নিকির যাপন: আত্মার দহন
I am following a course what was chosen for me, following a passing need to show that a woman can work on a monumental scale.
নিকি দ্য সাঁ ফাল॥
নিকি দ্য সাঁ ফালের শিল্প যেন বিস্মরণের পাতাল ফুঁড়ে উঠে আসা সমাজ, রাজনীতি, ইতিহাসের ঘটনা প্রবাহ আহরিত অভিজ্ঞতায় আচ্ছন্ন। চর্চার পেরিফেরিতে আছে নিজস্ব স্টাইল ও শৈলীর নীরিক্ষা। নৃতত্ত্ববিদ যেভাবে সংস্কৃতিকে দেখেন সেভাবে নিকি নিজের জীবন ছুঁয়ে শিল্পে নিজস্ব ভাষা তৈরি করেছেন। নিকিই তার শিল্পের প্রোটাগনিস্ট।
পরিচয়ে সমৃদ্ধ জীবন। মডেল, লেখক, ভাস্কর, চিত্রশিল্পী। সাহসী বন্ধনহীন মানসিকতা আর ব্যতিক্রমী সৃষ্টি নিয়ে গতানুগতিক সৃজন পথের অভিযাত্রী ছিলেন না। যে প্যারিসের অভিজাত শহরতলী নুই-সুর সেনে ১৯৩০ সালের ২৯ অক্টোবর। মা আমেরিকান জনি জাকলিন হারপার (১৯০৮-১৯৮০) বাবা ফরাসী কাউন্ট অঁদ্রে মারি ফাল দ্য সাঁ ফাল (১৯০৬- ১৯৬৭)। অভিজাত পরিবারের সন্তান বাবা; তাদের সাত ভাইয়ের ছিল পারিবারিক ব্যবসা। বাণিজ্য লক্ষী মুখ ফেরান শেয়ার বাজার পতনে ১৯২৯ সালে, হারান ব্যবসা ও প্রতিপত্তি।
জন্মসূত্রে পুরোনাম ক্যাথরিন মারি আনিয়েস ফাল দ্য সাঁ ফাল। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় নিকি। ঔপন্যাসিক তেরেজ দ্য সাঁ ফাল সম্পর্কে তাঁর বোন। দুজনের জন্মও একই বছরে। নিকির জন্মের বছরেই বাবার বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বাড়ী বদলে মা-বাবা চলে আসেন নিউইয়র্কের শহরতলীতে, মারিকে পাঠানো হয় দাদা-দাদীর কাছে ফ্রান্সের নিয়েভ্র শহরে। তিনবছর পর ফিরে যান কানেকটিকাতে বাবা মার কাছে। সাঁ ফালদের পারিবারিক ব্যাংকের ম্যানেজার ছিলেন বাবা। ১৯৩৭ সালে বাবা-মা আবার নিউইয়র্কে চলে আসেন। মারিকে ভর্তি করা হয় কনভেন্ট স্কুলে। গোঁড়া ক্যাথোলিক পরিবেশে শৈশব-কৈশোর কাটানো মেয়ে বিনীত সন্তান ছিলেন না। ফলে কনভেন্ট স্কুল থেকে বের করে দেয়া হয়। আবার পাঠিয়ে দেয়া হয় নিউজার্সির প্রিসটনে নানা-নানীর কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে তারা ফ্রান্স ত্যাগ করে আমেরিকায় থিতু হন। স্থানীয় পাবলিক স্কুলে ভর্তি করা হয় মারিকে। ১৯৪২ সালে ফিরে আসেন বাবা-মার কাছে; ভর্তি হন নিউইয়র্কের ব্রেয়ারলি (Brearly) স্কুলে। গ্রন্থভূক কিশোরীর প্রিয় লেখক ছিলেন এডগার অ্যালান পো, শেক্সপিয়ার। আর গ্রীক ট্রাজেডি পাঠে ছিল আনন্দ। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। প্রথম নাটক এবং কবিতা লেখা স্কুলে পড়াকালেই। বনেদী পরিবারে বেড়ে ওঠা নিকি সুবোধ তনয়া ছিলেন না। পারিবারিক নিষেধাজ্ঞা, সমাজের আরোপিত কাঠামোর বিরুদ্ধে ছিল বিদ্রোহ। স্কুল প্রাঙ্গণে থাকা গ্রীক ধ্রুপদী ভাস্কর্যের গোপন অঙ্গ ডুমুরের পাতায় উজ্জ্বল লাল রঙ লেপে ঢেকে দেন। স্কুলের প্রধান শিক্ষয়ত্রী নির্দেশ দেন তাঁর মানসিক চিকিৎসার, নয়তো স্কুল ছাড়তে হবে। স্বভাবতই অন্য একটি ধর্মীয় স্কুলে ভর্তি করা হয় নিকিকে।
ডুমুরের পাতায় রঙ দিয়ে স্কুলের ধ্রুপদী ভাস্কর্যের গোপন অঙ্গ ঢেকে দেওয়াও – হয়তো ছিল দ্রোহী সত্তার প্রকাশ। অসাড় সামাজিক শাসন এবং কৃত্রিম মূল্যবোধের বিরুদ্ধে। বহুবছর পর স্কুলের এই ঘটনা স্মরণ করে বলেছেন- এখানেই তিনি ফেমিনিস্ট হয়ে উঠেছিলেন। শৈশব ছিল ত্রস্ত, মায়ের কড়া শাসনভারে অবদমিত। রাগী, উগ্র মেজাজী মা। ছেলেমেয়েদের মারধর করতেন। ক্ষিধে না পেলেও তাদের জোর করে খাওয়াতেন। পাঁচ ভাই বোন– জন, মারি আনিয়েস, ক্লেয়ার, এলিজাবেথ ও রিচার্ড। ছোট বোন এলিজাবেথ এবং রিচার্ড পরে আত্মহত্যা করেছিল।
বাড়ীর পরিবেশে সবসময় বিরাজ করত চাপা উত্তেজনা। একমাত্র রান্নাঘর ছিল নিকির জন্য স্বস্তির জায়গা। কৃষ্ণাঙ্গ রাধুনীর রান্না দেখা ছিল আনন্দের।
মেরিল্যান্ডের গ্লেনকোর ওল্ডফিল্ড হাইস্কুল থেকে গ্রাজুয়েশন করেন মারি ১৭ বছর বয়সে ১৯৪৭ সালে। ছিলেন সুদর্শনা, ফলে অল্পবয়সেই সুযোগ পেয়েছিলেন ফ্যাশন লাইফ ম্যাগাজিনের (২৬ সেপ্টেম্বর ১৯৪৯) প্রচ্ছদের মডেল হবার। তিন বছর পর ১৯৫২ সালের নভেম্বরে ফরাসী 'ভোগ' পত্রিকা ছাড়াও 'এল' (ELLE) এবং 'হারপার বার্জার' পত্রিকায়ও মডেল ছিলেন। মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেন কৈশোরের বন্ধু হারি মাতিউকে। প্রথম দেখা হয়েছিল ১১ বছর বয়সে। বাবা আলাপ করিয়ে দিয়েছিলেন ১২ বছরের মাতিউর সঙ্গে। ছয় বছর পর হঠাৎ দেখা প্রিন্সটনের এক ট্রেনে। স্বল্প সময়েই গাঢ় বন্ধুত্ব, পরে প্রেম। নিউইর্য়কের সিটি হলে সিভিল ম্যারেজ করেন ৬ জুন ১৯৪৯। পরের বছর ফেব্রুয়ারিতে ধর্মীয় রীতিতে বিয়ে হয় নিউইয়র্কের ফরাসী গির্জায়।
কিশোরী বেলাতেই মারি পোশাকী নামের স্থলে 'নিকি' নামে পরিচিতি ছিল। মাতিউর পরিবারের প্রবল আপত্তি ছিল নিকি ক্যাথলিক পরিবারের সন্তান বলে। অসন্তুষ্ট বাবা মা মাতিউকে অর্থনৈতিক সহায়তা দেয়া বন্ধ করে দেন। নবদম্পতি নতুন জীবন শুরু করেন ক্যামব্রিজে। উদ্দেশ্য হার্ভাড বিশবিদ্যালয়ে মাতিউর সংগীতশাস্ত্র অধ্যয়ন। তবে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণের স্বপ্ন নিয়ে নিকি হাতে তুলে নেন তুলি ও রঙ। জীবনে প্রথম আঁকা ছবি তেল রঙে এবং গোয়াশে। ১৯৫১ সালের এপ্রিলে প্রথম সন্তান লরার জন্ম। ৫২ সালে তরুণ দম্পতি প্যারিসে আসেন। স্বপ্ন পূরণের শর্তে নিকি ভর্তি হন থিয়েটার স্কুলে। মাতিউ ছাত্র হন প্যারিসের ল'ইকোল নরমাল দ্য নিউজিক (L'ude normale de masique) এ। পৈত্রিক উত্তরাধিকারী সুত্রে অর্থপ্রাপ্তির পর তাদের অর্থনৈতিক অবস্থাও তখন ভাল। বছরের গ্রীষ্মকালে দক্ষিণ ফ্রান্স, স্পেন এবং ইতালী ভ্রমণ কালে দেখেছেন মিউজিয়াম এবং কাতেদ্রাল; ঐতিহ্য ও ঐশ্বর্যের অতুলনীয় আড়ম্বর।
বিয়ের পাঁচ বছরের মধ্যে দুজনের দাম্পত্যের একমুখী অভিলাষ ফিকে হতে থাকে। তীব্র প্রেমও ফ্যাকাশে তখন। বিবাহ বহির্ভূতসম্পর্কে জড়িয়ে পড়েন দুজনেই। উত্তুঙ্গ মানসিক অবস্থায় স্বামীর প্রেমিকাকে আক্রমণ করেন নিকি। পরে মাত্রাতিরিক্ত ঘুমের ঔষুধ খেয়ে আত্মবিনাশের প্রচেষ্টা করে ব্যর্থ হন। এসময় নিকির স্নায়ু বিপর্যয় চরম পর্যায়ে ছিল। তোশকের নীচে ছুরি, রেজার এবং কাঁচি আবিষ্কার করে মাতিউ স্ত্রীকে নিয়ে যান নিসের মানসিক চিকিৎসার ক্লিনিকে। রোগ নিরাময়ে তাকে ইলেকট্রিক থেরাপি এবং ইনসুলিন শক দেয়া হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছিল তিনি সিজোফ্রেনিয়া আক্রান্ত। সংসারের একঘেয়ে গৃহকর্ম থেকে মুক্তি পেয়ে ক্লিনিকে শুরু করেন চিত্রচর্চা ফলে দ্রুতই মানসিক স্থিতিশীলতা, সুস্থিরতা ফিরে পান। ছয়সপ্তাহ পর ক্লিনিক থেকে বাড়ীতে আসেন। প্রায় একই সময় মাতিউ সংগীত অধ্যয়ন ছেড়ে পুরোপুরি লেখার কাজে মনোনিবেশ করেন। লিখতে শুরু করেন প্রথম উপন্যাস। লেখাই তখন তার পেশা।
মডেলিং করার সূত্রে ১৯৫৪ সালে নিকির আলাপ হয় আমেরিকান ফরাসী চিত্রশিল্পী হুগ ওয়েসের সঙ্গে। খুব স্বল্প সময়ের মধ্যে বন্ধু ও মেন্টর হয়ে উঠেন তিনি। প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষায় পাঠহীন নিকিকে নিজের মতো করে শিল্পচর্চা করতে উৎসাহিত করেন। স্বদীক্ষিত শিল্পী চিত্রচর্চার বিকাশ ও উত্তরণে বিভিন্ন কাল্পনিক ফর্ম ও উপকরণ ব্যবহার করে সৃজন স্পৃহায় পান মানসিক স্থিরতা। একই বছরের সেপ্টেম্বরে তাঁরা চলে যান স্পেনের মাজোরকার ছোট শহর দেয়া (Deia) তে। পুত্র উইলিয়ামের জন্ম ১৯৫৫ সালে। মাদ্রিদ এবং বার্সিলোনা ভ্রমনকালে স্থপতি অন্তোনি গোদির কাজ দেখে গভীর ভাবে অনুপ্রাণিত এবং প্রভাবিত হয়েছিলেন। বিশেষ ভাবে গোদির করা 'পার্কগোয়েল' (Park Guell) নিকির সৃজন চেতনার গোলার্ধে স্থায়ী চিহ্ন রেখে দেয়। পরবর্তীতে তাঁর শিল্পকর্ম, উদ্যানভাস্কর্য রচনায় প্রাকৃতিক নানা উপাদান-উপকরণ ব্যবহার ও নির্মাণ ভাবনায় তা প্রতিফলিত হয়েছে।
স্থায়ীভাবে প্যারিসে ফিরে আসেন ৫০ সালের মাঝামাঝি। প্রথম শিল্পকর্মের প্রদর্শনী ১৯৫৫ সালে সুইজারল্যান্ডে। সহজিয়া শৈলীতে করা সব চিত্রকর্ম। ভাবনার স্বত:স্ফুর্ত প্রকাশ। এবছরই পরিচয় হয় সুইস শিল্পী জঁ তংগি এবং তার স্ত্রী ইভা এপলির সঙ্গে। শিল্পভাষায় নিজস্ব স্বাক্ষর প্রতিষ্ঠার বাসনা ছিল নিরন্তর। প্রথম বড় আকারের ভাস্কর্য তৈরির উদ্যোগ নেন নিকি। আর্মচুর বা কাঠামো গঠনের কারিগর তংগি। তাতে প্লাস্টার এবং রঙ দিয়ে ঢেকে দেন নিকি। ৫০ সালের শেষের দিকে শারীরিক অসুস্থতায় কর্মময় জীবনে ঈষৎ বিরতি। হাইপার থাইরয়ডিজম এবং ট্যাকি কারডিয়া উপসর্গের কারণে তাঁর অস্ত্রোপচার করা হয় ১৯৫৮ সালে। পরের বছর ইভ ক্লা, মার্শেল দুশো দানিয়েল ম্পোরি, উইলিয়াম দ্য কুনিং, জ্যাকসন পোলক, রবার্ট রোসেনবার্গ এবং জেসপার জনের শিস্পকর্ম প্রত্যক্ষ দেখার অভিজ্ঞতা। পরিচয় সমীহসৃষ্টিকারী শিল্পীদের সঙ্গে। আঁভ-গাদ শিল্পীদের মেধাবী সাণ্নিধ্যে নিকি প্রথম আত্মপরিচয়ের ভঙ্গুরতা অনুভব করলেন। তেলরঙের প্যালেট রেখে তিনি গ্লাস পেইন্টে নির্ভরতা খুঁজে নিলেন।
গার্হস্থ্য জীবনের ছকবাধা বৃত্তে সানন্দে অন্তর্গত হতে চাননি। মন বলেছে সৃজনের ভুবনে প্রসারিত হোক স্বল্প আয়ুর জীবন। মগ্নচিত্তে অবগাহন করলেন সৃজন সৈকতে। দু সন্তানের পিতা-মাতা নিকি ও মাতিউ পারস্পরিক বোঝাপাড়ায় আলাদা হয়ে যান। উভয়ের নৈকট্যের আকুলতা থিতিয়ে গেছে। সম্পর্কের রুক্ষতা এড়িয়ে দুজনেই বিকল্প সরণির যাত্রী। দুই সন্তান নয় বছরের কন্যা লরা এবং পাঁচ বছরের পুত্র ফিলিপকে নিয়ে মাতিউ আলাদা বাড়ীতে চলে যান। স্ত্রীর কাছ থেকে শিল্পকর্ম কিনতেন, মূলত: এক ধরনের অর্থনৈতিক সহায়তার জন্য। নিয়ম করে সন্তানদের নিয়ে দেখাও করতেন সৌহার্দ্যের পশলা নিয়ে।
কর্মযজ্ঞে তংগলির সঙ্গে তখন জীবন ও শিল্প জড়ানো। অনুভব ও মননে উভয়েরই শিল্পচর্চার ন্যূনতম প্রয়োজনগুলো সমধর্মী। স্ত্রীর সংগে বিচ্ছেদ ঘটেছে আগেই তংগলির। তিনি বিখ্যাত ছিলেন গতি-প্রযুক্তি (Kinetic) ভাষ্কর্য নির্মাণে। সৃষ্টিশীল দুজন মানুষের চলিষ্ণু যৌথজীবন। সৃজন ও যাপনের যৌথতায় শিল্পভাবনা ও শৈলীকে পুষ্টি দিয়েছে। যদিও শিল্পীযুগলের স্বভাব-প্রকৃতি ছিল সম্পূর্ণ বিপরীত। সম্পর্কের প্রসন্নতা ঝাঁঝালো হয়ে উঠলে দুজনের তীব্র মতানৈক্য হতো। দুজনেই নিয়ম করে অন্যসম্পর্কে জড়িয়েছেন। নিরবিচ্ছিন্ন ছিল না সম্পর্ক। একত্রে বাস করছেন, তবে তাদের সম্পর্কের বিচিত্র সমাঝোতায় কোনো দায়বদ্ধতা ছিল না।
শিল্পকর্ম সম্পাদন, শৈল্পিক প্রকল্প বাস্তবায়নে পরস্পরের নির্ভরযোগ্য সহযোগী ছিলেন। ১৯৭১ সালে দুজনের বিয়ের পূর্ব পর্যন্ত। বিয়ের দুবছর পর বিচ্ছেদ হলেও সম্পর্কের স্বাভাবিকতা বজায় ছিল। নির্ভরতার নিবিড় সংযোগ অটুট ছিল তাংগলির মৃত্যু পর্যন্ত।
১৯৬০ সালে তাংগলি পরিচয় করিয়ে দেন নিকিকে স্টকহোম মডার্ন মিউজিয়ামের পরিচালক পনতুস এর সঙ্গে। পরের বছর পরিচালক নিকিকে আমন্ত্রণ জানান প্রদর্শনীতে অংশগ্রহণের। মিউজিয়ামের স্থায়ী সংগ্রহের জন্য তাঁর শিল্পকর্ম সংগ্রহ করেন। পরিচালক পনতুস পরবর্তীকালে প্যারিসের পাম্পিডু সেন্টারের প্রথম পরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন (১৯৭৪-১৯৮১)। তখনও তিনি নিকির শিল্পকর্মের পৃষ্ঠপোষকতা করেছেন।
স্বপ্নপূরনে কার্পন্য করেননি নিকি। শিল্পী হবার বাসনায় সংসার-সন্তান ছেড়েছেন। মানবীর নিজেস্ব নিয়ম ও পরিসরে করেছেন শিল্পচর্চা। দ্বিধাহীন ছিলেন জীবন-ভাবনায়। ৬০ সালে করলেন শুটিং বা শট (TRIS) চিত্রিত কোলাজে আকর্ষণ করার মতো ষাঁড়ের চোখ একেছেন। দর্শকদের আমন্ত্রণ জানাতেন ষাঁড়ের চোখের স্থির বিন্দুতে তীর ছুড়তে। এজাতীয় কাজগুলোর শিরোনামও ছিল আকর্ষণীয় পোর্ট্রেট অব মাই লাভার, পোর্ট্রেট অব মাই বিলাভড মারতির নেসসের (১৯৬১)। ছুরি, কাঁচি, রেজার ব্লেড, এগবিটার, ছোট পুতুলসহ বিভিন্ন গৃহস্থালী দ্রব্যাদি বড় একটি প্লাস্টার করা বোর্ডে লাগাতেন। সঙ্গে রঙ ভর্তি ব্যাগ, স্প্রে পেইন্টের টিনের কৌটা কখনোবা টমেটোও জুড়ে দিতেন। সাদা রঙে রঞ্জিত এ্যাসমব্লাদের সামনে ঝুলিয়ে দিতেন রঙের ব্যাগ কিংবা স্প্রে পেইন্টের কৌটা। পরে পিস্তল, রাইফেল বা ক্ষুদ্রাকৃতি কামান থেকে ক্রমাগত গুলি ছুড়তেন। রঙের ব্যাগ কখনোবা টিনের কৌটা ছিদ্র হয়ে বাইরে রঙ ছড়িয়ে পড়তো।
প্রথম জনসম্মুখে শুটিং এর ঘটনা ছিল ১৯৬১ সালের ফেব্রয়ারি মাসে। উপস্থিত ছিলেন তংগলি, দানিয়েল ম্পোরি, পিয়ের রস্তানি প্রমুখ। পিয়ের রস্তানি ছিলেন নুভোরিয়েলিজম আন্দোলনের প্রতিষ্ঠাতা। ছিলেন সহযোদ্ধা ইভ ক্লা, জঁ তাংগলি, দানিয়েল ম্পোরি, মিমো, রতেলা। এ দলের অভিপ্রায় ছিল বাস্তবের প্রত্যক্ষ রূপ মূর্ত করা অভিব্যক্তির পরিশ্রুত রূপ নয়। নিকির আগে এই শিল্প আন্দোনের মিছিলে কোন নারীর পদচিহ্ন ছিল না। রস্তানি নিকিকে দলের সদস্য হবার প্রস্তাব দেন।
শুটিং বা শ্যুট (TRIS) ভায়োলেন্সের তীব্র অভিব্যক্তি গণমাধ্যমে সাড়া ফেলে দেয়। শ্যুট ছিল পারফরমেন্স, বডি আর্ট, ভাস্কর্য এবং চিত্রকলার মিশ্র শিল্পপ্রযোজনা। প্রচলিতের সীমা ভেঙে শিল্পের বয়ান শ্যুট। প্রায় দশবছর (১৯৬১-১৯৭০) ধরে বিশটি শুটিং সেশন করেছেন। 'শট' বা শুটিং ভিন্নভাবে ভিন্ন সংস্করণে করেছেন মিউজিয়াম ও গ্যালারীতে।
তাঁর বন্ধুত্বের পরিধিও ছোট ছিল না। "হ্যাপেনিং" শিল্প প্রক্রিয়ায় অংশ নিতে বন্ধুদের নিয়োগ করতেন। ট্রিগার টিপে গুলি ছুড়তে। এই পারফরমেন্সের সূত্রে নতুন করে পরিচয়, যোগাযোগ হয়েছে বহু নবীন, উদীয়মান শিল্পীর সঙ্গে। রর্বাট রোসেনবাগ, এড বাইনহার্ডট, ফ্রাঙ্ক স্টেলা, এদওয়ার্দ কেনহল্জ ছিলেন নতুনদের তালিকায়। গ্যালারীতে আগত দর্শকদেরও তিনি গুলি ছুটতে আহ্বান জানাতেন।
অপ্রচলিত বস্তুর সমন্বয়ে শিল্পকর্ম, অভিনয় শৈলীর সমাগমে নিকির এই শিল্পপ্রয়াস সম্পর্কে "নুভো রিয়েলিজমের তিরিশ বছর ৬০/৯০ গ্রন্থে পিয়ের রস্তানির লিখেছেন "তাদের উদ্দেশ্যে ছিল বাস্তবের প্রত্যক্ষ রূপকে ধরা, ''Poetic recycling & urban industrial advertising reality" নিকি সা ফালের কাজের ধারা বহু বছর ধরে, উচ্চকিত, বিবর্ধিত এবং তিনটি নির্দিষ্ট পর্বে তার কাজকে ভাগ করা যায়। শুটিং (TRIS) ষাটদশকের প্রথম দিকের পারফমিং শিল্প; ১৯৬৫ থেকে বর্তুলদেহের যৌন আবেদনময়ী ভাস্কর্য "নানা" সিরিজ। পরের পর্বে চর্চার প্রান্ত, পরিধি ছুঁয়ে যায় প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গন। বিরাট, বর্ণিল ভাস্কর্য সমারোহে। বেশ কিছু মনুমেন্টাল কাজ করেন তংগলির সঙ্গে যৌথ প্রয়াসে।
জেসপার জোনস এবং রর্বাট রোসেনবার্গের সঙ্গে "ভ্যারিয়েশন II" (Variation II) শিরোনামে কনসার্ট হ্যাপেনিংয়ে অংশ নেন নিকি এবং তংগলি। অর্কেস্টেশনে ছিলেন আঁভর্গাদ আমেরিকান কম্পোজার জন কাজ। প্যারিসের আমেরিকান দূতাবাসের এই অনুষ্ঠানে দাভিদ তুদোর পিয়ানোতে বাজান কাজ (Cage)এর কম্পোজিশন। পিয়ানোর সুরলহরীর ছন্দ মাধূর্যের সঙ্গে শিল্পীরা শিল্পসৃজন করেন মঞ্চে। আমন্ত্রিতরা উপভোগ করেন বর্ন ও সুরের যুগলবন্দীর পরিশীলিত উপস্থাপন।
বিখ্যাত শিল্পী সালভেদর দালির সঙ্গে পরিচয় হয় ৬১ সালে নিকি ও তংগলির। আলাপ করিয়ে দিয়েছিলেন মার্শেল দুশো। দালি তাদেরকে আমন্ত্রণ জানান স্পেনে, তাঁর সম্মানে আয়োজিত এক আনন্দ সন্ধ্যায়। অনুষ্ঠানে আতশবাজির বিস্ফোরিত আগুনে লাইফ সাইজ ষাঁড় সৃষ্টি করেছিলেন তাঁরা।
৬২ সালে ক্যালির্ফোনিয়া ভ্রমণকালে দক্ষিণ লস এঞ্জেলেসের সিমন রোদিয়াস ওয়াটস টাওয়ার (Simon Rodia's Watts Tower) পর্যবেক্ষণের অভিজ্ঞাতায় ঋদ্ধ নিকি ও তংগলি ক্যালির্ফোনিয়া, নেভাদা এবং মেক্সিকোতে বিস্তৃত ভ্রমণকালে অংশ গ্রহণ করেন প্রদর্শনী ও হ্যাপেনিং করনকৌশলে। লসএঞ্জেলেসের মালিবু হিলের বিশেষ মুক্ত উদ্যান শুটিং অনুষ্ঠানে হলিউডের জন ফন্ডা, জন হাউজমানসহ নামী-দামী উজ্জ্বল সব তারকার মেলায় নিকি উপস্থিত ছিলেন ফ্যাশনদুরস্ত সাদা প্যান্ট-স্যুটে। পরের বছর নিউইর্য়ক এবং লসএঞ্জেলসের বিভিন্ন গ্যালারীতে সিরিজ কাজ করেছেন। আমন্ত্রণ করেছেন দর্শকদের অংশগ্রহণ করে গুলি ছুঁড়তে। লস এঞ্জেলসের কাজ ছিল বিরাট আকারের কিং কং এ্যাসেমব্লাজ। মূর্ত করেছিল কেনেডী, কাস্ত্রো, চালর্স দ্য গলের মত রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সান্তাক্লজ আর ডোনাল্ড ডাক। নিকির উপলব্ধির কেন্দ্রে যে চিত্র নিরন্তর তাড়া করেছে, তাকে নিয়ে ভাঙা-গড়া খেলায় প্রতিস্পধী নির্মাণ ভাবনার শরিক হতে চেয়েছেন। সন্তপর্নে বুনেছেন বাস্তবকে। একাজটি পরে স্টকহোমের মডার্ন আর্ট মিউজিয়াম কিনে নেয়।
দীর্ঘ পর্যটন্ শেষে প্যারিসে ফিরে কেনেন 'সাদা ঘোড়ার সরাইখানা' নামে পুরানো একটি হোটল; বড় পরিসরে কাজের জন্য, প্যারিসের সুদূরে এক শহরতলীতে। বাড়িটিতে আগে ছিল হোটেল, ক্যাফে, সিনেমা এমনকি পতিতালয়ও। সংস্কার করে কাজের স্টুডিওতে রূপান্তরিত করা হয়। প্রায় একদশক সময় দুজনে এখানে কাজ করেছেন।
বহুকৌণিক প্রতিভার ব্যাপকতা ছিল নিকির কাজে। সমাজে নারীর নিম্নবর্গীয় অবস্থানের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবার তীব্র ইচ্ছা প্রতিনিয়ত কাজ করেছে অন্তরে। সমাজে, পরিবারে নিজের এবং নারীদের নিজস্ব পরিসরের দাবিতে প্রতিরোধ, প্রতিক্রিয়া প্রকাশের মাধ্যমও ছিল শিল্প। ষাটের দশকেই নাগরিক অধিকার, সন্ত্রাসদমন, নারীর অধিকার, যৌনস্বাধীনতা ইত্যাদি সামাজিক ও রাজনৈতিক ইস্যুভিত্তিক বিষয়গুলো নিয়ে আলোচনা, চর্চার শুরু গোটা পশ্চিমের দেশ জুড়ে।
নিকির উদ্দীপক সত্তার স্বগতোক্তি- "ষাটের দশকে আমি ছিলাম খুব রাগী তরুণী; পুরুষ ও তাদের ক্ষমতার প্রতি সংক্ষুব্ধ। অনুভব করতাম তারা আমার নিজস্ব মুক্তাঙ্গন দখল করেছে। যেখানে নিজেকে প্রতিষ্ঠা করতে পারতাম। আমি জয় করতে চাইতাম তাদের জগৎ। অর্থ উপার্জন করতেও। বিক্ষুদ্ধ ছিলাম বাবা-মার প্রতি। মনে হতো তাঁরা আমাকে প্রতিপালন করে বড় করেছেন শুধু বিয়ের বাজারের জন্য। দেখতে চাইতাম যে আমি কেউ একজন ছিলাম। আমি আছি। আমার চিৎকার এবং প্রতিবাদ ছিল গুরুত্বপূর্ণ, আমি খুন করতে প্রস্তুত ছিলাম"
ভায়োলেন্স মোটিফ– বন্দুক, ছুরি, কাঁচি যাবতীয় বস্তু ছিল প্রতিরোধের প্রতীক। অন্যান্য যন্ত্রের ব্যবহার করেছেন মূলতঃ প্রতিরোধের অনুষঙ্গস্বরূপ।
নারীর বিভিন্ন ভূমিকা তিনি সৃজনের প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে অনায়াস স্বাচ্ছন্দে নতুন করে দেখালেন। বিশালদেহী নারী পুতুল, বধু বা মা সন্তান জন্ম দিচ্ছে, মনস্টার, দেবী এবং তাদের মাথা তৈরি করতেন প্রথম দিকে নরম উপকরণ দিয়ে; উল, কাপড়, পেপার ম্যাশ ছিল নির্মাণসামগ্রী। প্রয়োজনী উপাদানগুলো তারের কাঠামোতে সেঁটে দিতেন। কখনো সম্পূর্ণ সাদা বর্ণে রঞ্জিত করে তাতে জুড়ে দিতেন প্লাস্টিক খেলনা। মনুমেন্টাল কাজে ব্যবহার করতেন ফাইবার গ্লাস, পলিস্টার, প্লাস্টিক (FRP বা GRP নামেও পরিচিত)। অলংকৃত করতেন বিভিন্ন বর্ণের অ্যাক্রাইল বা পলিস্টার রঙে। এই নতুন উপাদানের অন্তরবয়ন বিরাট ভাস্কর্যর অবয়বে দেয় সাবলীল এবং আয়াসহীন সাযুজ্যর মনোময় দোতন্যা।
নিকির কাজের বিষয় নারী। শক্তিশালী, আনন্দময়ী, লাস্যময়ী, লীলাবতী – বর্ণিল নারী চিত্রায়নে সৃষ্টি করলেন এক নতুন জগতের সেখানে নারীর হাতে ক্ষমতা, নারী জয়িতা। নানা সিরিজে (১৯৬৩-১৯৬৪) প্রাণ দিলেন সমাজ নির্ধারিত নারীর স্টিরিওটাইপ ভূমিকার – শিশুপালন, ধারণ, পীড়ক, গ্রাসকারী মা, ডাইনী, পতিতা। প্রথম পর্বের বেশ কিছু শিল্পকর্ম বিয়ের পাদ্রী বা নববধু সিরিজে চিত্রিত হয়েছে কাল্পনিক ভূতের গড়নে নারী। কঙ্কালের মতো বিয়ের পাত্রী, বিয়ের সাদা পোশাক পরা।
যাদের চালর্স ডিকেসের উপন্যাস "গ্রেট এক্সপেকটেশন" – এর অশরীরী চরিত্র মিস হাভিসামের সঙ্গে তুলনা করা যায়।
দেখা ও জানার এক অনন্ত অন্বেষণ ছিল। নারী চিত্রায়নে বৃত্ত ভাঙলেন। আমেরিকার শিল্পী ল্যারি বিভারের অন্তঃসত্ত্বা স্ত্রী বন্ধু ক্লারিসকে দেখে উজ্জীবিত ভাবনা; সৃজনের ডানায় নারীর অবয়ব, অপার সম্ভাবনা নতুন রূপ নিল। শরীর সংস্থানে আর্কিটাইপ নারীদেহ শুধু নয়। নিকির বিশ্বাস, দর্শণের সংস্করণ।
কর্মে, মননে, নীতি ও যুক্তির উপাসক, মান্যতা দিতেন শক্তির। নারী তাঁর বিশ্বাস – শক্তির উদ্ভাস, শক্তির কেন্দ্র। নারী শক্তিই বয়ে আনে কল্যাণ। সৌন্দর্যের মার্জিত গতানুগতির ধারায় জুড়ে দিলেন শ্লেষ। পৃথ্বুলা মুণ্ডুহীন নারীদেহ পুরুষতন্ত্রের অণুমোদন কৃত সৌন্দর্য নয়। ফরাসী শব্দ 'নানা' (NaNa) অর্থ মেয়ে বা মহিলা। দেহ সংস্থান বা অ্যানাটমিতে নানার মুখ নেই। কিন্তু বিশাল গড়ন, বর্ণিল উপস্থাপনা আর ভঙ্গিতে মূর্ত হয়েছে নারীর অভিব্যক্তি। ব্যক্তিত্বের ছাপ, যা তাকে ইস্পিত আনন্দ দিয়েছে। ষাটের দশকেই আমেরিকায় নিকি বিখ্যাত হয়ে উঠেছিলেন এন্ডি ওয়ারহলে মতো। একমাত্র মহিলা শিল্পী, জীবনদশায় তাঁর কর্মের স্বীকৃতি ও সম্মান পেয়েছেন। পুরুষশাসিত ও তাড়িত সমমাময়িক শিল্পীদের মূলস্রোতের অর্ন্তগত হতে পেরেছিলেন। মনের অণিবারনীয় প্রাপ্তি স্পৃহা, ভাস্কর্যের দেহের জ্যামিতির সুষমা, সম্মোহনী উপস্থাপনা এবং চিত্রকল্প সুনিপূন দক্ষতায় রপ্ত করেছেন।
তাঁর সৃজনের সমস্ত আশা, সমস্ত চৈতন্য জুড়ে ছিল সমাজে নারীর অবস্থান। নারীর মেধা ও প্রতিভার স্বীকৃতির প্রশ্নে হৃদয় ব্যাকুল। "নানা" চরিত্র সংকেত ও প্রতীক। মাতৃত্বের মধ্যে সমগ্র নারীর মনস্তত্ব, অনুভূতি দৈহিক পরিবর্তনের পর্ব–শিশুর খামখেয়ালী আচরণের মতো রঙ ও জ্যামিতিতে অনুবাদ করেছেন। মূলতঃ এই সরলতার আধারে থাকে সামাজিক সংস্কার, জটিল রীতি, প্রথার নানা স্তর। নিকি সাঁ ফালের "নানা" তাঁর এবং সমগ্র নারীদের আত্মকথা।
বনেদী ঘরের মেয়ে-মায়ের মতো প্রথাবদ্ধ সর্বংসহা নারীত্বের আর্দশ আনত প্রতিমা হতে চাননি। নিজের মতো বাঁচার ইচ্ছায় বিছিন্নতার বীজ মাথাচাড়া দিয়েছিল অল্প বয়সেই। প্রত্যাখান করেছেন প্রথার; "মা তোমার মতো হবো না। তোমার বাবা-মার নির্ধারিত বিশ্বাস, ধর্ম, লিঙ্গের ভূমিকা, সমাজ ও নিরাপত্তা বিষয়ে ধারণাকে তুমি গ্রহণ করেছ।"
এই গণ্ডি বাধা পরিচিত ধারণার বিকল্প পথের দিশা তিনি খুঁজে নিয়েছিলেন। "আমি কি হবো? জর্জ স্যান্ড? জোয়ান অব আর্ক? ছোট কোট পরিহিত নেপোলিয়ন? অনড়, দ্রোহী স্বভাবে ছিল কাঠামোর বিরুদ্ধে বিদ্রোহ। জীবনের চরম সংকটের মুহুর্তে শিল্প হয়ে উঠেছিল তাঁর অনুভূতির মুখপাত্র। বিচলিত স্নায়ুর নিদান। বিশৃঙ্খল, অস্থির সত্তার ঔষুধি। এই Chaos ছিল নিরবিচ্ছিন্ন নিরন্তর। নিভর্রতা, বিশ্বস্থ সম্পর্কের প্রতীক বাবা একটি শৈশব উর্ত্তীণ মেয়েকে ডুবিয়ে দেন গ্যালন গ্যালন অন্ধকারে। ১১ বছর বয়সে বাবা তাকে ধর্ষণ করে। পঙ্গু হয়েছিল অমলিন সজীব কৈশোর। বুকের ভিতর দুঃস্বপ্নর কালোছায়া ভারী হয়েছিল। কৈশোরে দিন গেছে শোবার ঘরে, বিষন্নতায়। "আমি এগারো বছর বয়স থেকে কবিতা লিখেত ভালবাসতাম… একই বছরে আমার বাবা আমাকে ধর্ষণ করেন। এই ধর্ষণ সব সময়ের জন্য প্রহেলিকা হয়ে থাকবে।" ধর্ষিতার প্রতিকারহীন যন্ত্রণা থেকে মুক্তি পেতে ৫৮ বছর লেগেছিল ফরাসী-আমেরিকান ভাস্কর নিকির। শেষ পর্যন্ত ক্ষমা করে দিয়েছিলেন বাবাকে, নিজের মেয়েকে লেখা এক চিঠিতে। সে প্রসঙ্গ পরে।
কৈশোর কল্লোল দূরস্মৃতি। জীবনের আলোহীন বিমূঢ় প্রহর ভুলে যেতে রঙ তুলির পাশে হাতে তুলে নিয়েছেন রাইফেল। শুটিং পেইন্টিং – এমন এক কৌশল, বেদনা আর গ্লানি মুক্তির বিকল্প হদিশ; শৈল্পিক ভাবনারও। ক্ষত প্রলোপ চায়, তাঁর মানসিক প্রতিক্রিয়ার বিবরণ দেয় টার্গেট পেইন্টিং। বলেছেন – তা এমন এক কৌশল, ভালোবাসেন ভায়োলেন্স এবং আমার সৌভাগ্য শিল্পের দেখা পেয়েছি। কারন মানসিক অবস্থা এমন ছিল জঙ্গী হয়ে উঠতাম। পরিবর্তে আমি রাইফেল ব্যবহার করেছি সদার্থে, শিল্পে।
নিকির জীবন কোন উপন্যাস বা মহাকাব্য নয়; তার চেয়েও বেশি কিছু। লাঞ্চিত, ধস্ত্ব কৈশোরের শব বুকে নিয়ে শিল্পের রশ্মিতে পেয়েছিলেন হৃদয়ের চিকিৎসা। সময়ের সন্ত্রাসকে ধরেছি" (Je tions sur le violence du temps)। বর্বরতা, বৈষম্য, অনাচার, অতীত বা বর্তমানে যা কিছু সংঘটিত ধর্ম বা মানুষের কারণে। সাদা দেয়ালে সেঁটে দেয়া রঙ ভর্তি প্লাস্টিক ব্যাগ বা স্প্রে পেইন্টিংয়ের কৌটা আড়ালে আটকে দিতেন; আহ্বান জানাতেন বন্ধু-বান্ধব, তরুণ শিল্পী দর্শনার্থীদের। রাইফেল বা ছোট কামান থেকে গুলি করা হতো দেয়াল লক্ষ্য করে। প্লাস্টিক ব্যাগ ছিড়ে গড়িয়ে পড়ত রঙ ফোঁটায় ফোঁটায়। গুলি ছোড়ার এই প্রক্রিয়ায় মূলতঃ তিনি বিদ্ধ করেছেন বৈষম্যপীড়িত পৃথিবী, সমাজ সম্পর্ককে। চুঁইয়ে পড়া রঙ শিল্পীর ক্ষোভের বিস্ফোরণ। অন্তঃসত্তার উদগীরণ। পারফরমিং আর্টের ধারার আরেকটি কাজ; নারী দেহে সেঁটে দিয়েছেন কেনেডি এবং
ক্রশ্চেভের মাথা। তাদের লিঙ্গ সুষ্পষ্ট। দুই রাজনৈতিক ব্যক্তি ও শক্তিকে একসূত্রে, এক মাত্রায় গেঁথেছেন। স্বৈরতন্ত্র ও পুরুষতন্ত্র – কাঠগড়ায় এক কাতারে। জন্মগতভাবে আমেরিকার নাগরিক হয়েও ছিলেন নৈতিক বিশুদ্ধবাদী; যুদ্ধ, বর্বরতা অবদমন, হিংসা, অত্যাচারের বিরুদ্ধে। জন্ম (১৯৩০) থেকে মৃত্যু (২০০২) অতিক্রান্ত সময়ে দেখেছেন পুরষশাসিত শিল্প আন্দোলন – বির্মূত অভিব্যক্তিবাদ, পপআর্ট এবং নব্য দাদাবাদ। নারীবাদ আন্দোলন শুরু হবার আগেই ছিলেন ফেমিনিজমের হিরোইন। ষাটের দশকে নুভো রিয়েলিস্টদের সঙ্গে যুক্ত ছিলেন। তখন বন্ধু, সহকর্মীদের মধ্যে ছিলেন ভাস্কর ক্রিস্টো (Christo), আরমঁ (Armon) জুঁ তংগলি (Jean Tinguely) প্রমুখ। তাঁদের অদ্ভুদ অযৌক্তিক কাজ শিল্পের ঐহিত্য বা প্রথাগত ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছিল। দাদাইজমের প্রাথমিক ধ্বনিও তাতে রণিত হয়েছিল।
নিকির কাজ ছিল ভিন্ন ধরনের। পপ, সুররিয়ালিজম, লোকশিল্প, নুভোরিয়ালিজমসহ আভর্গাদ শিল্পসুধার সংমিশ্রন। সৃষ্টি করেছেন ভাস্কর্য, চিত্রকলা, প্রিন্ট, বড় বড় ইন্সটালেশন। ভাঙতে চেয়েছেন শিল্পজগতে পুরুষের অভিভাবকত্ব। সমাজে নারীর পথ কোনদিনই মসৃন ছিল না।
I will crass these boundaries to each man's world. Which looked adventurous mysterious and thrilling to me
৬০ সালে নানা সিরিজে উপস্থাপন করলেন নারী সৌন্দর্য বিষয়ে নিজস্ব ধারণা। গবির্ত,সংশয়হীন, যৌনাবেদনময়ী মানবীর স্ফুর্তি। আলোর মত কারুঝলক রঙ-রেখার। স্ফুর্তির একাগ্র তেজ আর রুঢ় সত্যের দর্শন। ১৯৬৫ সালের সেপ্টেম্বরে প্যারিসের আলেক্সন্দ লোলা গ্যালারীতে প্রথম নানা প্রদর্শনী। নিকির প্রথম বইও প্রকাশিত হয় প্রদর্শনী উপলক্ষে। গ্রাফিকসে করা আমন্ত্রণপত্র, পোস্টার, বই এবং অন্যান্য লেখা নিয়ে সমগ্র প্রদর্শনী ছিল নিকির কারুভাবনার ফসল। শৈল্পিক নীরিক্ষার উত্তরণ পর্ব ছিল, ১৯৬৬ সাল। সুইডেনের স্টকহোমে মর্ডান মিউজিয়াম হলে 'Hon-en-katerdal' বা 'she-a cathedral' নামে অস্থায়ী ইনডোর ভাস্কর্যের ইন্সটলেশন করেন। সহযোগী জুঁ তংগলি এবং পের ওলফ উলভেত। শিল্পকলার ছাত্র সুইজারল্যান্ডের রিকো ওয়েবেরকেও নিয়োগ করেন। মিউজিয়ামের রেস্টুরেন্টে বাসন ধোয়ার কাজ করতেন রিকো। পরবর্তীতে নিকি ও তংগলির বহু শিল্প নির্মাণের সহযোগী ছিলেন রিকো। আটজন কর্মীর নিরলস শ্রমে চল্লিশ দিন লেগেছিল কাজটি করতে। প্রথমে ধাতুর পাত ও সরু তারের বুনটে কাঠামো নির্মাণ করে, তাতে আঠা দিয়ে কাপড় সেঁটে দেন। কাঠামোর ভিতরের অংশে কালো আর বাইরের অংশটুকু উজ্জ্বল বর্ণে রঞ্জিত করেন। পুরো কাঠামোর দৈর্ঘ ৮২ ফুট (২৫মি) প্রস্থ ৩০ ফুট (৯.১মি); ওজন প্রায় ছয় টন (৬,০০০ কেজি) সুউচ্চ ভবনতূল্য বিশাল আয়তনের নারীদেহ উপস্থাপনায় বিন্যাসের প্রলয় ঘটালেন। ভাস্কর্যের বিষয় এক গর্ভবতী নারীর শায়িত দেহ।
স্থাপত্যসম এই ভাস্কর্য নিয়ে প্রচুর ব্যাখ্যা, প্রতর্ক হয়েছে। লেখক নিকোলা গর্ডন বয়ে মনে করেন- "শি–এ কাতেদ্রাল"-কাজটিতে গর্ভবতী নানার উন্মুক্ত যোনীপথে দশর্কদের ঢুকিয়েছেন ভাস্কর। ভিন্নগঠনের এই নির্মাণের সঙ্গে তুলনীয় ইতালীর অরসিনি বাগানের ভাস্কর্য "হেল মাউথ" (Hell mouth)। ষোল শতাব্দীতে রোম শহরের উত্তরে রোমাজো অঞ্চলে এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। যার ভাবদর্শন ছিল all Reason thought departs. হেল মাউথ বা নরকের দ্বার–প্রেরণার প্রেক্ষিত হলেও নিকির কাজের দর্শন, মানবিক উদ্ভাস ভিন্ন।
অনন্য বিন্যাস আর বর্ণময়তার মিছিলে দর্শক কৌতুহল আর উদ্দীপনায় অনায়াসে ঢুকে যেতে পারে শায়িত নানার উন্মুক্ত যোনীর অভ্যন্তরে। চলচ্চিত্র পরিচালক আনিয়েস ভার্দার উপলদ্ধি– লজ্জায় লুকিয়ে থাকা ধর্ষিত নারীর ইমেজের বিরপীত চিত্র নিকির নারীদেহ।
শিল্পের ইতিহাসে এর আগে নারীদেহের এমন স্পর্ধিত যৌবনের অনাবিল চিত্র দেখা যায়নি। প্রদর্শিত হয়নি নারীর জননন্দ্রেীয়। চিত্রিও হয়েছে পায়ের উপর পা রাখা বা নগ্নিকার হাত গোপন অঙ্গের উপর রেখে আড়াল করা। কিংবা গোপানাঙ্গ উন্মুক্ত দেখা গেলেও সেই নগ্নতায় লজ্জার সুষমা আছে। নিকির নগ্নিকায় তা নেই। আমেরিকান লেখক মাইকেল বিশপ এর বিশ্লেষণ– শী ক্যাথেড্রাল আশ্চর্যজনকভাবে ট্রমার বাইরে। নিকির জীবনে অতীতের যৌন উৎপীড়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন – বিশালদেহী নানা উপশমের এক প্রক্রিয়া।
বাসনা ও বিদ্রোহের স্মারক এই নারী নিকিকে নির্মাণ করে। আসন্ন মাতৃত্বের সমস্ত সম্ভাবনা নিয়ে নারীকে প্রকৃতি ভেবেছেন। ভাস্কর্যের চিরায়ত শ্রী, কৌলিন্যবোধ তাতে নেই। নারীর সত্তার রূপান্তর বা মেটামরফিক খেলায় মগ্ন হয়েছেন। নতমুখী গৃহস্থ নারীকে টেনে নিয়ে এলেন জনপরিসরে। দর্শকদের যোনীপথে প্রবেশ করিয়েছেন। পলিস্টারে তৈরি মায়ের দেহে অনায়াসে ঢুকে মিল্ক বার, সিনেমা, আর্টগ্যালারী, শিশুপার্ক, প্লানেটোরিয়াম – অবসর বিনোদনের যাবতীয় অনুষঙ্গ ভাস্কর্যের শরীর ধারণ করে আছে। দুধের বোতল ভাঙার শব্দ, রেডিও ভাস্কর্য থেকে ভেসে আসা বাখের সংগীতে – উৎসব পার্বনের আমেজ। দেহের অভ্যন্তরে গোলকধাঁধার পরিবেশ। ভিতরে ঢুকে দর্শকরা আনন্দ যোগে শরীক হতে পারবে। লুকানো মাইক্রোফোনে শোনা যায় প্রেমালাপ, যা পাশের ঘর থেকে বাজানো হচ্ছে। আছে প্লানেটোরিয়াম নানার স্তন্যর মধ্যে। এক হাতে মুভি থিয়েটার আর অ্যাকুরিয়াম। এমনকি দর্শকরা জরায়ুর অভ্যন্তরে বসে মিউজিয়ামের দৃশ্য দেখা ছাড়াও স্বয়ংক্রিয় যন্ত্র থেকে লটারীর টিকেটও কিনতে পারেন। জয়ী হলে নিকির সহযোগী একজনের করা স্কেচ সংগ্রহ করতে পারে। আছে তংগলির তৈরি পে-ফোনও নানার দেহের ভিতর।
লেখক জো অরলেট মনে করেন উপভোগ্য গঠনশৈলীর জন্যই 'she-cathedral'-এ আছে এমন কিছু যা সবার জন্য, সব বয়সের জন্য। নারীদেহের উপমায় কাতেদ্রাল স্ফীত পেটের কেন্দ্রবিন্দুতে চক্রনাভি, গড়ন রোমান বা গথিক রীতির কাতেদ্রালের মতো। আর এই নাভি দিয়ে দর্শকরা গর্ভবতীর পেটের উপর উঠে যেতে পারে।
যোনী পথের ভিতর দিয়ে প্রবেশ করা একধরনের reverse birth এর মত। শুদ্ধ পবিত্র পরিসরে পুনঃপ্রবেশ ব্যাপাটিজমের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দেয়। নারীর জরায়ুর অভ্যন্তরে–দর্শকদের পুনঃজন্ম। এক অর্থে মাতৃগর্ভে ভ্রণের আচ্ছন্নতা ও অবরুদ্ধতার অনুভবও। প্রতীকী ভাবনার রসায়ন। এ কোনো উপসনালয় নয়। আছে শ্লেষ, কৌতুক। পিতৃতন্ত্রের আস্ফালন নেই। কোনো পুরুষ নেই ধর্মের নীতিকথা বলার।
নানার মৌলিক ভাবনা নিকির হলেও দুই সহযোগীর একজন তংগলি করেছিলেন নানার স্তন্যের ভিতরের মিল্কবার। বোতল ভাঙার মেশিন ছিল তংগলির একটি স্বতন্ত্র কাজ, যা নানাতে সংযুক্ত করা হয়েছিল। নিকির ভাবনার আলোকবৃত্তে নানা ভীষণ ভাবে সমসামরিক এবং প্রাসঙ্গিকও। সর্বগ্রাহ্য, সার্বজনীন নারীর রূপ প্রতিমা শুধু নয়; নানা হলো যোদ্ধা। অদমিত নারী শক্তি। তারা লাস্যময়ী, জয়িতা, আনন্দময়ী। পুরুষের জন্য নির্ধারিত বিশেষণ – বীরোত্তম, সর্বোত্তম-এর বিপরীতে নিজস্ব বিশ্বাসকে বপন করলেন। নারীদেহের ক্লিশে বহুচচির্ত পীড়িত বা নমিত ভঙিমা ভেঙে মুক্ত করলেন জড়তা। অহংকারী যৌনাবেদনময়ী নারীর নিস্ক্রিয় ভূমিকা চূর্ণ করে যে শক্তির বলিষ্ঠ রূপ প্রতিমা নির্মাণ করলেন, তা বিতর্কেরও জন্ম দেয়। অনাবৃত যোনী প্রকাশে কোনো গ্লানি নেই। কট্টর নারীবাদীদের অনেকে নানার উপস্থাপনায় মানবীর অবমাননা দেখেছেন। সমালোচকদের বিশ্লেষণ – নারীবাদী দৃষ্টিকোণ থেকেই ঋদ্ধ নানার গঠন রসায়ন। তার ত্বক, দেহের ভূগোল উপস্থাপনের জ্যামিতি নির্ভুল ভাবে নির্ধারিত করে নারীর ক্ষমতা, দক্ষতা; কল্যাণময়ী-পরমাপ্রকৃতি মাতৃরূপে।
মনের চরম সংকটের কালে এক পশলা স্বস্তির প্রসবন ছিল শিল্প। শিল্পকে সখা ভেবে প্রতি মুহূর্তে নতুন কিছু খুজেঁছেন। তাঁর অনেক সৃজন পৌরাণিক, সামাজিক, ইতিহাস স্মৃতির পুনর্বয়ান। স্পেস ও মেটাফোর নিয়ে আছে ভিন্ন মাত্রার ভাবনা। অন্তর্নিহিত অর্থ অনুসন্ধানে তার গুরুত্ব রয়েছে। বেখাপ্পা, বিসদৃশ্য দেহ সংস্থান, বিস্তৃত আয়োজন – প্রেক্ষিতে থাকে অস্তিত্বের স্তরে স্তরে শিল্প অভিযানে নারীর অবিরাম লড়াই। অনুপম আঙ্গিকে নির্মাণের কৃৎকৌশল রুপ্ত করেছিলেন। উপকরণ, বর্ণ, মাধ্যম মিলে দেহের গড়ন সৌকর্য ভেঙ্গে নতুন জ্যামিতিতে গাঁথলেন। অভিব্যক্তির প্রতীকও নারীদেহই। নানা নিরেট কনসেপচুয়াল স্কেপ না, বাস্তব অভিজ্ঞতায় আছন্ন শিল্প। নারীদেহ উপস্থাপনে নাটকীয়তা থাকে, কৌতুহল উদ্দীপনা জাগে। বিন্যাস ও বিশ্বাসের ন্যারেশনে আছে নারীত্বের গৌরবময় অর্জন। বিভিন্ন শ্রেণি, পেশার নারী চিত্রন মূলতঃ ভাস্করের মনস্তত্বের পর্যটন বৃত্তান্ত।
আধুনিকা এবং লোকায়তিকের বিপুল আলিঙ্গনে সমৃদ্ধ নিকির শিল্পের সাম্রাজ্য। পুরান ও লোকশিল্পের আঙ্গিকে আধুনিকতাকে বুঝছে চেয়েছেন। সমাজ, রাজনীতির মতো লোকশিল্পের অনাবিলতাও তাকে সমাচ্ছন্ত্র রেখেছে। শৈলীতে আপন স্মারকসম পরিচিত 'নানা'য় অনেক শিল্পবেত্তা ভিলেন দর্ফের ভেনাস, (venus of willendrof)-এর ছায়া খুজেঁ পান। আলোচিত কাজ দুটিতেই ফিগারের কোনো মুখ নেই, মুখাবয়বহীন, বেঢপ, পৃথ্বুলা, পীনস্তনী।
সভ্যতার ইতিহাসে পুরাতন দুলর্ভ শিল্প সামগ্রীর মধ্যে একটি ভিলেন দর্ফ (৩০,০০০ BcE) ১৯০৮ সালে পুরাতাত্ত্বিক খনন কাজের সময় অস্ট্রিয়ার ছোট গ্রামে এই মূর্তিটি পাওয়া য়ায়। শিল্পীর পরিচয় এবং কি উদ্দেশ্য করা হয়েছিল সে সম্পর্কে বিশদ জানা যায়নি। তবে ধারণা করা হয় সম্ভবতঃ কোনো মহিলার করা, যিনি নিজেও অন্তঃসত্ত্বা ছিলেন। তবে এই ব্যাখ্যাও যথাযথ নয়, শুধুমাত্র শারীরিক গঠনের সাদৃশ্য বিচারে। ভিলেন দর্ফের ভেনাস বর্ণহীন, হাত-পা স্থির, নিস্ক্রিয় ভঙ্গি। নিকির নানা হাত-পা নিয়ে প্রবল ভাবেই ক্রিয়াশীল সর্বত্র। গরিমায় উজ্জ্বল, স্থানুর মতো দাঁড়িয়ে থাকে না। গতিশীল, চঞ্চল। আবার ভিলেন দর্ফের ভেনাসের বড় ভারী স্তন্য, বক্রাকার দেহ আসন্ন মাতৃত্বের বার্তাবহ।
নিকির she-a cathedral ও প্রজনন সম্পৃক্ত হলেও তাতে শুধু দেহ ও স্তন্য মুখ্য নয়। সে গর্ভবতী, আর দর্শকদের তাঁর গর্ভের ভিতর প্রবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়। 'নানা" নগ্ন দেখানো হয়নি ভিলেন দর্ফের ভেনাসের মত। ক্ষেত্রবিশেষে আংশিক বা নগ্ন দেখালেও তাতে স্তনবৃন্ত বা নাভি দৃশ্যমান নয়।
১৯৬৯ সালের প্রথম দিকে ইউরোপ-আমেরিকায় পিতৃতন্ত্র এবং পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক ও ভাবাদর্শগত তাত্ত্বিক চর্চা, সমালোচনার শুরু। সেই সময়ও নিকির শিল্পী হিসাবে মতামত জ্ঞাপনে নৈর্ব্যক্তিক হওয়ার চেষ্টা ছিল না। চলতি স্রোতে অবগাহন করেনি। স্বপ্নসত্তায় নারীশক্তির বন্দনা করে মাতৃতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছেন। নিজেকে নারীবাদী ভাবতেন না, সক্রিয়, স্বঘোষিত নারীবাদীও ছিলেন না। কিন্তু ভাবতে ভালবাসতেন তার নানা তেজম্বিনী, স্বাধীন, শক্তিময়ী। কোনোভাবেই অবদমিত বা অধীনস্ত নয় পুরুষের।
"কম্যুনিজম এবং ক্যাপিটালিজম ব্যর্থ। আমার মনে হয় সময় এসেছে মাতৃতান্ত্রিক সমাজের। আপনাদের কি ধারণা মানুষ অনাহারে মারা যাবে, যদি নারীরা সম্পৃক্ত হয়। নারী যে জন্ম দেয়, যার কাজ জীবনদেয়া – আমি নিরুপায় কিন্তু মনে করি তারা এমন এক পৃথিবী তৈরি করবে যেখানে আমি সুখী থাকব।
নেগেটিভ স্পেস: উওম্যান অফ আর্ট হিস্ট্রি (negative space, women of art history) নিবন্ধে বেথ পিয়ারসন লিখেছেন– রচিত ইতিহাস জুড়ে আছে সমাজে আরোপিত পুরুষের বিধান। যে কারণে প্রতিভা সত্ত্বেও নারীর সফলতা অজর্ন কঠিন হয়েছে। নারীরা প্রতিনিয়ত প্রত্যাখাত, অবদমিত হয়েছে সমাজে নিজের অবস্থানকে, কণ্ঠকে উপস্থাপন করতে। পুরুষের মতো তাদের অধিকার ছিল না ভোটাধিকারে বা সমান শিক্ষা অর্জনের। অধিকার আদায়ের দাবি ছিল নারীবাদের প্রথম তরঙ্গ। ১৯১৯ সালে আমেরিকায় নারীরা ভোটাধিকার পায়। আর ফ্রান্সে ১৯৪৬ সালে। নারীবাদের দ্বিতীয় তরঙ্গে ধ্বনিত হলো নারীর নিজের দেহ ও লিঙ্গের পছন্দের দাবি। "নানা" ফিগারগুলো জনপ্রিয় হয়ে উঠেছিল ফেমিনিস্ট বৃত্তের বাইরেও।
আমেরিকায় থেকেও নারীবাদী আন্দোলনের বৃত্তে ছিলেন না নিকি। ব্যক্তি ও সৃজনসত্তায় ফরাসী ও আমেরিকান সংস্কৃতির প্রভাব ছিল। বলা হয় "নানা" ফর্ম আমেরিকান, ভঙ্গি ফরাসী। দুই সংস্কৃতির মধ্যে পার্থক্য ব্যাপক হলেও দু'দেশের সঙ্গেই সুদৃঢ় ছিল সংযোগ। সাধারণভাবে তৃণমূলক পর্যায়ে নারীরা ব্রা পুড়িয়ে আন্দোলন সমর্থন করেছে তখন। তবে ফ্রান্সে তাদের যুদ্ধটা ছিল ভিন্ন ধরনের; প্রতিরোধের প্রক্রিয়াও। হেলেন সিকজু, সিমন দ্য বোভোয়ার মতো লেখকরা তাদের লেখায় যুক্তি, তত্ত্ব দিয়ে দাবি প্রতিষ্ঠিত করেছেন। ১৯৪৯ সালে নারীবাদ বিষয়ে তথ্যনিষ্ঠ গ্রন্থ "দ্বিতীয়লিঙ্গ (Second sex) প্রকাশের দশ বছর পর লেখা বিখ্যাত "ব্রিজিত বারদো এন্ড দি লোলিটা সিনড্রোম", যেখানে নারীর বাসনা ও বিদ্রোহের স্বারক নতুন মানবী ব্রিজিতকে নির্মাণ করে। বোভোয়ার "দ্বিতীয় লিঙ্গ" পাঠে আলোড়িত নিকি, পাশ্চাত্যে নারীবাদী আন্দোলন সরব হবার আগেই ছিল নারী তার সৃষ্টির দরিয়া ও দুনিয়া।
জাগরণে উত্তরণে নারীর স্বপ্ন ও সফলতা ছিল তাঁর জীবনের ব্রত কথা। ফ্রান্সসহ পৃথিবীর বহুদেশে গর্ভপাত অবৈধ ছিল এবং গর্ভনিরোধক ব্যবহারও ছিল সীমিত পর্যায়ে। ১৯৭০ সালের মাঝামাঝি গর্ভপাত এবং গর্ভনিরোধক আইন বৈধ হয় ফ্রান্সে।
ফেনিনিজমের দ্বিতীয় তরঙ্গে শেতাঙ্গ নারীরা সুবিধা ভোগ করেছে। সুযোগ বঞ্চিত ছিল আফ্রো-আমেরিকান নারীরা। সমাজে থেকেও তারা ছিল প্রান্তিক জনগোষ্ঠী। তাদের সম্পর্কে ১৯৬৫ তে নিকি বলেছিলেন– "নারীদেহ নির্মাণ করেন যারা আমাদের সমাজ থেকে একটু দূরে নিগ্রোদের মত।" সমকালীন শিল্পের একটি বয়ান প্রচলিত তাঁর কাজের ধারায়। নিজের দেখা ও জানার আলোকে কৃষাঙ্গ রমনীদের কাজের বিষয় করেছেন। সাদা, কালো, হলুদ, গোলাপী, লাল নানা। তারা সমান ভাবে উজ্জল, অ্যাথলেটদের মত দেহের গড়ন। ১৯৯৪ সালে করা কৃষ্ণকায়া মহিলার ড্রইং "ব্ল্যাক ইজ ডিফারেন্ট" (black is different)। এ সম্পর্কে লিখেছেন– "একজন স্থুলকায়া মহিলাকে দেখলাম বীচে। দেখে পেগান দেবীদের কথা মনে হয়েছে।"
ড্রইংয়ের ডানপাশে লিখেছেন– "প্রিয় ডায়রী, কালো ভিন্ন। আমি অনেক কালো ফিগার করেছি আমার কাজে। কালো ভেনাস, কালো ম্যাডোনা, কালো মানুষ, কালো নানারা। এই রঙ সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ আমার জন্য। আজ বীচে হাঁটতে গিয়ে দেখলাম একটি ছোট পাঁচ বা ছয় বছরের শিশু তার বাবার সাথে খেলছে। এত সুন্দর। আমার নাতিকে নিয়ে আমিও এখন কালো।"
নিজস্ব বিভাবনে বাস্তব খনন করে সত্য তুলে ধরেছেন। ঘটনার সেচনে, অভিজ্ঞতার নিরিখে কাজের বিষয় হয়েছে কৃষ্ণাঙ্গদের আখ্যান। ২০০০ সালে "ব্ল্যাক হিরোজ" (black heros) সিরিজের কাজে কুর্নিশ করেছেন প্রখ্যাত আমেরিকান অ্যাথলেটসহ মাইল ডেভিস, লুইস আর্মস্ট্রংদের মত মিউজিশিয়ানদের। সেলিব্রেশন করলেন ইতিহাসের অনুপম ব্যক্তিত্বদের।
আকৃতি, সংবেদন, অনুভব, গতি, ছন্দ–সব নিয়ে প্রচলিত ধারার শিল্পকর্ম নয়। জীবন-যাপনও ছিল তাঁর সৃষ্টির মতোই নির্ণয়ের অসাধ্য। চলমান প্রমাণপত্র তাঁর সৃজন কর্ম। নারীর অন্তঃপুর বা অন্তরালে থাকা যাপনকেও ভেবেছেন। মায়ের মতো সংসারের নির্ধারিত গার্হস্থ্য জীবনের ছায়া মাড়াননি। রক্ষণশীলতা, প্রথার আবরণ, অনুশাসন নয়; একটা নতুন দৃষ্টিভঙ্গি গড়েছেন দর্শকদের সামনে। ৬৮ সালে করা ড্রইং, লিখলেন– আমি ডায়েট পিল নিয়েছি। পাঁচ পাউন্ড বৃদ্ধি পেয়েছে নিতম্বের পাশে। অন্য একটি ড্রইং নানার। তিনি প্রশ্ন করেছেন– তুমি কি এখনও আমাকে ভালবাসো। যখন আমি দেখতে এমন।
নিকির নারীদের কোন মুখাবয়ব নেই, নেই মুখশ্রীর স্নিগ্ধতা। আছে ব্যক্তিত্বের ঝলক। সমাজে নারী দ্বিতীয় লিঙ্গ, প্রান্তিক জনগোষ্ঠীর মতো। পুরুষের ভোগে বিসর্জিতা তার শরীরই যেন অস্তিত্বের নির্ণায়ক। আবার সমস্ত নারীর অস্তিত্বের সংকটও তাতে প্রতিফলিত। যেখানে সমাজ নির্বাচিত পরিচয় ছাড়া নারীর কোনো নিজস্ব সত্ত্বা নেই বা বঞ্চিত সব নারীর কাহিনী বলেই হয়তো শুধু দেহের উপস্থিতি প্রতীক।
শিল্প ছিল থেরাপির চেয়েও বেশি কিছু। স্পর্ধা, পরিস্থিতির প্রতিকূলে যাওয়ার সাহস। নাগরিক অধিকার, সংঘাত-সহিংসতার বিপক্ষে, যৌন স্বাধীনতা প্রতিটি বিষয়ে তাঁর চিন্তার প্রক্ষেপন প্রতিভাত হয়। কাজের উপকরণ, উপাদানও ছিল বিচিত্র – স্টিল, আয়রন, সিমেন্ট, পলিস্টার, সিরামিক, কাঁচ, মোজাইক, মসৃন পাথর, রেজার ব্লেড, যন্ত্রপাতি, পিন, কফি কৌটা, কাঠ, পিস্তল। ৬৮ সালে শ্বাসকষ্টজনিত অসুস্থতার পর জানা যায় শিল্প নির্মাণে ব্যবহৃত উপাদানের ধূলা ও ধোঁয়া উপসর্গের কারণ। একই বছরে রাবার, প্লাস্টিকের নানা খেলনা তৈরি শুরু করেন বাণিজ্যিক ভিত্তিকে। শিল্প জগতে প্রচুর নিন্দা, সমালোচনা হয়েছে এই কারণে। তিনি সময় ও সমালোচনাকে পদানত করেছিলেন নির্লিপ্ত থেকে। সমস্ত নেতি অবজ্ঞা করে খেলনা বিক্রির প্রাপ্য অর্থ দিয়ে ভবিষ্যতের মনুমেন্টাল ভাস্কর্য তৈরির প্রস্তুতি নিয়েছেন। পরবর্তী বছরগুলোতে তাকে আরো বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে। প্রার্থিত স্বপ্নের দোসর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুনির্বার তিনি। পোশাক, অলংকার, পারফিউম, কাঁচ বা পোর্সেলিনের ফিগার, আসবাবপত্রসহ নানাবিধ ক্রাফট আইটেম তৈরি ও শীলনে ব্রতী হলেন। যার অনেকগুলোই "নানা" বিষয় নির্ভর।
স্থাপত্য নির্শাণ প্রকল্পে প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছেন ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত। তিন বছর দক্ষিণ ফ্রান্সের গ্রীস্মকালীন বাড়ির নকশা প্রনয়ণ এবং বাস্তবায়ন তার শিল্পী জীবনের ভিন্নতর উড়ান পর্ব। স্থাপত্য ও ভাস্কর্য–এই যুগল দৃশ্যমুখর সৃজন ধারায় নির্মাণ করলেন তিনটি ছোট বাড়ি। নিকি ও তংগলির যৌথ প্রয়াস। কংক্রিট ও কারুশিল্প: রুপের এই অবয়বী সুষমাকে নিকি বলতেন "পাঁখীর স্বপ্ন" (The dream of the bird)।
প্যারিসের অদূরবর্তী শহর মিলি-শা-ফরে (Milly-la-Foret) ৭১ সালে তংগলির তত্ত্বাবধানে কয়েকজন শিল্পীর সঙ্গে কাজে অংশ নেন নিকি।
সহযোগী শিল্পীরা ছিলেন-দানিয়েল স্পোরি, বার্নহাড লুগাবুল, এভা এপপ্লি, সেজার, আরমঁসহ অনেকে। "লোসাইক্লোপ" (Le Cyclop) বা বনের দানব কাজটি সম্পাদন করতে প্রায় তেইশ বছর লেগেছিল। প্রকল্পটিতে যুক্ত ছিলেন আরো ১৫ জন কর্মী। ১৯৯৪ সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়।
নুভো বিয়েলিজমের দশমবাষির্কী পালন উপলক্ষে ১৯৭০ সালের নভেম্বরে নিকি করেছিলেন 'shot at an alter assemblage'। শিল্পসৃজনে পেয়েছিলেন নতুন জীবন। সন্ধানী মনের আকুলতা কোথাও শমিত হতে পারছিল না। সমস্ত ঔৎসুক্যর নির্যাস নিয়ে যান ভারত ও মিশর। পূর্বের স্থাপত্য, প্রকৃতির সৌন্দর্যের স্থাপত্য দেখার তৃষ্ণায়। সংস্কৃতির এই বিনিময় শিল্প ভঙ্গিমাকে পুষ্টি দিয়েছিল। প্রকৃতিকে ছুয়ে, ঘেটে জীবনকে দেখা; বিচরণ ছিল নানা প্রান্তে।
মূলধারার বৃত্তে থেকেও তিনি ছিলেন প্রান্তবাসীর প্রতি সর্মপিত। "নারীর সম্প্রসারণশীল ভুবনের প্রতিনিধিত্ব করে আমার ভাস্কর্য। নারীর ব্যাকুল বাসনার গরিমা, আজকের পৃথিবী নারীর, নারীর ক্ষমতার।" ভাস্করের বিশ্বাসের ডালপালায় ছিল বহুমুখী বিন্যাস। কৈশোরেই বিশ্বাস ভেঙে পড়তে দেখেছেন। তাই জীবনকে চিনেছেন চেনা নৈতিকতার ওপারে। পৌরুষ নিয়ন্ত্রিত পৃথিবীতে নারী হলো– "শেতাঙ্গ সভ্যতার কাছে নিগ্রোদের মত। তার অধিকার আছে অঙ্গীকার করার, প্রত্যাখান করার, বিদ্রোহের। রক্ত পতাকা উড্ডীন।" ব্যাপ্ত জীবনের বিশ্বস্থ ব্যাখা 'নানা'। প্রেম, সৃজন এবং প্রতিরোধ একবিন্দুতে মিশে যায় যখন প্রশ্ন করেন- আমাদের কৃষ্ণশক্তি আছে, তবে নানা শক্তি নয় কেন? "ব্ল্যাক রোজ" করেছিলেন বিখ্যাত এবং বন্দিত রোজা পাকর্সের স্মরণে। ১৯৫৫ সালে আমেরিকার আলবামার মন্টোগোমারি শহরের ঘটনা এখন ইতিহাস। বাসে নিজের আসন ছাড়তে অস্বীকার করেছিলেন তেজস্বীনি রোজা পার্কস, শেতাঙ্গ এক যাত্রীকে। যাত্রী বোঝাই বাসে সামনের আসনে বসেছিলেন রোজা। শেতাঙ্গ যাত্রী রোজার আসনে বসার দাবি করেন; তিনি আসন ছাড়তে অস্বীকার করেন। তাকে গ্রেফতার করা হয়। ঘটনার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যর প্রতিবাদে, সম-অধিকারের দাবিতে আন্দোলনের স্ফুলিঙ্গ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। "মন্টেগোমারি বাস বয়কট" খ্যাত এই আন্দোলন স্থায়ী হয়েছিল ৩৮১ দিন। রোজার পক্ষে একুশ বছরের এক মন্ত্রী দাড়িয়েছিলেন। নাম লুথার কিং। বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে রোজার এই প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলনের পর আইন সংশোধন করা হয়। বাসে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের পছন্দমত স্থানে বসার অধিকার স্বীকৃতি পায়।
বহুল আলোচিত 'নানা' সিরিজ সাংকেতিক রূপায়ন; জীবন মন্থনজাত প্রগাঢ় অনুভূতির এক ধরনের ব্যক্তিগত স্টেটমেন্ট। নারী অস্তিতের উৎস প্রতীক, আস্থার প্রতিধ্বনি। নানা শৈলী ভাস্করের একক অভিজ্ঞান চিহ্ন হলেও বিষয় এবং শৈলীর মৈত্রী তাঁর শিল্পকে কোন লোগর সীমায় আবদ্ধ রাখেনি। অনলে ও আশ্লোষে অলক্ষিতকে নতুন রূপ দিয়েছেন। নিবিড় সাধনা ও মমতায় আদৃত হয়েছে তার আলেখ্য। স্ব-ঘরানায় তৈরি অলংকার নকশায় সৌন্দর্যের সংরাগ। সুরভি তৈরির মাদকতাও তাতে ঠাঁই পেয়েছে।
১৯৭১ সালের ১৩ জুলাই নিকি ও তংগলি বিয়ে করেন। বন্ধুত্ব, প্রেম ও নৈতিকতার নতুন সংজ্ঞা ছিল পরস্পরের সম্পর্ক। তাদের বিয়ে করার তাৎক্ষণিক কারণ ছিল বাৎসরিক কর বাঁচানোর বিকল্প, সহজ পন্থা। বিয়ের পর নিকি সুইস নাগরিকত্ব পান। আইনগত সম্পর্কের ফলে তাদের শিল্পকর্মের উপর স্বত্তাধিকারও প্রতিষ্ঠিত হয়; যাতে করে তাদের মৃত্যুর পর বিষয় সম্পত্তির মালিকানা নিয়ে জটিলতার উদ্ভব না হয়। একে অপরের জীবনে অপরিহার্য হয়েও এক সময় দুজনেই অন্য সম্পর্কে জড়িয়েছেন। নিকির প্রেমিক ছিল, তংগলিরও ছিল প্রণয়ী।
নীৎসের মতে- শিল্প মানেই বিদ্রাহ। শিল্পীসত্তার ময়নাতদন্তও। নিকির তৈরি প্রথম চলচ্চিত্র ড্যাডি (Daddy) তে তাঁর প্রকাশ। নির্গল হলো স্নায়ুশিরায় জমে থাকা বোধ ১৯৭২ সালে করা সুরিয়েল চিত্রে। বাবা-মেয়ের ভালবাসা, ঘৃণার, সৌর্ন্দযহীন নিমজ্জন সঙ্কট নিয়ে।
নিকি নিজের উপদ্রুত কৈশোরের কথা বলেছেন। এ ছবি হলো ধর্ষিতার বয়ান। তাতে অনুচ্চ থাকে না বিদ্রুপ, ঘৃণা। জীবন নিয়ে কোন ভনিতা ছিল না। নিদারুণ বেদনা, অবসাদে থাকা এক মানবীর মর্মন্তুদ কাহিনীর শুটিং করা হয়েছিল দক্ষিণ-পূর্ব ফ্রান্সে। চলচ্চিত্র পরিচালক পিটার হোয়াইটহেডের সঙ্গে যৌথভাবে। চলচ্চিত্রটি লন্ডনে প্রদর্শনের পর পরের বছর জানুয়ারিতে ফ্রান্সের সোয়াসি (Soisy) এবং নিই উয়ের্কের পটভূমিকায় কিছু নতুন দৃশ্য সংযোজন করেন। এই নতুন সংস্কারণের প্রিমিয়ার হয় একাদশতম নিউ ইর্য়ক ফিল্ম ফেস্টিভালে।
কর্মের বর্ণময় মিছিল নিকির জীবন। জেরুজালেমের মেয়র টেডি কোলেকের প্রস্তাবিত শিশু পার্কের অনুদান প্রকল্পে কাজ করেন ১৯৭২ সালে। ইহুদী লোক কথার চরিত্র "গোলেম (Golem) নির্মাণ করলেন। প্রচলিত বিশ্বাস- গোলেম হলো সাথী, সহযোগী, সাহায্যকারী। তিন জিহ্বাবিশিষ্ট বিকট এক দানব। যার মুখ থেকে বেরিয়ে আসা লাল জিহ্বা শিশুদের খেলার স্লাইড হিসেবে ব্যবহার করেছেন নিকি।
জীবনের চেয়ে, বাস্তবের চেয়েও বড় Larger than life নিকির স্বপ্ন। নারী সত্তাকে সম্মান ও অগ্রধিকার দেয়ার মানসিকতায় নারীবাদী হয়ে ওঠা। জীবন ও শিল্পে পুরুষতান্ত্রিক আধিপত্যকে বৌদ্ধিকভাবে আক্রমণ করেছেন। মেধার নিরন্তর অনুশীলন ছিল। প্রতিটি স্থাপত্যতুল্য ভাস্কর্য সামাজিক এবং পৌরাণিক তাৎপর্যে ভাস্বর। ১৯৭৪ সালে জার্মানীর হ্যানোভার শহরের টডিনহলের কাছে তিনটি বিশাল আয়তনের 'নানা' করেন।
ইতিহাসে স্মরণীয়, পূজনীয়, প্রজ্ঞাময়ী তিন নাগরিকের নামে– সোফি, শারলট ও ক্যারোলিন। নানা– আর্থমাদার বা বসুন্ধরা। বিশাল গঠনের নারী দেহ সম্পর্কে বলেছেন আমি আকৃতি বড় করেছি যাতে পুরুষকে তাদের কাছে ছোট মনে হয়। দেখতে চান পুরুষদের প্রতিক্রিয়া।
সৃজন ও সফলতার শৃঙ্গ ছোঁয়ার অতৃপ্ত বাসনা তাকে তাড়িয়ে বেড়িয়েছে। প্রত্যাশা আর পরিকল্পনার আয়তন বেড়েছে। বেড়েছে সৃষ্টির পরিসর। ১৯৫৫ সালে বার্সিলোনায় অন্তোনিও গোদীর পার্ক গোয়েল (park Guell) দেখার ঐতিহাসিক এবং চিরস্থায়ী প্রভাব ছিল নিকির সৃষ্টি শৈলীতে। অপ্রচলিত বস্তু ছাড়াও কুড়িয়ে পাওয়া সামগ্রীর সমন্বয়ে ভাস্কর্য গঠনে ব্রতী হলেন। প্রাণিত হয়েছিলেন ইতালির তুসকানি অঞ্চলের ব্রমারজোর (Bromarzo) পার্ক মসত্রি দেখে। ১৯৫০ সালের শেষে তাংগলির সঙ্গে গিয়েছিলেন ফ্রান্সের লিও প্রদেশের ওতরিভের (Hauterives) লো প্যালে ইদেয়াল (Le patais ideal) দেখতে। স্থানীয় ডাক পিয়ন ফার্দিনঁ শোভাল (১৮৩৬-১৯২৪) পাথরে তৈরি অসাধারণ ভবনটি নির্মাণ করেছিলেন নিজের বাড়ির বাগানে (১৮৭৯-১৯১২)। সৌখীন শিল্পী ফার্দিনেঁর স্থাপত্য বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল না। তাঁর এই অসাধারণ নাইভ স্থাপত্য শৈলী শতাব্দীর বেশি সময় ধরে বহু শিল্পী ভাস্করের মত নিকিরও প্রেরণার উৎস বিন্দু। ষাটের দশকে লস অ্যাঞ্জেলেসে ভ্রমণকালে সিমন রডিয়ার "ওয়াটস টাওয়ার" (Watts Tower) দর্শনের অভিজ্ঞতাও ছিল নিকির। তবে এসবই পুরুষদের তৈরি। স্বপ্ন এ জাতীয় বিরল, অসাধারণ স্থাপনার স্রষ্টা হবে নারী।
এক আলোকময় যাত্রার অভিযান নিকির টারট গার্ডেন (Tarot garden)। বিশ বছর ধরে অনন্ত ধৈর্যে অপার আলোর ফসল নির্মাণ করেছিলেন। স্বপ্নময় এই যাত্রার অভিযাত্রী হয়েছিলেন ইতালির আনেল্লীর পরিবার। পলিস্টার ছাড়াও বিভিন্ন অপ্রচলিত উপকরণ ব্যবহার করতেন কাজে, ফলে ফুসফুসের প্রদাহে সংক্রামিত হয়ে আরিজোনার হাসপাতালে থাকতে হয় নিকিকে। রোগ নিরাময়ের পর স্বাস্থ্য পুনরুদ্ধার এবং অবকাশ যাপনে সুইৎজারল্যান্ডের সাঁ মরটাজ যান। দেখা হয় মারেল্লা আনেল্লীর সঙ্গে। তাদের পরিচয় এবং বন্ধুত্বের সূচনা হয়েছিল পঞ্চাশের দশকে নিউ ইর্য়ক থাকাকালে। স্বকল্পিত নন্দন ভাবনা, একক স্বতন্ত্র প্র্রকল্পের স্বপ্ন ব্যক্ত করেন বন্ধুকে। মারেল্লার দু'ভাই কার্লো ও নিকোলা তাদের জমির অংশ প্রদান করেন নিকিকে ১৯৭৮ সালে। তার আগে ১৯৭৫ সালে রচনা করেন প্রতীক নাটক "এ ড্রিম লংগার দেন দ্য নাইট" (A dream longer than the night) পরে নাম পরিবর্তন করে রাখেন ক্যামেলিয়া অ্যান্ড ড্রাগন (Camelia & Dragon) শিল্পী বন্ধুদের সম্পৃক্ত করলেন চলচ্চিত্র বাস্তবায়নে। অদ্ভুত, অলীক গল্পের রুপকথা ড্রাগন দানব ও কিশোরীকে নিয়ে। অল্প বয়সী এক মেয়েকে ড্রাগন বন্দী করলে, সে পালিয়ে যেতে সক্ষম হয় এবং আবিষ্কার করে "রহস্যময় সাত দরজার" (Seven Doors mystery)। নিকির কন্যা লরা অভিনয় করেছিল প্রধান চরিত্রে। ছিলেন নিকি ও তংগলিও। অন্যান্য শিল্পী বন্ধুদের মধ্যে সংগীত পরিচালনায় ছিলেন পিটার হোয়াইট হেড। এই চলচ্চিত্রে ব্যবহৃত আসাবাবপত্রের নকশাও নিকি করেছিলেন। পরে এ সমস্ত আসবাব সামগ্রী ব্রাসেলসের প্যালে দে বোর্জাতে রাখা হয় প্রদশর্নের জন্য। "লাস্টনাইট আই হ্যাড এ ড্রিম" (Last night I had a dream) শিরোনামে স্কাল্পচারাল রিলিফ পেইটিং করেছেন ১৯৬৮ থেকে ১৯৮৮ পর্যন্ত। স্মৃতি সমাচ্ছন্ন শিল্পী তাতে চিত্রিত করলেন ফেলে আসা পূর্বজীবন আর স্বপ্নকে। ১৯৭৬ সালে ভাস্কর্য পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়ে যান সুইৎজারল্যান্ডের আল্পসে; পরের বছর মেক্সিকো এবং নিউ মেক্সিকোতে। সৃষ্টিধারা বিস্তারের স্বপ্নে নতুন অন্বেষণে। শিল্পচার্চার নানা আঙ্গিনায় ছিলেন মুখর। ৭৯ সালের করা নতুন সিরিজের ভাস্কর্য "স্কিনিস" (Skinnies)। শিল্পের বাহিরাঙ্গের মেকানিজমে মূর্ত দৃশ্যময়তা।
আমৃত্যু নিমগ্ন ছিলেন সৃজনের কুহক রসে। প্রযুক্তি আর উপাদানের অযুত অনুষঙ্গে শিল্পনির্মাণে প্রকাশিত তার মনোজগত; নিভৃত বিষন্নতাও। নিকি এমন এক সমাজে ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিনাশী ছায়ার প্রতিবিম্ব পুরো সরে যায়নি তখনও। ফরাসী উপনিবেশের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ, কংগো বিপ্লবের প্রতিরোধের আঁচ প্যারিসেও। সময়ের এই চিহ্ন-তাপ নিয়ে শিল্পের প্রসারিত আসনে করেছেন মানবিক অনুসন্ধান। অশুভ, অমঙ্গলের প্রতীক দানব আবির্ভূত হলো কাঠের প্যানেলে করা কাজে, রাজনীতি এবং পেশীশক্তির প্রতীকে। ৮০ সালের দিকে করেন একগুচ্ছ লিঙ্গমূর্তি, উজ্জ্বল জ্বলজ্বলে মোজাইকে; কনডমের রূপক। এইডস মহামারীর ভয়াবহতা তুলে ধরেছেন কাজে সচেতনতা বৃদ্ধিতে। ১৯৮৯ সালে সহকারী রিকার্দো মেনো মারা যান এইডসে। স্মৃতিমেদুর, আলোড়িত সত্তা। নিকি তৈরি করলেন মোজাইকে করা বড় বিড়াল–রিকার্দোর বিড়াল (Chat de Recardo); প্যারিসে মঁপারনাসের কবরস্থানে সতীর্থর সমাধির স্মৃতিফলক। কাজটির দ্বিতীয় সংস্করন তুসকানির টারট উদ্যানে স্থাপন করেন। রিকার্দো দীর্ঘ সময় এই উদ্যানে নিকির সঙ্গে কাজ করেছেন। পরের বছর সমাপ্ত করেন স্কাল (Skull) বা মেডিটেশন রুম)। পাঁচ মিটার (১৬ ফুট) দীর্ঘ, ঘরের আকারের খুলি। বর্ণিল মোজাইকে মোড়া মেঝে, অভ্যন্তরে আয়নার মোজাইক, এইডসের ভয়াবহতা অনুধাবনে সামাজিক দায়বদ্ধতা থেকে সচেতনতামূলক কাজ।
ছন্দপতন ১৯৯১ সালের ৩০ আগস্ট। তংগলির আকস্মিক মৃত্যু, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। বিচ্ছেদ হলেও ছিল এক অচ্ছেদ্য বন্ধুত্বের সম্পর্ক। দীর্ঘদিনের সাথী ও সহযোগীর মৃত্যুতে বিচূর্ণ অন্তর মানবীর। স্মৃতিমেদুর নিকি লিখছিলেন স্মরণগাঁথা টুকরো স্মৃতির কোলাজে। প্রথম দেখা হওয়ার প্রসঙ্গ নিয়ে – ঠিক তখনই তংগলির মৃত্যু সংবাদ পান। প্রিয় সখা তংগলির স্মরণে প্রথম নির্মাণ করলেন গতিময় ভাস্কর্য (Kineetic Sculpture) মেটা তংগলি (Meta Tinguely)। বন্ধু ল্যারি রিভারের প্রাথমিক সহায়তায় করেছিলেন এক সিরিজ গতিময় রিলিফ কাজ বা মুভিং পেইটিং "তাবলো একলাতে" (Tableaux Eclates)। এই সিরিজের কাজগুলোও ছিল প্রয়াত তংগলির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।
মৃত্যুর মত অর্থহীন আবির্ভাবের পরও আত্মসংরক্ষণের সহজ প্রবৃত্তিই শিল্পীকে বাঁচিয়ে রাখে। নাজুক স্বাস্থ্য নিয়ে উদ্যমী তিনি। টারট উদ্যানের কাজের পাশাপাশি ১৯৯৬ সালে সুইৎজারল্যান্ডের বাজেল শহরে প্রতিষ্ঠা করলেন তংগলি মিউজিয়াম। পঞ্চান্নটি ভাস্কর্য এবং একশোটির বেশি গ্রাফিকস; অনেকগুলো কাজ বিভিন্ন সংগ্রহ থেকে সংগৃহীত।
স্বাস্থ্যজনিত কারণে ১৯৯৪ সালে প্যারিস থেকে ফিরে যান ক্যালির্ফোনিয়ার লা লোলা (La Lola) শহরে। বাড়ির স্টুডিওতে কাজ করতেন। আয়না, কাঁচ, মসৃণপাথর দিয়ে অলংকৃত ভাস্কর্য; রঙের প্রলেপহীন। নকশা এবং শিল্পকর্ম তৈরিতে নতুন প্রযুক্তির কৃতকৌশলে উদ্যোগী হলেন। নিকির জন্য কর্মমূখর বছর ছিল ৯৪ সাল। সুইস ডাক বিভাগের জন্য 'Stop AIDS' শিরোনামে স্ট্যাম্পের নকশা করে সম্মানিত হন প্রি কাঁরো দ' আস' (Prix Caran d'Ache). ৬৯ সালে শুরু করা তংগলি, নিকিসহ পনেরো জন শিল্পীর সম্মিলিত কাজ ল সাইক্লপ (Le Cyclop) নির্মাণ সম্পন্ন হলে উদ্বোধন করেন ফরাসী রাষ্ট্রপতি ফ্রঁসোয়া মিতেরাঁ ১৯৯৪ সালে। জাপানের নাসু শহরে নিকি মিউজিয়াম খোলা হয় সে বছরে। যদিও পনের বছর পর মিউজিয়াম বন্ধ হয়ে যায়। জার্মান চলচ্চিত্রকার পেটার শামোনি'র "Who is the Monster, you or I" নিকির জীবনভিত্তিক তথ্যচিত্র ১৯৯৫ সালে বাভারিয়ান ফিল্ম উৎসবে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে।
ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে স্থবির নিজীর্ব হয়ে যাননি। মানসিকভাবে ছিলেন অদম্য। জীবনের নানা স্রোত-উপস্রোত সাঁতরে নিরন্তর দীয়মান। কল্পনার অবারিত উত্থানে তেইশটি বিশাল মাপের প্রাণীর ভাস্কর্য নির্মাণ করেন জেরুজালেমে বিবলিকাল চিড়িয়াখানায়, নোয়াস আর্ক (Noas's Ark) স্কাল্পচারাল পার্কে। বিভিন্ন দেশের শিল্পী-কর্মীদের সমন্বয়ে নিকির নিজের।
কর্মী বাহিনী ছাড়াও সহযোগী ছিলেন স্থপতি মারিও বত্তা।
মৃত্যুর তিন বছর আগে সমাপ্ত করেন উন্মুক্ত প্রাঙ্গণে পদ্মাসনে বসা মনুমেন্টাল বুদ্ধ। প্রকৃতি পরিবেষ্টিত উদ্যানে বুদ্ধের দেহ আবৃত করেছেন উজ্জ্বল বিচ্ছুরিত মোজাইক টাইলস, কাঁচের টুকরা, আয়না আর মসৃন পাথরে। বিশেষ এই পাথরের নাম দিয়েছিলেন নিকি এম.এন্ড.এম (M and M)।
২০০০ সালে জার্মানীর হ্যানোভার শহরের সম্মানিত নাগরিকের সম্মান ছাড়াও পুরস্কৃত হন জাপান আর্ট এসোসিয়েশনের দেয়া "Praemium imperiale award"-এ; বিশ্ব শিল্পের জগতে নোবেল পুরস্কার সমতূল্য।
শিল্প মাধ্যমের প্রথা ভাঙ্গতে যেমন দ্বিধাহীন ছিলেন তেমনি স্বভাবে উচ্ছাস, স্পর্ধার নিরাভরণ স্ফূর্তি ছিল। স্বামী তংগলির মৃত্যুর পর, স্বনির্বাচিত নির্বাসনে চলে যান নিউইর্য়কে। সেই সময় এক সাক্ষাৎকারে তার আত্মকথন– আমাদের সম্পর্কের ভিত্তি ছিল তীব্র, সাংঘর্ষিক। ঐক্যমতে ছিলাম বিপরীত। তংগলি ছিল যান্ত্রিক-আয়রণ, গতি; আমি রং, আনন্দ। কিন্তু আমাদের সম্পর্ক টিকে ছিল। তার মিসট্রেস ছিল, আমার ছিল পুরুষবন্ধু। কারণ আমাদের প্যাশন ছিল পরস্পরের কাজের প্রতি।
সৃষ্টির সৌজন্যে পরিশ্রুত হয়েছে কৌশারের ভয়াবহ স্মৃতি, ট্রমা। শিল্পের জিয়নকাঠি তাকে বিজনতা থেকে ভীড়ের মাঝে এনেছে। শৈশবে বিশ্বাস ভেঙ্গে পড়তে দেখেছেন। যাপনে ও সৃজনে অর্ন্তদ্বন্ধ প্রবাহমান ছিল। দ্রোহী সত্তার আড়ালে এক অনাড়ম্বর মরমী অনুভব ছিল, ছিল হাহাকারও। ১৯৯৪ সালে স্বরচিত, স্বচিত্রিত রঙীন স্মৃতিকথা প্রকাশ করেন মঁ সেক্রে (Mon Secret) বা আমার গোপন কথা ফরাসী ভাষায়। ব্যক্ত করেন কৈশোরের দমচাপা, দগ্ধ অনুভূতি আর বাবার হাতে নিপীড়িত হবার কথা। কন্যাকে লেখা এক চিঠিতে লিপিবদ্ধ করলেন শৈশবের ভয়াবহ দুঃস্বপ্নের কথা "মাই সিক্রেট (My Secret). – My Father attempt to make me his mistress when I was only 11.
১৯৯৯ সালে প্রকাশ ইংরাজীতে লেখা আত্মজীবনী ট্রেসেস (Traces) গ্রন্থের অলংকরণও তাঁর করা। 'The weight of that unspoken truth was terrible' বইয়ের প্রকাশনা উপলক্ষে সম্ভ্রান্ত পরিবারের কন্যার পিতার লালসার প্রসঙ্গে বলেন- "পাপের কথা প্রকাশ্যে বলা উচিত, যাতে নিগৃহীতাকে আর ভীত থাকতে না হয়। নিজেকে প্রকাশ করতে পারে।" লেখক, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ভাস্কর নিকি বিমূঢ় শৈশবের কথা বলেছেন নানা প্রতীক, সংকেতে, সন্তর্পনে বই প্রকাশের অনেক আগেই। ১৯৬৭ সালে আমস্টারডমে করা "দি নানা ড্রিম হাউজ" (The nana dream house), ১৯৭৩ সালে করা প্রথম চলচ্চিত্র "ড্যাডি"তে (Daddy)। ছিন্নসত্তার বিধুর স্বীকারোক্তি আছে ট্রেসেস গ্রন্থে- "আমি আমার বাবাকে সতেরো বার হত্যা করেছি।"
উদ্ধারহীন বেদনা থেকে পরিত্রাণ পেতে আটান্ন বছর লেগেছিল ফরাসী আমেরিকান ভাস্কর নিকি সাঁ ফালের। দু বছরেরও বেশি সময় লেগেছে আত্মজীবনী লিখতে। উপলব্ধির কেন্দ্রে বসে থাকা দুর্যোগ প্রকাশে। বইতে তার স্মৃতিতে উঠে আসে তিরিশ বছর আগে প্রয়াত বাবার চেহারা – সুর্দশন, যত্মশীল, জীবন সম্পর্কে বেপরোয়া মনোভাব। কৌতুকবোধ সম্পন্ন পিতা সাগর উপকূলে দুই পুত্র এবং তিন কন্যাকে নিয়ে অবকাশ যাপনকালে থাকতেন মধ্যমনি। ভাস্কর বিশ্বাস করেন বাবার জীবন দর্শনের চাবিকাঠি ছিল নিজের পছন্দের স্বাধীনতা। বাবার কাছে, প্রতিটি ব্যক্তি স্বতন্ত্র, পছন্দের বিষয়ে মুক্ত এবং কেউ বলবে না কি করতে হবে।
অভিজাত রীতির লক্ষণ ভেঙ্গে নিজের মুক্ত স্পৃহাকে মান্যতা দিয়েছেন। বলেছেন– আমার যা ইচ্ছা তাই করব, লোকের তা ভালো লাগুক বা না লাগুক। Father's ideals become part of me and still are today. His rescrve, deeply rooted liberal views, his provocative humour, his passion for work and love of risk are also mine. I have made peace with him and myself and see my family in a warmer light. গ্রন্থে 'Father's hypnotic eyes' শিরোনামে একগুচ্ছ অনুস্মৃতি। একটি কবিতার চরণ:
"I have walked inside of hell
Hell is me, I am hell"
আত্মজিজ্ঞাসা আমি কি জন্মগত দ্রোহী? না বাবার সঙ্গে দুঃসহ ঘটনার পর হয়েছি? কৈশোরের সেই ঘোর অমনিশাকালে প্রেরনার প্রসাদ ছিল "এক কাল্পনিক গোপন বাক্স" যাতে আছে রঙীন মাছ, ভুত, প্রেত আর বন্য মিস্টিগন্ধী পুষ্পাবলী। বাবার প্রসঙ্গ বহুবার এসেছে বইতে, তা সত্ত্বেও আমেরিকান মায়ের প্রতি তার মুগ্ধতা, অনুরাগের ব্যাখ্যা দিয়েছেন। অভিনেত্রী মার্লে অবেরন-এর (Merle Oberon) মতো দেখতে সুন্দরী মা মেয়েকে শিখিয়েছেন পোশাক, টুপি সাজসজ্জার কেতাদুরস্ত ফ্যাশন বোধ এবং আয়নার যথাযথ ব্যবহার। অভিজাত সৌন্দর্য পেয়েছিলেন মায়ের। সেই মোহনীয় রূপের আভায় মাত্র সতেরো বছর বয়সেই হয়েছিলেন নামকরা ফ্যাশন হাউজের টপ মডেল।
এক অভূতপূর্ব শিল্পীর চলমান জীবনের ইতি হয় ২০০২ সালের ২১ মে। মৃত্যুর নিপুন শিল্প অলিঙ্গন করেন ৭২ বছর বয়সে। দীর্ঘ ছয়মাস নিবিড় পরিচর্যায় ছিলেন লা জোলার স্ক্রিপ মেমোরিয়াল হাসপাতালে। প্রথম স্বামী হ্যারি মাতিউ, তাদের সন্তানরাসহ স্বজন পরিবৃত শেষজীবন, শেষ শয্যাও। মৃত্যুর আগে পর্যন্ত সর্বজর্য়ী বোধ ও প্রাণশক্তির স্পর্শে সচেষ্ট ছিলেন ট্যারট গার্ডেন সম্পন্ন প্রক্রিয়ায়। তাঁর নির্দেশনায় গার্ডেনের অসমাপ্ত বিভিন্ন অংশের কাজ সম্পাদন করা হয়। নিকির মৃত্যুর পর গ্রোটো (GROTTE) কাজ সমাপ্ত করা হয় তাঁর নির্দেশিত পথে; হারেন হাউজেন গারটেন-এর স্থায়ী স্থাপনা। সতেরো শতকের তৈরি গ্রোটো আদিতে অলংকৃত হয়েছিল ঝিনুক, ক্রিস্টাল ও পাথরে। আঠারো শতকে সব তুলে ফেলা হয়। ৩৩০ বছরের পুরাতন গ্রোটো নিকির চারুশীলতায় নতুন আভরনে সজ্জিত হয়- আয়না, সিরামিক, রঙ্গীন পাথরের অলংকৃত তিনটি কক্ষ। সুষম সুসংহত রূপায়নে ঘরের আবহে তৈরি করেছিলেন দুর্জ্ঞেয় রহস্যময় পরিসর। মরণোত্তর আরেকটি কাজ কুইন কালিফিয়াস ম্যাজিকাল সার্কেল (Queen Califias magical circle)। ১২০ ফুট (৩৭ মি) ডায়ামিটারের নয়নাভিরাম ভাস্কর্য বাগানটির কাজ শুরু করেছিলেন ক্যালির্ফোনিয়ার এসকনডিডোতে ২০০০ সালে। বাগান ২০০২ সালের অক্টোবরে সাধারণের জন্য উন্মুক্ত করা হলেও সম্পূর্ণ কাজ শেষ হয় ২০০৩ সালে। চারশ ফুট (১২০ মি) তরঙ্গিত দেয়ালের উপর পাইথন সদৃশ্য সাপ, বিভিন্ন পশু-পাখী ,আদিবাসী মানুষের সমন্বয় ও সামজ্ঞস্য; আছে গোলকধাঁধার জটিল মায়াজালের বিস্তারসহ দশটি বিশাল ভাস্কর্য। ক্যালির্ফোনিয়ার পৌরাণিক দ্বীপের কল্পকাহিনীর কৃষ্ণাঙ্গী এক যোদ্ধা কালিফিয়ার নামে। স্পষ্টতঃ এই নির্মাণের উদ্যম ও উদ্যোগে মিলে আছে ক্যালির্ফোনিয়ার সমৃদ্ধ ইতিহাস, পুরাণ ও সংস্কৃতি। টারোট গার্ডেনের মতো শৈলীর বিন্যাস বিকিরণ। বীরাঙ্গনা কালিফিয়ার বীরত্বগাঁথা উদযাপনে থাকে ভাস্করের ব্যক্তিগত পুরাণ; অস্তিত্ব দর্শনের এক অমোঘ অ্যালিগরিও।
বহু সংস্কৃতির উজান নিকি সাঁ ফালের শিল্প। দেশজ, আদিবাসী সংস্কৃতি বা লুপ্ত সভ্যতার মিথ পরমাত্মীয়র মতো সৃজনে সমাদৃত করেছেন। শিল্পমুদ্রা গড়েছেন পুরাণের বিভিন্ন প্রাণী-জীবজন্তু অতি প্রাকৃতিক সাগরের সাপ, কেঁচো, মাকড়সা, বিড়াল, গরিলা, গনেশ, গরুর – শিল্পীর অনুভব ও মননের গহন কথন। বিকল্প শৈলীর অন্বেষণ সাহসী খেয়ালীপনার সৃজন চিহ্ন নয়: নিজস্ব শিল্পের নন্দনতত্ত্বের নান্দীমুখ রচনা। ফ্যানটাসির বিচিত্র উপস্থাপনায় থাকে অভিজ্ঞতা এবং জায়মান সাহস। প্রবল বিদ্রোহে পুরুষতন্ত্রের শোষণের প্রভাব মহিমা দূর করতে এসেছিলেন পুরুষ নিয়ন্ত্রিত শিল্পের জগতে। সময়ের দংশন উপেক্ষা করে ফিরে আসা নিকি সাঁ ফাল ছিলেন নিজের সিদ্ধান্ত নির্ভর এক মানবী। স্বল্প পরিসরের ক্যানভাসের জীবন ছিল না। এই নিবন্ধ নিকির জীবনের ঝলক মাত্র।
