একুশে ও বিশ্বমাতৃভাষা দিবস
১৯৬৩ সালে সমাপ্ত দ্বিতীয় শহীদ মিনার। সূত্র: উইকিপিডিয়া
বিশ্বসভার অন্যতম সংস্থা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে আমাদের বাংলা ভাষার গৌরবময় সংগ্রামের ইতিহাস। ১৯৯৯ সালে এই অপূর্ব ঘটনাটি ঘটেছে। বিশ্বের ১৮৮টি দেশের ৬০০ কোটি মানুষ আজ ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। এই ঘটনাটি বাংলা ভাষার জন্য অভূতপূর্ব সম্মানের এবং বাঙালি জাতি তথা বাংলা ভাষা-ভাষী মানুষদের জন্যে এটি একটি বিশাল ও তাৎপর্যপূর্ণ ঘটনা। জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠান ইউনেস্কো এই দিবসটি পালনের সূত্রপাত করায় বিশ্বের প্রায় চার থেকে ছয় হাজার মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করার সুযোগ সৃষ্টি হয়েছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনের কমিশন-২ এর অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। এই সঙ্গে সব দেশের মাতৃভাষার অধিকারকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করার অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর মাতৃভাষা ব্যবহার, সংরক্ষণ ও স্বীকৃতির পথ উন্মুক্ত হয়েছে।
—————————————————————–
হাজার বছর বিদেশী শাসনের অধীনে থেকে থেকে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি যে-সময়ে ভুলে যেতে বসেছিলাম, ঠিক সেই সময়ে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলাভাষা প্রতিষ্ঠার দাবিতে এদেশের মৃত্যুঞ্জয়ী মানুষের আত্মাহুতি ও আত্মোৎসর্গের ঘটনা আমাদের সর্ব উৎস-মূলে আঘাত হেনে আমাদের নিস্তেজিত চেতনাকে টলমলিয়ে দেয়। সেখানে থেকেই শুরু হয় স্বাধীনতার অঙ্কুরোদ্গম।
—————————————————————-
যদ্দুর জানা যায় গফরগাঁয়ে শহীদ দিবস উপলক্ষে একটি ছোট ম্যাগাজিন স্ফুলিঙ্গতে প্রকাশিত সম্পাদকীয়তে এই ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার একটি প্রস্তাব সর্ব প্রথম করা হয়েছিল। ঘটনাটি খুব অবাক করে এই মর্মে যে এই অসামান্য প্রস্তাবটি রাজধানী ঢাকার কোনও কবি-সাহিত্যিক, রাজনীতিক, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, ভাষা-সৈনিক কারও দ্বারা প্রস্তাবিত হয়নি এবং কারও মনে ঘুণাক্ষরেও উদয় হয়নি, হয়েছে সুদূর মফঃস্বলের নিবেদিতপ্রাণ বাংলাভাষার একান্ত প্রেমিক কতিপয় সংস্কৃতিকর্মীর অসামান্য কল্পনা ও স্বপ্নে। আলেখ্যটি খুব প্রণিধানযোগ্য। রাজধানীকেন্দ্রিক সৃষ্টিশীল চিন্তা ও চিন্তকের শ্রেণীমূল্যই যে সবসময় শ্রেষ্ঠ বলে গৃহীত হবে এর কোনো নিশ্চয়তা নেই বরং যে কোনও মানুষই যে কোনও মানুষের সঙ্গে তুল্যমূল্যে এক ও অভিন্ন এবং সমগোত্রীয় — এই কথাই প্রমাণিত হয়।
লন্ডনের হোয়াইটচ্যাপেলে আলতাব আলী পার্কে শহীদ মিনার। সূত্র. উইকিপিডিয়া
এই অসামান্য প্রস্তাবটি নিয়ে কানাডা প্রবাসী বাংলাভাষার সুহৃদ প্রবাসী রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বিশ্বের দরবারে অর্থাৎ জাতিসংঘে উপস্থাপিত করার চেষ্টা করেন বিভিন্ন ভাষা-ভাষী অধিবাসী নিয়ে গঠিত বিশ্বের মাতৃভাষা প্রেমী সংস্থার মাধ্যমে। জাতিসংঘ কর্তৃপক্ষ তখন সেই প্রস্তাব পেয়ে সেটিকে ইউনেস্কোয় পাঠান এবং তাঁরা বলেন যে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার দ্বারা প্রস্তাবিত হতে হবে। এই সংবাদ জানার পর একালের ভাষাসৈনিক কানাডা প্রবাসী রফিকুল ইসলামসহ অন্যান্য বাঙালি যেনবা মাতৃভাষার জন্যে শহীদ ছালাম-জব্বার-বরকত-রফিকদের প্রতিনিধি হয়ে দীর্ঘ ৪৮ বছর পর বাংলাদেশ সরকারকে ঘটনাটি অবহিত করেন এবং তদানীন্তন গণতান্ত্রিক সরকার খুব জরুরীভাবে বিষয়টির অপরিসীম মূল্য অনুধাবনে সক্ষম হয়ে তড়িৎগতিতে ব্যবস্থা গ্রহণ করে চূড়ান্ত বাস্তবায়নে সফলকাম হন। এর ফলে বাংলাদেশ, বাংলার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য এবং বাংলার মানুষ যারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মাতৃভাষার জন্যে আত্মোৎসর্গ করেছিলেন তাদের সেই চরম ত্যাগ স্বীকারসহ সবকিছুই বিশ্বের দরবারে সবিশেষ মর্যাদার অধিষ্ঠিত হয় এবং ২১শে ফেব্রুয়ারি প্রতিবছর সারাবিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিটি দেশে সর্বস্তরে পালন করার স্বীকৃতি লাভ করে। এই দিবসটি পালনের মধ্য দিয়ে বিশ্বসংস্কৃতি সঠিক পথে অগ্রসর হয়ে একটি অনন্য অধ্যায় সৃষ্টির পথ উন্মোচন করে। এ কারণে যারা স্বপ্ন, মেধা, শ্রম দিয়ে এটিকে সাফল্যমণ্ডিত করেছেন তাঁদের সবাইর প্রতি জাতি চিরকৃতজ্ঞ রইবে। বিশেষ করে সেই মফঃস্বলবাসী যুবকবৃন্দ এবং কানাডীয় প্রবাসী রফিকুল ইসলাম ও তাঁর সহবান্ধবদের খুঁজে নিয়ে তাঁদেরকে একুশে-পদক রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা এখন আশু জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
আমাদের বাংলাদেশের মেরুদণ্ড হচ্ছে মাতৃভাষা বাংলাভাষা। চর্যাপদের হঠাৎ আবিষ্কার হয় নেপালের রাজদরবার থেকে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক। সেই হিসাবে বাংলাভাষার ঐতিহ্য হাজার বছরের। সংস্কৃতি থেকে প্রাকৃত, মাগধী হয়ে এখনকার এই মুখের ভাষা রূপ নিয়েছে। তার কাছাকাছি এবং প্রত্যক্ষ সংযোজন নিয়ে পাঁচশ বছর আগের শ্রীকৃষ্ণকীর্তন প্রকৃতপক্ষে প্রথম শুদ্ধ বাংলা রচনা। সেই হিসাবে অনেকে বাংলা ভাষার বয়স পাঁচশ বছর বলে মনে করেন। মধ্যযুগের সুলতানী আমলে বাংলা ভাষার প্রভূত উন্নতি সাধিত হয়। সে-সময়ে ফার্সী রাজদরবারের ভাষা হলেও বাংলার এই উত্থান বিস্ময়কর। সুলতানদের আনুকূল্য ও সমর্থনে হিন্দু পণ্ডিতেরা সংস্কৃতি থেকে মহাভারত-রামায়ণের বাংলা অনুবাদ করেন যা সে সময় পুরোপুরি নিষিদ্ধ ছিল।
এদেশের বিদেশি শাসনামলে প্রথমে উত্তর-মধ্যভারতের সংস্কৃত, পরে মধ্য এশিয়ার ফার্সী আটশ বছর এবং এরপরে ইউরোপীয় ভাষা ইংরেজী দুইশ বছর যাবৎ রাজ-ভাষা হিসাবে প্রচলিত ছিল। তাই স্বভাবতই বাংলা ভাষার চর্চা পরাজিত জনগোষ্ঠী হয়ে থাকার কারণে বারে বারে ব্যাহত হয়েছে। তাই মনে হয় আমাদের বাংলাভাষা যদি নিরবচ্ছিন্নভাবে একটি ধারাবাহিকতায় চর্চা করার রাজনৈতিক অনুকূল পরিবেশ পেতো তাহলে বাংলা ভাষার রূপ অনেক আগে থেকেই উজ্জ্বল থেকে উজ্বলতর হয়ে দেখা দিতে পারত। কালের ইতিহাসচর্চা থেকে একথা আজ স্পষ্টভাবে প্রতীয়মান যে একটি ভাষার উন্নতি ও পরিচর্যা করার ক্ষেত্রে রাজনৈতিক স্বাধীনতার কোনো বিকল্প নেই। শুধু ভাষা নয় সেই সঙ্গে দেশের অভিন্ন এবং মূল সংস্কৃতি, ঐতিহ্য, সঙ্গীত-শিল্প-সাহিত্য, খেলাধুলা সবকিছুই প্রকৃতভাবে মূলধারায় বিকশিত হওয়ার পথ সুগম হয়। এই জন্য আমাদের স্বাধীনতার মূল্য অপরিসীম।
হাজার বছর বিদেশী শাসনের অধীনে থেকে থেকে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি যে-সময়ে ভুলে যেতে বসেছিলাম, ঠিক সেই সময়ে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলাভাষা প্রতিষ্ঠার দাবিতে এদেশের মৃত্যুঞ্জয়ী মানুষের আত্মাহুতি ও আত্মোৎসর্গের ঘটনা আমাদের সর্ব উৎস-মূলে আঘাত হেনে আমাদের নিস্তেজিত চেতনাকে টলমলিয়ে দেয়। সেখানে থেকেই শুরু হয় স্বাধীনতার অঙ্কুরোদ্গম। তাই বলা যায় আমাদের সংস্কৃতির মুলসূত্র হচ্ছে মাতৃভাষা যা পৃথিবীর ইতিহাসে একটি অনুসরণযোগ্য অনন্য উদাহরণ হয়ে প্রতিষ্ঠা লাভ করেছে।
ভাষা হচ্ছে মানবমনের ইচ্ছা, স্বপ্ন ও কল্পনা প্রকাশের বাহন এবং তা মায়ের ভাষাতেই স্বাচ্ছন্দ্য নিয়ে পরিস্ফূট হয়। যোগাযোগ, ভাবের আদান-প্রদান, পরস্পর পরস্পরের সঙ্গে বোঝাবুঝি — সব কিছুর মূলে বৃহৎ ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দ্বারা ব্যবহৃত ভাষাই সর্বোৎকৃষ্ট ও যথাযথ। এটিকে ক্রমাগতভাবে উন্নততর করার লক্ষ্যে অন্য ভাষার অবশ্যই প্রয়োজন তবে তা নিজের ভাষাকে অবহেলিত না করে। সেইজন্য বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছেন, "বাহন উপযুক্ত না হলে কেউ তার উপযুক্ত স্থানে পৌঁছুতে পারে না। লক্ষ্য লাভ করতে হলে সাহিত্যের বাহন উপযুক্ত হওয়া চাই, যে বাহন হবে মাতৃভাষা।"
অন্য ভাষা শিখতে গেলেও মাতৃভাষার ওপর পূর্ণ দখল থাকতে হবে। ১৯৭১ সালে বাংলার স্বাধীনতা লাভ প্রকৃতপক্ষে বাংলাভাষার রাজনৈতিক স্বাধীনতা প্রাপ্তি। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বরে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। ১৯৭৪ সালে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ প্রদান খুব উল্লেখযোগ্য ঘটনা। এর আগে বাংলা ভাষার বিশ্ব-স্বীকৃতি মিলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভের ঘটনায়। এরপরে ১৯৯৭ সালে অর্থনীতিতে অমর্ত্য সেন ও ২০০৬ সালে ড. মোঃ ইউনূস শান্তির ওপর নোবেল পুরস্কাার পাওয়ায় বাংলা ভাষা ও বাঙালি মর্যাদাপূর্ণ আসনে বিশ্বে স্থান পায়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো কর্তৃক প্রতিবছরের ২১শে ফ্রেব্র"য়ার দিনটিকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন করার স্বীকৃতি লাভের মাধ্যমে বাংলা ভাষা আবারও উজ্জ্বলতর হওয়ার সুযোগ পায়। এইভাবে বিশ্বের দরবারে বাংলা ভাষার আসন আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছে। ঐদিনে প্যারিসের ইউনেস্কোর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অধিবেশনে বহু আকাক্সিক্ষত ঘোষণাটি ঘোষিত হয় এইরূপ, "বাংলাদেশের মাতৃভাষার জন্য অসামান্য আত্মত্যাগ যা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ঘটেছিল এবং যারা সেদিন ভাষার জন্যে প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব করা হচ্ছে।"
এমতাবস্থায় আমাদের প্রয়োজন সর্বক্ষেত্রে বাংলা ভাষার সুচারু এবং যথাযথ প্রয়োগের মাধ্যমে নিজস্ব চিন্তা-চেতনার সাবলীল প্রকাশের স্বাচ্ছন্দ্য আনার আপ্রাণ প্রচেষ্টা। সেই সঙ্গে দৈশিক কল্যাণ-চিন্তা, জনগণের প্রতি ভালোবাসা, মাটির প্রতি দায়বদ্ধতারও বড্ড প্রয়োজন। শুধু ভাষার স্বীকৃতি লাভ করে আত্মপ্রসাদে গদ গদ হয়ে অন্যান্য ক্ষেত্রে উল্টো বিচরণ করা প্রকারান্তরে ভাষার প্রতি অসম্মান ও অপমান। মধ্যযুগের কবি আব্দুল হাকিম যেমন লিখেছিলেন, "যে সব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী/সে সব কাহার জন্ম নির্ণয় না জানি।"
এক্ষণে শুধু বঙ্গবাণী নয় যারা বঙ্গে বাস করে বাংলার রাজনৈতিক অঙ্গন, পরিবেশ, জনগণের বিরুদ্ধে মূল কল্যাণধারা বজায় রাখা থেকে বিচ্যুত হচ্ছে তাদের উদ্দেশ্যেও এই বাণী প্রযোজ্য। তবে বহু ত্যাগ তিতিক্ষা-সংগ্রাম-আত্মত্যাগের পর মায়ের ভাষাকে যে-ভাবে প্রতিষ্ঠিত করা গেছে, এই সময়ে অতীব প্রয়োজন এর সুমিত, যথার্থ ও সাবলীল সম্প্রসারণ। রবিঠাকুরের কথায় "য়্যুরোপীয় বিদ্যা ইংরেজী ভাষার জাহাজে করে এ দেশের শহরে-বন্দরে আসতে পারে। কিন্তু পল্লীর আনাচে-কানাচে তাকে পৌঁছে দিতে হলে দেশী ডিঙ্গি নৌকার প্রয়োজন।"
এ দেশী ডিঙ্গি নৌকা বিশ্বজয় করেছে। মাতৃভাষার অমোঘ অস্ত্র যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অন্যান্য জটিল-কঠিন সমস্যা খুব সহজ ও সাবলীল ভাবে সমাধান করা যায়, আমরা সেই সুদিনের আশায়।
