মক্কা মেটাল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড
সম্ভ্রান্ত হিন্দু-বংশের অনেকেই পায়জামা-শেরওয়ানি-টুপি ব্যবহার করেন, এমনকি লুঙ্গিও বাদ যায় না। তাতে তাঁদের কেউ বিদ্রুপ করে না, তাঁদের ড্রেসের নাম হয়ে যায় তখন 'ওরিয়েন্টাল'। কিন্তু ওইগুলোই মুসলমানেরা পরলে তারা হয়ে যায় 'মিয়া সাহেব'। মৌলানা সাহেব আর নারদ মুনির দাড়ির প্রতিযোগিতা হলে কে যে হারবেন বলা মুশকিল; তবু ও নিয়ে ঠাট্টা-বিদ্রুপের আর অন্ত নেই।
আমি ত টুপি-পায়জামা-শেরওয়ানি-দাড়িকে বর্জন করে চলেছি শুধু ঐ 'মিয়া সাহেব' বিদ্রুপের ভয়েই–তবুও নিস্তার নেই।
[নজরুল রচনাবলী, চতুর্থ খণ্ড, বাংলা একাডেমি, ২৫ মে ১৯৯৩, পৃ ২৬-২৭]
বাঙালি মুসলমানের একটা বিরাট দায় বাঙালি হবার। আরব-ভূখণ্ডের সাথে তার যে একটা সম্পর্ক আছে, এই বুঝি তা ফাঁস হয়ে পড়ে। এমন একটা শঙ্কা তাকে তাড়িয়ে বেড়ায় সর্বদাই। ভাব দেখলে মনে হয়, এটা যেন কেউ জানে না। ইতিহাসের কোন সন্ধিক্ষণে ইন্দো-ইরানীয় সভ্যতার আছর এসে পড়েছিল ভারতীয় জীবনে, তা নিয়ে দামোদর ধর্মানন্দ কোসম্বী যাই বলুক না কেন, বাঙালি হিন্দুর কোনো মাথাব্যথা নেই। কেননা ঐসব সংশ্রব-সংযোগ কবেই ছিন্ন হয়ে গেছে। নতুন করে তা ঘুচাবার প্রশ্ন ওঠে না।
বাংলাদেশের হিন্দু বিন্দুমাত্র উতলা নয় রাষ্ট্রসীমানার বাইরে কাশী-মথুরা-বৃন্দাবনে পাঠানো প্রেমপত্র লুকিয়ে ফেলতে। কিন্তু বাঙালি মুসলমানের কোশেশ বড়ই করুণ। তার মধ্যে গুমরে মরে স্যাটলার-সাইকোলজি বা অভিবাসী-মানসিকতা। কেননা তার ঠুঁটো আভিজাত্যবোধ তাকে দিয়ে একদিন একথা বলিয়ে নিয়েছিল, তাদের পূর্বপুরুষ এসেছে আফগান থেকে, বসরা থেকে, আরব শেখ ছিল তারা…ইত্যাদি। সে তখন ভুলে যেতে চেয়েছে, সে যে এদেশেরই কৃষকের সন্তান। এখন আমৃত্যু বাসনা তার ভূমিপুত্র হবার। আমি বলছি শিক্ষিত মধ্যবিত্তের কথা। যারা ঔপনিবেশিক বিদ্যায়তনের সিঁড়ি ভাঙতে ভাঙতে উৎপাদন-ব্যবস্থার থেকে উৎখাত হয়ে বুদ্ধিবৃত্তিক চর্চায় মুখ থুবড়ে পড়েছে। তারপর যারা সাংস্কৃতিক বলয়ে গিয়ে উঠে দাঁড়াতে চাইছে নতুনভাবে। তাদের কায়দাগুলি কেমন? খেয়াল করলে দেখা যায়, এরা প্রথমেই তৎপর হয় পরিচয়ের কিছু চিহ্ন খসিয়ে ফেলতে। যেমন নাম।
ধরা যাক, কারো নাম তসলিম আহমেদ। ডাক নাম বা নিক নেম সজীব। হঠাৎ দেখা গেল সে হয়ে গেছে 'সঞ্জীব পুরোহিত'। এই 'পুরোহিত' শব্দ নাজিলের হেতু কী? অনুমান করা দুরূহ নয়। কারো নাম ছিল মোহাম্মদ নোমান। রাতারাতি সে হয়ে উঠল 'স্বকৃত নোমান'। তেমনি আলতাফ শাহনেওয়াজ একদিন হয়ে যায় 'নির্লিপ্ত নয়ন'। এ.বি.এম সালাহউদ্দিনও কবে সহসা 'অনিন্দ্য আকাশ'। এমন অজস্র উদাহরণ দেয়া যাবে। আমাদের দেশের অধিকাংশ লেখকেরই এই অবস্থা। এটা একটা ট্রেন্ড হিশেবে দাঁড়িয়ে গেছে।
ঠিক একইভাবে, একই কারণে এদের জবান থেকে খসে পড়ে বাপ-দাদার বুলি, সেখানে ঢুকে পড়ে 'প্রমিত', সূচের মতো। বেরোয় ফাল হয়ে। এ কিন্তু গ্রামকে নগর দ্বারা প্রতিস্থাপন নয়। এ হলো আমাদের লোকায়ত জীবনাচারকে অপসারণ।
দুঃখজনক হলেও সত্য, আজও বাংলার অর্ধ-শিক্ষিত সেকুলার, বলা ভালো সিউডো-সেকুলার, এই মর্মে জ্ঞান দিতে চায়, কিভাবে আপনি সর্বজনীন লেখক হবেন। তাদের দাবি হলো, আপনার লেখায় কোনো ধর্মীয় অনুষঙ্গ মায় ধর্মীয় কোনো শব্দ থাকতে পারবে না। থাকলে আপনি গোষ্ঠীলেখক বা সাম্প্রদায়িক লেখক হয়ে যাবেন। ভাষাকে ধর্মীয় শব্দের 'আছর' থেকে মুক্ত করাই আপনার লেখকজীবনের, এমনকি জাতীয় জীবনের একমাত্র সংগ্রাম।
এদের সঙ্গে তর্ক করতে লজ্জাই লাগে। কৌতুকবোধও হয়। এরা মূলত আত্মগ্লানিদগ্ধ, ফলত বাংলাদেশের হীনম্মন্য উঠতি লেখক। খবর নিলে জানবেন, হয়তো এদের মধ্যে কেউ কেউ পাশ করেছে মাদ্রাসা থেকে। ইসলাম নিয়ে তাদের মনে আছে আন্তরিক লজ্জা ও ভীতি। আধুনিক হতে না পারার ব্যথা ও বেদনা। তাই কারো লেখায় আরবি-ফারসি শব্দ বা ধর্মীয় অনুষঙ্গ দেখলেই এরা ধার্মিকতার বাইরে আর কোনো অর্থ উৎপাদন করতে পারে না।
উনিশ শতকের শুরুতে কাঁচাপয়সাঅলা বাঙালদের বাবু হয়ে উঠবার জন্য যেমন রীতিমতো মদ-গেলা ও মাগিবাড়ি যাওয়াটা জাহির করতে হতো, এদের দশাও তেমনি।১ এদেরও মুখে নিষ্করুণ এক সর্বজনীনতার দোহাই ছাড়া আর কিছু নেই। আর তাদের সর্বজনীনতা মানে হলো, ধর্মীয় আলামত মুছে ফেলা। অর্থাৎ সমাজের একটা বিশেষ অংশের চিন্তা-মননকে বিকৃতভাবে উপস্থাপন।
অথচ, যেকোনো সংস্কারের মধ্যে সংস্কার ভেঙে পড়ার উপাদান লুকিয়ে থাকে। গোপন সেই ইশারাগুলি কুড়িয়ে নিয়ে তাকে নতুনরূপে বিন্যাস করা, তাতে নতুন তাৎপর্য সঞ্চার করা প্রকৃত লেখকের কাজ।
২
আরবি-ফারসি শব্দ প্রয়োগের ব্যাপারটা যেভাবে মুসলমানির চেষ্টা বলে বিবেচিত, আমার ধারণা ভারতের অন্য জায়গায়, কিংবা হিন্দি ভাষার ক্ষেত্রেও বিষয়টাকে এভাবে দেখা হয় না। তার মানে, আমাদের বাঙালিয়ানার মধ্যে বারো আনা প্রতিক্রিয়াশীলতা ঘাপটি মেরে বসে আছে। বাঙালি সেকুলাররা প্রকৃত প্রস্তাবে সাম্প্রদায়িক।
বাংলার জনগণের সঙ্গে নাফরমানি করে আরবি-ফারসি শব্দ ছেঁটে ও ঝেঁটে বিদায়পূর্বক তারা যে একটা ভাষা পয়দা করতে ইচ্ছুক, তাকে 'প্রমিত' নামে ভাষার ফপর-দালালি বলা যেতে পারে। যা আমাদের জন্য ফাঁপর বিশেষ।
বাংলার সেকুলারদের সেই এক বিশেষ প্রমিতের পক্ষে মরণকামড় দিয়ে পড়ে থাকার মনস্তত্ত্ব এখানেই। শিক্ষিত বাঙালি হিন্দুর ক্ষেত্রে এই প্রমিতপ্রীতির কারণ অবশ্য ভিন্ন। সে ভিন্ন কারণটাকে আমি বলছি আতঙ্ক। সেটা একটু ব্যাখ্যা করা দরকার।
নবাবি আমল পর্যন্ত, এই বাংলায় বহিরাগত মুসলমান যখন শাসনক্ষমতায় ছিল, আমরা দেখতে পাই, সাহিত্য-নিকুঞ্জে আরবি-ফারসি শব্দ ঢুকে পড়ছে মৌমাছি-গুঞ্জনের মতো। তারা কিন্তু নবারের কোনো ফরমান পেয়ে আসে নি। এসেছিল প্রজা-মনের মধুপর্ক সাজাতে। এর সাক্ষ্য দেবেন ভারতচন্দ্র। কিন্তু ব্রিটিশ পিরিয়ডে যখন হিন্দু-মুসলমান পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল, বুঝে নিতে চাইল নিজেদের হিস্যা, তখন উভয় পক্ষ থেকেই শুরু হলো বর্জনের সংস্কৃতি। ঐ মৌমাছি যেন আর মধুপ রইল না, হয়ে উঠল একেকটা হুলদ কীট।
আরবি-ফারসি শব্দ বাঙালি হিন্দুর কাছে ধরা দিল তার ঐতিহাসিক পরাজয়ের ভগ্নস্তূপে বিজাতীয় ঔদ্ধত্যের নিশানরূপে। উনিশ শতকে হিন্দু-জাতীয়তাবাদের উত্থান সে পরাজয়কে চিহ্নিত করেছিল বেশ দক্ষতার সাথে। তাই সৃষ্টি হলো এক অমোচনীয় ক্ষত তার ঔপনিবেশিক মর্মে। একই সঙ্গে ধর্মের গভীরে। পূজা-অর্চনা বা কৃত্য-সম্পাদনায় এ ভাষার প্রয়োগ যবনের গৃহে জলপানের মতো। অন্নপাপ যথা। প্রায় এমনই ফতোয়া মিলবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়-রচিত কলিকাতা কমলালয়-এ। ক্রমান্বয়ে এ পাপ প্রসারিত হলো সামাজিক ও রাজনৈতিক জীবনে গ্লানির আকারে। এই গ্লানি থেকে মুক্তির আকাঙ্ক্ষা, অতীতের কাল্পনিক বিশুদ্ধতার হাতছানি তাকে নিয়ে দাঁড় করাল বৈদিক যুগে।
পক্ষান্তরে, নতুনভাবে জেগে ওঠা সংস্কৃত-বাংলা ধর্মান্তরিত, ভাগ্যলাঞ্ছিত, শূদ্রমনা বাঙালি মুসলমানের কাছে হয়ে উঠল ব্রাহ্মণ্যবাদী নিপীড়নের শব্দচাবুক। তাই ফারসি-বাংলার এত উৎপাত, প্রাদুর্ভাব আমরা লক্ষ করি তাদের সংক্ষুব্ধ জঙ্গনামায়, পুথিকাব্যে।২
অস্বীকার করবার জো নেই, এসব শব্দের আতজবাজি দেখলেই পাকিস্তানবাদের দামামা বেজে ওঠে কারো কারো স্মৃতিতে। এবং তা অমূলক নয়। অবধারিতভাবেই সামনে চলে আসে ৪৭ এবং ৭১-এর পটভূমি। হিন্দুনিধন ও বিতাড়নের ইতিহাসের সাথে দুর্ভাগ্যজনকভাবে ইসলামকে জড়িয়ে ফেলেছে ঐ পাকিস্তানবাদই। কাজেই শব্দের আতসবাজির আড়ালে আজও মতাদর্শের বোমা হিশেবে খুব সহজেই ফুটে ওঠে কয়েকটি আইকন–হেফাজতের উত্থান, জঙ্গিবাদ ইত্যাদি। এদেশে সংখ্যালঘু নির্যাতনের সমান্তর কোণে ঐ ভাষিক চিহ্নব্যবস্থাকে আমরা পাঠ করি অবচেতনে। প্যারানয়েড সমাজমানসের বয়ান সর্বৈব সঠিক, আমি তা বলি না। কিন্তু এটাই এখন সবচেয়ে দাপুটে ব্যাখ্যা, সুফি-সালাফি টীকা-টিপ্পনি সমেত হাজির।
এ কারণে আপনি কখনো পাবেন না জাফর গাঙ্গুলি নামের কোনো হিন্দুকে। ভাবছেন, জাফর তো বাংলা শব্দ নয়। তাহলে রবিন ঘোষ বা যিশু সেনগুপ্তের বেলায় কী বলবেন? অর্থাৎ, বাংলা শব্দের পাশে ইংরেজি-ফরাসি-পর্তুগিজ বসাতে সমস্যা নেই, ঘোরতর আপত্তি শুধু আরবি-ফারসি শব্দের বেলায়।
৩
এবার একটু উল্টো কথা বলি। আমি আমার ছেলের নাম রেখেছি 'ব্রত'। গুরুসদয় দত্তের ব্রতচারী আন্দোলনের মেটোনিমি আকারে হয়তো তা লুকিয়ে ছিল কোথাও। খুব সচেতনভাবে তাকে যে রিকল করেছি তা নয়। কিন্তু কিছুতেই এটা মেনে নিতে পারছিল না আমার শ্বশুরকুল। এ নামের মধ্যে কেমন একটা হিন্দুয়ানি ব্যাপার রয়ে গেছে বলে তাদের বিশ্বাস। এমনিতেই আমার ব্যাপারে আগে থেকে সন্দেহ ছিল। এবার নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। বুঝলাম, একটা আধা-হিন্দু ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে তারা খানিকটা অনুতপ্ত। সে অনুতাপ লাঘব করতে খাঁটি 'মুসলমানি' একখানা নাম বের করতে হলো ব্রতর জন্য। অর্থাৎ এখনো, আরবি শব্দের নামই এদেশে মুসলমানির নোক্তা।
শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে পুরান ঢাকার বেচারাম দেউরীতে একদিন হঠাৎ চোখে পড়ল একটা দোকানের সাইনবোর্ড–'মক্কা মেটাল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড'। পড়তে গিয়ে একটু খটকা লাগল, 'মক্কা' কেন? ভাবতে শুরু করলাম, সেই পবিত্র নগরীতে কী কী ধাতুর খনিজ পাওয়া যায়। ভাবনা কিছুদূর এগুতেই মায়াবী পর্দা দুলে উঠল যেন। ভেসে এল দমকা হাওয়ার মতো এই শহরের কয়েকটা পাবলিক বাসের নাম–'জাবালে নূর', 'ছালছাবিল', 'মনজিল'। 'হেরা' নামের একটা গাইড বইও সম্ভবত একবার খুঁজে পেয়েছিলাম ফুটপাতে। বাড়ি ফিরে, আশ্চর্যজনকভাবে, ট্যাক্সিভাড়া দিতে গিয়ে টাকার গায়ে মসজিদের ছবি দেখে আমার জ্ঞানচক্ষু খুলে গেল।
অদ্ভুত এক প্রতীতি জন্মালো বটে : অর্থ লেনদেনে সবসময় দুটো পাল্লা পরস্পর ভারসাম্য রেখে চলে–পাপবোধ এবং পুণ্যবোধ। বুর্জোয়া রাষ্ট্রে কোনো ব্যবসাই চলে না এই দুই পাল্লা সমান না হলে। চ্যারেটির লন্ঠন না জ্বালিয়ে যেমন পেরুনো দুষ্কর লুণ্ঠনের ছায়া-পথ।
অনেক আগে, গুলশান মার্কেটের মালিক সমিতির সভাপতি, আমার বন্ধুর মামা, প্রথম যে-বার হজে যান, বলেছিলেন, 'হজ করে এসে ব্যবসাপাতি সব গুটায়া ফালামু। জীবনে বহুত ব্যবসা করছি।'
না, কিছুই গোটান নি তিনি। উত্তরা 'জমজম' টাওয়ারে এবার তার মদের দোকান পাওয়া গেলে আমি অবাক হব না। বরং সেটাই স্বাভাবিক।
কিন্তু কথা হলো, এ জীবন তো ব্যবসা নয়। তার চেয়ে বড় কথা, এতক্ষণ যা বললাম সে নিছকই টঙঘরের আড্ডা। সিরিয়াসলি নেওয়ার কিছু নাই।
টিপ্পনী:
১. দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে পূর্ববঙ্গের বাঙাল জমিদার রামধন রায়ও কলকাতায় পৌঁছে মদ গিলে ও 'মাগীবারী' গিয়ে বাবুদের পংক্তিতে উঠে আসতে পারে না। তার আক্ষেপ, 'পুঙ্গির বাই বাঙ্গাল বাঙ্গাল কর্যা মস্তক গুরাই দিচে–বাঙ্গাল কউশ ক্যান– অকাদ্য কইচি তবু ক্বলকত্বার মত হবার পারচি না? ক্বলকত্বার মত না র্কচি কি? মাগীবারী গেচি, মাগুরি চিকোন দুতি পরাইচি, গোরার বারীর বিস্কাট বক্কোন করচি, বাণ্ডিল খাইচি–এতো কর্যাও ক্বলকত্বার মত হবার পারলাম না…।' (সাজ্জাদ শরিফ, 'বাংলা কবিতার ছিন্নপথ')
২. আহমদ ছফা তার 'বাঙালি মুসলমানের মন' প্রবন্ধে এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন।
