কবি শামসুর রাহমানকে মনে করে
শামসুর রাহমান (২৩/১০/১৯২৯ — ১৭/৮/২০০৬), ছবি: হাসান বিপুল, ২০০৫
দু'বছর আগে আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছেন কবি শামসুর রাহমান। গতকাল কাগজে তাঁর ছবিসহ সে খবরটা দেখে তাকিয়ে থাকি সেদিকে অনেকক্ষণ। সবে এই দু-লাইন লিখেছি আমার ডায়েরিতে, নিজেরই জন্য লেখা, রাত সাড়ে দশটা যখন, তারিখ ১৬ আগস্ট, ০৮, আর্টস সম্পাদকের ফোন। দু'এক কথার পরেই বললেন, 'শামসুর রাহমান সম্পর্কে একটা লেখা দিন, কাল সকালের মধ্যে।' বললাম, 'আমি তো এ ধরনের
—————————————————————–
ভাষার বদল হয়েছে, ছন্দের কুশলতা বেড়েছে, কবিতা হয়েছে মুখের ভাষার আরও কাছাকাছি, বিষয়ে এসেছে কতই না বৈচিত্র্য। এবং এসবই বিবর্তিত হয়েই চলেছে। আমাদের দেশে এ বিবর্তনের ছাপ কবিতায় যতটা পড়ার কথা ততটা কিন্তু পড়েনি। এ কথা মনে হলে আমাদের প্রধান কবিদের কথাই মনে পড়ে। তরুণ কবিরা তো অগ্রগামীদের দ্বারাই প্রভাবিত হন।
—————————————————————–
লেখা লিখতে পারি না। তা ছাড়া তাঁর সম্পর্কে লেখার উপযুক্ত লোক বোধহয় আমি নই। জানি খুব কম।' ছাড়লেন না আমাকে। বললেন, 'স্মৃতিচারণামূলক কিছু লিখুন, জার্নাল ধরনের কিছু।' 'জার্নাল' শুনতেই দুর্বল হয়ে গেলাম। আর কিছু না পারি, জার্নাল পারি। মানে, আমি-আমি করে লেখা লিখতে পারি, যতই কেননা অপছন্দ করি এমন নির্লজ্জতা। গুরুগম্ভীর, অ্যাকাডেমিক/গবেষণাধর্মী লেখা যেমন পড়তে ইচ্ছা করে না, লিখতেও নয়। ষাটের একজন প্রধান লেখক আবদুল মান্নান সৈয়দ লিখছেন আজকাল স্মৃতিচর্যা-ধরনের লেখা। বেশ লাগছে পড়তে। যা হোক, জার্নালকেই তবে এগিয়ে নিয়ে যাই যতটা পারি।
●
তাঁর ছবি দেখতে পেলাম আবার অনেকদিন পর। আগে মাঝে মাঝেই দেখা হত, হয় তাঁকে নয়তো তাঁর ছবি। দেখলেই মন প্রসন্ন হয়ে যেত। সুদর্শন মুখ জুড়ে থাকত হাসি, পরার্থিতা। আর লাগত তাঁকে বাংলাদেশের লেখকদের, বিশেষত কবিদের অভিভাবকের মতো। কাগজে যেমন তাঁর কবিতা থাকত সকল কবিতার মাথার উপরে, বাস্তবেও ছিলেন তিনি ঊর্ধ্বেই সবার। সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি আলোচিত ও প্রশংসিত কবি বলতে ছিলেন তিনিই। নিয়মিতই লিখে চলেছিলেন এবং সংখ্যায় সবার চেয়ে বেশি। এমন কবিতানিমগ্ন কাউকে দেখিনি আর। দেখে ভালো লাগত যেমন, ঈর্ষাও হত, নিজেও লেখার চেষ্টা যেকালে মাঝে মাঝে করি। এত কীভাবে লেখেন তিনি? কবিতা নিয়েই যেন আচ্ছন্ন হয়ে থাকছেন সর্বদা, কাগজ নিয়ে বসে গেলেন আর অমনি কবিতা লেখা হয়ে যেতে থাকল তরতরিয়ে! নিশ্চয় তেমনটাই হত। আমার অন্যতম প্রিয় কবি ছিলেন তিনি। তাঁর অনেক কবিতায়ই থাকত বিষাদের আবহ, আমাকে তা স্পর্শ করত, অনেক কবিতায় থাকত নিরর্থকতার আভাস যা আমাকে ঘিরে থাকত সকল সময়। প্রেমের কবিতা লিখেছেন অনেক, যার অধিকাংশকেই মনে হত আন্তরিক, অভিজ্ঞতাপ্রসূত। আর লিখতেন প্রতিবাদী, রাজনৈতিক কবিতা যা মনে হত আমাদের দেশের প্রেক্ষাপটে জরুরী। হায়, এই শেষোক্ত বিষয়ে লেখার মতো আমাদের বুঝি কবি নেই আর। এ শূন্যতা কখন ঘুচবে ভাবি আর আশঙ্কায় থাকি। আশঙ্কা, কেননা আমাদের দেশ এখনো স্থিরতা পায়নি। দেশি-বিদেশি নানা চক্রান্ত চলেছেই এ দেশকে ঘিরে। যথার্থ গণতন্ত্র না পাওয়া পর্যন্ত আমাদের একটুও শান্তি পাওয়ার কথা নয়। যা বলতে চাই বলতে পারব না? যা লিখতে চাই লিখতে পারব না? এ বিষয়ে সাহসী কবিতা লেখার মতো কেউ কি আছেন আর?
সাধারণভাবে আমাদের কবিতা বিষয়ে একটি দুর্ভাবনা অবশ্য আমার ছিলই। যে, কবে আমরা আরও পরিণত কবিতা পাব আমাদের কবিদের কাছে। পৃথিবীর কবিতার কেমন বদল হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম। পাশের দেশটির বাংলা কবিতার কেমন বদল হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম। আর সবকিছুর মতো কবিতারও আর আগের মতো থাকার কথা নয়। নয় কি? বাংলা ভাষায় রবীন্দ্রনাথ যে ধারায় কবিতা লিখতেন সে ধারা থেকে দূরে চলে গেলেন তিরিশের কবিরা, কেউ কম কেউ বেশি, কিন্তু পরিবর্তন থেমে থাকল না। ভাষার বদল হয়েছে, ছন্দের কুশলতা বেড়েছে, কবিতা হয়েছে মুখের ভাষার আরও কাছাকাছি, বিষয়ে এসেছে কতই না বৈচিত্র্য। এবং এসবই বিবর্তিত হয়েই চলেছে। আমাদের দেশে এ বিবর্তনের ছাপ কবিতায় যতটা পড়ার কথা ততটা কিন্তু পড়েনি। এ কথা মনে হলে আমাদের প্রধান কবিদের কথাই মনে পড়ে। তরুণ কবিরা তো অগ্রগামীদের দ্বারাই প্রভাবিত হন। বহুবার কবিতা বিষয়ে বিজ্ঞজনেরা বলেছেন, তবু আবারও বলতে ইচ্ছা করে যে, সাধারণভাবে কবিতা এমন হবে যে তা এক পাঠে ফুরিয়ে যাবে না, ফিরে ফিরে পড়তে ইচ্ছা করবে কবিতাটি। অর্থাৎ, নিছক বিবরণধর্মী হবে না তা। কোনও কবিতাকে যেন বলতে না হয় আমি ভালোবাসি তোমাকে, গা থেকেই তা ফুটে বেরোবে। আবার দেশপ্রেমমূলক লেখায়, প্রতিবাদী কবিতায় বিবরণধর্মিতা থাকাটাই স্বভাবিক।
শামসুর রাহমান মূলত একজন কবি। শক্তিশালী কবি একজন। দেশপ্রেমের ক্ষেত্রে তাঁর তুলনা হয় না, মহান এক বীরের ভূমিকা পালন করেছেন। তাঁকে শ্রদ্ধা জানাতেই এ লেখা। তবু আজকের দিনের কবিতার কথা মনে করে উপরের পঙ্ক্তিগুলি।
এবার একেবারে ব্যক্তিগত কথা। বেশ অনেক বছর আগে একবার তাঁর বাসায় গেছি, 'কেমন আছেন' বলার পর ভেবে পাচ্ছিলাম না কী বলি,
.
……..
শামসুর রাহমান, ছবি: হাসান বিপুল, ২০০৫
……..
বললাম, 'আপনার কবিতা পড়ে কেমন লাগল সে কথা জানানো হয় না, কারণ মনে করি আপনার ভক্তরা আপনাকে ঘিরে থাকছে আর ভালো লাগার কথা সবসময়ই জানাচ্ছে আপনাকে।' লেখক রশীদ করীম ছিলেন সেখানে, বললেন, 'ভুল ধারণা আপনার। কেউ আর আজকাল তাদের প্রতিক্রিয়া জানায় না। ভালো লাগার কথা জানায় না।' আমি অবাক এ কথা শুনে। ভেবেছিলাম, এর পর থেকে আমি অন্তত জানাব। হয়নি, জানানো হয়নি। আজ ভাবলে খারাপ লাগে। ভালো লাগার কথা জানাবার ব্যাপারে তাঁর মতো উদার আর কাউকে দেখিনি, দেখার আশাও করি না। নিজের কথা বলতেই হচ্ছে এখানে। প্রথম কবিতার বই 'সজল ভৈরবী' দিতে তাঁর দৈনিক বাংলার সম্পাদকীয় কক্ষে গিয়েছিলাম ১৯৭২-এ। তাঁকে না পেয়ে টেবিলে রেখে এসেছিলাম। চিনতেন না তিনি এ নতুন লেখককে। কয়েকদিন পর দৈনিক বাংলার মৈনাকের দিনলিপি-তে লিখলেন তিনি বইটি সম্পর্কে সপ্রশংস কয়েকটি লাইন। এ ব্যাপারটিকে তখন বিস্ময়কর মনে হয়েছিল। দারুণ উৎসাহ পেয়েছিলাম। সম্প্রতি-প্রকাশিত একান্ত ভাবনা নামের বইটিতে এ লেখাটি অন্তর্ভুক্ত হয়েছে ৩৫-সংখ্যক পৃষ্ঠায়।
আরও একটি স্মৃতির কথা লিখেছেন তিনি অন্য একটি দিনের কথা বলতে গিয়ে ওই দিনলিপিতেই। চাটগাঁয় বইমেলা হচ্ছিল। সেখানে দারুণ বিখ্যাত এই কবির সঙ্গে বড় বড় লেখকদের দেখা-সাক্ষাৎ হয়েছিল। মাঝখানে আমার সঙ্গে মুহূর্তমাত্রের দেখা। আমাকে তাঁর চেনারই কথা নয়। মনে রাখা তো দূরের কথা। চিনেছিলেন, দিনলিপিতেও লিখে রাখতে ভোলেননি। (একান্ত ভাবনা, পৃষ্ঠা ১৩৮)। আরও কিছু লেখায়, সাক্ষাৎকারেও তিনি আলতাফের কথা উল্লেখ করেছেন।
আমাদের দেখা হত খুবই কম। বেশির ভাগ সময় দেখা হত কোনও অনুষ্ঠানে বা আড্ডায়। তখন হত কুশলাদি বিনিময়। ব্রীড়া সংক্রামক, একে-অপরের লজ্জা দেখে সংক্রামিত হতাম। একটি কলাম লিখতাম প্রথম আলোয় কয়েক বছর আগে। তার কোনও-কোনওটি পড়ে এমনভাবে প্রশংসা করতেন যে লজ্জায় কী যে বলব ভেবে পেতাম না। ফরাসি ভাষার নাট্যকার ও গদ্যলেখক ইউজিন ইয়েনেস্কো সম্পর্কে একবার লিখেছিলাম, পড়ে তিনি জানালেন ইয়েনেস্কো তাঁরও খুব প্রিয়। তাঁর কাছে নোটস্ কাউন্টার নোটস্ বইটি আছে, পড়া আছে কি না। লাফিয়ে উঠেছিলাম। বললাম, খুঁজছিলাম। বললেন, আপনাকে আমি উপহার দিতে চাই। বললাম, আপনার কি দুটো কপি আছে? বললেন, না, একটাই, সেটাই আপনাকে দিতে চাই। আমি বললাম, না, তা হলে ফটোকপি করে নেব। পরের দিনই গিয়ে তাঁর সঙ্গে নানা বিষয়ে কথা বলি এবং বইটি কপি করার জন্য নিই। তাঁর বিশ্বাস-অবিশ্বাসের সঙ্গে মিল খুঁজে পেয়েছিলাম। সত্যিই তিনি বিশ্বাস করতে পারতেন না অবৈজ্ঞানিক কোনওকিছুকে।
মিনিংলেসনেসের ব্যাপারটিও তাঁর মধ্যে ছিল। কষ্ট পেতেন সেজন্য? পেতেন, তবে কবিতাই তাঁর প্রধান আশ্রয় ছিল বলে কষ্টের অনেক লাঘব হত।
বলতেই হবে তাঁর মতো সহৃদয়, নরম মনের মানুষ খুবই কম দেখেছি। কবি হিসাবেও তাঁর উপস্থিতি আরও অনেক দিনের জন্য প্রয়োজন ছিল আমাদের। দূর থেকে শ্রদ্ধা নিবেদন করি তাঁকে।
ঢাকা, ১৭/৮/২০০৮
