অলস ভাবনাঅলস ভাবনা
নতুন কোনো কথা নয়: ভাবনা নিরবয়ব; কাজের রূপ আছে। দুইয়ের মাঝখানে যে দূরত্ব তা জোর করে দেখানোর প্রয়োজন পড়ে না। এই দূরত্ব স্থায়ী হবে, এমন কথা নেই। একে দূর করা যায়, দূর হয়ে থাকে যখন ভাবনা
……
হাসনাত আবদুল হাই
………
আর কাজ কাছে আসে, মিলে একাকার হয়ে যায়। ভাবনাকে তখন পৃথক করে শনাক্ত করা যায় না, তাকে ধারণ করে কাজ মাথা উঁচু করে। কাজের এই গৌরবে ভাবনার ভূমিকা থাকে। ভাবনা সফল হলেই কাজের রূপ নেয়। সেখানেই তার জয়। এ থেকে বেশ বোঝা যায় ভাবনার অন্য পিঠ হলো কাজ। উল্টো করে দেখলে, কাজের পেছনে থাকে ভাবনা। দুইয়ের সম্পর্ক নিবিড়। অনেক ক্ষেত্রে তাই হয়ে থাকে, আবার কখনো তা হতে পারে না। দুইয়ের মাঝখানে তখন দূরত্ব থেকেই যায়। ভাবনা ইচ্ছা করলেও কাজ হয়ে উঠতে পারে না। কাজের রূপ থাকে বলে ভাবনাকে কাজে লাগাতে হয়। সেটা তার কাজ নয়, অন্যের। যিনি ভাবেন, ভাবনাকে স্পষ্ট করে তোলেন, তিনি পারেন কাজ শুরু করে দিতে। আবার কখনো তাকে নির্ভর করতে হয় অন্যের ওপর। যিনি ভাবেন আর যিনি কাজ করে সেই ভাবনাকে রূপ দেন তারা এক ব্যক্তি নাও হতে পারেন।
সব ভাবনারই অন্য পিঠে কাজ থাকে না। শুরু থেকে শেষ পর্যন্ত অশরীরী হয়ে থাকতে পছন্দ করে কিছু ভাবনা। অলস ভাবনা এই শ্রেণীতে পড়ে। অলস ভাবনা শুধু ভাবতেই ভালবাসে। কাজের দিকে হাত মেলাতে, বা পা বাড়াতে তার আগ্রহ নেই। অলস ভাবনা কাজের দিকে পিঠ ফিরিয়ে থাকে। কাজ তার শুধু অপছন্দ না, কাজ না থাকার জন্যই সে জেগে ওঠে। কিন্তু অলস ভাবনারও একটা কাজ থাকে। এই কাজ হলো সময় কাটানো। অবসরের সময় অনেক কাজেই কাটানো যায়। অলস ভাবনায় সময় কাটানো সহজ, একেবারেই অনায়াস। সিনেমার চরিত্র ওয়াল্টার মিটির মত অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে কেবল অলস ভাবনার হতে ধরেই। তখন শুধু সময় কাটানো না, অচরিতার্থ অনেক বাসনাও পূরণ হয়ে যায়। যেমন হয়েছিল খুব সাধাসিধে চরিত্র ওয়াল্টার মিটির। অ্যালান সিলিটোর "দি লোনলিনেস অফ এ লং ডিসটান্স রানার" উপন্যাসের নায়কও এমন দিবাস্বপ্ন দেখতো। অলস ভাবনা আর দিবাস্বপ্নের মধ্যে খুব একটা পার্থক্য নেই। যে ভাবেই আসুক, অলস ভাবনা কল্পনার জগতে উদ্দেশ্য ছাড়াই কাউকে নিয়ে ঘুরে বেড়াতে (উড়ে যেতেও) এক পায়ে দাঁড়িয়ে থাকে। ডাকলেই অলস ভাবনা কাছে এসে যায়। কাজের মানুষকে সে পায় না, কিন্তু যার ব্যস্ততা নেই অথবা যে ব্যস্ত থাকে তার ক্লান্তিশেষের অবসরে তাকে সঙ্গ দিতে সে সর্বদাই প্রস্তুত। অলস ভাবনাকে তাই বলে তুচ্ছ, অকিঞ্চিৎকর মনে করার কারণ নেই। তারও 'কাজ' কাছে যা চোখে পড়ে না, কিন্তু বেশ কাজের। অলস ভাবনা মস্তিষ্ককে ব্যস্ত রাখে। মস্তিষ্ককে সব সময় ব্যস্ত রাখতে হয়; কাজের মধ্য দিয়ে অথবা কাজের ভাবনা দিয়ে। যদি এ দুইয়ের কোনোটাই হয়ে না ওঠে তাহলে অলস ভাবনা দিয়েই মস্তিষ্ক সক্রিয় রাখতে হবে। জগৎ-সংসারের হিসাবে যে ব্যস্ততা ফলপ্রসূ এ অলস ভাবনা সেই ব্যস্ততা এনে দেয় না কিন্তু মানুষের জীবনে তার কোনোই ভূমিকা নেই, এমন বলা যাবে না। তবে এই ভূমিকা যে সব সময়ই ইতিবাচক হবে তার কোনো নিশ্চিতি নেই। অলস ভাবনা অবসর সময়ের মস্তিষ্ককে এমনভাবে ব্যস্ত রাখতে পারে যার পরিণতি শুভ না হয়ে অশুভ হতে পারে। কথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা? অলস ভাবনা দ্বি-মুখী তলোয়ার। তার যেমন ভালো দিক আছে অন্যদিকটা দুশ্চিন্তার হতে পারে। অলস ভাবনাকে লাগাম ছাড়া করলেই সমূহ বিপদ।
ভাবনা যে ধরনেরই হোক তাদের মধ্যে এক জায়গায় মিল রয়েছ। সব ভাবনাই স্থান, কাল আর পাত্র নির্ভর। পাত্রের কথাই আগে বলা যাক কেননা ব্যক্তি বিশেষ ব্যতিরেকে ভাবনার সূচনা হতে পারে না। রোবটকে আজকাল কথা শেখানো হচ্ছে। আর্টিফিসিয়াল ইনসেমিনেশনের মতো আর্টিফিশিয়ালি ইন্টালিজেন্স জনপ্রিয় করতে বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন। জাপানের সনি কম্পানি এই পর্যন্ত আইবো নামের কুকুরকে নিজে নিজে সিঁড়ি পার হতে, ফুটবলে লাথি দিতে শিখিয়েছে। এখানে হয়তো আরো অগ্রগতি হবে। কিন্তু কুকুর, কি মানুষরূপী রোবটকে যতই ভাবতে শেখানো হোক তাদের ভাবনা হবে নিয়ন্ত্রিত, পূর্বপরিকল্পিত। রোবটিক ভাবনায় স্বতঃস্ফূর্ততা নেই, যা আছে রক্তমাংসে তৈরী মানুষের। সব ধরনের স্বতঃস্ফূর্ত ভাবনার জন্যই চাই মানুষ, যার চেতনা আছে। মানুষের শুধু চেতনা থাকে না, পরিবেশ এবং অভিজ্ঞতার ভিত্তিতে তার ব্যক্তিত্বও গড়ে ওঠে। একজন মানুষ কী ভাববে, ফলপ্রসূ ভাবনাই হোক অথবা অলস ভাবনা, তা যতটা নির্ভর করে তার চেতনার ওপর ততটাই, কিংবা তার চেয়েও বেশি, তার ব্যক্তিত্বের ওপর। সব মানুষের ব্যক্তিত্ব এক নয় বলে তাদের ভাবনার পরিধি আর প্রকৃতিও বিভিন্ন হয়। ভাবনার বিষয়টির বিবেচনায় প্রথমেই তাই পাত্র বা ব্যক্তি এসে যায়। সবার অলস ভাবনা এক হয় না বলেই বিষয়টা কৌতূহলের।
পাত্রের মত স্থান এবং কালও ভাবনার পরিধি ও চরিত্র নির্ধারণ করে থাকে। পরিপ্রেক্ষিত আর সময় অনুযায়ী ভাবনার উদ্রেক হয়, তার গতিপথ দেখা যায়। ফলপসূ ভাবনা, নিষ্ফল ভাবনা (যা কাজে রূপান্তরিত হয় না) আর সবচেয়ে শেষে, কিন্তু একেবারে গুরুত্বহীন নয়, 'অলস ভাবনা' স্থান-কালেরই সৃষ্টি, কেননা ব্যক্তিকে স্থান-কাল নিরপেক্ষ ভাবা যায় না।
ভাবনার জগতটা খুব বড়। সব কিছু নিয়ে লিখতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। হু। অনেক ভাবতে হবে। তেমন সময় কোথায়? যে বলবে তার এত সময় নেই, যারা শুনবে বা পড়বে তাদেরও। না, এখানে কোনো প্রতিশ্র"তি নেই। শুরু হলে অলস ভাবনাই চলতে পারে অব্যাহত ভাবে। 'বিগিনিং অফ দা এন্ড' বলে একটা কথা আছে না? শুরু থেকে শেষ পর্যন্ত সে অলস হয়েই থাকবে।
আগে থেকেই বলে নেওয়া ভালো অলস ভাবনায় কী আসতে পারে। সংক্ষেপে বলতে গেলে সব কিছুই যা ভাবনার বিষয় হয়, আলোচনায় এসে যাবে। দৈনন্দিন জীবনে দেখে-শুনে এবং পড়ে অনেক ধরনের অভিজ্ঞতাই হয়। কোনো অভিজ্ঞতার প্রতিক্রিয়া তাৎক্ষণিক, কোনোটি হয়ে যায় স্থায়ী। অলস ভাবনায় এই দুই ধরনের অভিজ্ঞতাই আসতে পারে। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা মনে আসে, তাই প্রধান্য পাবে এখানে। অলস ভাবনা দীর্ঘস্থায়ী হয় না। তাই তার বিষয়ও কোনো বিশেষ মুহূর্তের অভিজ্ঞতা হওয়াই স্বাভাবিক। 'বিশেষ মুহূর্তের অলস ভাবনা' এই শিরোনাম দেওয়া যেত। কিন্তু পাঠককে ছোট করে দেখলে চলবে কেন? শুধু 'অলস ভাবনা'ই থাক। এমন শিরোনাম অন্যেরা ব্যবহার করেছে? তাতো করবেনই। যারা 'অলস ভাবেন' তাদের মধ্যে মিল আছে যে!
মার্চ ২০০৮
