২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মুরশিদ: অনুপ্রেরণার বাতিঘর

লীনা দিলরুবা লীনা দিলরুবা

Published : 08 Apr 2020, 02:12 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


আজকে, ৮ এপ্রিল, লেখক, গবেষক, বিদ্যানুরাগী ড. গোলাম মুরশিদের জন্মদিন। শুভ জন্মদিন প্রিয় লেখক!

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 'নিজের জন্মদিন অন্য ৩৬৪ দিনের চেয়ে নিজের কাছে কিছুমাত্র বড়ো নয়। যদি অন্যের কাছে তার মূল্য থাকে তবেই তার মূল্য'।

গোলাম মুরশিদ তাঁর চিন্তার ব্যাপ্তি, গভীরতা, ঋজুতা, স্বকীয়তায় বাঙালিদের মধ্যে অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাঁর জন্মদিন আমাদের কাছে একটি বিশেষ দিন। আজকে তাঁর একাশিতম জন্মদিন। আশি বছর পেরিয়েও এখনো তিনি সক্রিয় তাঁর লেখালেখিতে, পঞ্চাশ বছরেরও অধিক সময় ধরে তিনি লিখে চলেছেন, প্রকাশ করছেন নতুন নতুন গ্রন্থ। তাঁর শারীরিক বয়স যা-ই হোক, তিনি এখনো তীক্ষ্ণ। মানসিকভাবে ভীষণ দৃঢ়চেতা মানুষ। সুদীর্ঘ সময়ের প্রান্তসীমায় ঘেরা তাঁর জীবনের প্রায় পুরোটাই তিনি ব্যয় করেছেন প্রাচীন ঋষিদের মতো জ্ঞান আহরণে, গবেষণায় আর লেখায়। চতুর্দিকের ফাঁপা আর ফাঁকে ভরা মানুষের ভীড়ে তিনি আশ্চর্য ব্যতিক্রম। জ্ঞান-বুদ্ধির দীপ্তির সঙ্গে সাঙ্গীতিক রুচির সমন্বয়ে মন্ময়তার এক ভীষণ শ্রী আছে গোলাম মুরশিদের চরিত্রে। তাঁর জীবন ও জগৎ প্রসারিত এবং বৈচিত্র্যপূর্ণ। এক অর্থে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী, মননশীল পণ্ডিত ব্যক্তি।

এই লেখাটি শুধু লেখক, গবেষক, বিদ্যানুরাগী ড. গোলাম মুরশিদের জন্মদিনে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য লেখা নয়। বরং তাঁর বহুমুখী প্রতিভার দিকে আলো ফেলার দুর্বল চেষ্টা।

গোলাম মুরশিদ ১৯৩৯ সালের ৮ এপ্রিল বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে জন্মগ্রহণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে শিক্ষা গ্রহণ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় দু'দশকের অধ্যাপনার পর তিনি লন্ডনে বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন। এ ছাড়া তিনি লন্ডনে এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় জড়িত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবিদ্যা চর্চার প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এর অস্থায়ী অধ্যাপক এবং গবেষক বঙ্গবিদ্যাবিশারদ মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডেভিড কফের অধীনে গোলাম মুরশিদ তাঁর পিএইচডি অভিসন্দর্ভের কাজ সম্পাদন করেন। বিষয় ছিল 'হিন্দু সমাজ-সংস্কার সচেতনতার ইতিহাস এবং বাংলা নাট্যরচনায় তার প্রতিফলন'। জীবনের বেশিরভাগ সময় যুক্তরাজ্যে বসবাস করার কারণে পাশ্চাত্যের জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে প্রত্যক্ষ পরিচয়ের সুযোগ পেয়েছেন। গোলাম মুরশিদ ১৯৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন।

গোলাম মুরশিদের প্রবন্ধের সীমানায় পাঠ সীমাবদ্ধ রাখলে তাঁর সৃজনশীল সত্তার পূর্ণ পরিচয় পাওয়া যায় না। কেবল প্রবন্ধে আটকে থাকলে বিশাল মহাকালের বৃত্তের মধ্যে কয়েক-ফোঁটা পানির অস্তিত্ব আবিষ্কারের মত অনুভূতি হবে কেবল। তিনি গিয়েছেন সে-পর্যন্ত, যেখানে সমস্ত বীজ শুরু। তিনি পৌঁছে গেছেন সে-পর্যন্ত, যাকে বলে 'ভবিষ্যৎ', যে বিন্দুতে গিয়ে সামনের পথের রেখা দেখা যায়। শান্ত স্বরে, অন্তঃশক্তির জোরে গোলাম মুরশিদ ইতিহাসকে গল্পের মত তুলে ধরেছেন। তাঁর প্রত্যেকটি গ্রন্থ এক-একটি রত্ন যেন।

ভাষা সাহিত্য এবং ইতিহাস তাঁর গবেষণার ক্ষেত্র। তিনি ইতিহাসের একটি বিশেষ জায়গা নিয়ে গবেষণা করেছেন। সেটি মানবীবিদ্যা। এ ধারার বই 'Reluctant Debutante: Response of Bengali Women to Modernization, 1849–1905', 'Reluctant Debutante' পরে 'সংকোচের বিহ্বলতা' নামে বের হয়। Reluctant Debutante এর জন্য তিনি ১৯৮৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এই বইটিতে সুদীর্ঘ সময় ধরে কীভাবে মেয়েদের মুক্তি ঘটেছিল এ বিষয়ে গবেষণা করা হয়েছে। তিনি গবেষণা করে দেখিয়েছেন, মেয়েরা এগিয়ে যেতে চায় না, তবুও মুক্তি ঘটেছিল।

গোলাম মুরশিদ বলেছেন, সাধারণ সামাজিক ইতিহাসকে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে তিনি দেখতে শিখেছিলেন। তা ছাড়া বর্ণনামূলক ইতিহাস নয়, তিনি লিখতে শিখেছিলেন কী করে তথ্যকে বিশ্লেষণ করে একটা ধারণাগত কাঠামোর মাধ্যমে পরিবেশন করা যায়। উদাহরণ দিয়ে তিনি বলেন, মদ্যপানবিরোধী আন্দোলনের বিবরণ না-লিখে লেখা যায় স্থিতিশীল সমাজ গঠনের প্রয়াস। স্ত্রীশিক্ষা, বিধবাবিবাহ আন্দোলন, বহুবিবাহ ও বাল্যবিবাহ নিবারণ, পর্দা প্রথার বিরুদ্ধে আন্দোলন ইত্যাদির বিবরণ না-দিয়ে লেখা যায় স্ত্রীজাতির উন্নতির প্রতি সচেতনতা। একাধিক সমালোচক নির্দেশ করেছেন, বাংলা সাহিত্যে যাকে বলে গবেষণার বিরল পথ, আমরা সেই পথে তাঁকে হাঁটতে দেখেছি, তিনি সবসময়ই আমাদের নতুন পথ দেখিয়েছেন। ১৯৯৩ সালে প্রকাশিত 'নারীপ্রগতির একশো বছর, রাসসুন্দরী থেকে রোকেয়া', এর উদাহরণ। গত একশো বছরে নানান ক্ষেত্রে নারীপ্রগতির ইতিহাসে স্থান করে নেওয়া নারীদের নিয়ে বইটি লেখা হয়। বাংলায় প্রথম আত্মজীবনী রচয়িতা কোনো পুরুষ ছিলেন না, রাসসুন্দরী দেবী নামের একজন প্রায়-অশিক্ষিত নারী লিখেছিলেন সেটি। 'আমার জীবন' ছিল সেই আত্মজীবনীর নাম। গোলাম মুরশিদ ১৮৭৫ সালে লেখা সে গ্রন্থটির আদ্যন্ত আলোচনা করে দেখিয়েছেন, সেকালের সমাজে মহিলাদের স্থান খুব নিচুতে ছিল, নারীদের লেখাপড়ার কোনো অধিকারই ছিল না, সেই বিরুদ্ধ পরিবেশে রাসসুন্দরী দেবী আত্মজীবনী লেখার মত একটি কাজ করেছিলেন। গোলাম মুরশিদ কৈলাসবাসিনী দেবীর কথা লিখেছেন, ১৮৬৩ সালে যিনি প্রথম বাঙালি নারী হিশেবে প্রবন্ধ গ্রন্থ রচনা করেন। কৈলাসবাসিনী দেবীর অসম্ভব প্রজ্ঞাবান স্বামী দুর্গাচরণ গোপনে এবং নিজের চেষ্টায় স্ত্রীকে লেখাপড়া শেখান, বই লিখতে এবং ছাপাতে বিপুল উৎসাহ দেন, এবং নিজের প্রকাশক পরিচয়ে বই ছাপার ব্যবস্থা করেন। এরকমভাবে প্রথম আধুনিকা জ্ঞানদানন্দিনী দেবী, প্রথম মুসলমান গদ্য লেখিকা বিবি তাহেরন নেছা, প্রথম নারীপ্রগতিবাদী কৃষ্ণভাবিনী দাস, প্রথম নারীবাদী বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনকে নিয়ে তিনি প্রবন্ধ রচনা করেছেন। 'নারী ধর্ম ইত্যাদি' গ্রন্থে গোলাম মুরশিদ নানা ধর্ম দ্বারা কীভাবে নারীরা এক্সপ্লয়েট হয়েছেন সেই ইতিহাস উন্মোচন করেছেন।

সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস তাঁর বৃহৎ ও সম্প্রসারিত কাজের জায়গা। উনিশ শতকের সমাজ ও সংস্কৃতি নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ- 'ঔপনিবেশিক আমলের বাংলা গদ্য, উন্মেষ ও বিকাশের ইতিহাস', বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস নিয়ে গবেষণাগ্রন্থ- 'বাংলা ভাষার উদ্ভব ও অন্যান্য', বাংলার রেনেসন্স নিয়ে গবেষণাগ্রন্থ- 'রেনেসন্স বাংলার রেনেসন্স', বাঙালির একহাজার বছরের সামগ্রিক ইতিহাস নিয়ে গ্রন্থ 'হাজার বছরের বাঙালি সংস্কৃতি' রয়েছে। 'হাজার বছরের বাঙালি সংস্কৃতি' বইটি তাঁকে কিংবদন্তিতে পরিণত করেছে।

তিনি বিদ্যাসাগর, মাইকেল, রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে গবেষণামূলক জীবনীগ্রন্থ রচনা করেছেন। বহুল প্রশংসিত মাইকেলের জীবনী ভারতের দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর একাধিক গ্রন্থ রয়েছে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বড় অভিধান 'বিবর্তনমূলক বাংলা অভিধান' তাঁর সম্পাদনায় রচিত হয়েছে।

গোলাম মুরশিদের বৈশিষ্ট্য হচ্ছে, তিনি কোনো তথ্য পরিবেশনের সময় একটি উৎস থেকে তথ্য নিয়ে তার ওপর নির্ভর করেন নি। নানান উৎস অনুসন্ধান করে তথ্যটিকে বস্তুনিষ্ঠ করার দিকে তাঁর সজাগ দৃষ্টি লক্ষ্য করার বিষয়। অতিরঞ্জনকে তিনি বিপুলভাবে নিরুৎসাহিত করেছেন। জীবনীগ্রন্থ রচনা করার সময় পরিবারের পক্ষ থেকে তার ওপর গৌরবারোপের চেষ্টা করা এবং পরিবারের কলঙ্কজনক কোনো দিক থাকলে তা গোপন করার চেষ্টা থাকে বলে গোলাম মুরশিদ লিখেছেন। বিভিন্ন মণীষীদের জীবনীগ্রন্থ লেখার সময় এ বিষয়গুলোতে লেখক প্রশ্নহীন থাকার চেষ্টা করেছেন। 'আশার ছলনে ভুলি' থেকে উদাহরণ দিয়ে বলা যায়, মধুর পিতা রাজনারায়ণ দত্তকে মধুর জীবনী-লেখকরা বড় উকিল হিশেবে পরিচয় দিয়েছেন, গোলাম মুরশিদ গবেষণা করে উদাহরণ হাজির করেন, সেকালে রাজনারায়ণ দত্ত ওকালতি করে যে আয় করতেন তা তখনকার রোজগেরে উকিলদের তুলনায় খুব বেশি ছিল না। গোলাম মুরশিদ এভাবে জনশ্রুতির সঙ্গে বাস্তবের তুলনা করে মধুকে নানান তথ্য অতিরঞ্জনের কবল থেকে রক্ষা করে পাঠকের কাছে নির্ভরযোগ্যভাবে তুলে ধরেন। তিনি লেখেন জীবনী-লেখক এবং ভক্তদের মধ্যে পুত্র বিখ্যাত হলে পিতাকেও বিখ্যাত করে চিত্রিত করার প্রবণতা দেখা যায়। উনিশ শতকের ঐতিহাসিক গৌতম চট্টোপাধ্যায় লিখেছেন, মধুর পিতা রাজনারায়ণ ইংরেজি ভাষার সুপণ্ডিত ছিলেন। কিন্তু গোলাম মুরশিদ গবেষণা করে বের করেন, গৌতম চট্টোপাধ্যায় যে রাজনারায়ণ দত্তের কথা বলেছেন তিনি হিন্দু কলেজে পড়া অন্য-এক রাজনারায়ণ। মধুর পিতা রাজনারায়ণ দত্ত আদৌ ইংরেজি জানতেন না।

'ঔপনিবেশিক আমলের বাংলা গদ্য, উন্মেষ ও বিকাশের ইতিহাস' বইতেও তথ্য পরিবেশনায় গোলাম মুরশিদ খুবই সতর্ক ছিলেন। পাঠকের জানা আগেকার অনেক ভ্রান্ত তথ্যকে তিনি নির্ভুল করে পরিবেশন করেন। যেমন, অনেকেই ধারণা করেন প্রথম বাংলা বই ছাপা হয়েছিল শ্রীরামপুরের মিশন প্রেস থেকে, ১৮০১ সালে, আর বই ছাপানোর প্রথম উদ্যোগ নেন ফোর্ট উইলিয়াম কলেজ। গোলাম মুরশিদ লেখেন এই ধারণা নিতান্ত ভ্রান্ত। বস্তুত ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হবার ষোলো বছর আগে ১৭৮৪ সালে প্রথম বাংলা বই প্রকাশিত হয়। সেসময় ইংরেজি থেকে বাংলা অনুবাদে ইংরেজ অনুবাদকবৃন্দের সঙ্গে সঙ্গে তাঁদের অধীনে কর্মরত মুনশিদের ভূমিকা তিনি আলোকপাত করেন। ফোর্ট উইলিয়াম কলেজের একক কৃতিত্ব নয়, বরং এইসব ইংরেজ অনুবাদকরা এবং মুনশিরা লিখিত বাংলাকে এগিয়ে নিয়েছিলেন।

গোলাম মুরশিদের লেখার ভাষা মীমাংসাসূত্র নির্দেশকারী এবং নির্মেদ। তিনি জানান, ইতিহাস রচনা করতে গিয়ে তিনি সন-তারিখের ইতিহাস না লিখে লিখেছিলেন সচেতনতার ইতিহাস। এ ধরনের ইতিহাস লেখার ধারণা তিনি পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অধ্যাপক তপন রায়চৌধুরীর আটটি সেমিনার থেকে। তাঁর মুখেই গোলাম মুরশিদ ইতিহাস চর্চার বহুমুখীতা সম্পর্কে জেনেছিলেন। সন-তারিখের ইতিহাস নয়- ভাবনার ইতিহাস, মননশীলতার ইতিহাস, সামাজিক ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, রোগ-ব্যাধি-ওষুধের ইতিহাস, উদ্বেগের ইতিহাস, প্রেমের ইতিহাস ইত্যাদি। এই সচেতনতা থেকে লেখক-গবেষক গোলাম মুরশিদ বেরিয়ে আসেননি। এই প্রবণতার পরিচয় আমরা তাঁর বইগুলোতে পাই।

যজস্বী এই ব্যক্তি জীবন ও কর্মে একই পথে চলার বিরল গুণের অধিকারী। যিনি নিজের নিষ্ঠা ও অর্ন্তদৃষ্টি দিয়ে নিরলসভাবে গবেষণার কাজ চালিয়ে গেছেন। মিথ্যা কথন, মিথ্যা স্তব এবং বাড়তি প্রশংসা বিবর্জিত এক ব্যতিক্রমী মানুষ তিনি। সংস্কারহীন, প্রগতিশীলতার পক্ষের অনেক বুদ্ধিজীবীই তো এখানে আছেন। এই বাংলাদেশে নিজের মাথাটি যেখানে খুব সস্তায় বিক্রি করে দেয়া যায়, প্রায় সবাই যেখানে কোনো না কোনো দলের, কোনো না কোনো গোষ্ঠীর কাছে নিজের বিবেককে বন্ধক রেখে লেখালেখি এবং মেলামেশা করেন সেখানে তিনি যেন স্বতন্ত্র। তাঁর সবটাই স্পষ্ট। চিন্তা, কর্ম, লেখা। 'বাঙালির আদিখ্যেতা' প্রবন্ধে এক প্রসঙ্গে তিনি লিখেছেন, 'বাঙালিরা অতিশোয়াক্তি করেই থাকেন। এঁরা দিঘিকেও সাগর বলেন। ব্যাং ভাবে তার কুয়োই মহাসাগর। কারণ, মহাসাগর সে কখনো দেখেনি। তুলনা করার সময় একটা বস্তুকে অন্য একটা বস্তুর সঙ্গে তুলনা করা হয়। দুটোরই আকার, আয়তন, বৈশিষ্ট্য, সাদৃশ্য ইত্যাদি জানা থাকলে তবেই তুলনা সার্থক হয়। তা না হলে সেই তুলনাই অনর্থক। জ্ঞানের অভাব থেকে অনর্থক তুলনা দেখা দিতে পারে; কিন্তু না, বাঙালির অনর্থক তুলনার কারণ তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য—আদিখ্যেতা।'

বঙ্গসংস্কৃতির উনিশ শতকীয় নবজাগরণের শেষ প্রতিনিধি বলে পরিচিত রবীন্দ্রকুমার দাশগুপ্তের বাড়িও বরিশালে। তিনি অক্সফোর্ডে ডি ফিল করেছিলেন। ইংরেজি ও বাংলায় বহু গ্রন্থের রচয়িতা রবীন্দ্রকুমার দাশগুপ্ত কলকাতা, যাদবপুর ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাঁর কাছের মানুষ বরিশালের আরেক মণীষী তপন রায়চৌধুরীও অক্সফোর্ড থেকে ডি.লিট ডিগ্রি পেয়েছিলেন। তপন রায়চৌধুরী রবীন্দ্রকুমার দাশগুপ্তের বিদ্যাবত্তা সম্পর্কে এভাবে ধারণা দিয়েছিলেন, 'ইতিহাস থেকে অর্থশাস্ত্র অবধি যে-কোনও বিষয় উল্লেখ করলেই দেখতাম উনি সে সংক্রান্ত বিশ-পঁচিশখানা বই পড়ে রেখেছেন। প্রকাশের সন, তারিখ, ক'টি সংস্করণ হয়েছে সবই ওঁর কণ্ঠস্থ'। প্রসঙ্গত উল্লেখ্য যে, গোলাম মুরশিদ জ্ঞানসাধক এবং তাঁর আত্মার কাছাকাছি বসবাস করা মোট একত্রিশজন বুদ্ধিজীবীকে নিয়ে 'আলোকিত মুখচ্ছবি' নামে একটি গ্রন্থ রচনা করেন। রবীন্দ্রকুমার দাশগুপ্ত এবং তপন রায়চৌধুরী দুজনকে নিয়ে দুটি পৃথক রচনায় গোলাম মুরশিদ কীভাবে তাঁদের স্নেহধন্য হয়েছিলেন সে সম্পর্কে স্মৃতিচারণ করেন। মাইকেলের জীবনী নিয়ে লেখা গোলাম মুরশিদের গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ "আশার ছলনে ভুলি" যখন ভারতের দেশ পত্রিকায় ছাপা হচ্ছিল তখন রবীন্দ্রকুমার দাশগুপ্ত সম্পাদক সাগরময় ঘোষের কাছ থেকে গোলাম মুরশিদ সম্পর্কে জানতে চান। রবীন্দ্রকুমার মাইকেলের পৌত্র চার্লস ডাটনের সঙ্গে মাইকেলের লেখা পত্রাবলী নিয়ে গবেষণা করেছিলেন। স্বাভাবিকভাবে মাইকেলকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করা ব্যক্তিটির প্রতি রবীন্দ্রকুমার দাশগুপ্ত আগ্রহী হয়েছিলেন। পরে সেই চিঠিগুলো গবেষণা সহায়তার জন্য রবীন্দ্রকুমার দাশগুপ্ত গোলাম মুরশিদের কাছে হস্তান্তর করেছিলেন। কাজ শেষ হলে গোলাম মুরশিদ সেই চিঠিগুলো ব্রিটিশ মিউজিয়মকে দিয়ে দেন।

'আলোকিত মুখচ্ছবি' বইটিতে নানা মনীষীদের সঙ্গে গোলাম মুরশিদ নিজের পিতার কথাও লিখেছেন। তাঁর পিতামহ সন্তানকে লেখাপড়া না করিয়ে গৃহকর্মে, মূলত চাষাবাদে নিয়োজিত হবার নির্দেশ দেবার পর গোলাম মুরশিদের পিতা স্ব-উদ্যোগে লেখাপড়া শেখেন, পরে তিনি গ্রামের সুবিধাবঞ্চিতদের লেখাপড়া করতে সাহায্য করেছেন। গোলাম মুরশিদের পিতার সাহায্য পেয়ে তাঁদের গ্রামের এক ছেলে মাধ্যমিকে, উচ্চ-মাধ্যমিকে প্রথম হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স দুটোতেই প্রথম হন, বিলেত থেকে পিএইচ.ডি করে আসেন। এরকম অনেক উদাহরণ দিয়েছেন তিনি। আরেকটি প্রসঙ্গে পিতার আলোকিত দিকের প্রশংসা করেন, সেটি তাঁর অসাম্প্রদায়িক চেতনা। আমাদের বোধগম্য হয় যে, গোলাম মুরশিদ নিজে এখন যা, সেই অসাম্প্রদায়িক, মুক্ত মন তিনি পিতার কাছ থেকেই পেয়েছিলেন।

এই বইতে গোলাম মুরশিদ তাঁর শিক্ষক আহমদ শরীফকে নিয়েও একটি রচনা লেখেন। এই পণ্ডিত ব্যক্তিটি যে নিজের জীবন বিপন্ন করে মুক্তবুদ্ধির চর্চা করেছেন সেটি নিয়ে আলোকপাত করতে গিয়ে আহমদ শরীফের সরাসরি ছাত্রটি ক্লাশে কীভাবে শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিতেন এবং তাঁদের পরষ্পরের ব্যক্তিগত সম্পর্কটি কতটা মধুর ছিল এ নিয়ে বিস্তারিত লেখেন। গোলাম মুরশিদকে পছন্দ করতেন আহমদ শরীফ। তাঁর লেখার প্রতি শিক্ষকের শ্রদ্ধাও ছিল। এর প্রতিফলন আমরা দেখতে পাই হুমায়ুন আজাদের সঙ্গে আহমদ শরীফের আলাপচারিতা থেকেই। হুমায়ুন আজাদ তাঁর "সাক্ষাৎকার" গ্রন্থটিতে চারজন আলোকিত মানুষের সঙ্গে কথোপকথনকে মলাটবন্দি করেছিলেন। এই চারজন ব্যক্তিত্ব হলেন, অধ্যাপক আব্দুর রাজ্জাক, আহমদ শরীফ, শওকত ওসমান এবং শামসুর রাহমান। আহমদ শরীফকে হুমায়ুন আজাদ প্রশ্ন করেছিলেন, "বাঙলা বিদ্যার চর্চা করছেন, তাঁদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচজন আপনার মতে কারা"? আহমদ শরীফ বলেছিলেন- "আনিসুজ্জামান, তুমি (মানে হুমায়ুন আজাদ), গোলাম মুরশিদ, আবদুল মান্নান সৈয়দ, আবুল কাশেম ফজলুল হক"।

এসবের মধ্যে দিয়ে যে সত্য বেরিয়ে আসে, সন-তারিখের ইতিহাস নয়, গোলাম মুরশিদ যথার্থই মননশীলতার ইতিহাস নিয়েই কাজ করেছেন।

'মুক্তিযুদ্ধ ও তারপর, একটি নির্দলীয় ইতিহাস' বইতে গোলাম মুরশিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেছেন, "বাংলাদেশ স্বাধীন হয়েছিল দীর্ঘ দু দশকের ভাষাভিত্তিক, ধর্মনিরপেক্ষ এবং আঞ্চলিক জাতীয়তাবাদের ফলে। তিনি গর্বের সঙ্গে বাঙালি বলে নিজের পরিচয় দিতেন। এই পরিচয়ের সঙ্গে ধর্মের কোনো যোগ তিনি দেখতে পাননি। তাই সংবিধানর অন্যতম আদর্শ হিশেবে গৃহীত হয়েছিলো জাতীয়তা। বাংলাদেশে তৈরি কোনো জড় পদার্থের রাষ্ট্রীয় পরিচয় নয়। তিনি দেশের মানুষকে সেই 'বাঙালি' নাগরিকত্ব দিয়েছিলেন।

বাংলাদেশ নামক একটা দেশের জন্ম দিয়ে মুজিব যে-ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, বাঙালি সংস্কৃতির ভাবী পথ নির্মাণের তা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এর ফলে বাঙালিরা চিরদিনের জন্যে দু ভাগে বিভক্ত হয়ে গেলেও ভাষা ও সংস্কৃতির বিকাশের অফুরন্ত সম্ভাবনা দেখা দেয় স্বাধীন দেশে-বাংলাদেশে। সেই পথ ধরে বাংলাদেশে বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত, তথা সমগ্র বাংলা সংস্কৃতির বিকাশ ঘটাই স্বাভাবিক। অপর পক্ষে, ভারতের একটা অঙ্গরাজ্য-পশ্চিম বাংলায় সেই পথ অতো প্রশস্ত কিনা, সন্দেহের বিষয়। এ দিক বিবেচনা করলে আধুনিক বাংলা সংস্কৃতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শেখ মুজিব। তাঁর চেয়ে অনেক প্রতিভাবান বহু বিখ্যাত বাঙালি গত এক হাজার ধারায় অতো বড়ো মোড় পরিবর্তনে ভূমিকা রাখতে পারেননি। এ কারণে, তিনি সর্বকালের একজন শ্রেষ্ঠ বাঙালি'।

গোলাম মুরশিদ একজন একনিষ্ঠ গবেষক এবং চিন্তক। সরাসরি এবং স্পষ্টভাবে কথা বলতে তিনি পছন্দ করেন। কবি, লেখক, প্রাবন্ধিক, গবেষক রাজু আলাউদ্দিন গোলাম মুরশিদের সঙ্গে তিনটি সাক্ষাৎকার নিয়ে "গবেষণার দশানন" নামক একটি গ্রন্থ রচনা করেছেন। এখানে লেখকের নিরাবেগ এবং নির্মোহ চরিত্রের পরিচয় পাওয়া যায়। গোলাম মুরশিদ এসব সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন। জীবনানন্দ দাশের গদ্য প্রসঙ্গে বলেছেন, 'জীবনানন্দের নিজস্ব একটা গদ্য আছে। জীবনানন্দের একটা সুবিধা আছে। তিনি কঠিন কঠিন শব্দ ব্যবহার করেননি। তিনি শব্দগুলো রেখেছেন সহজ। আইডিয়াটা রেখেছেন কঠিন। জীবনানন্দের কবিতাও তা-ই। শব্দগুলো সহজ কিন্তু ভাবটা কঠিন। নজরুলের মতো বা সুধীন দত্তের মতো লোকেরা শব্দগুলো রেখেছেন কঠিন কিন্তু ভাবটা সহজ।'

ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সম্পর্ক বিষয়ে ওকাম্পোর বরাতে যে লিখিত ইতিহাস আছে তার তীব্র সমালোচনা করে গোলাম মুরশিদ বলেন, "রবীন্দ্রনাথ বলেন, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। অঙ্গবিহীন আলিঙ্গন… আমার আলিঙ্গন আমি তোমাকে দিতে চাই, তোমার সমস্ত শরীর জুড়ে আমি আলিঙ্গন দিতে চাই কিন্তু অঙ্গবিহীন।"
এ কথার তাৎপর্য বিবেচনা করে ভিক্টোরিয়া কেন তাঁর আত্মজীবনীটি রবীন্দ্রনাথের জীবদ্দশায় প্রকাশ না করে তাঁর মৃত্যুর পর প্রকাশ করলেন এ নিয়ে গোলাম মুরশিদ ভৎর্সনা করেন।

নজরুল প্রসঙ্গে তাঁর বক্তব্য, 'নজরুল আমার অত প্রিয় লেখক না। নজরুল ক্যারেক্টারটা আমার কাছে প্রিয়। নজরুলের লেখা সত্যি সত্যি আমার কাছে প্রিয় না'।

কথায় এবং কাজে আশ্চর্য সহাবস্থান বিরল এক অর্থে। বস্তুত তাঁর জীবনচর্যা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের সমাজে শ্রদ্ধালাভ করার মতো মানুষ ক্রমশ কমছে। দীর্ঘ আয়ু তো অনেকেই পেয়েছেন, কিন্তু একটি সম্পূর্ণ জীবন ক'জন পান ! জীবন ও গবেষণাকে সুষমামণ্ডিত করে আজীবন সাধনার মাধ্যমে যে জায়গায় গোলাম মুরশিদ আজকে এবং এখনো যে লিখে চলেছেন এটি আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। গোলাম মুরশিদের লেখার সঙ্গে আমরা যত একাত্ম হব তত আমাদের জ্ঞানকে কিছুটা হলেও সমৃদ্ধ করতে পারব। গুণগত গবেষণার যে সংস্কৃতি তিনি বাংলাদেশে গড়ে তুলেছেন এই ধারাটি যদি পরের প্রজন্মে অব্যাহত থাকে হয়ত সেটিই হবে এই গবেষকের কাজের অন্তিম প্রাপ্তি। জন্মদিনে আবারও পারিজাত শুভেচ্ছা, প্রিয় গোলাম মুরশিদ!