নাটকে সংলাপের ধারণা
চিত্রকর্ম: মোহাম্মদ ইকবাল
'নাটক করিস না তো' মায়ের কাছ থেকে বা বড়বোন অথবা দাদী, নানী খালা, ফুপু কিংবা চাচীর কাছ থেকে শৈশবে, তারুণ্যে এরকম আদুরে বাক্য শোনেনি এমন বাঙালি খুব কমই আছে। আমরা যদি নিজের জীবনের এরকম স্মৃতিময় মুহুর্তের কথা মনে করতে পারি, তাহলে বুঝে যাব কোন প্রেক্ষাপটে আমরা এরকম কথা শুনতে পেয়েছিলাম, বা শুনে থাকি।
আরেকটা কথা একটু বড় হলে প্রেমে পড়ার বয়সে অথবা সংসারে ঢোকার বয়সে আমরা কতিপয় বাক্য শুনে থাকতে পারি, ঢং কর না তো, ও ঢং কত! এটা সাধারণত খুনসুটির সময় প্রেমিকা বা সহধর্মিনীরা বলে থাকেন, অনেক সময় মা তার ছোট ছেলেমেয়েদের উদ্দেশ্যেও উচ্চারণ করে থাকেন। এই মুহুর্তগুলো একরকম নাটকীয় মুহুর্ত। নাটক নামে লিখিত সাহিত্যকর্মগুলোতে এরকম মুহুর্তের সমাহার থাকে।
এক কথায়, সাধারণ অর্থে তাবৎ সাহিত্যকর্মকেই কবিতা বলে চালিয়ে দেওয়া যায়। তারপরও লেখালেখির দুটি মোটাদাগের বিভাজন হচ্ছে পদ্য এবং গদ্য। লেখালেখি বিষয়ক নানা কর্মশালা, ক্লাশ আর আড্ডায় এরকম প্রশ্নের মুখোমুখি অনেকবার হয়েছি: গদ্য কি? পদ্য কি? এই প্রশ্নের উত্তর বইপুস্তকে কিভাবে দেওয়া আছে আমার জানা নাই। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দেশি বিদেশি ভাষার কাঠপণ্ডিতরা গদ্য পদ্যের সংজ্ঞা কিভাবে নির্ধারণ করেন সেটা জানার আর বোঝার আমার কোনরকম আগ্রহ নাই। বাংলাদেশে ট্রাকের পেছনে যেমন লেখা থাকে একশ হাত দূরে থাকুন। একই সঙ্গে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবিস্কার ছোট বাহন মিশুকের পেছনে লেখা থাকে, আমি ছোট আমাকে মারবেন না। আমাদের চারপাশের পণ্ডিতদের দেখলে আমার ট্রাকের কথা মনে পড়ে আর নিজেকে ছোট মিশুক মনে হয়।
গদ্য বলতে আমরা বুঝি, মনের ভাব সরাসরি ব্যক্ত করা বা বিবৃত করাই হচ্ছে গদ্য। আর পদ্য হচ্ছে মনের ভাব পরোক্ষে প্রকাশ। এখানে বলে নেয়া দরকার, লেখালেখি মানে হচ্ছে মনের প্রকাশ বা মনের ভাবের প্রকাশ। এখন কথা হল আমরা তো প্রতিনিয়তই মনের ভাব প্রকাশ বা মনের কথা বলে যাচ্ছি। তাহলে আমরা সকলেই কি অনবরত সাহিত্য রচনা করে যাচ্ছি? এক অর্থে এর উত্তর 'হ্যা'; আরেক অর্থে এর উত্তর 'না'। এটা আবার কিভাবে সম্ভব? এখানে একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। সুইডেনের কবি স্টিগ দগারমান, যাকে মনে করা হয় সুইডেনের ফ্রান্স কাফকা। তিনি বলেছেন, প্রতিটি শিশু কবি হয়ে জন্মায়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি শিশুর ভেতরের কবিকে উপড়ে ফেলতে। এবার নিশ্চয়ই পরিস্কার হয়েছে, আমাদের প্রতিনিয়ত 'প্রকাশভঙ্গির' কোন মুহুর্তটা সাহিত্য বা গদ্য পদ্যের নিরীখে মূল্যায়ন করা যায়, আর কোন অংশটা যায় না।
আদতে জীবন হচ্ছে লেখালেখির ইশকুল আর সময় হচ্ছে ল্যাবরেটরি। যে যেভাবে তার ইশকুলের ল্যাবরেটরিতে অনেক কিছু নিংড়ে তার আরাধ্য বের করে নিয়ে আসবেন, সে তিনি জানেন। অন্যদিকে মন হচ্ছে লেখালেখির জন্যে একটা খনি। কেউ যদি নিজের ভেতরের সেই খনির দেখা পেয়ে যান, তাহলেই কেল্লা ফতে। তার শুরু হয়ে যাবে নিজের ভেতরের এক দৈত্যের সঙ্গে কাল নিরবধি লড়ে যাওয়া।
এখন প্রশ্ন হলো অন্য লেখালেখির সঙ্গে গান আর নাটকের পার্থক্য কি? গান হচ্ছে এক ধরনের পদ্য যেখানে সুর আরোপ করে গলা ছেড়ে গাওয়া যায়। সুর আরোপ না করা গেলে তা যতবড় পদ্যই হোক, তা গান নয়। গানের কবির বড় উদাহরণ লালনসাঁই, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নরওয়ের এডভার্ড গ্রিগ এবং আমেরিকার বব ডিলান।
নাটক হচ্ছে যে গদ্য অথবা পদ্য 'নাটক করিস না তো' এবং 'ঢং কত', প্রেক্ষাপটের মত মুহুর্তের সমাবেশ থাকে; সেরকম অনুষঙ্গ থাকে। একই সঙ্গে এর দার্শনিক ভিত্তি খুব শক্ত থাকে, লেখার ভেতরের কুশীলবদের প্রকাশের একটা শরীরী ভাষা থাকে বা শরীরী স্বতস্ফুর্ততা থাকে; একই সঙ্গে চারপাশের পরিবেশ আর প্রতিবেশের একটা প্রকাশ, অস্তিত্ব বা ভাষা থাকে। নাটকে এমনকি জড় পদার্থের এক অস্তিত্ব জানান দেবার প্রাণীজ ভঙ্গি বা ঢং থাকে। শিশু হচ্ছে কার্যকর কুশীলব। যার নাটকের শুরু ঘুমভাঙার মুহুর্ত থেকে আর শেষ পরের বার ঘুমাবার মুহুর্ত পর্যন্ত।
নাটকের সংলাপ বিষয়ে বিস্তারিত আলোচনায় যাবার আগে উল্লেখ করতে চাই, আমাদের সাহিত্যের আদি নিদর্শন 'চর্যাপদ' একই সঙ্গে নাটক এবং পদ্য।
জীবন হচ্ছে একটা নাটকের খামার বা নাটকের খনি। জীবনের নানা মোড় আর স্তরে যার যার রয়ে গেছে নানা নাটক। এসবের বিভাজন বা উপস্থাপন হতে পরে রাজনীতি, ইতিহাস, সমাজ ও পরিবারকে উপজীব্য করে। তবে নাটকের সবচেয়ে আদি এবং আধুনিক উপজীব্য ক্ষেত্র হচ্ছে পরিবার। নাটকের ইতিহাস ধ্রুপদি প্রতিভা হিসেবে যারা দেশে দেশে জায়গা করে নিয়েছেন তারা হলেন শেক্সপিয়ন, মধুসূদন, ইবসেন, রবীন্দ্রনাথ, চেখভ, ব্রেশট, হেরল্ড পিন্টার, মলিয়ের এবং স্ট্রিন্ডবার্গের মত নাট্যকারেরা। এই পর্যায়ে কয়েকটি প্রশ্ন। মনোলগ বা স্বগত সংলাপ কি?
সংলাপ কি?
সংলাপ আর বাক্যালাপের মধ্যে পার্থক্য কি?
কমেডি বা মিলনান্ত নাটক কি?
ট্রাজেডি বা বিয়োগান্ত নাটক কি?
বাক্যালাপ হচ্ছে স্রেফ তথ্যসর্বস্ব যোগাযোগ। যেমনটা দোকানির সঙ্গে নিত্যনৈমিত্তিক কেনাকাটা। দাম অনুসারে মূল্য পরিশোধ করা। আর এই কেনাকটায় যে আলাপটা বা কথাবার্তা হয় তা বাক্যালাপ। এরকমভাবে অফিসে, আদালতে, ব্যাংকে হাটে মাঠে ঘাটে দেশে বিদেশে বাক্যালাপের মেশিন চলছে। কিন্তু অই দোকানির সঙ্গে নিত্যনৈমিত্তিকতার বাইরে গিয়ে 'নাটকীয়' বা চমকপ্রদ বা ভয়ঙ্কর পরিস্থিতি বা প্রতিবেশ তৈরি হলে বা সেরকম বাক্যালাপ শুরু হয়ে গেলে তা বাক্যালাপ থেকে সংলাপে উন্নীত হয়। ধরা যাক একশ টাকার জিনিসের দাম ১০ টাকা দিয়ে হাঁটা শুরু করলে কতাবার্তা এরকম হতে পারে।
‐ এই যে ভাই আর ৯০ টাকা কই?
যা দিচ্ছি এতেই সন্তষ্ট থাকেন।
‐ মানে ?
মানে কিছু না আর দিমু না?
‐ দিবেন না মানে? দোকান কি আপনার বাপের?
ঠিক কইছেন 'বাবা'। অই দশটাকাও ফেরত দাও চকলেট কিনে খামু।
এভাবে এক পর্যায়ে হাস্যরসাত্মকের দিকে গিয়ে শেষ হতে পারে।
আবার এই বাক্যালাপ অন্যদিকেও মোড় নিতে পারে।
‐ এই মিয়া দশ টাকা দিয়ে হাঁটা দিলেন যে? দোকান কি আপনার দুলাভাইয়ের?
শালা কি কইলি? [এক ঘুষি মারে]
দুলাভাই হবার সখ হইছে।
‐ দোকানি ঘুষি সামলে হাতের বাটখারা নিয়ে ক্রেতার উপর ঝাঁপিয়ে পড়ল। এইভাবে ঘটনা এক পর্যায়ে থানা পুলিশ পর্যন্ত গড়াতে পারে আর সেমতে বাক্যালাপগুলো সংলাপের পর্যায়ে উন্নীত হতে পারে।
জীবনের চেয়ে বড় নাটক আর নাই। আমরা প্রতিনিয়ত নাটকের মধ্য দিয়ে যাই। বাসের হকার যে ভাষায় যে আন্তরিকতায় তার কথা ছোঁড়েন তা খাঁটি নাটকীয় প্রকাশ। হাটে বাজারে যে সমস্ত সার্কাস আর পণ্য বিক্রির জন্য বাক্যবান আর অঙ্গভঙ্গি আমরা শুনি আর দেখি তা দারুণ নাটকীয় প্রকাশ। জীবনের যে বৈচিত্র্য তা কেবল রাজা বাদশা, রাজনীতি ও ইতিহাস নির্ভর নাটকেই থাকে না। অন্যবিধ নাটক বিশেষ করে পরিবার ও ব্যক্তির সঙ্কট, অস্তিত্ব আর প্রশ্নের মদ্যে থাকে সমূহভাবে। আধুনিক এই বৈচিত্র্য ইবসেনের নাটকে যেমন ছিল, তেমনি আমাদের মধুসূদন এবং রবীন্দ্রনাথেও ছিল। তবে রবীন্দ্রনাথের নাটকের বাহারি সৃষ্টি তা আর কোন নাট্যকারের মধ্যে আছে কিনা আমি জানি না, তার নাটকে ছোটদের, বড়দের, রাজনীতির পরিবারের, ব্যক্তির, সঙ্গীতের, নাচের কত রকম বহুরৈখিক বহুমাত্রিক বিষয় থাকে যে, তা অন্য কোন নাট্যকারের মধ্যে আমি পাইনি। রবীন্দ্রনাথ আধুনিক নাটকের বড় একটা স্কুল। তার সংলাপগুলো সরল সহজ সুন্দর জীবনের স্বাভাবিক প্রকাশ; সংলাপের দাবি মিটিয়েই।
শুরুতেই আমি শিশুদের কথা বলেছি। তারা এক একজন চলমান কুশীলব। যতক্ষণ ওনারা জেগে থাকেন, ঘুমানোর পরে স্বপ্নে আপন মনে সে নাটক খেলে। তাই তারা ঘুমের মধ্যে হেসে ওঠে, কেঁদে ওঠে, কথা বলে যায়।
নাটকের সংলাপের বিষয়ে ধারণা আমরা পেতে পারি, মানুষ যখন নিজের অজান্তে ঝগড়ার মধ্যে বুদ্ধিবৃত্তিক বাক্যবান ছোড়ে মারে; এমন কি খিস্তিখিউর করে। দুই মাতালের কথোপকথনও সংলাপ বিষয়ে আমাদের ধারণা দিতে পারে। চলমান রাজনৈতিক বিতর্কেও বিপরীতমুখী মতধারার রাজনৈতিক নেতাদের বাহাসও সংলাপ বিষয়ে ধারণা দেয়। দুই সতীনের ঝগড়া আহা সংলাপের আরেক ল্যাবরেটরি। প্রেমপত্রে কত রকম সংলাপ যে লেখা হয়। আহা শতভাগ খাঁটি সংলাপ।
সবকিছুর পরে নাটকের জন্যে নাটকের অন্দরে বাইরে যোগাযোগ জরুরি। যিনি নাটক লিখবেন তাঁকে মঞ্চের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতেই হবে। এমন সার্থক নাট্যকার খুঁজে পাওয়া ভার যার মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট নাই। প্রাচীনকাল থেকে শুরু করে আমাদের রবীন্দ্রনাথ পর্যন্ত এমনকি রবীন্দ্র উত্তর বাংলা নাটকে এ কথা প্রযোজ্য। স্বাধীনতার পরে দুই একজন ব্যক্তিক্রম ছাড়া আমাদের বাংলাদেশের ধ্রপদি কবি লেখকদের মঞ্চনাটকের সঙ্গে সরাসরি তেমন যোগাযোগ হয়নি। আবার মঞ্চনাটকের সঙ্গে যাদের সরাসরি সংশ্লিষ্ট তারা আবার লেখক হিসেবে অতটা শক্তিশালী নয়। কথাশিল্পের বাক্যালাপ আর নাটকের সংলাপ যদি একই রকম হয়, তাহলে তা আর নাটক থাকে না।
কথাশিল্পের সংলাপ দূরদর্শনের জন্যে যা ভাল, মঞ্চের জন্যে তা যুথসই নয়। আমার এই লেখায় নাটকের সংলাপের ধারণা বোঝাতে দূরদর্শনের নাটককে ধর্তব্যের মধ্যে আনিনি। আমাদের বাংলা মঞ্চনাটকের মোক্ষম জায়গা ছিল যাত্রা। সে জায়গা হারিয়ে আমরা পশ্চিমা আদলে যে মঞ্চনাটকের জগৎ পেলাম তা অনেকটা কর্পোরেট ঠিকাদারি আর অনুবাদনির্ভর। বিদেশি নাটক যতটা কদর পেয়েছে, সে তুলনায় আমাদের নিজস্ব নাটক বেরিয়ে আসেনি। আবার অনেক নাটক কথাশিল্পের বৈশিষ্ট্য থেকেও মুক্ত হতে পারেনি। পাঠক এবং দর্শক হিসেবে আমার যা মনে হয়েছে কারও নাম উল্লেখ না করে অকপটে বলে দিলাম। কারণ লেখালেখিতে অকপটতাকে আমি অবশ্য মান্য মনে করি।
নাটকের সংলাপেও তাই। 'পাণ্ডিত্য' আর কাঠমোল্যাদের দাপটে প্রকাশের অকপটতা মার খেলে নাটকের যে দশা হতে পারে, আমাদের রবীন্দ্র উত্তর বাংলা নাটক সে শনির দশা থেকে বের হয়ে আসতে পারেনি। প্রতিবছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে সাহিত্য আর নাটকের বিভাগ থেকে শতশত স্নাতক বের হয়ে এলেও সে তুলনায় আমাদের যেমন মঞ্চ নাই, মঞ্চের জন্যে নাটক লেখার নাট্যকারও নাই। যে কারণে সংলাপ সংলাপের ধারণা মৌলিক নাটক অনেকটা সুদূর পরাহত। এ নিয়ে খোলাখুলি বিতর্কও নাই। এই নাই বাস্তবতা আরো নানাকিছুর সঙ্গে আমাদের নাটকের জগতকেও থাবা মেরে ছেড়েছে। এই থাবা সরিয়ে আমাদের নাটক একদিন বেরিয়ে আসবে।
