২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রণি আহমেদ: নাস্তিকতা হল সৃষ্টিকর্তাকে খোঁজার বিয়োগান্তক পথ

অলাত এহ্সান

Published : 03 Oct 2015, 12:49 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

সুররিয়ালিজম, পুরাণ ও সুফিইজমের সমন্বয় শিল্পী রণি আহমেদের এবারের চিত্রপ্রদর্শনীর মূল বিষয়। ঢাকায় জর্মান কালচারাল সেন্টার ও আলিয় ফ্রঁসেস-এ যথাক্রমে ২০০২ সালে 'আনটাইটেল' ও ২০০৪ সালে 'মিথোরণিয়া' শীর্ষক একক প্রদর্শনীর মাধ্যমেই তিনি বাংলাদেশি চিত্রকলায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আবির্ভূত হন। ইতোমধ্যে দেশে ৬টি একক চিত্রপ্রদর্শনী হয়েছে তার। আবাসিক, উপস্থিত, সম্মিলিত, একক ও উন্মুক্ত চিত্রপ্রদর্শনে দেশ-বিদেশে অংশ নিয়েছেন তিনি। গত ১২ সেপ্টেম্বর থেকে গুলশান-১-এ বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে তার 'গডস এন্ড বীস্ট' শীর্ষক মাসাধিক কালব্যাপী একক চিত্রপ্রদর্শনী। চলবে ১৭ আক্টোবর পর্যন্ত। প্রদর্শনী ঘুরে রণি আহমেদের সাক্ষাৎকার নিয়েছেন তরুণ লেখক অলাত এহ্সান। তারা কথা বলেছেন চিত্রকলা, পুরাণ, জাগতিক বিশ্ব ও সুফি দর্শন নিয়ে। সাক্ষাৎকার চলাকালে গল্পকার দিলওয়ার হাসানও আলাপে অংশগ্রহণ করেন। বি.স


অলাত এহ্সান :
আপনার ছবির প্রদর্শনী ঘুরে দেখলাম। প্রথমত মিথ নিয়ে কাজ। আসলে মিথের ভেতর দিয়ে এর শক্তিকে স্পর্শ করা। আপাতদৃষ্টিতে অস্পর্শনীয় কিছু অর্থও লুকিয়েও আছে মনে হলো। আমি যখন প্রথম জোসেফ ক্যাম্পবেল-এর মিথের শক্তি বইটা পড়ি দারুন অভিভূত হই। সেখানে তিনি আধুনিক কম্পিউটারের প্রসেসর দিয়ে যিশু খ্রিস্টের 'পিতৃসদন' শব্দটির ব্যাখ্যা দিচ্ছেন। বিভিন্ন সংকেত দ্বারা তিনি মহাবিশ্বের অনির্ণিত সংকেতকে বুঝছেন। তারপর পিরামিড, একই সঙ্গে টিলা, আবার বর্ষা শেষে পানি নেমে যাওয়ার সময় তা নবজন্মের প্রতীক হয়ে উঠছে তার ব্যাখ্যায়। এমনকি আমাদের ঘরের নিত্য ব্যবহারের আসবাবপত্র যেমন—চৌকি, টেবিল কিংবা ফ্যান থেকেও তিনি পৌরাণিকতা খুঁজে পাচ্ছেন। কিন্তু আপনার পুরাণের ব্যবহার মনে হল স্পিরিচ্যুয়াল, মানে আধ্যাত্মিক। তাই না?
রণি আহমেদ : ঠিকই বলেছেন, আমার আর্টগুলো মিথলজির স্পিরিচ্যুয়াল ব্যবহার। তাছাড়া ভিডিও'টায় দেখিয়েছি রিয়্যাল জগতে 'গড এন্ড বীস্ট' নিয়ে খেলা। বেসিক্যালি বীস্ট নিয়ে খেলা, কিন্তু শেষ পর্যন্ত তো রহমত থাকেই।
আর হ্যাঁ, জোসেফ ক্যাম্পবেলের ওইটা খুবই ভাল বই, মিথলজির ওপর।

অলাত এহ্সান :
একজন দর্শনার্থীকে পেইন্টিং সম্পর্কে বলতে গিয়ে বলছিলেন, প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো আপনার চার-পাঁচ মাসের আঁকা। কিন্তু সংখ্যা ও যত্ন দেখে মনে হয় সময় আরো বেশি লেগে থাকতে পারে।
রণি আহমেদ : হ্যাঁ, চার-পাঁচ মাসের আঁকা ছবি। আরেকটু হয়তো বেশি হবে।

অলাত এহ্সান : শুধু কি এক্সিবিশনের জন্য আঁকা?
রণি আহমেদ : হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ, এক্সিবিশনের জন্যই। কারণ আগেরগুলোর চেয়ে এটা একেবারে আলাদা। আগেরগুলো ছিল অপরিচিত জগতের গাঁথা। একেবারে অপরিচিত ফর্ম, অপরিচিত গল্প। আর এটা পরিচিত মিথ, পরিচিত গল্পের অপরিচিতি ফর্ম বা রূপ। এটা হচ্ছে ইন্টেলেকচুয়্যাল দিক। আরেকটা হচ্ছে স্পিরিটের দিক। স্পিরিটের দিক থেকে আগেরগুলো ছিল আরো বেশি অজানা। আর এটা নিজেও অনেক বেশি স্পিরিটবেইজড ওয়ার্ক, সোলবেইজড। এটা স্পিরিটের উচ্চতর স্তর। সাধনার উচ্চতর স্তরে গেলে এসব আসবে। এগুলো সাধনার মধ্যদিকে আসে তো, তাই এগুলো টোটালটাই নর্মাল ছবির মতো আঁকা হয় নাই। এগুলো আঁকা হয়েছে আমার প্র্যাকটিসের ভেতর দিয়ে। প্র্যাকটিসের ভেতর দিয়ে আমি এক-একটা স্তর অতিক্রম করেছি, তখন আমাকে এগুলো আঁকতে হয়েছে। এগুলো আমি যে এঁকেছি, তা নয়, আমাকে আঁকতে হয়েছে, আমাকে দিয়ে আঁকিয়ে নিয়েছে।

অলাত এহ্সান : আপনাকে আঁকতে উদ্বুদ্ধ করেছে, বাধ্য করেছে। শিল্পের সাধনায় সবকিছু কিন্তু তা-ই, আপনি আঁকতে, লিখতে বাধ্য হন। রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বিশ্বখ্যাত অনেক লেখকই কিন্তু এই-ধরনের কথা বলেছেন—আমি লিখি না, মনে হয় আমাকে দিয়ে কেউ লিখিয়ে নেয়।
রণি আহমেদ : হ্যাঁ-হ্যাঁ, উনিও তো সুফি ছিলেন। সুফিইজম হচ্ছে—একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন জিউ—যেকেউ সুফি হতে পারেন। এটার মূল হচ্ছে স্র্রষ্টার সঙ্গে আপনার প্রেম। 'লাভ উইথ দ্য গড'। এখন ধরেন, তান্ত্রিকরা সাধনা করে এতো উঁচুতে উঠে যান বা হিন্দু ঋষিরা সাধনা করে, খ্রিস্টান সাধকরা এতো উঁচুতে উঠে যান—কিন্তু আমাদের সাথে তার পার্থক্য আছে? নাই। ওই লেভেলে গিয়ে কারো কোনো পার্থক্য থাকে না। মানে রিচুয়্যাল এরিয়া, মানে আফটার রিচুয়্যাল। (রিচুয়্যাল স্টেজ থেকে স্পিরিচুয়্যালের দিকে যায়—দিলওয়ার হাসান)।


হ্যাঁ। এটা হচ্ছে আফটার টেক্সচুয়্যাল ওয়ার্ক। আপনার টেক্সচুয়্যাল কাজ শেষ, তারপর আপনার এই অনুভূতি হবে। মানে এটা নিরবতার অনুবাদ। (নৈঃশব্দের অনুবাদ—অলাত এহ্সান)। হ্যাঁ, নৈঃশব্দের অনুবাদ। এটা আবার প্রকৃতির নৈঃশব্দ না, এটা হচ্ছে আত্মিক এবং মহাবৈশ্বিক।
যেমন ওইখানে একটা ইন্সটলেশন আছে। সেখানে লেখা আছে—'আই এ্যাম ইউ'। এটা গড মানুষকে বলছে—আই এ্যাম ইউ, বাট ইউ আর নট মি। এজন্য ওখানে দাবার গুটি আছে। আর ছাতাটা তো হচ্ছে প্রতীক—সবাইকে সে রক্ষা করছে। বোঝাচ্ছে—'আমি তুমি কিন্তু তুমি আমি না'। তার তো অনন্ত অস্তিত্ব।

অলাত এহ্সান : ওখানে গড সিম্বলটা কিন্তু উপরে অবস্থান করছে।
রণি আহমেদ : আসলে উপরে-নীচে কিছু না। কারণ উনি যে কীভাবে আছেন, কী অবস্থান তা আমরা জানি না। কারণ রুমি'র (মওলানা জালাল উদ্দিন রুমি) একটা কোড আছে—'গড ইজ নাইদার প্রেজেন্স, নর এ্যাবসেন্স। বিকজ বোথ অফ দিস স্টেট আর ক্রিয়েটেড বাই হিম।' মানে এ্যাবসেন্স আর প্রেজেন্স তারই করা, আপনি কীভবে বলবেন। এটা আমাদের ব্রেনের ক্ষমতার বাইরের জিনিস। এটা রুহানী জগত থেকে আপনাকে বুঝতে হবে।

অলাত এহ্সান : আমি দেখলাম যে, আপনার প্রদর্শনীর নাম হচ্ছে—গডস এন্ড বীস্ট। পেইন্টিংস দেখা ও বিষয়টা অনুভবের পর আমার কাছে মনে হয়েছে এটার শিরোনাম 'গডস এন্ড সোল'ও হতে পারতো।
রণি আহমেদ : না, এটা তো সোল-ই। কিন্তু গডস এন্ড বীস্ট হচ্ছে সব জায়গায় ব্ল্যাক এন্ড হোয়াইট-এর খেলা। পুরো সভ্যতায়ই ব্ল্যাক এন্ড হোয়াইটের অবস্থান আছে। যেখানে আলো দেখবেন, সেখানেই অন্ধকার এসে হানা দিবে। আপনি শান্তিতে আছেন দেখা যাবে পাশের বাড়ি থেকে লোক এসে আপনাকে ডিস্টার্ব করবে। আসলে বীস্ট যে পাশের বাড়ি থেকে আসবে, তা কিন্তু না।

অলাত এহ্সান : তাহেল, এই বীস্ট কি আত্মার বীস্ট?
রণি আহমেদ : এটা সোল তো বটেই, আসলে এটা এনার্জিবেইজড। এনার্জিবেইজড, আবার এনার্জিটা গড গিফটেড। সব সময় এই দুইটার খেলা চলতে থাকে। ব্ল্যাক এন্ড হোয়াইটের যে যুদ্ধ। এই যে দেখেন একদিকে মানুষের যুদ্ধ চলছে, আপনারা যে ভিডিওটা দেখছেন (টিয়ারস অফ দ্যা ব্লাজিং ব্রেইন—ভিডিওকে ইঙ্গিত করে)—নিষ্ঠুরতার কোনো শেষ নেই, আবার আমরা ফ্রেন্ডলি আলাপও করছি—হা হা হা। (হ্যাঁ, সেটাই, হা হা হা—অলাত এহ্সান)। গড হচ্ছে, আবার কিছুক্ষণ পর বীস্টও হয়ে যাচ্ছে।
সম্পূর্ণ এক্সিবিশনে একটা Mystic Poin Of View আছে।

অলাত এহ্সান : আবার এসব হচ্ছে মানুষেরই রূপ ধরে।
রণি আহমেদ : হ্যাঁ, মানুষেরই খেলা, কিন্তু উপরের স্ক্রিপ্টস। কিন্তু স্ক্রিপ্টস আবার উঁনার খেলা। যেমন ধরেন, ইউনুস (আঃ)-এর ছবিটা, যেটা আমি একটু আগে বললাম—মাছটাও কিন্তু ভয়ংকর না। (ফ্রেন্ডলি। মনে হচ্ছে মাছটাই তাঁকে পৌঁছে দিচ্ছে, তাই না?—অলাত এহ্সান)।হ্যাঁ, তাই। কারণ হচ্ছে যে, উঁনাকে একবার একটা জাতি বা গোষ্ঠীকে আল্লাহর পথে আনার দায়িত্ব দেয়া হয়েছিল।

অলাত এহ্সান : সম্ভবত সেই জাতির নাম হচ্ছে 'কওমে সামুদ'।
রণি আহমেদ : তো এক পর্যায়ে তিনি হাল ছেড়ে দেন। তিনি চলে যাচ্ছিলেন তাঁর কষ্ট হচ্ছিল বলে। তখন তাঁকে তিমি মাছ দিয়ে খেয়ে ফেলা হয়। মাছটা কী? মাছটা গড-এরই মাছ এবং গড-এরই দেয়া। তিনি জানেন যে—এটা এই ভাবে বের হবে। ফিরে গিয়ে তিনি আবার কাজ করবেন। তাহলে পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড। কোনো কনফ্লিক্ট নাই, হি নোস এভরি থিং। সে টাইমটাকে এইভাবে দেখতে পায়, আর আমরা দেখি খণ্ড খণ্ড, অংশত।
এখন আপনার সামনে হয়তো দশ হাজার বছর আছে যেটা আপনি দেখতে পারছেন না। কিন্তু এখন সাইন্স বলছে যে, মিলিয়নস অফ ডাইমেনশন অফ টাইমস। কোয়ান্টাম সাইন্স বলছে যে, তুমি বিশ্বাস করলে আছে, না বিশ্বাস করলে নাই। আমরা একটা জিনিস দেখলে এক রকম, না দেখলে আরেক রকম—এটা হচ্ছে ব্যাপার। এই যে খেলাগুলো, তা আস্তে আস্তে বের হচ্ছে, বের হচ্ছে উঁনার রহস্যগুলো। কখনো পুরোপুরি বের হবে না। কারণ কখনোই তিনি মানুষকে সেই ক্ষমতা দিবেন না। দেয়ার দরকার হবে না তাঁর। কিন্তু তাঁকে বুঝতে হবে সবাইকে। শেষ পর্যন্ত গিয়ে তাঁরই…

অলাত এহ্সান : আপনার কাজের ক্ষেত্রে মিথলজিকে কেন নিলেন, আপনার সুফি চিন্তাকে বোঝার জন্য?
রণি আহমেদ : মিথলজি হচ্ছে সত্য, একমাত্র মহাসত্য। এই সত্যটা, মানে মিথলজিক্যাল ট্রুথ শুধু পৃথিবীরই না, এটা পৃথিবীর বাইরেরও। সত্য তো সব সময় সত্য। আপনি যদি পাঁচ লক্ষ আলোকবর্ষ দূরেও যান একই সত্য দুই জায়গায় থাকবে। (তাহলে আপেক্ষিকতা বলতে কিছু থাকছে না?—অলাত এহ্সান)। (মিথের ভেতর সত্য আছে, ভয়ংকর সত্যি।—দিলওয়ার হাসান)। হ্যাঁ, ভয়ংকর সত্য আছে। (এর উপর একটা বইও আছে…—দিলওয়ার হাসান)।
অলাত এহ্সান : জোসফ ক্যাম্পবেল-এর, যেটা আমাদের দেশে খালিকুজ্জামান ইলিয়াস স্যার অনুবাদ করেছেন?
দিলওয়ার হাসান : হ্যাঁ।
রণি আহমেদ : মানে ট্রুথ ইজ গড। এইটাই। এই ট্রুথ বীস্টেরও, গডেরও।


অলাত এহ্সান : আমার কাছে মনে হচ্ছিল, ব্যাপারটা কি এরকম যে, আপনি মিথকে আবার আমাদের সামনে দেখাতে চাচ্ছেন, তার কাছে নিতে চাচ্ছেন?
রণি আহমেদ : হ্যাঁ, মিথ তো আপনি এ্যাভয়েড করতে পারবেন না। আপনি যে যুদ্ধগুলো দেখেন, দেখবেন সবই কিন্তু তলে তলে ধর্মযুদ্ধ। লেয়ারগুলো খুলেন, দেখবেন একটা ধর্ম আরেকটা ধর্মের সঙ্গে আঁতাত আছে, কিন্তু ইকোনমি স্বীকার করবে না। নামে ক্যাপিটালিস্ট ওয়ার, বাট ব্যাসিক্যালি দিস ইজ মিথিক্যাল ওয়ার। বড় বড় কোম্পানি, যা আছে, বিগ মাল্টিন্যাশনাল কোম্পানি এতে ফিন্যান্স করে, এগুলো তো মিথিক্যাল আইডিনটিটি। এখানে গডও আছে, আবার বীস্টও আছে। তারা লাখ লাখ (লোক)কে ইমপ্লয়মেন্ট দিচ্ছে আবার লাখ লাখ লোকের ভাতও কেড়ে নিচ্ছে।

অলাত এহ্সান : আপনার আর্ট ও এই এক্সপ্লেনেশন থেকে বোঝা যায়, এই বিশ্বকে বোঝার জন্য মিথকে বোঝা খুবই জরুরি।
রণি আহমেদ : হ্যাঁ, খুবই জরুরি! এটা তো আপনাকে বুঝতেই হবে। আর, না বুঝলেও আপনাকে বোঝানো হবে। কেউ-না-কেউ বোঝাবেই আপনাকে।

অলাত এহ্সান : আপনিও সেই কাজটা করছেন কি না?
রণি আহমেদ : না, মানে হ্যাঁ, আমি তো খুব ক্ষুদ্র লোক আমি কেবল ম্যাসেজটা দিচ্ছি, এখন যে কয়জন বুঝে সেটুকুই ভাল। যদি একজন লোকও বুঝতে পারে সে-ই লাভ। কারণ সবই আত্মা, আর তারা ফিরে যাবে মহা-আত্মায়। ফলে একটা লোকেরও দাম আছে।

অলাত এহ্সান : একটা জিনিস আমার মাথায় কনফ্লিক্ট মনে হচ্ছে। কনফ্লিক্টটা ঠিক আপনার না, বাইরের থেকে এসে আপনার ওপর আছর করতে পারে। ব্যাপারটা এ রকম, আপনি যখন মিথোলজিকে নিয়ে আসছেন, সুফিইজমকে টাচ্ করছেন, তখন কিন্তু সবগুলো ধর্মকেই আপনার আনতে হবে। (হ্যাঁ, সবগুলোকে আপনার আনতেই হবে। এটা হচ্ছে একটা চেইন—রণি আহমেদ)। হ্যাঁ, সেই চেইন এক জায়গায় গিয়ে মিশেছে এবং তিনি কোনো গোত্র-গোষ্ঠীর একচ্ছত্র সম্পত্তি নন। কিন্তু আপনি যখন বলবেন ধর্মযুদ্ধের কথা, তখন কিন্তু কমিউনকে স্বীকার করছেন। মানে কমিউন গড়ে উঠছে। এই কমিউন থেকে কমিউনাল হয়ে উঠবে। তখন তো দ্বন্দ্ব অবশ্যম্ভাবি, তাই না?
রণি আহমেদ : হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ। আমার ভিডিওতে আছে গডস এন্ড বীস্ট কীভাবে কাজ করে, মানে প্যারালাল। আমি ওখানে দেখিয়েছি ক্যাপিটালিজমের মাধ্যমে গ্রীড(লোভ)টা কি করে আসছে, কিভাবে ওয়ার হচ্ছে, কনজিউমারইজম হচ্ছে। ক্যাপিটালিজম কিন্তু আপনাকে স্বস্থিতে থাকতে দিবে না। কারণ সুখে থাকলে কিন্তু ওদের বিক্রি-বাট্টা কম হয়। যার ফলে আন-ন্যাচারাল নিডস্ দেখা দেয়াতে হবে।
এখন আমরা যেমন মোবইল ছাড়া ভাবতেই পারি না। এগুলো কিন্তু আন-ন্যাচারাল নিডস, কিন্তু এগুলোকে এমনভাবে ইন্ট্রিগ্রেট করা হয়েছে যে, এগুলো ছাড়া আপনার বাঁচা সহজ না। ফেসবুক ছাড়া আপনার মন খারাপ হয়ে যাবে। এ রকম জিনিসপত্র তৈরি করা, যেগুলো যুগের দাবি বলতে পারেন, তবে এটাও একটা মিথিক্যাল প্রোপোজাল। (আপনার কী হয়, ফেসবুক না থাকলে?—দিলওয়ার হাসান)। আমি তো খুবই এডিকটেড। হা হা হা …(সবাই)।
আমার হইচে কী, আগে আমি বই পড়তাম, এখন আমি ফেসবুক, গুগল দিয়েই বই পড়ি। ইভেন আমি অনেক বই, মিথলজি গুগলের মাধ্যমে পড়েছি। বই ধরেন খুঁজতে হতো, এখন আপনি হাতের কাছে পাচ্ছেন, সার্চ দিলেই পাওয়া যায়।

অলাত এহ্সান : আপনার আর্টগুলোতে একটা দিক হচ্ছে, আমার মনে হয়, একটা ইনারসেন্স বা ম্যাসেজ আছে—তোমরা সুফিইজমে ফিরে আসো বা ফিরে যাও। আপনার কাছে কী মনে হয়, কোনো ম্যাসেজ ছিল কি না? মনে হয়, আপনি বলছেন, তোমরা কমিউন থেকে মহাত্মার কাছে ফিরে এসো...
রণি আহমেদ : আমি তো এটা সরাসরি বলবো না। তবে হ্যাঁ, ওটা বলতে পারেন। আমার ব্যাপারটা হচ্ছে যে, তোমরা যার কাছ থেকে এসেছো তাঁকে স্মরণ কর। এইটা হচ্ছে মেইন জিনিস, হা হা হা…। আধ্যাত্মিক সংকট থেকেই দুনিয়ায় সব সংকট ছড়াচ্ছে।

অলাত এহ্সান : হ্যাঁ, আমার কাছে তাই মনে হচ্ছিল।
রণি আহমেদ : ব্যাপারটা হচ্ছে কি, বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ-এ চলে যাও। আমরা যা আছি, আমরা—ফ্লোটিং ইন দ্যা ওর্য়াল্ড অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু নাই। সবই ল্যাঙ্গুয়েজ। কিন্তু ল্যাঙ্গুয়েজের বাইরে যে জগৎ, ওটাই হচ্ছে সৃষ্টিকর্তার জগৎ। ওই জগতে যেতে পারলে অনেক হালকা হয়ে যাবেন। মানে প্রযুক্তি হচ্ছে সভ্যতার সৃষ্টি। আপনাকে যেতে হবে তার সৃষ্টার কাছে।

অলাত এহ্সান : আমাদের দেশে এই ধরনের সৃষ্টিকর্ম, মানে আপনার পরিচিতিতে লেখা যে 'সুররিয়ালিস্টিক আর্টিস্ট'…
রণি আহমেদ : না, আমি আগের কথা শেষ হয় নাই। আমি তো শেষ করিনি। আমাকে শেষ করতে হবে। তা নাহলে অনেক খাপছাড়া লাগবে। কারণ এগুলো অনেক ভেতরের ব্যাপার-স্যাপার। দেখা যাবে আমি কিছু বলে দিলাম, আপনি কিছু লিখে দিলেন, তাহলে মিস কমিউনিকেশন হয়ে যাবে।
আমি বলছিলাম যে, বুদ্ধির যে একটা ব্যাপার আছে; বুদ্ধি হচ্ছে সভ্যতার একটা অংশ। সভ্যতা না থাকলে কিন্তু বুদ্ধির কোনো দরকার নাই। (সেটাই।—অলাত এহ্সান)। যখন চাকার আবিষ্কার হয়, তারও আগে যখন আগুন আবিষ্কার হয় তখন থেকেই মানুষের বুদ্ধি শুরু।
আদম ও ইভের গল্পটা হচ্ছে—এগুলো তোমাদের দরকার ছিল না। 'আই এম টেকিং কেয়ার অফ ইউরস'—আমি দেখছি তোমাদের। তখন এ রকম হতো—আমার আগুন দরকার, আগুন জ্বলে উঠতো; আমার যা দরকার তাই হতো। কিন্তু 'ওই ফল'টা খাওয়ার ফলে 'সেই জিনিস'টা শেষ হয়ে গেল। তারপর (স্র্রষ্টা) বললেন—তোমরা দায়িত্ব নিতে চাইছো? ওকে, দায়িত্ব নাও। এখন দায়িত্ব নিতে মানুষ অনেক বেশি দায়িত্ববান(!) হয়ে গেছে। হা হা হা…
এটা হচ্ছে খেলা। আমার ম্যাসেজটা হচ্ছে, দায়িত্বটা আবার ফিরিয়ে দেয়া। হা হা হা…


অলাত এহ্সান : এই দায়িত্ব ও দায়িত্বের দায় প্রসঙ্গে একটা ঐতিহাসি ঘটনা মনে পড়ছে। আরবে বিখ্যাত দুই শাসক গোষ্ঠী বা বংশ—উমায়্যা বংশ ও আব্বাসী বংশের একটা ঘটনা। উমায়্যা বংশ শাসন করার সময় প্রজাদের বোঝাতেন—মানুষের সবকিছু আল্লাহতালা নির্ধারণ করেন, তার নির্দেশ ছাড়া কিছুই হয় না। এরা মূলত ছিল অত্যাচারি শাসক। এরা এই সর্বঈশ্বরবাদি তত্ত্বের মধ্যদিয়ে বোঝাতে চাইতো, তারা যে অত্যাচার করছে, এটা তাদের কোনো দোষ না। এটা আল্লাহ দ্বারা নির্ধারিত। তিনিই এই কাজগুলো করিয়ে নিচ্ছেন। সুতরাং প্রজাদের এই অত্যাচারের বিরুদ্ধে অভ্যুত্থান বা বিরুদ্ধাচার করা ঠিক হবে না। কারণ সব তো আল্লারই নির্দেশে হচ্ছে। এখন তা মেনে নেয়াই প্রজাদের একমাত্র কর্তব্য। হয়েছেও তাই। দীর্ঘদিন আরবের জনগণ তাদের অত্যাচার মুখ বুজের সহ্য করেছে।
এদের বিরুদ্ধ মতবাদ নিয়ে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসে আব্বাসী বংশ। তাদের মতবাদ ছিলো—আল্লাহতালা সবকিছু নিয়ন্ত্রণ করেন বটে তবে মানুষকে তাদের কর্মের ফল ভোগ করতেই হবে। কারণ তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের জ্ঞান-বুদ্ধি দিয়েই এই দুনিয়ায় পাঠিয়েছেন। এবার দেখুন উমায়্যা কিন্তু 'সর্বে ঈশ্বরবাদ' দিয়ে তারা তাদের অত্যাচারি চরিত্রকে ঢাকার কাজেই ব্যবহার করছে। আবার আব্বাসীদের মতানুসারে, স্র্রষ্টার অসীম ক্ষমতা স্বীকার করেও ভাল-মন্দর দায়-দায়িত্ব কিন্তু আমাদেরই।

রণি আহমেদ : সৌদি আরবে একটা শহরে আছে না, যে শহরটায় ওই যে একজন বৃদ্ধা যিনি মুহাম্মদ (সা.)-এর পথে কাঁটা বিছিয়ে রাখতেন, সেইখানেরই ওয়েদারটা নাকি সব চেয়ে ভাল, সব চেয়ে আরামদায়ক। ওখানে গেছেন এমন একজনের কাছ থেকেই শুনেছি, গতকাল সন্ধ্যায়ই তার সাথে কথা হচ্ছিল। ওখানে গেলেই নাকি শান্তি লাগে। (ওটা আধুনিক দাম্মাম শহর মনে হয়—দিলওয়ার হাসান)।
এটার কারণ কী বলেন তো? কারণ ওখানের মানুষেরা সবচেয়ে বেশি অত্যাচার করতো, বেশি অবিশ্বাসী ছিল এবং মহানবী ওনাদের জন্য সবচেয়ে বেশি দোয়া করেছেন। ফলে হইছে কি জায়গাটা পারমানেন্টলি পিসফুল হয়ে গেছে। হা হা হা…। এটা হচ্ছে রহমতের খেলা।
সৃষ্টিকর্তা কিন্তু এতো কিছু দেখেনও না। উঁনি একটা সিস্টেম তৈরি করেছেন, একটা ম্যাট্রিক্স তৈরি করে গেছেন, আমরা সেই মায়ার মধ্যে আছি। মায়ার বাইরে গেলেই আপনি তাঁকে পাবেন। (সো, অলস দিস আর নট ফর দ্যা নন-বিলিভারস—দিলওয়ার হাসান)।
না, তা নয়। নন-বিলিভারসও বিলিভার আর কি। বিলিভারস আর নন-বিলিভারসের মধ্যে পার্থক্য নেই। কারণ 'আমি বিলিভস করছি না'—ওটা যখন বারবার মাথায় আসছে, তার মানে ইউ আর বিলিভ সিসটেম। নাস্তিকতা হল সৃষ্টিকর্তাকে খোঁজার বিয়োগান্তক পথ। উল্টো পথ। কিন্তু সোজাও তার খেলা।

অলাত এহ্সান : এর মধ্যদিয়ে আসলে স্রষ্টার অস্তিত্বকেই স্বীকার করে নিচ্ছি, তাই তো?
রণি আহমেদ : হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ। আপনি মুখে বলছেন আমাকে বিশ্বাস করছি না। কিন্তু আপনার দেহের অস্তিত্ব কিন্তু আছে। ব্যাপারটা হচ্ছে জেন থিংকিং—বিশ্বাস না করাও বিশ্বাস। জেনদের চিন্তা এটা, সবাই তো সাধক ওরা।
তো আমার এখানে বিলিভার, নন-বিলিভার সবাইকে স্বাগত জানিয়েছি।

দিলওয়ার হাসান : এটার সঙ্গে জেনদের মনে হয় বিরাট মিল, তাই না?
রণি আহমেদ : হ্যাঁ। তান্ত্রিকদের সাথে জেনদের সাথে, যত হাই লেভেলের সাধক হবে তত মিল থাকবে। এটা হচ্ছে একটা সিক্রেট নলেজ। এই সিক্রেট নলেজটা হযরত মুহাম্মদ(সা.) স্পেশাললি হযরত আলী(রা.)কে দিয়ে গেছেন যে, 'এটা তোমাকে স্পেশালই দিয়ে গেলাম। এটা খুবই সিক্রেট। এটা হচ্ছে আসল বস্তু, নট ফর দ্য কমন পিপল।' কারণ এটার কোনো রিচুয়্যাল নাই। আমরা শরিয়তে যেটা করি, এখানে তেমন রিচুয়্যাল নাই, এটা ডাইরেক্ট গো টু দ্যা গড। এটা জাস্ট ইউর হার্ট ফল ইন লাভ অফ গড। তোমার হার্ট সবসময় বিট করবে তাঁর নামে। তাঁর নাম শুনলে তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। সুফিরা যখন-তখন কাঁদতেন। এখনো কাঁদেন। তাঁর সঙ্গে কানেকশন এমন হয়ে যায় যে, নাম শুনলেই…


দিলওয়ার হাসান : রুমি, জালাল উদ্দিন রুমি'র মতো।
রণি আহমেদ : হ্যাঁ, জালাল উদ্দিন রুমির মতো। যখন সামস্ ও রুমির মুলাকাত হতো, সেই সামসকে তিনি প্রায় পাগলের মতো খুঁজে বেরিয়েছেন। এ-ই ইশক, যাকে বলে ইশকের দহন। (আমাদের দেশে 'ইশকের দহন' নামে একটা বই আছে। নামটা সুন্দর)। মানে ওই ইশকটাই সব। তাছাড়া আমার ক্যাটালগে একটা কবিতা আছে। ওর মধ্যে মুটোমুটি সিক্রেট জায়গাগুলোকে আমি বুঝাইছি। যারা প্র্যাকটিস করে তারা পুরোপুরি বুঝতে পারেন।

…………………………………………………………………….

Monologue
Ronni Ahmmed

This universe is a monologue
Through the seven secret wisdom
Through the seven hundred seas of language
Through the countless abyss of eyes and existence
Through the crown lord of molten icy lava
and the galactic hologram of countless Divas
…Blessing a tiny astrological needle
…To weave a canyon of souls
…For returning to their promised land

Zikr of the one…
Molecule to molecule…
Universe to universe…
Explodes louder than gathered silence
of the entire creation…

…………………………………………………………………….

অলাত এহ্সান : হ্যাঁ, পড়েছি, খুবই সুন্দর। তো এই আঁকাগুলো তো নিজের প্র্যাকটিসের মধ্যদিয়ে। আসলে আপনার আর্টগুলো দেখে প্রথমেই মনে হয়েছিল, আর্টিস্ট নিজে যদি সুফিইজম প্র্যাকটিসে মধ্যদিয়ে না যায়, তাহলে এই ধরনের আর্টগুলো তৈরি হবে না।
রণি আহমেদ : না, ওটা ছাড়া একেবারেই করা যাবে না। নো ওয়ে, আউট। হা হা হা…। (বলাই বাহুল্য, হা হা হা…—দিলওয়ার হাসান)। এটা আপনি পাবেনই না। এজন্য যারা রেনেসাঁ পিরিওডের (তারা) ফার্মলি বিলিভার; অনেক বেশি বিশ্বাসী ছিলেন তারা।
এজন্য আমি সামনা-সামনি লাস্ট সাপার দেইখা আসছি। প্রথমে আমি দেখতে পারি নাই। আমার কাছে আলোর বন্যা মনে হয়েছে। উঁনি (যিশু খ্রিস্ট) তো আমাদের সেকেন্ড প্রফেট, ঈশা (আ.)। এজন্য মুসলিমদের সঙ্গে ছবিটা কমিউনিকেট করে। কারণ ওটা অনেক বেশি এনার্জি-ফোরস তো।
আর যেটা স্যুরিয়ালিজম এসব বলছেন তো, ওগুলো উপরের, সারফেস। একধরনের টুয়েন্টি সেঞ্চুরির মুভমেন্ট। (নামানুসারে নামকরণ আর কি!—দিলওয়ার হাসান)। হ্যাঁ। অথচ হাজার বছর ধরে এগুলো আছে। দুর্গার রূপটা কী? সুররিয়্যালই আসলে। হাজার বছরের একটা আপনি সুররিয়্যাল বলে চালিয়ে দিবেন! হা হা হা…। আসলে এটা নাম দেয়া হয়েছে আরকি। একটা মুভমেন্ট হয়েছিল, নাম দেয়ার দরকার ছিল, 'সুররিয়্যালিজম' দিছে। ওটা ফ্রয়েডের স্বপ্নধারণা থেকে সুররিয়ালিস্টিকদের মধ্যদিয়ে পেন্টিংসে আসে। কিন্তু ওটা ইন্ডিয়ানদের মধ্যে বা বিশ্বে আগে থেকেই ছিল।

অলাত এহ্সান : মানে পৃথিবীতে সবকিছু আছে। এখন এগুলো আবিষ্কার করার বাকি, এই তো?
রণি আহমেদ : হ্যাঁ, তাই। কারণ পৃথিবীকে তো অনেক আগেই কমপ্লিট তৈরি করা হয়েছে। কোথাও ইনকমপ্লিট ছিল না। এখন আপনি যত আবিষ্কার করবেন তত তাকে নতুনভাবে দেখতে পারবেন। কেউ এতটুকু বের করলো, কেউ অতটুকু বের করলো এই আরকি। কিন্তু আমার মনে হয়, এটা কমপ্লিটলি কাউকে কখনোই বের করতে দেয়া হবে না। দ্যাট ইজ অনলি পসিবল ফর হিম। মানে সকল জ্ঞানের আধার তিনি। সকল কিছুর অহংকার তিনি।
কিন্তু জাগতিক অহংকার শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। অহংকার থেকেই গ্রীড আসে, তারপর বাদবাকি যা আসে। কারণ ইসলামের ব্যাখ্যার দিকে যদি দেখেন, দেখবেন নয় লক্ষ বছর সাধনা করার পর শয়তানকে যখন বলা হয়েছে মানুষকে সেজদা করার জন্য, মানতে পারেনি। সে তখন বলেছে, আমি নয় লক্ষ বছর তোমার আরাধনা করেছি। কিন্তু সে বুঝতে পারেনি, মানুষ তাঁর আত্ম থেকেই তৈরি । তখন শয়তান বললো আমি নয় লক্ষ বছর তোমার সাধনা করছি, সুতরাং আমাকে অবশ্যই তোমার পাওয়ার দিতে হবে।
এখন নয় লক্ষ বছর তাঁকে সাধনা করছে। সুতরাং তাকে একটা পাওয়ার দেয়ার জন্য সে বাধ্য। মহাভারতেও দেখবেন, মুনী-ঋষিরা সাধনা করে পাওয়ার নিয়েছে। তো শয়তান বললো—আমাকে পাওয়ার দিতেই হবে। তখন শয়তানকে বললেন—তুমি কি চাও? তখন শয়তান বললো—এই যে তোমার সৃষ্টি মানুষ তার পিছনে পিছনে যেন লেগে থাকতে পারি কেয়ামত পর্যন্ত। এইভাবে শয়তান পাওয়ার পেয়ে গেল।


অলাত এহ্সান : আমি আসলে বর্তমান সময়ের সঙ্গে, বিশ্ব পরিস্থিতির সঙ্গে আপনার পৌরাণিক বিষয়বস্তুর নিয়ে আঁক ছবিগুলোকে মিলি দেখতে চাইছিলাম। সেই থেকে বর্তমান সময়ে সারা পৃথিবীতে যে যুদ্ধ-বৈষম্য-হত্যাকাণ্ড-উচ্ছেদ চলছে, হচ্ছে; এই সমস্ত কিছু থেকে মুক্তির জায়গাটা আপনি অনুভব করতে চেয়েছেন, পথ খুঁজেছেনও।
রণি আহমেদ : হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ। এটাই। ঠিকই বলেছেন। মানে মানুষকে এঞ্জেলিক জায়গায় যেতে হবে, নইলে এইখান থেকে মুক্তির উপায় নেই।

অলাত এহ্সান : মানে মানুষকেই ঈশ্বর হয়ে ওঠতে হবে।
রণি আহমেদ : মানুষকে এঞ্জেলিক জায়গায় যেতে হবে, তাকে ফেরেস্তার মতো হতে হবে। গড হওয়ার সাধনা একমাত্র সাধকরাই করতে পারেন। সাধারণ মানুষকে এঞ্জেল হওয়ার চেষ্টা করতে হবে।
আসলে এগুলো খুব বেশি ভেতরের কথা, ব্যক্তিগত কথা। লিখলেও লিখতে পারেন, নাও লিখতে পারেন। আপনি বিষয়টা ধরতে পারলেন, সফটলি টাচ করতে পারলেন বলে বললাম। কিন্তু যদি প্রথমেই আপনি আমাকে আক্রমণ করে বসতেন, তাহলে আমিও শামুকের মতো নিজেকে গুঁটিয়ে নিতাম। সহজে মুখ খুলতাম না। হা হা হা…

অলাত এহ্সান : আপনার আগের এক্সিবিশনগুলোতে মিথলজি আছে। তবে এবারের ছবিগুলো অনেক বেশি আত্মীক ও পুরোপুরি পুরাণস্পর্শি।
রণি আহমেদ : হ্যাঁ, এবারের ছবিগুলো অনেক বেশি এনার্জিবেইজড কাজ। এনার্জি ফিল্ড আছে। আমি জানি না, আপনারা এনার্জিটা ফিল করেন কি না। করলে করতে পারেন, নাও করতে পারেন। এনার্জি ফিল করার ব্যাপার আছে। গুড এনার্জি।

অলাত এহ্সান : আপনার প্রথম দিককার এক্সিবেশনগুলো একটু দ্রুত হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাঝের গ্যাপগুলো বেড়েছে, অনেক সময় পাঁচ-ছয় বছরও পেরিয়ে যাচ্ছে। তো পরবর্তী এক্সিবিশন কত সময়ের মধ্যে করার ইচ্ছে আছে? সে জন্য কোনো থিম বা পরিকল্পনা ইতোমধ্যে করেছেন কি না?
রণি আহমেদ : হ্যাঁ, আমার আগের এক্সিবিশনগুলো একটু স্বল্প সময়ের মধ্যে হয়েছে। তবে পরবর্তী এক্সিবিশন নিয়ে আমার কোনো চিন্তা নেই। কোনো পরিকল্পনাও নেই। যখন যে 'ই' পাবো তাই আঁকবো। আসলে আমার এমনও হয়েছে, আমার ছবির ক্রেতা আছে তবুও আমি ছবি বিক্রি করতে পারছি না। ভেতর থেকে হয়ে ওঠে না।

দিলওয়ার হাসান : কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দেশে যে দর্শক তারা তো বুঝবে না এই ছবিগুলো।
রণি আহমেদ : তারা না বুঝুক, তাদের সোল বুঝবে। একবার তারা আসলেই তাদের সোল বুঝবে। মাইন্ড হচ্ছে একটা জ্যাকেটের মতো, একটা পোশাক। এটা তো আপনি ফেলে দিবেন মারা যাওয়ার পরে। কিন্তু সোল তো আরেকটা জ্যাকেট নিবে। তো সেই সোল সব কালেক্ট করছে। কালেক্ট করে কসমিক মেমোরিতে পাঠিয়ে দিচ্ছে—গেছিলাম মন বুঝে নাই, কিন্তু আত্মা বুঝছে।

অলাত এহ্সান : আর্ট নিজেই একটা সাধনার বিষয়বস্তু। আপনি সেই আর্টের মধ্যদিয়ে আত্মীক মেডিটেশন করছেন। বিষয়টা খুব কঠিন হওয়ার কথা।
রণি আহমেদ : হ্যাঁ, এটা একটা মেডিটেশন। মেডিটেশন ছাড়া সম্ভবই না। মেডিটেশনের হাইস্ট স্টেজগুলো আনতে চেয়েছি ব্যক্তিগত প্র্যাকটিসের জায়গা থেকে।

অলাত এহ্সান : আমি মনে করছিলাম, যারা লেখালেখি করে, যেমন দিলু ভাই গল্প লিখেন, আমি লেখি বা লেখার চেষ্টা করি, একটা ঘোর তৈরি না হলে লেখা হয় না। তো আপনার ছবিগুলো দেখলে মনে হয়, দক্ষতার সঙ্গে আপনার আত্মীকতা মিশে এক-একটা ঘোরের মধ্যে ছবিগুলো এঁকেছেন।
রণি আহমেদ : হ্যাঁ, আপনি ধরতে পারছেন জিনিসগুলো। মেডিটেশনের ঘোর ছাড়া এটা সম্ভব না। আমার আগের যেকোনো এক্সিবিশনের চেয়ে এটা আমার কাছে ইমপর্টেন্ট। নিজের উত্তরণ ঘটাচ্ছি। আমি অতটা কনশাসলি করিনি, নিজে থেকে হয়ে গেছে। হয়তো 'উঁনি' মনে করেছেন এ-কে দিয়ে বলাতে হবে। আমি উছিলা মাত্র।
দর্শকের বিষয়টা—যেমন উনি(অলাত এহ্সানকে ইঙ্গিত করে) কম বয়সী আছেন, তবু উনি ধরে ফেলছেন ব্যাপারগুলো।

অলাত এহ্সান : আমি বয়সে তরুণ হওয়ার কারণেও কি কিছু কিছু বিষয় ওভার লুক করেছি কি না।
রণি আহমেদ : না-না-না, এখানে বয়সটা ফ্যাক্টর না। আপনার চেয়ে ছোট একজনও হয়তো ধরে ফেলবে ব্যাপারগুলো, কিন্তু আপনার সমবয়সী বা বড়ও হয়তো বুঝতে পারবে না। আপনি হয়তো প্রিভিয়াস ইয়েতে কোনো এক্সপেরিয়ান্স ছিল, তাই ধরতে পারছেন। এগুলো আমরা ব্যক্তিগতভাবে যা বুঝি, তাই থেকে বলছি—প্রিভিয়াস কোনো এক্সপেরিয়ান্স থেকে বুঝে থাকবেন। থাকে না?
আজকের ছোট ছোট ছেলেমেয়েরা কী করে কী করে কম্পিউটার শিখে ফেলে! তাদের জেনিটিক্সের মাধ্যমেই শিখে ফেলছে। আপনার পরিবারে হয়তো কেউ ছিল কোনো সাধক, তার মাধ্যমেই হয়তো আপনার কাছে এসেছে। মানে থাকতেই হবে। না হলে হবে না।
এগুলো আসলে টাইমের খেলা। এনিয়ে বলতে বলতে সময় শেষ হয়ে যাবে, কিন্তু জানা ফুরাবে না। আমি জাস্ট পাঁচ মিনিট বা আধাঘন্টার মধ্যে বললাম। হা হা হা…
ইস্ট এন্ড ওয়েস্টদের মধ্যে বড় পার্থক্য হচ্ছে মেডিটেশন। তারা 'নির্বাণ' প্রাপ্ত হয়নি, আমাদের এখানে অনেক দার্শনিকই 'নির্বাণ' প্রাপ্ত হয়েছিলেন। ওরা কিন্তু এখনো হেজিটেশনের মধ্যে আছে। ওরা কিন্তু এই নিয়ে ভাবেন। আপনি প্লেতো বলেন, এ্যারিস্ততল বলেন, কেউ-ই মেডিটেশনের নির্বাণ এ্যাটেন্ডই করেন নাই। তবে অনেকেই আবার এ্যাটেম নিছে। অনেকে ইনস্টিংক্ট(সহজাত প্রবৃত্তি) দিয়ে অনেক দূরে গেছে। কিন্তু ইনস্টিংক্ট আর নির্বাণ অনেক আলাদা। চিন্তার প্রার্থক্য থাকে। ইনস্টিংক্ট দিয়ে ধরে ফেলতে পারে, কী কেন হচ্ছে। কিন্তু ওই যে, নির্বাণ, সেই নির্বাণে এ্যাটেন্ড করো, তাঁর রহমত পাওয়া যাবে।


অলাত এহ্সান : আমি দেখছিলাম আপনা সবগুলো ছবিতে গাঢ় রঙ ও অবয়বের ব্যবহার আছে। শুধু 'নিরভানা' শিরোনামের ছবিতে রঙের ব্যবহারটা অন্যরকম, হালকা আর হলদে। মনে হয় সেটায় ধ্যানরত গৌতম বুদ্ধকেই এঁকেছেন। এটা কেন?
রণি আহমেদ : ঠিকই ধরেছেন। ওটা একটু আলাদা দেখতে। ওটা তো আসলে 'নির্বাণ বুদ্ধ'। অল মোস্ট দেখা যাচ্ছে না। ওটাকে বলে 'তথাগত বুদ্ধ'। তা হচ্ছে ইয়োলো কালার। আপনি পড়লে দেখবেন, তথাগত বুদ্ধের কালার হলো ইয়োলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি জানতামই না যে ওটা ইয়োলো কালার। আঁকার পরে আমি ভাবলাম, আমি কেন ইয়োলো দিলাম। আসলে আমি আঁকতে চেয়েছিলাম 'নির্বাণ', 'বুদ্ধ নির্বাণ'। তারপর একজন বললো যে, 'বুদ্ধার নির্বাণ'-এর কালার হলো ইয়ালো। ওটা মিলে গেছে।

অলাত এহ্সান : হা-হা-হা, একেবারে মিলে গেল! তার মানে আপনার মেডিটেশনটা তখন সেই পর্যায়ই ছিল। (মিলে গেল! ভেরি ইন্টারেস্টিং—দিলওয়ার হাসান)।
রণি আহমেদ : হ্যাঁ, ইন্টারেস্টিং। এগুলো বোঝার জন্য রুহানী জগৎ লাগবে। নরমাল সেন্স নিয়ে বিচার করলে কূল পাওয়া কঠিন।

অলাত এহ্সান : মেডিটেশনের সঙ্গে তো সংগীতের, সুরের গভীর সম্পর্ক। আমার মনে হচ্ছিল, আপনার ছবিগুলোর মধ্যে ঢোকার জন্যও মিউজিকটা (টিয়ারস অফ দ্যা ব্লাজিং ব্রেইন—ভিডিওতে ব্যবহৃত ব্যাকগ্রাউন্ড মিউজিককে ইঙ্গিত করে) গুরুত্বপূর্ণ। আসলে কারো ভেতরে যদি সংগীত না বাজে তাকে তো বাইরে থেকে সংগীত বাজিয়ে শোনাতেই হবে।
রণি আহমেদ : ও, হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ। মিউজিক তো খুবই গুরুত্বপূর্ণ। সাধনায় মিউজিক তো হাইস্ট স্টেজ। আমি তো শুনেছি বেহেস্তে নাকি কবিদের স্থান সবার আগে, মিউজিশিয়ান, পেইন্টারদের। আমাদের অবস্থান তৃতীয়তে, হা হা হা…

অলাত এহ্সান : বেহেস্তে দেখছি কবিদের একটা কদর আছে। এদিক দিয়ে মনে হয় এ্যারিস্ততলকে অনেক রূঢ় বলতে হবে। কারণ তিনি আদর্শ রাষ্ট্র চিন্তায় কবিদের স্থান নাই করে দিয়েছেন।
রণি আহমেদ : ‍কিন্তু কবিরাই পৃথিবী শাসন করে। কারণ পবিত্র গ্রন্থগুলো কবিতায় মানে কাব্যে লিখা। আর এগুলোই নিরবে আচ্ছান্ন করেছে মানব পৃথিবীকে কয়েক হাজার বছর ব্যাপী।

অলাত এহ্সান : আপনি যেটা একটু আগে বলছিলেন, ওরা এদিকে বেশি যায় না।
রণি আহমেদ : হ্যাঁ, ওরা এদিকে বেশি যায় না। ওরা ইন্টিলেকচুয়্যাল। তবে এর জন্য ওরা ইন্ডিয়ান সাব-কন্টিনেন্টে আসে।

অলাত এহ্সান : কিন্তু আমরা তো সব সময় বুদ্ধি-সুদ্ধির জন্য ওদেরই দ্বারস্থ হই।
রণি আহমেদ : ওটা তো ক্যাপিটালিজম। পশ্চিমী সাইন্স এক-একটি নির্দিষ্ট কাঠামো ধনতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। বুদ্ধি নিতে আমরা যাই, আর ওরা স্পিরিট নেয়ার জন্য আসে আমাদের এখানে। এটা কোনো কন্ট্রাডেকটরি না, খেলা। তবে ইস্ট আর ওয়েস্ট ছাড়া পৃথিবী গোলাকার হবে না, এটাই সত্য।