২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী রঘুনাথের প্রস্থান ও পটশিল্পের শূণ্যতা

prodip_ghos

Published : 04 Dec 2015, 12:39 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

শিল্পী রঘুনাথ চক্রবর্তী না ফেরার দেশে চলে গেলেন গত ২১তারিখ রাতে। ভোরে মুঠোফোনে খবর এলো। ওপাশ থেকে ফোনটি করেছিলেন শিল্পী শংকর শাওজাল। খবরটা পেতেই কয়েক মিনিট কথা বলতে পারছিলাম না। কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলাম। চিত্রকলার ছাত্র হিসেবে রঘুনাথের নামের সাথে আমার পরিচয় ঘটে ছাত্রজীবনেই। বাস্তব পরিচয় হয় উদীচীর মানিকগঞ্জে অনুষ্ঠিত আর্ট ক্যাম্পে। সদাবিনয়ী এ শিল্পীর সান্নিধ্যে এসে সৃষ্টিচিন্তায় অনেকটাই পরিবর্তন ঘটে যায় আমার। আমরা আর্টক্যাম্পের উদ্বোধন কাকে দিয়ে করাবো এ নিয়ে ভাবছিলাম। শংকর দা সবসময় মাটির মানুষদের খুঁজে ফেরেন। আর্টক্যাম্পের উদ্বোধনটা শিল্পী রঘুনাথ চক্রবতীকে দিয়ে করানোর প্রস্তাব করলেন। আমরা সবাই একবাক্যে রাজি হয়ে গেলাম। একজন অপ্রাতিষ্ঠানিক অথচ শক্তিশালী লোকচিত্রশিল্পী তেমন আর কেউ উঠে আসতে পারেনি বর্তমান সময়ে। রঘুদা হয়ে গেলেন আর্টক্যাম্পের উদ্বোধক। আমরা মানিকগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামে আয়োজন করলাম আর্টক্যাম্পের। আমাদের সাথে যেতে রাজি হলেন বরেণ্য শিল্পী আব্দুল মান্নান, আলপ্তগীন তুষার, কীরিটি বিশ্বাস প্রমুখ। সারা দেশ থেকে ক্যাম্পে এলেন উদীচীর কর্মীরা। ফুল, নতুন গামছা আর গুরুদক্ষিণা দিয়ে আমরা বরণ করলাম রঘুদাসহ অন্যদেরকে। সেদিন রঘুদা ছবি আঁকলেন আমাদের সবার সাথে তার গ্রামীণ প্রাচ্যরীতির ধারায়। বিষয়বস্তু হলাম আমরা ক্যাম্পবাসীরা।

রঘুদার সাথে আমার কথা হতো বিভিন্ন সময়ে। আমি দাদাকে অনুরোধ করেছিলাম আমাদের একটি কর্মশালায় প্রশিক্ষন দেবার জন্য। বিশেষ করে উদীচীর শিল্পীকর্মীদের মাঝে পটশিল্পের ধারণা ও আঙ্গিককে ভালোভাবে বুঝিয়ে দেবার জন্য। একজন নিরহংকার এই শিল্পী উদীচী অফিসে দাঁড়িয়ে বলেছিলেন, 'আমাকে যখন ডাকবেন আমি সবকিছু ফেলে চলে আসবো উদীচীতে'। রঘুদা আর এলেন না, চলে গেলেন আমাদের ছেড়ে। মাত্র ৪৭ বছরের ল্প জীবনপ্রবাহে নিবীরভাবে থাকতে চেয়েছেন শিল্পের সাথে। তাই নেশা ও পেশাকে এক করে এগিয়ে চলছিলেন জীবনভর। নিরন্তর জীবনসংগ্রামে নিয়োজিত এই শিল্পীর ছবির বিষয়বস্তুতে ছিলো সাধারণ শ্রমজীবি মানুষ আর প্রকৃতি। পটচিত্রে জীবনকে জীবনভর উপস্থাপন করেছেন রঘুনাথ চক্রবর্তী। তাই চিত্রে বিষয়বস্তুতে আমরা দেখি নৌকাবাইচ, তাঁতির কাপড় বোনা, কলসি কাখে নারী, আয়নার সামনে গ্রামীণ কিশোরী, বঁটিতে পল্লীবধূর মাছ কাটা, নাচের ভঙ্গিতে ঢুলি, দইওয়ালা, ধোপার কাপড় কাচা এগুলোই তার আঁকার বিষয়। অর্থাৎ পটচিত্রে গ্রামীণ সরল জীবনকে বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন শিল্পী রঘুনাথ। তার পটচিত্রে আমরা বারবার খুঁজে পেয়েছি রঙের মৌলিক ব্যবহার। বিষয়বস্তুর উপকরণে বলিষ্ঠ তুলির ব্যবহার। মানুষের শরীর আর বিশেষায়িত প্রাণপক্ষির বিষয়ী উপস্থাপন দর্শকের চোখকে সর্বদা ধরে রাখতো পটের দিকে। রঙ ও রঞ্জক পদার্থের ব্যবহারে প্রায়শই অক্সাইডরঞ্জক ও প্রকৃতিপ্রাপ্ত রঙকে বেছে নিতেন সব সময়। পাশাপাশি অ্যাক্রেলিকও ব্যবহার করতেন শিল্পকর্মে।
শিল্পী রঘুনাথ চক্রবর্তীর একদিন আমার বাসায় এলেন আমার আঁকা ছবি দেখতে। গত জুলাই মাসে ঈদের ছুটিতে আমি নিয়মিত ছবি আঁকছি বাসায় বসে। জলরঙ মাধ্যমে। রঘুদা সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেইসবুকে) আমার আঁকা নিসর্গ সিরিজের ছবিগুলো দেখে ফোনে উৎসাহিত করলেন। আমাকে একটু খোচা দিয়ে বল্লেন ' আমিতো জলরঙে নিয়মিত আঁকি না, তবে তোমার আঁকা দেখে আমার জলরঙে আঁকতে ইচ্ছে করছে।' আমি দাদাকে বল্লাম দাদা ছুটিতে যদি ঢাকায় থাকেন তবে আমার বাসায় একটু কষ্ট করে চলে আসুন না। আমার ছবিগুলোতে আপনার মন্তব্য দরকার। তখন ঈদের ছুটি চলছে। এক বিকেলে এলেন রঘুদা। কিছুপরে এলেন শংকর সাওজাল। আমরা তিনজন মিলে রাত পর্যন্ত গল্প করলাম। আমার আঁকা ছবিগুলো মাটিতে বিছিয়ে দিয়েছিলাম প্রদর্শনী উপযোগী ছবি নির্বাচনের জন্য। সেই বিকেলের স্মৃতি আমি এখনো অনুভব করি এবং স্মৃতিকাতর হই।


রঘুনাথ চক্রবর্তীর জন্ম গাইবান্ধা জেলায়। সরকারি চাকুরে বাবা সন্তানের পড়াশোনা নিয়ে ছিলেন উদ্বিগ্ন, মা ঠিক তার উল্টো। ছেলে গণিতের খাতায় ছবি এঁকে ভরে রাখতেন- সেই খাতা বাবার ভয়ে লুকিয়ে রাখতেন মা। মায়ের এ রকম প্রশ্রয়ে কলম বাদ দিয়ে প্যান্টের পকেটে তুলি নিয়ে ঘুরতেন রঘুনাথ। কলমের চেয়ে তুলির প্রতিই রঘুনাথের ঝোঁক ছিল বেশি। বাড়ির দরজা-জানালা, শ্রেণীকক্ষের বোর্ড এমনকি বইয়ের মলাটে তিনি এঁকে রাখতেন লতাপাতা, হাতি-ঘোড়ার ছবি। সেই ছবি দেখে মায়ের মন ভরে যেত। তিনি অনুপ্রেরণা দিতেন প্রিয় সন্তানকে। মা অঞ্জলি চক্রবর্তী ছিলেন গৃহিণী। তিনি সৃজনশীল মানসিকতার ছিলেন। সুন্দর আল্পনা আঁকতে পারতেন। রঘুনাথের আল্পনা আঁকায় হাতেখড়ি হয় মায়ের হাত ধরে। স্নাতক পাস করে জীবিকার প্রয়োজনে বড় ভাইয়ের উদ্যোগে রঘুনাথ চক্রবর্তী একটি শিপিং কম্পানিতে চাকরি নিয়েছিলেন। কিন্তু দুই মাসে চাকরী করে হাঁপিয়ে উঠেছিল শিল্পীর মন। অনেক চেষ্টা করেও দশটা-পাঁচটার নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি। অবশেষে মনের সঙ্গে শুরু হলো শেষ বোঝাপড়া। সিদ্ধান্ত নিলেন যে কাজ করতে ভালো লাগে তাই করবেন। আর এ তো জানা কথাই, আঁকাআঁকি ছাড়া তার আর কিছুই ভালো লাগে না। সুতরাং শুরু হলো তার রঙতুলির জীবন।
১৯৯৫ সাল থেকে রঘুনাথ আড়ংয়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। বিভিন্ন শো-পিচে হ্যান্ড পেইন্টের কাজ করে আড়ংয়ে তিনি নিয়মিত সরবরাহ করছেন। এর মধ্যে আয়না, কলমদানি, ল্যাম্পশেড, গয়নার বাক্স উল্লেখযোগ্য। আজ হাজারো ঘরে রয়েছে এই শিল্পীর তুলির আচর যারা আড়ংয়ের পণ্য কিনে ঘর সাজিয়েছেন। হয়তো তারা নিজেরাই জানেন না। রঘুনাথ ছিলেন নিভৃতচারি একজন লোকশিল্পী। প্রচারের প্রতি তার মোহ ছিলো না। বিভিন্ন সময়ে তার প্রদর্শনীতে বড়বড় নিবন্ধছাপা হয়েছে অনেক। জীবনের নানা কথা লুকিয়ে যেতেন সব সময়। চিত্রপট ও শিল্পের বিষয়বস্তু নিয়েই কথা বলেছেন সর্বদা।

রঘুদা ছবি আঁকতেন বিরামহীনভাবে। সারারাত ছিলো তার ছবি আঁকার মূল সময়। নানা বিষয়বস্তুর অনুসন্ধান ছিলো তার দৈনন্দিন কাজ। যেহেতু পট আঁকাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সেহেতু আর্থিক বিলাসিতা তার জীবনাচারে ছিলো না। একজন মাটিসংস্লিষ্ট শিল্পীর যে ধারণা আমরা বুঝতে পারি রঘুদা ছিলেন ঠিক তাই। আমাদের দেশে ছবির ক্রেতা তেমন গড়ে ওঠেনি। তবে নামি শিল্পীদের স্বাক্ষর বিক্রয়ের ডামাডোলের শিল্পী রঘুনাথকে বলা চলে না। প্রতিনিয়ত দারিদ্রের মহান উপহারকে আলিঙ্গন করেছেন সব সময়। জীবনকে উপভোগ করেছেন নিতান্তই নিজের মতন। আমাদের এই দেশে খুব বেশি পটশিল্পী নেই। পটচিত্র মূলত লোকশিল্পীদের ধারা। পটচিত্রের উৎস ও সংরক্ষণ মূলত গ্রামীণ জনপদের মানুষের। কবে থেকে এই পটচিত্রের সূচনা হয়েছিলো সঠিকভাবে যদিও তা বলা যায় না, আনুমানিক আড়াই হাজার বছর আগে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় পটচিত্র ও পটুয়াদের সন্ধান পাওয়া যায়। ঐ সময় বৌদ্ধ ও জৈন ধর্মের যাজকেরা জৈন ও বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে পট এঁকে গ্রামে গ্রামে ধর্ম প্রচার করত। কিছুদিন আগেও বাংলাদেশে অনেক ধরনের পট পাওয়া যেত। যা এখন নেই বললেই চলে। এ না থাকার সময়টিতে শিল্পী রঘুনাথ ধরেছিলেন ঐতিহ্যের হাল। নিজে ছিলেন একজন লোকশিল্পী এবং পটশিল্পকে পেশা হিসেবে নিয়েই বেঁচে ছিলেন। এই অস্থির শোষণমূলক সমাজে বিশ্বায়নের নষ্ট বৃত্তে যখন ভেসে যাচ্ছে গোটা দেশ ঠিক সেই সময়ে একজন লোকপটুয়ার প্রস্থান সত্যিই আমাদের মধ্যে গভীর শূণ্যতা নিয়ে যায়।
রঘুদাকে বাঁচিয়ে রাখতে হবে তার চিত্রকর্মের সংরক্ষণের মাধ্যমে। গুণি এই শিল্পীকে অপরিসীম শ্রদ্ধা জানাই।