শিল্পী মুর্তজা বশীরকে জন্মদিনের শুভেচ্ছা
ছবি:নিজ গৃহে শিল্পী মুর্তজা বশীর। :
কবি এবং চিত্রশিল্পী মুর্তজা বশীর ভাইয়ের সাথে আমার সখ্য গড়ে উঠতে পারতো অনেক আগেই। আমার লেখকজীবনের প্রায় সূচনা থেকেই তাকে নামে চিনি। কারণ তিনিতো কেবল চিত্রশিল্পী নন, তিনি কবি ও কথাসাহিত্যিক হিসেবেও তখন থেকে আমাদের কাছে পরিচিত। অতএব ছবির সূত্রে না হোক, অন্তত কবিতার সূত্রেই তিনি আমাদের কাছে আকর্ষণীয় ব্যক্তিত্ব। অার কোন চিত্রশিল্পী আছেন যিনি একাধারে শিল্পের নানান মাধ্যমে সব্যসাচীতায় দীপ্যমান? আর ছবির কথাই বা বলবো না কেন, না আঁকতে পারি, কিন্তু ছবিতে আমার আগ্রহতো অকিঞ্চিতকর নয়। সে নিয়েওতো সংযোগ তৈরি হতে পারতো। তবে দেরিতে হলেও যে সেটা সম্ভব হলো এজন্য আমি কৃতজ্ঞবোধ করছি। কারণ তার সাথে আড্ডা মানে কেবল শিল্প নিয়ে কথাবার্তাই নয়, অনিবার্যভাবেই চলে আসে নানান বিষয়: সাহিত্য, রাজনীতি, শিল্পের ইতিহাস, ভারতের ইতিহাস, শিল্পতত্ত্ব, বিট জেনারেশন, ব্রিটেনের এ্যাংরি ইয়ং ম্যান প্রজন্ম–কী নয়! ৮৫ বছরের বশীর ভাইয়ের স্মৃতির ভাণ্ডারও বিশাল। ওতে ঘুরে বেড়ালেও শিহরিত হতে হয়ে চমৎকারিত্বে আর তার সজীবতায়। এ্যাংরি ইয়ং ম্যান প্রজন্মের লেখকদের বইয়ের যে সংকলন তার ব্যক্তিগত গ্রন্থাগারে আছে তা আমাদের অনেক লেখকের কাছেও পাওয়া যাবে কিনা সন্দেহ। নানান বিষয়ে তার আগ্রহ এবং অধিকার মুগ্ধ করার মতো। আমার আগ্রহের অনেক লেখক কবি সম্পর্কে তিনি শুধু জানেনই না, তাদের কারোর কারোর কবিতা তিনি অনুবাদও করেছেন, যেমন ফেদেরিকো গার্সিয়া লোর্কা।
বশীর ভাই আামার কাছে অাকর্ষণীয় ব্যক্তিত্ব তাঁর বহুমুথিতার জন্য, স্পষ্টভাষণের জন্য, শিশুতোষ সারল্যের জন্য, অকপটতার জন্য, আর সর্বোপরি তাঁর সৃজনশীল বিকিরণের জন্য। আর, হ্যাঁ, আজকাল যা বিলুপ্ত ডোডো পাখির মতোই ধুসর স্মৃতিমাত্র আমাদের জীবনে, তিনি সেই নিরাপোষকামিতাকে জীবনে প্রয়োগ করে বঞ্চনার ঐশ্বর্যে বলীয়ান হয়ে আছেন। তার সান্নিধ্য আমার জন্য সবসময়ই এক গৌরবময় স্মৃতি।
ছবি: গত বছর ২০১৫ সালে বশীর ভাইয়ের সর্বশেষ প্রদর্শনীর দিন কায়া গ্যালারির উপরের তলায় বাঁদিক থেকে বশীর ভাই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের চেয়ারম্যান আসিফ মাহমুদ এবং সাংবাদিক ও টেলিকম বিশেষজ্ঞ আবু সাইদ খান। বশীর ভাই মজার কোনো একটা ঘটনা বলছিলেন বোধহয়।
মাস কয়েক আগে দারাপুত্রপরিবারসহ বশীর ভাইয়ের বাসায় গিয়েছিলাম। এই সফরে আমার চেয়ে বরং আমার বউয়ের সাথেই তাঁর কথাবার্তা হলো বেশি। মেহিকোর শিল্পীদের সম্পর্কেই বেশি কথাবার্তা হয়েছিল। খুঁটিয়ে খুঁটিয়ে তিনি জেনে নিচ্ছিলেন মেহিকোর শিল্পীদের সম্পর্কে আমার বউয়ের কাছ থেকে। শিল্পীদের সম্পর্কে তাঁর হদিস লক্ষ্য করে মারিসোলও কিছুটা অবাক হচ্ছিল এটা দেখে যে মেহিকোর বিশ্বব্যাপী পরিচিত শিল্পীদের বাইরেও বশীর ভাই এমন সব শিল্পীদের কথা জিজ্ঞেস করছেন যা সাধারণত আমাদের জানার কথা নয়। আমরা রিভেরার কথা জানি, ফ্রিদা কালোর কথা জানি, জানি হোসে ক্লেমেন্তে ওরোস্কোর কথা, জানি দাবিদ আলফারো সিকেইরোসের কথা। কিন্তু রুফিনো তামাইয়োর কথা কজন জানি যাকে বলা হয়ে থাকে 'সহস্র বছরের শিশু'( এই শিরোনামে মেহিকোর লেখিকা এলেনা পনিয়াতৌস্কার একটা বই আছে রুফিনোকে নিয়ে)? বশীর ভাই দেখলাম তামাইয়ো সম্পর্কে এতটাই জানেন এবং এতই মুগ্ধ তার শিল্পকর্মে যে ওর শিল্পকর্মের বৈশিষ্টের যে ব্যাখ্যা তিনি দিচ্ছিলেন তা শুনে সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। বশীর ভাই যিনি শুধু শিল্পী নন, তিনি যে বিশ্বশিল্পের এক অসামান্য ভোক্তা ও বিশ্লেষক, তা বশীর ভাইয়ের মুখোমুখি না হলে বুঝা যাবে না।
২০১৩ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন বশীর ভাই। বাঁদিক থেকে লেখক, শিল্পী মুর্তজা বশীর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রয়াত স্যোসাল এফেয়ার্স এডিটর ও লেখিকা বেবী মওদুদ, বার্তাসম্পাদক গাজী নাসিরউদ্দিন খোকন এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান
বশীর ভাইয়ের বয়স এখন ৮৫। তাঁর বাবা ঠিক এই বয়সেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তাঁর বাবার তুলনায় বশীর ভাই এখনও অনেক বেশি শক্ত, সমর্থ এবং সক্রিয়। বশীর ভাইয়ের বয়স যত বাড়ছে, তিনি ততই আমাদেরকে মুগ্ধ করছেন তার সৃজনক্ষমতা ও জীবননের প্রবলতা দিয়ে। তার কর্মক্ষমতার কাছে বার্ধক্য পরাস্ত, জরা তার এখনও দাসানুদাস। আবেগের প্রাবল্য থেকে নয়–যদিও আবেগেরও মূল্য আছে, কারণ ভালোবাসার বাহন তো আবেগই–সত্যি সত্যিই বলছি, বশীর ভাই, আপনার উদ্যম ও কর্মচাঞ্চল্যের কাছে ৮৫ বছরকে এখনও হ্রস্ব মনে হয়। আপনি শত নয়, শতাধিক আয়ুর দৈর্ঘ্য লাভ করুন। আপনি আমাদের অহংকার। আপনার মতো গুণী, আদর্শনিষ্ঠ, সৎ আর সৃষ্টিশীল মানুষ যত দীর্ঘকাল বেঁচে থাকবেন ততই মঙ্গল–যতটা না আপনার জন্য, তার চেয়ে বেশি আমাদের জন্য।
বশীর ভাইয়ের সর্বশেষ প্রদর্শনীর দিন গৌতম চক্রবর্তীর গ্যালারির উপরের তলায় বাঁদিক থেকে শিল্পী কাজী রকিব, আমি এবং বশীর ভাই।
আমাদের কী সৌভাগ্য আপনি এখনও কর্মচাঞ্চল্যে সবুজতার এক সর্বোচ্চ দৃষ্টান্ত হয়ে আছেন, আমাদের জন্য আপনি এক অফুরান উদ্দীপনা: রাজনৈতিন, নৈতিক এবং শৈল্পিক–সবদিক থেকেই। ছবি, গল্প,কবিতা, গবেষণা, অধ্যাপনা, উপন্যাস, সিনেমার চিত্রনাট্য, প্রবন্ধ, প্রগতিশীল রাজনীতি, সংগ্রহ–কোথায় নেই তিনি! চিত্রকলার ক্ষেত্রেও তিনি নানা মাধ্যমে কাজ করেছেন।
বশীর ভাইয়ের 'অক্ষয় বট' শীর্ষক মুরাল
প্রতিটি ক্ষেত্রেই তার দক্ষতা চোখ ধাঁধিয়ে দেয়ার মতো। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছেন তারা দেখতে পাবেন তার 'অক্ষয় বট' নামের বিশাল আকৃতির এক মুরাল। এটি কেবল আয়তনেই নয়, এর বিরাটত্ব শৈল্পিক ও সাংস্কৃতিক ব্যঞ্জনায়ও। বাঙালি জাতির ইতিহাস ও সংস্কৃতির সাংকেতিক ইশারাপুঞ্জ এমন দক্ষতায় এতে উৎকীর্ণ হয়ে আছে যে তা সামনে থেকে না দেখলে বুঝা যাবে না। এসব শিল্পকর্মের অসামান্য অর্জনের পাশাপাশি বাংলাভাষার আন্দোলনে তার সরাসরি ভূমিকার কথা কে না জানেন। অথচ বিন্দুমাত্র অহংকার নেই বাংলা ভাষার মহান আন্দোলনের এই চিরায়ু সৈনিকের। বশীর ভাই আপনার জন্মের কাছে আমাদের ঋণ অপরিশোধ্য। না, ঋণ শোধ নয়, ঋণ স্বীকারের জন্যই এই ছোট্ট লেখা। আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও আলিঙ্গন।
আর্টস-এ প্রকাশিত রাজু আলাউদ্দিনের অন্যান্য প্রবন্ধ:
বোর্হেস সাহেব
