২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথ ও নজরুল: বাঙালিত্বের সম্পন্নতা

আহমাদ মাযহার আহমাদ মাযহার

Published : 06 Aug 2008, 09:40 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

রবীন্দ্রনাথ ও নজরুল এই দুই মহৎ প্রতিভারই সৃষ্টিশীলতা ছিল বিপুল। শুধু তাই নয়, আধুনিক মধ্যবিত্ত বাঙালির মনস্তত্ত্বে তাঁদের উভয়েরই সামগ্রিক প্রভাব এতটাই গভীর যে এর তুলনা খুঁজে পাওয়া যাবে না। তা সম্ভব হয়েছিল তাঁদের উভয়েরই ব্যক্তিত্বে নানা গুণের সমন্বয় ঘটেছিল বলে। জীবন ও সৃষ্টিকর্ম — এই উভয় দিক থেকে আমাদের জাতীয় জীবনকে তাঁদের মতো করে এমন সুগভীর আর সুদূরপ্রসারী ভাবে আর কেউ প্রভাবিত করতে পারেন নি।

Image
rabi-tokyo-1.jpg


জাপানের টোকিও শহরে রবীন্দ্রনাথ

—————————————————————–

হিন্দু সমাজে জন্ম ও বিকাশ বলে মুসলিম ঐতিহ্যের অনেক কিছুকে রবীন্দ্রনাথের পক্ষে আত্মস্থ করা সম্ভব হয় নি। এই সচেতনতাও রবীন্দ্রনাথের মধ্যে ছিল। সে-জন্যই হয়তো তিনি বলেছিলেন যে তাঁর প্রতিভা 'বিচিত্রগামী' হলেও 'সর্বত্রগামী' হতে পারে নি। ফলে রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় জীবন-বৈশিষ্ট্যের সমগ্র-প্রবণ হয়েও সমগ্রস্পর্শী হতে পারেন নি।

—————————————————————–

রবীন্দ্রনাথ ও নজরুল ছিলেন কবি। বাংলাদেশের মানুষ এই অনুভবের দীপশিখা তাঁদের কবিসত্তাকে আলোকিত করেছিল। ফলে কবিসাফল্যের চেয়ে বড় হয়ে উঠেছে তাঁদের স্বদেশমনস্কতা আর মাতৃভাষাপ্রীতি। এই দেশপ্রেম ও ভাষাপ্রীতির আলো তাঁদের জাতির সমকালকে যেভাবে আন্দোলিত করে তুলেছিল সেভাবে অন্য কোনও জাতির ওপর সে-জাতির কোনও কবির এমন প্রভাব ঘটেছিল বলে মনে হয় না।

রবীন্দ্রনাথের কলমে বাংলাদেশের মানুষের মনের কথাও ভাষা পেয়ে উঠেছিল বলে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত মানুষ বাংলাভাষায় অনেক সূক্ষ্ম অনুভূতিকে প্রকাশ করতে শিখেছে। তাঁর হাতে বাংলাভাষা যেমন বিচিত্রগামী হতে পেরেছিল পূর্বসূরীদের হাতে তেমনটা হতে পারে নি। কারণ রবীন্দ্রনাথের আগে যাঁরা এসেছিলেন যেমন রামমোহন, বিদ্যাসাগর, মাইকেল, বঙ্কিমচন্দ্র — তাঁদের কাজ করতে হয়েছিল একেবারে প্রাথমিক পর্যায়ে। রবীন্দ্রনাথের বিপুল সৃষ্টি-সম্ভারেরর বিচিত্র অলিগলিতে প্রবেশ করলে আমরা ধীরে ধীরে অনুভব করতে থাকি চারপাশে আমরা যা-কিছু শাদা চোখে দেখি তার আড়ালেই লুকিয়ে আছে উজ্জ্বলতার বৈভব — যা আমাদের সম্ভাষণ জানাচ্ছে।

মানুষ যে কেবল জৈবিক মানুষ মাত্রই নয়, মানুষের আছে এক গভীর চেতনালোক — এই বোধ আমাদের জাতীয় জীবনে ছিল বিরল। ইতিহাসের নানা বাঁক পরিক্রমায় উনিশ শতকে এসে আমাদের দেশের কিছু মানুষের মধ্যে জন্ম নিয়েছিল বিপুল নতুন কর্মস্পৃহা। সেই বিপুল কর্মস্পৃহা আর উদ্দামতা রবীন্দ্র-মোহনায় মিশেছিল বলেই রবীন্দ্রনাথ আর সীমিত থাকেন নি কেবল একজন সৃষ্টিশীল মানুষ মাত্রে। বাংলাদেশের সমাজ-মানসেও রবীন্দ্রনাথ তাই কেবল কবি, গীতিকার, কথাশিল্পী, নাট্যকার অর্থাৎ একজন সৃষ্টিশীল মানুষমাত্র হিসাবেই স্মরণীয় নন, স্মরণীয় একজন মহান সমগ্রমানব হিসাবে। বাংলাদেশের মানুষের যে কোনও সংকটে-সম্ভাবনায়, বিষাদে-আনন্দে রবীন্দ্রনাথ হন সহায়। রবীন্দ্রনাথের ভাষা ছাড়া আজ বাংলাদেশের কোনও একজন প্রিয়তম পারে না তার প্রিয়তমাকে ডাকতে, নিজের আনন্দকে প্রকাশ করতে তাদের চাই রবীন্দ্রনাথ কল্পিত ভাষা; হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা কোনও গোপন আঘাতের বেদনাকে প্রকাশের জন্যও চাই রবীন্দ্রভাব ও ভাষাকল্পের আশ্রয়; সর্বোপরি বাংলাদেশের সমাজে আধুনিকতার যে সামগ্রিক জাগরণ ঘটেছে তার মানসভিত্তি তো গড়ে উঠেছে রবীন্দ্রনাথকে অবলম্বন করেই।

এত যে বৈচিত্র্য ঐকবদ্ধ হয়েছিল রবীন্দ্রব্যক্তিত্বে তা সত্ত্বেও রবীন্দ্রনাথের একটা ঊনতা রয়ে গিয়েছিল। বাংলাদেশের সমাজের রয়েছে এক বৃন্তে দুটি ফুল অর্থাৎ দুটি সংস্কৃতি। নানাভাবে পরস্পর সংস্পৃষ্ট এই দুই সংস্কৃতির সমন্বয়ের অনুভব তাঁর মধ্যে থাকলেও এর সমগ্রতাকে তিনি ধারণ করতে পারেন নি এর একটা বৃহৎ অংশের সঙ্গে গভীর চেনাজানার অভাবে।

বাংলাদেশে আরব-পারস্য সংস্কৃতির পরোক্ষ অনেক অনুষঙ্গের উত্তরাধিকার রবীন্দ্রনাথের মধ্যে থাকলেও ইসলাম প্রসারের ফলে সুবিশাল যে একটা জনগোষ্ঠীর বিস্তার ঘটেছিল তার সঙ্গে রবীন্দ্রনাথের যোগ ছিল সামান্য। ফলে সমাজের বৃহত্তর একটা অংশের মনোভঙ্গির অনেকটাই তাঁর অজানা থেকে গিয়েছিল। এই অজানা অংশটাও তো বাঙালি সমাজেরই অংশ। একে বাদ দিয়ে তো বাঙালিত্ব সমগ্র হতে পারে না। রবীন্দ্রনাথের পক্ষে সমাজের মুসলিম অংশের সম্পর্কে অজানা থাকার কারণও অসঙ্গত নয়। এর কারণ সম্পর্কে মোতাহের হোসেন চৌধুরীর ব্যাখ্যা এখানে উল্লেখ করে নেয়া যায়। তিনি বলেছেন:

"মুসলমানদের ঐতিহ্যে রবীন্দ্রনাথের তথা হিন্দুর উত্তরাধিকার নেই। প্রাণের যোগ নেই বলে বহিরাগত ধর্ম ও সংস্কৃতিকে উপলব্ধি করা কষ্টসাধ্য, কিন্তু দেশের ঐতিহ্য ও সংস্কৃতি একপ্রকার জলবায়ুর মতোই সহজ তা বোঝা কঠিন নয়; তাকে পাই না যে, আমরা জেনেছি। এই দিনের আলোর মতো সহজ সত্যকে যারা অস্বীকার করেন, মাটির বাঁধনকে স্বীকার করতে চান না, শুকিয়ে মরা তাদের ভাগ্যলিপি। হিন্দু ঐতিহ্য, মুসলিম ঐতিহ্য এ দুয়ের সংমিশ্রণের দায়িত্ব মুসলমানেরই, হিন্দুর নয়, কেননা মুসলমান হিন্দুর চেয়ে বড়, মাতৃসম্পত্তি ও পিতৃসম্পত্তি উভয়েরই সে ওয়ারিস। মুসলমান যদি এই দুই অধিকার স্বীকার করে তবে তার এক বড় সৃষ্টি সম্ভব — আধুনিক ইউরোপীয় সভ্যতার মানদণ্ডে মন্থিত করে সে দুই সংস্কৃতিকে এক বিরাট নব সংস্কৃতিতে পরিণত করতে পারে। প্রতিভার স্বাদ পেতে হলে এই মিলন সাধনা তথা জীবন-সাধনার সাধক হওয়া দরকার।"

হিন্দু সমাজে জন্ম ও বিকাশ বলে মুসলিম ঐতিহ্যের অনেক কিছুকে রবীন্দ্রনাথের পক্ষে আত্মস্থ করা সম্ভব হয় নি। এই সচেতনতাও রবীন্দ্রনাথের মধ্যে ছিল। সে-জন্যই হয়তো তিনি বলেছিলেন যে তাঁর প্রতিভা 'বিচিত্রগামী' হলেও 'সর্বত্রগামী' হতে পারে নি। ফলে রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় জীবন-বৈশিষ্ট্যের সমগ্র-প্রবণ হয়েও সমগ্রস্পর্শী হতে পারেন নি। এটুকু ঊনতা তাঁর রয়ে গিয়েছিল।

Image
nazrul-42.jpg


৪২ বছর বয়সে নজরুল ইসলাম। ছবি: পরিমল গোস্বামী

—————————————————————–

নজরুল এমন এক পরিবেশে জন্মেছিলেন যেখানে উৎসবময় হিন্দুধর্মের ছোঁয়া পেতে তাঁর খুব সুবিধা হয়ে গিয়েছিল। হিন্দুর নানা উৎসবের সংস্পর্শে এসে বিশেষ করে যাত্রা-পাঁচালি, কবিগান, লেটোগান ইত্যাদির মধ্য দিয়ে হিন্দু ঐতিহ্যের অনেক কিছুকেই তিনি আয়ত্ত করে ফেলেছিলেন। এইভাবে তাঁর চেতনা দীপ্ত হয়ে উঠেছিল হিন্দু-মুসলিম সংস্কৃতির সমন্বয়ে।

—————————————————————–

নজরুল এমন এক পরিবেশে জন্মেছিলেন যেখানে উৎসবময় হিন্দুধর্মের ছোঁয়া পেতে তাঁর খুব সুবিধা হয়ে গিয়েছিল। হিন্দুর নানা উৎসবের সংস্পর্শে এসে বিশেষ করে যাত্রা-পাঁচালি, কবিগান, লেটোগান ইত্যাদির মধ্য দিয়ে হিন্দু ঐতিহ্যের অনেক কিছুকেই তিনি আয়ত্ত করে ফেলেছিলেন। এইভাবে তাঁর চেতনা দীপ্ত হয়ে উঠেছিল হিন্দু-মুসলিম সংস্কৃতির সমন্বয়ে।

এই ঊনতাকে সমগ্রতা দেয়ার জন্যই যেন আবির্ভূত হয়েছিলেন নজরুল। নজরুল জন্মেছিলেন অতি সাধারণ এক মুসলিম পরিবারে। বেড়ে উঠেছিলেন উদার সাংস্কৃতিক লোকজীবনের পরিমণ্ডলে। আধুনিক জীবন-সুরের আহ্বানও পেয়ে গিয়েছিলেন। ফলে আমাদের জাতীয় জীবনের যে অংশের সঙ্গে রবীন্দ্রনাথের বিশ্বমানস যুক্ত হতে পারে নি অথবা যে অংশের ভাষ্য অন্য অংশের কাছে অজানা রয়ে গিয়েছিল তাদের মধ্যে নজরুলের কল্যাণে ঘটে গেল এক মহাঐক্য। যেন পঞ্চজন্য শঙ্খের সঙ্গে মিলল ইস্রাফিলের শিঙা। সেই সঙ্গে এল অর্ফিয়াস। যশোদার সঙ্গে মিলল আমেনা। এক হয়ে উঠল — আজরাইল আর যম। অর্থাৎ ফুটে উঠল একবৃন্তে দুটি ফুল — 'হিন্দু-মুসলমান'। রবীন্দ্রমানসের সমগ্রের মধ্যে যেটুকু ছিল অপূর্ণ তা নজরুলে এসে হয়ে উঠল সম্পন্নতার পূর্ণকুম্ভ। নজরুলের প্রতিভাও শুধু কবির প্রতিভায় সমৃদ্ধ নয়; তিনি রবীন্দ্রনাথের মতোই ব্যক্তিত্বের দীপ্তি ও সমগ্রতা দিয়ে হিন্দু-মুসলিম মিলনের দূত হয়ে উঠতে পেরেছিলেন। সেই জন্যই আমাদের সমাজ-মানসের সম্পন্নতা পেরেছিল নজরুলে এসে মূর্ত হয়ে উঠতে।

ahmadmazhar01@yahoo.com

Image
free counters

বন্ধুদের কাছে লেখাটি ইমেইল করতে নিচের tell a friend বাটন ক্লিক করুন: