‘বাংলাদেশের শিল্পকলার উৎসসন্ধান’-এর প্রকাশনা উৎসব
প্রাণী দেহের ফসিল গবেষণার মাধ্যমে তার জীবনেতিহাস কত পুরনো তা জানা সম্ভব। একটা জনগোষ্ঠীর মানুষের মননশীলতা কত প্রাচীন তা বোঝার জন্য তার সাংস্কৃতিক বিভিন্ন উপদান ও সাহিত্য-শিল্পকলা নিরিখ করে দেখা হয়। এটা যেমন তার মননের ইতিহাসকে নির্দেশ করে, একই সঙ্গে বিশ্বে তার স্বীকৃতি ও আত্মপরিচয় নির্ণিত হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ে হলেও বাংলাদেশে ইতিহাস চর্চা কম-বেশি প্রচলিত আছে। তবে শিল্পকলার ইতিহাস নানান ভাবেই খন্ডিত ও উপেক্ষিত।
বাংলাদেশের ইতিহাস যেভাবেই নির্ধারিত হোক, বাঙালির ইতিহাস যে খুবই প্রাচীন তা নিয়ে আর বিতর্কের অবকাশ নেই। একইভাবে, ইলোরা-অজন্তার গুহা চিত্র থেকেও যদি শুরু করা যায়, তাহলেও শিল্পকলার ইতিহাস অনেক পুরনো। কিন্তু বিভিন্ন ঘূর্ণিবায়ে বিস্মৃত হয়ে গেছে অনেক গুণি শিল্পী ও তার শিল্পকর্ম। সেই শিল্পকলার আত্ম-ইতিহাস নির্মাণ, শিল্পী ও শিল্পকর্মকে সম্যকভাবে তুলে ধারা জন্য গুরুত্বপূর্ণ কাজটিই করেছেন সাহিত্যিক গবেষক ড. নীলিমা আফরিন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার মননশীল গবেষণা গ্রন্থ 'বাংলাদেশের শিল্পকলার উৎস সন্ধান'। গত ৯ জুন, মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অধ্যাপক বুলবন ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ, বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাক রফিকুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক নিসার হোসেন। এছাড়া শিল্পবোদ্ধা, শিল্পপ্রেমী ও শিল্পী এতে অংশগ্রহণ করেন। প্রকাশনা উৎসবের অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় জাদুঘরের ড. নীরু শামসুন্নাহার। আলোচনা পর্বের সামান্য চা পানের বিরতি শেষে শিল্পী সুমন রাহাতের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
ড. আনিসুজ্জামান প্রধান অতিথির ভাষণে শিল্পের ইতিহাস তুলে ধরে বলেন, 'শিল্পকলার ইতিহাস গবেষণা অনেক বেশি মননশীল ও অনুসন্ধানের কাজ। এতে প্রাতিষ্ঠানিক গবেষণার মতো বিরস হওয়ার সুযোগ নেই। লেখক সে গবেষণার ভার মুক্ত হয়ে অনুসন্ধিৎসার মধ্য দিয়ে মননশীল এই গ্রন্থ তৈরি করতে সক্ষম হয়েছেন।' তিনি এই বইয়ের ধারাবাহিকতায় সকল বাঙালি শিল্পীর জীবন ও শিল্পকর্ম নিয়ে গবেষণার আহ্বান জানান। তিনি আশা করেন মননশীল পাঠক মাত্রই বইটি সাদরে গ্রহণ করবে।
বইটির শুরুতে লেখিকা বইয়ের প্রয়োজনীয়তা ও উদ্যোগের কথা বলতে গিয়ে 'আমার কথা'য় লিখেছেন, 'শিল্পকলা এবং সমন্বয় প্রক্রিয়া ওতপ্রোতভাবে সম্পৃক্ত। নিজস্ব গণ্ডির সীমা ছাড়িয়ে শিল্প বহির্জাগতিকতার পথ না ধরলে সৃষ্টির পথ যেমন রুদ্ধ হয়ে যেতে পারে, আবার নিজস্ব জাতিগত ঐহিত্যের আলো-হাওয়ায় গ্রহণ-বর্জনের প্রক্রিয়ায় সম্পৃক্ত না হলেও শিল্পের সমন্বয় প্রক্রিয়া ব্যাহত হয়। তাই স্বভাবতই যেতে হবে শেকড়ের উৎস সন্ধানে।' এই উৎস সন্ধানের প্রয়াসের পেছনে রয়েছে লেখিকার গত ২৭ বছরের ছবি দেখা ও শিল্পের সঙ্গে বসবাসের অভিজ্ঞতা। গ্রন্থে তিনি ১৯৪৭ পূর্ববর্তী সময়ের ২৬ জন শিল্পীর আদ্যোপ্রান্ত তুলে ধরেছেন।
দেশের প্রবীণ শিল্পী ও অধ্যাপক রফিকুন নবী বলেন, 'আমার ভাল লাগছে যে নীলিমা এমন একটি বিষয় নিয়ে গবেষণা করছেন। তিনি এদেশের শিল্পীদের উৎসের সন্ধান করেছেন।' খানিকটা স্মৃতিচারণের মধ্য দিয়ে তিনি বলেন,'আমি অকপটে স্বীকার করতে চাই, এ বইতে এমন অনেক শিল্পী আছেন যাদের আমি নামে চিনি কিন্তু শিল্পকর্ম বা আঁকা ছবির রিপ্রোডাক্টশন দেখিনি, আবার এমনও হয়েছে শিল্পীর আঁকা ছবি দেখেছিলাম কিন্তু শিল্পীর নাম জানা হয়নি।…এখানে যে ছাব্বিশ জন শিল্পীর নাম আছে তাদের সম্পর্কে লেখা ও তাদের কাজ খুঁজে বের করে আনা বেশ কষ্ট সাধ্য কাজই মনে হয়েছে।' তিনি বইটির সাফল্য কামনা করেন।
অধ্যাপন নেসার হোসেন শিল্পকলার ইতিহাস চর্চার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, 'আমার মনে হয়, কেন যেন শিল্পকলা নিয়ে লেখালেখি একটা সময় খুব সৌখিন পর্যায়েই ছিল। খুব বেশি দায়িত্ববোধ নিয়ে লিখার প্রয়াস কেউ তেমন করেন নি। যে কারণে আমাদের শিল্পকলার অনেক কিছু বা তার ইতিহাস হারিয়ে গেছে। সেই জায়গা থেকেই এই বইয়ের গুরুত্ব আমাদের স্বীকার করতে হবে।' তিনি এই ধরনের গবেষণা চর্চার সীমাবদ্ধতা আলোকপাত করে বলেন,'বাংলাভাষায় এই ধরনের কাজ খুব বেশি নেই। এটা তরুণ গবেষকদের জন্য খবুই উপকারই হবে। আমার মনে হয় এই প্রক্রিয়াটা শুরু হলো। এটা আরো সমৃদ্ধ হবে।'
বই সংশ্লিষ্ট ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ বলেন, 'শিল্পের প্রতি ভালবাসা থেকে যুগে যুগে শিল্পীরা তাদের শিল্পকর্ম দ্বারা এই প্রাঙ্গণ সমৃদ্ধ করেছেন। তাদের অনেকের নাম উত্তর প্রজন্মের কাছে অজ্ঞাত। এই বইটি মানুষের শিল্পের প্রতি প্রেম-ভালবাসার সহজাত প্রবৃত্তি থেকে উৎসারিত।' তিনি বইটির বহুল প্রচার আশা করেন। এরপর বইটির প্রকাশক 'কথাপ্রকাশ'র কর্ণধার জসিম উদ্দিনের স্বাগত বক্তৃতা দেন।
সভাপতির ভাষণে অধ্যাপক বুলবন ওসমান বলেন, 'বাঙালির কবে থেকে শুরু হয়েছে, ১৯৭১ নাকি ১৯৪৮-এর পর, নাকি বখতিয়ার খলজি বাংলা বিজয়ের ১২০৪-এর পর, সাধারণের মধ্যে সেই ইতিহাস সংক্রান্ত একটি বিভ্রান্তি আছে। এভাবে ইতিহাস যদি দেখি তাহলে খুব বিভ্রান্তিকর। কারণ রাষ্ট্রের কাঠামোর বদল হয়। কিন্তু সংস্কৃতি অত সহজে বদলায় না।…ভাষাভিত্তিক বাঙালির ইতিহাস আরো পুরনো। সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবেই এই বই শুরু হয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে দিয়ে।' বইয়ের বিভিন্ন দিকে আলোচনা করে বলেন, 'বইটি দেখতে চমৎকার, লেখা চমৎকার, তথ্যও চমৎকার।'
বইটির আরেকটি বিশেষ দিক হলো গবেষণার পাশাপাশি এর সঙ্গে গভীর মননশীলতাও যুক্ত হয়েছে। গবেষণ ড. নীলিমা আফরিন একজন সাহিত্যিক। ইতোপূর্বে তার দুইটি উপন্যাস ও একটি ছোটগল্প গ্রন্থ প্রকাশ হয়েছে। ২০১৪ সালে তার পিএইডি গবেষণা কর্ম 'বাংলাদেশের উপন্যাসের মনোবিশ্লেষণ ১৯৪৭-২০০০' গ্রন্থ আকারে প্রকাশিত হয়। তিনি স্বশিক্ষিত চিত্রশিল্পী হিসেবে চিত্রশিল্প ও ছাপচিত্র শিল্পচর্চাও করে থাকেন। একাধিকবার তার চিত্রকর্মের দর্শকনন্দিত প্রদর্শন হয়েছে। প্রকৃতার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশুনা করা এই গবেষক সাহিত্যের সঙ্গ ধরেই চিত্র কলার প্রতি আকৃষ্ট হন।
