জার্নাল: মার্চের অন্তিম, ২০০৮
শহীদুল জহির
বই দিয়েছিলেন সেই আশির দশকের প্রথম দিকে: জীবন ও রাজনৈতিক বাস্তবতা। ভদ্রলোকের সঙ্গে ভদ্রতা করে নিয়েছি। মুখে বলেছি, ধন্যবাদ। তখন তিনি, শহীদুল জহির, আমাদের প্রতিবেশী। বেইলি রোডের সরকারি দু-কক্ষের কোয়ার্টার্সে। আমরা থাকতাম তিনতলায়, চারতলায় থাকতেন তিনি একা। চারতলায় আগে থাকতেন হুমায়ুন কবির, শহীদুল জহিরের ব্যাচমেট ও বন্ধু। আমার ঘনিষ্ঠতা ছিল হুমায়ুনের সঙ্গে। সরকারি কর্মকর্তাদের মধ্যে হুমায়ুনের মতো ভদ্রলোক কম দেখেছি, ভদ্রমানুষ দ্বিতীয় দেখলাম শহীদুল হক (জহির)-এর মধ্যে। শহীদের সঙ্গে কথা বলেও খুব ভালো লাগত, তবে বুঝেছিলাম, একটু লাজুক তিনি। নিজের সম্পর্কে কথা বলতেন না বলে সাহিত্যের ব্যাপারে তিনি কতখানি আগ্রহী বুঝতে পারিনি তখন। সে কারণেই নিশ্চয়, বইটি হাতে নিয়ে বাসায় ফিরে রেখে দিয়েছি কোথাও, পড়া হয়নি। তারপর তো কত বই হারালো, কত বই হারালো। এখন জানি, সেটাও অদৃশ্য হয়ে গেছে। তবে দুটো বই তাঁর ভালোভাবেই আছে: ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প, আর মুখের দিকে দেখি। যে বছর ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প বেরল সে বছর বাংলা একাডেমী বইমেলায় আমি, শহীদুল জহির, ব্রাত্য রাইসু, রাকা আমরা একসঙ্গে কিছুক্ষণ হেঁটেছিলাম; সেসময় রাইসু শহীদকে জিজ্ঞেস করেছিলেন, ডুমুরখেকো একসঙ্গে হওয়া উচিত ছিল না? আমারও চোখে পড়ল ব্যাপারটি। 'ডুমুরখেকো' ছাপা হয়েছিল 'ডুমুর খেকো'। কী করবেন তিনি, প্রকাশকেরই অনবধানবশত হয়েছে নিশ্চয়। আমাকে দিলেন তিনি বইখানি। বাসায় এনে রেখে দিলাম যথারীতি। তারপর পড়া হলো অনেকদিনে। কিন্তু তাঁকে আর জানানো হয়নি বইটি সম্পর্কে মতামত। এখন তো মনে হচ্ছে কীরকম এক আত্মকেন্দ্রিকতা আমার সেদিন ছিল যে তাঁর বই হাতে নিয়ে খুশি হয়েছিলাম কারণ তিনি বলেছিলেন, আমার কবিতা তাঁর ভালো লাগে! প্রসঙ্গত, তখন, অথবা পরে একবার বলেছিলেন আমার দুটো কবিতার অনুবাদ করেছেন তিনি, ডেইলি স্টারে নাকি ছাপা হয়েছে। (কেউ যদি দেখে থাকেন সে লেখা তবে প্রকাশের আনুমানিক সময় জানালে আমি চেষ্টা করব খুঁজে পেতে)। কৌতূহল হয়েছিল দেখার। কিন্তু এত নিভৃতস্বভাবী, লাজুক তিনি তাঁকে এ নিয়ে আর বিরক্ত করিনি। তবে তাঁর বইগুলো পড়তেই হবে ভেবেছিলাম। বিয়ে করেননি, বন্ধুবান্ধব নেই, ধারণা হচ্ছিল সাহিত্যই নিশ্চয় তাঁর সবচেয়ে প্রিয় বিষয়। চাকরি বাদে বাকি সময় নিশ্চয় লেখালেখি করেই কাটান। বুঝতেও পারতাম তাঁর বই পড়তে গিয়ে যে দারুণ ক্ষমতা তাঁর বর্ণনার, নতুন একটা ভাষাও তৈরি হচ্ছে তাঁর হাতে; তাঁর লেখার আলোআঁধারির বিষয়টা যে আমার স্বভাবের সঙ্গে যায় কতখানি, আর লেখকদের বিশেষত তরুণ লেখকদের মধ্যে তাঁকে নিয়ে বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে যে সেটাও টের পাচ্ছিলাম। হাতের কাছে, বিছানার পাশে রেখেছি তাঁর অধিকাংশ বই আর ভেবেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিতে হবে, আয়েস করে শুয়ে তাঁর বই পড়লে চলবে না। তো, এভাবেই গেছে বহুদিন। অন্য ঘনিষ্ঠ/প্রিয় লেখকদেরও অনেক বই পড়া হয়নি বলে তাদের থেকে দূরে দূরে, আড়ালেই কেটে গেছে অনেক সময়। নিজের সাফাই গাইব না, গাইব না। তবে এটাও ঠিক যে এ এক নির্মম সংস্কৃতি মানুষের, এখানকারই নয় শুধু, পাশের দেশটিরও। আরও অনেক দেশেরও হবে হয়তো। অন্যের বই না পড়া, বা পড়লেও শুধু পাতা উল্টে যাওয়া। অপরের মুখ ম্লান করে দেওয়ার প্রবণতা।
কত কম জানি, কতই না কম জানি বিশেষত নিজের দেশের লেখকদের সম্পর্কে। আমার মতোই হত যদি অন্যরা, তা হলে আর আমার লেখাই হত না, কারণ কেউ না চাইলে তো আর লেখা যায় না। কাগজ থেকে যদি লেখা না চাওয়া হত তাহলে লেখা হতই না। অন্যরকম জীবন হত তখন।
গত প্রায় দশ বছর ধরেই অনেক উপকার করে চলেছিলেন তিনি আমার। একবার ছিলেন প্রধানমন্ত্রীর সচিবালয়ে। আমাদের দপ্তরের অনেকের চাকুরি স্থায়ী হতে অনেক দেরি হচ্ছিল। তাঁর সহযোগিতা না পেলে আরও যে কত দেরি হত আজ ভাবি। বাংলাদেশ সচিবালয়ে ঢোকা দরকার চাকরিশেষের পাওনা ওঠানোর ব্যবস্থা করতে। পাস দরকার। তিনি সচিবালয়ে বসেন না, বসেন শেরে বাংলা নগরে। সচিবালয়ে তাঁর অনেক বন্ধু বা ব্যাচমেট, আমারও একসময়ের বন্ধুপ্রতিমেরা ছিলেন। তবে বেশি কাছের মনে হয়েছে শহীদুল জহিরকেই। তিনি তাঁর কোনো বন্ধুকে বলে আমার পাসের ব্যবস্থা করেছেন, তারপর ফোন করে আমাকে জানিয়েছেন বন্ধু ও তাঁর মন্ত্রণালয়ের নাম, যদি কোনো অসুবিধা হয় তাঁকে যেন জানাই সে কথা বলতেও ভোলেননি। এরকম যতবার (সাত-আটবার তো হবেই) পাসের দরকার হয়েছে, একবার বাদে প্রত্যেকবারই তাঁর শরণাপন্ন হয়েছি।
তাঁর গ্রীন রোডের সরকারি এক রুমের অবিন্যস্ত বাসায় আমি ও রাকা গেছি দু-বার, বেইলি রোডের সরকারী বাসায়ও দুবার গেছি একা। স্বাস্থ্যবিধি মানতেন না যে তা জানতাম। আমি ও রাকা হাঁটতে যেতাম রমনা পার্কে। বেইলি রোডের বাসা থেকে রমনা পার্কে যাওয়ার সুবিধা কেউ নেন না এটা ভাবতে খারাপ লাগত। অযাচিত উপদেশ দিয়েছিলাম। হেসেছেন। শেষ আড্ডা হয়েছে তাঁর সঙ্গে ই আর ডি-তে, পরিকল্পনা কমিশনের এলাকায়, বছরখানেক আগে। বেশ কিছু সময় ধরে। এক ঘনিষ্ঠ আত্মীয়ের অসুস্থতা নিয়ে খানিকটা আচ্ছন্ন থাকলেও আমাদের সান্নিধ্যে অনেক সহজ ও ঊষ্ণ মনে হয়েছিল সেদিন তাঁকে, অনেক খোলামেলা। তাঁর সাহিত্যভাষা বিষয়ে সেদিন যা বলেছিলেন, অন্যত্র সাক্ষাৎকারেও তা বলেছেন।
তাঁর সম্পর্কে ২০০৪ সালে প্রথম আলোয় 'শহর ঢাকার কথকতা' নামের আমার এক কলামে যা বলেছিলাম তা এ জার্নালভুক্ত করে রাখার লোভ সংবরণ করা কঠিন হচ্ছে।
"শহীদুল জহিরের সঙ্গে খুব যে দেখাসাক্ষাৎ হয় তা নয়, কিন্তু যখন আমাদের দেখা হয় বা টেলিফোনে কথা হয় তখন আমার বিশ্বাস আমরা উভয়েই অনুভব করি যে আমরা পরস্পরের খুব কাছের লোক। কেন যে, তা তাঁর মতো একজন লেখক হতে পারলে হয়তো বলতে পারতাম। তাঁর লেখার আমি অনুরাগী। অথচ মুখ ফুটে জানাইনি কোনওদিন। জানালে তিনি খুশি হবেন কি না বুঝতে পারব না। এই যে এতটুকু লেখা হলো, জানলে তিনি অনুমোদন করতেন কি না সন্দেহ। দেখে ভালো লাগল এবারের একুশে মেলায় তাঁর একটি বই প্রকাশিত হয়েছে, অনেকদিন পর। খুশি লাগল, প্রথম আলোর ১০ সৃজনশীল বইয়ের একটি হিসাবে তাঁর ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প নির্বাচিত হয়েছে। আরও ভালো লাগল প্রিয় লেখক আনিসুল হক তাঁর বইটির একটি উপযুক্ত পরিচিতি দিয়েছেন দেখে। লিখেছেন আনিসুল হক: 'শহীদুল জহির সংলাপ রচনায় ওস্তাদির পরিচয় দিয়েছেন। এত ভালো সংলাপ, আঞ্চলিক ও উপভাষার এমন লাগসই ব্যবহার কমই চোখে পড়ে। আর তাঁর সংলাপের মধ্যে এমন উইট থাকে যে উইটের গুণে গল্পগুলো তার আপাত-গল্পহীনতা ও কখনো কখনো পারম্পর্যহীনতা সত্ত্বেও পড়তে আরম্ভ করলে আর ছাড়া যায় না।'
এ কথকের এখানে এটুকুই যোগ করার যে, গল্পকারের আপাত-গল্পহীনতা ও পারম্পর্যহীনতাই তার অধিকতর প্রিয়। কারণ জীবনে এ কথক গল্প পায় না খুঁজে, এবং পারম্পর্য।"
—●—
লেখার জন্য ততটা নয়, আরও আরও পড়ার জন্যই বেঁচে থাকতে খুব লোভ হয়। অনেক সময় নিয়ে নেয় দৈনিক কাগজগুলো। চার-পাঁচটা না পড়ে পারা যায় না। স্বভাবত, ইন্টারনেটে। দেশে ও বিদেশে যা ঘটছে তা প্রায় থ্রিলারেরই মতো। কত রকমের যড়যন্ত্র যে হচ্ছে দেশটিকে নিয়ে। আনু মুহাম্মদের বিশ্লেষণের তুলনা নেই। অনেকেই দেশপ্রেমিক, তবে তাঁর মতো দেশপ্রেমিক আর কজন আছেন বলতে পারব না। এত ঝুঁকি কে নিতে পেরেছেন আর? দেশটা চালাচ্ছে কারা আমাদের সকলেরই জানা দরকার। আর আবুল বারাকাতের সাহসী ভূমিকাও মনে আশা জাগিয়ে তোলে। আবদুল গাফফার চৌধুরী, নূরুল কবির, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এজেডএম আবদুল আলী এবং আরও কয়েকজন সাহসী কলামলেখকের লেখাও যে-কাগজেই দেখি পড়ে ফেলি, না হয়তো পরে পড়ার জন্য সংরক্ষণ করে রাখি।
—●—
আজ অনেকদিন পর দ্বিতীয়বার পড়ছিলাম শহীদুল জহিরের 'মনোজগতের কাঁটা'। কার জন্য, কাদের জন্য লিখতেন শহীদুল? এ তো জগৎ জুড়ে যে অসঙ্গতি তারই কথা। নিরর্থকতার কথাই বলতে গেলে। এটাও হতে পারে, ওটাও হতে পারে। 'হয়তো'। সাহিত্যস্রষ্টার নিশ্চিত করে কিছুই বলতে না পারার কথা। কেবল এভাবেই তো বিচারবুদ্ধি স্বচ্ছ ও নিরপেক্ষ হতে পারে। অচলায়তন থেকে বেরিয়ে আসা যেতে পারে। সাধারণ পাঠকেরা কি আর এসব লেখা নিতে পেরেছেন? পারেননি। পারলে কথা ছিল না। বিভাজন থাকত না, সাম্প্রদায়িক হত না লোকে। মেয়ে প্রেম করলে তার জন্য অনার কিলিঙের আয়োজন করা হত না। এই যে নিরর্থকতা, যা ইংরেজি অ্যাবসার্ডিটিরই সমার্থক, তাতো বাইরের কিছু নয়, জীবনের সঙ্গেই তা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে।
বলা হয়, তাঁর লেখার মধ্যে আছে জাদুবাস্তবতা, বলা হয়, তাঁর লেখায় আছে সাররিয়ালিয়াজিম। যা একজনের কাছে রিয়ালিজম, তা-ই আরেকজনের কাছে সাররিয়ালিজম। যা একজনের কাছে 'স্বাভাবিক' তা আরেকজনের কাছে 'অস্বাভাবিক', হয়ে যা হয়েছে তাকে বলা হয়েছে ম্যাজিক রিয়ালিজম। তাই কেউ যখন বলেন 'আমার লেখায় জাদুবাস্তবতা এনেছি', তখন হাসি পায়। যদি থাকে ভেতরে তবে আপনি আসবে, 'আনতে' হবে না তাকে। আমরা পাঠকরা বুঝব এবং হয়তো বলব, এ লেখকের মধ্যে এই প্রবণতাটি আছে। এই 'প্রবণতা' যে কত গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে চেয়ে তাওবাদের প্রসঙ্গে কাকুজো ওকাকুরা-র দ্য বুক অব টি নামের একটি বই থেকে কিছু অংশ উদ্ধৃত করতে পারি। অনুবাদ করেছেন সুদীপ্ত চক্রবর্তী। বাংলা অনুবাদে বইটির নামকরণ করেছেন তিনি 'চা-চরিত কথা'। উদ্ধৃতি :
'বলা হয়েছে আগেই যে, তাওবাদে আপেক্ষিকই হল নির্বিকল্প। নৈতিকতার ব্যাপারে তাওবাদীরা সমাজের অটল নীতির বিরোধিতা করেছে, কারণ তাদের মতে 'ঠিক' আর 'ভুল' শব্দদুটি অবস্থাসাপেক্ষ, আপেক্ষিকমাত্র। সংজ্ঞা মানেই সীমায়ন; 'স্থির' বা 'অপরিবর্তনীয়'র অর্থই হলো বৃদ্ধি-বিকাশের অপমৃত্যু। কাজুগেন বলেছেন–'বিজ্ঞেরা বিশ্বকে বদলান।'
'আমাদের ন্যায়নীতিবোধ আসে সমাজের পূর্বতন চাহিদা অনুযায়ী, কিন্তু সমাজ নিজেই কি স্থির থাকে কখনও? যৌথমতের আচারগুলি পালন করে চলার অর্থই হলো ব্যক্তিমানুষের নিজস্বতাকে সমষ্টির যূপকাঠে বারবার বলি দিয়ে চলা। প্রাতিষ্ঠানিক শিক্ষা এই বিশাল ধোঁকাটিকে জারি রাখার জন্যে এক বিশেষ ধরনের অ-জ্ঞানের প্রচার-প্রসার করতে থাকে। মানুষকে প্রকৃত গুণবান করার শিক্ষা দেওয়া হয় না, খালি শেখানো হয় কিছু আপাতসঠিক নিয়মবাঁধা আচরণবিধি। আমরা হয়ে উঠি মারাত্মকভাবে আত্মসচেতন, ফলত মহা ধড়িবাজ। আমরা বিবেককে বুঝ দিয়ে রাখি, কারণ অন্যদের সত্যটা বলতে ভয় পাই; আমরা অহঙ্কারে ফুলে থাকি, কারণ আমরা নিজেদেরও সত্যি বলতে ভয় পাই। কী করে দুনিয়ার ব্যাপারে গুরুগম্ভীর থাকা যায়, দুনিয়াটা নিজেই যখন এমন হাস্যকর উল্টাপাল্টা?…'
যখন আমরা বলি এটাও হতে পারে, ওটাও হতে পারে, বা, যখন বলি, এইখানে সরোজিনী শুয়ে আছে, জানি না সে এইখানে শুয়ে আছে কি না, তখন কি গুরুগম্ভীর থাকতে পারি আর, থেকে অমুকের মেয়েটা তমুকের প্রেমে পড়ে ক্ষণিকের আবেগে মিলিত হয়ে সন্তানসম্ভবা হয়ে পড়েছে বলে দিতে পারি তাকে গ্রামছাড়া করার বা একশো একটা দোররা মারার আদেশ?
অধিকাংশ লোকেরই মনে হয় জগৎব্যাপারে নেই সন্দেহ। যারা শহীদুল জহিরের লেখার মুগ্ধ পাঠক তাদের মনে সন্দেহ থাকার কথা। প্রশ্ন জাগার কথা মনে।
শহীদুল জহিরের মতো। এমনটাই মনে হতে থাকে আমার তাকে যতটুকু জেনেছি তা থেকে। অবশ্য কী জানি, আমার ধারণা ঠিক না-ও হতে পারে। ভিন্ন চিন্তার হয়েও কি একজনের লেখার ভক্ত পাঠক হওয়া যায় না? 'এটা ঠিক, ওটা নয়' ভেবেও কি 'হয়তো'-তে আসক্ত হওয়া যায় না?
