কবিতা: লক্ষ্য ও উপলক্ষ্য
আলোকচিত্র: ফারুক মঈনউদ্দীন
কবিতার সম্পর্ক প্রথমত শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে। কবি কাব্যরচনা করেন কানের কথা মাথায় রেখে। মূলধারার গুরুত্বপূর্ণ সব কাব্যসংকলনে সংকলিত হয়েছে বৃটিশ কবি ডব্লিউ এইচ অডেনের কবিতা। কবিতা শোনার ওপর তিনি কেমন জোর দিয়েছিলেন তা বোঝা যায় অডেনের এই উক্তিটি শুনলে – 'যে কবিতাকে আয়ত্তে আনার পর পড়ার চেয়ে শুনতে ভালো শোনায় না সেটি আদপে উৎকৃষ্ট কবিতা নয়।' অন্যভাবে বললে, সুকবিতা চোখ দিয়ে দেখার যতটা, তার চেয়ে কান দিয়ে শোনার জিনিস।
কাব্যের মধ্যে সাঙ্গীতিক যে ব্যাপারটি রয়েছে সেটি উপলব্ধির জন্য 'কান' তৈরি হয় কবিদের। এ কারণেই আমাদের অভিধানে কবিতার শ্রুতিবোধকতাকে বোঝানোর জন্য এতগুলো শব্দ আছে। শ্রুতিবোধকতা বলতে কবিতার শাব্দিক মাত্রাকে বোঝায়। শব্দ কেবল অর্থই নয়, প্রদান করে ধ্বনিও। কবিরা এভাবেই ধ্বনি নিয়ে মুন্সীয়ানা দেখানোর জন্য অনেক উপকরণ ব্যবহার করেন।
কবিতা পড়তে গিয়ে আমাদের হতে হয় আন্তরিক। কবির খণ্ড খণ্ড অনুভব-অনুভূতি, যা হয়ত তাঁর নিজস্ব অভিজ্ঞতা ছিল, সেটি তখন সঞ্চারিত হতে পারে, হয়ত জীবন্তও, পাঠকের জীবনে। কবির বিচ্ছেদ, ব্যথা, পাঠকেরও ব্যথা হয়ে যায়। কবির জীবনে পাড় ভাঙলে, পাঠকেরও যেন কোথাও ভেঙে পড়ে। এভাবে কবিতার বিষণ্নতা কবিতা পাঠকের কাছে স্থায়ী হয়ে যেতে পারে। বীতরাগ নেই এমন পাঠকের মন থেকে সেই বিষাদ হয়ত আর কোনোদিন মুছে যায় না। এসব হয়। কবি যদি কবিতায় কোনো 'তুমি'কে নিয়ে দু'লাইন লেখেন, পাঠকও তখন তার নিজস্ব 'তুমি'কে খুঁজে বেড়ায়। কবি যদি কবিতায় বলে, 'ভালো লাগছে', পাঠকেরও যেন অজানা কোনো ভালোলাগায় মন ভরে ওঠে।
জীবন মুক্তির পথ সহজ করে কোনো কোনো কবিতা পাঠককে বাঁচিয়েও তুলতে পারে। পথ যদি বন্ধুর আর দীর্ঘ হয়, তা থেকে পরিত্রাণের পথও দীর্ঘই হয়। কবিতা এই দীর্ঘ পথের সাথী হতে পারে। পথের দূরত্ব যতোই বাড়ুক, পাঠকের মনের আকাশের জমে থাকা মেঘ কেটে যেতে পারে কবিতার কারণেই। যাদের জীবন থেকে আনন্দ হারিয়ে যায়, কবিতাই পারে তাকে আবার প্রগাঢ় আনন্দে ভাসিয়ে দিতে। মুক্ত মানুষ নিঃসঙ্গও। মুক্ত মানুষ নিজেকে তৈরি করে মুক্তপ্রাণ হিসেবে, এই করতে করতে একসময় কেউ কেউ নিঃসঙ্গ হয়ে যায়। কবিতা তাকে জড়িয়ে রাখে, সঙ্গ দেয়। এসব, কবিতাই পারে। অন্যদিকে, কবিতার ব্যাকরণকে হয়ত পাঠক তার অনুধাবনের সঙ্গে সব-সময় সমার্থক করতে পারে না, কিন্তু ঐ যে বললাম, কবিতার ভাব পাঠককে বিহ্বল করে তুলতে পারে। কবিতার শক্তি এখানেই।
জীবনানন্দ দাশ লিখেছিলেন, "কবিতা ও জীবন একই জিনিসেরই দুই রকম উৎসারণ; জীবন বলতে আমরা সচরাচর যা বুঝি তার ভিতর বাস্তব নামে আমরা সাধারণত যা জানি তা রয়েছে, কিন্তু এই অসংলগ্ন অব্যবস্থিত জীবনের দিকে তাকিয়ে কবির কল্পনা-প্রতিভা কিংবা মানুষের ইমাজিনেশন সম্পূর্ণভাবে তৃপ্ত হয় না; কিন্তু কবিতা সৃষ্টি করে কবির বিবেক সান্ত্বনা পায়, তার কল্পনা-মনীষা শান্তি বোধ করে, পাঠকের ইমাজিনেশন তৃপ্তি পায়।"
অনিবার্য ছিল হয়ত, কিন্তু অপ্রত্যাশিত মৃত্যু তাঁকে নিয়ে গিয়েছিল জীবনের অন্যপারে, স্বতন্ত্র কাব্যচর্চার এক জীবনকে পেছনে ফেলে, যুক্তি দিয়ে যাকে সমর্থন করা যায় না, সেই শূন্যতার দিকে। জীবনানন্দ দাশ, যিনি সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি ভুগেছেন। তীব্র হতাশায় 'নির্জন স্বাক্ষর' কবিতায় লিখেছেন—
"তুমি তা জানো না কিছু,—না জানিলে,—
আমার সকল গান তবুও তোমারে লক্ষ করে !
যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে,
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের 'পরে শুয়ে র'বে?"
জীবনানন্দের কথিত বাস্তব জীবনের বাইরে যে অব্যবস্থিত মানবজীবন; যে জীবনকে মহিমান্বিত করতে জয়শ্রী জীবনের কথা বলে আমরা ভাবালুতার ভেতর প্রবেশ করি, সেই ভাবনার চূর্ণ তুলে আনতে কবির হৃদয় কতটুকু সান্ত্বনা পেয়েছে বলা মুশকিল। কবিতায় যেমনটা দেখা গেল, সে জানে না, না জানলেও, কবির সব গান যে তাকেই লক্ষ্য করে, এটি যেন ধ্রুবতারার মতো সত্য। আর কবি যখন হেমন্তের ঝড়ে পথের পাতার মতো পড়ে থাকবেন, তখন কী সে কবির কবিতা-কল্পনালতার মতো তার বুকের ওপর শুয়ে থাকবে ! এসব চিত্র, কল্পনা আমাদের স্তব্ধ করে। বস্তুত পক্ষে, এখানে তাঁর কল্পনায় পাঠকের ইমাজিনেশন যে তৃপ্ত হয়েছে এ-কথা বলাই বাহুল্য।
বিনয় মজুমদার মানুষে-মানুষে সম্পর্ক নিয়ে বাস্তবতার স্বীকারোক্তির বেদনাময় দুটি লাইন লিখেছিলেন—
''সতত বিশ্বাস হয়, প্রায় সব আয়োজনই হয়ে গেছে, তবু কেবল নির্ভুলভাবে সম্পর্কস্থাপন করা যায় না এখনো।"
নির্ভুলভাবে সম্পর্ক স্থাপনের মাহাত্ম যারা বুঝতে পারে, তাঁদের কাছে এই পংক্তিটি অন্যরকমভাবে দাঁড়িয়ে যায়। কারণ আমরা হয়ত জানি, ভুল সম্পর্ক গড়লে অনেক যন্ত্রণা !
বাংলা কবিতায় শব্দের জাদুকর রূপে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যাকে বুদ্ধদেব বসু বিশ শতকের একজন শ্রেষ্ঠ বাঙালি বলে চিহ্নিত করেছিলেন, সেই সুধীন্দ্রনাথ দত্তের যে কবিতাটি পাঠকের মুখে মুখে ফেরে, 'শাশ্বতী', সেখানেও রয়েছে প্রেমের পূর্ণতা না দেখার হাহাকার। কবিতার শেষের কয়েকটি লাইন—
"আজ সে কেবল আর কারে ভালোবাসে।
স্মৃতিপিপীলিকা তাই পুঞ্জিত করে
অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা;
সে ভুলে ভুলুক, কোটি মন্বন্তরে
আমি ভুলিবো না, আমি কভু ভুলিবো না।।"
এতসব হাহাকার নিয়েই প্রেম। আর প্রেমবোধ যে মানুষের অনুভূতির মধ্যে প্রধানতম এবং মধুরতমও, সে কথা সমস্ত অনুভবের সচেতন বিন্দুতে থাকা কবিরা আমাদের মনে করিয়ে দিয়ে গেছেন, বার বার।
রোম্যান্টিক উচ্ছ্বাস নয়, মুহূর্তের মানসিকতার, মায়ার কুয়াশা ছড়িয়ে আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'নীরার জন্য কবিতার ভূমিকা'র এই পংক্তিতে—
''ঘরভর্তি লোকের মধ্যেও আমি তোমার দিকে নিজস্ব চোখে তাকাবো।"
এই কবিতা পাঠ করার পর "নিজস্ব চোখ" নামক একটি নতুন শব্দ যেন আমাদের চেনাজানা শব্দের ভুবনে নতুন করে যোগ হয়।
'পূর্বাশা'র সঙ্গে জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রবোধচন্দ্র সেন, দিলীপকুমার রায়, কাজী নজরুল ইসলাম, প্রমথ চৌধুরী, ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, বিষ্ণু দে, সমর সেন, সুধীন্দ্রনাথ দত্ত, হুমায়ুন কবির প্রমূখ লেখকগোষ্ঠী জড়িত ছিলেন। পূর্বাশার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য নৈরাশ্যকে আলিঙ্গন করেছেন, ফেলেও দিয়েছেন, তাকিয়েছেন ভবিষ্যতের দিকে। সঞ্জয় ভট্টাচার্য বিকেলের ম্লান আলো আরো ম্লান করে দিয়ে বলেন—
একবার ঝ'রে গেলে মন
সেই ঝরা ফুল আর কুড়োবার নেই অবসর;
তখন প্রখর সূর্য জীবনের মুখের উপর
তখন রাত্রির ছায়া জীবনের আয়ুর উপর
জীবন তখন শুধু পৃথিবীর আহ্নিক জীবন।
সারাজীবন জীবনানন্দ দাশকে ভালোবেসেছেন, তাঁর কবিতার আলোচনা করেছেন, কবিতা ছাপিয়েছেন, জীবনানন্দকে নিয়ে সবচেয়ে উচ্চকণ্ঠ ছিলেন তিনি, অথচ সমালোচকেরা বলেছেন- জীবনানন্দের কবিতার সঙ্গে সঞ্জয়ের কবিতার কোনো সাদৃশ্যই নেই! 'একবার ঝরে গেলে মন'… মন কীভাবে ঝরে যায়? হেমন্তের ঝড়ে যেভাবে জীবনানন্দ পথের পাতার মত পড়ে থাকবেন বলে লিখেছিলেন, তেমন করে? এই কবিতায় মন ঝরে গেলে জীবনের আর বিশেষ মাহাত্ম থাকে বলে দেখা গেল না, জীবন শুধু তখন যেন এক সাধারণ জীবন।
বিরহ, আনন্দ, হাহাকার ছাপিয়ে বিচ্ছেদ চিরন্তন হলে সম্ভবত লেখা যায় অলোকরঞ্জন দাশগুপ্তের 'পান্থ'র মতো কবিতা। দিনশেষে মানুষ সহজাত অভ্যাসে নিরাকার-ত্রাতার কাছে সবকিছুর প্রতিদান খোঁজে। প্রেমের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলে না যখন, তখন যেন সবকিছুকে কৌতুকভরে দেখার প্রয়োজন পড়ে।
মাঝে-মাঝে স্পষ্ট করে বলা দরকার
ঈশ্বর আছেন,
মগডালে-বসে-থাকা পাপিয়াকে আর
পর্যবসিত বস্তুপৃথিবীকে স্নান করাচ্ছেন।
মাঝে-মাঝে স্পষ্ট করে বলা প্রয়োজন
তুমি যে আমার
সাধনার ধন,
তুমি চলে গেছ বলে আমাকে গাহন করাবার
কেউ নেই, যত্রতত্র সেরে নিই মধ্যাহ্নভোজন।
যার কাছে সর্বনাশের ক্ষণে, প্রেমে-অপ্রেমে, ঘুমে-জাগরণে বার বার যেতে হয়, সেই, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতার কয়েকটি লাইন, যেখানে তিনিও বিরহকে চমৎকার ভঙ্গিতে তুলে ধরেছেন—
রূপনারানের কূলে
জেগে উঠিলাম,
জানিলাম এ-জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ,
চিনিলাম আপনারে
আঘাতে-আঘাতে
বেদনায়-বেদনায়;
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
প্রেম কী শুধু অপার বেদনার? হাহাকারের? নয় তো ! কেমন এক বিদ্যুৎলিপ্ত সুন্দর ছড়িয়ে আছে মোহিতলাল মজুমদারের এ-কবিতার চরণে-চরণে—
বধূরে আমার দেখিনি এখনো, শুনেছি তার
অপরূপ রূপ, চোখের চাহনি চমৎকার !
কাজলের রেখা আঁখিপাতে,
'কাজল-লতা'টি ধ'রে আছে হাতে,
করমূলে বাঁধা লাল সুতা সেই— অলংকার !
শুনেছি সে রূপ চমৎকার?
এমনই বিদ্যুৎলিপ্ত সুন্দরের দেখা পাই সিকদার আমিনুল হকের 'সুলতার নিজস্ব আয়না'য়—
সুলতা জানে, সুলতা জানে ভালো,
আকাশে মেঘ—দিঘিতে কেন হাঁস,
সুলতা জানে, সুলতা জানে ভালো
কবিরা কেন নারীর ক্রীতদাস !
প্রেম মরে! নানা কারণে প্রেম মরে যায়। প্রেমের মৃত্যুর একটি প্রধান কারণ বিবাহ। অথচ প্রেমের পূর্ণতা দেবার জন্য মানুষ মুখিয়ে থাকে, বিয়ে করে। এ এক অদ্ভুত প্যারাডক্স! বিয়ের মাধ্যমে প্রেমের মৃত্যুর বিষয়টি আল মাহমুদ তাঁর 'তাস' কবিতায় চমৎকারভাবে উঠিয়ে এনেছেন।
তাসের 'ব্রে' খেলায় কালো একটি বিশেষ তাস হাতে পড়লে ফেঁসে যেতে হয়। তার সঙ্গে লাল কয়েকটি বিশেষ তাস বেশি করে হাতে জমা পড়া মানে, জীবন বেশ জটিল ! এই খেলায় সর্বক্ষণ চেষ্টা থাকে, যেন ঐসব কালো আর লাল তাস হাত বদল করা যায়। তাস খেলার এই কবিতায় একঘেয়ে, অসুখী দাম্পত্য এবং প্রেমের মৃত্যুর অবস্থাটি দেখা যাক—
যখন জীবনে শুধু অর্থহীন লাল হরতন
একে একে জমা হল, বলো একী অসম্ভব বোঝা
মুক্ত হয়ে হাঁটবার বন্ধ হলো সব পথ খোঁজা
এ দিকে তুমিও এলে ইশকার বিবির মতন।
তুমিই এনেছো ডেকে এতসব বারোয়ারি পাপ
আমার মগজ যেন একাকার একতাল ছাই
দুচোখে ধুলোর ধাঁধা, ভাবি আজ কোথায় দাঁড়াই?
কেমন বিষাক্ত লাগে, যেন দুটি লিকলিকে সাপ,
নিজেদের গর্ত ভেবে ঢুকে গেছে আমার নাভিতে;
বিষাক্ত ছোবল শুধু দিনরাত বাসনার ভিতে
অবিরাম ঠুকে ঠুকে ক্লান্ত হয়ে পড়েছে এলিয়ে।
এতদিন ভেবেছি তো বন্ধুদের চোখে ধুলো দিয়ে
অপদেবতার নামে ছুঁড়ে দেব যত হরতন,
তখুনি বাঁধলে তুমি ইশকার বিবিরি মতন
কী ভীষণ অক্টোপাশে মনে হয় গিয়েছি জড়িয়ে।
যতোই একঘেয়েমি, যতোই তিক্ততা থাক, প্রেম মানে তো অসহ্য সুখানুভূতিও। তাই তিনি সবই নেবেন। মণীন্দ্র গুপ্তের এই কবিতায় ধরা পড়ল এসব—
নেবো, সমস্তই নেবো।
আঙরায় আগুন নেবো বুকে ভরে-
রক্তমুখ সাপের কামড়,
নেবো হাওয়া ফুলের গভীর ছুঁয়ে আসা।
তুমি যা দিয়েছ, সব নেবো
ঝিঙেফুলি রোদের ঝলক,
সিঁদুরে আমের অভিমান,
গাঢ় মেঘে নুয়ে পড়া বৃষ্টিভেজা জামের বনের দুঃখ নেবো, সব নেবো।
সুনীল আকাশে তুমি হেসে উঠলে,
আমি ধারাপতনের বনে ভিজতে ভিজতে সমস্ত কুড়োব।
উৎপলকুমার বসু বলেছেন, "দূরত্বই প্রেম।" কথাসাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায় এর সুরে সুর মিলিয়ে বলেছেন, "প্রতিদিন যা লকলকিয়ে জ্যান্ত বেড়ে উঠছে তা হল দূরত্ব।" মানুষের সঙ্গে মানুষের বিশ্লেষ আশ্রয়ী যোগাযোগই হয়ত চিরন্তন, সংযোগ আশ্রয়ী নয়। তাই সম্পর্ক শব্দটির প্রসারণ ঘটে বিশ্লেষ সত্তা নিয়ে। সম্পর্কের সংযোগ সত্তাকে পেছনে ফেলে বিনয় মজুমদার বলেন—
"তবু সব বৃক্ষ পুষ্পকুঞ্জ যে যার ভূমিতে দূরে দূরে চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসরোধী কথা।"
ভাস্কর চক্রবর্তী। ইনি সেই কবি, যিনি মৃত্যুর চেয়ে জীবনকে বেশি রহস্যময় বলেছেন, লিখেছিলেন সেই আশ্চর্য লাইন—
"শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব।"
প্রেমের দৃষ্টিই হয়ত সত্য দৃষ্টি। প্রেমের অনুভূতি পারে মানুষকে সরল করতে। সহজ করতে। প্রণবকুমার মুখোপাধ্যায়ের কবিতায় ধরা পড়ে সেসব—
থেকে-থেকে মন উদাসীন:
আজ তো তোমার জন্মদিন।
চেনা পারফিউম বাতাসে,
দূরান্তের মায়া ফিরে আসে
পুরনো ঠিকানা নাড়ে কড়া
টুকরো-টুকরো ছবি মনে পড়া।
চিন্ময় গুহ অনূদিত ফরাসি লেখক "লা রোশফুকোর" বিখ্যাত প্রবচন-গ্রন্থ " ম্যাক্সিম "-এ মানব চরিত্রের, মানুষের নানান অনুভূতির, অভ্যাসের নির্মোহ ও নির্মম বিশ্লেষণ করা হয়েছিল। প্রেমের ছলনা নিয়ে রোশফুকোর ছিলেন অত্যধিক নির্মম। কিন্তু সে নির্মমতার সঙ্গে বাহুলগ্না হয়েছিল প্রেমের পেলবতাও। রোশফুকোর লিখেছিলেন, 'এমন কোনো ছদ্মবেশ নেই যা দিয়ে সত্যিকারের প্রেমকে, কিংবা প্রেমের অভিনয়কে, বেশিক্ষণ লুকিয়ে রাখা যায়।"
সত্যিকার আন্তরিক প্রেমের অনুভবকে লুকিয়ে রাখার উপায় নেই। দেহরতির সঙ্গে প্রেমের অনুভূতির মিশেল অবশ্যম্ভাবী। দেহ যেন মৃতসঞ্জীবনী, প্রেমকেও জাগিয়ে তুলতে পারে। যুগে যুগে কবিরা তাদের কবিতায় এ অনুভূতির চমৎকার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এখানে চারজন কবির লেখা কিছু কবিতা। তাৎপর্যময় এসব কবিতাচূর্ণতে এসে সমস্ত গতি মন্থর হয়ে যায়—
প্রতি অঙ্গ কাঁদে তব প্রতি অঙ্গ তরে।
প্রাণের মিলন মাগে দেহের মিলন।
হৃদয়ে আচ্ছন্ন দেহ হৃদয়ের ভরে
মুরছি পড়িতে চায় তব দেহ 'পরে।
তোমার নয়ন পানে ধাইছে নয়ন,
অধর মরিতে চায় তোমার অধরে।
তৃষিত পরান আজি কাঁদিছে কাতরে
তোমারে সর্বাঙ্গ দিয়ে করিতে দর্শন [দেহের মিলন : রবীন্দ্রনাথ ঠাকুর]
কান্তিময়ী নর্তকীর মতন সোহাগে
উদ্যত ফণার কাছে নিয়ে যায় ; বধির টঙ্কার
বেজে ওঠে সারা মর্মে; নিমীলিত চোখে যদি জাগে
বেদেনীর বাণদৃষ্টি, এসো তবে যুবতী আমার [বধির টঙ্কার : আল মাহমুদ]
দিনের দুফর বেলা যেই তুমি আসছিলা ঘরে
আতখা এমন মনে হইছিল—আন্ধার যেমন,
আতখা এমন ছায়া সোহাগের আর্শির ভিতরে
আবার ডাকলে পরে কিছুতেই স্বীকার হমু না
বুকের পাষাণ নিয়া দিমু ডুব শীতল যমুনা। [পরানের গহীন ভিতর : সৈয়দ শামসুল হক]
সে-দিনে মুহূর্তকাল অবিচ্ছিন্ন শরীর আমার
অম্লান, অনন্ত বীর্যে উঠেছিল উচ্চকিত হয়ে;
….
তুমি চাও মোর মুখে, আমি তব মুখপানে চাই :
এই ভাবি বুঝিলাম, এই ভাবি কিছু বুঝি নাই।। [ব্যবধান : সুধীন্দ্রনাথ দত্ত]
আমরা কবিতা পড়ি, যতটা শিল্প উপভোগে, সম্ভবত এরচেয়ে বেশিই নিজের প্রয়োজনে। সুখ-দুঃখ, হাসি-কান্নার এই জীবনকে সহনীয় করতে কবিতার কাছে আমাদের হাত পাততে হয়। শুধু তো প্রেম নয়, জীবনে নানা অনুষঙ্গ রয়েছে। যখন কোনো পরিস্থিতি, কোনো ঘটনা, আমাদের স্বস্তি দিতে চায় না, শান্তি দেয় না, তখন কবিতা হয়ে পড়ে অমোঘ আশ্রয়। কখনো কখনো কবিতার বইতে মুখ লুকিয়ে আমরা কান্না লুকোই। উদাসীনতা চাপা দিই। হাহাকার পোড়াতে চাই। হয়ত এ-কারণেই, জীবনকে আবার সামনের দিকে টেনে নিয়ে যাওয়া যায়। পা বাড়ানো যায় জীবনের নতুন গন্তব্যের দিকে।
