বিজয়োৎসব: আনন্দ-বেদনার কাব্য
আমাদের উৎসবের আরও একটি দিন সমাগতপ্রায়; যে উৎসবে আমাদের পরম পুলক আর অনিন্দ্য আনন্দ; যে উৎসব আমাদের গভীর বেদনারও দিন। আসন্ন উৎসব আনন্দের, আনন্দের কারণ একটাই, কিন্তু বেদনার কারণ একাধিক। উৎসব আনন্দের; আনন্দের কারণ, এ দিনে আমরা বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম; বাংলা ভাষাভাষি মানুষের নিজস্ব ভূখ- চিহ্নিত করতে পেরেছিলাম, নিজস্ব পতাকা–নিজস্ব জাতীয় সঙ্গীত–নিজস্ব মানচিত্র শনাক্ত করতে পেরেছিলাম; স্বতন্ত্র-স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছিলাম। আনন্দ আমাদের সৌর্য-বীর্য, আমাদের আত্মত্যাগ এবং আনন্দ আমাদের ঐক্যের– বঙ্গবন্ধুর তর্জনীর মাথায় সাড়ে সাতকোটি বাঙালির অবিস্মরণীয় ঐক্যের; আর বেদনা? বিজয় দিবস মানে ত্রিশলক্ষ বাঙালি-স্বজনের রক্তনদীর দুঃসহ স্মৃতি, বেদনা ১৯৭১-এর ৯ মাস অবরুদ্ধ বাংলাদেশে নির্যাতন-নিপীড়ন-অগ্নিসংযোগ-ধর্ষণ-উৎকণ্ঠার মুহূর্তগুলো, বেদনা আমাদের মা-বোনের সম্ভ্রমহানীর; বেদনা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নির্বিচারে শিশু-নারীহত্যা–ধর্মীয় সংখ্যালঘু মানুষের জীবন-সম্পদ লুন্ঠণ, বেদনা প্রায় এককোটি বাঙালির উদ্বাস্তু হয়ে দেশান্তর হওয়া মানুষের জন্য–তাদের মানবেতর জীবনযাপনের জন্য; এবং বেদনা ১৯৭৫-এর রক্তাক্ত ক্ষতের জন্য। আসন্ন বিজয় দিবসে আরও এক গভীর বেদনা, যখন আমরা বিজয়ের অর্ধশতাব্দী অতিক্রমণের দ্বারপ্রান্তে তখনো আমরা লক্ষ করছি, ১৯৭১-এর ৭ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স মাঠে যে জগৎখ্যাত ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সে ভাষণে তিনি যা-কিছু বাণী উচ্চারণ করেছিলেন, তার অধিকাংশই আমরা সত্যে রূপান্তরিত করেছিলাম; কিন্তু 'স্বাধীনতা' শব্দটির পাশাপাশি 'মুক্তি'র আকাক্সক্ষা বঙ্গবন্ধু উচ্চারণ করেছিলেন, সে 'মুক্তি' আজও আমরা অর্জন করতে পারিনি।
মহান বিজয় দিবসের প্রত্যাশার কথা উচ্চারণ করতে গিয়ে তাই আমাদের বুক গভীর বেদনায় আচ্ছন্ন হয়ে যায়, যখন প্রতীয়মান হয় ত্রিশলক্ষ মানুষের বুকের রক্ত আর দুই লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর যে বিজয় আমরা অর্জন করলাম, সেই বিজয়কে আজ প্রশ্নবিদ্ধ করবার অপচেষ্টা চলে, সেই মহান মুক্তিযুদ্ধের চেতনা আজ কেবল বক্তৃতা-বিবৃতি আর কিতাবের বিষয় হয়ে ওঠে তখন বেদনা যুক্ত হয়। ১৯৭১-এ যে অঙ্গিকারে আমরা জীবন বাজী রেখে নিরস্ত্র হয়েও যুদ্ধে নামার সাহস দেখিয়েছিলাম; আমাদের সে সাহস যেনো আজ বিপন্ন, নতুন প্রজন্ম যেন সে সাহসের পরম্পরা বইতে অক্ষম; আমাদের নতুন প্রজন্মের চেতনায় যেনো স্পর্ধার সংকট! প্রতিদিন আমাদের ধর্মীয় কূপম-ুক শ্রেণীর সাথে সমোঝতা করতে বাধ্য হতে হয়; ৭১-এর পরাজিত শত্রুদেরকে ছাড় দিতে দিতে নিজেরাই যেন আজ কোনঠাসা হয়ে পড়েছি! এ দুঃসহ অবস্থার চেয়ে বেদনার কী থাকতে পারে? সে কারণেই বলি বিজয়োৎসব আনন্দ-বেদনার কাব্য।
১৯৭৫-এ আমরা আমাদের মহান সাহসী পিতাকে নৃসংশভাবে হত্যা করে যে কলঙ্কের জন্ম দিয়েছিলাম, সেই কলঙ্ক আজ বিস্তৃত হয়ে আমাদের সমস্ত সমাজদেহকে এবং পর্যায়ক্রমে আমাদের মগজ আর অন্তরকেও গ্রাস করতে চলেছে। যে গ্রাস প্রক্রিয়া বিস্তৃতির মাধ্যমে আমারদের তরুণ সমাজকে বিভ্রান্তির আবর্তে তলিয়ে ফেলতে চাইছে।
১৯৭১-এ বিজয় অর্জিত হবার পর থেকে এই ছিচল্লিশ বছরে আমাদের জীবনে যে কিছুই সাফল্য নেই তা কিন্তু নয়। আমার প্রযুক্তি ব্যবহারে বিশ্বমানে না হলেও সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছি, খাদ্যোৎপাদনে আমরা বিপুল সাফল্য লাভ করেছি, আমারা আমাদের প্রবৃদ্ধির চাকাকে সচল রাখতে সচেষ্ট থাকতে চেয়েছি, আমাদের সমাজে শিক্ষার হার আশাব্যাঞ্জক পর্যায়ে উন্নীত হয়েছে, আমাদের সমাজে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান, ক্রমবর্ধমান জ্বালানী চাহিদা মোকাবেলায় আমরা অনেকটাই সফলতা প্রদর্শন করতে পেরেছি; সঙ্গত কারণেই এসব কথা উচ্চারণ করে আমরা আজ আত্মপ্রসাদ লাভের পর্যায়ে আসতে পেরেছি হয়তো বা; তাই যদি সত্যি হয় তবে কেন অতীত বেদনার কথা ভেবে আহাজারি? আমি বলতে চাই বেদনাটি গভীর এবং সূক্ষ্ম; যদি আমরা জাতি হিসেবে উন্মূল হয়ে পড়ি, তাহলে আমাদের বাহ্যিক যা-কিছু চাকচিক্য সবই মেকি হয়ে যায়, অন্তসারশূন্য হয়ে যায়; বিশেষ করে তরুণ প্রজন্মের বন্ধুদের মধ্যে আমি দেখতে পাই, তাদের মেধা-মনীষা-মননে দীপ্তির কোনো খামতি নেই, আনুষ্ঠানিক দেশপ্রেমেও তাদের মধ্যে কোন ঊনতা দেখি না; কিন্তু চেতনার স্তর, বিশ্বাসের গভীরতা এবং প্রণয়নিবেদনে যেন এক ধরনের অস্থিরতা ক্রিয়াশীল; তাদের মনের এ অচলায়তন অমূলক নয়; আমরা প্রত্যক্ষ করেছি, ১৯৭৫-এ বঙ্গবন্ধু নিধনপর্ব শেষে মুক্তিযুদ্ধের পোশাক পরা নেতৃত্ব যোগসাজশ করছেন স্বাধীনতা বিরোধী চক্রের সাথে, উন্নয়নের কথা বলে উপর্যুপরী স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করা হয়েছে; টানা একুশ বছর ধরে চলেছে এসব দুঃস্কর্ম, চলেছে ইতিহাস বিকৃতির সূক্ষ্ম কার্যক্রম এবং এভাবেই জাতির বেশ ক'টি প্রজন্মের মগজ ধোলাই করা হয়েছে; সঙ্গত কারণেই নিজেদের সৌর্য-বীর্য নিয়ে আমাদের যা-কিছু গৌরব ছিলো সবই হয়েছে নতুন প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ। এভাবেই চেতনার স্তরে নেমেছে ধ্বস। আমাদের রাজনীতিক থেকে আমলা, উকিল-শিক্ষক-চিকিৎসক, শিক্ষিত মধ্যবিত্তের মননে দেশপ্রেম যেন সৌজন্যমাত্র; প্রত্যেকেই ব্যক্তি-পরিবার এবং গোষ্ঠীর ঋদ্ধি ও শ্রীবৃদ্ধিতে যতটা আগ্রহী, দেশের ঋদ্ধি ও শ্রীবৃদ্ধির জন্য যেন ততটা আগ্রহী তারা নয় এবং তাদের এ প্রবণতার ব্যাধি ছড়িয়ে পড়ছে তরুণ সমাজের চেতনায়।
কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হক-এর কবিতার কথা স্মরণ করি–
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়,
নূরলদীনের কথা মনে পড়ে যায়,
যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়,
যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়,
যখন আমারই দেশে এ আমারই দেহ থেকে রক্ত ঝরে যায়
ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়।
…………………………..
আসুন, আসুন তবে, আজ এই প্রশস্ত প্রান্তরে;
যখন স্মৃতির দুধ জ্যোৎস্না সাথে ঝরে পড়ে,
তখন কে থাকে ঘুমে ? কে থাকে ভেতরে
কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে
সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে।
নূরলদীনের কথা যেন সারা দেশে
পাহাড়ী ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়,
অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়
যে, আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,
আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়
দিবে ডাক, "জাগো, বাহে কোনঠে সবায়"?
(নূরলদীনের সারা জীবন ॥ সৈয়দ শামসুল হক)
জাতির প্রগতির চাকাকে ঘোরাতে একজন নূরলদীন প্রয়োজন, যিনি ডেকে বলবেন, 'জাগো বাহে কোনঠে সবাই?' আসুন আমরা একবার খোঁজ নিই কেমন আছে শামসুর রাহমানের সেই 'থুত্থুরে বুড়ি?' ঘরের দাওয়ায় যে মক্তির অপেক্ষায় বসে ছিলো? অবস্থাদৃষ্টে মনে হয় হুমায়ূন আজাদ যে আশঙ্কার কথা উচ্চারণ করেছিলেন তার কবিতাই তাই যেন প্রকট হয়ে উঠেছে আমাদের চোখের সমুখে–
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ পরিষদ;চ'লে যাবে অত্যন্ত উল্লাসে
চ'লে যাবে এই সমাজ সভ্যতা- সমস্ত দলিল–
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চ'লে গেছে নষ্টদের
অধিকারে। চ'লে যাবে শহর বন্দর গ্রাম ধানখেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
মন্দির মসজিদ গির্জা সিনেগগ নির্জন প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চ'লে গেছে, জনতাও যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আঁস্তাকুড়ে ছুঁড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।
………………………
কিশোরীরা চ'লে যাবে, আমাদের তীব্র প্রেমিকারা
ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা ক'রে চ'লে যাবে, নষ্টদের
উপপতœী হবে। এই সব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র
শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের ঠোঁট
গদ্যপদ্য আমার সমস্ত ছাত্রী মার্ক্স-লেনিন,
আর বাঙলার বনের মতো আমার শ্যামল কন্যা–
রাহুগ্রস্ত সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক–
আমি জানি তার সব নষ্টদের অধিকারে যাবে।
(সব কিছু নষ্টদের অধিকারে যাবে ॥ সব কিছু নষ্টদের অধিকারে যাবে)
১৯৭৭-এ প্রকাশিত কবি রফিক আজাদ তাঁর তৃতীয় কাব্য 'চুনিয়া আমার আর্কেডিয়া'র নাম কবিতায় তিনি যে বাংলাদেশের ছবি আঁকতে চেয়েছেন, যে একটি স্বপ্ন-গ্রামের ছবি আঁকতে চেয়েছেন; সে কবিতার গ্রামটিকেই খুঁজে পেতে চেয়েছিলেন বঙ্গবন্ধু বাঙালির মুক্তি অর্জনের মাধ্যমেÑ
চুনিয়া একটি গ্রাম, ছোট্ট কিন্তু ভেতরে-ভেতরে খুব শক্তিশালী
মারনাস্ত্রময় সভ্যতার বিরুদ্ধে দাঁড়াবে।
মধ্যরাতে চুনিয়া নীরব।
চুনিয়া তো ভালোবাসে শান্তস্নিগ্ধ পূর্ণিমার চাঁদ,
চুনিয়া প্রকৃত বৌদ্ধ-স্বভাবের নিরিবিলি সবুজ প্রকৃতি;
চুনিয়া যোজনব্যাপী মনোরম আদিবাসী ভূমি।
…………………………
চুনিয়া সবুজ খুব, শান্তিপ্রিয়–শান্তি ভালোবাসে,
কাঠুরের প্রতি তাই স্পষ্টতই তীব্র ঘৃণা হানে।
চুনিয়া চিৎকার খুব অপছন্দ করে
চুনিয়া গুলির শব্দ পছন্দ করে না !
………………………..
চুনিয়া নৈরাশ্যবাদী নয়, চুনিয়া তো মনে প্রাণে
নিশিদিন আশার পিদিম জ্বেলে রাখে।
চুনিয়া বিশ্বাস করে:
শেষাবধি মানুষেরা হিংসা-দেষ ভুলে
পরস্পর সৎপ্রতিবেশী হবে।
(চুনিয়া আমার অর্কেডিয়া ॥ চুনিয়া আমার অর্কেডিয়া)
পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধপ্রস্তুতিকালে কবির দৃপ্ত উচ্চারণÑ
রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া
আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয়
কণ্ঠনালীর খুনপিয়াসী ছুরি,
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে
কেউটে সাপের ঝাঁপি।
আমার হাতেই নিলাম আমার
নির্ভরতার চাবি;
তুমি আমার আকাশ থেকে
সরাও তোমার ছায়া
তুমি বাংলা ছাড়ো।
(বাংলা ছাড়ো ॥ সিকান্দর আবু জাফর)
১৯৭৫ পরবর্তী দুঃসময়ে দুঃশাসন যখন জাতিকে বিভ্রান্ত করে পাকিস্তানি মডেল বানাবার পায়তারা চলছে, তখনও কবির কলম উচ্চকিত হয়েছে–
বাতাসে লাশের গন্ধ ভাসে,
মাটিতে লেগে আছে রক্তের দাগ–
এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো,
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার।
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ-যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী
স্বাধীনতা–একি তবে নষ্ট জন্ম?
এ-কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল?
জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন,
বাতাসে লাশের গন্ধ–
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংশের তুফান।
মাটিতে রক্তের দাগ–
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়।
(বাতাসে লাশের গন্ধ ॥ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ)
বিজয়োৎসব সামনে এলে এইসব কবিতা যেন জীবন্ত হয়ে ওঠে। কিন্তু ত্রিশলক্ষ প্রাণের রক্তের ঋণ আর লক্ষ মা-বোনের আত্মত্যাগ যেন ধিক্বার দিয়ে বলে–
এ ধ্বসযজ্ঞ থেকে পরিত্রাণ চাই, পরিত্রাণ চাই কূপমন্ডুকতার অন্ধকার থেকে, পরিত্রাণ চাই পশ্চাদপদতার অভিশাপ থেকে। কিন্তু কোন মন্ত্রে আসবে পরিত্রাণ? সত্যি যদি আমরা পরিত্রাণের পথ খুঁজে পেতে চাই, তাহলে সে পথ খুঁজতে হবে মননে-মনীষায়, সে পথ খুঁজতে হবে চেতনার অচলায়তন ভেঙে; সে অচলায়তন ভাঙার মন্ত্র একটাই, সেটি হচ্ছে সাংস্কৃতিক সংস্কার, বিপ্লব ঘটাতে হবে আমাদের মস্তিস্কের রন্ধ্রে রন্ধ্রে। যদি সেটি করার সাহস আমাদের থাকে তাহলেই ১৯৭৫-এর পর আমরা যে সম্পদ হারিয়েছি অবহেলায়-বিভ্রান্তিতে সেখান থেকে পরিত্রাণ ঘটবে আমাদের; এবং দেদিনই আমাদের বিজয়োৎসব হয়ে উঠবে অর্থবহ। শেষ কথা হচ্ছে বাঙালির নতুন প্রজন্মকে মৃত্তিকাসংলগ্ন দেখতে চাই। বাঙালি প্রযুক্তিঋদ্ধ হোক–বাঙালি বিশ্ববাঙালি হোক কিন্তু বাঙালির শেকড় থাকুক বাংলার মাটিতে। জাতিসত্তার কবি অতিপ্রজ সব্যসাচী মুহম্মদ নূরুল হুদা ১৯৮১-তে প্রকাশিত তার পঞ্চম কাব্য 'আমরা তামাটে জাতি'তে যে কথা লিখেছিলেন–
'রোদ্দুরে নেয়েছি আর বৃষ্টিতে বেড়েছি
সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি
আমরা তামাটে জাতি, আমরা এসেছি।
.. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ..
কেউ কেউ তুণধারী, কেউ কেউ বেহালাবাদক
কারো হাতে একতারা কারো হাতে ধারালো ফলক
অনন্ত সময় জুড়ে জমিজমা জুড়ে
আমরা তো উৎসবে মেতেছি
আমরা তামাটে জাতি, আমরা এসেছি।'
(আমরা তামাটে জাতি ॥ আমরা তামাটে জাতি)
