২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয় !

লীনা দিলরুবা লীনা দিলরুবা

Published : 17 Apr 2020, 11:10 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


এক.

রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন—

যে আমি স্বপন-মুরতি গোপনচারী,
যে আমি আমারে বুঝিতে বুঝাতে নারি,
আপন গানের কাছেতে আপনি হারি,
সেই আমি কবি। কে পারে আমারে ধরিতে।
মানুষ-আকারে বদ্ধ যে জন ঘরে,
ভূমিতে লুটায় প্রতি নিমেষের ভরে,
যাহারে কাঁপায় স্তুতিনিন্দার জ্বরে,
কবিরে পাবে না তাহার জীবনচরিতে।

সৃষ্টিমূলক আর তাত্ত্বিক, তাঁর সমস্ত রচনা যাচাই করলে ব্যক্তি রবীন্দ্রনাথ ঊষার মতো স্পষ্ট হয়ে ওঠেন। কবিকে তাঁর 'জীবনচরিতে' পাওয়া যাবে না— রবীন্দ্রনাথের এমন কথায় প্রভাবিত হয়েও বলতে পারি, 'জীবনচরিত' নামের আত্মজীবনীটি ব্যক্তি রবীন্দ্রনাথকে বুঝতে অনেকখানিই দৃষ্টান্ত স্থাপন করে। জীবনানন্দ দাশের সৃষ্টির মেজাজ এবং প্রকৃতি ভিন্ন। তিনি আত্মজীবনীও লেখেননি। জীবনানন্দের সৃষ্টিমূলক লেখার বাতাবরণের মধ্যে প্রচ্ছন্নভাবে ব্যক্তি জীবনানন্দ লুকিয়ে আছেন। ধূসরতা হাতড়ে ব্যক্তি জীবনানন্দ এবং তাঁর লেখার অন্বয় ঘটাবার চেষ্টা করতে হয়।

তিনি যেন এই চেনা পৃথিবীর মানুষ ছিলেন না। কেমন ছিলেন ব্যক্তি জীবনানন্দ দাশ? যারা কাছাকাছি এসেছিলেন, তাঁরাও যেন স্পষ্ট করে বলতে পারেন না, জীবনানন্দ দাশ ঠিক কেমন মানুষ ছিলেন! অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখায় দেখি—

"নির্জন নিঃসঙ্গ বিষণ্ন স্তিমিত অবসন্ন— এমনিধারা বিশেষণে সাজিয়ে এ-ই এতদিন বোঝাবার চেষ্টা হয়েছে জীবনানন্দ মিশুক নয়, ঠোঁটে আঁকা মৃদু হাসির বাইরে সে হাসতে জানে না, গা ঢেলে আড্ডা দিতে জানে না, রাস্তায় পরিচিত লোক দেখলেই পাশ কাটিয়ে সরে পড়ে। একদল লেখককে বলতে শুনেছি জীবনানন্দ জীবনে থেকে পালিয়েছে, আরেকদল বন্ধুদের মুখে কথা, মানুষ থেকে যেন তৃণতরুশূন্য বালির চরের ধারে জনশূন্য নৌকা বাঁধা। অবিশ্যি সূর্যের খাড়া আলোর কাছে এসে সে দাঁড়াতে চায়নি, কনুই দিয়ে ভিড় ঠেলে এগিয়ে আসা দূরের কথা। ডিঙি মেরেও দাঁড়ায়নি গলা বাড়িয়ে।'

বুদ্ধদেব বসু তাঁর জীবনীগ্রন্থে লিখেছেন—

"জীবনানন্দকে আমি প্রথম দেখেছিলাম ঢাকায়, তাঁর বিবাহ-সন্ধ্যায় উপস্থিত ছিলাম ঢাকার ব্রাহ্ম সমাজে, যুক্ত ছিলাম 'ধূসর পাণ্ডুলিপি' পর্যায় থেকে তাঁর মৃত্যুকাল পর্যন্ত তাঁর কবি জীবনের সঙ্গে— কিন্তু তাঁর সঙ্গে কোনো ব্যক্তিগত সম্বন্ধ আমি স্থাপন করতে পারিনি, অন্য কেউ পেরেছিলেন বলেও জানি না। শুধু তা-ই নয়, কোনো সাহিত্যিক আলোচনার মধ্যেও তাঁকে টানতে পারিনি আমরা, 'কল্লোল-এর 'পরিচয়'-এর 'কবিতা'র আড্ডা তিনি সযত্নে এড়িয়ে চলেছেন। এবং তার সঙ্গে – আর আমার যৌবনকালে সহযোগী বন্ধুদের মধ্যে শুধু তাঁরই সঙ্গে- আমার দেখাশোনাও হয়েছে অবিচ্ছিন্নভাবে, অনেক মাস বা দু-এক বছর বাদ দিয়ে-দিয়ে, খুব অল্প সময়ের জন্য। চিঠি লিখতেন সংক্ষেপে, শুধু কাজের কথা। যেন ধরাছোঁয়ার বাইরে, সম্পূর্ণভাবে নিজের মধ্যে গুটানো, তাঁর ভাষায় বলতে গেলে তাঁর পুরোটাই যেন 'স্বাভাবিক', 'সামাজিক' প্রায় কিছুই নেই— যেন কবিতা ছাড়া অন্য সব প্রকাশের দরজায় তিনি স্থায়ীভাবে খিল এঁটে রেখেছেন, যাতে তাঁর কবিতা আরো গাঢ় হতে পারে'।

বুদ্ধদেব বসু যেভাবে চিত্রিত করলেন, 'দরজায় খিল এঁটে' জীবনানন্দ দাশ সারাজীবন এক মনে কবিতা লিখে গেছেন। আত্মজীবনী না লিখলেও জীবনানন্দ ডায়েরি লিখতেন। তাঁর ডায়েরির এক জায়গায় লিখেছিলেন—

"জীবনের বহু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। তবু মনে হয় সাহিত্যচর্চ্চার সুযোগ পেলে জীবনের অর্থ খুঁজে পাওয়া যাবে।"

সকল সত্যকে উদ্ভাসিত করে কবিতায় লিখেছিলেন—

'আমি ঝ'রে যাব, — তবু জীবন অগাধ।'

ডায়েরিতে যেন স্পষ্ট করে গেলেন, সাহিত্যচর্চার সুযোগ পেলে অগাধ জীবনের অর্থের পেছনে আরো খননকার্য চালাতেন। ১৯২৭ থেকে ১৯৫৪। 'ঝরা পালক' থেকে 'শ্রেষ্ঠ কবিতা', সাতাশ বছরের সময়কালের সাহিত্য চর্চার ফসল।

বুদ্ধদেব বসুর মতে—

'আমাদের আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাশ সবচেয়ে নির্জন, সবচেয়ে স্বতন্ত্র'।

এই স্বতন্ত্র কবির জীবনকে, আরো ঘনিষ্ঠ করে বললে, জীবনানন্দের প্রেম এবং অপ্রেমকে তাঁর সৃষ্টিমূলক লেখার মাধ্যমে সংক্ষিপ্তভাবে বুঝতে চেষ্টা করব। কাজটি দূরুহ। ধরতে গেলে ধূসরতা এসে ভর করে, ভোরের আলোর কুমকুমকে তা ঢেকে দেয়।

জীবনানন্দের ডায়েরি নিয়ে ভ্রাতুষ্পুত্র অমিতানন্দ দাশ 'অপ্রকাশিত জীবনানন্দ' প্রবন্ধে লিখেছেন—

'বাংলায় লিখতে শুরু করার পরেও জীবনানন্দ ব্যক্তিগত ডায়েরি লিখতেন বাংলা-ইংরেজি মিশিয়ে—বেশির ভাগটা ইংরেজিতে। সারা জীবন লিখে গিয়েছেন খাতার পর খাতা। কিছু হারিয়ে গেছে, কিছু পাঠোদ্ধার করা প্রায় অসম্ভব। সব বাদ দিয়েও আছে বেশ কিছু। ডায়েরিতে রূঢ় বাস্তবকে খোলাখুলি লেখা হয়েছে—নিজের ও ঘনিষ্ঠতম লোকেদের বিষয়ে নির্মমতম অনুভূতিগুলি পর্যন্ত! এই কারণেই তাঁর স্ত্রী, ভাই, বোন ও মেয়ে ডায়েরিগুলি (বা তার অংশবিশেষ) ছাপাতে দ্বিধা বোধ করেছেন।"

ভূমেন্দ্র গুহের সঙ্গে জীবিত জীবনানন্দের পরিচয় ছিল দু'বছরের মত। ১৯৫২ থেকে ১৯৫৪। বাকী জীবন ভূমেন্দ্র গুহ মৃত জীবনানন্দের লেখার প্রত্নখননের দায় মিটিয়ে গেছেন।

ভূমেন্দ্র গুহের লেখা থেকেও জানা যায়, জীবনানন্দের মৃত্যুর পর ট্রাঙ্কে রাখা গল্প-উপন্যাসের অজস্র পাণ্ডুলিপির সঙ্গে তাঁর ডায়েরিও উদ্ধার করা হয়েছিল। 'লিটারারি নোটস' নামাঙ্কিত মোট ৫৬ টি খাতা পাওয়া যায়। খাতাগুলোর মোট পৃষ্ঠাসংখ্যা ৪,২৭২, শব্দসংখ্যা প্রায় ৬,৬২,১৬০।

জীবনানন্দের ডায়েরি নিয়ে ভূমেন্দ্র গুহ লিখেছেন —

'খ্রি. ১৯২৫ জুলাই মাসে মেময়রস সামার' আখ্যায় ডায়েরি লিখতে শুরু করেছিলেন, এগোন নি। খ্রি. ১৯২৯ এপ্রিল থেকে নিয়মিত ডায়েরি লিখতে শুরু করেন; ধরনটা পালটে যায় : খ্রি. ১৯২৫' এর কয়েক পাতার ডায়েরিটা ছিল ঠাস-বুনোট নিবন্ধের মতন, মন খোলাসা ক'রে কথা বলা; খ্রি. ১৯২৯' এ এসে ধরনটা হয়ে যায় টেলিগ্রাফিক কোড' এর মতন, ঢের কথার আভাস একটা-দু'টো কথার গহ্বরে ঢুকিয়ে রাখা, যাতে প্রয়োজনের সময় খুঁড়ে তোলা যায়। বাইরের একটা মানুষ যখন এই একটা-দু'টো কথা পড়ে, কথাগুলি ঠিক-বেঠিক অনেক সম্ভাবনা মাথায় আসে।"

দিনলিপি-প্রথম খণ্ড/ ভূমেন্দ্র গুহ/পৃ.৫৪

"স্মরণ করা যেতে পারে যে, জীবনানন্দ দুটো সিরিজ এ লিখেছিলেন তাঁর ডায়েরি: প্রথম বড়ো সিরিজটা দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী বছর গুলিতে-বিশ্বমন্দার আগে-পরে, বাংলা'র সশস্ত্র স্বাধীনতা-আন্দোলনের তুঙ্গ সময়ে; আর দ্বিতীয় ছোটো সিরিজটা দেশভাগের ও তাঁর উদ্বাস্তু হয়ে যাওয়ার আগে-পরে। … ডায়েরিগুলোর লেখা ইংরেজিতে, শুধু মাঝে-মধ্যে অল্প-স্বল্প বাংলা'য়—হয়তো কোনও কথা বিশেষ জোর দিয়ে বলার জন্য, অথবা এমন ভাবে গ্রামীণ বাংলায় কথাটা বলেছেন যে, তার ইংরেজি অনুবাদ দুঃস্বাধ্য। ইংরেজিতে কেন? কেউ কেউ বলেছেন যে, তিনি চান নি তাঁর এই নিভৃত কথনের লেখাগুলি তাঁর অনবধানতাবশত কোনও ক্রমে কেউ দেখে ফেলে চট করে বুঝে ফেলুক। কেউ বলেছেন তিনি যে-রকম টেলিগ্রাফের মতো কোডেড ভাষায় লিখেছেন, তা ইংরেজিতেই আসে ভালো।"

জীবনানন্দ'র লিটারারি নোটস/ভূমেন্দ্র গুহ

ডায়েরিগুলো নিয়ে অমিতানন্দ দাশ লিখেছেন—

"কখনও একই দিনে দুটি খাতায় লিখেছেন 'personal' ও 'general' বক্তব্য। কয়েকটি খাতার নাম 'literary notes', যদিও গল্পের প্লট ও সাহিত্যের কথার ফাঁকে ফাঁকে নানা বিষয়ে চিন্তা বক্তব্য আছে তার মধ্যে। অনেক সময়ে তারিখ আছে, আবার মাঝে মাঝে নেই।"

এই খাতাগুলোকে আশ্রয় করে ভূমেন্দ্র গুহের উদ্ধার ও বিশ্লেষণে এবং গৌতম মিত্রের সহযোগিতায় চারখণ্ডের ' জীবনানন্দ দাশ, দিনলিপি, লিটারারি নোটস' প্রকাশিত হয়।

মৌলিক জীবনধারণের বিষয়গুলো নিয়ে বিপর্যস্ত জীবন কাটিয়েছেন তিনি। ডায়েরিতে লিখেছেন সেসব কথা। প্রেমিকা এবং স্ত্রী'র সঙ্গে যে টানাপোড়েন ছিল, ঋজু ভঙ্গিতে সেসবও লিখে রেখেছেন।

৪/৮/৩৩

What to do? Tea Shop? Sweet Shop? Bakery? Poultry? Fish Farming? Opium Selling? Wine Shop? Shoe Making? Plaster from roof fell on my head early morning…"

১৮/৮/৩৩

All along while seeing চন্ডীদাশ I thought of Y who had seen it previously. Did she understand all the points? Did she ever think of me? Or poets & poetry?

…my mind is now clear of that passion… I of the obsession that she the only women and her love the only for my soul…

এর পুরোপুরি পাঠোদ্ধার একটু কঠিন। কিছু শব্দ উহ্য আছে। তবু যতটুকু বোঝা যাচ্ছে, জীবনানন্দ লিখেছেন—-

যখন চন্ডীদাশ দেখছিলাম তখন পুরোটা সময় যে আগে এটি দেখেছিল সেই ওয়াই এর কথা ভাবছিলাম। সে কি সব কিছু বুঝেছিল? সে কি একবারও আমার কথা ভেবেছিল? বা কবি এবং কবিতার কথা? … সেই আবেগটা এখন ঝরে গেছে আমার মাথা থেকে … যেমনটি মুছে গেছে এই চিন্তা যে, সে-ই একমাত্র নারী এবং তার ভালোবাসা কেবল আমারই আত্মার জন্য…

ভুক্তিতে উল্লিখিত অক্ষর – Y… BABY থেকে এসেছে। জীবনানন্দ দাশ বেবীকে ভেঙে কোডেড ভাষায় 'বি-ওয়াই', বা শুধুই 'ওয়াই' লিখতেন।

স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, এই 'ওয়াই' কে?

জীবনানন্দের কাকা অতুলানন্দ দাশ এবং সরযুবালা দাশ-এর দ্বিতীয় কন্যা শোভনা দাশ বিয়ের পর স্বামী সুহৃদ মজুমদারের নামের টাইটেলের সঙ্গে মিলিয়ে নিজের নাম রেখেছিলেন শোভনা মজুমদার।

অতুলানন্দের চার কন্যা-জ্যোৎস্না, শোভনা, কমলা আর নন্দিতা এবং একমাত্র ছেলে অজয়ানন্দ। শোভনার ডাকনাম বেবি। জন্ম ১৯১৩ সালের ৩ আগস্ট, ডিব্রুগড়ে। তাঁর বাবা বনবিভাগের বড় কর্মকর্তা ছিলেন। জীবনানন্দের জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি। শোভনার পরের বোনটি, অর্থাৎ- কমলা দাশগুপ্তের ডাকনাম – বুলু, তিনি জীবনানন্দের একমাত্র বোন সুচরিতা দাশের (খুকু) অনেকটা বন্ধুর মত ছিলেন।

শোভনা কলকাতার ডায়ানেশনে কলেজে পড়েছিলেন। এর-আগে ডিব্রুগড় গভর্নমেন্ট হাইস্কুল থেকে তিনি মেট্রিক পাশ করেন। বিশের দশকের মাঝামাঝিতে জীবনানন্দ চার-পাঁচ মাস শোভনাদের ডিব্রুগড়ের বাড়িতে থেকেছেন। সেসময় শোভনার সঙ্গে কাকাতো ভাই মিলুর (জীবনানন্দের ডাকনাম) এক ধরনের ভালোবাসার সস্পর্ক গড়ে ওঠে। শোভনা জীবনানন্দকে মিলুদা বলে ডাকতেন। এই চার-পাঁচ মাসের সময়টায় ডিব্রুগড়ে জীবনানন্দের তেমন কিছু করার ছিল না, ঘরের ভেতর বসে অলস সময় কাটাতেন আর কবিতা লিখতেন। সেসব কবিতার পাঠক এবং শ্রোতা ছিলেন শোভনা। জীবনানন্দ কবিতাগুলি কখনো কখনো দরজা বন্ধ করে শোভনাকে পড়ে শোনাতেন । শোভনার মা বিষয়গুলো আঁচ করতে পেরে মেয়ের প্রতি সতর্ক ছিলেন বলে জানা যায়।

জীবনানন্দ দাশ তাঁর প্রথম কাব্যগ্রন্থ "ঝরা পালক" শোভনাকে উৎসর্গ করেছিলেন। কাব্যগ্রন্থটি ১৯২৭ সালে প্রকাশিত হয়েছিল। উৎসর্গের পাতায় জীবনানন্দ লেখেন—- 'কল্যাণীয়াসু'। প্রসঙ্গত, জীবনানন্দ তাঁর কোনো কাব্যগ্রন্থ স্ত্রী লাবণ্য দাশকে উৎসর্গ করেননি।

সম্ভবত শোভনাদের ডিব্রুগড়ের বাড়িতেই "ঝরা পালক'-এর কবিতাগুলো লেখা হয়েছিল। জীবনানন্দ গ্রন্থটি ডাকযোগে শোভনাকে পাঠিয়েছিলেন। শোভনা বিষয়টি পরিবার-পরিজনের কাছে অনেক দিন গোপন রেখেছিলেন।

১৯৩০ সালের ৯ মে খুলনা জেলার সেনহাটির রোহিনীকুমার গুপ্ত ও সরযুবালার দ্বিতীয় কন্যা লাবণ্যের সঙ্গে জীবনানন্দের বিয়ে হয়। লাবণ্যের ডাক নাম পুটু। তিনি শৈশবে পিতৃমাতৃহীন। বড়ো জেঠামশাই অমৃতলালের স্নেহছায়ায় প্রতিপালিত হন। ঢাকার রামমোহন লাইব্রেরিতে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল।

১৯৩০ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত এই পাঁচ বছর জীবনানন্দ বেকার ছিলেন। সেসময় শোভনার হোস্টেলে জীবনানন্দ মাঝে-মধ্যে যেতেন, যদিও পরে শোভনা তাঁর সঙ্গে দেখা করতে খুব বেশি উৎসাহিত ছিলেন না। জীবনানন্দ শোভনাকে ঘন ঘন চিঠি লিখতেন, কিন্তু উত্তর মিলতো না।

ডায়ানেশন কলেজ থেকে বি.এ পাশ করে শোভনা শিলং'এর লেডি কিং স্কুলে শিক্ষকতায় জড়িয়ে পড়েন। বছর খানেক চাকরি করে বার্ড অ্যাণ্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার সুহৃদ মজুমদারকে বিয়ে করেন।

ভূমেন্দ্র গুহের মাধ্যমে আমরা জানতে পারি, জীবনানন্দের সঙ্গে লাবণ্য দাশের বিয়ের, অর্থাৎ ১৯৩০ সালের আগে লেখা ডায়েরিতে শোভনা দাশকে জীবনানন্দ 'বি-ওয়াই' এবং এর পর থেকে, অর্থাৎ ১৯৩১ সাল থেকে শুধু 'ওয়াই' সম্বোধন করে লিখে গেছেন।

শোভনা বা ওয়াই এর সঙ্গে জীবনানন্দের প্রেমের সম্পর্ক নিয়ে ভূমেন্দ্র গুহ লিখেছেন—

"জীবনানন্দ এবং ওয়াই বিশের দশকে বরিশাল-এ থেকেছেন, আবার তিরিশের দশকের প্রথম পাদে যখন কলকাতা'য় থাকছেন, তখন ওয়াই-যে জীবনানন্দ'র দিবস-রজনী নিদ্রা-জাগরণ মথিত ক'রে রেখেছিলেন, তার ভাষ্যে এই দিনলিপিতে পাওয়া যাবে…"।

দিনলিপি ৩য় খন্ড/ ভূমেন্দ্র গুহ/পৃ.১১৬৫

"এই প্রেমটারও-যে অসার্থকতা ছাড়া আর কোনও পরিণতি থাকতে পারত না, তা জীবনানন্দ বুঝতেন নিশ্চয়ই, তবু তিনি ঘটনাটাকে এড়িয়ে যেতে পারেন নি, বরং খুব বেশি ভাবে পাকে-পাকে জড়িয়ে পড়েছিলেন, এবং নিজেকে জড়িয়ে থাকতে দিয়েছিলেন হতাশায় ক্ষোভে ক্রোধে বিষণ্নতায় ও অবাস্তব ব্যর্থতাবোধে ভুগতে-ভুগতে, তাঁর বিয়ের (খ্রি.১৯৩০) পরেও গোটা কয়েক বছর, একতরফা ভাবে, যখন শোভনা খুবই স্বাভাবিক ভাবে নিজেকে বছর তিন-চারেকের অভিজ্ঞতার পরে সরিয়ে নিয়েছিলেন; তিনি খুব বাস্তবতা-সচেতন মহিলা ছিলেন, এবং বৈষয়িক ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষীও; জীবনানন্দ যে তা ছিলেন না, অন্তত সে-সময়ে, তা বোঝাই যায়, অতএব তাঁর ভোগান্তিটাও দুর্বিসহ ছিল।

দিনলিপি ৩য় খণ্ড/ভূমেন্দ্র গুহ/পৃ.১১৬২-১১৬৩

"দিনলিপিতে ঘুরে-ফিরে বার-বার এসেছে তাঁর দাম্পত্যজীবনের কথা, যা তাঁর পক্ষে তেমন সার্থকতা প্রতিশ্রুত হতে পারে নি। হবে না যে, তা যেন তিনি তাঁর বিবাহিত হবার আগেই জানতেন। 'আমার Y' ব'লে যে-মহিলাকে তিনি তাঁর ডায়েরি'তে রাগে-অনুরাগে বারংবার উল্লেখ করেছেন, তিনি যেন জানতেন, তাঁর উপহার যে-ক্ষতটি তিনি বহন ক'রে বেড়াচ্ছেন, তাতে তাঁর বৈধ স্ত্রী মোলায়েম মলম হতে চাইলেও তাঁর নিজস্ব অপরাধে তা তাঁর স্ত্রী পারবেন না। অথচ, সেই Y-চিহ্নিত মহিলা, যিনি অনেক বছর ধ'রে তাঁর নিদ্রা জাগরণের মুহূর্তগুলি মথিত ক'রে রেখেছেন, তিনিও স্বেচ্ছায় তাঁর নিজের প্রাসঙ্গিকতা থেকে স'রে গিয়েছেন অথবা যাচ্ছেন। তাঁকে তাঁর জন্মদিনে টেলিফোন করলে নিরুত্তর থাকছেন, ছোটো চিঠি লিখে জীবনানন্দ'কে নিমন্ত্রণ করছেন, কিন্তু আহ্বান শিরোধার্য ক'রে দেখা করতে গেলে তাঁর সম্মুখীন হবার বেলায় কার্পণ্য করছেন, এবং জীবনানন্দ গভীর সন্তাপে উপলব্ধি করছেন যে, কয়েক মাস আগেও যে-সম্পর্কটা এত জরুরি ছিল, জীবন্ত ছিল, তা কত তাড়াতাড়ি নিভে গিয়ে শীতল হয়ে যেতে পারল, এত দ্রুত মরণশীল এই সব মরণান্তিক সম্পর্কগুলি ! আবার গভীর পরাঙ্মুখতার মুহূর্তে এমনও ভাবছেন, তিনি তো তাঁর Y-কে পুরুষের ক্ষণিক অহঙ্কারের বশ্যতায় সন্তানবতী ক'রে দিতেও পারতেন'।

জীবনানন্দ'র লিটারারি নোটস/ভূমেন্দ্র গুহ

এবার জীবনানন্দের কোডেড ডায়েরি থেকে ভূমেন্দ্র গুহের ডিকোড করা কিছু ভুক্তি দেখা যাক।

-I am dying, but she will live: to end her: she has been this & this to me: philosophy of life: finally ending her before another mood of renunciation etc. dawns.

(This is a spider web, a frog in a serpent's mouth)
-The pity is : these reflections, associations of ideas, images etc. etc. which are mine will never be hers.

"এ দুটো আইটেম'এ যে বার্তাটি আছে, তা সম্ভবত জীবনানন্দ'র নিজের সে-সময়ের প্রেম-অভিজ্ঞতা জড়িয়ে, তাঁর ধূসর পাণ্ডুলিপি কবিতার বইটার কবিতাগুলিতে তা ছড়িয়ে আছে, বিশেষত নির্জন স্বাক্ষর, মাঠের গল্প, সহজ, কয়েকটি লাইন, পরষ্পর, বোধ ইত্যাদি কবিতাতে, ছড়িয়ে-ছিটিয়ে প্রায় সর্বত্র"।

দিনলিপি-৩য় খণ্ড/ ভূমেন্দ্র গুহ/পৃ. ১২২৪

Why I love her: all her commonness & coolness

"জীবনানন্দ নিজেও তো এ-রকম একটা অবস্থাগুণ্যের ফাঁদে প'ড়ে গেছেন-বিওয়াই সাধারণ একটি মেয়ে, যদিও সুন্দরী এবং শীতল; তা সত্ত্বেও 'হোয়াই আই লাভ হার'- কে বলতে পারে। বরিশাল'এর নিচু শ্রেণির খ্রিস্টান মেয়ে মনিকাও কি ঝটিতি এক বার উঁকি দিয়ে যান নি মাঝখানটায়?

দিনলিপি-৪র্থ খণ্ড/ভূমেন্দ্র গুহ/পৃ.১৮৮৮

দুই.

জীবনানন্দের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'ধূসর পাণ্ডুলিপি' প্রকাশিত হয় ১৯৩৬ সালে। অনেকেই মনে করেছেন 'ধূসর পাণ্ডুলিপি'র বা আগে-পরের প্রেমের কবিতাগুলো শোভনাকে কেন্দ্র করে লেখা।

কবিতার কল্পিত চরিত্র যে বাস্তবেরও চরিত্র, এর পক্ষে খুব যুক্তি নেই। সঞ্জয় ভট্টাচার্য যেমনটা বলেছেন—

"কবিতার এই বাস্তব বাস্তবের সঙ্গে সম্পর্কিত হলেও তার চাইতে ঢের বেশি ধূসর—তাই তা কবিতা"।

ভূমেন্দ্র গুহ বিষয়গুলোকে গবেষণার আলোকে প্রায় প্রতিষ্ঠিত করে গেছেন বলে দু'একটি কথা বলা যায়।

সঞ্জয় ভট্টাচার্য লিখেছেন—

তোমার বুকের 'পরে আমাদের পৃথিবীর অমোঘ সকাল;
তোমার বুকের 'পরে আমাদের বিকেলের রক্তিল বিন্যাস;
তোমার বুকের 'পরে আমাদের পৃথিবীর রাত:
নদীর সাপিনী, লতা, বিলীন বিশ্বাস।

(তোমাকে: শ্রেষ্ঠ কবিতা')

'নদীর সাপিনী'কে ঢেউই ভাবা যায়, 'লতা' কে 'বনলতা' ভাবলে 'নদীর সাপিনী'কে ক্লিওপাত্রাও ভাবা যায়, কিন্তু 'কুল-কুণ্ডলিনী' নয়। কেননা, জীবনানন্দ 'দিব্য অন্তঃকরণ' অনুভব করলেও ওটা যে তান্ত্রিক পরিভাষা নয় তা' কবিতার কথা'য় বলে গেছেন। তা যাই হোক, এ-কথা পরিষ্কার যে, 'বনলতা সেন' পর্যায়ে এসে কবি 'তুমি'-তে বিশ্বাস হারিয়েছেন'।

কবি জীবনানন্দ দাশ/সঞ্জয় ভট্টাচার্য

সঞ্জয় ভট্টাচার্যের কথাকে অনুসরণ করে বলা যায়, 'বনলতা সেন' এ এসে জীবনানন্দ যদি 'তুমি'তে বিশ্বাস হারিয়ে ফেলেন, তবে 'ধূসর পাণ্ডুলিপি' পর্বের কবিতা পর্যন্ত তিনি 'তুমি'তে বিশ্বাস রেখেছিলেন। তাহলে, এর পরের পর্বে, অর্থাৎ, 'বনলতা সেন', 'মহাপৃথিবী', 'সাতটি তারার তিমির', এই পর্বে কবিতায় বর্ণিত চরিত্রগুলোর ক্ষেত্রে জীবনানন্দ যেসব নারীকে কল্পনা করেছিলেন, তাদের সত্তা কী বহু ! তারা কি বৃহত্তর চেতনা নিয়েই কবিতায় এসেছিল !

জীবনানন্দের কবিতায় নারীর একক এবং বহু সত্তার বিষয়টির স্বপক্ষে 'ধূসর পাণ্ডুলিপি'র দুটি কবিতা থেকে কয়েক লাইন করে তুলে দিচ্ছি। 'বনলতা সেন' এর একটি কবিতা থেকে কয়েকটি লাইনও।

'ধূসর পাণ্ডুলিপি'র 'নির্জন স্বাক্ষর' কবিতায় জীবনানন্দ দাশ লিখেছেন—

তুমি তা জান না কিছু,—না জানিলে,—
আমার সকল গান তবুও তোমারে লক্ষ করে !
যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে'
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের 'পরে শুয়ে র'বে?

এ কাব্যগ্রন্থেরই আরেকটি কবিতা, 'সহজ', এর কয়েকটি লাইন—

তুমি শুধু একদিন, — এক রজনীর ! —
—মানুষের—মানুষীর ভিড়
তোমারে ডাকিয়া লয় দূরে—কত দূরে !
কোন্ সমুদ্রের পারে,— বনে—মাঠে—কিংবা যে-আকাশ জুড়ে
উল্কার আলেয়া শুধু ভাসে ! —
কিংবা যে-আকাশে
কাস্তের মতো বাঁকা চাঁদ
জেগে ওঠে,—ডুবে যায়—তোমার প্রাণের সাধ
তাহাদের তরে !
যেখানে গাছের শাখা নড়ে
শীত রাতে,—মড়ার হাতের শাদা হাড়ের মতন !—
যেইখানে বন
আদিম রাত্রির ঘ্রাণ
বুকে ল'য়ে অন্ধকারে গাহিতেছে গান !—
তুমি সেইখানে !
নিঃসঙ্গ বুকের গানে
নিশীথের বাতাসের মতো
একদিন এসেছিলে—
দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত !

'ধূসর পাণ্ডুলিপির' পরের কাব্যগ্রন্থটিই 'বনলতা সেন'। লেখক অশোক মিত্রের মতে, বাংলা কবিতার 'যুগান্ত ঘটানো' কবিতার নাম 'বনলতা সেন'। 'দুর্বোধ্য কবি' বলে জীবনানন্দের যে দূর্নাম ছিল, সেটিও এই কবিতার পর অনেকটা কেটে যায়। তাই 'বনলতা সেন'কে জীবনানন্দের দুর্বোধ্যতার দুর্নাম ঘোচানোর কবিতাও বলা যায়। এ-কবিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে লেখা একটি প্রবন্ধে অশোক মিত্র লিখেছিলেন "…তিন-চতুর্থাংশ শতাব্দী আগে 'বনলতা সেন' রবীন্দ্র-উত্তর বাংলা কবিতাকে স্বীকৃতি দান করেছিল। এই কবিতা দিয়ে বাংলা কাব্যের যে মোড় ঘোরা, পরবর্তী সাড়ে সাত দশকে তেমন কোনও বড় বাঁকের মনে হয় দেখা পাওয়া যায়নি। 'বনলতা সেন'-এর ঐতিহ্য অনুসরণ করেই বাংলা কাব্যের এখনও পথ-পরিক্রমা। বুকে হাত দিয়ে বলুন তো, সেই ১৩৪২ বঙ্গাব্দে পাখির নীড়ের মতো চোখ তুলে বনলতা সেন যদি ব্যাকুল প্রশ্ন তুলে না দিত, কয়েক দশক বাদে 'অবনী, বাড়ি আছো?' রচনা সম্ভব হত?'

কবিতাটির প্রথম কয়েকটি লাইন—

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারি দিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু'দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।

'বনলতা সেন' চরিত্রটির মধ্যে অনেকে নির্দিষ্ট কোনো নারীকে খুঁজে পেলেও জীবনানন্দের কবিতার সঙ্গে যার আত্মার সম্পর্ক, সঞ্জয় ভট্টাচার্য 'বনলতা সেন'-চরিত্রে একক কোনো নারীসত্তা খুঁজে পাননি। তিনি লেখেন—

'মহাসময়ের সঙ্গে সে মহাজীবনের অনুভব জীবনানন্দ মনে বহন করেছেন, তারই পরিপ্রেক্ষিতে বর্তমান জীবনকে দেখেছেন তিনি এ-কবিতায়। আমার নিকট সমগ্র কবিতাটির এই একটা উপলব্ধিই উপস্থিত হয়েছে। বর্তমান সময়গ্রন্থিতে সব সময় নিবিষ্ট করে যেমনি কবি আছেন— তেমনি আছেন 'নাটোরের বনলতা সেন'। এ সময়গ্রন্থিতে যেমনি অন্ধকার অতীত আছে তেমনি অন্ধকার ভবিষ্যৎ— আর দু-দণ্ডের শান্তির বর্তমান।'

সঞ্জয় ভট্টাচার্যের নিচের কথাগুলোতে জীবনানন্দের কবিতায় নারীর একক এবং বহুসত্তার বিষয়টি আরো স্পষ্ট হয়—

'বনলতা সেন' কবিতাটিতে কবির দু-ধারা চেতনা এসে মিশেছে : সময়চেতনা এবং প্রকৃতি-চেতনা। বর্তমানের সময়গ্রন্থিতে ইতিহাসের একটা বৃত্তান্তসময় মিশিয়ে কবিতাটি শুরু হয়েছে, শেষ হয়েছে কবির প্রকৃতি-চেতনায়। নাটোরের বনলতা সেনকে খ্রিষ্টপূর্ব পাঁচ শ বছরের ইতিহাসে রঞ্জিত করে দেখলেও, তাকে মানবী বলে গ্রহণ করতে মুশকিল হয় না। কিন্তু প্রকৃতির যে উদাসীন, সহজ শক্তিকে 'তুমি'-সম্বোধনে কবি মানব-হৃদয়ের প্রেম নিবেদন করেছেন 'ধূসর পাণ্ডুলিপি'র অধ্যায়ে এবং একদিন যে ধরা দিয়ে একরাত্রি যতটা দেওয়া যায় দিয়েছে এবং কবি বলেছেন, সে উদাসীন থাকলেও কবির সমস্ত গানই তাঁকে লক্ষ্য করে ('নির্জন স্বাক্ষর' ও 'সহজ')— সে শক্তর প্রতীক বা 'তুমি' এই সর্বনামের প্রকৃষ্ট নাম হিসেবে যদি 'বনলতা'কে ধরা যায়— তাহলে পাখির নিড়ের মতো চোখের মানে খুব সহজ হয়ে যায়— বনের একটি লতা যাতে পাখি নীড় বেঁধেছে যা দেখতে চোখের মতো। কিন্তু মুশকিল এই, বনলতা সেন প্রতীক বনলতা হয়ে অমানবী হয়ে যাচ্ছে। কিন্তু তাতে কি? 'বনলতা সেন'-পর্যায়ে জীবনানন্দ মানবীকে অমানবী করতে দ্বিধা করেন নি ('অন্ধকার') এবং 'তুমি'কে অধিকতর মানবী করতে চেয়েছেন মানবীয় চিন্তার ক্ষমতা অর্পণ করে। যেকালে 'বনলতা সেন' 'সে' সর্বনামে ভূষিতা হয়ে অন্ধকারে কবির মুখোমুখি, তখনই 'তুমি'কে আকাশ-পাতাল খুঁজে চলেছেন কবি। তাতে কি বুঝব? 'বনলতা সেন' একটি নিঃস্বার্থ জিনিস; কবি বলেছেন তাঁর 'কবিতার কথা'য়– শ্রেষ্ঠ কবিতাকে 'নিঃস্বার্থ জিনিস হতে হয়। আর 'তুমি'? তার সঙ্গে যে কবির স্বার্থ জড়িত।'

জীবননান্দের কবিতার রাঙা রাজকন্যারা—শঙ্খমালা, চন্দ্রমালা, মানিকমালা, কাঞ্চনমালা, কঙ্কাবতী, অনুরাধা, রোহিনী, অরুণিমা সান্যাল, শেফালিকা বোস, মৃণালিনী ঘোষাল, আকাশলীনা, সরোজিনী, সুরঞ্জনা, সুচেতনা, সুদর্শনা, শ্যামলী, সবিতা। এদের যে বহু সত্তা, সেটি আর বলার অপেক্ষা রাখে না।

এর স্বপক্ষেই যেন যুক্তি দিলেন দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়—

"রবীন্দ্রনাথের কবিতায় এবং গানে আমরা প্রেমের বিচিত্র ব্যঞ্জনা প্রত্যক্ষ করেছি। অতীতের বিষাদের সঙ্গে সঙ্গে সেখানে দেখেছি বর্তমানের বীরত্বময় সংকল্প, ভবিষ্যতের আশ্বাস; দেখেছি নারীর আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে পুরুষের সমকক্ষ হিসাবে প্রেমলাভের বাসনা; এবং প্রেম যে সমাজবাদী নারীপুরুষের সদা-পরিবর্তমান সম্পর্ক, এ উপলব্ধিও লক্ষ্য করেছি। রবীন্দ্রত্তোর তৎকালীন কবিদের মধ্যে বুদ্ধদেব বসু প্রেমের শারীরিক দিকটির কথা যথেষ্ট আবেগ-উত্তাপের সঙ্গে উপস্থিত করেছিলেন; আর এরই কিছুকাল পরে সুধীন্দ্রনাথ দত্ত-যিনি 'মানসীর দিব্য-আবির্ভাব সে শুধু সম্ভব স্বপ্নে, জাগরণে আমরা দিব্য একাকী' বলে জীবনানন্দের মতো প্রত্যক্ষের চেয়ে স্বপ্নের দিকে পক্ষপাত করেছিলেন-তিনিও, কখনও বিষাদ, কখনও হাহাকার দিয়ে প্রেমের জৈব-প্রেরণার কথাই কাব্যরূপায়িত করেছিলেন। জীবনানন্দের কবিতায় প্রেমের এই উচ্ছ্বলতা নেই, স্মৃতি নিয়ে 'হাহাকার'ও অনুপস্থিত। প্রেমকে তিনি গ্রহণ করেছেন এক প্রয়োজনীয় উপলব্ধির মতো, যা না হলে তাঁর মতে এই উৎকেন্দ্র জগতে বেঁচে থাকই কঠিন। বলা বাহুল্য, একজন কবির পক্ষে এ বোধ অত্যন্ত গৌরবের। কিন্তু নতুন নয়। 'শ্রীকৃষ্ণকীর্তনে'র চন্ডীদাস থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত, যাঁরাই প্রেমের বিষয়ে কিছু বলেছেন তাঁরা প্রত্যক্ষে বা পরোক্ষে প্রেমের বিপুল প্রভাবের কথা মেনে নিয়েই লিখেছেন। এ যুগের কবির বিশেষ দায়িত্ব হচ্ছে, এ কালের সমাজ-বাস্তবের সঙ্গে সম্পৃক্ত করে সেই প্রেমের উপলব্ধিকে কাব্যরূপায়িত করা। রবীন্দ্রনাথ তা পেরেছিলেন- তাঁর শেষের কবিতাগুলি ('মহুয়া', 'পুনশ্চ', 'চিত্রাঙ্গদা'র গান: 'আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী') তার প্রমাণ। কিন্তু জীবনানন্দ তা পারেন নি। তাই তাঁর কবিতায় বনলতা সেন, সুরঞ্জনা, সবিতা, সুচেতনা বা মৃণালিনী ঘোষাল কি অরুণিমা সান্যাল, কাউকেই আমাদের সহযাত্রিণী বলে মনে হয় না-প্রেমের সামাজিক অস্তিত্বের চেয়ে বরং এক আত্মিক জগতের উপস্থিতি ঘোষণা করাই যেন তাদের লক্ষ্য বলে মনে হয়।"

জীবনানন্দ দাশ: উত্তরপর্ব/দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়/পৃ. ২৬১-২৬২

তিন.

জীবনানন্দের মৃত্যুর পর তাঁর ট্রাঙ্কে রাখা ডায়েরির সঙ্গে গল্প-উপন্যাসের পাণ্ডুলিপি দেখে ভূমেন্দ্র গুহ অজ্ঞাত দ্বীপ আবিষ্কারের রোমাঞ্চে কণ্টকিত হয়েছিলেন। এ পাণ্ডুলিপিগুলো নিয়ে ভূমেন্দ্র গুহ, অমিতানন্দ দাশ এবং জীবনানন্দের জীবনীকার প্রভাতকুমার দাসের বক্তব্য বিশ্লেষণ করে জানা যায়, ছাপা না হলেও এগুলো তিনি পাঠকের জন্যই লিখেছিলেন। গল্প-উপন্যাসগুলোকে কোডেড ডায়েরির মত লুকিয়ে রাখতে চাননি।

ভূমেন্দ্র গুহ তাঁর 'জীবনানন্দ'র লিটারারি নোটস' প্রবন্ধে লিখেছেন—

'শেষ জীবনে তিনি অনেককে, বিশেষত সঞ্জয় ভট্টাচার্যকে বলেছেন-'একটু সুযোগ সুবিধে পেলেই, শরীর স্বাস্থ্য-পরিবেশ আর একটু স্বচ্ছন্দ্যকর হলেই, তিনি আত্মজীবনী লিখবেন'।

এ কথা লিখে ভূমেন্দ্র গুহ ফুটনোট দেন—

'যেন তাঁর কবিতায়-গল্পে-উপন্যাসে আত্মজৈবনিক লেখা লিখতে বাকি রেখেছেন কিছু '!

অমিতানন্দ দাশ লেখাগুলোর অস্তিত্বের সন্ধান দেবার পাশাপাশি আরো কিছু তথ্য দিয়েছেন—

'প্রচুর গল্প-উপন্যাস ক্রমাগত লিখে গেছেন জীবনানন্দ, কিন্তু কোনোটাই প্রকাশ করার চেষ্টা করেন নি। কিছু গল্পের খাতা ফেলে দিয়েছেন—তাঁর ছেলে রঞ্জু তার ফাঁকা অংশে অঙ্ক করেছে, ছবি এঁকেছে। পরে ভাই অশোকানন্দ বা বোন সুচরিতা তুলে রেখেছেন সেগুলি।'

জীবনানন্দের জীবনীকার প্রভাতকুমার দাস তাঁর 'পত্রালাপ, জীবনানন্দ দাশ' গ্রন্থের ভূমিকায় লিখেছেন—

"কে না জানে জীবনানন্দ আজ শুধু কবি নন, মৃত্যুর পর ষাট বছরে তিনি কথাসাহিত্যিক হিসেবেও সর্বাধিক প্রতিষ্ঠা পেয়েছেন। অথচ চার-পাঁচশো টাকার জন্য বন্ধু সঞ্জয় ভট্টাচার্যকে তিনি একদা অনুরোধ জানিয়েছিলেন, 'একটা উপন্যাস', তাঁর নিজের নামে নয়, 'ছদ্মনামে' লিখতে চান তিনি। কিংবা 'জীবনস্মৃতি' লিখবেন পূর্ব্বাশা-য় মাসে মাসে, ধারাবাহিকভাবে। তাঁর মৃত্যুর পরে জানা যাচ্ছে, একটা নয়, অন্তত দশটার বেশি উপন্যাস লিখেছিলেন তিনি, গল্পও প্রায় শতাধিক—এসব লিখেছিলেন নিছক অর্থ রোজগারের জন্য নয়, হয়তো নতুন রীতির কথাসাহিত্য রচনা করতে পারবেন, এই আত্মপ্রত্যয়ের প্ররোচনায়।"

প্রসঙ্গত, ১৯৩০ সালের আগে জীবনানন্দ দাশ কোনো গল্প লেখেননি। সেবছরই তাঁর বিয়ে হয়। ১৯৩১ সালে জীবনানন্দ অন্তত চোদ্দটি গল্প এবং একটি উপন্যাস লেখেন। এই ঘটনাটি তাৎপর্যপূর্ণ এ-অর্থে, এসব লেখায় সেসময়ের তাঁর মানসিক অবস্থার অনেকখানি ধরা পড়ে। এসব গল্পের বেশিরভাগের প্রধান চরিত্রের জীবনে বেকারত্বের গ্লানি, দাম্পত্য সম্পর্কে অরুচি এবং ফেলে আসা প্রেমের সম্পর্কের জন্য হাহাকার ফুটে ওঠে। জীবনানন্দের জীবনের ঘটনাগুলো ছায়া ফেলেছে গল্পগুলোতে। তাই এসব গল্পকে আত্মজৈবনিক গল্প বলেই আমাদের মনে হয়।

জীবনানন্দ দাশ বাংলা কবিতায় নতুন ধরনের স্বর এনেছিলেন। অন্যদিকে তাঁর গল্প-উপন্যাসগুলো ছিল খসড়া গোছের। বেশিরভাগের কোনো নাম ছিল না। তবু মনস্তাত্ত্বিক বিস্ফোরক ভরে আঙ্গিকের বৈচিত্র্যে এবং বিষয়ের মাহাত্মে তিনি এগুলোকে এমন একটি বিশেষত্ব দান করেছেন, কথাসাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায় তাঁর লেখাকে ফ্রানৎস কাফকার লেখার সঙ্গে তুলনা করেছেন।

জীবনানন্দের লেখা উপন্যাস "মাল্যবান" পড়ে সন্দীপন লিখেছিলেন—

'১৯৩২-এ লেখা গল্প আমরা পড়তে পেলাম ১৯৭২-এ। ইওরোপে যার নাম ট্রায়াল, এখানে সেটাই মাল্যবান, বই হয়ে বেরুল ৩০ বছর পরে; সবার আগে যে, সে দেখা দিল সবার পরে'।

এক মহীরুহ/ সন্দীপন চট্টোপাধ্যায়

জীবানানন্দের বাস্তবাশ্রিত কাহিনীকে ঘিরে লিখিত গল্প-উপন্যাসে শোভনা বা বেবী যেমন এসেছেন, লাবণ্যও এসেছে। প্রেম যেমন এসেছে, অপ্রেমও এসেছে।

'কুয়াশার ভিতর মৃত্যুর সময়' গল্পের শিল্পরূপের মূল উপাদানকে বাস্তবের উপাদান দিয়ে বিশ্লেষণ করলে শোভনার সঙ্গে ব্যর্থ প্রেমের সম্পর্কটি অনেকটা স্পষ্ট হয়ে ওঠে।

গল্পটি এভাবে আরম্ভ হয়েছে—

'বিনোদ নিজের জীবনের একটা গল্প লিখছে।
অনেকদিন সে কিছু লেখেনি।
এখনও লেখবার অবসর নেই, রুচি নেই, সুযোগ নেই, আবেগ নেই। চারদিককার পরিশ্রম অবসাদের দরকার মেটাতে মেটাতে জীবনে আর কিছুই নেই যেন।
এইটুকু নিজে লিখে নিজেকে দেখবারও কেমন একটা প্রয়োজন আছে যেন। নিজের জীবনের কথাই, নামগুলো মাত্র বদলে দিয়ে লিখতে শুরু করেছে সে'।

বিনোদ যে গল্পটি লিখেছে তার পুরুষ চরিত্রটির নাম হিমাংশু, নারী চরিত্রের নাম অরুণা। হিমাংশুর দু'দিন পরই বিয়ে। বিয়ে উপলক্ষ্যে তার প্রেমিকা অরুণা স্টিমারে করে আসছে, এ তথ্য দিয়ে হিমাংশুকে সে একটি চিঠি লিখেছে। চিঠিতে অরুণা লিখেছে—

"আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের ওখানে যাচ্ছি, যদি পারো স্টেশনে থেকো। তুমি যে কুঁড়ে থাকবে কিনা জানি না, স্টিমার আজকাল কটার সময় গিয়ে পৌঁছোয়, নিশ্চয়ই এমন কোনো সময়ে না, যাতে মানুষদের নানাদিক দিয়ে ব্যাঘাত হয়'।

চিঠিটি অল্পবয়সের চাপল্যে ভরা। গভীর চিন্তাশক্তির হিমাংশুর স্বভাবের সঙ্গে অরুণার চপল স্বভাবের যেন কোনো মিলই নেই ! মেয়েটি একেবারেই ছেলেমানুষ। হিমাংশু চিঠিটি পড়ছে আর ভাবছে, ছেলেমানুষ হলেও অরুণা সরল। যে কথাগুলো লিখেছে সেখানে গভীরতা না থাকতে পারে, ভান বা ঢং নেই।

গল্পটির বিশেষত্ব হচ্ছে, হিমাংশুর সঙ্গে অরুণার প্রেমের সম্পর্কটি বিয়েতে না গড়ালেও হিমাংশুর কল্পনায় এই সম্পর্কটি যেন চিরকালের। দু'দিন পরই হিমাংশুর বিয়ে কিন্তু তার বর্তমানের কল্পনায় যেমন অরুণা, অতীতেও অরুণা, ভবিষ্যতের ভাবনায়ও কেবল সে-ই। হিমাংশুর সঙ্গে যার বিয়ে হচ্ছে সেই মেয়েটির নাম সরোজিনী। বিয়েটা সম্বন্ধ করেই হচ্ছে। কিন্তু সেসব নিয়ে তার কোনো উত্তেজনা নেই। বিয়ে করছে হিমাংশু কিন্তু তার কল্পনায় কেবল অরুণা।

হিমাংশুর সব সময়ের কল্পনায় যে মেয়েটি, সেই অরুণা কী হিমাংশুকে নিয়ে ভাবে? হিমাংশু বলছে, 'অরুণা কি ভালোবাসে না তাহলে আমাকে? কোনোদিনও ভালোবাসেনি? তবে বেসেছিল, শেষ করে ফেলেছে। সব সময়ই এক ভালোবাসা একটা দ্বিধার জিনিশ ছিল বটে। কিন্তু তবুও হিমাংশু জানত এ মেয়েটি যদি কাউকে ভালোবাসে পৃথিবীতে, তাহলে তাকেই'।

হিমাংশুর নিশ্চিত করেই তবে জানে, অরুণা তাকে এখন না ভালোবাসলেও, বা তার ভালোবাসা ফুরিয়ে গেলেও অরুণা যদি কাউকে ভালোবাসে, সে হিমাংশুই।

এই প্রেমের সম্পর্কটির অতীত কেমন?

হিমাংশু বলছে —

'এক হিশেবে দেখতে গেল, জীবনের প্রকৃত প্রয়োজনের হিশেবের দিক দিয়ে অরুণার সঙ্গে যে কটি বছর তার ভালোবাসায় গেছে— বটেই অপচয়ের বছর।'

আবার ভাবছে, 'জীবনও ত্রিশে পৌঁছেছে প্রায়। ঊনত্রিশটা বছর একরম নষ্ট হয়ে যায় না হয়তো সকলের জীবনে। কিন্তু ঊনচল্লিশেই হোক, ঊনপঞ্চাশেই হোক, অপচয়ের যে শেষ হয়েছে শেষ হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় কথা।'

এত যে ভালোবাসে, অরুণাকে বিয়ে করল না কেন হিমাংশু? যেন এক ধরনের ধাঁধা। হিমাংশু ভাবছে—

'নানা কারণেই অরুণাকে বিয়ে করা অসম্ভব। আর ভালোবাসার কুয়াশা নিয়ে একটা জীবন কাটিয়ে দেওয়া আরও অসাধ্য…'।

রাত-দিন যে মেয়েটির কথা ভাবে। বিয়ে করবে কি, সে তো হিমাংশুর ধাতেরই নয়। 'গভীর রাতের নক্ষত্র দেখে শিহরিত হয়ে উঠবার ব্যবস্থা যার জীবনে কোনোদিনও ছিল না, কোনোদিনও নেই, সেই মেয়েটির জন্য এমন ভালোবাসা ও কামনা মনের ভেতর পুষতে পুষতে হিমাংশু পদে পদে আজও এমন আঘাত পেতে যাচ্ছে কেন !'

এসব ভাবনা-চিন্তার মধ্যেই আমরা দেখতে পাই, অরুণা এসে পৌঁছেছে। হিমাংশু অরুণার রূপ দেখে বিমুঢ় হয়ে যায় আবার। কিন্তু শরীরই তো সব নয়, মনও আছে। লেখক লেখেন—

'তবুও মনটা সন্ধান করতে চায়। অরুণার মুখের নিটোল রূপের যা শারীরিকতা মাত্র তাও মানুষকে স্থির থাকতে দেয় না। সন্ধান করতে বলে—সন্ধান করতে বলে।'

এরপর অরুণার সঙ্গে হিমাংশুর দীর্ঘ সংলাপ পর্ব শুরু হয়। সংলাপের ফাঁকে ফাঁকে সিচ্যুয়েশন বর্ণনা টুকরো টুকরো চিন্তার স্বগত সংলাপও।

একধরনের অপচয় মনে করলেও সেই সংলাপ পর্বের এক পর্যায়ে হিমাংশু অরুণাকে বলে :

'আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে ছাড়া আর কাউকে না, তুমি আমার কাছে কীরকম যে জিনিশ সমস্ত সৃষ্টি আবহমানকাল আমার জন্য অপেক্ষা করছিলে, আমি সেটুকু বোঝাতে ঠিক যেমন করে কেউ কোনোদিন তা বোঝেনি, কেউ কোনোদিন তা বুঝবে না, বুঝবে না, আমার এ অভিজ্ঞতাটুকু সৃষ্টি নিজের লক্ষ লক্ষ কোটি কোটি অনাদি বছরের সঞ্চয়ের সঙ্গে সঞ্চয় করে রাখল, এত সঞ্চয়ের পরও এইটুকু দরকার ছিল তার, এমনি করেই সে অপরিসীম হতে চলেছে, তোমার সঙ্গে আমার সম্বন্ধ এই, সৃষ্টির অনন্ত সঞ্চয়ের মধ্যে অতি তুচ্ছতম, কিন্তু তবুও একেবারেই অপরিহার্য, যে ভালোবাসছে কোনোদিন এক কণাও তেমন করে ভালোবাসতে পেরেছে কাউকে, সে এ বোঝে, কিন্তু কি আশ্চর্য সে ছাড়া লক্ষ লক্ষ অপ্রেমিক শত চেষ্টা করেও এ বুঝবে না। আমি ভালোবেসেছি, আমি বুঝি, আমি যা এবং তুমি যা এবং আমার প্রেম যা তাতে তুমি আমার কাছেই কি একমাত্র আমিই নিজস্ব করে তা জানি, সৃষ্টিও আমার সেই জ্ঞান ও বোধ দিয়ে চরিতার্থ, আমার জীবনের এই বিশেষত্ব এবং সৃষ্টির নিকটও এর এই অবিনশ্বর অপরিহার্য প্রয়োজনীয়তাকে শত টানাটানি করেও কেউ কোনোদিন খসিয়ে ফেলতে পারবে না বটে, আমি একদিন তোমাকে ভুলে গেলেও না, কিন্তু এ সত্য একবার হয়ে গেছে তা চিরকালের জন্য সত্য হয়ে রয়ে গেছে, কিন্তু এ সত্যকে কেউ স্খলিত করতে না পারলেও আমার প্রেমের নিজস্বতাকে কেউ না বুঝে কথা দিতে পারে কিংবা বুঝেও, এখনই তোমাকে আমার নিজস্বতাকে সে অনুমাত্রও লঙ্ঘন করতে যাচ্ছে, কিংবা তুমি তোমাকে লঙ্ঘিত করতে দিচ্ছ।'

হিমাংশু সঙ্গে অরুণার এসব কথাবার্তার রেশ থেকে যায় কিছুক্ষণ, হিমাংশু বিয়ে করে, সন্তানও আসে তাদের সংসারে। অরুণারও বিয়ে হয়। কিন্তু হিমাংশুর জীবনে চিরসত্যের মত থেকে যায় অরুণার প্রেম। সংসারের হিশেব-নিকেশের জীবনেও সমস্ত ভাবনার কেন্দ্রবিন্দু থাকে অরুণার ভাবনা। একসময় মনে হয় প্রেমের অনুভবগুলো হিমাংশু হারিয়ে ফেলেছে। কিন্তু একদিন হিমাংশুর জীবনে প্রেম ছিল, জগতের শ্রেষ্ঠ প্রেম— এই ভাবনায় যাপন করতে হিমাংশুর কখনোই ভুল হয় না, আর এই অনুভূতিও সে আর কখনোই হারিয়ে ফেলতে পারে না।

ভূমেন্দ্র গুহ জীবনানন্দের লেখাগুলোর প্রত্নখননের দায় মেটানোর সঙ্গে সঙ্গে ব্যক্তি জীবনানন্দের আঁধার-আলোর জীবনকে নানা সূত্রের ফুল দিয়ে মালা গাঁথার চেষ্টা করেছেন। ১৯৫৪ সালে জীবনানন্দ প্রয়াত হয়েছেন। ভূমেন্দ্র গুহ বহু বছর পর, ২০০২ সালে জীবনানন্দের ডায়েরির 'ওয়াই'কে আঁধার থেকে আলোয় এনে পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাঁর সঙ্গে দেখা করেছিলেন।

হিমাংশুর প্রেমিকা অরুণা, গল্পের সেই ছেলেমানুষী চিঠি লেখা মেয়েটি, ছেলেমানুষ বটে, তবে তার ভান নেই, ঢং নেই, গভীরও সে নয়। বাস্তবের নায়িকাও যেন তেমন। কোনো হেল-দোল নেই। দেখা করতে গেলে শোভনা তাঁর মিলুদা'র কথা যেভাবে স্মৃতিচারণ করেছিলেন, ভূমেন্দ্র গুহ দিনলিপিতে তুলে ধরলেন সেসব—

"জীবাননন্দ-যে তাঁর বিবাহিত জীবনে নানা ধরনের অসঙ্গতির মধ্যে প'ড়ে গিয়েছিলেন, তা জানতেন শোভনা, এবং তার জন্য দুঃখ বোধ করেছেন। সমবেদনাও। বলেছেন : মিলুদা তো বিয়ে করতে চায় নি, একত্রিশ-বত্রিশ বছর বয়েসে নিতান্ত বাধ্য না হলে কোনও পুরুষমানুষ বিয়ে করে ! ও তো কবি-মানুষ, ও বিয়ে করবে কেন? মেয়েমানুষদের বিয়ে না করলে চলে না, বিয়ে করতেই হয়; কিন্তু, ও তো পুরুষমানুষ, ওর বিয়ে না করলেও চলত; ওর স্ত্রী তো ভয়ংকর, ওর উপযুক্ত পাত্রী ছিল না, মিলুদা'কে ভাজাপোড়া ক'রে ছেড়েছে; পিসেমশাই মনোমোহন চক্রবর্তী প্রায় জোর ক'রে মিলুদাকে বিয়েটা করিয়ে ছাড়ল, মেজোজেঠামশাইমা'র আশকারাটাও কম ছিল না; চাকরি-বাকরি নেই, বাবা-ভাইয়ের হাত-তোলা বেচারা মিলুদা'ই-বা কী করবে? তা ছাড়া, ও তো চিরটাকাল মুখচোরা, চুপচাপ, সবাইকে সন্তুষ্ট করতে এক পায়ে খাড়া ! ঢাকা-শহরটার উপরে কী টানটাই-না ছিল পিশেমশাই'র; তিনি আবার মিলুদা'র বিয়ের অনুষ্ঠানে আচার্যও হয়েছিলেন ! ঢাকা'র মেয়েরা জ্যান্তখেকো হয় ! আমরা তাঁকে মনে করিয়ে দিলুম না যে, তাঁর পূর্বপুরুষেরাও ঢাকা'র বিক্রমপুর থেকে বরিশাল'এ এসেছিলেন ! অপবাদটা, তা হলে, তাঁর গায়ে গিয়েও লাগে !"

দিনলিপি/ভূমেন্দ্র গুহ/৪র্থ খণ্ড/পৃ.১৮০৯

লাবণ্যকে নিয়ে ডায়েরিতে লেখা কয়েকটি ভুক্তি লক্ষ্য করি—

১৭/৯/৩৩

"…the same old rejection—কথা বন্ধ…benefit করেছ চার বছরের মধ্যে? …her great concern and solicitudes for me step by step brought down to this callous negativity.

১৬/১২/৩৩

"…our marriage is scrap…সারারাত কাঁদে…উঠে পড়ি…কি করব? আত্মহত্যা? হার্ট ফেল? শীতের রাতে অন্ধকার পুকুরে ডুবে মরব?…আগে এরকম করার পর পায়ে ধরে ক্ষমা চাইত…."।

হঠাৎ চিন্তা হল বর্তমানের পৃথিবীতে যা কিছু ঘটছে দূর ভবিষ্যতে তার কীভাবে মূল্যায়ন হবে:

১১/৮/১৯৩৪

"L-terrible অবস্থা 3-4 days— নাওয়া না, খাওয়া না, শুধু মুড়ি—দিনের পর দিন…এ বাড়ির সবাই তার পর…ওকে ভূতে পায় নাকি?…"

জীবনানন্দ অনেক দূর দেখতে পেতেন। ১৯৩৩ সালের ডিসেম্বরের ষোল তারিখের ভুক্তিটি একটু লক্ষ্য করি। তাঁদের দাম্পত্য সম্পর্কের বেহাল অবস্থা দেখে জীবনানন্দ ভাবছিলেন, লাবণ্যের সঙ্গে সম্পর্কের বর্তমান পৃথিবীর এসব ঘটনা দূর ভবিষ্যতে কীভাবে মূল্যায়িত হবে? মানুষ কী বুঝতে পারবে, কার দায় কতখানি? জীবনানন্দ সম্পর্কটি টেনে নিতেও অপারগ প্রায়, আত্মহত্যার কথা ভাবছেন তখন। দেখা যাচ্ছে, আগে ঝগড়াঝাটির পর লাবণ্য পায়ে ধরে ক্ষমা চাইতেন। নিশ্চয়ই লাবণ্য তাঁর ব্যবহারে অনুতপ্ত হতেন, নইলে পায়ে ধরবেন কেন?

বস্তুত আমরা তাঁদের সম্পর্কের টানাপোড়েনকে তলিয়ে দেখেই মন্তব্য করব। দাম্পত্য সম্পর্ক কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এখানে প্রথম-দ্বিতীয় হবার প্রয়োজনীয়তাও নেই, বাস্তবতাও নেই। কিন্তু যে কারো দিকে আঙুল তুলে প্রশ্ন তোলার আগে বিষয়গুলো যাচাইয়ের সুযোগ থাকলে আমরা নিশ্চয়ই তা করব। আয়-রোজগারহীন জীবনসঙ্গী যেমন যে-কোনো স্ত্রী'র জন্য দুঃসহ হয়ে দাঁড়ায়, তেমনি জীবনানন্দের মত একজন সচেতন-সজাগ কবির স্ত্রী হিশেবে লাবণ্য কতখানি বৌদ্ধিক ছিলেন সেটিও ভেবে দেখার বিষয়। কতটা মানবিক আচরণ তিনি জীবনানন্দের সঙ্গে করতেন সেটিও তলিয়ে দেখতে হবে।

কথাসাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায় জীবনানন্দের যে উপন্যাসটিকে কাফকার 'দ্য ট্রায়ালে'র সঙ্গে তুলনা করেছিলেন, সেই 'মাল্যবান' উপন্যাসে লাবণ্যের সঙ্গে জীবনানন্দের বিবাহিত জীবনের তিক্ততার অংশটুকু অনেকটাই ধরা পড়ে। এ উপন্যাসটি লাবণ্য দাশ ছাপতে রাজি ছিলেন না। তাঁর বাধার মুখে অনেক পরে এটি আলোর মুখ দেখে।

মানুষের আসল সমস্যাকে তুলে ধরতে উপন্যাসের প্রয়োজন আছে এরকমটা জীবনানন্দ জীবদ্দশায় বলে গেছেন।

উপন্যাসের নায়ক মাল্যবান আর তাঁর স্ত্রী উৎপলা। দু'জন বিপরীতমুখী স্বভাবের মানুষ। উৎপলা সুন্দরী, রাগী, আক্রমণশীল, খরুচে এবং স্বামীর সঙ্গে যৌনতায় অনাগ্রহী নারী। মাল্যবান স্পর্শকাতর, দরিদ্র, সাদাসিধে, শান্ত, মৌন এবং দেখতে অনাকর্ষণীয় পুরুষ।

স্ত্রী'র চরম অবহেলায় জীবন কাটে মাল্যবানের। নীচতলার স্যাঁতসেঁতে ঘরে একা রাত্রিবাস করে সে। উৎপলা শিশু-সন্তান সহ উপরের ঘরে থাকে। স্বামী মাল্যবানকে কাছেও ঘেঁষতে দেয় না। তাঁর অগ্রজ এলে মাল্যবানকে বাড়ি থেকে বের হয়ে বাইরের মেসে সাত মাস কাটিয়ে আসতে বাধ্য করে। একদিন উৎপলার বন্ধু আসে, মাল্যবান নীচতলার একা ঘরে প্রায় নির্বাসিত, উৎপলা স্খলিত, বন্ধুর কাছে আত্ম-সমর্পন করে।

মাল্যবান উপন্যাসের ছত্রে ছত্রে জীবনানন্দের আভিজাত্যপূর্ণ ভাষার স্পর্শ পাওয়া যায়। ডঃ অমলেন্দু বসু মাল্যবানের ভূমিকায় উল্লেখ করেছেন—

'জীবাননন্দ'র কাব্যপাঠে যাঁদের চিত্ত অনুরণিত হয়েছে… তাঁরা এই গল্প ও উপন্যাসকে জীবনানন্দর কথা সাহিত্যিক, তাঁর সম্পূর্ণ অমেয় সৃজনী কর্মের অচ্ছেদ্য অংশ বলেই গণ্য করবেন। জীবনানন্দর এই উপন্যাসটিকে শেষ পর্যন্ত আমরা সবাই তাঁর কাব্যশিল্পের সূত্রে সমন্বিত করতে চাইব। তেমনটি যখন চাইব তখন এই কথাসাহিত্যে তাঁর কবিসত্তার অসংখ্য আভ্যন্তরীণ আভাস পাব। সে আভাস যেমন শব্দপ্রয়োগে, তেমনি বাকবিধিতে, বর্ণনায়, সার্বিক দৃষ্টিভঙ্গিতে। সে আভাস, একটি সুপরিচিত কবিত্বশক্তির আভাস এমন ভাষায়, এমন দৃষ্টিতে, এমন অনুভূতিতে (যা) একজন বিশেষ বাঙালী কবিরই সৃজনীশক্তির মোহর আঁকা।'

সংসারে কোনো কোনো মানুষ থাকেন, যারা নিজেকে প্রত্যাহার করেই রাখেন। জীবনানন্দ যেন তাই ছিলেন। যুদ্ধ, দারিদ্রের যুগসন্ধিতে দাঁড়িয়ে তিনি কবিতা লিখে গেছেন। নতুন অন্বেষা, নতুন স্বর নিয়ে আত্মমগ্ন থেকেছেন। জীবনে দুঃখের দহন ছিল, ছিল চিন্তার গভীরতা। প্রেম তাঁকে পুড়িয়েছে। অপ্রেমও। অভিজ্ঞতার কষ্টিপাথরে নিকষিত শক্তি দিয়ে অনুধাবন করেছেন প্রেম, অপ্রেমও। গভীরতম প্রজ্ঞা ঢেলে দিয়ে তিনি কবিতায় লিখেছিলেন—

ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে
অবহেলা ক'রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে,
ঘৃণা ক'রে দেখিয়াছি মেয়েমানুষেরে;

আমারে সে ভালোবাসিয়াছে,
আসিয়াছে কাছে,
উপেক্ষা সে করেছে আমারে,
ঘৃণা ক'রে চ'লে গেছে— যখন ডেকেছি বারে-বারে
ভালোবেসে তারে;
তবুও সাধনা ছিল এক দিন, — এই ভালোবাসা;
আমি তার উপেক্ষার ভাষা
আমি তার ঘৃণার আক্রোশ
অবেহেলা ক'রে গেছি; যে-নক্ষত্র— নক্ষত্রের দোষ
আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা
আমি তা ভুলিয়া গেছি;
তবু এই ভালোবাসা— ধুলো আর কাদা—।

মাথার ভিতরে
স্বপ্ন নয়—প্রেম নয়—কোনও এক বোধ কাজ করে।
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চ'লে আসি,
বলি আমি এই হৃদয়েরে :
সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয় !