মাটির দুনিয়া শুনতে কী পায়
ব্যালকনি জুড়ে দাঁড়িয়ে ছিলেন ওঁরা। শরীর জুড়ানো জানুয়ারির রোদে গায়ে পিঠে মাথায় শাল জড়িয়ে দাঁড়িয়েছিলেন। আমরা সবাই ঘাড় কাৎ করে উপরে তাকালাম, ওঁদের একজনের সাথে চোখাচোখি হয়ে গেলো। শরীরের প্রতিটা রোম নিমিষে সজাগ হলো আমার। নিজের অজান্তেই একটু কেঁপে উঠলাম, কিন্তু তিনি, সেই একজোড়া চোখের মালিক, দিব্যি হাসলেন, যেন কতদিন আমায় চেনেন। ব্যালকনির ঠিক নিচেই প্রতিষ্ঠানের নাম লেখা 'সিরাজগঞ্জ উত্তরণ মহিলা সংস্থা'। আমরা চলেই এলাম তাহলে। পায়ে পায়ে সিঁড়ি ভাঙ্গলাম – কুঁকড়ে যাচ্ছিলাম, সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে! ওঁরা ২১ জন বীরাঙ্গনা আমাদের অপেক্ষায় ছিলেন।
'বীরাঙ্গনা' শব্দটার সাথে এর সমস্ত অর্থ নিয়ে আমি যখন প্রথম পরিচিত হই তখন আমার বয়স ১৭। বাবার কাছে সেই এত্তোটুকুন বয়স থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে বড় হয়েছি। কীসব গল্প – জীবনের চাইতেও বিশাল সব গল্প! এইসব গল্পের মধ্যে কয়েকটা ঘটনা কখনও পিছ ছাড়ে না — ১৬ ডিসেম্বরের ভোররাত। যুদ্ধাহত একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসা হয় শরণার্থি শিবিরে, তুরায় । চেহারাটার মধ্যে জ্বলজ্বলে চোখদু'টা ছাড়া আর নাকি কিছু ছিলো না, যুদ্ধে একেবারে ছিঁড়েখুঁড়ে গেছে, প্রাণটা শুধু কোথাও আটকে আছে। সবাই বিড়বিড় করে দোয়া পড়ছিলো ওকে ঘিরে। এছাড়া আর কোনো দৈব জানা নাই। ছেলেটা কী স্বাধীন হবার খবর শুনে যেতে পারবে? স্বাধীন হবার বার্তা যখন এলো ছেলেটা তখন নিষ্প্রাণ হয়ে পড়েছিলো। কেউ একজন বললো 'ওকে খবরটা দেন, ওকে শান্তি দেন। শান্তি দেন'। আব্বা কানের কাছে মুখ নিয়ে বললেন, 'বাংলাদেশ স্বাধীন হয়েছে, শুনতে পাচ্ছো, আমরা এখন স্বাধীন'। ছেলেটা হঠাৎ নড়ে উঠলো, ঠোঁটের প্রান্তে একটা হাসি চিলিক মারতেই মাথাটা কাৎ হলো, হাসিটা কিন্তু ঠোঁটের কোণা ছুঁয়েই ছিলো। 'স্বাধীন দেশের মানুষ' এই আনন্দ বুকে নিয়ে ছেলেটা চলে গেলো। কতোবার যে এই গল্প আমার শোনা, তারপরও আশ মিটত না, বারবার শুনতে চাইতাম। – খুব কষ্ট হতো ছেলেটার জন্য, আবার কী ভীষণ ভালোও লাগত। অদ্ভুত! কতকিছু মনে হতো – ছেলেটা কী সত্যি হেসেছিলো নাকি ওটা আব্বার কল্পনা ছিল। … না না নিশ্চয়ই হেসেছিলো! কী নাম ছিলো ছেলেটার?
আর সেই আরেকটা ছবি — দেশ স্বাধীন হতেই রেইপ ক্যাম্পগুলি থেকে মেয়েদের উদ্ধার করা হচ্ছিলো, শয়ে শয়ে – হাজারে হাজার মেয়ে। ট্রাকে করে সেইসব মেয়েদের ঢাকার পথে নিয়ে যাওয়া হচ্ছিলো। আমার আব্বা আম্মা দেখেছিলেন সেরকম এক বহর ট্রাকভর্তি মেয়ে। সারি করা ট্রাক পানি পানের বিরতির জন্য থেমেছিলো। গায়ে গা ঠেকিয়ে ওঁরা ঠায় দাঁড়িয়েছিলেন। এক চুলও নড়ছিলেন না কেউ – চোখে প্রাণের লেশমাত্র ছিলো না, বোবা-মৃত চোখ। কোরবানীর গরুর মতো ঠাসাঠাসি এক পাল মেয়ে… 'বীরাঙ্গনা' শব্দটা উচ্চারিত হলেই সেই ছবি অবধারিতভাবে আমার সামনে এসে হাজির হয়। এর থেকে কোন পরিত্রাণ নাই।
যার সূত্র ধরে ওঁদের সন্ধান পাওয়া তার কথা এখানে না বললে অন্যায় হবে। আমার প্রাণের বন্ধু ইশরাত নিশাত, কীর্তিমান নাট্যজন – তিনি আমাকে বললেন, সিরাজগঞ্জ যাচ্ছি, তুই যাবি? আমি বললাম সিরাজগঞ্জে কী। তার কাছ থেকে বীরাঙ্গনাদের কথা শুনে যাবার জন্য আকুল হলাম। বলিষ্ঠ লেখক, বন্ধু শবনম নাদিয়া সাহায্যের হাত বাড়িয়ে আমাদের সঙ্গী হয়েছিলো।
আমি কোনো গবেষক না, সাংবাদিক না, আমি একজন অভিনয়শিল্পী, একজন ঔপন্যাসিক, গল্প লেখক মাত্র। আমার সত্য পর্যবেক্ষণের আলোয় অনুভূত সত্য। আমার দেখা দৃষ্টি ফাঁকি দেয়া বেদনা, আমার শ্রুতি শ্রবণ-বধির করা হাহাকার। আর সেই আমি জলজ্যান্ত সত্যের সামনে দাঁড়িয়ে, লুকানো বেদনা আর জমাট বাধা হাহাকারের সামনে দাঁড়িয়ে মাঝে উনচল্লিশ বছরের নিস্তব্ধতা।
যেখানে বিজয়ের মাত্র ছয়দিন পর নতুন দেশের নতুন সরকার পাকিস্তান দখলদার বাহিনীর হাতে যে সকল মহিলা ও বালিকা অকথ্য নির্যাতনের স্বীকার হন তাদেরকে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের বীরাঙ্গনা হিসাবে আখ্যায়িত করেন (এই তথ্যের জন্য আমি ডঃ নয়নিকা মুখার্জির কাছে ঋণী) – সেখানে, আমি ভেবে কুল পাই না, তারপর কী হল! তারপর জাতি হিসেবে আমরা কী করলাম। এখন তাঁরা বীরাঙ্গনা নামেই আর পরিচিত হতে চান না। মহান এবং গর্বের এই পরিচয়কে জাতি হিসাবে আমরা এমনই কলঙ্কিত কলুষিত করেছি, করতে দিয়েছি।
সেই আমরা ওঁদের মুখামুখি হলাম। ওঁরা দুই হাত বাড়িয়ে আমাদের বুকে টেনে নিলেন, দোয়া পড়ে কপালে ফুঁ দিলেন, মাথায়-পিঠে হাত বুলিয়ে দিলেন। আমরা সেই আদরে আশীর্বাদে এতোটুকু হয়ে গেলাম, ধূলিসম। অস্তিত্বের মূলে নাড়া খেলে যেমন দুনিয়া দুলে ওঠে তেমনি আমূল দুলে উঠলাম আমি। ওঁদের সামনে দাঁড়াবার আগে কতো কী ভেবেছিলাম – সামনে দাঁড়িয়ে সব ওলোট-পালোট হয়ে যায়। কল্পনার সাথে বাস্তবের এতোটা মিল, আবার এতোটাই অমিল আমাকে অভিভূত করে ফেলে।
আমরা একসাথে সবাই মেঝেতে গোল হয়ে বসে পড়লাম । আগে থেকে অনুমতি চেয়ে রেখেছিলাম যে ওঁদের সাক্ষাৎকার ফিল্মবদ্ধ করব। তখন কিন্তু বীরাঙ্গনাদের নিয়ে নাটক করবার কোন পরিকল্পনাই মাথায় ছিলো না। গল্পগুলি যাতে হারিয়ে না যায় সেই চিন্তা থেকেই মূলত ক্যামেরা নিয়ে যাওয়া। রাষ্ট্রীয়ভাবে আমাদের তো দলিল সংরক্ষণের তেমন কোনো বালাই নাই, '৭১ সংক্রান্ত কত তথ্য, কত ইতিহাস হাওয়া হয়ে গেছে কখনও নিজেরাই পুড়িয়ে ফেলেছি। মনের কোণে সেই ভীতিটা হয়তো কাজ করছিলো। আর আমরা তো বড়ই হয়েছি ইতিহাসকে বিকৃত হতে দেখে, নষ্ট হতে দেখে, মিথ্যার মোড়কে বারবার উপস্থাপিত হতে দেখে। সরকার বদলের সাথে সাথে ইতিহাস বদলের খেলা আজ অব্দি বহাল। আমরা, সেই '৭১ পরবর্তী প্রজন্ম, হচ্ছি সবচেয়ে দিশাহারা প্রজন্ম । স্কুলের পাঠ্য বইয়ে একটা যুদ্ধ হয়েছিলো পড়তাম বটে কিন্তু সেই যুদ্ধটা যে কার সাথে হয়েছিলো সেটা জানবার এখতিয়ার আমাদের ছিল না। বইয়ে উল্লেখ ছিলো 'হানাদার বাহিনীর' সাথে যুদ্ধ করেছিলাম আমরা — কিন্তু সেই অদৃশ্য হানাদার বাহিনী কী চন্দ্র থেকে আগত নাকি অন্য কোনো গ্রহ থেকে আবির্ভূত, সে সম্পর্কে আমাদের অন্ধ করে রাখা হয়েছিলো — পাকিস্তান আর্মি, রাজাকার তো মোটে ছিয়ানব্বই-এর পর থেকে আমরা বুক ফুলিয়ে নির্দ্বিধায় বলতে পারি। জাতির জনক শেখ মুজিবুর রহমানের নামটা পর্যন্ত উচ্চারিত হতে পারতো না কোথাও। পঁচাত্তর পরবর্তী বছরে আর্মি থেকে মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে বন্দি এবং হত্যা করা হচ্ছিলো। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হবার পর ঢাকায় আমাদেরই বাড়িতে আব্বার ঘনিষ্ঠ বন্ধু মুক্তিযোদ্ধা এক আর্মি মেজর ৩ মাস লুকিয়ে ছিলেন। আমরা সবাই ধরাও পড়ে গেছিলাম প্রায়। থাক সেই গল্প আরেক দিনের জন্য তোলা থাক। এইসব ভয়াবহ সময়ে আমার মস্ত বড় সহায় ছিলেন আমার বাবা। আমার ভিতরে মুক্তিযুদ্ধ সম্পর্কে এক প্রশ্নাতীত আবেগের জন্ম তিনিই দিয়েছেন। তিনি নিষিদ্ধ গল্পের মতন আমাদের ভাইবোনদের কানে কানে সেই আগুন ঝরা দিনগুলির কথা বলতেন, তাদের সময়ের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের কথা বলতেন, ভাগ্যিস বলতেন। আমি এমন কোনো রাষ্ট্রের কথা জানি না যেখানে স্বাধীনতার সপক্ষ এবং বিপক্ষ বলে দু'টা শক্তির অস্তিত্ব আছে। কিভাবে একটা স্বাধীনতাপ্রাপ্ত দেশের ভিতরে সেই দেশটার-ই হয়ে ওঠার বিপক্ষের শক্তি কার্যকর থাকে তা আমার বোধের অগম্য। কোথাও আমাদের ভুল হয়েছে, বিরাট কোনো ভুল – জাতি হিসাবে এখন তারই মাশুল আমরা দিচ্ছি।
ওঁদের দিকে তাকিয়ে এইসব চিন্তা মুহূর্তের জন্য মাথায় এলো। ওঁরা নিজেদের কথা বলছিলেন কখনও একেবারে আবেগ শূণ্য হয়ে কখনও তাজা ক্ষতে দুমড়ে মুঁচড়ে গিয়ে। আমরা শুনছিলাম – আমরা স্থির থাকতে পারছিলাম না, কেঁদে আকুল হচ্ছিলাম। রাজুবালা দিদি বললেন, 'মেয়েরা কষ্ট পাইতেছে গো…' এরপর বহুরাত্রি আমি জেগে কাটিয়েছি। আসবার সময় একজন আমার হাত ধরে বললেন, 'বইলা কোন ফল নাই মা, কিছুই হয় না'।
এই বাক্যই আমাকে তাড়া করে ফিরেছে। অবশেষে ওঁদের কাছে আবারও ফিরে এলাম ২০১৩ সালে। এরমধ্যে বীরাঙ্গনা বাহাতন মারা গেলেন। হঠাৎ মরিয়া হয়ে উঠলাম। মনে হলো, ওঁরা চলে যাচ্ছেন, সাথে করে ওঁদের গল্প ওঁদের কথাগুলি নিয়ে যাচ্ছেন। ওঁরা মুছে যাচ্ছেন, একসময় ওঁরা নিশ্চিহ্ন হয়ে যাবেন, ওঁদের কথা বলে আর কিছু থাকবে না। আমরা যে যেখানে আছি সেখান থেকেই তো ওঁদের কথা ছড়িয়ে দিতে পারি, ওঁদের প্রাণশক্তির ওমে নিজেদের আত্মা সেঁকে নিতে পারি। সেই ভাবনা থেকেই চারজনের গড়া নাটকের দল কমলা কালেক্টিভ নিয়ে আমার দেশে ফেরা। সাথে এলেন নির্দেশক ফিলিয ওযকান, ডিজাইনার ক্যাটলিন এ্যাবট এবং কমলা কালেক্টিভের এই প্রচেষ্টার সাথে আরও যোগ দিলেন বৃটিশ বাংলাদেশি ভিডিওগ্রাফার ফাহমিদা ইসলাম।
দ্বিতীয় দফায় ওঁদের সাথে দেখা হলো ২০১৩'র অগাস্টে। আমি, ফিলিয, ফাহমিদা আর ঢাকা থেকে নাট্যকার সামিনা লুৎফা এবং প্রডাকশন টিম সবাই এক মাইক্রোবাসে করে যাত্রা করলাম সিরাজগঞ্জের পথে। সে ছিলো এক মহাযাত্রা। সেই উপাখ্যান বয়ান করতে গেলে দিন ফুরিয়ে যাবে। শুধু এইটুকুই বলি আমরা রওয়ানা হয়েছিলাম সকাল সাড়ে ৭টায় আর অবশেষে সিরাজগঞ্জ পৌঁছেছিলাম মধ্য রাতে। যেখানে হেসে খেলে আমাদের দুপুর ১২টার মধ্যে পৌঁছে যাবার কথা সেখানে তারও ১২ ঘণ্টা পর আমরা পৌঁছুলাম। মোট ১৭ ঘণ্টা পর ঈদ-পরবর্তী-৭২-কিলমিটার জ্যাম পেরিয়ে আমরা সত্যিই যখন সেখানে পৌঁছুলাম তখন সকলেই মৃতপ্রায়। এর ঠিক আগের দিনই লন্ডন টিম ঢাকায় পৌঁছেছে। ভ্রমণজনিত ক্লান্তি, বীরাঙ্গনা আপারা সেই দুপুর ১২টা থেকে অপেক্ষা করছেন – সেই সঙ্কোচ, উৎকণ্ঠা আমাদের একেবারে ম্রিয়মাণ করে ফেলেছিল। অথচ যাবার পর আমাদের সব সঙ্কোচ উবে গেলো। সেন্টারের কর্ণধার শাফিনা আপাসহ অন্যান্যরা আমাদের হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। সেখানে ওঁরা বসেছিলেন – রাজুবালা দিদি, আসিয়া আপা, করিমন আপা, জুয়গুন আপা, সূর্য আপা। যে মায়ায় ওঁরা আমাদের কাছে এলেন, হাত ধরলেন, খাওয়ালেন, হাত পাখা দিয়ে বাতাস করবার জন্যে অস্থির হয়ে উঠলেন — আমরা শান্তি পেলাম। মায়ের আশ্রয় বুঝি এইরকম!
আমরা ফিরে এলাম, নাটক নির্মাণ শুরু হলো। সোহিনি আলম লন্ডন থেকে গেয়ে পাঠাচ্ছেন 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে…' নাসিরুল হক খোকন লাইটে কাজ করছেন – নাটকের আবহ সঙ্গীত নির্মাণ করছেন আহসান রেজা – ডোমিনিক গোমস, ফখরুজ্জামান নাটকের সার্বিক দেখাশোনায় খাটছেন। আক্কু চৌধুরি, সাদাফ সাজ সিদ্দিকা, আরেফ রহমান, সারা যাকের, আলী নাসের বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছেন এই প্রচেষ্টায়। এইরকম কত-কত মানুষের মিলিত সহযোগিতা আর ঐকান্তিকতায় বীরাঙ্গনা নাটকের প্রথম মঞ্চায়নের দিন ঘনিয়ে এলো। দিনটা ২৯ অগাস্ট, মঞ্চায়নের স্থান মুক্তিযুদ্ধ জাদুঘর । আমরা সবাই আবেগে অধীর হয়েছিলাম – আরেকটা বড় কারণ হল শাফিনা আপা বীরাঙ্গনা আপাদের নিয়ে সিরাজগঞ্জ থেকে রওয়ানা হয়েছেন। ওঁরা দর্শকদের সারিতে বসে নাটক দেখবেন। এই চিন্তার অন্তর্নিহিত অর্থ যখন বোধগম্য হলো ঠান্ডা একটা স্রোত শিরদাঁড়া বেয়ে নেমে এসে সারা অস্তিত্ব অবশ করে দিলো আমার। ঠিক করে বলতে পারবো তো ওঁদের গল্প – ভয়ে হাত-পা সেঁধিয়ে যাচ্ছিলো পেটের ভিতর। ওঁরা এলেন, প্রথম দুই সারিতে বসলেন। নাটক শুরু হলো – মঞ্চে উঠলাম, দেখব দেখব না করেও ওঁদের উপর ঠিক-ই চোখ পড়ে গেলো। নাটক চলছে, কতক্ষণ পরে জানি না, হঠাৎ-ই কান্না শুনতে পাই। এর কিছুক্ষণ পর কান্না আরও জোরালো হয়, ওঁদের মধ্যে একজন জ্ঞান হারালেন। মঞ্চ থেকে ঠাহর পেলাম না কে! জাদুঘরের স্বেচ্ছাসেবীরা তাঁকে ধরাধরি করে দর্শকদের আসন থেকে নিয়ে গেলো। অস্থির লাগলো মঞ্চের উপর – কী করবো! অভিনয় কী চালিয়ে যাব না কী বন্ধ করব! পরে জানতে পারি উনি ভেবেছিলেন যে সত্যি সত্যি বুঝি পাকিস্তান আর্মি এসেছে। ওঁকে শুশ্রূষা দিয়ে, পানি খাইয়ে হাসান আরিফ ভাই মনে করিয়ে দেন আমাদের কথা… 'লন্ডন থেকে মেয়েরা আসছে আপনাদের গল্প নিয়ে নাটক করতে সেই নাটক হচ্ছে। কোথাও পাকিস্তান আর্মি নাই। এখন দেশ স্বাধীন।'
এই ঘটনায় আমারা সবাই ভীষণভাবে ধাক্কা খাই। নিজেদের প্রশ্নে নিজেরাই ক্ষত-বিক্ষত হচ্ছিলাম – ওদেরকে কেন আনলাম, কিন্তু ওঁরা যে আসতে চাইলেন – ওঁদের গল্প নিয়ে আমরা কী করলাম তা না দেখিয়ে আমরা যাই কী করে! তবুও মন মানে না।
পরে তার উত্তর ওঁরাই দিয়েছিলেন – 'আমাদের কথা' তাই তো ওঁদের কথা ওঁদের দেখবার অধিকার-ই তো সবচেয়ে বেশি। তবুও ওঁদের সেই সেদিনের মুখ মনে পড়লে আমি জড়োসড়ো হয়ে যাই। নাটক শেষ হতেই ওঁদের কাছে গেলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। ওঁদের হাতগুলি মুঠির মধ্যে ধরে থাকলাম, কিন্তু ওঁরা মুখে চাইলেন না পর্যন্ত মাঝখানে যেন একটা দেয়াল তুলে দিয়েছেন। আমি ভাবলাম আমার উপর কী মন খারাপ করলেন ওঁরা – যে মানুষগুলি দেখামাত্র আদরে আহ্লাদে বুকে টেনে নেন আর আজ এমন ঠান্ডা মুখে বসে আছেন। ওঁদের গল্প কী ঠিক করে বলা হলো না! নাটকের অন্যান্যরাও ম্রিয়মাণ হয়ে ঘুরে বেড়াচ্ছে – কারও সাথেই ওঁরা স্বাভাবিক ছিলেন না। আমি অস্থির হয়ে শাফিনা আপার কাছে ছুটে গেলাম, শাফিনা আপা সান্ত্বনা দিয়ে বললেন, 'আরে না, ওঁরা ক্লান্ত, অনেকটা পথ এসেছে আবার যাবে আবার এই নাটক…'
ঘন্টা খানেক বাদে যাবার জন্য মাইক্রোবাসের সামনে এসে ওঁরা জড়ো হলেন। একে একে উঠে বসলেন বাসে। আমি অপরাধী মুখে পায়ে পায়ে ওঁদের সামনে গিয়ে দাঁড়ালাম। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা অনন্তকালের মতন মনে হয়। 'শুধু লন্ডনেই দেখাবা এই নাটক।' হঠাৎ প্রশ্নে চমকে উঠলাম, বললাম — না আছিয়া আপা, আপনাদের এই গল্প আরও অনেক শহরে নিয়ে যাব। 'দুইন্নার সব্বেরে দেখান' জয়গুণ আপা অস্ফুটে বললেন। রাজুবালা দিদি একটা কথাও বললেন না, মাইক্রোবাসের পিছনের সিটে বসে ছিলেন – সেখান থেকে শধু ডান হাতটা বাড়িয়ে দিলেন। আমি হাতটা ধরলাম। তারপর ওঁরা আমার দুই হাত দুই পাশ থেকে শক্ত করে ধরে থাকলেন। গাড়ি শব্দ করে স্টার্ট নিলো, অনেকটা পথ যেতে হবে, রাত বাজে সাড়ে দশটা।
