২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অকাল মৃত্যুকে জয়: গড়ে উঠুক মানবিক পৃথিবী

মো: নুরএলাহি মিনা

Published : 19 Apr 2020, 02:21 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


বড় অদ্ভুত একটি ডিজিট "০"। শূন্য দিয়ে যে কোনো অংক বা সংখ্যাকে গুণ করা হোক বা কোনো অংক বা সংখ্যার সাথে শূন্যকে গুণ করা হোক তার সব ফলাফলই হবে শূন্য। আবার শূন্যকে যদি কোনো অংক বা সংখ্যা দ্বারা ভাগ করা হয় তারও ফলাফল হবে শূন্য। তবে কোনো অংক বা সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তার ফলাফল হবে অসীম (Infinity)।

মৃত্যু শূন্যস্থান তৈরি করে। শূন্য দিয়ে যা-ই গুণ করা হোক তা যেমন শূন্য হয় তেমনি কোনো কিছুর বিনিময়ে মৃত্যুর শূন্যতা পূর্ণ হয়না। যদিও বলা হয় কষ্ট ভাগ করে নিলে তা কমে যায় কিন্তু সেটি সাময়িক; কষ্টের শূন্যস্থান শূন্যই থাকে। অনুকূল পরিবেশ পেলে ঠিকই কষ্টগুলো ডালপালা মেলে দেয়। তাই প্রিয়জন হারানোর শূন্যতা কোনো গুণে পূর্ণ হয়না বা ভাগ করেও তা খুব একটা প্রশমিত করা যায় না। কখনও কখনও হিসাব মেলেনা মৃত্যু সমীকরণেরও। এটি অসীমের পানে ধায়। অনুভূতির বৃত্তে আবদ্ধ মৃত্যুর এই শূন্যতা বা অসীম শূন্যতা মহাকাল থেকে মহাকালে প্রবাহিত হচ্ছে প্রকৃতির নিগূঢ়তম লীলায়।

তবে চিরবিচ্ছেদের এই কষ্টকে ভিন্ন দর্শনেও উপস্থাপন করার সুযোগ রয়েছে। রক্ত, মাংস, অস্থির সমন্বয়ে সৃষ্ট আমাদের দেহকাঠামো। পৃথিবীতে বিচরণশীল সসীম মানুষের মধ্যে থাকে এক অসীম চালিকাশক্তি। এটি আত্মা। যখন দেহ থেকে আত্মার বিচ্ছেদ ঘটে সেটিই মৃত্যু। যা অবশ্যম্ভাবী এবং অবধারিত সত্য। যা প্রকৃতির বিচিত্র খেয়াল। নজরুল বলেছেন:
"খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে"।

বলাই বাহুল্য আমাদের কষ্টগুলো জাগতিক; যে প্রাণের যবনিকাপাত ঘটল তার কিন্তু জাগতিক কোনো অনুভূতি থাকেনা; তাই থাকেনা কোনো কষ্টও। যদি আত্মা পবিত্র থাকে; যদি অন্তরে স্রষ্টা প্রোথিত থাকে, তবে চিরবিচ্ছেদের কষ্টও তুচ্ছজ্ঞান করা যায়। মৃত্যুর মাধ্যমে অসীমের পানে আত্মার যে যাত্রা সেখানে রবীন্দ্রনাথ খুঁজে পেয়েছেন এক মহামিলনের আবহগীতি। রবিঠাকুর লিখেছেন:
"তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই-
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই"।

প্রিয়জন হারানোর রূঢ় বাস্তবতা গভীর আধ্যাত্মবাদের এই দর্শনের সাথে হয়তো বিপরীতমুখী হতে পারে কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় সেই শ্বাশত সত্য- 'জন্মিলে মরিতে হবে'। এটি আমাদের মৃ্ত্যুভয়কে পিছনে ফেলে সামনে চলতে উৎসাহ জোগায়। আর এভাবেই গুহাবাসী মানুষ কোটর থেকে বেরিয়ে এসে ক্রমে ক্রমে গড়ে তুলেছে এই তিলোত্তম সভ্যতা, এগিয়ে নিয়েছে এই পৃথিবীকে। ছুরি, ব্যন্ডেজ, কাঁটাচামচ হাতে নিয়ে সেবার অর্ঘ সাজিয়েছে। মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছে মানুষ। ভালবাসার জন্য মৃত্যুকেও বরণ করতে পিছপা হয়নি এই মানুষ। মানুষের মধ্যে যে অসীমের বাস রয়েছে তার শক্তি অপ্রতিরোধ্য। অপ্রতিরোধ এই শক্তি দিয়ে মানুষ মানুষেরই জন্য উপহার দিয়েছে আধুনিকতম চিকিৎসা ব্যবস্থা; যা জীবনকে এনে দিয়েছে জীবনের বিচরণের জন্য আরও কিছুটা বাড়তি সময়। বৈশ্বিক যোগাযোগের উৎকর্ষতায় সৃষ্টি হয়েছে পারস্পরিক মিথষ্ক্রিয়ার অপরিসীম সুযোগ। মানুষ কাছে আসছে মানুষের। তবে এর বিপরীত চিত্রও রয়েছে, রয়েছে সভ্যতার সঙ্কট। এই সঙ্কট পৃথিবীতে এনে দিয়েছে যুদ্ধের বিভীষিকা; পারমানবিক মারণাস্ত্র। সভ্যতার সঙ্কটে পড়েই কালে কালে পৃথিবী দেখেছে অকারণ মৃত্যুর মিছিল। সৃষ্টি হয়েছে লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব। বৃদ্ধি পেয়েছে ধনী ও ধনহীনের ব্যবধান। মানুষের হাতে মরছে মানুষ। কিন্তু এমন অকাল মৃত্যুতো কামনা করেনা কেউ! অকাল মৃত্যু অনেকগুলো সংযোগবিন্দুকে অকস্মাৎই স্থবির করে দেয়। যেমন, একজন ব্যক্তি পরিবার, কর্মস্থল, সমাজ, রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক পরিমন্ডলে সম্পৃক্ত থাকেন। আকস্মিক মৃত্যু সেই সকল সংযোগ বিন্দুগুলোতে শূন্যতা তৈরি করে। যা নির্ভরশীলদের সঙ্কটে ফেলে; ফলে তারা মুষড়ে পড়েন।

বিজ্ঞান মহামারীসহ প্রাকৃতিক কারণে মানুষের অকাল মৃত্যু রোধে বিরামহীন কাজ করছে। ইতোমধ্যে আবিষ্কৃত হয়েছে কলেরা, যক্ষা, গুটিবসন্ত,পোলিও, চিকেন পক্সসহ বিভিন্ন মহামারির টিকা। হয়তো অচিরেই আবিষ্কার হবে করোনার টিকা। কিন্তু বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি হিংসা, বৈরিতা, বৈষম্য, বিভেদ, দম্ভ, ধর্মান্ধতা, লোভ ও ঘৃণার কারণে মানুষের অকাল মৃত্যুর বিরুদ্ধে কোনো টিকা। বিজ্ঞানের অপব্যবহারে সৃষ্ট পারমানবিক অস্ত্রের বিস্তারও রুখতে পারেনি বিজ্ঞান। প্রকৃতি ও বণ্য প্রাণীর ধ্বংসযজ্ঞও প্রতিরোধের ক্ষমতা নেই বিজ্ঞানের। এগুলো মানুষের হাতে। এর সবকিছুতেই এগিয়ে আসতে হবে মানুষকে। শুধরাতে হবে নিজেকে। খুলে ফেলতে হবে সকল অন্যায়ের খোলস, দম্ভের রাজবেশ। মনের আয়নায় দেখতে হবে নিজের স্বরূপ। দেখতে হবে বাড়ির পাশেই রয়েছে আরশিনগর।

"বাড়ির পাশে আরশিনগর
সেথা পড়শি বসত করে
আমি একদিন না দেখিলাম তারে"।

আরশি নগরের পড়শিকে আর কবে দেখবে বিশ্ববিবেক? এখনই সময়, মনের দর্পনে আত্মার স্বরূপ দেখে নেওয়ার; এখনই সময় নিজেকে শুধরে নিয়ে, হিংসা ভুলে আরও উন্নত মানুষরূপে আবির্ভূত হওয়ার। এখনই সময় অকাল মৃত্যুকে জয় করে এক মানবিক পৃথিবী গড়ার;
যে পৃথিবীতে থাকবে-
"লোভহীন শান্তির বাস;
মানবতা-ভালোবাসা এক হয়ে দুঃখ বিনাশ"।