২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলধি: সীমান্তে চিঠি হাতে সাহিত্যের পোস্টম্যান

ইশরাত তানিয়া

Published : 06 Oct 2019, 10:33 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


লিটল ম্যাগাজিন বা ছোট কাগজ শিল্পসাহিত্যের প্রতিষ্ঠিত ধারাকে চ্যালেঞ্জ করে ব্যতিক্রমধর্মী চিন্তাধারা ও মতামত ব্যক্ত করার অবাণিজ্যিক মুদ্রিত বাহন। লিটল ম্যাগাজিন প্রতিনিধিত্ব করে নতুন চিন্তা-ভাবনা আর দর্শন, মতবাদ। পাশ্চাত্যের আদলে বাংলা ভাষায় ছোট কাগজের চর্চা বহু আগেই শুরু হয়েছে। বাংলাদেশে ছোট কাগজের উত্তরাধিকারের তালিকাভুক্ত সমৃদ্ধ পত্রিকাগুলোর মধ্যে জলধি অন্যতম। ২০১৭ এর ২৬ মার্চ জলধির যাত্রা শুরু হয়। আত্মপ্রকাশের অল্প সময়ের মধ্যেই আটটি সংখ্যা প্রকাশিত হয়েছে। এর মধ্যে দুটি সংখ্যা বাদে বাকী ছয়টি সংখ্যাই ইস্যুভিত্তিক। যেমন- কবিতার কারুকাজ, গল্প সংখ্যা, সময়ের গল্পস্বর, গল্পকবিতার যুগলবন্দী, বই আলোচনা ইত্যাদি।
সনাতন ধারাকে দূরে সরিয়ে জলধির প্রতিটি সংখ্যায় স্বতন্ত্র্য কিছু করার ভাবনা থাকে। জলধির তৃতীয় বর্ষের দ্বিতীয় সংখ্যাও (আগস্ট ২০১৯ প্রকাশিত) এর ব্যতিক্রম নয়। নান্দনিক প্রচ্ছদের ৪০০ পৃষ্ঠার 'দু'পার বাংলার বই: পাঠ-পর্যালোচনা' সংখ্যাটির শুধু পাতা উল্টালেই সম্পাদক নাহিদা আশরাফীর মেধা, শ্রম, পরিকল্পনা, সময় ও ব্যবস্থাপনা দক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই দুচার কথায় জলধি নিয়ে কিছু বলা মুশকিল। এই কর্মসাধন যেন ভাবনার অতীত! বাংলাদেশ ও পশ্চিম বাংলার ৬৫টি বইয়ের আলোচনায় এই সংখ্যাটি ঋদ্ধ হয়েছে। দু'পার বাংলার কবিতা, গল্প,উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ, আত্মজীবনী ও সাহিত্যের ছোট কাগজ নিয়ে আলোচনা মিলিয়ে এ এক পরিপূর্ণ আয়োজন। এতে ২০১৯ এ দু দেশের বইমেলায় প্রকাশিত এপার ওপারের বারোটি গল্পগ্রন্থ, তেরটি উপন্যাস, ছয়টি প্রবন্ধ, চারটি অনুবাদ গ্রন্থ, বাইশটি কাব্যগ্রন্থ, একটি আত্মজৈবনিক গ্রন্থ ও সাতটি ছোট কাগজের রিভিউ রয়েছে। এবার পাতা উল্টে যদি আলোচনাগুলো পড়ে নেয়া যায়, তাহলে নিশ্চিতভাবে বলা যায় বেশির ভাগ রিভিউতেই পাঠপ্রতিক্রিয়ার অধিক বিশ্লেষণমূলক প্রবন্ধই লেখা হয়েছে। যা পাঠকের জন্য বিশেষ প্রাপ্তি। পাঠক নিজস্ব পাঠরুচি অনুযায়ী মনমাফিক বইটির হদিস জলধির এই সংখ্যায় পেয়ে যাবেন। নির্দ্বিধায় বলা যায় লেখক ও পাঠক উভয়ের জন্য এই আলোচনাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ও স্মরণযোগ্য হয়ে থাকবে।
জলধির এবারের পাঠ-পর্যালোচনা সংখ্যাটির অভিনবত্বের জায়গাটি উল্লেখযোগ্য। সেটি হলো বাংলাদেশের বই নিয়ে আলোচনা করেছেন পশ্চিমবঙ্গের লেখক এবং পশ্চিমবঙ্গের বই নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের লেখক। বিয়োন্ড দ্যা বর্ডার বইগুলো আলোচিত হয়েছে। এতে এপার-ওপার সাহিত্য প্রবাহটি বেগবান হয়েছে। বহমানতার ধারায় দুটি দেশের একটি ভাষার সাহিত্য মিশে গেছে। এ কথা ঠিক যে বই পাঠে যতটুকু উৎসাহ উদ্দীপনা আর মনযোগ দেখা যায় আলোচনার ধারাটি সমানুপাতিক হারে ক্ষীণ। এই ক্ষীণতোয়াকে স্রোতশীল করল জলধি। কয়েকটি আলোচনা এক্ষেত্রে প্রণিধানযোগ্য। বাংলাদেশের কবি মাসুদ খানের বই 'পাখিতীর্থদিনে'র কবিতা আলোচনা করতে গিয়ে সৌমেন চট্টোপাধ্যায় বলেছেন- যেহেতু মাসুদ খান বাংলাদেশের কবি, তাই তার কবিতায় বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে। মাঠঘাট এসবের বর্নণা এসেছে স্বাভাবিকভাবেই। কিন্তু এই চিত্রগুলো গতানুগতিকভাবে আসেনি। প্রতিটি চিত্রের মধ্যে এমন একেকটি স্ট্রোক দিয়েছেন, এমন কিছু শব্দের সমষ্টি তৈরি করেছেন, এমন কিছু ফেডেড ছাপ রাখার চেষ্টা করেছেন যা আপনাকে কবিতার আপাত নিরীহ ভাব থেকে টেনে বের করে এনে মুক্তিযুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিতে পারে। দেবযানী বসু লিখেছেন এপারের মাসুদার রহমানের কবিতা বই 'কামরাঙাগাছ রাজি হচ্ছে না' নিয়ে তাঁর পাঠ ভাবনা। কবি মাসুদার রহমান কবিতায় নিজস্ব আইডেন্টিটি বা স্বাক্ষর তৈরি করে নিতে পেরেছেন উল্লেখ করে তিনি লিখেছেন, এই গ্রন্থে অনুগল্পের রসে চোবানো কবিতাগুলো। শেষ পঙক্তিতে এসে শিহরণপূর্ণ ক্লাইম্যাক্সের ছোঁয়া। পাঠক বুঝতে পারে কবিতার কলেবর তার রম্বস। এরপর আর এক লাইন লেখাও উচিত হবে না।
কবিতার পর গল্পগ্রন্থের আলোচনায় আসি। রেজোয়ান তানিমের 'অসুখগুলো প্রাপ্তবয়স্ক' নিয়ে গৌতম বিশ্বাস বলেছেন- কবিতার গন্ধে মেশা এ বইয়ের প্রতিটি গল্পই পাঠক সমাজের চেতনাকে নাড়া দিয়ে যায়। এছাড়াও ইন্দ্রনীল সেনগুপ্ত আলোচনা করেছেন নাহিদা নাহিদের 'পুরুষপাঠ' নিয়ে। হামিম কামালের 'সোনাইলের বনে' গল্পগ্রন্থ নিয়ে আলোচনা করেছেন শান্তনু ভট্টাচার্য। উপন্যাসের মধ্যে উল্লেখ করা যায়, কথাসাহিত্যিক পাপড়ি রহমানের উপন্যাস 'নদীধারা আবাসিক এলাকা'র কথা। অপূর্ব সাহা উপন্যাসটি আলোচনা করেছেন। তিনি লিখেছেন- বুড়িগঙ্গার ঘাটে ঘাটে যে জীবনের বিস্তার, উপন্যাসের গতিপথে সেই কর্মচাঞ্চল্যই মুসলমান নারীর আত্মপরিচয়ের কাহিনি নির্মাণ করে। তপোধীর ভট্টাচার্য আলোচনা করেছেন কথাসাহিত্যিক মামুন হুসাইনের 'শরীর সংক্রান্ত কূটালাপ' নিয়ে। পাঠ অভিজ্ঞতায় তিনি মনে করেন- মামুন হুসাইন লেখেন মূলত মগজে ও হৃদয়ে ঔপনিবেশিক সন্ত্রাস কায়েম হওয়ার বিরুদ্ধে। ক্রমশ ঘনায়মান আধুনিকোত্তর প্রতিজগতের ছায়ায় বহুবিধ আত্মিক ব্যাধি যত বিস্তৃততর হচ্ছে, অশরীরী ভয় শরীরী হয়ে উঠছে ক্রমাগত। অস্পষ্ট মৃত্যুর বিজ্ঞাপনগুলো পাঠোদ্ধার করাই মামুন হুসাইনের সংকল্প।
পশ্চিম বাংলার কবি সঙ্ঘমিত্রা হালদারের কবিতা বই 'একা এক উহ্য মুদ্রা' সম্পর্কে কবি হাসান জামিল মনে করেন- এই একা হয়ে যাওয়াটা, একার এই চেহারাটা ঠিক কড়া ধরণের ইউরোপীয় ব্যক্তি স্বাতন্ত্র্যের বাড়াবাড়ি নয়, প্রায় সুফীদের মতো, প্রায় অভিযোগহীন নীরব ধরণের একা। হামিরউদ্দিন মিদ্যার 'আজরাইলের ডাক' গল্পগ্রন্থ নিয়ে আলোচনা করেছেন সোলায়মান সুমন। অনুপম হাসান পাঠ পর্যবেক্ষন লিখেছেন অভিজিৎ সেনের 'ঝড় ও নীলবিদ্যুৎ' উপন্যাস নিয়ে। কথাসাহিত্যিক বীরেন শাসমলের 'জলকর' উপন্যাস নিয়ে আব্দুল আজিজ লিখেছেন, এই উপন্যাসে কাঠামোগত দিক নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। জলধির বই আলোচনা সংখ্যায় আমারও কলম ধরার সুযোগ হয়েছে সমকালীন রাজনৈতিক বাস্তবতা নিয়ে লিখিত সাদিক হোসেনের উপন্যাস 'মোন্দেলা' নিয়ে পাঠ প্রতিক্রিয়া প্রকাশের জন্য। এছাড়াও এপার ওপারের প্রবন্ধ, আত্মজৈবনিক গ্রন্থ আর লিটলম্যাগ নিয়ে আলোচনাও জলধিতে মলাটবন্দী হয়েছে। এ সংখ্যা নিয়ে আরেকটি পর্যবেক্ষণ উল্লেখ না করলেই নয়। সেটা হলো শুধু প্রতিষ্ঠিত কবি বা লেখকই নয় জলধি তরুণ্যের সৃষ্টিকে অধিক গুরুত্ব দিয়েছে।
ভৌগোলিকভাবে কোনো দেশের সীমা যেখানে শেষ সেটাই সীমান্ত। সেখানেই কাঁকড়ার দাঁড়ার মতো কঠিন কাঁটাতার। কিন্তু এই কঠিন বিভেদরেখা সংস্কৃতি আর ভাষার সাযুজ্যকে অতিক্রম করে যেতে পারেনি। জলধি সাহিত্য পত্রিকা সেই সৎ উপলব্ধি, সৌহার্দ্যবোধ এবং দায়িত্ববোধের জায়গা থেকে এপার-ওপার বাংলা সাহিত্যের পারস্পরিক যোগকে জোরালো করেছে। জলধির সাম্প্রতিকতম সংখ্যা যেন এপার-ওপারের সীমান্ত পেরিয়ে সাহিত্যের চিঠি বিলি করে যাচ্ছে 'শক্তি'র কবিতার পোস্টম্যান হয়ে। শুধু হেমন্তের পাতাঝরা অরণ্যে নয় সঙ্কটাকীর্ণ পথে হেঁটে, হাজার বাধার প্রাচীর টপকে এ চিঠি বিলি হয় বাংলাদেশে-পশ্চিমবঙ্গে। এবারের সংখ্যাটি হাতে নিয়ে সেই অনুভবেই আচ্ছন্ন হলাম। এ যেন চিঠির সুবৃহৎ ব্যাগ কাঁধে নিয়ে যত্ন করে একের-অন্যের সমস্ত চিঠি সঠিক প্রাপকের হাতে পৌঁছে দেয়া। অবাধ তথ্যপ্রবাহের যুগে ভার্চুয়ালি সাহিত্যের আদান প্রদান অনেকটাই সহজ কিন্তু মেলায় সদ্য প্রকাশিত বইটির সফট কপি (পিডিএফ) পাওয়া সম্ভব নয়। তখন হার্ড কপিটির অপেক্ষায় থাকতে হয়। দুদেশের ক্ষেত্রেই কথাটি প্রযোজ্য। সেখানে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এক দেশের বই আরেক দেশে গেছে। ৬৫টি বই আলোচকদের হাতে পৌঁছে দেয়া, আলোচনাগুলো সময় মতো সংগ্রহ করা এবং দুই মলাটে অন্তর্ভুক্ত করা এই সুবিশাল কর্মযজ্ঞকে দুঃসাধ্য কাজ বললে অত্যুক্তি হয় না।
জলধি সাহিত্য পত্রিকার আরেকটি বৈশিষ্ট্যের কথা না বললেই নয়। জলধি বরাবর লেখক সম্মানী প্রদান করে আসছে। প্রতিষ্ঠিত সব বাণিজ্যিক প্রকাশনা বা সাহিত্য পত্রিকা একজন লেখককে তার 'ইন্টেলেকচুয়াল প্রপার্টি'র জন্য সম্মানী প্রদান করে না। সেখানে ছোট কাগজ হিসেবে জলধির লেখক সম্মানী দেয়ার এই ন্যায্য উদ্যোগ এক ব্যতিক্রম বটে।
বিপুল প্রত্যাশা আর গুরু দায়িত্ব বোঝাই ব্যাগটি কাঁধে নিয়ে জলধি চলছে। এক জীবনে চিঠি ফুরাবার নয়। জলধির এ জয়যাত্রা অব্যাহত থাকুক সময় ও সীমানা পেরিয়ে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মুখ-আয়না হয়ে। দু'পার নয় সারা বিশ্বের বাংলাভাষী সাহিত্যমোদীদের কাছে জলধি পৌঁছে যাক। যতদূর বাংলাভাষা ততদূর জলধি বিস্তৃত হোক।