শহিদ কবীরের সঙ্গে আলাপ
আমি শহীদ পরিবারের ছেলে। আমার বাবার নাম শহীদ (তিনি এখনো জীবিত) বলেই আমি নিজেকে শহীদ পরিবারের সন্তান বলি।
আরো দুই শহিদের সাথে আমার গভীর ঘনিষ্ঠতা। একজন কবি, আরেক জন চিত্রকর। যথাক্রমে শহিদ কাদরী ও শহিদ কবীর, দুজনেই দীর্ঘদিন ধরে দেশের বাইরে। কুড়ি বছর আগে দুজনকেই খুঁজেছি, খুঁজতে খুঁজতে কাদরীকে পেলাম মার্কিন যুক্তরাষ্ট্রে আর স্পেনে কবির।
—————————————————————-
ঢাকার মতোই মাদ্রিদ তাঁর অন্যতম প্রিয় স্থান। এ প্রসঙ্গে বলেন, 'যে নিজের মাকে ভালোবাসে, সে অন্যের মাকেও ভালোবাসে। সকল মা-ই এক! তাই সর্বত্রই আমার জননী আমার জন্য হাত বাড়িয়ে থাকেন।'
—————————————————————-
শহিদ কবীরের আশপাশের দেশে থাকেন শিল্পী মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন, ওয়াকিলুর রহমান, রুহুল আমিন কাজল। এঁদের সবার সাথেই ব্যক্তিগত যোগাযোগ আছে আমার, নেই শুধু শহিদ কবিরের সাথে। অথচ তাঁর স্ট্রিট সার্কাস দেখে আমি রীতিমত মুগ্ধ। অনেক দিন আগে সম্ভবতঃ বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, তাদের কোনো এক স্মরণিকার প্রচ্ছদে স্ট্রিট সার্কাস ব্যবহার করেছিল, যা আজো মনে গেঁথে আছে।
স্কেচ: শহিদ কবীরের 'স্ট্রিট সার্কাস'
শেষ পর্যন্ত সার্কাসওয়ালাকে পেলাম ঢাকায় এলিফ্যান্ট রোডে, শিল্পী জামাল আহমেদের বাসায়। তাঁকে আমন্ত্রণ জানালাম, বিটিভিতে আমার উপস্থাপনায় শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান 'দৃষ্টি ও সৃষ্টি'তে। স্মার্ট, তারুণ্যদীপ্ত চেহারা, কোজাক মার্কা মাথা, ক্লিন শেভ—সব মিলিয়ে এক আকর্ষণীয় চিত্রকর শহিদ কবীর এলেন অনুষ্ঠানে। বললেন, তাঁর পুরনো দিনের কথা। স্বদেশের কথা, বিদেশের কথা। শিল্পের কথা, শিল্পীদের কথা। শাখা ও শেকড়ের কথা। এখনো মনে আছে, তাঁর 'পান্তাভাতের খোরা' শীর্ষক চিত্রকর্মটি। একটি বাটি (খোরা) ভর্তি পাথরের জলভাত আর দু'টো মরিচ। একটি শুকনো পোড়া মরিচ অন্যটি কাঁচা মরিচ। কী অপূর্ব কর্ম!
সেদিন তিনি বলেছিলেন, "আমার এই চিরচেনা চিত্রকে খুঁজে পেতে পঞ্চাশ বছর লেগেছে। লালন বলেছেন, 'হাতের কাছে নড়ে চড়ে খুঁজলে ধরা দেয় না'। আর আমার ভাষ্য, 'মন দিয়ে, প্রেম দিয়ে, ঘৃণা দিয়ে খুঁজলে তা ধরা দিবেই।' আমি এখন ষাট অতিক্রম করেছি। এতোদিনে বুঝলাম, যা সারা জীবন বিভিন্ন দেশে, মাটিতে, পানিতে, কাঁদায়, খুঁজেছি তা আমার হৃৎপিণ্ডের কাছেই ছিল।"
সেই কথাগুলো শহিদ কবীর আবারো বললেন, টরন্টো শহরে বসে। শহিদ কবীরের শিল্পকর্মের মধ্যে আমার প্রিয় 'পান্তাভাতের খোরা'র প্রসঙ্গ তুলতেই কথা বললেন মেয়ের বাসায় বসে।
………
শহিদ কবিরের আঁকা স্কেচ: 'পান্তাভাতের খোরা'
………
তার আগে, ১৫ আগস্ট দেখা হলো টরন্টোস্থ ডাউন টাউনের গ্যালারী পাড়ার হিট্টিত গ্যালারীতে। 'সাগা' অর্থাৎ সাউথ এশিয়া গ্যালারী অফ আর্ট আর বেঙ্গল গ্যালারী অফ ফাইন আর্ট-এর যৌথ উদ্যোগে বাংলাদেশের ১৪ শিল্পীর From Dhaka with love শীর্ষক প্রদর্শনীর শেষ দিনে!
১৫ আগস্ট। বৃষ্টি ভেজা বিকেলে। শহিদ কবীরের 'আহত ফুল' ক্যানভাস। সব মিলিয়ে একটি অন্য রকম সময়। গ্যালারীর সামনের সিঁড়িতে পা ছড়িয়ে দু'জনে বসে আছি। বৃষ্টির ফোঁটা এসে আমাদের পা ভিজিয়ে দিচ্ছে। রেড ওয়াইনে চুমুক দিতে দিতে শহিদ ভাই সদ্য সমাপ্ত প্রদর্শনী সম্পর্কে বললেন, 'এ প্রদর্শনীতে তিন প্রজন্মের ছবি আছে। আমি আছি, আমার শিক্ষকেরা আছেন। আমার ছাত্ররাও আছেন। আর শিল্পীর নাম দিয়ে নয়, শিল্পকর্মগুলো দর্শকদের টেনেছে শিল্প হিসেবে!'
হিট্টিত গ্যালারীর প্রদর্শনীতে
সেদিন বিদায় নেয়ার সময় বল্লাম, শহিদ ভাই, আপনার সাথে আড্ডা দিতে চাই। ফোন নম্বর দিলেন, ঠিকানা দিলেন। দু'দিন পর ৪১.৫১৬.৫৮২৯-এ ফোন করলাম। বললেন, 'পাতাল ট্রেন ধরে 'কৃষ্টি' স্টেশনে নামবে। নামলেই বাঁ দিকের গলির পর আবার বাঁ দিকে ৪০৮ ক্লিনটন স্ট্রিট, চলে এসো।'
গেলাম। গল্প, আড্ডা, দেশবিদেশের স্মৃতিকথা, সাক্ষাৎকার মিলেমিশে একাকার। শহিদ কবিরের বাড়ি বরিশাল। কিন্তু জন্ম জামালপুরের মাদারগঞ্জে। কারণ, বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। সেজন্য নিজের জেলা ছাড়া সারা দেশে ঘুরে বেড়ানো প্রবণতা। তারপর গত শতকে, আশির দশকের শেষে স্পেনেই চলে গেলেন। স্পেন থেকে কানাডা। তাই বললেন, 'আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। যখন যেখানে থাকি, তখন সেটাই নিবাস। আমি পৃথিবীর, পৃথিবী আমার। ভৌগোলিক সীমা আমার কাছে তুচ্ছ।'
বেশির ভাগ সময় স্পেনে কাটলেও বছরে একবার কানাডায় আসেন, একমাত্র মেয়ের কাছে। তারপর ঢাকায় গ্রীন রোডে তৈরি করেছেন স্টুডিও। এভাবেই চলছে তাঁর 'জিপসি জীবন'।
বরিশাল প্রসঙ্গ উঠতেই বললাম, 'আমার 'বরিশাল্ল্যা' বন্ধু কবি সিদ্ধার্থ হক চমৎকার একটি কবিতা লিখেছেন। যার শুরুটা এ রকম: 'চিরন্তন বরিশাল বুকে নিয়ে পদ্মার পাড় ঘেঁষে রাত্রির স্টিমার একা যায়।/সার্চ লাইট ফেলে ফেলে নদী তীরে ছেলেবেলা খুঁজে/আংশিক গ্রামের গাঁয়ে আলো পড়ে, খণ্ডে খণ্ডে জ্বলে ওঠে/নারকেল গাছ, উঠানের পাড়/ বাজারে পায়ে হাঁটা পথ;/…..'
আর শেষাংশ '…জলকুয়াশার ধীর সময়ের অবিচ্ছিন্নতায়; বরিশাল আর কোনো দিনই পৌঁছানো হয় না।' আটিপাড়ার খোকন অর্থাৎ আবদুল হক জীবনানন্দ দাশের বরিশালকে নতুন ভাবে উপস্থাপন করেছেন।
শহিদ ভাই মন দিয়ে শুনে বললেন, 'কবিতাটি আমাকে পাঠিও। বৃটিশ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে মহাত্মা গান্ধীও বরিশাল সম্পর্কে বলেছিলেন যে, ভারতবর্ষ যখন ঘুমিয়ে পড়লো, তখন শুধু বরিশালই জেগে ছিল।'
বলতে বলতে সাক্ষাৎকারের সঙ্গে ছাপানোর জন্য তার দুটি বিখ্যাত শিল্পকর্মের স্কেচ এঁকে দিলেন। একটি 'স্ট্রিট সার্কাস,' অন্যটি 'পান্তাভাতের খোরা'। অবশ্য 'আহত ফুল'-এর নমুনা কপি এঁকে দিয়েছেন প্রদর্শনীর দিনেই। পুরনো চেয়ারে পড়ে থাকা বোতলের ভেতর ডাল ভাঙা ফুলের বেদনা, এর অর্থ বহুমাত্রিক।
………
আহত ফুল-এর স্কেচ, কানাডার প্রদর্শনীতে শহিদ কবীরের আঁকা
………
স্কেচ করতে করতে 'স্ট্রিট সার্কাস' আঁকার ইতিহাস বললেন। "মাদ্রিদের 'খিতানু' নামক আদি সম্প্রদায়, যারা হাঙ্গেরী ঘুরে মরক্কো হয়ে মাদ্রিদে ঢুকেছে। তারাই স্পেনে জনপ্রিয় ফ্লেমেঙ্কো গান ও নাচের প্রচলন করেছে। এই জিপসী খিতানুরা একটি ঝুলন্ত তারের উপর দাঁড়িয়ে চমৎকার সুরে বাঁশি বাজায়। তখন একটি প্রশিক্ষণ প্রাপ্ত ছাগল শীর্ষে ওঠে। এই মজার খেলাটা দেখেই আমি 'সার্কাস' আঁকার প্রেরণা পাই এবং সরাসরি এঁকে ফেলি।"
নিজের আঁকাআঁকি সম্পর্কে আরো বললেন, 'এক সময় বিমূর্ত ছবি আঁকতাম। পরে সরে এসেছি। কারণ, বিমূর্তে তৃপ্তি পাই না। চেনাজানা জগতের আকৃতি প্রকৃতি আমার ছবির সাবজেক্ট। তবে যারা অ্যাবস্ট্রাক্ট আঁকেন, আমি তাঁদের শ্রদ্ধা করি, সম্মান করি।'
"পাবলো পিকাসো বলেছেন, 'অন্যের পছন্দের জন্য নয়, নিজের পছন্দের জন্য আঁকো, তাহলেই তাঁদের ভালো লাগবে।' আমি তাই করি।" কথাগুলো বলতে বলতে শহিদ কবীর জানালেন, 'গত ২৩ জুলাই প্রথম আলো'র সাময়িকী'তে একটি মেয়ে আমার উপর লিখেছে, দেখতে পারো।'
হ্যাঁ, সিলভিয়া নাজনীন শহিদ কবীরের গ্রীন রোডের স্টুডিও ঘুরে 'ধ্যান তাঁর ক্যানভাসে' শীর্ষক লেখায় তাঁর সম্পর্কে লিখেছেন, "খ্যাপাটে, আত্মমগ্ন ও আপাতমস্তক শিল্পের প্রতিভূ শহিদ কবীর।… তিনি বিভিন্ন রঙের মাটি, কাঠের গুঁড়ো, খড় ইত্যাদি দেশীয় উপকরণকে কাজে লাগান তাঁর চিত্রকর্মে। স্পেনের অভিজ্ঞতা থেকে তিনি আরও বেশি মাটি ও মানুষের সঙ্গে একাত্ম হয়েছেন। খেটে খাওয়া মানুষের নিত্যদিনের ব্যবহার্য উপকরণ, উপেক্ষিত গৃহস্থালি সামগ্রী তাঁর চিত্রকর্মে উঠে আসে।"
আমি শহিদ ভাইকে বললাম, ক'বছর আগে ধানমণ্ডিতে মনিরুল ইসলামের একটি ইন্টারভিউ নেয়ার সময় তিনিও বলেছিলেন, 'রঙ ছাড়া ছবি আঁকবো। সুঁতো, চট, ছালা, পাটখড়ি, বীজ, বাদামের খোসা, মুসুরির ডাল, চাল, তিল, চিনি, মধু, নীল, কালি, কাদামাটি, শুকনো পাতা প্রভৃতি দিয়ে। একেঁছেন কিনা পরে, আর জানি না।'
প্রসঙ্গ ক্রমে শহিদ ভাই বললেন, "আমি আমার একটি ক্যানভাসে নদীর পাড়ে সরাসরি শাড়ির আঁচল ব্যবহার করেছি। আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে ছবিটি দেখতে পাবে। নাম দিয়েছি—'কী আঁচল বিছিয়েছো নদীর বুকে'… তারপর নিচে লিখেছি 'তবে কেনো আজো এতো অসাম্য!'"
এভাবেই দেশপ্রেম, দেশাত্মবোধক কথাবার্তায় চলে এলো, বঙ্গবন্ধুর কথা, তাঁর ৭ই মার্চের ভাষণের কথা, মুক্তিযুদ্ধের কথা। খুব দৃঢ় কণ্ঠে বললেন, 'ঐ ভাষণটিই তো একটি কবিতা, একটি মুক্তির ক্যানভাস। একটি স্বাধীনতার ঘোষণা। তাঁর মতো বড় মাপের নেতাকে আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি নি!'
প্রশ্ন করলাম, তাঁকে নিয়ে কি কোনো কাজ করেছেন। বললেন, 'হ্যাঁ, সৈয়দ হকের একটি কবিতা অবলম্বনে একটি ছবি এঁকেছি। তিনি মশাল হাতে মাঠের ভেতর দিয়ে যাচ্ছেন। আর তাঁর চাদর ছড়িয়ে পড়েছে পথে পথে।'
পরে বললেন, 'দেশটায় কীভাবে ধীরে ধীরে মৌলবাদ ছড়িয়ে পড়লো, আশ্চর্য! আমি আশাবাদী, তরুণেরা ঘুরে দাঁড়াবে। শিল্পীরাও। কৃষ্টি মানুষকে ভাত, কাপড় দিতে পারে না, কিন্তু একটি জাতিকে আত্মহত্যা থেকে বাঁচাতে পারে। দিতে পারে নতুন ধারা।'
'শিল্পী সাহিত্যিকরা দেশকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যেমন দু'বছর আগে, আমাদের জাতীয় জাদুঘর থেকে ফ্রান্সে প্রত্মসম্পদ পাঠানোর যে প্রচেষ্টা হয়েছিল, তখন নিসার হোসেনের নেতৃত্বে সারা দেশে তীব্র প্রতিবাদের অগ্নি ছড়িয়ে পড়েছিল।'
………
লেখকের কাছে 'সার্কাস'-এর স্কেচ এঁকে দিচ্ছেন শহিদ কবীর
………
প্রশ্ন করলাম, তাহলে আপনি কি পাঠানোর বিপক্ষে ছিলেন? তিনি বললেন, 'যারা প্রত্মসম্পদ নিয়ে প্রদর্শনী করতে চেয়েছিল, তারা ব্যক্তিগত স্বার্থে কাজটি করেছে। চুক্তিটা ফ্রান্স সরকারের সাথে হয়নি, হয়েছিল একটি প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সরকারের। বিষয়টা বোঝার চেষ্টা করো।'
স্বাধীনতা উত্তর সময়ের শিল্পী শহিদ কবীর '৭৩-এ তৎকালীন আর্ট কলেজ থেকে পড়াশোনা শেষ করে সেখানেই শিক্ষকতা শুরু করেন। তাঁর প্রথম চিত্র প্রদর্শনী হয় সত্তর দশকের শুরুতে গুলশানের দেশ আর্ট গ্যালারী'তে। তখন তিনি লালনের জীবন দর্শনে মুগ্ধ হন। লালন নিয়ে নানা ধরনের নিরীক্ষা করেন এবং এখনো লালনের দর্শনে বিশ্বাসী শহিদ কবীরের ভাষ্য, 'আমি প্রফেশনাল নই, ভকেশনাল। শিল্প আমার সাধনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, একটু ঘুরিয়ে বলতে চাই, আমি শুধু রঙতুলিতে ছবি আঁকি না, মনের রঙও মিশাতে চেষ্টা করি, এবং প্রাণ দেয়ার চেষ্টা করি। ভালোবাসা তৈরি করি। আমি প্রসব বেদনায় স্পেনিশ ভাষায় 'দলবদে পারতো' ধাত্রী মাত্র! সে জন্য ইন্দ্রিয় অনুভূতিকে আমার কাজে ও কারুকাজে ফুলের মতো ফোটাতে চাই। শুধু আনন্দের অনুভূতি দিয়েই নয়, পিত্তের তিক্ত বিষ মিশিয়ে, বেদনায় ভরা যন্ত্রণা এবং চোখের কালো জল মিশিয়ে মাত্রা দিতে চাই।
কানাডার হিটটিত গ্যালারীতে ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, ড. আনিসুজ্জামান, সারাহ্ ও সৈয়দ ইকবাল
২০০৮-এর মার্চে 'চিত্রক'-এ এই বরেণ্য শিল্পীর প্রদর্শনীর নিমন্ত্রণ পত্রে নিসার হোসেন মূল্যায়ন করেছেন এই ভাবে, 'কবীর তাঁর অসাধারণ শৈল্পিক প্রতিভার স্ফুরণ ঘটিয়ে ৭০ দশকের শেষ ভাগেই অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে খ্যাতির শীর্ষে পৌঁছান।…. রূপ ভেদ করে রূপের অতলে পৌঁছতে প্রলুব্ধ করে তখন অলংকার প্রসাধনের আবরণ সরিয়ে উদোম চিত্রতলকে রীতিমত ব্যবচ্ছেদ করে, চিত্রের পরতে পরতে তিনি নিজেই যেন বিলীন হয়ে যেতে থাকেন।'
আর মাদ্রিদের দুই দর্শক এসে অভিভূত হয়ে মন্তব্য করেন, 'এই শিল্পীর চিত্রকর্মে ইন্দ্রিয় অনুভূতি খুবই তীব্র!' এই তীব্রতা তাদের দেশীয় প্রভাব অনুভব করায়।
এতে স্পষ্ট হয়, শহিদ কবীর ভিন্ন ভিন্ন চিন্তা, চেতনা, বোধ, ভালোবাসাকে এক সাথে সমন্বয় করার অসাধারণ ক্ষমতা রাখেন। যা দর্শকের হৃদয়কে স্পর্শ করে।
ঢাকার মতোই মাদ্রিদ তাঁর অন্যতম প্রিয় স্থান। এ প্রসঙ্গে বলেন, 'যে নিজের মাকে ভালোবাসে, সে অন্যের মাকেও ভালোবাসে। সকল মা-ই এক! তাই সর্বত্রই আমার জননী আমার জন্য হাত বাড়িয়ে থাকেন।'
ব্রাজিলিয়ান পরিচালক ক্লেই দে নির্মাণ করেছেন 'মাদ্রিদ: আর্ট মেইকার' নামে ৫ জন খ্যাতিমানের একটি ডকুমেন্টারি। এর মধ্যে তিনিও একজন।
এবার বাংলাদেশের এন রাশেদ চৌধুরী শহিদ কবীরকে নিয়ে পৃথক একটি ডকুমেন্টারি তৈরি করেছেন। ঢাকার পর্ব শেষ। কানাডায় স্যুটিং করেছেন আমিনুল ইসলাম খোকন। একটা অংশ নেয়া হবে ক্লেই দে'র ডকুমেন্টারি থেকে। তবে তিনি ডকুমেন্টারির নাম পুরোটা সঠিক ভাবে মনে করতে পারলেন না; বললেন, "হয়ত এরকম, 'পদ্মা: হেম সরোবরের খোঁজে'।"
মাদ্রিদে শহিদ কবীরের বেশ কিছু ভাবশিষ্য আছে। তাঁরা এখন প্রফেশনাল শিল্পী, তাঁদের মধ্যে একজন মিগেল অলিভোর। তিনি বাংলাদেশ ঘুরে গিয়ে বলেছেন, 'আমি এক নাবিক। এখন যেন শুকনায় পড়ে আছি।' মিগেল বাংলাদেশের প্রেমে পড়েছেন। বরিশালে গিয়ে বাংলার নৈসর্গিক চিত্রকে ক্যানভাসে বন্দি করেছেন। আগামী বছর মিগেলের প্রদর্শনী হবে ঢাকায়। বাংলাদেশের মানুষ মিগেলকে 'মৃগেল' বলে ভাবে। এতে সে খুব খুশী।
শহিদ কবীর নিজের কথা ছাড়াও এভাবে শিক্ষক-ছাত্র আর শিষ্যদের কথা বললেন। বললেন পরিবারের কথা। মা রোকেয়া বেগম, (তিনিও ছবি আঁকতেন), স্ত্রী ফেরদৌসী আখতার লাভলী, একমাত্র কন্যা লাবিবা এবং নাতনি আরিয়া। মা নেই, স্ত্রী নেই। কন্যা আর নাতনি থাকে টরন্টোতে। টরন্টোর প্রতি তাই আলাদা একটা টান অনুভব করেন।
স্ত্রী লাভলীও আর্ট কলেজের ছাত্র ছিলেন। তাঁর চার বছরের জুনিয়র। লাভলী তাইওয়ানে এচিং প্রিন্ট ইন্টারন্যাশনাল বিএনাল গ্রান্ড এওয়ার্ড পেয়েছিলেন। নিউ ইয়র্ক-ওয়াশিংটন পথে সড়ক দুর্ঘটনায় মারা যান, ২২ আগস্ট ১৯৯০-এ মৃত্যুর পর টরন্টোতে তার একটি একক প্রদর্শনী হয়, ১৯৯২ সালে।
পরিবারের অনেকেই শিল্পসংস্কৃতি জগতের মানুষ। যেমন চলচ্চিত্রকার আলমগীর কবির তাঁর চাচাতো ভাই, নাট্যকার মমতাজ বেগম চাচাতো বোন, ছোট ভাই শাহরিয়ার তালুকদার চট্টগ্রাম আর্ট ইনস্টিটিউটের শিক্ষক, ভাগ্নে শিপলু ছিল শিশু অভিনেতা…. । কিন্তু শিপলু আর অভিনয় করে না। তারা স্বামী-স্ত্রী দু'জনেই ডাক্তার, দুজনেই জাপান থেকে ডক্টরেট করে এখন কানাডায়।
প্রবাসী বাঙালিদের সম্পর্কে দুঃখ করে বলেন, 'তাদের বিভিন্ন অনুষ্ঠানে বলিউড মিউজিক বাজে, অথচ তারা সেলিন ডিয়ন বা ব্যাড আদমের গান শোনে না; রবীন্দ্রনাথ পড়ে না। বাংলা সংস্কৃতির প্রতি তাঁদের নেতিবাচক ধারণা। যাঁরা বাংলাকে আপন ভাবতে পারেনি, তাঁরা কানাডা কিংবা অন্য দেশকে কী ভাবে ভালোবাসবে?'
শহিদ কবীর বললেন, 'ঢাকায় নাকি আরো একজন শহিদ কবির আছেন, গান করেন। তুমি জানো? একবার গোগোলে সার্চ দিয়ে দেখেছি, ভারতে এক কবি ছিলেন, তাঁর নামও শহিদ কবির।' তিনি আরো বললেন, 'আমার পুরো নাম শহিদ কবীর তালুকদার। আর পাসপোর্টে 'শহিদ কবির তালুকদার বেগম, তালুকদার আমাদের পদবী।'
-কিন্তু বেগম! বেগম কেন?
-"স্পেনে নিজের নামের সাথে অবশ্যই মা'র নামের শেষাংশ যুক্ত করতে হয়। তাই আমিও 'বেগম' হয়ে গেলাম; যেমন পিকাসোর প্রকৃত নাম পাবলো, কিন্তু তিনি পিকাসো নামেই পরিচিত। অথচ পিকাসো তাঁর মা'র নাম।"
এলোমেলো আড্ডা আলোচনায় ঘুরে ফিরে কবিতার কথা এলো। তিনি বললেন, দেখো নজরুল লিখেছেন 'আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় অই।' আর গার্সিয়া লোরকা লিখেছেন 'বিকেলটা যেন নদীর পাড়ে শুকোতে দেয়া '… মনে হয় না একই রকম! আমি লেখক হলে এসব লিখতাম।
বললাম, চিত্র সমালোচনা করতে পারেন। আমাদের দেশে যারা চিত্র সমালোচক, তারা কেউ-ই শিল্পী নন। যেমন, সৈয়দ আলী আহসান, সৈয়দ মনজুরুল ইসলাম, মঈনুদ্দিন খালেদ প্রমুখ।
শহিদ কবীর মাথা ঝাঁকিয়ে বললেন, 'হুম। আসলেই তাই। তবে ইদানিং আরো তরুণ বেরিয়ে আসছে। আমি তাদের প্রতি আশাবাদী। তারুণ্য দরকার, তাঁরা নতুন চিন্তা করে, নতুন ধারণা লালন করে। তবে তারা আধুনিকতার সন্ধানে যদি শেকড় ছিঁড়ে ফেলে তাহলে ভুল করবে, সংস্কৃতির ক্ষতি হবে।
