শিল্পী, ঈশ্বরের প্রতিভূ
যারা ছবি আঁকেন তাদেরকে আমার কাছে ঈশ্বরের প্রতিভূ মনে হয়। তাদের সান্নিধ্য আমাকে ডিভাইন আনন্দ দেয়। কি করে একজন মানুষ তুলির আঁচড়ে অন্য একজন মানুষের চোখের ভাষা এঁকে ফেলেন? এ এক বিস্ময়কর প্রতিভা। খুব সম্প্রতি আমার পরিচয় হয়েছে শিল্পী কাজী রকিব এবং তার স্ত্রী শিল্পী মাসুদা কাজীর সাথে। রকিব ভাইয়ের সাথে কবে কখন আকাশে ধাক্কা লেগেছিল কে জানে। আমরা সোশ্যাল মিডিয়ার বন্ধু অনেক দিন ধরেই। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমার সব সময় মনে হতো তিনি প্যারিসে থাকেন। এতো সুন্দর ছবি যিনি আঁকেন তিনি তো প্যারিসেই থাকবেন। একদিন দেখি তার পোস্টের সাথে হিক্সভিল, নিউইয়র্ক লেখা। সাথে সাথে আমি ইনবক্সে ক্ষুদে বার্তা পাঠাই। আপনি নিউইয়র্কে আর আমাদের কখনো দেখা হয়নি, এটা কী করে সম্ভব? সেই থেকে দেখা হওয়ার আয়োজন চলছিল। একদিন সন্ধ্যায় আমি বেশ লম্বা ড্রাইভ করে তাদের হিক্সভিলের বাসায় পৌঁছে যাই। ওমা, কে তিনি, দরোজা খুলে দাঁড়িয়ে আছেন? আইনস্টাইন! আমি হাঁ করে তাকিয়ে আছি। ঘন্টাখানেক সময়ের জন্য গিয়েছিলাম কিন্তু আমাদের আড্ডা কী আর থামতে চায়? ছোট্ট ফ্ল্যাটের পুরোটাই ছবি দিয়ে ঠাসা। সবগুলো দেয়াল জুড়ে দুই শিল্পীর আঁকা অনবদ্য সব চিত্রকর্ম। যেখানে বসেছি তার পাশেই কবি শহীদ কাদরীর একটি পোর্ট্রেট। ছবিটি তিনি এমনভাবে এঁকেছেন মনে হচ্ছে শহীদ কাদরীর কবিতার খাতার একটি পাতা, সেখানে হস্তাক্ষরে লেখা, তোমাকে অভিবাদন প্রিয়তমা কবিতাটি, আর কবিতার শব্দের ভেতর থেকে ভেসে উঠেছে কবির মুখ। আমি কথা বলছিলাম রকিব ভাই আর মাসুদা ভাবীর সাথে কিন্তু চোখ সরাতে পারছিলাম না ছবিটি থেকে।
এই দম্পতির মধ্যে অসাধারণ বোঝাপড়া এবং আধুনিক পৃথিবীর সভ্যতা। যখন রকিব ভাই কথা বলেন ভাবী একটি শব্দও করেন না, চুপ করে কথা শোনেন। আবার ভাবী মুখ খুললেই রকিব ভাই হয়ে যান মুগ্ধ শ্রোতা। পরস্পরের প্রতি এমন শ্রদ্ধাবোধ আমি খুব কম বাঙালি দম্পতির মধ্যেই দেখেছি।
রকিব ভাই রাজশাহী আর্ট কলেজের শিক্ষক ছিলেন। এই কলেজটি যে ক'জন নিবেদিত শিল্পীর হাতে গড়ে উঠেছে তিনি তাদের একজন। রাজশাহী আর্ট কলেজের প্রথম ক্লাসটিও তিনি করান, এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। মাসুদা কাজী ছিলেন তার ছাত্রী। ছাত্রীর সাথে প্রেম, এ নিয়ে কলেজে কানাঘুষা। একদিন কলেজ কমিটির সভাপতি কামাল লোহানি তাকে ডেকে বলেন, ছাত্রীর সাথে প্রেম করা অনৈতিক, তবে স্ত্রী ছাত্রী হতে পারে, এতে কোনো দোষ নেই। তিনি ইঙ্গিতটি বুঝতে পারেন এবং বিয়ের প্রস্তাব নিয়ে ভাবীর পিতা বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার ম্যানেজারের সামনে হাজির হন।
শিল্পীরা শুধু ছবিই আঁকেন না, তাদের সামাজিক দায়বদ্ধতাও অনুকরণীয়। তিনি শিল্পী এস এম সুলতানের একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা উল্লেখ করেন। স্থানীয় একটি সাঁকো ভেঙে গেছে। সেটি মেরামত হচ্ছে না। এস এম সুলতান গেছেন বেড়াতে। তিনি রকিব ভাই এবং অন্য শিক্ষকদের ডেকে বলেন, আসেন আমরা এটা মেরামত করি। তারা বাঁশ যোগাড় করে ভোরবেলা খালের কাদাপানিতে নেমে সাঁকো মেরামত শুরু করে দিলে পাশের বাড়ির ধনাঢ্য উকিল সাহেব ছুটে আসেন। তিনি করোজোরে ক্ষমা চেয়ে বলেন, আপনারা উঠুন প্লিজ, এভাবে আমাদের লজ্জা দেবেন না, আজকের মধ্যেই আমরা সাঁকো মেরামত করে ফেলবো। হলোও তাই, এক রাতের মধ্যেই সেখানে পাকা কালভার্ট তৈরি হয়ে গেল।
এস এম সুলতানের আরো একটি গল্প বলেন রকিব ভাই। ১৯৭৯ সালের শেষের দিকে শিল্পকলা একাডেমি রাজশাহীতে 'ভ্রাম্যমান কারুকর্মের প্রদর্শনী' আয়োজন করে। এস এম সুলতান চলে এসেছেন ঢাকা থেকে। আমরা তাকে বলে রাখি, সুলতান ভাই আপনি প্রদর্শনী উদ্বোধন করবেন। শিল্পকলা একাডেমি আয়োজিত কারুকর্মের প্রদর্শনী উদ্বোধন করার জন্য তাঁর চেয়ে উপযুক্ত মানুষ আর কে হতে পারে। কিন্তু একটি আমলাতান্ত্রিক ঝামেলা হয়ে যায়। জেলা পর্যায়ের এ জাতীয় আয়োজনে ডিসি সাহেবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার রেওয়াজ তখন প্রচলিত। কিন্তু আমরা তো সুলতান ভাইকে বলে ফেলেছি। কি করা যায়? আমাকে বলা হলো সুলতান ভাইকে ম্যানেজ করার জন্য। ডিসি সাহেবকে আনা আমাদের দরকারও ছিল, কারণ আমাদের সরকারি আর্থিক সাহায্য তখন খুব দরকার ছিল। শিল্পের প্রতি বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছিল না বললেই চলে। আমি দ্বিধা, লজ্জা ঝেড়ে ফেলে কথাটা সুলতান ভাইকে বলে ফেলি। সুলতান ভাই আমার মুখের কথা কেড়ে নিয়ে বলেন, অবশ্যই ডিসি সাহেবকে দিয়ে উদ্বোধন করাবেন। সরকারি লোকদের যতো বেশি শিল্পকর্মের সাথে যুক্ত করতে পারবেন ততোই শিল্পের বিকাশ ঘটবে। অনুষ্ঠানের দিন আমরা ডিসি সাহেবকে উদ্বোধন করতে বলি। সুলতান ভাই দর্শকদের সাথে, প্রথম কাতারে বসে আছেন। ডিসি সাহেব নিজেই সুলতান ভাইকে ডেকে মঞ্চে তোলেন। তিনি সেদিন অসাধারণ একটি বক্তৃতা দেন। তিনি বলেন, দেশ মাত্র স্বাধীন হয়েছে। এই গ রীব দেশে আমাদের অনেক কিছু করার আছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে, দেশ গড়তে হবে। আমাদের সামনে এখন অনেক কাজ। সেইসব কাজ না করে শিল্পচর্চা করার কোনো প্রয়োজন নেই। শিল্পচর্চা সবচেয়ে অগুরুত্বপূর্ণ একটি কাজ। তবে কাজ করতে করতে আপনারা যখন ক্লান্ত হয়ে যাবেন তখন মনের প্রশান্তির জন্য একটা জায়গা লাগবে। সেই জায়গাটি হচ্ছে শিল্প। শিল্প আপনার মনকে উজ্জীবিত করবে নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য। সুলতান ভাইয়ের বক্তৃতার পর ডিসি সাহেব আর তেমন কিছু বলেননি, সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করেন।
রকিব ভাই বলেন, আমি ইন্ট্রোভার্ট তো নইই তবে সেই অর্থে এক্সট্রোভার্টও না। আড্ডা দিতে পছন্দ করি কিন্তু খুব সিলেক্টিভ মানুষের সাথে। আপনাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগছে।
রকিব ভাই বলেন, আমি দেখি আপনি মাঝে মাঝে ছবি আঁকেন। আমি খুব লজ্জা পাই। তিনি বলেন, এক রোববারে আপনার বাসায় যাবো। আমরা সারাদিন আড্ডা দেব আর একসাথে ছবি আঁকবো। আমি আরো লজ্জা পাই।
এক রোববারে আমি গিয়ে তাদের নিয়ে আসি। গাড়ি চালাতে চালাতে পথ হারিয়ে ফেলি। রকিব ভাই খুব খুশি হন। পথ হারানোটা আনন্দের। অধিক পথের সৌন্দর্য উপভোগ যায়।
বিয়ের পর তাদের কষ্টের জীবনের গল্প বলেন। রকিব ভাই যখন বলেন, তখন কষ্টের গল্প হয়ে ওঠে মজার গল্প। বিয়ের পর এতো ছোটো বাসায় থাকতে হতো যে ঘরে ঢুকেই বিছানায় উঠে যেতাম। বড় বাসা আমার খুব পছন্দ। আমি ছড়িয়ে ছিটিয়ে ছবি আঁকতে চাই। ৮২/৮৩ সালে আমার যখন ৮০০ টাকা বেতন তখন আমি ১১০০ টাকা দিয়ে একটি জমিদার বাড়ি ভাড়া নিয়ে নেই। এক বন্ধু বলেন, আপনার চলে কিভাবে এই হিসেবটা আমাকে বুঝিয়ে দিন। আমি তাকে বলি, বাসাটা যদি বড় হয় আমি নানা রকম কারুকর্ম করতে পারি, সেখান থেকে আমার মাসে আড়াই হাজার টাকা আয় হয়। আর ছোটো বাসা ভাড়া নিলে ঘরে ঢুকেই বিছানায় উঠে যেতে হয়, কোনো কাজ করতে পারি না।
১৯৮২ সালে রাজশাহী আর্ট কলেজ ঠিকমতো আমাদের বেতন দিতে পারছিল না। খুব অর্থকষ্টে ছিলাম। তখন ৫ টাকায় এক সের চাল পাওয়া যেত। আমি এবং আমার স্ত্রী ভেবে দেখলাম, এক সের চাল না কিনে বরং পাঁচ টাকা দিয়ে পাঁচ সের আলু কিনি। দুটোই তো কার্বোহাইড্রেড। তো আমরা পাঁচ সের আলু কিনলাম। পাঁচ সের আলুতে আমাদের বেশ অনেকদিন চলে গেল। ভাতের বদলে আমরা বেশ অনেকদিন আলু খেয়ে ছিলাম।
রকিব ভাইয়ের এই গল্পে আমার চোখ ভেজে, মনে পড়ে যায় আমার জীবনের এমন দিনগুলোর কথাও কিন্তু পরক্ষণেই তিনি হেসে ওঠেন। হাসতে হাসতে হুইস্কির গ্লাসে আরো একটু জ্যাক ডানিয়েল ডেলে নেন।
২০১১ সালে বোস্টনে বেড়াতে গেলে হোস্ট বিশাল ডাইনিং টেবিলে খাবারের প্রদর্শনী বসিয়ে দেয়। ভাত, পোলাও, বিরিয়ানি, রুটি, পরোটা, নান, খিচুড়ি সব ধরনের খাবারই দেয়। আর অন্যান্য আয়োজন যে কত তার নাম বলে শেষ করা যাবে না। আমি বলি, আমি চারটা ভাতই খাব। ভাত খেয়ে বলি, আমার কপালে বোস্টনের ভাত ছিল ১৯৮৪ সালে। আজ খেলাম। আমি এবং মুক্তি এক সাথে বলি, মানে কি? তিনি বলেন, ১৯৮৪ সালেই আমি বোস্টনের ফুলব্রাইট স্কলারশিপ পেয়েছিলাম কিন্তু আমলাতান্ত্রিক দূর্নীতি আমার স্কলারশিপ কেটে অন্য একজনকে দিয়ে দেয়। দেখলেন তো, আমার বোস্টনের ভাত তারা কেড়ে নিতে পারেনি। ৮৪ সালের ভাত আজ খেলাম। কপালে থাকলে ঠেকায় কে?
আরো কত গল্প। গল্প শেষ হয় না। কিন্তু আমাদের সময় ফুরিয়ে যায়। রকিব ভাই তার আঁকা এক নারীর প্রতিকৃতি উপহার দেন আমাদের। জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা সমুদ্রের জলরাশিতে নিমগ্ন নারীর দিকে তাকিয়ে আমি বলি, নারীর ছবি? মাসুদা ভাবী আস্তে করে বলেন, ও খুব মেয়েদের ছবি আঁকতে পছন্দ করে।
