২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লেখকের ডান হাত, বাম হাত

আনিসুর রহমান

Published : 30 Oct 2016, 11:18 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

বুদ্ধদেব বসু তার কালের পুতুল প্রবন্ধগ্রন্থ যখন প্রকাশ করেন তখন সালটি ছিল ১৯৪৬। সেই সময়ে বাংলাদেশ এবং ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের শোষণ পীড়নে নাস্তানাবুদ। ব্রিটিশ সাহিত্য ইউরোপ জুড়ে তো বটে, দুনিয়ার অন্যান্য মহাদেশেও সুবিধাজনক অবস্থান দখল করেছে। সারা দুনিয়া লুটপাট করে ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনীতিও রমরমার চরম তুঙ্গে। এই সুবিধা ভোগে সাহিত্য ও সংস্কৃতির লোকজনদেরও পোয়াবারো। চিকিৎসক, প্রকৌশলী এবং আইনজীবীর মতো কেউ কেউ লেখালেখিকে পেশা হিসেবে নিয়ে অর্থ উপার্জনের একটা উপায় হিসেবে বেছে নিতে পারতো। এরকম একজন লেখক ছিলেন উইলিয়াম সমারসেট মম। সমারসেট ডাক্তারি পেশা ছেড়েছুড়ে লেখালেখিকে টাকা উপার্জনের উপযুক্ত মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। সেই সময় সমারসেট শুধু ব্রিটেনে নয় সারা ইউরোপে সবচেয়ে জনপ্রিয় লেখক এবং নাট্যকার ছিলেন। সেই সমারসেট প্রসঙ্গে লিখেছিলেন বুদ্ধদেব বসু তাঁর কালের পুতুল গ্রন্থের 'লেখালেখির ইশকুল' প্রবন্ধে। তাঁর এক বন্ধুকে উদ্বৃত করে বলেছেন সুখী জীবন হচ্ছে ধনী লোকের সুন্দরী স্ত্রী হওয়া, যার কোনো কিছুর অভাব নাই। রূপচর্চা করাই যার একমাত্র কাজ।
এবার ফিরে আসি অন্য প্রসঙ্গে। ব্রিটিশ সাম্রাজ্য আজ আর অবশিষ্ট নেই। চাপতে চাপতে এখন ক্ষীণতর থেকে ক্ষীণতম হয়ে এখন ইংল্যান্ড থেকে স্কটল্যান্ড ছেড়ে যায় যায় অবস্থা।

তাই বলে কি দেশে দেশে সাম্রাজ্যবাদ থেমে আছে, বা শেষ হয়ে গেছে? টিকে আছে হৃষ্টপোষ্টভাবেই। সাম্রাজ্যবাদ নতুন রূপে নতুন মোড়কে ঠিক ঠিক রয়ে গেছে। লুটপাটও তাই। যাকে বলা যায় দেশি বিদেশি কর্পোরেট লুটপাট।
এই লুপপাটের মাজেজায় কেউ কেউ ৩৬ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে নেমে মাত্র এক দশকে ৩৬ হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। আর এই মালিকপ্রবণ রমরমায় কর্পোরেট লুটপাটের সুবিধা ভোগী হয়ে উঠতে পারে হাল আমলে নানান দেশের জনপ্রিয় লেখকরাও। বিবেক, দেশপ্রেম, লাজলজ্জা গোল্লায় যেতে পারে এসব কারণে। এই বাস্তবতায় আহমদ ছফা তাঁর 'বাম হাত আমার' গল্পে এরকম একটি সত্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।
'বাম হাত আমার' গল্পে শিল্পপতি আনোয়ার আজিম তার অফিসের কেরানি মুবিনের লেখায় মুগ্ধ হন। আজিম সাহেবের লেখক হবার খায়েশ এক সময় ছিল। পেরে ওঠেননি। ব্যর্থ হয়েছেন। তাই এখন তিনি দারস্থ হয়েছেন মুবিনের। কারণ মুবিন এতো দরদ দিয়ে যদি তার এক গল্পে সামান্য বেতন ভোগী স্কুল মাস্টারের মহিমা এতো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে, তাহলে শিল্পপতি আজিম সাহেবের গুণকীর্তনও সে নিশ্চয়ই পারবে। তাই কেরানি মুবিনের পেছনে টাকা কড়ি ঢালা শুরু হলো। ভোগ বিলাসের ষোল আনা ব্যবস্থা করা হলো। কিন্তু মুবিনের কলম থেকে শিল্পপতি আজিম সম্পর্কে একটি লাইনও বের হলো না। একদিন নেশার ঘোরে মুবিন শিল্পপতি আজিমকে বলেই ফেললো তোমার একটি জীবন তার আবার জীবনী। নোংরামি, বদমায়েশি, শোষণের ডিপো, ওর নাম জীবন। ওতে কী আছে লেখার। আজিম সাহেব এই কথা মেনে নিলো না। গুন্ডা লাগিয়ে মুবিনের ডান হাত কেটে নিলো। তিন মাস পর মুবিন আবার ঘুরে দাঁড়ায়, লেখালেখিতে ফিরে আসে।
নিজের ছাপানো লেখা নিয়ে আনোয়ার আজিমের অফিস কক্ষে। আজিম সাহেব চমকে যায়। সে প্রশ্ন করে আবার লিখ তুমি? মুবিনের জবাব হ্যাঁ, এবার বাম হাত দিয়ে লিখেছি তোমার জীবনের ভণ্ডামির কথা, অসারতার কথা। আর লিখেছি বাম হাত দিয়ে ডান হাত হারানোর কাহিনী।
আনোয়ার আজিম এবার মুবিনের বাম হাতও কেটে নেবার হুমকি দেয়। মুবিন বসের মুখের উপর বলে দেয়, চার হাজার টাকার বিনিময়ে ডান হাত বিসর্জন দিয়েছি, কিন্তু বাম হাত আমার। আমাদের সামনে অন্য চিত্রও আছে।
২০১০ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তিনজন কবিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরা হলেন মহাদেব সাহা, নির্মলেন্দ গুণ এবং মুহাম্মদ সামাদ। তাদেরকে যথারীতি ব্যবসায়ী শ্রেণীর টিকেট দেয়া হয়েছিল। তারা বিনয়ের সাথে সেই দামী টিকেট ফেরৎ দিয়ে কম দামের অর্থনীতি শ্রেণীর টিকেট দেবার জন্যে অনুরোধ করেছিলেন। শেষতক তারা কম দামী টিকেটে ন্যুইয়র্ক যাত্রা করেছিলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে।
আমাদের কর্পোরেট মগজধোলাই একজন লেখককে কোন পর্যায়ে নিতে পারে তা আহমদ ছফার 'বাম হাত আমার' গল্পে চিত্রিত হলেও আমাদের চার পাশের চিত্রটা আসলে কেমন?
একটা ঘটনা বলি, ২০১৩ সাল থেকে বাংলাদেশের জাতীয় কবিতা পরিষদের সাথে স্ক্যান্ডিনেভিয় অঞ্চলে সাহিত্য যোগাযোগ শুরু হয়। তাঁর অংশ হিসেবে গোথেনবার্গ গ্রন্থমেলা কর্তৃপক্ষ বরীন্দ্রনাথের নোবেল পুরস্কারের শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশের পাঁচজন কবিকে আমন্ত্রণ জানায়। তার ধারাবাহিকতায় এ বছর কথাসাহিত্য এবং অনুবাদকে অগ্রাধিকার দিয়ে স্ক্যান্ডিনেভিয়ার বেশ কয়েকটি দফতর বাংলাদেশের ছয়জন লেখক অনুবাদক এবং প্রকাশককে আমন্ত্রণ জানায় যারা গোথেনবার্গ গ্রন্থমেলায়ও আমন্ত্রিত। এর মধ্যে দেশের জনপ্রিয় লেখক যিনি আবার একটি বৃহৎ কর্পোরেটগোষ্ঠী পরিচালিত একটি পত্রিকার সম্পাদক। যে পত্রিকায় যুদ্ধাপরাধী মীর কাশেম আলীকে যুদ্ধাপরাধী না বলে ধনকুবের বলে শিরোনাম করে বিতর্কের জন্ম দিয়েছে। সেই পত্রিকার সম্পাদক এবং আমাদের জনপ্রিয় কথাশিল্পী নরওয়ে থেকে পাঠানো ইকোনমি ক্লাশের টিকেটে ভ্রমণ না করে কর্পোরেটগোষ্ঠীর টাকায় বিজনেস ক্লাশের টিকেট ভ্রমণ করলেন। আর আয়োজকদের ফোন করে জানালেন তিনি বিজনেস ক্লাশ ছাড়া ভ্রমণ করেন না। তার অফিস তাকে টিকেট দিয়েছে। এই যে আয়োজকদের পাঠানো একটা টিকেট অপচয় হলো, এতগুলো টাকা নষ্ট হলো, এইটা যে লেখককে এবং একজন মানুষের বিকেককে নাড়া না দেয় সেই লেখক যত বড় লেখকই হোক, তাতে মানুষ হিসেবে নিম্ন বিবেচনা বোধের পরিচয় বহন করে। এই ঘটনা কেন যেন বার বার আমাকে আহমদ ছফার 'বাম হাত আমার' গল্পের কাছে ফিরিয়ে নিয়ে যায়।
ভাগ্য তাঁর সুপ্রসন্ন বটে। আহমদ ছফা তাঁর গল্পে চোখে আঙুল দিয়ে একজন লেখকের সততার চিত্র এঁকে গেছেন। সত্যের পক্ষে লেখকের অবস্থানের জয় দেখিয়ে গেছেন। যে সমাজে, যে দেশে লেখকের ডান হাত নষ্ট হবার পর বাম হাতটিও বিক্রি হয়ে যায়, তাহলে সে সমাজে সত্য থাকে কি করে?