২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলা ২০১৭: আলোকোজ্জ্বল একশ বইয়ের সন্ধানে…

আবদুর রাজ্জাক শিপন

Published : 27 Feb 2017, 07:28 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

Whenever you read a good book, somewhere in the world a door opens to allow in more light. –Vera Nazarian

ভালো বই পৃথিবীর যে কোথাও আলোকোজ্জ্বল একটি দরজা খুলে দেয় । একুশের বইমেলা ২০১৭ তে, ফেব্রুয়ারির ২৫ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৩ হাজারের অধিক ! ৩ হাজার বইয়ের সবগুলো নিশ্চয় ভালো বই নয় । ৩ হাজার বইয়ের ভেতর আছে আলোকোজ্জ্বল কিছু বই ! সে সংখ্যা কত হবে, ১০০ শ' ? ২০০ শ'? ৩ হাজার বইয়ের গাদা থেকে আলোকোজ্জ্বল সেই বইগুলোর সন্ধান কীভাবে পাওয়া সম্ভব ? পত্রিকাতে বিজ্ঞাপন দেখে ? রিভিউ পড়ে ? পাঠকের মুখে শুনে ? সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকা দেখে ?

বিদ্যমান নিবন্ধে উত্তরগুলো খুঁজবো । তার আগে, শুদ্ধতম কবিখ্যাত রূপসী বাংলার জীবনানন্দ দাশের দিকে খানিক মুখ ফেরানো যাক । আমাদের এই লেখাতে প্রাসঙ্গিকভাবেই ভদ্রলোক এসে হাজির হয়েছেন । মৃত্যুর পূর্বে তাঁর রচিত ছোটগল্প ১০৮ টি । ২১টি উপন্যাস । জীবদ্দশাতে তিনি এই লেখাগুলোর একটিও ছাপার অক্ষরে আলোর মুখ দেখান নি । কবি হিসেবে ততোদিনে তিনি বেশ আলোচিত হচ্ছিলেন যদিও। পাঠক কী একটু অবাক হচ্ছেন ? বর্তমান সময়ের যশঃপ্রার্থী লেখকের সঙ্গে মিলিয়ে ? কবির প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক, প্রকাশকাল ১৯২৭ । দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি, ১৯৩৬ । প্রথমটির সঙ্গে ব্যবধান ৯ বছর । ততোদিনে নিজের ভেতর নিজেকে কবি ঝালিয়েছেন, একটু একটু করে ঝালিয়ে নিয়েছেন । পরিপক্ক করেছেন নিজেকে । তারও ৬ বছর পর প্রকাশিত হয় তৃতীয় কাব্যগ্রন্থ 'বনলতা সেন' ! বাংলা কবিতা পাঠকমাত্রই বনলতাসেনের কথা জানেন ।

৩ হাজারের অধিক বইয়ের প্রকাশ-প্রকাশনা জগতের জন্য ভালো খবর । অনেকেই লেখালেখির সঙ্গে যুক্ত হচ্ছেন, লেখতে চাইছেন-এটা আনন্দের । সুযোগ আছে বলেই গ্রহণ করছেন অনেকে । এদের মধ্য থেকেই উঠে আসবেন অন্য কোন আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুল জহির । অথবা আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুল জহির বা হুমায়ূন আহমেদ এর মত করে না, তারা উঠে আসবেন নিজেদের মত করে । পাঠককে হাতে ধরে, ধরে নিয়ে যাবেন-কল্পজগতের বাঁকে বাঁকে । হাসি-কান্না, আনন্দ-আলোক, জোছনায় । তেমনভাবে উঠে আসার জমিন এই একুশের বইমেলা, প্রাণের মেলা । আমরা সৌভাগ্যবান, আমাদের এমন একটি জমিন রয়েছে । এই জমিন, এই ক্ষেত্র এমনি এমনি তৈরি হয় নি । এই জমিন তৈরি করেছেন-রফিক, সালাম, বরকত, শহীদ কিশোর ওহি ওল্লাহ ! ৫২'র ভাষা আন্দোলনে ২১ ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভঙ্গ করা মিছিলের প্রতিটি পা । প্রতিটি হাত । প্রতিটি রক্তবিন্দু ! এই জমিনটাকে আমাদের আরো একটু পরিচর্যা, যত্ন করা উচিত । উর্বর করা উচিত ! বছরের পর বছর বাংলা একাডেমি সেজন্য কাজ করছেও । কাজের কাজ কি হচ্ছে, তা আলোচনাসাপেক্ষ যদিও ! সংখ্যাধিক বইয়ের প্রকাশই কী আমাদের আত্মতুষ্টি ! প্রকাশিত বইয়ের সংখ্যাধিক্যে, দরোজা খুলে দেয়া আলোকোজ্জ্বল বইগুলোর প্রচার-প্রসার ব্যহত করছে নাতো ? সেদিকটা কী আমরা দেখছি ? আমাদের কী দেখা উচিত ?

বই প্রকাশ, যশ খ্যাতি অর্জনের সহজ পথ ভেবে যশঃপ্রার্থী লেখক ভুল করতে পারেন । পথটি সহজ না । অধ্যাবসায় ছাড়া, লেখার সহজাত গুণ ছাড়া এটি সম্ভব নয় । নিজের ভেতর নিজেকে ঝালাই করে করে, তবেই একজন লেখক সিদ্ধান্ত নেবেন, বই প্রকাশের জন্য এটিই তার উপযুক্ত সময় কিনা । লেখা প্রকাশের ক্ষেত্রে সেল্ফসেন্সরশীপটা তাই খুবই জরুরি । কোন লেখাটা ছাপার অক্ষরে যাবার যোগ্য, কোনটা না, এটা লেখককে বুঝতে হবে । নাইলে, বইমেলাতে আরো একটি বইয়ের সংখ্যাবৃদ্ধি ছাড়া, সেই বই পাঠকের কোন কাজেই আসবে না । 'তুমি খুব ভালো মেয়ে' বা 'এক লক্ষ লাইক' জাতীয় সস্তা নামের বইয়ের ভেতরের মসলা কেমন হতে পারে, তা বুঝবার জন্য বোদ্ধা হবার প্রয়োজন পড়ে না । এক শ্রেণীর হুজুগে পাঠক তবু কেনেন, পড়ে দিনশেষে ভুলেও যান বইটির কথা । আরেকটু উন্নত পাঠকের হাতে পড়লে, দুই পাতা পড়ে তারা বইটি রেখে দেন । তেমন লেখকরা আর্থিকভাবে লাভবানও হন । তবে, পাঠককে অখাদ্য গেলানোর চেষ্টার দায়টাও তাদের । ঘাড়ের মধ্যে এই দায়ভার নিয়ে দিনরাত পার করবার কষ্টটা তারা জানেন । নিশ্চয় জানেন । ইলিশ কাঁটার মত অস্বস্তি ঝুলে থাকে তাদের কন্ঠনালীতে । নিশ্চয় থাকে । এক হালির মত তথাকথিত প্রতিষ্ঠিত লেখক এইরকম ছাইপাশ পাঠককে গেলাচ্ছেন । প্রতি মেলাতে হালি হালি বই বের করছেন । সেইসব বইয়ের কথা কেউ মনে রাখছে না । আপনি তরুণ, আপনি তাদেরকে মানদণ্ড ধরে এই চমৎকার জমিনটিতে চাষাবাদ করতে না এলেই ভালো । মনে রাখতে হবে- তাদের শেষ, আপনার শুরু ।

৩ হাজারের অধিক বই বেরিয়েছে । নিঃসন্দেহে অনেক ভালো লেখা, ভালো বই এর মধ্যে রয়েছে । কিন্তু ৩ হাজার সংখ্যার নিচে চাপা পড়ে যাচ্ছে সেইসব ভালো বই । যদ্দুর পাঠকের কাছে পৌঁছে যাবার কথা, তা হচ্ছে না । পাঠক বঞ্চিত হচ্ছেন, চমৎকার কোন বই থেকে । লেখক বঞ্চিত হচ্ছেন, কাঙ্ক্ষিত পাঠক থেকে । লেখক হারিয়ে যাচ্ছেন, হতাশ হচ্ছেন…

যদি, আলোক দরজা খোলা সেই ১০০-২০০টি বই আলাদা করা যেত, পাঠক মনে-মননে তার প্রভাব হতো অতুলনীয় । কীভাবে আলাদা করা যাবে ? পাঠকের পক্ষে হাজার হাজার বইয়ের রিভিউতো পড়া সম্ভব না । চটকদার বিজ্ঞাপনে মজলেও, পাঠকের ঠকবার সম্ভাবনা থাকে বেশি ! অন্যের মুখে ঝোল খেয়ে পাঠকমনের তৃষ্ণা মিটবে কেন ? সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকা ধরে কিনতে গেলেতো, সেই 'এক লক্ষ লাইক' জাতীয় বই-ই কিনতে হবে ! পরিচিত পড়ুয়াদের মুখে শুনে না হয়, দু'চার দশটা কিনলেন, বাকিগুলো?

এই কাজটির খুব সহজ একটি সমাধান সম্ভব । বাংলা একাডেমি, বাংলা ভাষার উন্নয়নেই যারা কাজ করছেন বলে আমরা জানি, তাদের একটু সদিচ্ছা আমাদের নিস্তার দিতে পারে । প্রতি বছরের গাদা গাদা বই থেকে আমরা পেয়ে যেতে পারি, মণিমুক্তো সেইসব শ'খানেক বই । পাঠক-লেখক-প্রকাশক সেতুবন্ধনটাও আরো দৃঢ় আর কর্যকর হওয়া সম্ভব এভাবে । প্রকাশিত প্রতিটি বই একাডেমির যোগ্য একটি প্যানেল পড়বেন, তারা মতামত দেবেন । রেটিং দেবেন । সর্বোচ্চ রেটিং প্রাপ্ত বইগুলোর তালিকা প্রকাশ করবেন । সেরা আলোকবর্তিকা বইগুলো পাঠক পেয়ে যাবেন । পাঠকমনের আলোকোজ্জ্বল দরজাগুলো খুলতে থাকবে । বাংলা একাডেমির একটু সদিচ্ছায়, বাংলা সাহিত্য এবং পাঠকের বড় উপকার হয় । একাডেমির কর্তারা কী একটু সদয় নজর দেবেন, এদিকটায়?