‘জয় বাংলা’র শিল্পী শাহাবুদ্দিন
শাহাবুদ্দিনের সব ছবিরই বিষয় মানুষ। বিশেষ মানুষ এবং নির্বিশেষ মানুষ। বিশেষ মানুষেরা ইতিহাসের বিখ্যাত নায়ক। নির্বিশেষ বা অচেনা মানুষেরাও বীরের মর্যাদা দাবি করে। কারণ, তারা সব সময়ই গতিশীল ও তেজোদীপ্ত। তার ছবিতে প্রকৃত অর্থে কোনো মৃতদেহ নেই, কিন্তু মৃত্যু আছে। এই মৃত্যু বীরের মৃত্যু; এতে ট্রাজেডির করুণ সমাপ্তির আবহ আছে। এই মৃত্যুতে মূলত চরিত্রের মৃতুঞ্জয়ী মাত্রাটা প্রসারিত হয়ে আছে। এই মৃত্যুর মহিমা শাহাবুদ্দিন চিত্রায়িত করেছেন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূলুণ্ঠিত বিশাল দেহ এঁকে এবং একজন মুক্তিযোদ্ধার মৃত্যুকেও চিত্রায়িত করে। বঙ্গবন্ধু ছাড়া শিল্পী এঁকেছেন গান্ধী, রবীন্দ্রনাথ, নজরুল, মাদার তেরেসা, সুফিয়া কামাল প্রমুখ সংগ্রাম ও কল্যাণপথের মহাজনদের। অপরদিকে বার বারই তিনি বিভিন্ন গতিতে ধাবমান মানুষ চিত্রিত করেছেন।
শিল্পী শাহাবুদ্দিনের মানস প্রবণতা বিশেষভাবে বিশ্লেষিত হওয়া প্রয়োজন। কেন তিনি মানুষই শুধু আঁকেন? কেন তার ছবিতে কোনো পরাজিত মানুষ নেই? মহামানবেরা কেন তার চৈতন্যের গভীরের সবচে' প্রিয় অ্যালবাম? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের মনে হয় মানুষকে শ্রদ্ধা জানানোর বিষয়টি তার অনেকাংশে কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে সম্পর্কিত। নজরুলও একই সঙ্গে বীরের বন্দনা করেছেন এবং সাধারণজনকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। সমষ্টির শক্তি এবং নেতৃস্থানীয় ব্যক্তিত্বের শক্তি–এই দুই শক্তিরই পূজারী শিল্পী শাহাবুদ্দিন।
শিল্পী শাহাবুদ্দিন ও কবি নজরুল, দুজনই বীরকে স্যালুট দিয়েছেন তাদের শিল্পে। দুজনের বোধের ঐক্যের পেছনের একটি বড় কারণ যুদ্ধের অভিজ্ঞতা। একজন প্রথম মহাযুদ্ধের অভিজ্ঞতায় মানুষের বিদ্রোহী চৈতন্যের স্বরূপ আবিষ্কার করেছেন আর অন্যজন ১৯৭১-এর মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বুঝেছেন মানুষেরও শক্তি অপরিমেয়। দুই চরিত্রের তুলনামূলক বিচারটা আরেকটু বিশদ করা দরকার। নজরুল ও শাহাবুদ্দিন, কেউ-ই নিভৃতচারী শিল্পী নন। নজরুলকে কাব্য রচনার জন্য জনতা-বিচ্ছিন্ন হয়ে নির্জনবাসে যেতে হয়নি। তিনি রণাঙ্গনে, মিছিলে, জনসভায় দাঁড়িয়ে কবিতা রচনা করেছেন। শাহাবুদ্দিনও যাপন করেন জনতাবান্ধব জীবন। এ এক বিশেষ মানসপ্রবণতা। তা খুব কম সৃষ্টিশীল মানুষই আয়ত্ত করতে পেরেছেন।
বীর ও বিদ্রোহী মানুষের শিল্পী শাহাবুদ্দিন। চিরন্তনী বাংলায় স্বল্পবাস পরিহিত নগ্নপ্রায় মানুষেরা জমিতে ফসল ফলায়, নদীতে মাছ ধরে। এই চিরায়ত বাংলার মানুষের রূপ দেখেই মেঘনাপাড়ের শাহাবুদ্দিন আজও আকুল হন। কিন্তু ৬৯-এর গণ-আন্দোলন আর '৭১-এর মুক্তিযুদ্ধ তাকে বদলে দিল। তিনি দেখলেন সেই মালকোচা-দেয়া লুঙ্গিপরা মানুষগুলো মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তারা আর চিরন্তনী বাংলার সেই কৃষক নয় যারা নিজের জমি দখলে রাখার জন্য পরস্পর লড়াইয়ে অবতীর্ণ হয়। তারা এখন বুঝেছে এই সত্য যে আমরা সবাই মিলে এক, আমাদের সবারই একটি দেশ, তার নাম বাংলাদেশ এবং এখন তা শত্রু কবলিত এবং এখন তা শত্রু-মুক্ত করে স্বাধীন করতে হবে। এই অঙ্গীকারে দীপ্ত সাহসী মানুষের কাতারে এসে দাঁড়ালেন শিল্পী শাহাবুদ্দিন। শুধু কাতারে দাঁড়ালেন না, মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিলেন, হলেন প্লাটুন কমান্ডার। নজরুল হাবিলদার আর শাহাবুদ্দিন প্লাটুন কমান্ডার–এখানেও কী অপূর্ব মিল।
যুদ্ধের পর শাহাবুদ্দিনের ছবিতে গেরিলা যোদ্ধারা চিত্রায়িত হতে শুরু হল। গতির বেগে তারা প্রলম্বিত। তাদের দেহ রকেটের মত স্পেসে ছুটে চলল। দুদর্মনীয় মানুষী দেহের গতিকে এঁকে শাহাবুদ্দিন '৭১-এর মুক্তিযুদ্ধকে এবং বাংলাদেশের মানুষের সাহসকে নতুন সংজ্ঞায় উত্তীর্ণ করেছেন। যে-মানুষেরা জয়-বাংলা ধ্বনিতে আকাশ-বাতাস প্রকম্পিত করে একদিন মুক্ত স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিল তারাই শাহাবুদ্দিনের চেতনায় স্থায়ী মুদ্রা পেয়ে যায়। এ শিল্পীর ছবিতে আমরা কেবলই যুদ্ধংদেহী মানুষ দেখি। কিন্তু কোনো মানুষেরই দেহের বিশদ বিবরণ নেই। গতির বেগে তারা শক্তির ও সাহসের বিশেষ অভিব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। তার ছবিতে মানুষের দেহ ইঙ্গিতে প্রকাশিত; যেন তা আর দেহ নয়, স্পেসে ভাসমান গ্রহ অথবা কোনো নভোচারি মানুষ, যেন সে স্পেস আবিষ্কারের তৃষ্ণায় কেবলই এগিয়ে যাচ্ছে। শাহাবুদ্দিনের ছবিতে মানুষের এই স্পেসের তৃষ্ণা স্বাধীনতা অনুভবেরই অন্য নাম। শাহাবুদ্দিনের ছবির বিষয় মানবসত্তার স্বাধীনতা অনুভবের অনন্ত পিপাসা। এই যোদ্ধা শিল্পীকে তার ৬৫তম জন্মদিনে জানাই সাহসী স্যালুট।
