২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অলস ভাবনালেখার ভাষা, মুখের ভাষা

hasnat_a_hye

Published : 02 May 2008, 11:51 AM

Updated : 05 Sep 2022, 11:52 PM

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয় নি, একে কেন্দ্র করে কোনো আন্দোলনও দেখা দেয় নি। শুধু বিক্ষিপ্তভাবে কিছু লেখা-লেখি হয়েছে যা আলোড়ন বলতে যা বোঝায় তেমন কিছু তুলেছে বলে মনে হয় না। কিন্তু তীব্র বা দৃষ্টিগ্রাহ্য


…….
হাসনাত আবদুল হাই (জন্ম. ১৯৩৯)
……..
প্রতিক্রিয়া হয় নি বলেই বিষয়টি উধাও হয়ে যায় নি। অনানুষ্ঠানিক আলোচনায় কিংবা হঠাৎ করে ছাপানো কবিতা, গল্পে একে উঁকি দিতে দেখা যাচ্ছে। যারা বিষয়টি নিয়ে ভাবছে তারা নতুন প্রজন্মের এবং তাদের হাতে অনেক সময় আছে বলেই তারা ধৈর্য্য নিয়ে অপেক্ষা করছে বলে মনে হয়। তাদের কথা এখন পর্যন্ত মনোযোগ আকর্ষণ করতে পারে নি, যদিও কৌতূহল সৃষ্টি করেছে কোনো কোনো মহলে। তারা এই কৌতূহলটা জাগিয়ে রাখতে চায় এবং তার ভিত্তিতে ধীরে ধীরে অগ্রসর হতে চায় ঈপ্সিত লক্ষ্যের দিকে। তাদের উদ্দেশ্য, তারা যা ভাবছে বা বলতে চায় ধীরে হলেও তার প্রতি গুরুত্ব দেওয়া হোক এবং সেই বক্তব্য গ্রহণ করে যা করণীয় তা করা হোক।

বিষয়টা আপাতদৃষ্টিতে খুব সাদা-মাটা: মুখের ভাষাই হওয়া উচিৎ লেখার ভাষা। আর সেই মুখের ভাষাও হতে হবে ব্রাত্যজনের, নানা অঞ্চলের। নতুন প্রজন্মের কিছু লেখক ভাষাকে তার যথার্থ মর্যাদায় ও গুরুত্বে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এতে করেই ভাষার উন্নতি হবে বলে তাদের বিশ্বাস, একই সঙ্গে গণমানুষের সাংস্কৃতিক অধিকারও প্রতিষ্ঠিত হতে পারবে। বিষয়টা নতুন মনে হলেও সত্যিই কিন্তু অভূতপূর্ব কিছু নয়। অনেক আগেই বাংলাভাষার ক্ষেত্রে এই প্রসঙ্গ এসেছিল এবং সময়ের বিবর্তনে এখানে একটা আপোসও হয়েছিল। এখন দেখা যাচ্ছে সেই আপোসে এক পক্ষ সন্তুষ্ট হলেও অপর পক্ষ সর্বান্তকরণে তা মেনে নিতে পারে নি অর্থাৎ সাহিত্যে কথ্যভাষা ব্যবহারের প্রবক্তারা। প্রথম পর্বে তাদের সংখ্যা ছিল নগণ্য আর উৎসাহ ক্ষণস্থায়ী। তাই প্রতিবাদী হয়ে কিছু লেখা-লেখির পর তারা এবং তাদের সমর্থকরা চুপ করে গিয়েছিলেন। তাঁরা যে মুখের ভাষাকে লেখার ভাষা হিসেবে দেখতে চেয়েছেন তা স্বীকৃত বা গৃহীত হয়নি কিন্তু এক "শ্রেণীর'' (শিক্ষিত মধ্যবিত্ত) মুখের ভাষা অনেক দিন থেকেই লেখার ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নতুন প্রজন্মের যারা দীর্ঘকাল পর বর্তমানে মাঝে মাঝে ভাষা ব্যবহার নিয়ে কথা বলতে শুরু করেছে তারা মুখের ভাষার শ্রেণীগত ভিত্তি নিয়েই অপত্তি তুলেছে। তারা বলছে এই মুখের ভাষা যা লেখা হচ্ছে, সাহিত্য বলে স্বীকৃতি পাচ্ছে তা জনগণের নয়, অন্ততঃ সংখ্যাগরিষ্ঠ মানুষের নয়, উচ্চশিক্ষিত অভিজাত শ্রেণীর মুখের ভাষা। এই ভাষা ব্যবহার অগণতান্ত্রিক এবং সেই কারণে সংখ্যাগরিষ্ঠের সাংস্কৃতিক অধিকার উপভোগের পথে অন্তরায়। তারা এর বিহিত দেখতে চায়। আজ হোক, কাল হোক নতুন প্রজন্মের কিছু সদস্যের এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, কেননা এটা উবে যাচ্ছে না, ঘুরে ফিরে শোনা যাচ্ছে।

ভাষা মানুষের সবচেয়ে অভিনব এবং শক্তিশালী উদ্ভাবন। তার সকল উদ্ভাবন ও প্রগতির সোপান ভাষাই তৈরি করেছে। সভ্যতার কোন্ পর্বে কোন্ মানবগোষ্ঠী কবে এবং কীভাবে ভাষা গঠন করেছিল তার কোনো লিখিত ইতিহাস নেই। তবে এটুকু অনুমান করা গিয়েছে যে মানুষ যখন থেকে নির্দ্দিষ্ট এলাকায় গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস শুরু করে তখন থেকেই জীবন-যাপনের উদ্দেশ্যে যৌথ কর্মকাণ্ড স¤পাদনের জন্য তারা নিজেদের মধ্যে ধীরে ধীরে নানা শব্দের ব্যবহার শুরু করে যা এক একটি চিন্তা, সিদ্ধান্ত এবং মানসিক প্রতিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। আদিম গোষ্ঠীবদ্ধ মানুষের যৌথ-জীবন যতই সুসংগঠিত হয়েছে এবং তারা পরস্পরের ওপর নির্ভরশীল হয়েছে, ভাষার নির্মাণও সেই সঙ্গে অগ্রসর হয়েছে। এ পর্যায়ে ভাষা দীর্ঘদিন গোষ্ঠীর সদস্যদের মুখের ভাষাতেই সীমাবদ্ধ ছিল, লিপিবদ্ধ করার কৌশল উদ্ভাবিত হয় নি। মুখের ভাষা কবে লেখার ভাষা হয়ে গেল তার বিশদ না হলেও কিছু কিছু প্রত্নতাত্বিক নিদর্শন রয়েছে, যেমন মিশরের হাইরোগ্লিফিক্স। তবে পাথরে, মাটিতে উৎকীর্ণ অথবা ভুর্জপত্রে লিখিত এই ভাষা অবিকল মুখের ভাষা ছিল কিনা তা নিশ্চিত করে বলার উপায় নেই। তব দেখা যায় যে প্রতিটি মানব সভ্যতার অভিজাত শ্রেণীই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে যার বদৌলতে তারাই সাংস্কৃতিক পরিমণ্ডলের বিভিন্ন সূচকের নির্ধারণ করেছে; যেমন, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা এবং ভাষা। এই অভিজাত ও শাসক শ্রেণী যে ভাষার পৃষ্ঠপোষকতা করেছে তা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না। ভারতে আর্যদের আগমনের পর যে সংস্কৃত ভাষার প্রচলন হয় তার উৎপত্তি ছিল বিজয়ীদের ভাষার সঙ্গে সম্পৃক্ত এবং সেই সুবাদে অভিজাত শ্রেণীর একান্ত অধিকারে। সেই সুদূর অতীতে সংস্কৃতের পাশাপাশি বাংলাভাষাও গড়ে ওঠে, কিন্তু 'সংস্কৃতের দুহিতা' হিসেবে নয়; তার চর্চা ছিল সাধারণ মানুষের মধ্যে, তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাবার জন্য। আজ থেকে হাজার বার'শ বছর আগের সেই বাংলা, সাহিত্যের ভাষা অর্থাৎ লিখিত ভাষার মর্যাদা পায় নি। বাংলায় মুসলমান শাসকদের আবির্ভাবে বাংলা ভাষা রাজসভায় স্বীকৃতি পেলেও তার যে রূপ পরিস্ফূট হলো সেখানে সংস্কৃত এবং পরে ফার্সী ভাষার প্রভাব ছিল বেশ শক্তিশালী। বাংলাভাষার সেই 'মুক্তি' ও অগ্রগতির শুরুতে যা প্রাধান্য পেয়েছিল তা মুখের ভাষা না, পণ্ডিত এবং শাসক শ্রেণীর অনুমোদিত বাংলা। আরবী-ফার্সী ও সংস্কৃতের অনুশাসন ও প্রভাবমুক্ত বাংলা ভাষার ব্যবহার হয়েছিল রাজদরবারের বাইরে। কবি বড়ূ চণ্ডীদাস এবং পরবর্তীতে কবি মুকুন্দরাম চক্রবর্তী চতুর্দশ শতকে গ্রামীণ রুচি ও আটপৌরে জীবনের ভাষা ব্যবহার করে রচনা করেছিলেন কাব্য। নেপালে বৌদ্ধ সন্ন্যাসী পণ্ডিতদের লেখা চর্যাপদের পর সেই ছিল প্রথম সাধারণ মানুষের ভাষায় সাহিত্য রচনা। তুচ্ছ বলে অবহেলিত ভাষাও যে শক্তিশালী ও আবেদনময় কাব্যের সৃষ্টি করতে পারে তার প্রমাণ রেখেছেন এই দুই কবি। কিন্তু সমকালীন অভিজাত শ্রেণী কর্তৃক এই ভাষায় লেখা সাহিত্যকে গ্রহণ না করা এবং প্রতিভাবান কবি-সাহিত্যিকদের আবির্ভাবের অভাবে সাহিত্যে মুখের ভাষার এই ব্যবহার অগ্রগতি লাভ করতে পারে নি। আলাওল, ভারতচন্দ্র প্রভৃতি রাজসভাকেন্দ্রিক কবিদের লেখায় রাজদরবারের যে ভাষা ব্যবহার হয়েছিল তা সাধারণ মানুষের ভাষাকে উপেক্ষা করেছে।

পরিহাসের মত শোনালেও বাংলাভাষার জীবনসংলগ্ন রূপকে বিকশিত হবার জন্য অপেক্ষা করতে হয়েছে ইংরেজ উপনিবেশ স্থাপনের। ইংরেজদের আগমনে উনিশ শতকে বাঙালী মধ্যবিত্তের উন্মেষের সঙ্গে মধ্যবিত্তের উপযোগী ভাষার সৃষ্টি হয়েছিল। এই ভাষার রূপরেখা সংস্কৃত কিংবা আরবী-ফার্সীর অনুশাসনকে মানে নি। ইংরেজদের বাণিজ্যিক প্রয়োজনে বাংলা গদ্যের চর্চার জন্য প্রতিষ্ঠিত হয় যে ফোর্ট উইলিয়াম কলেজ সেখানে আগের সব গদ্য চর্চা বদলে যায় ইংরেজী ভাষার সংস্পর্শে। এ সত্ত্বেও সংস্কৃত ও আরবী ফার্সীর প্রভাব সঙ্গে সঙ্গেই দূর হয়ে নতুন বাংলা গদ্যের আবির্ভাব হতে সময় নিয়েছে, কেননা ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের প্রথম লেখক রামরাম বসু ফারসী নবিশ মুনশি ছিলেন বলে তাঁর বাংলা মুখের ভাষার কাছাকাছি হলেও সেখানে ফারসীর প্রভাব ছিল। অন্য যে গদ্যরীতি প্রচলন করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সেখানে রচনারীতি ছিল সংস্কৃতির প্রভাবে কঠিন, মুখের ভাষার মত নয়। উইলিয়াম কেরীর উদ্যোগে সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহার করে তৃতীয় যে ধারা সৃষ্টি হয় বাংলা গদ্যরীতিতে তা বৈচিত্র আনে। একই সময়ে পাঠ্যপুস্তকের লেখকদের বাইরে যারা সহজ ও সরল বাংলা গদ্যের ব্যবহার করেছিলেন তাঁরা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যের দুর্বোধ্যতার বিষয়ে সচেতন ছিলেন। বাংলা গদ্যের জড়তা দূর হয়ে যার হাতে আরো সহজ হয় তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয়কুমার দত্ত। এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাভাষা শক্তিশালী করেন কিন্তু তার সাধু গদ্য ছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মতই সংস্কৃতানুরাগী সাধু ভাষা। টেকচাঁদ ঠাকুর এই সাধু গদ্যের পণ্ডিতী রীতির বিরোধিতা করে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ভাষা ব্যবহারের উদ্দেশ্যে সাহিত্য রচনা করতে গিয়ে কলকাতার যে সব অঞ্চলে সাধারণ মানুষের বাস ছিল সেখানকার ভাষাকে সাহিত্যে নিয়ে আসেন। কথ্যরীতিতে গদ্য-পদ্য রচনা, প্রচুর তদ্ভব এবং চলিত ফারসী শব্দের ব্যবহার এবং ক্রিয়া পদে সাধু ও কথ্য ভাষার মিশ্রণ তার গদ্যের প্রধান বৈশিষ্ট্য ছিল। তাঁর লেখা বই আলালের ঘরে দুলাল এই গদ্যের ব্যবহার করা হয়েছিল যার জন্য এর নাম হয়ে যায় 'আলালী ভাষা'। টেকচাঁদ ঠাকুর যেমন 'আলালী' ভাষায় ক্রিয়া পদের সাধু ও চলিত রূপের ব্যবহার করেছিলেন কালীপ্রসন্ন সিংহ প্রায় একই সময়ে লেখা হুতোম প্যাঁচার নকশায় তা করেন নি। তিনি কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষা ব্যবহার করেন কিন্তু কথ্য ও সাধু ক্রিয়াপদের মিশ্রণ না থাকার কারণে তার ভাষা ছিল মার্জিত ও আধুনিক।

বঙ্কিমচন্দ্র দুই বিরোধী মত ও পথের মধ্যে সমন্বয়ের চেষ্টা করেছিলেন, তিনি বিদ্যাসাগরের সংস্কৃত-ঘেষা পণ্ডিতি ভাষা কিংবা টেকচাঁদ ঠাকুরের 'আলালী' বা কালিপ্রসন্ন সিংহের 'হুতোমী' ভাষা কোনোটাই গ্রহণ করেন নি। বিদ্যাসাগরের সংস্কৃত-ঘেষা বাংলা, আলালী এবং হুতোম প্যাঁচার ভাষাকে সমন্বিত করে বঙ্কিম চন্দ্র বাংলা গদ্যের মান উন্নীত করতে প্রয়াস পেয়েছেন। ভাষার ব্যাপারে প্রয়োজন মেটানোই ছিল তার উদ্দীষ্ট। সংস্কৃত ঘেষা এবং কথ্যভাষার ব্যবহার সম্বন্ধে তিনি ছিলেন উদারপন্থী, যে ক্ষেত্রে যা উপযুক্ত এবং যথার্থ তাই ছিল তার কাছে কাম্য। প্রথম দিকে বঙ্কিমচন্দ্রের গদ্যে বিদ্যাসাগরের সংস্কৃত ঘেষা গদ্য প্রভাব ফেললেও পরবর্তীতে তিনি লঘুভার চরিত্রের সমন্বিত সরল গদ্যকে ব্যবহার করেছেন।

প্রমথ চৌধুরীর আগে পর্যন্ত বাংলা গদ্য সংস্কৃতের প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও যে ভাষায় লেখা হয়েছে তা ছিল সাধুভাষা অর্থাৎ মুখের ভাষা নয়। টেকচাঁদ ঠাকুর এবং কালীপ্রসন্ন সিংহ এ ক্ষেত্রে ক্ষণকালের জন্য ব্যতিক্রমই হয়ে থাকলেন। ছোটগল্প, নাটক বা উপন্যাসে কেউ কেউ সংলাপে চলিত বা মুখের ভাষা ব্যবহার করলেও একই বইতে নিজেদের বক্তব্য রাখতে গিয়ে তাঁরা সাধু ভাষাই ব্যবহার করেছেন। প্রমথ চৌধুরী এই সাধু ভাষার অচলায়তন ভাঙতে এগিয়ে আসেন যা ছিল সেই সময়ে দুঃসাহসিক, কেননা 'আলালী' ও 'হুতোমী' বিদ্রোহের পর একটা আপস করা হয়েছিল যেখানে ক্রমে সংস্কৃতকে বিদায় দিলেও সাধু ভাষাই সাহিত্যে গ্রহণযোগ্য হয়েছে। সাধু ও চলিত ভাষা নিয়ে টেকচাঁদ ঠাকুর এবং কালিপ্রসন্ন সিংহ যে বিদ্রোহ করেন, তিনি সেখানে গ্রহণযোগ্য কোনো মানদণ্ড দেখতে না পেয়ে কথ্য ভাষাকে নতুন ভাবে সাহিত্যে নিয়ে এলেন। এই কথ্যভাষা সাধারণ মানুষের নয়, শিক্ষিত মধ্যবিত্ত সমাজের কেননা তাঁর ধারণা হলো যে এর প্রকাশ ক্ষমতা ও প্রতিশ্রতি আরো বেশি। বিচিত্র এবং জটিল ভাব প্রকাশে শিক্ষিত মধ্যবিত্তের এই মুখের ভাষাকেই তিনি উপযুক্ত বলে মনে করলেন। তিনি সবুজপত্র পত্রিকার মাধ্যমে কৃষ্ণনগর অঞ্চলের মুখের ভাষাকে সাহিত্যে প্রতিষ্ঠিত করার আন্দোলন শুরু করেন। এই ভাষাও 'আলালী' এবং 'হুতোমী' ভাষার মত আঞ্চলিকতার দোষে দুষ্ট ছিল কিন্তুু 'আলালী' ও 'হুতোমী' যেখানে ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, কৃষ্ণনগরের ভাষা আরো পরিশীলিত হবার জন্য শিক্ষিত বাঙালী মধ্যবিত্তের কাছে স্বীকৃতি পেয়েছিল ও জনপ্রিয় হয়েছিল। প্রমথ চৌধুরীর মতে 'আলালী' ও 'হুতোমী' কথ্যভাষা আবেগপ্রবণতাকে বেশি প্রশ্রয় দেয়, মননশীলতা ও বৈদগ্ধের প্রকাশে তা খুব কার্যকর নয়। এর মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে শিক্ষিত মধ্যবিত্তের মুখের ভাষা বা চলিত ভাষাই যুক্তিনিষ্ঠ এবং বাগবৈদগ্ধস¤পন্ন। এই ভাষাকে তিনি ভাবালুতা ও রোমান্টিকতা মুক্ত বলে মনে করেছেন। প্রমথ চৌধুরী কর্তৃক সাহিত্যে প্রচলিত চলিত ভাষা রবীন্দ্রনাথের হাতে আরো প্রানবন্ত হয়ে উঠেছিল। এই চলিত ভাষাই এখন পর্যন্ত বাংলা সাহিত্যে প্রধান প্রকাশমাধ্যম হয়ে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের নতুন প্রজন্মের কিছু লেখক এই চলিত ভাষার বিরুদ্ধেই মাঝে মাঝে বক্তব্য রাখছে এবং চলিত ভাষাকে শিক্ষিত অভিজাত শ্রেণীর মুখের ভাষা না হয়ে সাধারণ মানুষের মুখের ভাষা হিসেবে সাহিত্যে ব্যবহৃত দেখতে চায়। নতুন প্রজন্মের লেখকদের এই দাবির পেছনে মূল কারণ গণতান্ত্রিক মূল্যবোধ যার ভিত্তিতে তারা সংখ্যাগরিষ্ঠের মুখের ভাষাকে সাহিত্যের বাহন হিসেবে দেখতে চায়। তারা মনে করে শিক্ষিত মধ্যবিত্ত-উচ্চবিত্তের মুখের ভাষাকে সাহিত্যে ব্যবহার করে শুধু সংখ্যাগরিষ্ঠ মানুষকে অবহেলা করা হয় নি, ভাষার স্বতস্ফূর্ততা ও প্রাণবন্ত চরিত্রকেও বাধাগ্রস্থ করা হয়েছে। তাদের মতে সাধারণ মানুষের মুখের ভাষাই বেশি গতিশীল এবং সেখানে নিত্যই পরিবর্তন আসছে যার বিপরীতে শিক্ষিতদের চলিত ভাষা রক্ষণশীল এবং জড়তাদুষ্ট। সাধারণ মানুষ যেমন নিত্যনতুন উদ্ভূত পরিস্থিতিতে ভাব প্রকাশে নতুন শব্দ নিয়ে অনায়াসে পরীক্ষা-নীরিক্ষা করে এবং তা জনপ্রিয হয়ে গেলে সর্বত্র চালু হয়ে যায়, শিক্ষিতদের চলিত ভাষার সেই ক্ষমতা বা প্রবণতা নেই। তাদের মতে সাধারণ মানুষ যতটা পরিবর্তনশীল জীবনের মোকাবেলায় জড়িত শিক্ষিত মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত সেই পরিমাণে জড়িত হয় না। যার জন্য নতুন শব্দ তৈরির প্রয়োজন তারা একই ভাবে অনুভব করে না। তাছাড়া যেহেতু সামাজিক ভাবে ও অর্থনৈতিক ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যেই বেশি আদান-প্রদান হয় সেই জন্য সেই যোগাযোগের মাধ্যম হিসেবে তারাই ভাষার ব্যবহারে বেশি করে। শিক্ষিত মধ্যবিত্ত-উচ্চবিত্ত যতটা লেখে সেই অনুযায়ী মুখে বেশি বলে না। তাদের মুখের ভাষার এই সঙ্কুচিত রূপের জন্য তাদের লেখার ভাষার অগ্রগতি কম। এই বক্তব্যে যুক্তি আছে। শুধু বাংলা ভাষায় কেন, ইংরেজীতেও 'পথের ভাষা' 'স্ট্রীট ল্যাঙ্গুয়েজ'ই অভিধানে নিয়মিত ভাবে স্থান পাচ্ছে শিক্ষিত মধ্যবিত্তদের মুখ থেকে 'জারগন' জাতীয় শব্দ ছাড়া নতুন কিছু বের হচ্ছে না।

নতুন প্রজন্মের বক্তব্যে যুক্তি আছে তবে সাধারণ মানুষের মুখের ভাষাকে লেখার ভাষা করতে পেলে যে সব সীমাবদ্ধতা দেখা দেবে সেগুলিও মনে রাখতে হবে। প্রথমতঃ বাংলাদেশে সাধারণ মানুষের মুখের ভাষা একটি নয়, একাধিক এবং তাদের মধ্যে কোনো একটিকে প্রমিত বা সর্বজনীন বলে মেনে নেওয়া কঠিন। সিলেট, নোয়াখালী, চট্টগ্রামের মানুষের মুখের ভাষা এমন যে অন্য অঞ্চলের মানুষের কাছে তা প্রায় বোধগম্যই নয়। তাহলে সাহিত্যে কোন অঞ্চলের সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহৃত হবে? এখানে যে বিতর্ক দেখা দেবে তার শেষ নেই।

একটা সমাধান হিসেবে বলা যায় যে ক্ষেত্রবিশেষে এক এক ধরনের মুখের ভাষা লিখিত ভাষা হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন, প্রবন্ধ বা মননশীল লেখার জন্য সাধু ভাষা অথবা প্রমথ চৌধুরী প্রচলিত, রবীন্দ্রনাথ অনুসৃত চলিত ভাষাই ব্যবহার করা যায়, বাংলাদেশের প্রেক্ষিতে তার প্রয়োজনীয় সংস্কারের পর। মননশীল লেখায় এমন সব ধারণা বা তত্ত্ব স্থান পায় যার উপলব্ধিতে সর্বজনীনতা থাকা প্রয়োজন আর এই সর্বজনীনতা একটি প্রমিত ভাষাতেই নিশ্চিত করা যায়। প্রমথ চৌধুরী-রবীন্দ্রনাথের চলিত ভাষাই (সংস্কারসহ) হতে পারে সেই প্রমিত ভাষা। সৃজনশীল লেখা যেমন গল্পে, উপন্যাসে, নাটকে এবং কবিতায় বিভিন্ন অঞ্চলের মুখের ভাষা ব্যবহার করা হলে তাতে সাহিত্যের ক্ষতি হবে না, বরং লাভই আছে। নোয়াখালীর পটভূমিতে কেউ গল্প, উপন্যাস বা নাটক লিখলে সেখানে নোয়াখালীর ভাষাই ব্যবহৃত হতে পারে এবং বাস্তবতার নিরিখে তা যৌক্তিকও হবে। আলাউদ্দিন আল-আজাদ কর্ণফুলী উপন্যাসে চট্টগ্রামের ভাষা ব্যবহার করেছেন সফলভাবে। তার বেশ কিছু পর নোয়াখালীর ভাষা ব্যবহার করে নাটক লিখেছেন সেলিম-আল-দীন (হাত হদাই)। অঞ্চলিক মানুষের মুখের ভাষা ব্যবহারের জন্য এদের সাহিত্যগুণ বিঘ্নিত হয়েছে একথা কেউ বলে নি, বরং লেখা আরো প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ হতে পেরেছে। আগুনপাখি নামের সম্পূর্ণ উপন্যাসটিই লিখেছেন রাঢ় অঞ্চলের মানুষের মুখের ভাষা ব্যবহার করে হাসান আজিজুল হক, যা দুই দেশে পুরস্কৃত হয়েছে। কোনো বিশেষ অঞ্চলের নয়, শঙ্কর জাতীয় মুখের ভাষা ব্যবহার করে ইদানিং কবিতা ও ছোটগল্প লিখেছেন কেউ কেউ। খোয়াবনামায় বগুড়া অঞ্চলের ভাষা সংলাপে ব্যবহার করে উপন্যাসটিকে গুরুত্বপূর্ণ করে তুলতে পেয়েছেন আখতারুজ্জামান ইলিয়াস। এমন আরো অনেকের নাম করা যায় যাঁরা সাধারণ মানুষের মুখের ভাষা গল্পে, উপন্যাসে, নাটকের চরিত্রের সংলাপে ব্যবহার করেছেন। নতুন প্রজন্মের দাবি অনুযায়ী যদি সেই মুখের ভাষা কেবল সংলাপে নয়, লেখার সব জায়গাতেই থাকে তাহলে ক্ষতির কিছু নেই, হয়তো তার ফলে অর্থোদ্ধারে পাঠকের সময় লাগবে। এর জন্য অনুঘণ্ট তৈরি করে শব্দার্থের তালিকা দেওয়া যেতে পারে।

সৃজনশীল কাজে সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহার করা গেলে মননশীল লেখায় তার ব্যবহার কেন করা যাবে না, এই প্রশ্ন উঠবে। এর উত্তরে বলা যায় সাধারণ মানুষ দৈনন্দিন জীবনের নানা কাজের প্রয়োজনেই কথা বলে যেখানে সূক্ষ্ম-চিন্তা, তত্ত্বাবলী প্রকাশ প্রধান নয়। এখানে ভাষার বৈদগ্ধের প্রয়োজন পড়ে না বা ভূমিকা নেই। কিন্তু মননশীল লেখায় এসবই প্রধান উপজীব্য বা উপকরণ। অন্যভাবে বলতে গেলে সাধারণ মানুষের মুখের ভাষা মনের কথা যতটা স্পষ্ট করে বলতে পারে মননের কথা তেমন করে হয় না। শিক্ষিতদের মুখের ভাষাই (চলিত ভাষা) এই কাজে বেশি পারঙ্গম। যেহেতু শিক্ষিত মধ্যবিত্তরাই মননশীল কাজে বেশি নিয়োজিত সেই জন্য তাদের মুখের ভাষা নিয়ে যে প্রমিত 'চলিত ভাষা' ব্যবহৃত হয়ে আসছে তাকেই প্রাধান্য দিতে হয়। এটা ভাষার ব্যবহারে এক ধরনের শ্রমের বিভাজন বা ডিভিশন অফ লেবার। এর মধ্যে কি শ্রেণীবৈষম্য বা বিভাজনকে প্রাধান্য বা প্রশ্রয় দেয়া হচ্ছে না? প্রশ্রয় বা প্রাধান্য নয়, স্বীকৃতি দেওয়া হচ্ছে বলাই ভালো কেননা এখানে এমন বক্তব্য রাখা হচ্ছে না যে যারা নিম্নবিত্ত তাদের কেউ শিক্ষিত হয়ে মননশীলতার চর্চায় নিয়োজিত হতে পারবে না এবং মননশীল লেখার জন্য প্রমিত চলিত ভাষা ব্যবহারে তারা অনুপযুক্ত বলে বিবেচিত হবে। নিম্নবিত্ত যতই ওপরের দিকে উঠবে সেই হারে আঞ্চলিক মুখের ভাষার অধিকারী হবার সঙ্গে সঙ্গে তাদের পক্ষে প্রমিত চলিত ভাষার অধিকারীও হওয়া সম্ভব হবে। ভাষার ক্ষেত্রে তখন শ্রেণীবৈষম্যের দেয়াল অচলায়তন সৃষ্টি করবে না। একই ব্যক্তি শিক্ষিত হয়ে আঞ্চলিক ভাষায় যেমন সৃজনশীল সাহিত্য চর্চা করবে, তার পক্ষে প্রমিত চলিত ভাষা অর্জন করে মননশীলতার ক্ষেত্রেও অবদান রাখা সম্ভব হবে। এই সম্ভাবনা আছে তবে তা কবে বাস্তব রূপ নেবে সে সম্বন্ধে নিশ্চিত করে কিছু বলা যায় না। শিক্ষার হার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নিম্নবিত্ত্বের ও দরিদ্র জনগণের অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে এটুকু অনুমান করা যায় যে এই প্রক্রিয়া হবে বেশ ধীর এবং প্রলম্বিত। এতে ভাষার গণতন্ত্রীকরণে যারা আগ্রহী তাদের হতাশ হবার কারন নেই, কেননা মননশীল লেখায় শিক্ষিত নিম্নবিত্তদের অংশগ্রহনের পথ প্রশস্ত না হলেও শিক্ষিত মধ্যবিত্ত যারা এই সব শাখায় লিখবেন তাঁরা সকল শ্রেণীর কথা মনে রেখেই, তাদের সমস্যার প্রতিফলন ঘটিয়েই লিখবেন। মননশীল লেখা শিক্ষিত সমাজের প্রমিত চলতি ভাষায় লেখা হলেও তা শুধু তাদের কথা বলবে না। অভিজ্ঞতা থেকেই এই উপসংহারে আসা যায়।

ঢাকা, ১/৫/৮

hasnatah@bdcom.com