২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের শিল্পযাপন ও করোনাকালের কড়চা

শাহাবুদ্দিন আহমেদ

Published : 07 Jun 2021, 10:18 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

মুক্তিযোদ্ধা ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন যাবত প্রবাসজীবন যাপন করলেও প্রতিবছর তিনি দেশে ফেরেন– কখনো একা, কখনো সপরিবারে। গতবছর তিনি করোনা প্রকোপের আগে দেশে ফিরলেও কন্যাসহ আটকে পড়েছিলেন দেশের মাটিতে। প্যারিসে পরিবারের অন্যান্য সদস্যদের কাছে ফেরার জন্য কয়েকগুণ দামে টিকিট কিনতে হয়েছিল। নিজের পরিবারের সাথে প্যারিসে উদ্বিগ্ন ও সীমিত চলাচলের জীবন কাটানোর পর প্যারিস আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কিন্তু দেশে বিদেশে করোনায় স্বজন ও বন্ধুদের হারানোর বেদনার পাশাপাশি তার প্রিয় মাতৃভূমিতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন জীবন যাপন করছেন। তবে প্রতিকূল এই আবহের মধ্যেই শিল্পী শাহাবুদ্দিন অব্যাহত রেখেছেন রং তুলির পেশিময় সঞ্চালন। এই অমাময়ী সময়েই ইতিমধ্যে তার সৃষ্টিশীলতা জন্ম দিয়েছে অসংখ্য শিল্পকর্মের। বিডিআর্টসের পাঠকদের জন্য বিশ্ববরেণ্য এই শিল্পী নিজ হাতে নিজস্ব ভাষায় জানাচ্ছেন অমাময়ীকালকে উপেক্ষা করে যাপন করা জীবনের করচা আর শিল্পের গহন উত্তাপের কথা। এই সময়কালে তিনি এঁকেছেন এমন কিছু চিত্রকর্ম যেগুলোর বিষয়বস্তু আগে তার কোনো চিত্রকর্মে প্রবেশাধিকার পায়নি। শিল্পীর বয়ানে ও আলেখ্যে সমৃদ্ধ এই লেখাটিতে পাঠক পাবেন আরেক মুক্তিযোদ্ধা ও শিল্পীকে। বি. স


গত দেড় বছরে মহামারী করোনার কারণে বদলে গেছে পৃথিবী। মানুষের জীবনও। কোথাও স্বস্থি, স্বতঃস্ফূর্ততা নেই। গৃহবন্ধী মানুষ বাংলাদেশে যেমন, প্যারিসেও তাই। আমাদের মত সৃজনশীল পেশার মানুষরা চেষ্টা করি দিনে কিছু না কিছু করতে। সবসময় মনের মত কাজ হয় না অবশ্য। একেবারে কাজকর্ম বন্ধ করে বাড়ীতে বসে থাকার এমন পরিস্থিতি প্রথমদিকে সহজ স্বাভাবিক লাগলেও পরে তা একঘেঁয়ে বিরক্তিকর মনে হয়েছে। ইচ্ছে হলেই রাস্তায় বের হতে পারবো না– এই বোধটাই ভয়ের, অস্বস্থিকর।


অধিকাংশ মানুষই জানে না কাজকর্ম না করে কি করে একা থাকতে হয়, থাকা যায়। গত বছর ঢাকায় ছিলাম করোনা প্রাদুর্ভাবের শুরুতে। ইউরোপ, আমেরিকা তখন আক্রান্ত; ভয়াবহ অবস্থা। বাংলাদেশ তখনও করোনামুক্ত। আকাশ পথে বিদেশগামী যান, চলাচলের আন্তর্জাতিক রুট বন্ধ। ছোট মেয়ে চর্যাকে নিয়ে আমি ঢাকায়। প্যারিসে আমার স্ত্রী আনা ও বড় মেয়ে চিত্র, দুই মহাদেশের দূরত্বে। ঢাকার একই বাড়ীতে বিভিন্ন ফ্ল্যাটে ভাইরা পরিবার নিয়ে থাকে। ঢাকার পরিস্থিতিও আস্তে আস্তে বদলে যাচ্ছিল করোনার প্রকোপে। প্রয়োজন ছাড়া দেখা-সাক্ষাৎ বন্ধ। স্বজনদের সঙ্গেও। খুব প্রয়োজনে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কথা বলা। চর্যা প্যারিসে ফিরতে উদগ্রীব। আমিও। শেষ পর্যন্ত বার-দুয়েক নির্ধারিত ফ্লাইট বাতিলের পর কাতার এয়ারওয়েজের নির্ধারিত বিশেষ ফ্লাইটে প্যারিস ফেরা মে মাসের তিন তারিখে। আগের কেনা রিটার্ন টিকিট রেখে বেশী অর্থ দিয়ে নতুন টিকিট কিনতে হয়েছে বিশেষ ফ্লাইটের জন্য।


প্যারিসে তখন লকডাউন চলছে, মার্চ মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়া। যাত্রাপথে মুখে মাস্ক। প্যারিসে এয়ারপোর্ট থেকে বাড়ী অব্দি ট্যাক্সিতেও মুখে মাস্ক। হাতে বিশেষ ছাড়পত্র এয়ারপোর্ট কর্তৃপক্ষের দেয়া। লকডাউনের সময় ফ্রান্সে প্রশাসনের দেয়া বিশেষ কাগজ নিয়ে বের হবার সুযোগ ছিল। মাত্র এক ঘন্টার জন্য। এক কিলোমিটার সীমানার মধ্যে নিয়ন্ত্রিত চলা-ফেরা। বাজার-ফার্মেসী, জগিং বা নিছক হাঁটার জন্য- যাই হোক নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে।
প্রতি শনিবার সকালে কাঁচা বাজার (ফরাসীতে বলে মারসে) যাওয়া আমার দীর্ঘদিনের অভ্যাস– খবরের কাগজ, সিগারেট কেনার পর বাজার করে বাড়ী ফেরা। করোনার জন্য কয়েক মাস বন্ধ ছিল বাজার। ভাইরাসের প্রকোপ কমে কিছুটা স্বাভাবিক হলে বাজার বসেছে। বাজারে যাই শনিবার সকালে, তবে আগের মত নিশ্চিন্তে নয়।


প্রায় ৪৭ বছর প্যারিসে আছি। প্রতিদিনের রুটিন সকালে নাস্তার পর ছবি আঁকা, দুপুরে খাবার বিরতি, তারপর আবার কাজ সন্ধা পর্যন্ত। সূর্যের আলো যতক্ষণ থাকে। শীতের সময় অবশ্য আলাদা সময়সূচী। এটাও হয়তো একজন শিল্পীর জন্য এক ধরনের ঘরবন্দী জীবন। অবশ্য স্বনির্বাচিত, স্বআরোপিত। স্টুডিওতে নিজের জগত। সন্ধ্যায় আঁকা শেষ হলে আগে প্রয়োজনে বাইরে যেতাম বা বন্ধুরা বাড়ীতে আসতো। বন্ধের দিনে কখনো তাদের বাড়ীতে লাঞ্চ বা ডিনারে যাওয়া হতো। গত দেড় বছরে সব বন্ধ। ছবি আঁকার সময় ছাড়া লোকজনের সান্নিধ্য আমার পচ্ছন্দের। আমি একা থাকতে পছন্দ করি না। ঢাকাতেও যখন যাই, আমার ফ্ল্যাট বাড়ির স্টুডিওর পাশের খোলা ছাদে বিকেল হলেই বন্ধু- গুণগ্রাহীদের উপস্থিতিতে টেবিল টেনিক খেলাসহ, আড্ডায় মুখর সময় উপভোগ করি খুব।


প্যারিসে এখনও অদৃশ্য ভাইরাসের আতঙ্কে নিয়মিত জীবন যাপন। কাজের বাইরে মনে হয় অফুরন্ত সময়। আমার ধারণা ছিল কোভিডের সময় হয়তো আরো বেশী করে ছবি আঁকতে পারবো। সামাজিকতার বিষয় নেই। কিন্তু বাস্তবের চিত্র সম্পূর্ণ বিপরীত। মাঝে মাঝেই মনসংযোগের ব্যাঘাত ঘটে। অনেক সময় মনের মত কাজও করা হয় না। দুপুরে খাবার সময় টিভিতে খবর দেখি। রাতেও। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি ছাড়া রাজনীতি, খেলার খবরতো থাকেই। সিনেমা দেখি নিয়মিত টিভিতে। আমার প্রিয় বিনোদন ও বলা যায় খেলার মত।
বাইরের অন্যান্য বিচিত্র বিনোদন মাধ্যমগুলো বন্ধ। আগে নিয়মিত ক্লাবে টেবিল-টেনিস খেলতে যেতাম। প্রতি মঙ্গলবার বিকালে আমার এক বন্ধুর সঙ্গে খেলার পর রাতে বাড়ী ফিরে এক সাথে ডিনার ও গল্প করে সময় যেত। গত বছর লকডাউন উঠে যাবার পর ক্লাবে কিছু দিন খেলতে গেছি সেপ্টেম্বরে। করোনা সংক্রামন বেড়ে যাওয়ায় আবার সব বন্ধ। সন্ধ্যা সাতটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কার্ফু। তাই কয়েক মাস ধরে এই বন্ধু প্রতি শনিবার বিকেলে আমার বাসায় চলে আসে। দু'জনে দাবা খেলার অবসরে ফুটবল বা রাগবী ম্যাচও দেখি। এই মুহূর্তে আমি দেখছি প্যারিসে অনুষ্ঠিত লং-টেনিস প্রতিযোগিতা রোনাল্ড গারো। কার্ফু বলে বন্ধু রাতে থেকে যায়। গত ১৯ মে রাত নয়টা থেকে কার্ফু। এখন আর বাইরে যেতে ছাড়পত্র লাগছে না। জুন মাস থেকে জীবন-যাপন আরো স্বাভাবিক হবে আশা
সবার। দোকান, শপিংমল, ক্যাফে, বার, সিনেমা হল এখন খোলা। দমবন্ধ করা অবস্থা কমলেও প্রতি পদে সাবধানতা।


করোনাকালে সকালে কাজের সময়ের কিছু পরিবর্তন হয়েছে। দশটা থেকে এগারোটার মধ্যে কাজ শুরু করি। কোনদিন ছবি আঁকার আগে আমার স্টুডিওতে রাখা টবের গাছের পরিচর্যা করি। ঘর পরিস্কার করি। মূলতঃ দৈহিক অনুশীলনের বিকল্প পন্থা। ঢাকার ফ্লাটের ছাদেও আমার প্রচুর গাছ আছে। একেবারে চুপ করে বসে থাকা আমার স্বভাব না। সন্ধ্যায় নিয়মিত রান্না করি। রান্না করতে পছন্দ করি। সারাদিন কাজের পর মানসিক চাপ অনেকটাই তাতে মুক্ত হয়। আর প্রতি শুক্রবার নয় বছরের আবি এবং প্রায় পাঁচ বছরের আয়েরিস স্কুলের পর আমাদের বাড়ীতে আসে। প্রতিবেশীর দু'মেয়ে। ওদের বাবা ফরাসী, মা সেনেগালের। ছোট বেলা থেকেই আমাদের কাছে থাকে মাঝে মাঝে। ওদের বাবা–মাও নিশ্চিন্তে রেখে যায়। শনিবার বিকেলে আবার নিতে আসে। শুক্রবার রাতটা খুব আমাদের হৈচৈ করে কেটে যায়। ওরা দুজনই আমার মেয়ের মতো।


অবরুদ্ধ সময়ে কয়েকবার প্যারিসের বাইরেও গেছি। একঘেঁয়েমি কাটাতে মূলত বড় মেয়ে চিত্রর উদ্যোগে, উৎসাহে। ওর বন্ধুর গ্রামের বাড়ী নরমাঁদি, সমুদ্রের ধারে। খুব সুন্দর প্রকৃতি। আমার মনে হয় গ্রামের মানুষের ততখানি একঘেঁয়ে লাগেনি, যতটা শহরের মানুষের লেগেছে। করোনাকালে মানুষের স্বভাবেও পরিবর্তন হয়েছে। হিসেব করে মেপে খাওয়া, অপচয় বন্ধ করা, হাত ধোয়া, মাস্ক পরা, সচেতনভাবে অভ্যাস করেছে। নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হলাম। আমার মত অনেকে এখন এ সমস্ত শব্দে অভ্যস্থ। অতিমারী বা প্যানডেমিক, লকডাউন কোয়ারেন্টাইন-এর সঙ্গে জুম মিটিং করার অভিজ্ঞতাও হলো।

গত বছর করোনাকালে দেশের গণমাধ্যম নিয়ে একটি চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছিল ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। করোনা-কালে গণমাধ্যমের লড়াই নিয়ে তিনদিনের এই আয়োজনে ২৩ থেকে ২৫ নভেম্বর জাতীয় যাদুঘরে নলিনীকান্ত ভট্টশীল গ্যালারীতে। প্রদর্শনীর জন্য দুটো চিত্রকর্ম দিয়েছিলাম। গত সেপ্টেম্বরে ফ্রান্সে চিত্র প্রদর্শনীর কথা ছিল। পরিস্থিতির জন্য সব স্থগিত। ২৫ আগস্ট উপলক্ষ্যে শিল্পকলা একাডেমী আয়োজিত প্রদর্শনীতে "স্নেহ" শিরোনামে বঙ্গবন্ধুর দুই কন্যার চিত্রকর্ম দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ কিছু প্রতিকৃতি করলাম।


গান্ধী, বঙ্গবন্ধু, মাদার তেরেসা, সত্যজিৎ, নজরুল, রবীদ্রনাথ, সুফিয়া কামাল, জাহানারা ইমাম, ভাসানী, ওবামা, চার্লি চাপলিন প্রমুখ বরনীয় ব্যক্তিত্বের প্রতিকৃতি করেছি বিভিন্ন সময়ে। তবে এই প্রথম চে গুয়েভাবার প্রতিকৃতি করলাম ফ্রান্সের পোঁআভেন-এ আমার গ্যালারীর এক শিল্প সংগ্রাহকের জন্য।


এই মহামারীর কালে মনে পরছে শান্তিনিকেতনের শতবার্ষিকী উপলক্ষ্যে ২০১৯ এর অক্টোবরে দেখা হয়েছিল মানু পারেখ, সৌমিত্র চট্টোপাধ্যায়, যোগেন চৌধুরীর সাথে। দেখা হওয়ার মূল কারণ ছিল এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগেন চৌধুরী বাংলাদেশ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

করোনাকালে হারিয়েছি অনেক ঘনিষ্ঠ বন্ধু-স্বজনকে। এক ফরাসী শিল্পী বন্ধু আমার প্রতিবেশী গত ৩৭ বছর ধরে। ঢাকা থেকে প্যারিস ফিরে শুনি গত বছর মার্চ মাসে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। স্বামীকে শেষ দেখা হয়নি স্ত্রীর, যেতে পারেনি শেষকৃত্যেও। খুবই বেদনাদায়ক। মুক্তিযুদ্ধের সময় আমার প্লাটুনের সর্বকনিষ্ট মুক্তিযোদ্ধা ছিল কিশোর সোহেল। গত বছর ১৪ জুলাই মারা যায় করোনায়। মার্চ মাসে ঢাকায় আমার বাসায় শেষ দেখা। খ্যাতনামা, নামহীন কত চেনামুখ হারিয়ে গেল।


চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০১৯ সালের অক্টোবরে শান্তিনিকেতনে কয়েকটা দিন এক সাথে কাটিয়েছিলাম। ঢাকায় আমার প্রদর্শনীর উদ্বোধন করতে আসবেন বলে কথা হলো। অপ্রত্যাশিতভাবে সময় বদলে গেল। '৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রথম পরিচয় কবি শঙ্খ ঘোষের সঙ্গে। আমার বন্ধু আজাদসহ। ২০২০ সালে জানুয়ারীতে তার সঙ্গে শেষ দেখা। তিনিও প্রয়াত। আনিসুজ্জামান স্যার, শামসুজ্জামান খান, কবরী, শাহাদাত হোসেন খানের মত আরো অনেকেই ছিলেন নিকটজন।


বৈশ্বিক মহামারির কারণে বহু মানুষের কাজকর্ম বন্ধ। খেটে খাওয়া শ্রমজীবি মানুষ ছাড়াও শিল্পী, চলচ্চিত্রকর্মী, নাট্যকর্মী সবার জন্য দুঃসময়, উপার্জন বন্ধ। আর্থিক সংকট উদ্বেগজনক সময় শেষে পৃথিবী স্বাভাবিক হবে। জীবনে স্বাভাবিক গতি ফিরে আসবে আশা করি শিগগিরই। সুস্থ্য থাকার জন্য ভ্যাক্সিন নিলেও মানুষের প্রকৃতিকে সম্মান করা দরকার। সব রোগের নিরাময় চিকিৎসায় সম্ভব। আর মনের সব কষ্টের সমাধান দিতে মানুষই পারে– ভালবাসা আর প্রার্থনায়।

ইতিপূর্বে আর্টস-এ প্রকাশিত শাহাবুদ্দিন আহমেদ-এর সাক্ষাৎকার:
শাহাবুদ্দিন আহমেদ: আমি একজন শিল্পী হয়ে বিশ্বাসঘাতকতা করতে পারি না