‘আজি ভুসুকু বঙ্গালী ভইলী’
অনেক বাঙালি লেখককে দেশে বিদেশে তাদের বক্তৃতা,বিবৃতিতে বা তাদের লেখা গল্প উপন্যাসে উপরের পক্তিটি নিয়ে গর্ব করে আলোচনা করতে দেখা যায়। আমি তাদের বক্তব্য শুনে বহুদিন ধরে ভাবি এ সম্পর্কে কিছু বলবো। কিন্তু আমার কথার দাম কতটুকু । বা আমি তো কোনো ভাষা পন্ডিত নই । এইসব ভেবে চুপ করে থাকি। তাছাড়া এসব বই পড়ার অভিজ্ঞতাই বা আমার কতটুকু। কিন্তু আমার মনে হয় সত্য তিক্ত হলেও তা স্পষ্ট হওয়া ভালো।
চর্যাগীতির পুঁথি যকে আমরা চর্যাপদ নামে সাধারণত জানি সেখানে বৌদ্ধ কবিদের অনেক পদ রচনা করা আছে। তার ভেতরেই উপরে উল্লিখিত পংক্তিটি একটি পদের প্রথম লাইন। চর্যাগীতির কবিদের নাম আমাদের সাধারণ মানুষের কাছে অদ্ভুত শোনালেও আসলে তারা ছিলেন পদ রচয়িতা কবিবৃন্দ। তাদের নামগুলো ছিল এমন, লুইপা, কুক্কুরীপা,ডোম্বীপা, সরহপা, দারিকপা, কাহ্নুপা, শান্তিপা ইত্যাদি। এরকম ভুসুকুপাও ছিলেন পদ রচয়িতা একজন কবি।
চর্যাগীতি বাংলা ভাষা ও সাহিত্যের জগতে একটি প্রাচীনতম নিদর্শন হিসাবে সকলে মানেন। এগুলির রচয়িতা বৌদ্ধ ধর্মের সাধকেরা। নিজেদের ধর্ম সঙ্গীত হিসাবে তারা এগুলি রচনা করেছিলেন। কালের গতির সীমায় বৌদ্ধধর্ম ক্রমশ এই ভারত ভূমি থেকে দূরে সরে গেলে সাধারণ জনগোষ্ঠীর কাছ থেকে পংক্তিগুলি বিলুপ্ত হয়ে যায়। বাংলা পুঁথি সংগ্রাহক পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চারটি পুঁথি উদ্ধার করেন। তার ভেতরে 'চর্য্যাচর্য্যবিনিশ্চয়' নামের পুঁথিটি হলো বাংলা পুথি। এই পুথিটিতে যে সব রচনা আছে, তাদের চর্যাপদ নামে পরিচয় দেয়া হয়। এর ভেতরে কিছু পদ ভুসুকুপা কর্তৃক রচিত হয়েছে। খুব সম্ভব তিনি বেঁচে ছিলেন ধর্মপাল ও দেবপালের রাজত্বকালে। সেটি ছিল ৭৭০- ৮৫০ খৃষ্টাব্দ। কবি ভুসুকু তাঁর বিভিন্ন পদ রচনার ভেতরে বাংলাদেশের পদ্মা নদী ও বাংলার প্রকৃতি ও পরিবেশের বর্ণনা দিয়েছেন। 'আজ ভুসুকু বঙ্গালী ভইলী' বলে পদটি যেহেতু তিনি রচনা করেছেন, অতএব তিনি বাঙালি বটে, একথাটা ভাবতে বাঙালিদের গর্ব বোধ হয় এবং সেটা স্বাভাবিক বটে। কিন্তু সত্যি কি ভুসুকু বাঙালি ছিলেন? আমরা এখনও জানি না। সত্যি তিনি একজন বাংলার মানুষ ছিলেন কী না, তার প্রমাণ আমরা এখনও পাইনি। তিনি বিহারের কবিও হতে পারেন অনায়াসে। কারণ বিহারীরা ভুসুকুকে বিহারের কবি বলেই দাবী করেন। তিনি নালন্দার শিক্ষক ছিলেন বলেই যে বাঙলার মানুষ হবেন এ ধারণা ভুল। কারণ নালন্দার অধিকাংশ শিক্ষকেরা ছিলেন বাংলাদেশের বাইরে থেকে আসা।
তারপর পদের দ্বিতীয় পংক্তিটি আমাকে আরও বেশি করে ভাবায় যে তিনি সত্যি বাঙালি ছিলেন কী না।
যদি তার পদের প্রথম পংক্তিটি হয়, 'আজি ভুসুকু বঙ্গালী ভইলী,' তো তার পরের পদটি হচ্ছে, 'নিঅ ঘরিণী চন্ডালে লেলী' । অর্থাৎ ভুসুকু আজ বাঙালি হয়ে গেল, যেহেতু এক চন্ডাল তার ঘরণীকে 'লিয়ে' চলে গেছে , অর্থাৎ ভাগিয়ে নিয়ে চলে গেছে এবং সেই চন্ডাল আর কেউ নয়, একজন 'বাঙালি' এবং বাঙালি তখন গন্ডীবদ্ধ অর্থে ডোম, চন্ডাল, মুচি, নমশুদ্র, এবং এরকম নিম্নবর্গের মানুষ। চন্ডাল এই বাংলাদেশে কোনোদিন বিহারী ছিল না। কিন্তু ভুসুকু নিজে বিহারী হতে পারে। এবং কে না জানে বিহারী চিরকাল বাঙালিদের ঘৃণা করে।
নিজের ঘরণীকে একজন নিম্ন জাতের 'বঙ্গালী' চন্ডালে ভাগিয়ে নিয়ে গেলে কবি ভুসুকুর তাতে আনন্দ কোথায়? কোন নিচ প্রকৃতির স্বামী নিজের ঘরণীকে একজন চন্ডাল নিয়ে গেছে শুনে নিজেকে বাঙ্গালী বলে দাবী করবে? দাবী করবে তখনই যখন সে আত্মগ্লানিতে ভুগবে। যখন মনে হবে সে নিজেও বুঝি সেইরকম নিম্নস্তরের লোক, একজন 'বঙ্গালী' চন্ডাল, যে চন্ডাল হয় ডোম, মেথর, তাঁতি, মুচি, জেলে, নমশূদ্র ইত্যাদি। আর শুধু অপরের বউ চুরি করা নয়, সমাজের সকল প্রকার খারাপ এবং অনৈতিক কর্মকান্ডের সাথে তখন এইসব নিম্ন জাতের মানুষেরা সম্পৃক্ত ছিল। এবং যেহেতু তারা ছিল সমাজের অন্তজ, তাই তাদের ভেতরে সর্বদাই চুরি, মিথ্যাকথা বলা, রাহাজানি, পরের স্ত্রী ভাগিয়ে নিয়ে যাওয়া, এরকম প্রায়ই ঘটত। আর ঘটত বলেই 'বঙ্গালীরা' তখনকার সমাজের উচ্চস্তর বা বর্ণের মানুষদের কাছে ছিল একটি নিম্নরুচিগোষ্ঠীর মানুষ।
ইবনে বতুতার ভ্রমণ কাহিনীতে 'বঙ্গালী'র এরকম খারাপ স্বভাবধর্মের বর্ণনা পাওয়া যায়। বস্তুতপক্ষে তখনকার দিনের কোনো ঐতিহাসিকই 'বঙ্গালী'কে ভালো জাতের বা সৎ বংশের মানুষ বলে মনে করতেন না। নিরপেক্ষভাবে এইসব ঐতিহাসিক সত্যাসত্যের বিচার করতে বসলে, 'বঙ্গালী'র ভেতরে অতিশয় খারাপ গুণগুলির ফিরিস্তিই আমরা পাই। তার ভেতরে অলসতা এবং মিথ্যাকথা বলা সবচেয়ে ওপরের সারিতে অবস্থান নিয়েছে।
এই বঙ্গালির ঘরের রমণীরা তখন যথেষ্ট স্বাধীনতাভোগী নারীগোষ্ঠী। তাদের নিজস্ব স্বকীয়তা ছিল। এখনও আছে। এবং তাদের ঘরের পুরুষেরা একে অন্যের রমণীদের অনায়াসে নিজেদের জীবনে তুলে নিত। এর জন্যে কতটুকু যুদ্ধ বা রক্তক্ষয় হতো আমরা জানি না। সমাজ বা সংস্কারের ভয় তাদের ছিল না। তারা শিক্ষিত বা অভিজাত বা বংশ গৌরবে গৌরবান্বিত ছিল না। তারা এসবের ধারও ধারত না। তাদের ভেতরে রিপুর তাড়নাকে তারা খারাপ দৃষ্টিতেও দেখত না।
কারন তারা ছিল প্রকৃতির সন্তান, স্বাধীনচেতা একদল মানুষ।
কিন্তু উচ্চবংশীয় ভুসুকুর কাছে বাংলাদেশে শিক্ষকতা করতে এসে যদি নিজের রমণীকে নিচ বংশীয় কোনো চন্ডাল হাতিয়ে নিয়ে যায়, তখন আত্মশ্লাঘায় জর্জড়িত উচ্চ বংশের ভুসুকুরও নিজেকে বঙ্গালী বলে পরিচয় দেয়া ছাড়া আর গত্যান্তর থাকে না। তিনি তাই নিজেকে 'বঙ্গালী' বলে ব্যঙ্গ করছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন। আর সেই ধিক্কারকে আমরা প্রশংসা মনে করে পথঘাট গরম করে বেড়াচ্ছি!
ভুসুকুর বক্তব্য হচ্ছে, তিনি নিম্ন জাতের 'বঙ্গাল' না হলে তার স্ত্রী ঘর ছেড়ে কেন চলে গেল? যা হরহামেশা 'বঙ্গালী'র ঘরে হয়, সেই ঘটনা অভিজাত কবি ভুসুকুর ঘরে ঘটল কী করে?
কবি ভুসুকু এমনই রাগান্বিত যে, একবারও তার স্ত্রীর কষ্টের কথা ভাবলেন না। যে স্বামী রাতদিন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং বাাড়ি ফিরে এসে কবিতা রচনা করতে বসেন, তার স্ত্রী ঘর ছাড়বে না তো কী করবে? তিনিও কি তার মতো কবি হবেন? সেই ক্ষমতা কি তার ছিল?
অথবা কবি ভুসুকু হয়ত নালন্দায় শিক্ষকতা করার জন্যে দীর্ঘদিন বাড়ি ছেড়ে বাহিরে ছিলেন, এবং হয়ত ভেবেছিলেন যে বড় বংশের নারীরা জীবনেও কোনোদিন স্বামীগৃহ ত্যাগ করতে পারবে না, যেহেতু বংশে কলঙ্ক লেপন কোনো বড় ঘরের নারী করতে পারে না। এসব কান্ডকারখানা ছিল ছোট বংশের ঘরের নারীদের কাজ। কারণ ছোট বংশের নারীরা স্বামীর দীর্ঘ দিনের শারিরীক অনুপস্থিতি অন্য পুরুষকে দিয়ে পুষিয়ে নিত। কিন্তু কবি ভুসুকুর ভুল ভাঙিয়ে তার নারীটি অর্থাৎ স্ত্রীটি দিব্যি একজন 'বঙ্গালী'র সাথে কবি ভুসুকুর ঘর ছেড়ে বেরিয়ে গেল।
এ লজ্জা তিনি রাখবেন কোথায়?
তাইতে তার কন্ঠস্বর আক্ষেপে জর্জরিত হয়ে উঠেছে। আক্ষেপ তার নিজের ঘরণী এক চন্ডালের হাত ধরে ভুসুকুর সংসার ত্যাগ করেছে। এবং সেই চন্ডাল আর কেউ নয়, একজন বঙ্গালী।
'বঙ্গালী' না হলে তার বউ ঘর ছেড়ে চলে গেল কী করে? এই ধরনের অসামাজিক কাজ তো শুধু বঙ্গালীদের ঘরেই হয়। সেই সময় বাংলাদেশে কি বাঙালি ব্রাহ্মণেরা ছিলেন? মনে হয় না। উত্তর ভারত থেকে কি ততদিনে জাতগর্বে গর্বিত ব্রাহ্মণেরা এদেশে এসে বসবাস শুরু করেছিলেন? মনে হয় না। সে সময় বাংলাদেশে ছিলেন শুধু তথাকথিত নিম্ন জাত ও পাতের মানুষেরা যাদের 'বঙ্গালি' বলা হতো।
আমার মনে হয় আমাদের দেশের ইতিহাসবিদেরা হয়ত পুরো ব্যাপারটা জানতে পারেন। জাতে ভুসুকু নিশ্চয় বিহারের ব্রাহ্মণ ছিলেন। স্ত্রী হঠাৎ ঘর ছেড়ে একজন চন্ডালের হাত ধরে চলে গেলে, ভুসুকুর মর্যাদা থাকল কোথায়? ব্রাহ্মণ ভুসুকু তখন খেদের সাথে অন্তজ চন্ডালের সমকক্ষ হচ্ছেন।
তা নইলে তার যদি জন্মই হতো বঙ্গালির ঘরে, তাহলে তো আবার নিজেকে 'বঙ্গালী'ত্বে রূপান্তরিত হবার কারণ ঘটত না।
তাই কবি-সাহিত্যিকদের কাছে আমার অনুরোধ আপনারা কবি ভুসুকুর ভুল মেসেজ নিয়ে মাতামাতি করবেন না। কারণ কবি ভুসুকু আমাদের কেউ নন। ভালো করে আবার পড়ে দেখুন তার পদাবলীর পংক্তি দুটি;
' আজ ভুসুকু বঙ্গালী ভইলী
ণিঅ ঘরিণী চন্ডালে লেলী'।
মূলত আমরা হচ্ছি অন্তজ বঙ্গালী। এককালে আমাদের এদেশে কোনো সম্মান ছিল না। উচুবর্ণের কাছে আমরা সর্বদাই ইতস্তত ছিলাম। তারা আমাদের ছায়া মাড়ালেও আবার শুদ্ধ হবার জন্যে দৌড়াদৌড়ি শুরু করতেন। যে কোনো বড় মানুষের সামাজিক অনুষ্ঠানে আমরা মাটিতে বসবার পাটি ছেড়ে শুধু মাটির ওপরেই পা থেবড়ে বসতাম। সেখানে বসার অধিকার শুধু উচ্চবর্ণের মানুষদেরই ছিল। আমরা তাদের বসতবাটির সমুখ দিয়ে জুতো পায়ে হাঁটতে পারতাম না। আমাদের জুতো হাতে নিয়ে খালি পায়ে হাঁটতে হতো। সমাজের যে কোনো উৎসবে আমরা উচ্চবর্ণের সঙ্গে এক পক্তিতে বসে খেতে পারতাম না , তাহলে উচ্চবংশীয়রা তাদের জাত হারাতেন। তাই আমাদের গোয়াল ঘরের পাশে বসে খেতে হত।
কখনো যদি আমরা নিম্নজাতীয় বাঙালিরা ভুল করে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে ফেলতাম, তাহলে সে বাড়ির হেঁসেল থেকে সব থালাবাসন ঘটি গেলাস ছুঁড়ে ফেলা হতো কুয়ো পাড়ে আবার সেগুলো ছাই দিয়ে মেজে ঘসে পবিত্র করে তোলার জন্যে।
আমরা তখন কোনো পাঠশালায় যেতে পারতাম না, কারণ বইপত্র ছোঁয়া আমাদের জন্যে মহাপাপ ছিল। পাঠশালা বা উচ্চশিক্ষার পূর্ণ অধিকার ছিল সমাজের উচ্চবর্ণের মানুষদের জন্যে। অন্ত্যজ আমরা, আমরা শুধু দূরে বসে উচ্চবর্ণের মুখনিঃসৃত শুধাবাণী বুভুক্ষের মতো পান করতাম।
ভুসুকু বর্ণিত সেই বাঙালি আমরা আজ কোথায় অবস্থান করছি?
তাই কবি ভসুকুর বর্ণনায় যে বাঙালি আমরা, তাতে আমাদের বিন্দুমাত্র কোনো খেদ বা লজ্জা নেই। কোনোকালেই ছিল না। চাঁদের ক্রম পরিক্রমায় আমরা আজ চন্ডাল অভিধা থেকে পৃথিবীর সবচেয়ে কর্মক্ষম, সবচেয়ে পরিশ্রমী, উদ্ভাবনী শক্তিতে সবচেয়ে সৃজনশীল, সশস্ত্র সংগ্রামের ভেতর দিয়ে শৃঙ্খলিত বাংলাকে উদ্ধার করা সবচেয়ে সাহসী, হিমালয়ের চূড়া ছোঁয়া এক বাঙালি জাতি। এককালের 'বঙ্গাল' থেকে আমরা গর্বিত এক বাঙালি জাতি। তাই আমাদের অর্জিত প্রশংসার কোনো দাবীদার এই বিহারী কবি ভুসুকু নয়! কোনোকালেই ছিল না।
বরং তার ব্যঙ্গ কটুক্তিকে আমরা আজ চ্যালেঞ্জ ছুঁড়ে মারছি।
