজান দেশে ফিরে তার (মেয়েটির) বাবা-মায়ের কাছে তার দুঃখের কথা জানাতে অনুরোধ করছে। এক নির্দয়-নির্বান্ধব পুরীতে মেয়েটি পড়ে রয়েছে। এখানে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব।
ভরার মেয়ের যে বারোমাসী গান আমাদের হাতে এসেছে তা ঐ তিনটি 'ছুটা' গানের চেয়ে দীর্ঘ। সকলেই জানেন প্রাচীন ভারতীয় সাহিত্যে বারোমাসী গানের দীর্ঘ ঐতিহ্য ছিল। বারোমাসী গানগুলি এক হিসাবে ভারতবর্ষের বৈচিত্র্যময় ঋতুগুলির উদযাপন যা মহাকবি কালিদাস 'ঋতুসংহার'এর মাধ্যমে অমর করেছেন। আধুনিক ভারতীয় সাহিত্যে রবীন্দ্রনাথও অজস্র গানের মধ্যে বিভিন্ন ঋতুর আবির্ভাব অপূর্ব শিল্পকৌশলে ফুটিয়ে তুলেছেন। আবার এই বারোমাসী গানগুলির মাধ্যমে, বিশেষ করে মেয়েদের দারিদ্র্যপীড়িত নিরানন্দ জীবন, প্রোষিতভর্তৃকার দুঃখ গভীরভাবে ধরা পড়েছে। বাংলাসাহিত্যে বিখ্যাত হয়েছে ফুল্লরার বারোমাস্যা যা আজও আমাদের চোখে জল এনে দেয়। এই ভরার মেয়ের বারোমাসীও তার একটানা দুঃখের ইতিবৃত্ত। বারোমাসী শুরু হয়েছে আশ্বিন মাস থেকে এবং শেষ হয়েছে ভাদ্রমাসে গিয়ে। আশ্বিনমাসের মাসের গানে ভরার মেয়ের প্রধান দুঃখ সে বাপের বাড়ির গ্রামের পূজা দেখতে পাবে না। ছোট ভাইয়ের হাত ধরে নদীর ঘাটে বিজয়ার ভাসান দেখতে পারবে না। ভরার মেয়েটিকে কেউ একবারও ডাকছে না পূজা দেখতে। কারণ সে টাকায় কেনা বাঁদী। তার ধর্ম-কর্ম, পূজা-পার্বণ বলে কিছু নেই। সকলে উৎসবে অংশগ্রহণ করতে গেলেও তাকে বাড়িতে বন্দী থাকতে হবে।
কার্তিক মাসে ভরার মেয়ের প্রধান দুঃখ সে ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারল না বলে। ভাইয়ের মঙ্গলকামনায় সে বেলগাছে ফোঁটা দিয়েছে, ভাইকে আশীর্বাদ করেছে। আর প্রার্থনা করেছে ভাইয়ের ঘরে যেন ভরার মেয়ের মত কুলীন-কুমারী না জন্মায়।
ভরার মেয়ের কাছে স্মৃতি সততই দুঃখের। শৈশব স্মৃতি তাকে কেবলই কাঁদায়। গরীব মা-বাবার কাছে সে যদি চিরকুমারী থেকে যেত তবু তার জীবন অনেক সহনীয় মনে হত : "এত অপমান খোঁটা-উষ্টা/না সইতে হইত কথা।/সমাজের বইক্ষে বাইজল না রে/ভরার কইন্যার বেথা॥" দুর দেশের ভাষা বা সামাজিক আচার-বিধি সে জানে না, তাই গৃহসেবার কাজে তার বিচ্যুতি ঘটে। সেজন্য সে নির্যাতিত হয়। মাঘমাসে বিবাহিতা মেয়েরা বাপের বাড়ি যায় কিন্তু ভরার মেয়ের ত সে অনুমতি নেই। "আমি যে ভরার কইন্যা/বাপের দেশে যাইতে নাই/ভারায় তুইল্যা কুলীন বাপ/দিছেরে ভাসাই॥"
প্রসঙ্গত উল্লেখ করা যায় যে এই বিসর্জনের উপমা বার বার এসেছে ভরার মেয়ের গানে ধ্রুবপদের মতো।
এই যে ভরার মেয়ের শত সহস্র কান্না, বার বার নিজের পরিবারের সঙ্গে মিলিত হবার আকুলতা, নিজের গ্রামের নদী, গাছ, পাখি এবং পূজা, ভাইফোঁটা, ভাদুই ষষ্ঠী প্রভৃতি উৎসবে মিলিত হবার গভীর ইচ্ছা তা আজকের পাঠককেও আলোড়িত করে। শুধুমাত্র আচারসর্বস্ব নির্দয় সমাজের নিয়মরক্ষার জন্য ভরার মেয়েকে এই জীবন মেনে নিতে হয়েছে। লক্ষণীয় যে ভরার মেয়েরা তাদের পরিবারের লোকদের বিরুদ্ধে কোন অভিযোগ করছে না। কারণ তারা জানে যে সমাজপতিদের চাপে তাদের অভিভাবকরা এই কাজ করেছে। ভরার মেয়ের অভিযোগ সমাজব্যবস্থার বিরুদ্ধে এবং তাদের বিয়ের ঘটকের বিরুদ্ধে। ঘটক শুধুমাত্র টাকার বিনিময়ে তাদের মূর্খ, সহানুভূতিহীন, নির্দয় অপাত্রের হাতে সঁপে দিয়েছে। ভরার মেয়েরা টাকায় কেনা বাঁদিতে পরিণত হয়েছে।
আজ আমাদের মনে প্রশ্ন জাগে সত্যিই কি সমাজের বুকে ভরার মেয়ের ব্যথা বাজেনি? –কারণ এই প্রশ্নটাই তো ঐ মেয়েরা তুলেছে। এটা মেনে নিতে আমাদের ঈষৎ দ্বিধা হয়। সমাজের একটা অংশই তো ভরার মেয়ের বেদনা কলমের আঁচড়ে প্রকাশ করেছে। তাহলে এদের প্রতি সহানুভূতি কোথাও তো ছিলই।
আসলে ভরার মেয়ের প্রতি নির্দয় কারা?
সমাজের ক্ষমতাশালী অংশ নিশ্চয়ই। অর্থাৎ ব্রাহ্মণ্য প্রভুরা, যারা দণ্ডমুণ্ডের কর্তা। তাঁদের এঁকে দেওয়া পথে যে চলবে না, তার প্রতি বর্ষিত হবে এঁদের যমদণ্ড। ভরার মেয়ের অভিযোগ তাঁদের প্রতি। কিন্তু সমাজের অন্য অংশ যাঁরা বঞ্চিতের, হতাশের দলে, যাঁরা ক্ষমতাহীন, তাঁদের সমবেদনা আছে ভরার মেয়ের প্রতি, ভরার মেয়ের গানগুলির রচয়িতা/শ্রোতা তাঁরাই।
