২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ক্লাব ও লুঙ্গি বিতর্কঢাকা ক্লাব ও বাংলাদেশে ঔপনিবেশিক ঘৃণা চর্চা

ফরিদা আখতার

Published : 09 Oct 2009, 12:55 AM

Updated : 03 Oct 2022, 04:54 PM

কিছুদিন আগে ঢাকার শাহবাগে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী রোডে অবস্থিত ঢাকা ক্লাবে ঢোকার সময় প্রতিষ্ঠানটির নিরাপত্তা রক্ষীদের বাধার সম্মুখীন হন কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। লুঙ্গি পরিহিত অবস্থায় ঢাকা ক্লাবে প্রবেশ করা যাবে না এমন আপত্তির মুখে তিনি এর প্রতিবাদ করেন। পরবর্তীতে ঘটনাটি বহুদূর গড়ায় এবং ক্লাবের উচ্চপদস্থ একজন কর্তার সঙ্গে ফরহাদ মজহারের বিতণ্ডার সৃষ্টি হয়। এখানে লেখক ও নারী আন্দোলন কর্মী ফরিদা আখতার ঘটনাটি কীভাবে ঘটেছিল তা বর্ণনা করেছেন। এ লেখায় তিনি ঢাকা ক্লাবের ব্যাপারে 'ঘৃণা চর্চা'র অভিযোগ উত্থাপন করেছেন। আর্টস-এ এ বিষয়ে আগ্রহীরা তাদের মতামত জানাতে পারেন। উল্লেখ্য ঢাকা ক্লাব নির্মিত হয় ১৯১১ সালের ১৯ আগস্ট। ঢাকার নওয়াব পরিবার ঢাকা ক্লাবকে ভূমি লিজ দিয়েছিল। বি. স.

ঢাকা ক্লাবের ঘটনা এখন নানাভাবে আলোচিত হচ্ছে। সেদিন ছিল ২রা অক্টোবর। সেই ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। ঢাকা ক্লাবে আমরা পারিবারিকভাবে আমন্ত্রিত হয়েছিলাম আমাদের ভাতিজি, কেয়া ফারহানার মেয়ে সাফায়রার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে। কেয়া যখন আমন্ত্রণ
—————————————————————–
ফরহাদ মজহার বাড়াবাড়ি করেছেন, ইচ্ছে করে ঘটনা ঘটিয়েছেন এমন কথা হচ্ছে কয়েকটি পত্রিকায় এবং ঘটনার কয়েকদিন পরে।… একটি স্বাধীন দেশে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যে-পোশাক পরে, যে-পোশাক আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, সেই পোশাক পরার ক্ষেত্রে বাধানিষেধ জারি রাখার বিধান বহাল রাখার ঔপনিবেশিক 'নিয়ম' বা ঔদ্ধত্য কোন প্রতিষ্ঠানের থাকতে পারে কি না। ব্যক্তি, ক্লাব, প্রাইভেট প্রপার্টি, সংগঠন, সমিতি যাই বলি না কেন তারা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বাইরে? সংবিধানের বিরোধী বা সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোন 'কোড', 'আইন', বা 'বিধান' বহাল রাখতে পারে কি কেউ?
—————————————————————-
জানাবার জন্যে ফোন করে, অনুষ্ঠানের স্থান ঢাকা ক্লাবের কথা শুনেই ফরহাদ মজহার বলেছিলেন 'ওখানে আয়োজন করেছিস? আমি তো লুঙ্গি পরে চলি…।' কেয়া শুনে মন খারাপ করেছিল। ভেবেছে কাকা বুঝি আসতে চাইছে না। তার স্বামী তখন তার কাকা যেন আসতে পারে তার জন্য নিজস্ব উদ্যোগ গ্রহণ করে। কাকা আসতে যেন কোন অসুবিধা না হয় সেই জন্য বিশেষ ভাবে বলা থাকবে রিসেপশনে, এই কথা জানানো হোল সেদিন বিকেল ৫টার দিকে। (কেয়ার স্বামীর চাচা আবু জাফর আজাদ সদস্য বলে জন্মদিনের ভেন্যু হিসেবে হল ব্যবহারের সুযোগটি পেয়েছে)। ফলে ভাতিজির মন রক্ষা করার জন্যে, তার মেয়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানোর জন্যই সেদিন ফরহাদ মজহারের ঢাকা ক্লাবে যাওয়া। কেয়ার মা নেই, তার দাদীর বিশেষ আদরের নাতনী কেয়া—তাকে কষ্ট দিতে চাননি তার কাকা ফরহাদ মজহার।

Image
fmazhar.jpg

……
ফরহাদ মজহার (জন্ম. নোয়াখালী, ১৯৪৮)
…….
অনুষ্ঠানটি ছিল রাত ৮টায়, ক্লাবের গেস্ট হাউজের নীচতলার হল রুমে। যেটা তারা বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে থাকে। আমরা গাড়ি নিয়ে ভেতরে ঢুকলাম। গাড়ি থেকে নামতেই ওদের সামনে পেলাম। রিসেপসনের সামনে দিয়ে বাঁ দিকে হল রুমের দিকে ঘুরতেই রিসেপসন কাউন্টারের একজন তরুণ বয়সের কর্মচারী বললেন, 'এক্সকিউজ মী, লুঙ্গি এখানে এলাউড নয়।' বলাটা এমন ছিল যে যদি আর এক কদম এগিয়ে যাওয়া হয় তাহলে তারা আটকাবে। সাথে সাথেই ফরহাদ মজহার ঘুরে রিসেপশন কাউন্টারের সামনে এসে দাঁড়ালেন।কেয়ারা ভীষণ অপ্রস্তুত ও বিব্রত হয়ে যার সাথে কথা বলে রেখেছিল তাকে ফোনে বার বার যোগাযোগ করা শুরু করলো। এরই মধ্যে আরও কিছু কর্মকর্তা আসলেন এবং তাঁদের যুক্তি এখানে লুঙ্গি পরে ঢুকতে পারবে না। তাদের হাতে একটি ফটোকপি করা কাগজ, সেখানে লুঙ্গি-ধুতি পরা যাবে না লেখা আছে বলেছে। যেনবা ধুতি পরা যাবে না, এটা শুনলে আমরা খুশি হবো। ধুতিও বাংলাদেশের গণমানুষের পোশাক। আমাদের প্রশ্ন, লুঙ্গি-ধুতি পরলে কেনই বা ঢোকা যাবে না?

যার সাথে যোগাযোগ করা হয়েছিল এবং যিনি বলেছিলেন ব্যবস্থা করবেন, তিনি আসার পরে তার সুরও অন্যরকম হতে শুরু করে। কথা রক্ষার চেয়েও নিয়ম রক্ষা করা তার জন্য তখন বেশি জরুরি হড়ে পড়ে। নিছক অনুকম্পাবশত ফরহাদ মজহারকে অনুষ্ঠানে যোগদানের অনুমতি দেওয়া যেতে পারে সেই ভাবটিই ফুটে উঠলো তাঁর মধ্যে, যা ছিল বরং আরও অপমানজনক।

ইতিমধ্যে অনুষ্ঠানের আরও মেহমান আসতে শুরু করেছে। প্রত্যেকেই ঢুকতে গিয়ে থমকে দাঁড়াচ্ছে, কী হোল? ঢাকা ক্লাবের কর্মচারীরা তাঁদের চাকরি রক্ষার ব্যাপারে অনড়। লুঙ্গি পরা কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এক পর্যায়ে আমি বললাম, 'বুঝলাম, আপনারা আপনাদের নিয়ম রক্ষা করছেন। তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু নিয়ম রক্ষারও তো ধরণ আছে। নিয়মের কথাটাও ভদ্রভাবে বলা যেতো। আর এই নিয়ম তো হয়েছে বৃটিশদের আমলে। এটা তো গোলামীর নিয়ম।' উত্তরে তারা বললো, 'হ্যাঁ, আমরা তো গোলাম।' আর কী বলবো! হঠাৎ মনে পড়ে গেল চট্টগ্রাম ক্লাবে বৃটিশদের পার্টিতেই স্বদেশী আন্দোলনের পক্ষ থেকে বৃটিশ শাসক এবং তাদের দোসরদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রীতিলতা নিজের জীবন দিয়েছিলেন। আজ আমাকে ২০০৯ সালে স্বাধীন বাংলাদেশের মাটিতে ঢাকা ক্লাবে এসে নিজ কানে শুনতে হোল 'আমরা তো গোলাম।' কাকতালীয়ভাবে সেদিনই ছিল মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকী এবং বিশ্ব অহিংস দিবস। কী অদ্ভুত প্রহসন!

ফরহাদ মজহার বললেন, লুঙ্গি এদেশের ১৫ কোটি মানুষের পোশাক। এই পোশাক পরে ঢুকতে পারবে না এটা কেমন আইন?' তিনি তাদের প্রশ্ন করলেন, 'এখানে মওলানা ভাসানী আসলে কী করতেন? উত্তর 'মওলানা ভাসানিকে ঢুকতে দেওয়া হোত না।' তখন শেখ মুজিবুর রহমান সম্পর্কে একই প্রশ্ন করা হলে তাঁরা জানালেন, 'আমরা ভেবে দেখতাম।' পরে জানানো হলো পায়জামা পাঞ্জাবির নিয়ম নাকি বদলানো হয়েছে। তখন প্রশ্ন উঠলো লুঙ্গির প্রতি অশ্রদ্ধাটা কেন? এই অশ্রদ্ধা ও ঘৃণা চর্চার কারণ বোঝাতে তাঁরা অক্ষম হলেন।

এভাবে একে একে কথা বাড়তে থাকে। ক্রমে বিষয়টি ব্যক্তি পর্যায় থেকে একটি জাতীয় ইস্যুতে পরিণত হতে লাগলো, কারণ ঢাকা ক্লাবের যতোই কর্মকর্তা আসছেন ততোই তাদের লুঙ্গির বিরুদ্ধে নিয়ম রক্ষার প্রতি আনুগত্য বাড়ছে এবং একটি অনুষ্ঠানে আসা অতিথির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন চরমে উঠতে শুরু করতে লাগলো। বাধ্য হয়ে ফরহাদ মজহার এক সাংবাদিক বন্ধুকে ফোনে জানালেন এই ঘটনা ঘটছে ঢাকা ক্লাবে। সাংবাদিকরাও একে অপরকে জানিয়ে চলে এলেন। ঢাকা ক্লাব কর্তৃপক্ষ এক পর্যায়ে গেটে নির্দেশ দিয়ে দিলো কোন সাংবাদিক/প্রেসের গাড়ি যেন ঢুকতে না দেওয়া হয়। খবর পেয়ে আমাদের কিছু বন্ধুরাও এসে হাজির হলো। শান্তিপূর্ণভাবেই সবাই দেখছিল ঘটনাগুলো।

সেদিন ছিল শুক্রবার। সম্ভবত ক্লাবে লোক কমই ছিল। ক্লাব কর্তৃপক্ষ সচিব মুজাহিদুল ইসলামকে খবর দিলেন। তিনি খুব দ্রুত সেখানে আসলেন। কিন্তু সমস্যা সমাধানের পরিবর্তে প্রথমে এসেই তিনি অশালীন ভাষায় ফরহাদ মজহারের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আঙুল নাড়িয়ে জানতে চাইলেন, 'বাসা কোথায়?' নাম-সাকিন জানার চেষ্টা বৈকি! ফরহাদ মজহার বললেন, 'আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশেই বাস করি।' এরপর মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন, "এখানে ঢাকা ক্লাবে অনেক নামী দামী সাংবাদিক আমাদের সদস্য। আমি তাদের নাম বলবো না। সাংবাদিক হতে হলে শিক্ষিত হতে হয়, আজকাল অনেকে গাড়িতে 'সাংবাদিক' লেখা লাগিয়ে সাংবাদিক হয়ে যান।" ইত্যাদি বহু অশোভন মন্তব্য তিনি ক্রমাগত করতে থাকেন।

তিনি আরও বললেন, আপনারা এখানে হল্লা করছেন। এটা একটা প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট স্পেস। ঠিক যেমন এ্যাপার্টমেন্টে নিজস্ব আইন থাকে ঠিক এখানেও আইন আছে। এটা রেস্ট্রিকটেড এলাকা। কাজেই তারা ইচ্ছা হলে ব্যবস্থা নিতে পারেন।

ফরহাদ মজহার বললেন, 'আমরা হল্লা করছি না। এবং নিশ্চিত থাকতে পারেন এখানে কোন প্রকার বিশৃঙ্খলা হবে না। যদি সত্যিই সেই আশঙ্কা করেন আপনি আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে পারেন। আমি স্বেচ্ছায় গ্রেপ্তার হয়ে গিয়ে এই জাতীয় প্রশ্নটারই মীমাংসা চাই যে এই ধরনের কলোনিয়াল বিধান সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে থাকতে পারে কি না। তাছাড়া আমার পরিচিত অনেকেই এই ক্লাবের সদস্য। অনেকে মুক্তিযোদ্ধা। আমি জানতে চাইছি কোন সভায় আপনাদের এই সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে কারা কারা উপস্থিত ছিলেন। সেখানে কাদের স্বাক্ষর আছে। এটা জানলে আমরা তাঁদের কাছেই আমাদের নালিশটুকু জানাবো।' ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারতো।

কিছুক্ষণ পর মুজাহিদুল ইসলামকে একজন পাশের রুমে ডেকে নিয়ে কিছু বলার পর তিনি জানতে পারলেন যে এই লুঙ্গিপরা ভদ্রলোক বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবি ফরহাদ মজহার। তখন তিনি বললেন, 'ঠিক আছে আজকে আপনার প্রতি 'ফেভার' করা হলো, আপনি ভেতরে যেতে পারেন।' বিষয়টি যে একজন 'বিশিষ্ট ব্যক্তি'-কে ফেভার করার বিষয় নয় হয়তো ক্লাব কর্তৃপক্ষ সেটা বোঝেন নি। এটা নীতিগত প্রশ্ন।

ফলে বিষয়টি এখন আর একজন 'বিশিষ্ঠ ব্যক্তি'কে ঢুকতে দেওয়া না দেওয়ার মধ্যে নেই। একজন 'বিশিষ্ট ব্যক্তি' বিশেষ সুবিধা নিয়ে লুঙ্গি পরে ঢাকা ক্লাবে ঢুকতে পারবেন কিন্তু এই পোশাক পরে বাংলাদেশের কোন সাধারণ মানুষ আসতে পারবে না, এই কলংক নিজেদের জীবনের খাতায় না রাখাই ভাল। তাই 'বিশেষ ফেভার' না নিয়ে আমরা ফিরে এলাম।

এই ঘটনাটি তুচ্ছ নয়। এর পেছনে সুস্পষ্ট বর্ণবাদী চিন্তা রয়েছে, সাধারণ মানুষের প্রতি ধনীদের ঘৃণার চর্চা রয়েছে, তা বারুদের মতো সেখানে জমে আছে। এখন পত্রিকার লেখালেখিতে জানতে পারছি এমন আরও নাকি অনেক ঘটনা ঘটেছে, যেমন লেখক হুমায়ূন আহমেদ স্যান্ডেল পরে ঢুকতে পারেননি, কিন্তু তাই বলে তিনি প্রতিবাদ না করে হেসেছেন। রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না ফতুয়া পরে ঢুকতে পারেননি, তাতে তিনি মাইন্ড করেন নি। কিন্তু ফরহাদ মজহার প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদকে অনেকেই অহেতুক বলছেন। কিন্তু অহেতুক হলে সামান্য প্রতিবাদ করাতেই ঘটনা এতোদূর গড়ালো কেন? বোঝাই যাচ্ছে, এতোদিন শুধু একটি ম্যাচের কাঠিরই অভাব ছিল।

ফরহাদ মজহার বাড়াবাড়ি করেছেন, ইচ্ছে করে ঘটনা ঘটিয়েছেন এমন কথা হচ্ছে কয়েকটি পত্রিকায় এবং ঘটনার কয়েকদিন পরে। ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সাদাত হোসেন সেলিম শেষ পর্যন্ত কোন যুক্তি খুঁজে না পেয়ে ফরহাদ মজহারকে 'মৌলবাদের ক্রীড়নক' হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে বেসামাল হয়ে উঠে পড়ে লেগে গেলেন। এবং ঢাকা ক্লাবে কারা কারা আছেন, তারা কত মুক্তমনা প্রমাণের জন্যে নামের তালিকা দিতেও শুরু করেছেন। যাদের নাম দিচ্ছেন তাঁরা এমন ঔপনিবেশিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার ও গণমানুষের বিরুদ্ধে ঘৃণা চর্চার সংস্কৃতির ধারক হয়ে কতখানি গর্বিত হচ্ছেন আমি বলতে পারবো না। সুদূর লন্ডন থেকেও ঘটনার আদ্যোপান্ত কিছু না জেনেও, কল্পনার জাল বুনে, কেউ কেউ এর মধ্যে তালেবানী গন্ধ পেয়ে গিয়েছেন। অবশ্য লন্ডনে বসে তাই পাবার কথা।

অথচ প্রশ্নটি সহজ। বাংলাদেশের নাগরিক হিসাবে নিজেদের মর্যাদা রক্ষার লড়াইয়ের সঙ্গে প্রশ্নটি জড়িত। সেটি হচ্ছে একটি স্বাধীন দেশে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যে-পোশাক পরে, যে-পোশাক আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, সেই পোশাক পরার ক্ষেত্রে বাধানিষেধ জারি রাখার বিধান বহাল রাখার ঔপনিবেশিক 'নিয়ম' বা ঔদ্ধত্য কোন প্রতিষ্ঠানের থাকতে পারে কি না। ব্যক্তি, ক্লাব, প্রাইভেট প্রপার্টি, সংগঠন, সমিতি যাই বলি না কেন তারা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বাইরে? সংবিধানের বিরোধী বা সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোন 'কোড', 'আইন', বা 'বিধান' বহাল রাখতে পারে কি কেউ? যাঁরা সংবিধান বিশেষজ্ঞ তাঁরা আশা করি আমাদের পরামর্শ দেবেন।

আমরা দেখি যে সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অংশের ৩২ অনুচ্ছেদ বলছে, 'আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না।' বাংলাদেশে কি এমন কোন আইন আছে যে ঢাকা ক্লাবে লুঙ্গি পরে যাওয়া যাবে না? কোন ক্লাব বা ব্যক্তিগত প্রতিষ্ঠান কি সংবিধান বা আইনের উর্র্ধ্বে? এমন কোন 'কোড' বানিয়ে তাকে 'আইন' বলে দাবি করতে কি তারা পারে যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক? কে কী পোশাক পরবেন সেটা 'ব্যক্তি স্বাধীনতা' রক্ষার ক্ষেত্রে সংবিধানে প্রদত্ত অধিকারের সঙ্গে সরাসরি যুক্ত। অন্যদিকে মৌলিক অধিকার অংশেরই অনুচ্ছেদ ৩৬ বলছে, 'জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ-সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোন স্থানে বসবাস, ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।' তাহলে প্রশ্ন হচ্ছে 'জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত' এমন কোন বাধানিষেধ বাংলাদেশে আছে কি না যাতে এই দেশের মানুষের পোশাক লুঙ্গি পরে কেউ 'সর্বত্র চলাফেরা' করতে পারবে না? লক্ষ্য করার বিষয় যে এখানে সুস্পষ্টভাবে 'সর্বত্র চলাফেরা' করার অধিকারের কথা বলা হয়েছে।' এই প্রশ্ন শুধু ঢাকা ক্লাব নয় আরও অন্যান্য জায়গার ক্ষেত্রেও প্রযোজ্য।

'ড্রেস কোড' একান্তই কলোনিয়াল সংস্কৃতি, ভাষাটাও ঔপনিবেশিক। যে কোন ক্লাব বা প্রতিষ্ঠানের নিজস্ব ড্রেস কোডের পক্ষে যাঁরা বলছেন তাঁরা যুক্তি দিতে পারছেন না কেন লুঙ্গি, ধুতি ইত্যাদি সাধারণ মানুষের পোশাকের প্রতি তাদের এতো তীব্র ঘৃণা? অথচ ঘৃণাটা খুবই স্পষ্ট। ঢাকা ক্লাব গর্বের সঙ্গে দাবি করছে শুধু লুঙ্গি নয়, ধুতিও নিষিদ্ধ। 'ড্রেস-কোডের নামে পরিষ্কারভাবে সাধারণ মানুষের পোশাকের প্রতি ঘৃণা চর্চা। দৈনিক আমাদের সময় পত্রিকায় ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট (৫ অক্টোবর, ২০০৯) সাদাত হোসেন সেলিম বলেছেন, 'দেশের ১৫ কোটি মানুষের মতো লুঙ্গি আমারও প্রিয় পোশাক। কিন্তু তা কেবল ঘরে পরার জন্যে। কোন বিবেচনায়ই তা কোন অনুষ্ঠান বা পস এলাকার পোশাক হতে পারে না।' অথচ তথাকথিত 'পস' এলাকায়ও ফরহাদ মজহার এই লুঙ্গি পরে গেছেন। সবসময়ই যাচ্ছেন। কোন অসুবিধা হয়নি। ভেবে দুঃখ লাগছে যে ধনী বা 'পস' এলাকার মানুষের স্বাধীনতাও নেই তাহলে। তারা বৃটিশদের কাপড় ছাড়া কিছু পরতে পারবে না। ঔপনিবেশিক বিধান না মেনে ঢাকা ক্লাবে প্রবেশও করতে পারবে না। তাদেরকে সাহেব হয়ে আসতে হবে! শুনেছি, কিছু সদস্য আইন পরিবর্তন করে পায়জামা পাঞ্জাবী পর্যন্ত নিতে পেরেছেন, তাহলে লুঙ্গি বা ধুতির সাথে বিরোধ কোথায়? যদিও ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট দাবি করেছেন তাঁরা শেখ মুজিবুর রহমানের কথা বিবেচনা করে বদলিয়েছেন, কথাটা যতোদূর জানি সত্যি নয়। কয়েকজন মুক্তিযোদ্ধা সদস্যের প্রতিবাদের মুখেই এই পরিবর্তন হয়েছে।

ইন্টারনেট ঘাঁটলেই আমরা দেখব 'পস' (Posh) কথাটির ইংরেজি অন্যান্য অর্থ হচ্ছে 'aristocrat', 'noble', 'superior', 'high-born', 'high-dress' ইত্যাদি। এর বাংলা হচ্ছে, অভিজাত, জমিদার বা রাজকীয় বংশোদ্ভূত, আমজনতার চেয়ে উচ্চশ্রেণী, উচ্চ পরিবারে জন্ম, দামি পোশাকাদি ইত্যাদি। এটা পরিষ্কার যে তিনি ঢাকা ক্লাবে যারা আসেন তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করতে চেয়েছেন। অতএব তাদের পোশাকও কেমন হবে তার 'ড্রেস কোড' সম্পর্কেও পরিষ্কার ভাবেই বলেছেন। আমাদের সংবিধান এখনও কি অভিজাততন্ত্র, জমিদারি, উচ্চবংশে জন্ম, দামি কাপড়চোপড় পরতে পারে এই শ্রেণীর উচ্চশ্রেণীর মানুষের জন্য বিশেষ কোন মর্যাদা রেখেছে? আমরা কি এখনও সামন্তযুগে বা রাজারাজড়ার যুগে বাস করছি? 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' অর্জন করতে আমাদের কত রক্ত বিসর্জন দিতে হয়েছে। আজ তো বাংলাদেশের সংস্কৃতি ও জাতীয় মর্যাদা রক্ষার জন্য যে মুক্তির সংগ্রাম তাকেই চরম ভাবে অপমান করা হলো। যাঁদের রক্তে আমরা এই দেশটি অর্জন করেছি সেই 'ছোটলোক'দের এই ক্লাবে প্রবেশ নিষিদ্ধ। ঢাকা ক্লাবের কর্মকর্তারা এই ক্লাবটির 'জন্মলগ্ন' নিয়ে গর্ব করছেন। কিন্তু সেটা তো ইংরেজের ঔরসে। আমাদের জন্ম সাল কি একাত্তর নয়? আমাদের জন্ম কি ইংরেজের ঔরসে? ঔপনিবেশিকতায়? রক্ত-বংশ-ধন-সম্পত্তির গরিমায়? যেন দয়া করে শেখ মুজিবুর রহমানের জন্য তাঁরা পায়জামা পাঞ্জাবি এলাউ শুরু করেছেন। এটা চরম ধৃষ্ঠতা। শেখ মুজিবুর রহমান জীবিত থাকলে এই ঔদ্ধত্যের জন্য এই ধরনের প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করে দিতেন বলেই আমার বিশ্বাস। প্রকাশ্যে ঔদ্ধত্যের সঙ্গে সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষকে অপমান করবার জন্য মওলানা ভাসানী কী করতেন সেটা আমরা আন্দাজ করতে পারি।

আজ সেই সব সাধারণ মানুষের কথা আমাদের স্মরণ করা উচিৎ যাদের চরম অপমান করে 'পস' ও 'প্রটেক্টেড' এলাকা বা ক্লাব হিসাবে ঢাকা ক্লাব টিকে থাকছে। শুধু তাই নয় নিজেদের 'পস' বা অভিজাত- উচ্চবংশ-রাজরাজড়া-ধনীদের ক্লাব হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ব করতে পারছে। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার অংশে অনুচ্ছেদ ৩৮ বলছে, 'জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।' প্রশ্ন হচ্ছে যে মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশানস বা সংঘ-স্মারকের অধীনে ঢাকা ক্লাবের কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে সেখানে কি তারা এই ধরনের 'ড্রেস কোড' রাখতে পারার বিধান রেখেছেন? এই ঔপনিবেশিক বিধান তাঁরা জারি রাখবেন সেটা কি তাঁরা রাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিয়ে করছেন, নাকি এটা তাদের নিজেদের 'কোড'? যদি অনুমতি নেওয়া হয়ে থাকে তাহলে সংবিধানের কোন্ নীতি বা বিধানের বলে এই ধরনের ক্লাবকে অনুমোদন দেওয়া হোল? সেটা সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা পরামর্শ চাইছি। অর্থাৎ আমরা বুঝতে চাইছি এই ধরনের ক্লাবে গণমানুষের বিরুদ্ধে ঘৃণাচর্চা বন্ধ করবার কোন আইনী বিহিত সম্ভব কিনা। যদি না হয় বোঝা যাবে এটা আমাদের রাজনৈতিক সমস্যা। গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার ক্ষেত্রে অসম্পূর্ণ কাজগুলো বাকি রাখবার কারণে এই আপদগুলো এখনো রয়ে গেছে। সেই ক্ষেত্রে মীমাংসা কীভাবে করতে হবে সেটা যাঁরা এই দেশকে স্বাধীন করেছেন, ভালবাসেন এবং যে দলেই থাকেন না কেন দেশ ও দশের মর্যাদা রক্ষার জন্য রাজনীতি করেন তাঁরাই ভাল বুঝবেন।

কথায় কথা বাড়ে। তাই ড্রেস কোডের প্রশ্ন থেকে ঢাকা ক্লাবের এইরকম গুরুত্বপূর্ণ এলাকায় 'প্রাইভেট প্রপার্টি'-র অধিকার নাগরিকরা বরদাশত করবে কিনা সেই প্রশ্ন উঠছে। বিশ্ববিদ্যালয়ের কাছে, একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের নাকের ডগায়, ধনী মানুষরা এসে সাধারণ মানুষের বিরুদ্ধে প্রকাশ্যে ঘৃণা চর্চা করবে ও ঘৃণা চর্চার সংস্কৃতি জারি রাখবে এমনটি কি হতে দেয়া যায়? মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই ছিল এই লুঙ্গিপরা কৃষক-শ্রমিক। ঢাকা ক্লাব নাকি কয়েকজন পঙ্গু মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিতে গিয়ে তাদের লুঙ্গি পরে প্রবেশ করতে দিয়েছে। যা নাকি ছিল নজিরবিহীন! তারা পঙ্গু ছিল বলেই কি? পঙ্গু না হয়ে যদি কোন মুক্তিযোদ্ধা লুঙ্গি পরে ঢাকা ক্লাবে প্রবেশ করতে চায় তাহলে তো তাকে তারা প্রবেশ করতে দিতেন না। একজন শ্রমিক, কৃষক বা একজন সাধারণ মানুষ যিনি 'পস' নন কিন্তু মুক্তিযোদ্ধা আজ যদি লুঙ্গি পরে আসতে চাইতেন তাহলে কি তিনি ঢুকতে পারতেন? পঙ্গু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার প্রশ্ন তুলে নিজেদের উদারতা প্রদর্শন করে মুক্তিযোদ্ধাদেরই কি অপমান করা হোল না? তাঁরা বলতে চাইছেন, দেখ তোমরা পঙ্গু মুক্তিযোদ্ধা বলেই বৃটিশদের সৃষ্ট আইন তোমাদের জন্যে একটু শিথিল করা হোল। আরও প্রশ্ন তোলা যায় এই পঙ্গু মুক্তিযোদ্ধারাই যদি সংবর্ধনা অনুষ্ঠান ছাড়া আবারো ঢাকা ক্লাবে লুঙ্গি পরে আসতে চান তাহলে তাঁদের কি ঢুকতে দেয়া হবে? রিসেপশনে যিনি থাকবেন তিনি কি বিষয়টি সম্পর্কে অবগত থাকবেন নাকি তারা চাকুরি রক্ষার্থে যতভাবে বাধা দেয়া যায়, তাই করবেন?

nayakrishi@siriusbb.com

Image
free counters

বন্ধুদের কাছে লেখাটি ইমেইল করতে নিচের tell a friend বাটন ক্লিক করুন: