আমারে তুমি অশেষ করেছ
আমার হাত ছোট হয়ে আসছে। পাগুলো গুটিয়ে যাচ্ছে। বুকের ভেতর দু ব্যাটারীর এক ইলেট্রিক ফ্যান ঘুরছে । ভনভন। ভনভন। উড়ে যাচ্ছি সময়ের উলটো দিকে। অতীতে। চুয়াত্তরের দুর্ভিক্ষ কবলিত একটি দুপুর। আমি দাঁড়িয়ে আছি অহিকাকুদের পোড়া বাড়ির উঠোনে। আমার প্যান্টের পকেটে দুটো দশ পয়সার কয়েন। একটি চেয়ে পাওয়া। অন্যটি মার বালিশের নীচ থেকে চুরি করেছি। আরও বন্ধুরা আসবে। ওদের কাছেও দশ পাঁচ পয়সা আছে । কেউ হয়ত কিছুই আনতে পারবে না সেদিন। একটু পরেই আমরা চলে যাবো অনেক দূর। নদীর ধারে জেলেরা মাছ ধরে। আমাদের পয়সাগুলো ওদের দিলে ওরা বড় কোন মাছ কেটে ধুয়ে পরিস্কার করে নুন হলুদ মাখিয়ে দেয়। আমরা বন ফায়ার করি।
বন্ধুদের জন্যে অপেক্ষা করছি আর গ্রাম থেকে আসা হ্যাংলা, প্যাংলা গরীব না খেয়ে থাকা মানুষদের কচু ঘেঁচু কাঁটানটে, কাঁথাঝুলি শাক তোলা দেখছি। ওদের ঘর নাই, ভাল জামা নাই, রাস্তায় ঘুমোয়। চুলগুলো তেলছাড়া হলদে লাল। কেউ কেউ বিশেষ করে মহিলারা ভিক্ষে করে। কি সে করুণ সুর। কান্না পায়। অথচ দুরদুর করে তাড়িয়ে দেয় সবাই। ভিখেরি চোর বলে গালি দিয়ে গেট আটকে রাখে। আমি মার সাথে ঝগড়া করি, ভাত আছে। তাও দাওনি। দেখো আল্লাহ তোমাকে পাপ দিবে।
যখন বৃষ্টি আসে ওরা কোন দোকানের বারান্দায় জবুথুবু হয়ে বসে থাকে। তবু পৃথিবীর সবচে সুখি মানুষ বলে ওদের মনে হয়। পড়াশুনা নেই। সকাল বিকেল হাতমুখ ধোওয়া নেই। ছুটির দিন কাপড়ের কেডস ধুয়ে শুকিয়ে তাতে চক্ ঘষা নেই। কাঁধে ঝোলা আর হাতে একটা বাঁকানো লোহা নিয়ে ওরা ঘুরে বেড়ায় । কোথাও কচুবন, ওলের ঝোপ দেখলে অই বাঁকানো লোহা মাটির ভেতর সাবধানে গেঁথে কচু বা ওল তুলে আনে। সারাদিন বাজার টুকায়। আর সেগুলো কুটেবেছে ইঁটের উনোনে তরকারী আর আটার ডুটি বানিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে । আর আমি তখন মুখস্থ করি, দেয়ার আর সিক্স সীজন ইন বাংলাদেশ। সীজন ! সীজন হচ্ছে এস ই এ এস ও এন, মা ওমা জ কেন বলব, জ তো নেই ।
মা তখন প্লেটে রুটি আর নিজেদের বাগানের লাউ কুমড়োর তরকারী সাজাচ্ছে টেবিলে। মুখ গম্ভীর। অই তরকারীকে আমরা বলি, ঘ্যাট। ইয়াক বলতে গিয়ে সটকে সরে যাই। মা রুটি খেতে পারে না বলে কিছু ভাত তুলে রেখেছিল। আমি তার অর্ধেক দিয়ে দিয়েছি এক ভিখেরি মাকে।
একবেলা খেয়ে যে দিব্যি বাঁচা যায় তা ডায়েটিং করতে গিয়ে বুঝেছি। বাপিও একবেলা ভাত খেতেন। খুব সামান্য। দুবেলা মুড়ি বা চিড়ে, দু চামচ দুধ বা মধু, ছোট একটি কলা। আমরা অনবরত খেতাম। বরাদ্দ শেষ হলে, চেয়ে নিতাম। সেটি শেষ হলে চুরি করে খেতাম।
আকাশভাই গ্রুপ ক্লাশ নিতেন ইউনিভার্সিটিতে । আমরা মূল্যতত্ব পড়তে গিয়ে ঘেমে নেয়ে একাকার । উদ্বৃত্ত শ্রম, উদ্বৃত্ত মূল্য উদ্বৃত্ত লাভ। এ কে রে ভাই। এমন চোখ কেন কার্ল মার্কসের। একটি জিন্সের প্যান্টের কাপড়ের মূল্য, বানানোর মূল্য, মেশিনপত্তরের মূল্য, শ্রমিকের বেতন, বাজার মূল্য, মালিকের সাধারণ লাভ, গোপন লাভ—- বুঝলাম অই যে বরাদ্দ এবং স্বচ্ছতার বাইরে চুরি করে যেটুকু খেতাম ওটাই হচ্ছে উদ্বৃত্ত লাভ।
যা মালিকের একাউন্টে চলে যায়। শ্রমিক ফক্কা।
মালিকের ধনসম্পদ বাড়ে। শ্রমিক বঞ্চিত হয়।
মালিক শিল্পপতির পরিচিতি পায়। শ্রমিকের ভাগ্য ঝুলে থাকে চিরকালীন গরীবিয়ানায়।
শিল্পপতির প্রপসে আদতে মালিক বনে যায় পুঁজিপতি। তাই আতিমারির এ সময় উৎপাদনের সবচে সস্তা উপাদান শ্রমিকদের ত বসিয়ে বেতন দেওয়া যায় না।
কবি কাজি নজরুল ইসলাম রুটির দোকানের শ্রমিক ছিলেন বলেই হয়ত এই উদ্বৃত্ত মূল্য বুঝতে পেরে লিখেছিলেন, 'কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল ।'
সরকারী ছুটির আগেই বুয়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। গোটা তিনটে দিন লেগেছিল এই সিদ্ধান্ত নিতে। নিয়মিত দেশি বিদেশি পত্র পত্রিকা পড়ি বলে জানতে পেরেছিলাম, এবার বাংলাদেশে আছড়ে পড়বে কোভিড১৯ যার ডাক নাম আমি রেখেছি, করোনা রানী। বার বার ভেবেছি। একবার সরল মনে। আবার কুটিল মনে। বুয়ার যদি করোনা হয় আমি ত ওর সেবা করতে পারব না। আরও দশ বাড়ি কাজ করে ফলে নিরাপত্তার ব্যাপারটাও ভাবতে হবে। শেষে সিদ্ধান্ত নিলাম। বেতন আমি দিয়ে দেব। কিন্তু বুয়া বাড়ি চলে যাক। দুটো মাস। কষ্ট হলেও চালিয়ে নেবো।
আজ আবার ফোন দিয়েছিল বুয়া। ওর সাথের কয়েকজন ঢাকায় ফিরছে। বিবিসাবরা পারছেনা। আসতে বলেছে। তাছাড়া পোশাক শ্রমিকরা ফিরে আসছে। তাদের ছুটি শেষ । মালিক আসতে বলেছে। ঘরে খাবার নেই। কাজ করলে বেতন পাবে। কাজ চলে গেলে খাবে কি ? কোন এক টিভি চ্যানেলের সাংবাদিককে এক ক্ষুব্ধ নারী শ্রমিক জানালেন, মরলে ত আর খাবার লাগে না রে ভাই। কিন্তু বাঁচলি যে ক্ষুধা লাগে। পোলাপানরা কান্দে। মরতে ত হবেই। ত পোলাপানের মুখে দুডো খাবার দিয়েই না হয় মরি।
অথচ সারা পৃথিবীর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কাশি দিচ্ছে শেষ নিশ্বাসটুকু বুকে চেপে। নিঃশ্বাসের খনি সংকুচিত হয়ে খাবি খাচ্ছে চিন, ইরান, ইটালি, ফ্রান্স, জার্মান, বৃটেন, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ। আমার বাংলাদেশও আক্রান্ত। ৩রা এপ্রিল ওয়াশিংটন পোষ্টের 'Mapping the worldwide spread of the coronavirus' আপডেট এ দেখলাম পৃথিবীর মানচিত্রে লাল লাল ডোগা দাগে ভরে আছে কোভিড১৯। এশিয়া থেকে দুই আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা – আমার সোনার পৃথিবী মৃত্যু পথযাত্রী। রক্তমুখে অসহায় চেয়ে আছে। শিউরে উঠল শরীর।
অনেকেই বকে আমাকে। মন ঘুরিয়ে অন্য কিছুতে বিজি হতে পরামর্শ দেয়। আমিও ভাবি, আমি কে ? কে আমি হরিদাস পাল ! সব কিছুতেই নাক ঢুকিয়ে নিজেকে আলাদা করে রাখি ! প্রেমে মজি না, যৌনতায় ভুলি না, ভোগে ভুক্ত নই, খেলায় যাইনে, লেখালিখিতে অনুল্লেখিত, সম্পদে ধনী নই। তো আমি কে ! আমার কেন পাঁজরের হাড় ভেঙ্গে পড়ে দুঃখে ? কেন আমার কাঁদন আসে ? কেন কিছু না পারা অক্ষমতা আমাকে জ্বালায় ? কেন আমি অসুস্থ হয়ে যাই ?
বাল্যকালের বান্ধবীর স্বামী একজন শিল্পপতি। মাঝে মাঝে বান্ধবীও অফিস চালায় পরিচালকের ক্ষমতাবলে। কি করে আসতে বললে ওদের ? বেতন নাই দিতে । ওরা না খেয়ে মরত। এখন ত করোনা গেঁথে ফেলবে ওদের। একজনের জন্যে কতজনকে ভুগতে হবে ভেবেছ একবার ? তাছাড়া অর্ডার কই তোমাদের ? কেইবা এখন বিজনেস চালু রাখছে ? পুরো পৃথিবীর মাথায় এখন করোনামুকুট।
শিল্পপতির চতুরতায় বান্ধবী নিশ্চুপ থাকে।
বুয়া অভিযোগ করেছিল, আপনি খালাম্মা বেশি ভয় পান। গরীবের জরমই কি আর মিরত্যুই কি। আমরার কামই ভালা। এই মাসটা থাকরার কইছুন থাকমু। পরের মাসে আইয়া পড়বাম।
আমি হুমকি দিয়ে রাখি, ঘরে ঢুকতে দেবো না কিন্তু বুয়া। তাছাড়া মরেও যেতে পারি। তুমি সাবধানে থেকো।
চুয়াত্তরের দুর্ভিক্ষ ছিল অনেকটা কৃত্রিম। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, অতিরিক্ত বন্যা, ঘরে বাইরের যড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছিল গমচোর, চাল চোর রিলিফ চোরদের লুটপাট। সে সময় একটি শব্দ জেনেছিলাম। ইংলিশ এবং বাংলায়, ডিস্ট্রিবিউশন বা বন্টন । চুয়াত্তরের দুর্ভিক্ষের আরেকটি কারণ ছিল, অসম বন্টন বা আনব্যালান্স ডিস্ট্রিবিউশন । বেসরকারি হিসেব বলে প্রায় ১৫ লক্ষ মানুষ মারা গেছিল। অনাহারে। প্রাজ্ঞ, বৃদ্ধ, লুটেরা সেই চোরদের মতই কেউ কেউ এই দুঃসময়ে চুরি করে নিচ্ছে ত্রাণ সামগ্রী বা রিলিফ।
ইচ্ছে করে রূপকথার রাজা হই। শূলে চড়াই সব চোর বাটপার মুনাফা লোভীদের।
আহ্ এপ্রিল। নিজেকে ছুঁয়ে বার বার বলি, গুড লাক্। ছেলে ছুঁয়ে গেলে হাত ধুয়ে বা স্যানিটাইজার লাগাতে বলি। রবিবার। ৫ এপ্রিল। সকাল। ছাইওয়ালী ডেকে যাচ্ছে। মাছওয়ালা, মুরগিওয়ালা হেঁকে যাচ্ছে। ভ্যান নিয়ে বেরিয়ে এসেছে তরকারীওয়ালা। জেগে উঠছে ঢাকা। উদ্বৃত্ত সাপ্লাই দেখে আত্মতৃপ্তিতে ডগমগ হয়ে জেগে উঠছে কি করোনা রাণী ? নাকি কাম্যতার ক্রমিক হ্রাস ঘটিয়ে বিতৃষ্ণায় মুখ ঘুরিয়ে চলে যাবে করোনা রাণী ?
আমি বোকা মহিলা। চোখের পানি মুছে এটুকুই প্রার্থনা করি,
গরীব খেটে খাওয়া মানুষগুলো করোনায় মরার আগে যেন দুটো খেতে পায় আল্লাহ।
