সুফির মদ: শারাব দিয়ে করব সতেজ হৃদয়পুর
খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই পড়ে
ছেড়ে মস্জিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধরে।।
দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদ্লাতে
চাইনে বেহেশ্ত্ খোদার কাছে নিত্য মোনাজাত করে।।
কায়েস যেমন লাইলি লাগি' লভিল মজনু খেতাব
যেমন ফরহাদ শিঁরির প্রেমে হ'ল দিওয়ানা বেতাব।
বে-খুদিতে মশ্গুল্ আমি তেমনি মোর খোদার তরে।।
নজরুল এভাবেই প্রেমের ভাবরসে মগ্নতার প্রতীক শরাবের মহিমা গেয়েছেন। লোভ-মোহ-ভয়ে আবিষ্ট সাধারণ মানুষকে হুঁশিয়ার করার জন্য রয়েছে সওয়াব-গুনাহ আর বেহেশত-দোজখের বিবরণ। তাদের জন্য আছে বিবিধ আমলের মাসলা-মাসায়েল আর ইবাদতের নানান নিয়ম-কানুন। আর যারা রাবেয়া বসরীর মতন বেহেশত-দোজখের তোয়াক্কা করেন না, যারা আল্লাহ তথা স্রষ্টা তথা পরমকে ভয়ের বদলে ভালোবেসে তাঁর ইশকেই যাপন করতে চান জীবন, তাঁর মহব্বতের আবেশেই অনুভব করতে চান জগতকে, তাঁর রঙেই রঙিন হয়ে উঠতে চান : তাঁদের ওই প্রেম, ওই ইশক, ওই মহব্বতেরই রূপক হলো শরাব তথা মদ। এই মদ আধ্যাত্মিক জ্ঞান-প্রজ্ঞা-অনুভবেরও প্রতীক। এই মদের নেশায় যিনি থাকেন তার অত নিয়ম আর অনুষ্ঠান পালনের আবশ্যকতা আর থাকে কই? তিনি বেহুঁশ হয়ে থাকেন তার প্রেমানন্দে আর অনুভূত প্রজ্ঞায়। নজরুল তাই আরেকটা গজলে গাইছেন :
এ কোন্ মধুর শরাব দিলে আল আরাবি সাকি,
নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হল আঁখি।
একালের রাজ্জাক দেওয়ান — যিনি মাতাল রাজ্জাক নামেই বেশি অভিহিত — আরও সোজাসাপ্টা ভাষায় গাইছেন :
মদ খেয়েছি আমি মাতাল হয়েছি
সরিয়ে দাঁড়া তোরা যত মাওলানা।।
মদ না-পাকের ছোঁয়া পেলে,
পাক হবে না আর শত ধুইলে
ওযু গোসল যাবে রসাতলে
সমাজ কুলে তোরে ঠাঁই দিবে না।।
মুরশিদ নামের সরাব খাব,
ঐ নামেরই আমি গজল গাব
মুরশিদ পাইলে আমার খোদা পাব
যার লাগি জগত দেওয়ানা।।
তোগো হাদিস তোগো কোরআন,
বেহেস্ত দোজখ তোগোই বিধান
ইশকে ফানা আমি মজনু দিওয়ানা
আইন কানুনের ধার ধারি না।।
নামাজ তোগো রং তামাশা
বলি দোজখের ভয়-বেহেস্তের আশা
মাতাল রাজ্জাকে চায় ভালোবাসা
আশার বাসা তুমি ভেঙ্গে যেও না।।
ঐশী প্রেমের আবেশে যিনি আছেন তিনি তো বাহ্যিক আমল-ইবাদতের মধ্যে থাকেন না। নিয়ম আর অনুষ্ঠান-পরায়ণ মোল্লা-মাওলানা এই ইশক বোঝে না, তাই তাদের তফাতে যেতে বলা হয়েছে। আসলে ধর্মের অনুষ্ঠান-নিয়ম-পরায়ণতা ও নীতিবাদিতা আর প্রেম-উপলব্ধির ধারার মধ্যে দূরত্ব ও বিরোধ একটা আছে সব সময়। সেই কবে বৈষ্ণব কবি চণ্ডীদাস মাতাল রাজ্জাকের কথাটিই আরেক রকম করে বলেছেন :
মরম না জানে ধরম বাখানে
এমন আছয়ে যারা
কাজ নাই সখি তাদের কথায়
বাহিরে রহুন তারা।
আনুষ্ঠানিক ইবাদত-বন্দেগিকে এড়ানোই শুধু নয়, বরং আরও সর্বনেশে কথা-বার্তা আছে সুফিদের। সে হলো মদের প্রেরণা। মদ খাও, মাতাল হও, ঘুম থেকে উঠে মদ্যপান শুরু কর, সারাদিন-সন্ধ্যা-রাত অবধি মদ খাও এবং মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়। এ ছাড়াও মদ, মাতলামি, পানশালা, মদের পরিবেশনকারী — সাকি, সঙ্গীসাথী এইসব বিষয়-আশয় নিয়ে বিস্তর উচ্চকিত উচ্ছ্বাস আছে সুফি কবিদের।
শরাব বা মদ গানে ও কবিতায় বারংবার উল্লিখিত একটি উপাদান। ইসলামপূর্ব আরবি কবিতায় মদের উল্লেখ আছে। কিন্তু সেটি মূলত মদই। এদিকে সুফি ভাবধারার বিকাশের পর ফারসি ও পরে উর্দু কবিতায় শরাব বা মদ খুব ব্যবহৃত একটা বিষয়। সাকি বা মদ পরিবেশনকারীর প্রসঙ্গও এসেছে। কিন্তু এসব সুফি ভাবধারার কবিতায় মদ এসেছে প্রেমের রূপক হিসাবে, আর সেই প্রেম স্রষ্টার প্রতি। সাকি বলতেও হয় খোদা, নয় রাসুল, নয় খোদাপ্রাপ্তির নির্দেশক গুরু বা পীরকে বোঝায়।
ফারসি কবিদের মধ্যে ওমর খৈয়ামের কবিতায় শরাব-বন্দনা সবচেয়ে বেশি। তাঁর রুবাইয়াত-এর চতুষ্পদগুচ্ছে অজস্রবার মদ আর সাকির কথা এসেছে। খৈয়াম একজন বিজ্ঞানবিদ ছিলেন। তিনি ঠিক একজন সুফি ছিলেন কি না তা যেমন নিশ্চয় করে বলা যায় না, তেমনি ছিলেন না বলাও মুশকিল। কারণ তার কবিতায় সুফি ভাবধারা উপস্থিত আছে এবং সুফিদের অনেকেই তাকে স্বগোত্রীয়ই বিবেচনা করেন। নজরুল লেখেন, 'ওমর সূফী ছিলেন কিনা জানিনে। কিন্তু ঐ পথের পথিক যাঁরা, তাঁরা ওমরকে সূফী এবং খুব উঁচু দরের তাপস মনে করেন।'
আবার খৈয়ামের মদ ও সাকিকে অনেকে আক্ষরিক অর্থেই ধরে নিতে চান। সাকি যেমন নারী হতে পারে, তেমনি বালকও হতে পারে। খৈয়াম অকৃতদার ছিলেন, কিন্তু বাস্তব কোনো এক নারী তার কবিতার প্রেরণাদায়ী ছিলেন, এমন অভিমত আছে। আবার তার সাথে বালকের সংযোগের কথাও শোনা যায়। এইসব সেই কালের প্রকাশ্য-গোপন সংস্কৃতি ছিল। তাই এসবের বাস্তবতা থাকতেও পারে। কিন্তু তার সামগ্রিক কবিতায় মদ ও সাকি শব্দদুটো ওই সীমিত বাস্তবের চাইতে বৃহত্তর ও গভীরতর পরিপ্রেক্ষিতেরই দ্যোতনা জাগায়।
খৈয়াম মদ্যপান করতেন কি না সে বিষয়ে নিশ্চিত করে বলা যায় না। করলেই বা কী? নজরুল লিখছেন, 'আমরা খেলে এইরকম বখামি করি, ওমর খেলে রুবাইয়াত লেখেন।' মদ যদি অমন কালজয়ী মহৎ কবিতার জন্ম দেয়, তবে সেই মদ্যপানকে হাজারবার সমর্থন করা যায়। প্রসঙ্গক্রমে লিখি, একলোক বিদ্যাসাগরের কাছে এসে বলল, 'আপনি যে মধুসূদনকে টাকা পাঠান, সে সব টাকা মদ খেয়ে ওড়ায়।' বিদ্যাসাগর বললেন, 'জানি আমি সেটা।' 'জেনেও টাকা দেন?' — লোকটা বলল, 'তবে আমাকে কিছু টাকা দিন। আমিও মদ খাই।' বিদ্যাসাগর বললেন, 'তোমার মেঘনাদবধ কাব্যখানা কই?' সৃজনশীল মানুষের জন্য উদ্দীপক হিসাবে মদকে মেনে নেওয়া যায়।
আমরা এখন মদ বিষয়ক খৈয়ামের কিছু কাব্যাংশ উদ্ধৃত করব। এতে মদ বিষয়ে তার ভাবনা ও ভাবের বিভিন্ন দিক আমরা দেখতে পাব। হাতের কাছে এই মুহূর্তে থাকা রুবাইয়াত-এর নজরুল-কৃত যে অনুবাদ তার থেকেই দিচ্ছি।
১. রাতের আঁচল দীর্ণ করে আসলো শুভ ঐ প্রভাত,
জাগো সাকি! সকাল বেলার খোঁয়ারি ভাঙো আমার সাথ।
২. প্রভাত হল। শারাব দিয়ে করব সতেজ হৃদয়পুর।
৩. শারাব আনো! বক্ষে আমার খুশির তুফান দেয় যে দোল।
৪. সাকি! আনো আমার হাতে মদ-পেয়ালা, ধরতে দাও!
প্রিয়ার মতন ও মদ-মদির সুরত-ওয়ালী বরতে দাও।
জ্ঞানী এবং অজ্ঞানীরে বেঁধে যা দেয় গাঁটছড়ায়,
সেই শারাবের শিকল, সাকি, আমায় শুধু পড়তে দাও।
৫. করব এতই শিরাজী পান পাত্র এবং পরান ভোর
তীব্র মিঠে খোশবো তাহার উঠবে আমার ছাপিয়ে গোর।
থমকে যাবে চলতে পথিক আমার গোরের পাশ দিয়ে,
ঝিমিয়ে শেষে পড়বে নেশায় মাতাল-করা গন্ধে ওর।
৬. বেরিয়ে ভাঁটিখানার থেকে বলল হেঁকে বৃদ্ধ পীর,
"অনন্ত ঘুম ঘুমাবি কাল, পান করে নে মদ আজি।"
৭. মরতে যদি হয়গো আমার শারাব পানের মজলিশে–
স্বর্গ-নরক সমান, পাশে থাকবে শারাব আর প্রিয়া।
৮. একহাতে মোর তসবি খোদার, আর হাতে মোর লাল গেলাস।
৯. একমণি ওই মদের জালা গিলব, যদি পাই তাকে,
যে জালাতে প্রাণের জ্বালা নেভাবার ওষুধ থাকে।
১০. স্বর্গে পাব শারাব-সুধা এ যে কড়ার খোদ খোদার,
ধরায় তাহা পান করলে পাপ হয় এ কোন বিচার?
১১. শুক্রবার আজ, বলে সবাই পবিত্র নাম জুম্মা যার,
হাত যেন ভাই খালি না যায়, শারাব চলুক আজ দেদার।
১২. দোষ দিও না মদ্যপায়ীর তোমরা যারা খাও না মদ,
ভালো করার থাকলে কিছু মদ খাওয়া মোর হত রদ।
মদ না পিয়েও হে নীতিবিদ, তোমরা যে-সব কর পাপ
তাহার কাছে আমরাও শিশু, হই না যতই মাতাল-বদ।
১৩. সাবধান তুই বসবি যখন শারাব পানের জলসাতে
মদ খাসনে বদমেজাজি নীচ কুৎসিত লোক সাথে।
১৪. যদিও মদ নিষিদ্ধ ভাই, যত পার মদ চালাও,
তিনটি কথা স্মরণ রেখে; কাহার সাথে মদ্য খাও?
মদ-পানের কি যোগ্য তুমি? কি মদই বস করছ পান?
জ্ঞান পেকে না ঝুনো হলে মদ খেয়ো না একফোঁটাও।
১৫. শারাব আনো বাঁধা রেখে এই টুপি এই জায়নামাজ,
হব বক-ধার্মিক কাল, আজ তো এখন মদ চালাই।
১৬. কালকে রাতে ফিরছি যখন ভাঁটিখানার পাঁড় মাতাল,
পীর সাহেবে দেখতে পেলাম, হাতে বোতল-ভরা মাল।
১৭. মরব যেদিন — লাল পানিতে ধুয়ো সেদিন লাশ আমার।
১৮. আবার যেদিন মিলবে হেথায় শারাব সাকির আঞ্জামে
হে বন্ধুদল, একটি ফোঁটা অশ্রু ফেলো মোর নামে!
চক্রাকারে পাত্র ঘুরে আসবে যখন সাকির পাশ,
পেয়ালা একটি উল্টে দিয়ো স্মরণ করে খৈয়ামে।
সুফি কবিদের মহারাজ জালালুদ্দিন রুমিও নানা প্রসঙ্গে তার কবিতায় দিয়েছেন মদের উপমা-উৎপ্রেক্ষা :
১. প্রেমিকেরা দিন-রাত মদ্যপান করে। মনের পর্দা ছিঁড়ে ফেলে তারা। প্রেমের মদে যখন কেউ মাতাল হয়, তার শরীর, মন ও আত্মা একীভূত হয়ে যায়।
২. যে মদ ঢালা হচ্ছে তাতে চুমুক দাও। তোমাকে মদের যে-গ্লাসটি দেওয়া হয়েছে তা ময়লা কি না তা নিয়ে মাথা ঘামিও না।
৩. এসে বসো আমার পাশে। আসো আমরা সুখের পবিত্র মদ খাই।
৪. ধাবমান পৃথিবীর মদ তোমার মাথায় ব্যথা ধরিয়ে দেয়।
৫. মদ ঢালতে থাকো যতক্ষণ আমি নিজের বাইরে ভ্রমণ না করি; কারণ আমার আমিত্ব আর অস্তিত্ব আমাকে শুধু ক্লান্ত করে তোলে।
৬. মদ্যপানকারীর ভিতরে যদি গভীর ভদ্রতা থাকে, সে মাতাল হলে সেটিই প্রকাশ করবে। কিন্তু তার মধ্যে যদি গোপন ক্রোধ ও ঔদ্ধত্য থাকে, সেটা প্রকাশিত হবে।
৭. হাজারো রকম মদ আছে যা আমাদের মন দখল করে নিতে পারে। ভেবো না যে সব আনন্দোল্লাস একই রকম।
৮. হয় আমাকে আরও মদ দাও
নয় আমাকে একা থাকতে দাও।
বোঝাই যাচ্ছে, মদ এখানে নানা বিষয়ের রূপকার্থে উল্লিখিত হয়েছে।
আমির খসরু ছিলেন সুফি ভাবধারার প্রখ্যাত গীতিকার, কবি, সঙ্গীতজ্ঞ ও আরও বিবিধ কৃতিত্বের অধিকারী। খেয়াল, কাওয়ালি ইত্যাদি বিভিন্ন ধারার গানের প্রবর্তক তিনি। তার গানেও মদের কথা এসেছে বারবার। উদাহরণ দিই :
১. তোমার প্রেম চৈতন্যের ওপাড়ের খবর নিয়ে আসে,
ধার্মিকদের আনত করে মদের গেলাসে।
২. এসেছ মাতাল হয়ে ফিরে
মেহমান হয়েছিলে কার?
জানি তুমি চিনির স্ফটিক,
আখক্ষেতে ছিলে তুমি কার?
৩. যে জন তোমার প্রেমে হয়েছে মাতাল
শরাবের নাই তার কোনো দরকার।
৪. দাও এগিয়ে ওষ্ঠ-অধর
হৃদয়খানি দেব আমি;
কাবাব তোমার, মদও তোমার
সকল মালিক একাই তুমি।
কবি হাফিজের কবিতায়ও এসেছে মদের প্রসঙ্গ। মদ তো ঐশী প্রেমের আনন্দ, মেধার স্ফুরণ, হৃদয়ের উল্লাস, অহমের উপশম, আত্মার গানেরই রূপক। সুতরাং মদই হলো পরম অভীষ্টলাভের উপায় ও উপকরণ। হাফিজ বলছেন :
বিভ্রমের এই দুনিয়ায়
মদের পেয়ালা ছাড়া আর কিছু নিও না গো হাতে;
এই খেলাঘরে
প্রেমখেলা ছাড়া আর কিছু খেলো না হে।
তার দিওয়ান-এর একটি গজলটি এমন :
ওগো প্রিয়, মদের নদীতে নৌকার আকৃতির পেয়ালাটা চালাও,
ঈর্ষায় কাঁদছে যারা তাদের ছুঁড়ে ফেলে দাও ওই নদীতে।
ওগো সাকি, আমার নৌকায় মদের পিপা দিয়ে দাও,
কারণ মদ ছাড়া চল্লিশটি দিন ও রাত খোলা সাগরে থাকতে হলে আমি তৃষ্ণায় মরে যাব।
এই শহরে আমি হারিয়ে গেছি, খুঁজেই পাই না আর মদের দোকানের দরজা,
আমাকে সাহায্য কর যেন খুঁজে পাই সেই পথ যেখানে বসবাস করে প্রেম।
আমাকে একপেয়ালা মদ এনে দাও যার রং ঘন লাল আর ঘ্রাণ কস্তুরির মতো,
ওই দামি মদ এনো না যার স্বাদ টাকার মতো আর ঘ্রাণ লালসার মতো।
যদিও আমি মাতাল আর অকর্মন্য — আমাকে দয়া কর,
এই অন্ধকার হৃদয়ে তোমার হাসির আলো জ্বলুক।
যদি তুমি চাও মাঝরাতে সূর্য জ্বলুক, তবে পর্দা খুলে দাও
গোলাপের মুখাবয়ব হতে, আর তখনই পেয়ে যাবে যত আলো প্রয়োজন তোমার।
আমি মরে গেলে আমাকে ধূলিময় কবরে গোর দিতে দিও না,
মদের দোকানে নিয়ে আমার শবদেহ রেখে দিও মদের পিপায়।
হাফিজ, যথেষ্ট কেটেছে যদি এই দুনিয়ার কোলাহলে,
এবার গেলাস নাও, এ তরল প্রেম শান্তি এনে দিক।
(ভাবানুবাদ বর্তমান লেখকের)
সুভাষ মুখোপাধ্যায় হাফিজের কবিতার যে অনুবাদ করেছেন, গ্রন্থিত হয়েছে 'হাফিজের কবিতা' নামের বইয়ে, তার থেকে মদ বিষয়ক কতিপয় পংক্তি তুলে দিই এখানে :
১. বুড়ো মাজি বলে, নমাজ পড়ার
আসনে ছুটুক মদের ফোয়ারা;
সদ্গুরু নয় অজ্ঞ, সে জানে
সঠিক লক্ষ্যে চলবার ধারা।
২. গানে আর মদে জমাও আড্ডা
ভবরহস্য হাতড়ে কী লাভ?
বুদ্ধির পথে চললে কখনও
পাবে না কেউ এ ধাঁধার জবাব।
৩. পেয়ালায় তিনি যাই ঢেলে দেন
গিলে ফেলি এক গণ্ডুষে সব–
হোক গে তা পরব্রহ্ম কিংবা
দ্রাক্ষাফলের মজানো আসব।
৪. নিয়ে এসো মদ, দুহাতে বিলাও
পান যেন রাজা, পায় দ্বারবান।
যে হুঁশিয়ার যে মাতাল বেহেড
এই মজলিশে সবাই সমান।
৫. পান্থশালার এককোণে যেই
পেতেছি আমার নিজ সংসার।
৬. হাফিজ, থেকো না বসে তিলার্ধ
মদ ও বধূর সঙ্গিবিহীন।
৭. জিহ্বাগ্রে যা নিঃসৃত হয়
তাতে ফোটে নাকো প্রেমের স্বরূপ;
হে সাকি, এদিকে বাড়াও শরাব
আর কথা নয়, একদম চুপ।
৮. সুরা পান করা অতি সৎ কাজ
এই কথা মনে রেখো, হে হাফিজ,
সংকল্পের মুখটা ঘোরাও
যেদিকে রয়েছে ওই ভালো চিজ।
৯. কাল রাতে পানশালার দুয়ারে
গিয়েছি যখন চোখে ঘুমঘোর;
মদে ছিল ভেজা নমাজে বসার
আসন এবং গায়ের কাপড়।
১০. গুহাবাসী এক সাধক এলেন
কাল রাত্তিরে পান্থশালায়;
ভেঙে ফেললেন ব্রহ্মচর্য
টান মেরে তিনি ভরপেয়ালায়।
১১. কোনোদিকে কুলকিনারা দেখি না
সামনে দরিয়া অপার অথই;
আনো শরাবের জলযান সেই
সুখে তাতে ভবসাগর পেরোই।
১২. কুসুমের মাস এলো, বন্ধুরা,
এসো ফুর্তির ফোয়ারা ছোটাই–
প্রাণভরে মদ ঢালি আর খাই
কান রেখে বুড়ো মাজির কথায়।
১৩. বেচে নমাজের আসন যে মদ
কিনবে তাতেও বেশ মোটা দাঁও।
১৪. ভেবে দেখি আজ সব দিক থেকে
ব্যর্থ জীবন ঘুরে দোরে দোরে,
ভালো হতো পানশালার কোনায়
মদ খেয়ে যদি থাকতাম পড়ে।
১৫. গর্হিত কোনো অপরাধ নয়
হাফিজ, তোমার এই সুরাপান;
বাদশার বড় দয়ার শরীর
সমস্ত দোষ তিনি ঢেকে দেন।
মির্জা গালিবের কবিতায় মদের প্রসঙ্গ এসেছে অনেক বার। এটা বাস্তব তথ্য যে গালিব মদ্যপান করতেন। নিয়মিতই তা করতেন। বাকিতে মদ কিনে দেনাদারও হয়েছেন তিনি আর সেই দেনার মামলা আদালতেও ওঠে। এই বিষয়ে একটি শের বা দ্বিপদীও লেখেন তিনি :
কর্জ করে মদ খেতাম কিন্তু বুঝতাম ঠিক
ফাঁকা পেটে এই মজা একদিন দুনিয়ার চোখে রং ছড়াবে।
(জাভেদ হুসেন-এর অনুবাদ)
গালিবের কবিতায়ও সুফি ভাব আছে। তাকেও — ওমর খৈয়ামের মতোই — নিশ্চিতভাবে সুফি বলা যায় না, আবার সুফি নন বলে খারিজ করাও সম্ভবপর নয়। তার কবিতায়ও সুফি ভাবধারার সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক বক্তব্য রয়েছে।
গালিব নিজেই স্বীকার করেন তার কবিতায়,
'(হে গালিব) এত মদ যদি না খেতে তবে লোকে তোমাকে সুফি মানত।'
আর একটি কবিতায় গালিব লিখলেন,
'কাবা তওয়াফের প্রয়োজন নাই আমার।
জমজম কূপের কাছে আমাকে থামতে হবে, কারণ আমার এহরাম মদে ভিজে গেছে। কাল রাতে জমজমের পাশে বসে আমি আকণ্ঠ মদ্যপান করেছি। ভোরের আলো জাগতেই আমার এহরাম হতে মদের দাগ ধুয়ে ফেলতে হবে।'
সহজেই বোঝা যায়, এ বর্ণনা রূপকার্থক। হজের মতন আনুষ্ঠানিকতার বদলে ইশকের মদে চুর হয়ে থাকবার কথাই বলছেন তিনি এখানে।
গালিব একটি কবিতায় লিখলেন :
'মসজিদে বসে আমাকে মদ খেতে দাও;
নইলে বলো, আল্লাহ কোথায় থাকেন না?'
গালিব নিশ্চয়ই সত্যি সত্যি মসজিদে বসে মদ খেতে চান নাই। নিজের হাভেলি থাকতে তিনি তা চাইবেনই বা কেন? আসলে আল্লাহর সর্বত্র বিরাজমানতার কথাকেই একটা বিশেষ রকমভাবে উপস্থাপন করলেন তিনি।
কিন্তু গালিবের ওই কাব্যিক বক্তব্যে সন্তুষ্ট হতে পারলেন না তার পরের যুগের কবি আল্লামা ইকবাল। তিনি এর উত্তর দিলেন তার কবিতায় :
'মসজিদ খোদার ঘর, এটা পানশালা নয়;
কাফেরের অন্তরে গিয়ে দেখ, ওখানে খোদা নাই।'
মোমিনের অন্তরে আল্লাহর আরশ, সুতরাং কাফেরের অন্তরে তিনি নাই, এমনই বলতে চাইলেন ইকবাল।
কিন্তু এই বক্তব্যকেও অতিক্রম করে গেলেন তার পরের যুগের কবি আহমেদ ফারাজ। তিনি লিখলেন :
'কাফেরের অন্তর ঘুরে এসেছি আমি, দেখলাম :
খোদা ওই হৃদয়েও আছেন, শুধু সে তা জানে না।'
আহা! পরমের অসীম অস্তিত্ব ইতিবাচক সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে উঠল ফারাজের রচনায়।
তিন শতাব্দীর তিন কবি একই মূল জিজ্ঞাসার — যে, ঈশ্বর কোথায় থাকেন আর কই থাকেন না — কী চমৎকার পরম্পরা ঘটালেন তাদের কবিতায়!
অনুষঙ্গক্রমে বলি, গালিব যেমন মসজিদে বসে মদ খেতে চেয়েছেন তেমনই পারস্যের কবি হাফিজ উপদেশ দিয়েছেন তার কবিতায়, 'তোমার গুরু যদি জায়নামাজকে মদে ভিজিয়ে নিতে বলেন, তবে সেটাই কোরো। কারণ, কোন পথে কল্যাণ আছে সেটা তার অজানা নয়।'
কীসব ভয়ানক কথাবার্তা বলে গেছেন সে সময়ের কবিগণ, ভাবা যায়! এই সময়কালে এই বঙ্গদেশে এসব লিখলে হয় তৌহিদি জনতার জোস জেগে উঠবে কবিকে কাফের-মুরতাদ ঘোষণার জন্যে, নয় চাপাতি নামবে ঘাড়ের ওপর, নিদেনপক্ষে ডিজিটাল আইনে মামলা খেয়ে জেলে পচতে হবে বেচারা বয়াতির মতন।
আল্লামা ইকবাল যদিও গালিবের মসজিদে বসে মদ খাওয়ার ইচ্ছার বিরোধিতা করে পাল্টা কবিতা লেখেন, তার কবিতায়ও মদের রূপক-চিত্রকল্প এসেছে অনেকবার। ইকবালের কবিতায়ও সুফি ভাবধারার প্রকাশ দেখা যায়, যদিও তিনি হাফিজের ভাবাদর্শের বিরোধিতা করেন। জালালুদ্দিন রুমিকে তিনি গুরু হিসাবে মান্য করেন।
'আসরারে খুদি' (আত্মসত্তার রহস্য)-তে তিনি লিখছেন :
জেগে ওঠো, ঢালো মদ আমার গেলাসে,
ঢালো জ্যোৎস্না আমার চিন্তার ঘোর রাতে।
মদ এখানে প্রজ্ঞার রূপক। যখন চিন্তাধারা স্থবির হয়ে যায়, তখন উদ্দীপক ভাবনার অন্বেষণ করেন কবি। আবার, 'বালে জিবরিল' (জিবরাইলের ডানা)-তে লিখছেন :
আরও একবার, সাকি, ভরে দাও শরাবে গেলাস
আমার আসল স্থান অবশেষে হোক না আমার
তিনশ বছর ধরে বন্ধ আছে ভারতের মদের দোকান
তোমার দানের দয়া পেতে চাই, ওগো সাকি, আজ
রয়েছে ক'ফোঁটা শুধু কবিতার বোতলে আমার…
মদ এখানে কবিতার অনুপ্রেরণা, ভাবের উদ্ভাস, যা তিনি তার সাকি অর্থাৎ স্রষ্টার কাছ থেকে পেতে চাইছেন। আবার বলছেন ইকবাল :
আবার আমাকে দাও মদ, ওগো সাকি,
এনে দাও মদ সেই পাহাড়ি দিনের।
পাহাড়ি দিন মানে পুরানো দিন। পুরানো মদই সেরা। কিন্তু এখানে আসলে পুরানো সেই ইসলামি স্বর্ণযুগের কথা বলছেন কবি, চাইছেন সেই উত্তম সভ্যতার পুনর্জাগরণ।
আবার অপরাপর সুফি কবিদের মতন করে 'মসজিদে কর্ডোভা'য় ইকবাল বলছেন :
প্রেম হলো বিশুদ্ধ শরাব,
প্রেম হলো মদের পেয়ালা।
'নয়া শিবালা' (নতুন বেদী) কবিতায় ইকবাল চেয়েছেন সমস্ত দুনিয়ায় যেন আনুষ্ঠানিক পূজার সীমা ছাড়িয়ে ঐশীপ্রেম ছড়িয়ে পড়ে। বলছেন :
সকল পূজারি যেন প্রেমের মদিরা করে পান।
মাতাল হওয়ার অর্থ অন্য সব কিছু ভুলে কোনো একটা বিষয়ে উৎসাহে উদ্দীপনায় নিমগ্ন হয়ে থাকা। ফরাশি কবি শার্ল বোদলেয়ার বলেন, 'সব সময়েই মাতাল থাকা উচিত। এটাই আসল ব্যাপার। কিন্তু কীসে মাতাল? মদে, কবিতায়, সদগুণে — যা তোমার পছন্দ। কিন্তু মাতাল হও।' সুফি মাতাল হন ঐশী প্রেমে। আর এই ঐশী প্রেম পরিণামে সকল মানুষ, সকল জীব, সকল সত্তার প্রতি ধাবিত হয়। কারণ এক তিনি ছাড়া তো আর কোনো সত্তাই নাই। আর সুফি এটাও উপলব্ধি করেন : আমিই তিনি, তিনিই আমি। সুফি চিৎকার দিয়ে ওঠেন : আনাল হক — আমিই পরম সত্য। অর্থাৎ, আমিই খোদা। ওই হাঁক প্রেমের মাতালের পবিত্র মাতলামি। শঙ্খ ঘোষ একটি কবিতায় লেখেন :
মদ খেয়ে তো মাতাল হয় সবাই
কবিই শুধু নিজের জোরে মাতাল।
সুফিও তেমনি প্রেমের জোরেই মাতাল।
