আলের পাড়ে বৈঠকএকজন কালা ও তার কম্যুনিজম
আমাদের ছোটবেলা মানে ১৯৮৫-৮৬ সাল। কেউ ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, কেউ দিব। তো এর আগে স্কুল আর বাড়ি, বাড়ি আর স্কুল–মাঝে যাত্রা কিংবা ফুটবল খেলার মাঠ–বাবা অথবা ভাইয়ের হাত ধরে যাওয়া। বড়জোর একা একা বাজার পর্যন্ত যাবার সুবর্ণ সুযোগ কারো কারো হতো। অর্থনৈতিক অবস্থা যাদের ভাল ছিল না, তাদের জন্য এমন বাধ্যবাধ্যকতা ছিল না। নুন আনতেই যাদের পান্তা ফুরোয়, সেসব পরিবারে বাবা-মা তার সন্তানের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখতে এমনিতেই পারতেন না। এটাই ছিল আমার বাইরে যাবার একমাত্র সুযোগ। বাইরে মানে বাজার।
তখনই লুকিয়ে লুকিয়ে আমরা সিগারেট খাওয়া শুরু করেছিলাম। আমাদের বন্ধু এরশাদ মাহমুদ শ্যামল। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে চিটাগাং থেকে চলে এল গ্রামে। ওর বাবা চাকরি থেকে অবসর নিয়েছে। অবসর নিয়ে অধিকাংশ বাবা কিংবা চাকুরিজীবীরা গ্রামে ফেরেন, জীবনের শেষ দিনগুলির জন্য। শ্যামল আমাদের শহরের বন্ধু হয়ে গেল। ওর কাছ থেকে শাহরিক অনেক নাম, অনেক ব্যাপার-স্যাপার আমরা বুঝতে পারতাম। কীভাবে মেয়েদের টিজ করে, কীভাবে প্রেম করে, কীভাবে প্রথম একটি মেয়েকে ছুঁইয়ে দিতে হয়। বিয়ের পর কেন সন্তান হয়, বিয়ে না করেও যখন কারো পেটে সন্তান আসলো, তা কীভাবে হল ইত্যাদি ইত্যাদি। ও কথা বলতো শহরের ভাষায়। আমরা–আমি হান্নান, উত্তম, অনু ও মিলু বলতাম গ্রামের ভাষায়। ফলে শ্যামলের মধ্যে সব সময় একটু এগিয়ে থাকার ভাব থাকতো। সিগারেট খেয়ে চকলেট খেলে মুখ থেকে সিগারেটের ঘ্রাণ দূর হবে, কিংবা একটা লেবু পাতা পকেটে নিয়ে ঘরে ফিরলে সিগারেটের ঘ্রাণ পাওয়া যাবে না–এই তথ্য আমরা শ্যামলের কাছ থেকেই প্রথম জেনেছিলাম।
আমরা তখনো রাজনীতি বলতে বুঝতাম সরকারি দল আর বেসরকারি দল। এখনকার মতো ১০০১টি পার্টির নাম আমরা জানতাম না। তবে কম্যুনিস্ট পার্টি বুঝতাম। কিন্তু মার্কসিস্ট বুঝতাম না। আমাদের গ্রামের সাধারণ মানুষের কাছে তখন কম্যুনিস্ট পার্টি মানে নাস্তিক পার্টি। কিন্তু সবাই তাদের বেশ সমীহ করতো, শ্রদ্ধা করতো। কম্যুনিস্ট নেতারা স্কুলের মাঠে যখন বক্তৃতা দিতেন আর হাজার হাজার মানুষ ঘাসে বসে শুনতো তাদের কথা, গরিবদের প্রতি ধনীলোকদের অবিচারের কথা তখন গা যে কারুরই শিউরে উঠতো। আমার তখন কেবলি মনে হতো, এরা তো সবাই নবীদের মতো। কখনো নবীদের চেয়ে এদেরকে আরো বেশি নম্বর দিতে ইচ্ছে হতো। (আজ অবশ্য নবীদের কথা আমাকে আর আলোড়িত করে না।) তাদের কথা শুনে অনেকদিন আমার মনে হয়েছে, এই যদি মানুষের স্বপ্ন হয়–সবার সমান ভাগ, কেউ বেশি কেউ কম পাবে না। সবার কাজ করে খেতে হবে। কেউ বসে বসে খেতে পারবে না। সবার মর্যাদা হবে মানুষের মর্যাদা, তাহলে মানুষ আবার অন্য পার্টি করছে কেন? সবারই তো এক পার্টি করার কথা! আমার রক্ত টগবগ করতো, আমার স্বপ্নগুলো তাদের বক্তৃতার কণ্ঠে উচ্ছ্বসিত হয়ে আরো বড় বড় চোখে তাকিয়ে থাকতো–কবে আমি বড় হব, কখন আমিও এই পার্টিতে একাত্ম হব।
কখনো ক্ষেতমজুরদের সমাবেশ হতো। সেখানেও মিহির বাবুকে প্রধান বক্তা হিসেবে দেখা যেত। সারের দাম বাড়লো কেন, এই জিজ্ঞাসা নিয়ে যখন স্কুল মাঠে ক্ষেতমজুরদের সমাবেশ চলতো তখন একজন কালাকে দেখে মনে হতো স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি। দেয়ালে দেয়ালে লাল রঙের চিকাগুলি আরো লাল হয়ে আমাকে টানতো। মনে আছে, একটি দেয়াল পঙ্ক্তি পড়ে আমি একটি বই কিনেছিলাম, সুকান্ত সমগ্র। 'বেজে উঠলো কি সময়ের ঘড়ি?/ এসো তবে আজ বিদ্রোহ করি।' নিচে একটি নাম–সূকান্ত ভট্টাচার্য। আর সেই ক্লাস নাইন, সেই চৌদ্দ বছর বয়স–সেই বর্গাচাষীর ছেলেও লিখেছিল–'আমার যে হাতে গোলাপ ফোটে/ আমি সেই হাতে স্টেনগান নেব/ ঝরাতে বাগানের দুষ্টগোলাপ।'
বাজারের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরে ছিল কম্যুনিস্ট পার্টির ঠিকানা। এখানে আলো কম ঢুকতো। আর কম আলোয় বসেই তারা এক একজন আলোকের ছেলেমেয়ে হয়ে উঠতেন। বড় একটা টেবিল, টেবিলের উপর সবসময় একটা না একটা খবরের কাগজ থাকতো। পুরনো কাঠের আলমারি। সেখানে শোভা পেত আরও পুরনো বই–যে বইয়ে নতুন দিনের কথা লেখা আছে। চারপাশে পুরনো ভাঙাচোরা কয়েকটি চেয়ার ও দুটি বেঞ্চ। চেয়ারে সবাই বসতো না। যারা চেয়ারে বসতো তারা সব সময়ই চেয়ারে বসতো। আর যারা বেঞ্চে বসতো তারা সব সময়ই বেঞ্চে বসতো। কালা নামের লোকটি, বেঞ্চের এক কোণে চুপটি মেরে বসে একটার পর একটা বিড়ি টেনে যাচ্ছেন। কোনো কথা বলেন না। মাঝে বড় বড় তর্ক শুনছেন। রাশিয়ার অবস্থা কী। কিউবার ফিদেল ক্যাস্ট্রো কী বলেছেন। আরো অনেক বড় বড় চিন্তার কথা–গ্লাসনস্ত, পেরেস্ত্রয়িকা! কালাকে সব সময়ই এই ঘরে পাওয়া যাবে। গায়ে একটা সতরঞ্চি। ময়লা খদ্দরের ফতুয়া, পরনে কমদামি লুঙ্গি, তাও অনেক জায়গা ছিঁড়ে কালো রং উঁকি দিচ্ছে। যারাই পত্রিকা পড়তেন তাদের প্রত্যেকেই দেখতাম সাপ্তাহিক একতা ও দৈনিক সংবাদ পড়ছেন। আমার লোভ ছিল সংবাদ সাময়িকী ও একতা'র প্রতি। সপ্তাহের একদিন অন্তত দৈনিক সংবাদ সাময়িকী পড়া চাই। কিন্তু কীভাবে? মাঝে মাঝে আমি গিয়ে বেঞ্চে বসতাম, কিছুক্ষণ আলোচনা শুনতাম। হাত থেকে হাত বদল হচ্ছে পত্রিকা কিন্তু হাত থেকে টেবিলে আসছে না। ফলে অনেক দিন পড়ার ইচ্ছা চেপে রেখেই বাড়ি ফিরে আসতে হতো। আর ভাবতাম কবে একটা পত্রিকা কিনে পড়ার যোগ্যতা অর্জন হবে!
এইভাবে অনেক দিন গেল, আমি কারো শুভদৃষ্টি অর্জন করতে পারলাম না। তারপর ভাবলাম, কখন এখানে সবচেয়ে কম লোক থাকে সে সময়টা যদি জানা যায় তবে হয়তো পড়তে পারবো। কিন্তু এই কয়েক দিনে আমাকে কেউই একবারও জিজ্ঞেস করেনি, আমি কে। জিজ্ঞেস না করলে তো অধিকারও জন্মায় না। মনে মনে এসব মুনিঋষিতুল্য লোকদের অনুভূতির দারিদ্র্যকে তিরস্কার করতাম; কেননা তাদের স্বপ্নের কাছাকাছি থেকেও আমি তাদের লোক হতে পারছি না। তারা আমাকে চিনতে পারছে না। ততদিনে অনেক সাময়িকী পুরনো হয়ে গেছে। আবার সবসময়ই তো আমার আসাও সম্ভব নয়। তাহলে কী হবে! আমি সপ্তাহের শুক্রবার সকাল ১০টার সময়টা বেছে নিলাম।
একদিন গিয়ে দরজায় দাঁড়াতেই দেখি মিহির বাবু ততক্ষণে এসে পড়েছেন। কালা হাজির তারও আগে। আমি ভিতরে ঢুকে বেঞ্চে বসলাম। মিহির বাবু রাশিয়া থেকে আনা পুরু লেন্সের চশমার ভিতর দিয়ে তাকালে এমনিই সন্ত্রস্ত্র হতে হতো। তারপর এত জ্ঞানী মানুষ! আমার দিকে তাকিয়ে একবার জিজ্ঞেস করলেন: 'তুই কার পোলা রে?' আমি উত্তর বললাম। সে নিরুত্তর রইল। বুঝলাম, গুরুত্ব মেলল না। কিছুক্ষণ পর আবার প্রশ্ন–'কোন ক্লাসে পড়িস?' উত্তর দিলাম–'নিউ টেনে।' তারপর আর কোনো প্রশ্ন করলেন না। কালা আমাকে বললেন, "পত্রিকা পড়বা?' আমি বললাম–'জ্বি'। তখন কালাকে, এই তুচ্ছ নামে ডাকা একজন মানুষকে আমার প্রকৃত অন্তর্যামী মনে হয়েছিল। তখনো তার সম্বন্ধে খুব কিছু জানি না। একটি প্রশ্নই আমাকে তার সম্বন্ধে জানতে উৎসাহী করে তুললো। পত্রিকায় আমার আগ্রহ দেখে কালা বলল–'ভিড় না থাকলে আইস্যা মাঝে মাঝে পইড়ও।' কিন্তু মিহির বাবুর সম্পর্কে আমার উৎসাহ কমে গেল। তারা মানুষের সমান হওয়ার কথা বলে অথচ আমাকে 'তুচ্ছ' করে ডাকলেন। কিন্তু আমার এক বন্ধুকে 'তুমি' করে ডাকতেও শুনেছি।
কালার পুরো নাম কখনো জানি না। মিচমিচে কালো গায়ের রঙ, একই পোশাকে দিনের পর দিন পার করা, দারিদ্র্য আর প্রচলিত সমাজকাঠামোর শিক্ষাপদ্ধতির সুযোগ বঞ্চিত (আমি বলবো এসবের ধার না ধারা এই গ্রাম্য লোকটি) লোকটিকে দেখে কখনোই মনে হতো না দ্বান্দ্বিক বস্তুবাদ কিংবা মার্কসের দাস ক্যাপিটাল-এর মতো কঠিন কঠিন বিষয়গুলির সঙ্গে তার কোনো যোগাযোগ আছে। তার দিকে তাকালে 'সমাজতন্ত্র' এই শব্দটি আমার কাছে আরো বিস্ময়কর হয়ে যেত। তামাক সেবনের জন্য কার্ল মার্কসের মতো তার পাইপ ছিল না। কিন্তু দুই আঙুলের ফাঁকে একটা গৌরনদীর সমবায় সমিতির শ্রমিক বিড়ি রেখে তিনি যখন ঊর্ধ্বমুখে, দূরের চোখে তাকাতেন, তখন সত্যি সত্যি মনে হতো–কালা'র বিপ্লব আসন্ন। এই কালা একদিন নিজ উদ্যোগে আমাকে ডেকে বললেন, 'সমাজতন্ত্র তোমার পছন্দ হয়?' আমি বুঝতে পারছি না উত্তরটা কীভাবে দেব। আমার মনে নিশ্চয় সেদিন এরকম উত্তর (যা একজন কিশোর সেদিন গুছিয়ে বলতে পারেনি) ছিল, 'অবশ্যই, কিন্তু তা যদি আপনার স্বপ্নের আদলে হয়, তবে পছন্দ।' একজন কালা আমাকে তখন সমাজতন্ত্র বোঝাতে চেষ্টা করছেন–'পৃথিবীর প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সমস্ত সম্পদের প্রতি সব মানুষের অধিকার আছে। এই অধিকার সবার সমান। কেউ কমবেশি পাবে না। কেউ ছোট বড় হয়ে জন্মায় না, সব জন্ম সমান। অবশ্য সব মৃত্যু সমান নয়। কোনো মৃত্যুতে ক্ষতি বেশি। মর্যাদার দিকে থেকে সব মানুষ প্রথমত মানুষ। তারপর তার আলাদা আলাদা গুণের প্রতি শ্রদ্ধা জানানো হোক। আরেকটা জরুরি বিষয়, সম্পদের ওপর আমার অধিকার আছে বলেই আমি বসে বসে ভাগ পাব, তা নয়। প্রত্যেকেরই জন্য চাই শ্রমের সুষম বণ্টন। সবার পরিশ্রমের সময় নির্দিষ্ট করতে হবে। সবাইকে শ্রম দিতে হবে, দিতে হবে ন্যায্য পারিশ্রমিক। আরো অনেক বিষয় আছে এমনি গুরুত্বপূর্ণ, তুমি ধীরে ধীরে সব বুঝতে পারবে?'
কালা যখন পৃথিবীর অসমান ধারণা পাল্টে দেয়ার স্বপ্নে বিভোর, এর মধ্যেই তার স্বপ্নের সমাজতন্ত্রের আপাতত সন্ধ্যা নামল। অবশ্য সে সময়ে বিশ্বজুড়ে চলমান সমাজতান্ত্রিক ব্যবস্থা কালা'র হুবহু যে পছন্দ ছিল না, তা এখন আমার কাছে ফর্সা। রাশিয়ায় লেলিনের মূর্তি ভেঙে ফেলা হলো। চিনে সমাজতন্ত্রী ও বুর্জোয়াদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। ভারতসহ অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলিতে সমাজতন্ত্রের পতন শুরু হলো। পুঁজিবাদ ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা চালু হল। এর অনেকদিন পর আমিও স্কুল ছেড়ে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ দিয়ে হাঁটাহাটি শুরু করলাম। এমন এক উত্তাল দুনিয়ার অস্থির সময়ে গ্রামে ফিরলাম আমি। কালার সঙ্গে অনেকদিন দেখা নাই। গ্রামের এক বিকেলে মাটির রাস্তায় আমার সঙ্গে তার দেখা। 'কেমন আছেন?' জানতে চাইলে উত্তর না দিয়ে তিনিই প্রশ্ন করলেন–'তুমি ভাল আছো?' আমি বললাম, 'প্রশ্নটা তো আমিই আগে করেছি, আপনি উত্তর দেননি। এটা কি বুর্জোয়া মনোভাব নয়?' কালা নিঃসঙ্কোচ। নিরুত্তাপ। নিরুদ্বিগ্ন। বললেন, 'তোমার কেমন আছি প্রশ্নটা আমি বুঝিনি, এই তো ভাবছো! তোমাদের বুর্জোয়া সমাজ, এই সমাজের সবকিছু– শিক্ষাদীক্ষা, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, আচার-আচরণ এভাবেই তোমাদের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়। তোমরা তো প্রথমে টের পাও না। পরে পেলেও তোমাদের খারাপ লাগে না, অভ্যস্ত হয়ে ওঠো। ব্যাপারটা ঠিক এ-রকম, যে লোকটি প্রথম একটি মৃত্যুদৃশ্যের মুখোমুখি হয়েছে, সে এটা সামলে উঠতে সহজে পারে না, যতদিন না সে আরো একটি মৃত্যুদৃশ্য দেখে। ধীরে ধীরে মৃত্যুদৃশ্যগুলি তার কাছে স্বাভাবিক হয়ে যায়। ডোম কি একদিনে ডোম হয়, হয় না। ডোমের ছেলেই ডোম হয়। প্রাত্যহিকতার মতো। দেখ, তোমার প্রশ্ন আমি বুঝেছি। তোমাকে বলে রাখি, যে সমাজতন্ত্রের পতন নিয়ে আজ তুমি আমাকে উপহাস করার চেষ্টা করলে–আমি সে সমাজতন্ত্রের স্বপ্ন কোনোদিনই দেখিনি। এ-রকম স্বপ্ন তোমাদের বুর্জোয়া সমাজের শিক্ষিত সমাজতান্ত্রিকরা দেখেছিল। সেটার পতনও হয়েছে। এই সমাজের সমাজতন্ত্র অনেকটা নাস্তিকের প্রার্থনার মত। বাইরে তারা সাম্যবাদী। ঘরে ঢুকে দরজা বন্ধ করলেই বুর্জোয়া। আসলে ঘরের ভিতরটাই ছিল তাদের আসল রূপ! আসল রূপ এতদিনে বেরিয়ে পড়েছে। এটাই সমাজতন্ত্রে দূরযাত্রার বিজয়! আমি মনে করি বিরাট কোনো পরিবর্তন আকস্মিক হয় না। এর জন্য ধীরে ধীরে একটা ধবংসস্তূপ দরকার। কেবলমাত্র ধবংসস্তূপের মধ্যেই আবার সমাজতন্ত্রের একটা নতুন গাছ জন্মাবে। আমার কী হবে? ততদিন আমি থাকবো কি-না এসব প্রশ্ন অবান্তর। এটা লোভীদের আকাঙ্ক্ষা। আমার নয়।'
আমি আর কালাকে কোনো প্রশ্ন করার সাহস পাইনি। তারপর অনেকদিন কেটে গেছে। কালাকে এখন আমি আর কোথাও দেখি না। মিহির বাবুকে অবশ্য মাঝে মাঝে দেখা যায়। অন্যভাবে, অন্যখানে।
২৫/৬/২০০২
