২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুর রাহমান: কবিতার অনন্য বাতিঘর

পুলক হাসান পুলক হাসান

Published : 24 Nov 2019, 07:35 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


কাব্যচর্চার সূচনায় পূর্বসূরির প্রভাব এবং এক ধরনের রোমান্টিকতায় স্বপ্নাবিষ্ট থাকাটা খুব স্বাভাবিক; তার মধ্যদিয়েই নিজস্ব সৃষ্টির পথ নির্মাণ করে নিতে হয় এবং অর্জন করতে হয় স্বাতন্ত্র্য, অনন্যতা এবং সর্বোপরি নিজের অনিবার্যতা প্রমাণের জায়গাটা। প্রথম দিককার রোমান্টিক সত্তা থেকে বেরিয়ে নানারকম কবিতা লিখে নিজের কাব্যভাষার মধ্যদিয়ে সেই অর্জন সমসাময়িক অন্যদের পক্ষে সম্ভব না হলেও শামসুর রাহমানের পক্ষে তা সম্ভব হয়েছিল। তিনি শুধু তিরিশের বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, জীবনানন্দ ও সুধীন দত্তের প্রভাব থেকে বেরিয়েই আসেননি, তিরিশোত্তর বাংলা কবিতাকে উত্তরণের পথে নিয়ে গেছেন। এই সত্যতা সামনে রেখে কবি ও শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী যেমন বলেন, 'বাংলাদেশের কবিতায় এক পরস্পরাগত ধারার জন্ম হয়েছে যার প্রধান ও অন্যতম উৎস শামসুর রাহমানের কবিতা।' তেমনি ভারতের প্রখ্যাত সাহিত্য সমালোচক আবু সয়ীদ আইয়ুবও মনে করেন তিরিশের পরে শামসুর রাহমানই বাংলা কবিতার প্রধান কবি। কবিতায় বিষয়, ছন্দসহ নানামুখি কাজের মধ্যদিয়েই শামসুর রাহমানকে বিদগ্ধজনের এই স্বীকৃতি অর্জন। সেসবের বিস্তারিত দিক নিয়ে আলোচনার অবকাশও আছে। আমরা দেখবো শুধু কবিতায় তাঁর জননন্দিত হওয়ার পেছনে অন্যতম দিক হচ্ছে তাঁর সমকাল, দেশের সংকট এবং সংগ্রাম ও ঐতিহ্যকে উপজীব্য করে কবিতা লেখা, যার ফলে তাঁর কবিতা পাঠে পাবলো নেরুদার কথা মনে আসে। তবে নেরুদা কমিউনিস্ট আদর্শে লালিত ছিলেন আর শামসুর রাহমান কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তবে শামসুর রাহমান হয়তো মনেপ্রাণে বিশ্বাস করেছিলেন একজন কবির জন্য তার সমকাল হচ্ছে সবচেয়ে জরুরি। এ সময়ের জাতীয় বিশেষ বিশেষ ঘটনাকে কবিতায় তুলে আনার মধ্যদিয়ে জন-আকাঙ্ক্সার প্রতিফলন ঘটাতে হবে। যে কারণে তিনি স্বাধীনতা পূর্ব থেকে স্বাধীনতা উত্তর কালের প্রতিটি উল্লেখযোগ্য ঘটনাকেই তাঁর কবিতায় বিষয় উপজীব্য করেছেন। যা শুধু তাঁকে অবিস্মরণীয়ই করেনি তাঁর কবিতাকেও পৌঁছে দিয়েছে কালের চূড়ায়। আমাদের কবিতায় মেধার বিকিরণ হয়তো অনেক আছে কিন্তু কালের চূড়ায় আরোহণ করেছে কবিতার সংখ্যা অত্যন্ত কম। এক্ষেত্রে একমাত্র শামসুর রাহমানই কালজয়ী। তাঁর বহু কাব্যেই সমকালের চিত্র উপস্থিত ও জীবন্ত। তাঁকে প্রয়াত কবি ও ভাষাবিদ হুমায়ুন আজাদ 'সমকালের সভাকবি' আখ্যা দেন। ১৯৯৬ সালে আগামী থেকে প্রকাশিত তাঁর 'শামসুর রাহমান : নিঃসঙ্গ শেরপা' গ্রন্থে তিনি এ অভিধায় অভিষিক্ত করেন শামসুর রাহমানকে। তিনি গ্রন্থের এক জায়গায় বলেছেন, 'শামসুর রাহমানের কবিতার সাম্রাজ্যের নাম একান্ত ব্যক্তিতা জড়িত অব্যবহিত প্রতিবেশ পৃথিবীজীবনপূর্ণ সমকাল। তাঁর কবিতায় নিসর্গ, মৃত্যু, প্রেম, সমকাল ইতিহাস-ঐতিহ্য-পুরাণ কি বিশ্বজনীনতা সবই রয়েছে, তবে সমকালের উপস্থিতি অতুলনীয়। পরবর্তীতে তাঁর এই মূল্যায়ন অকাট্যই মনে হয়েছে সর্বমহলে।
শামসুর রাহমানের সমকালের প্রেক্ষাপটে রচিত এমন এমন কবিতা রয়েছে যেমন 'স্বাধীনতা তুমি', 'আমার দুঃখিনী বর্ণমালা', 'সফেদ পাঞ্জাবী', 'আসাদের শার্ট', 'ফেব্রুযারি ১৯৬৯', 'হরতাল' যার মধ্যে বাঙালি জাতীয় চেতনার বীজ অঙ্কুরিত এবং তা সংগ্রাম, ইতিহাস ও প্রতিরোধের আগুনের শিখা জ্বেলে দিয়ে গেছে বাঙালি জাতিসত্তায়। এসব কবিতা সমকালের চিরকালীনতা অর্জনের পাশাপাশি এক অপার শক্তি ও চেতনা নিয়েও জীবন্ত হয়ে আছে। যে কারণে যথার্থ অর্থেই 'স্বাধীনতার কবি' খেতাবটি পেয়ে যান শামসুর রাহমান। যদিও স্বাধীনতা আন্দোলনের বীজটি অঙ্কুরিত হয় বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে। আর সেই রক্তক্ষয়ী ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কবিতা লিখে স্বাধীনতার চেতনা খোদাই করে গেছেন শামসুর রাহমানের পাশাপাশি তাঁর সমসাময়িক আরো দুই কবি হাসান হাফিজুর রহমান ও আলাউদ্দিন আল আজাদ। তাঁদের কালজয়ী যথাক্রমে 'একুশের কবিতা' ও 'স্মৃতির মিনার' কবিতা দুটি ইতিহাসের এক অমর সাক্ষী, যা আজো আমাদের বায়ান্নোর স্মৃতিতে ফিরিয়ে আনে। একুশের প্রসঙ্গ তুলতেই তাঁদের এই কবিতাযুগল থেকে উদ্ধৃতি টানতে আমাদের বাধ্য করে। পরবর্তীতে শামসুর রাহমানও অবশ্য তাঁর 'বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা' কবিতায় মাতৃভাষার মধ্যে জাতীয় অস্তিত্বকে চমৎকারভাবে তুলে ধরেন :
তোমাকে উপড়ে নিলে, বলো তবে, কী থাকে আমার?
উনিশ শো' বায়ান্নোর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি
বুকে নিয়ে আছো সগৌরবে মহিয়সী।
সে-ফুলের একটি পাঁপড়িও ছিন্ন হ'লে আমার সত্তার দিকে
কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে।

আমাদের স্বাধিকার আন্দোলন থেকে চূড়ান্ত মুক্তি সংগ্রাম পর্যন্ত অনুপ্রেরণা যুগিয়েছে যেসব কালজয়ী কবিতা তার অধিকাংশই শামসুর রাহমান রচিত। তাঁর 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় দেখি উনসত্তরের গণআন্দোলনে স্বাধিকার অর্জনের জন্য জনতার মধ্যে যে ব্যাপক সাড়া পড়েছিল তারই সমকালীন এক চিত্র।

সড়কের দুকুল ছাপানো
লোক শুধু লোক।
লোক
আমাদেও চোখের পাতায়
লোক।
লোক
পাঁজরের প্রতিটি সিঁড়িতে
লোক।
লোক
ধুকপুকে বুকের স্কোয়ারে
লোক।'

এছাড়া নিচের এই পঙ্ক্তিগুচ্ছে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধকালীন জনমানবশূন্য গ্রাম্য পথের এক বিরান চিত্র, যেন কোন গুণী আলোকচিত্রীর নিপুণ ফটোগ্রাফি।

গ্রাম পথে পদচিহ্ন নেই। গোটে গরু
নেই কোনো, রাখাল উধাও, রুক্ষ সরু
আল খাঁ খাঁ, পথপার্শের বৃক্ষেরা নির্বাক
নগ্ন রৌদ্র চতুর্দিকে স্পন্দমান কাক শুধু কাক।
[বন্দী শিবির থেকে]
যদিও কবিতাটিতে সুধীন দত্তের কবিতার নৈরাশ্য ও রিক্ততার ছাপ উদ্ভাসিত তেমনি এটি মনে করিয়ে দেয় এলিয়টের বিখ্যাত 'ওয়েস্টল্যান্ড' তথা 'পোড়ো জমি'র কথা। অবশ্য এ কোনো ভাবচিত্র নয়, শামসুর রাহমানের উপরোক্ত পংক্তিগুচ্ছে আমরা ফিরে পাই আমাদের মুক্তিযুদ্ধের একটি ভয়াল মুহূর্তকে, যেখানে হত্যা ও ধ্বংসযজ্ঞের ভয়াবহতার মধ্যে গ্রামীণ পরিবেশের একটি প্রতিচিত্র, যেখানে কাক ছাড়া আর কোনো কিছুর উপস্থিতি নেই।
আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ যে শামসুর রাহমানকে কিরকম আলোড়িত করেছিল তার পরিচয় আমরা পাই তাঁর 'উদ্ধার' নামক কবিতার এই পঙ্ক্তিগুচ্ছে :

দগ্ধ, স্তব্ধ পাড়ার নিঃসঙ্গ যে ছেলেটা
বুলেটের ঝড়ে
জননীকে হারিয়ে সম্প্রতি খাপছাড়া
ঘোরে ইতস্তত, তাকে জিজ্ঞাসা করুন
এখন বলবে তারা সমস্বরে যুদ্ধই উদ্ধার।

ফলে সঙ্গত কারণে তিনি কিংবদন্তির গেরিলা যোদ্ধাদের মাঝে খুঁজে পান দেশের ভবিষ্যৎ নিয়তি ও মুক্তি অর্জনের একান্ত নির্ভরতা। তাঁর 'গেরিলা' কবিতায় তিনি তাই বলে ওঠেন :

সর্বত্র তোমার পদধ্বনি শুনি, দুঃখ তাড়ানিয়া
তুমি তো আমার ভাই, হে নতুন, সন্তান আমার।

সেই মুক্তি অর্জনের ব্যাকুলতাই ফুটে উঠেছে তাঁর 'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা' কবিতায় :

তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন?

দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এমন অনেক অনেক কবিতাই রয়েছে তাঁর। যেখানে দেশকালের সংকট, সংগ্রাম, শোষণ, নির্যাতনের প্রতিবাদী ছবি ফুটে উঠেছে তাঁর আবেগময় পঙ্ক্তিগুচ্ছে, যেখানে আপামর জনতা খুঁজে পেয়েছে আত্মোন্মোচন ও জাগরণের একটা ভাষা, নৈরাশ্য থেকে আত্মমুক্তির একটা দিশাও। কবিতাকে জীবনঘনিষ্ঠ করার একটা জাদু ছিল তাঁর কলমে। দরাজ প্রকাশভঙ্গির জন্য সহজেই তা মানুষের অন্তর্গত কথন হয়ে গেছে। এ সম্পর্কে বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড. খান সারওয়ার মুরশিদের পর্যবেক্ষণ তাই তাৎপর্যপূর্ণ : 'তাঁর কবিতা সাধারণ মানুষের মুখের ভাষার খুব কাছাকাছি– এ ভাষা থেকে শিক্ষিতজন, কুলীনজন কিংবা ব্রাত্যজনের বোল বাদ পড়েনি। তিনি কাব্যের ভাষাকে এমন নমনীয়তা দিয়েছেন যে তা গদ্যের খুব কাছাকাছি এসেও একটু খানিক অনুপ্রাণিত উষ্ণতার চাপে কবিতা হয়ে ওঠে। এ ভাষায় তিনি অনাটকীয় দৈনন্দিনতার বিবরণ দেন, সেই সঙ্গে জীবনের সাধারণত্বকে মর্যাদা দেন।'
এই সাধারণত্বই শামসুর রাহমানের কবিতার মহার্ঘ্য, যা তাঁকে কবিতাপ্রেমীদের কাছে করে তুলেছে অনন্য ও অবিস্মরণীয়। তিনি হয়তো সেই ঐতিহাসিক দায়িত্ব শেষ করে কবিতার সম্মুখপানে এক অশনি সংকেতের ইঙ্গিত দিয়ে গেলেন : 'আমি অভ্যাসবশত/কেবলি আলোর কথা বলে ফেলি…/… তোমরা কি অন্ধকার-প্রিয়?/চলি আমি, এই লণ্ঠনের আলো যে চায় তাকেই পৌঁছে দিও।'
কিন্তু কে বইবে সেই লণ্ঠন? ফলে, শামসুর রাহমানই আজ-অবধি আমাদের কবিতার বাতিঘর।