২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুড়ি বছর পরে’ কবিতার এক বিলিয়ন একতম পাঠ

মেহেদী মাহমুদ চৌধুরী

Published : 28 Apr 2020, 12:09 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


জীবনানন্দ দাশের কবিতা নিয়ে নতুন কিছু বলা কঠিন। বাংলা ভাষায় বিগত দশকের কবিতা নিয়ে যত আলোচনা কথা হয়েছে তার পঞ্চাশ শতাংশের বেশিই মনে হয় হয়েছে জীবনানন্দ দাশকে নিয়ে। বাংলা ভাষায় যত বড় কবি এসেছেন গত ৭০-৮০ বছরে, তাদের সবাইকে জীবনানন্দ কোন না কোনভাবে প্রভাবিত করেছেন। অনেকেই জীবনানন্দ দাশকে নিয়ে বই প্রবন্ধ লিখেছেন। ফেসবুকে জীবনানন্দ দাশ নামে একটা পেইজ আছে যার ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন মানে দশ লক্ষের বেশী। এসব জেনেও তাকে নিয়ে আবার লেখার দুঃসাহস দেখানো এই লেখায়।
শিরোনামের একটু ব্যাখ্যা দরকার। জীবনানন্দের সেরা কবিতার অভাব নেই। 'কুড়ি বছর পরে' সেই সেরাদের মধ্যে সেরা একটা কবিতা। বনলতা সেন কাব্যগ্রন্থে 'বনলতা সেন' কবিতার পরেই আছে 'কুড়ি বছর পরে' । তাই যারা 'বনলতা সেন' কবিতাটা গ্রন্থ থেকে পড়েছেন তারা সবাই একবার হলেও কবিতাটায় চোখ বুলিয়েছেন। বাংলাদেশ, ভারত ও বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে বাংলাভাষীর সংখ্যা প্রায় ৩০ কোটির মতো হবে। ১৯৬০ সালে থেকে তিন প্রজন্মে জন্ম মৃত্যু ঘটেছে এর দুগুণের বেশী। এদের অনেকেই 'বনলতা সেন' কবিতাটা শুনেছেন, পড়েছেন ও সেই সূত্রে পরিচিত হয়েছেন 'কুড়ি বছর পরে' কবিতাটার সঙ্গেও। এদের মধ্যে অনেকেই কবিতাটা পড়েছেন বহুবার। আবৃত্তিকারদেরও প্রিয় কবিতাটা, যার সূত্রে এক সঙ্গে অনেকেই কবিতাটা জনসমাগমে শুনেছেন। তাই সংখ্যার দিক থেকে অনুমান করি 'কুড়ি বছর পরে' ইতিমধ্যে পড়া বা শোনা হয়ে গেছে ১০০ কোটি বা এক বিলিয়ন বারের মতো। আমার এবারের পাঠ তাই এক বিলিয়ন একতম পাঠ যা দিয়ে লেখার শিরোনাম।
নতুন কবিতা পাঠের সময় যথাসম্ভব নিরপেক্ষতা বজায় রাখা দরকার। জীবনানন্দ পাঠের ক্ষেত্রে সেই নিরপেক্ষতা অসম্ভবের কাছাকাছি এবং প্রয়োজনও নেই। 'কুড়ি বছর পরে'র কবি জীবনানন্দ দাশ লিখে গেছেন 'বনলতা সেন',' মৃত্যুর আগে', 'আট বছর আগের একদিন', 'শঙ্খমালা', 'দু'জনে', 'আকাশনীলা', 'ঘোড়া', রূপসী বাংলার কবিতাগুলো সহ আরো অনেক অবিস্মরণীয় কবিতা। কবিত্বের শক্তিমত্তার দিক থেকে তার প্রমাণের আর কিছু নেই। আমি জীবনানন্দে মুগ্ধ ও পাঠক হিসাবে সে মুগ্ধতাকে বাড়ানোর জন্যই তাকে পাঠ।

বনলতা সেন কবিতাটা লেখা হয়েছে আঁটসাঁট কাঠামোর মধ্যে। তিনটি অংশে লেখা এই কবিতার প্রতিটিতেই কবি সাধারণ থেকে বিশেষে যাত্রা করেছেন। কবিতাটার কাঠামো তাই সুষম চক্রাকার। তুলনায় 'কুড়ি বছর পরে' কিছুটা সরল রৈখিক। যদিও তাতে আছে টেউয়ের মতো পঙক্তির ভাঙ্গা গড়ার খেলা।
কবিতাটার নাম 'কুড়ি বছর পরে'। কিন্তু তিনি শুরু করলেন একটু ভিন্ন ভাবে। সরাসরি না বলে আক্ষেপ ও আশা মিলিয়ে বললেন ' আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!' একই পঙক্তি পুনরোচ্চারণ করলেন ও তারপরে কোথায় আবার দেখা হতে পারে তার বর্ণনা করলেন। এই বিবরণের মাধ্যমে জীবনানন্দ দেখালেন ছন্দের জাদু। প্রথম পঙক্তি যেখানে শেষ হয়েছে সংক্ষেপে, সেখানে এই বর্ণনাকে নিয়ে গেলেন কয়েক লাইনে। 'আবার বছর কুড়ি পরে' র সাথে অন্ত্যমিল দিলেন কবিতার এই অংশের শেষে গিয়ে যাতে পাঠ করে যাওয়াতে কোথাও কেটে না যায়। এর মধ্যে যদির সাথে মিল ঘটালেন নদীর, পাশের সাথে মাসের। কিন্তু মিল দিলেন ঢিলাঢালা ঢেউ খেলানো ভাবে। কোথাও সামান্য জোর করলেন না। এমন ভাবে লিখলেন যে পাঠকের সেই মিলগুলোর দিকে নজরের প্রয়োজন পড়ে না। পাঠকের নজরে আসে শুধু তার তৈরি করা অপূর্ব দৃশ্যগুলো -সন্ধ্যার কাকের ঘরে ফেরা আর হলুদ নদীর নরম নরম হবার।
কিন্তু তিনি সেখানেই থামলেন না। যে দৃশ্য তৈরি করলেন জীবনানন্দ, কবিতার পরের অংশে এসে সেই দৃশ্যকে বদল করে দিলেন। বললেন হয়তো কার্তিক নয়, তখন হয়তো ধান কাটা হয়ে গেছে। সেই ধানের খড়ে হয়তো ভরে গেছে হাসের, পাখির নীড়। এই স্তবকগুলো জীবনানন্দ লিখলেন আগের স্তবকগুলো থেকে ভিন্ন করে। অন্ত্যমিলগুলো এখানে সহজে দেখা গেলেও ঢেউ খেলানো ভাবটা সেখানে নেই। বরং এই অংশটা লেখা নিস্তরঙ্গ ভাবে।
এর পরের স্তবকগুলোতে জীবনানন্দ অন্ত্যমিলকে ব্যবহার করলেন আরো দুর্বল করে। কিন্তু পঙক্তিগুলো এখানে নিস্তরঙ্গ নয়। চাঁদকে মিলিয়ে বাংলা কবিতার এক অবিস্মরণীয় দৃশ্যের জন্ম দিলেন। লিখলেন চাঁদ এসেছে একরাশ পাতার পিছনে সরু সরু ডালপালা মুখ নিয়ে। চাঁদ নিয়ে এরকম একটা দুইটা পঙক্তির কারণে বাংলা কবিতায় কয়েকজন কবি স্মরণীয় হয়ে আছেন। কিন্তু জীবনানন্দের এই পঙক্তিটা তেমন নজরে আসে না কারণ তিনি এরকম অবিস্মরণীয় দৃশ্যের জন্ম দিয়ে গেছেন আরো বহুবার। এই অংশটা তিনি শেষ করলেন সংশয়ের মধ্যে। বললেন কুড়ি বছর পরে হয়তো যার সাথে দেখা হবে তাকে মনেও থাকবে না। এই সংশয় প্রকাশের মধ্যে কবি ভেঙ্গে দিলেন রোমান্টিকতায় আতিশয্যকে।
শেষের অংশে কবির তৈরি করা শীত তীব্রতর হয়ে ওঠে। সন্ধ্যা শেষে রাত গভীর হতে থাকে। অন্ত্যমিল দেয়া ঢেউ খেলানো অসম দৈর্ঘ্যের পঙক্তির মাধ্যমে জীবনানন্দ আবার তৈরি করেন অপূর্ব দৃশ্যমালা। সেখানে চোখের পাতার মতো করে চিলের ডানা থামে কোন অজানা অন্ধকারে। সোনালী চিলকে সেখানে শিশির শিকার করে নিয়ে যায়। পেঁচা সেই অন্ধকারে মাঠে হামাগুড়ি দিয়ে নামে। সেই কুয়াশার জীবনানন্দ অপেক্ষা করেন কুড়ি বছর পরে আবার তার সাথে দেখা পাওয়ার আশায় – 'কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!' সরলরৈখিক কবিতা হলেও, কবি সেভাবে শুরু করেছিলেম কবিতাটার শেষও সেভাবে টানলেন। কিন্তু বৃত্তের মতো একবিন্দুতে না ফিরে, প্রথম ও শেষ পঙক্তি কবিতায় সহাবস্থান করে সমান্তরালে। কুড়ি বছর পরে কথাটা কবিতাটায় বারবার ফিরে ফিরে আসলেও ঘটনা এগিয়ে যেতে থাকে। কবিতার আশাবাদী উত্তরণ ঘটে শেষ পঙক্তিতে ।
এভাবে কুড়ি বছর পরে কবিতার সমাপ্তি আসে। কবির আক্ষেপ আর আকাঙ্ক্ষার সঙ্গে পাঠক একাত্ম হয়ে পড়েন। একের পর এক তৈরি করা দৃশ্যগুলো তৈরি করে ঘোর। সে একাত্মতা আর কবির কাব্যজাদুর ঘোরে শেষ হয় আমার এক বিলিয়ন একতম পাঠ।