২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে ছবি আঁকা হয়শেখ আফজালের ‘লাইফ’ (১ ও ২)

নাবীল অনুসূর্য

Published : 08 Sep 2010, 01:22 PM

Updated : 23 Jun 2022, 04:09 PM

শেখ আফজাল

শেখ আফজালের সাথে অ্যাপয়েন্টমেন্ট করাই ছিলো। সময় মতো উপস্থিত হলাম তাঁর বাসাস্থ ছোট্ট, তুলনামূলকভাবে সাজানো গোছানোই বলা চলে, তারপরও আসলে এলোমেলোই, স্টুডিওতে। একপাশে সারিসারি করে রাখা তাঁর সাম্প্রতিক ছবিগুলো। উল্টোপাশেও কয়েকটা ছবি রাখা। মাটিতে একটা টুল। যার উপরে একটা ল্যাপটপ। চলছে, আরেকটা ল্যাপটপ পাশে, ঘুমন্ত। আর সারি সারি ছবির সামনে মেঝেতে ছড়ানো তাঁর অস্ত্রসমূহ। কয়েক ধরনের রং, ব্রাশ, তুলি, ইত্যাদি ইত্যাদি। কোণায় একটা সেলফে কিছু বই আর তাঁর বিভিন্ন এক্সিবিশনের ক্যাটালগ।

………
স্টুডিওর ক্যানভাসে প্রায় 'সমাপ্ত লাইফ-১'
………

আমরা সবকিছুর ঠিক মাঝখানে আসন গেড়ে বসলাম। সারি সারি ছবিগুলোকে সামনে রেখে। কথা বললাম মাসখানেকের মধ্যে আঁকা তাঁর দুটি ছবি নিয়ে।

কয়েকটা ছবির নিচ থেকে একটা ছবি বের করে সামনে রাখলেন। বললেন, 'ছবিটার নাম এখনো দেই নাই, তবে এটা হইতে পারে 'ফ্যামিলি', অথবা 'লাইফ'। ফ্যামিলির ভিতরে ছেলে (হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে), মেয়ে, তার বাবা এরকম একটা সিন। তুমি যে কোনো গ্রামের বাড়িতে দেখবে। বাজারে যাচ্ছে বা কোথাও যাইতেছে। ছেলেটা ঘাড়ে নিছে। এরকম কিন্তু আমরা দেখি। ওইটা আমি সরাসরি না এঁকে একটুখানি বোঝা যায়, বোঝা যায় না… এইভাবে আঁকি। আমার ছবিগুলো সবই নেচার থেকে নেয়া, দৈনন্দিন জীবনের প্রতিফলন।

'এই ছবিটা অ্যাক্রিলিকে আঁকা। ছবিটা আঁকছি হইছে এই তো মাসখানেক। একমাস দুইমাস এরকম। অনেকগুলো পেইন্টিং শুরু করি তো। ছবিটা যদি তুমি ভালো করে দেখো, কিছু কিছু লাইন ইউজ করা ভিতরে। পিছনে দেখো, একটা টেক্সচার ইউজ করা। মনে হয় না যে একটু উঁচু-নিচু? গ্রাউন্ডে কালার দিয়েই টেক্সচারটা তৈরি করা। আমি যদি শুধু ছবিটা আঁকতাম তাহলে ওইটা আলাদা হয়ে যেতো। টোটালটাই আমার ছবি। টোটালটা নিয়েই হলো আমার পেইন্টিং। আমি যদি শুধু এইটাই আঁকি, ব্যাকগ্রাউন্ডে যদি কিছুই না করি, শুধু সামনে দিয়েও যদি করি, সেটাও একরকম পেইন্টিং। তার কারণ স্পেসকে কাজে লাগানো, এটাও একটা স্পেসকে কাজে লাগানো, কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু দিয়ে এটার রিলেশন তৈরি করা। এইটা হলো আমার এই ছবির বৈশিষ্ট্য। আমার প্রায় প্রত্যেক ছবির এরকম একটা বৈশিষ্ট্য থাকে। ছবি যারা আঁকে তারা সবাই প্রায় এইরকম একটা নিয়মকানুন ফলো করে। আমি যে গ্রাউন্ডটা করবো এবং আমি যে অবজেক্ট দিবো তার ভিতর যেন একটা রিলেশন থাকে।

'পেইন্টিংটার রং অনেকটা গ্রে। এটা অনেকটা ইচ্ছা কইরাই মিনিমাইজড কালার ইউজ করছি। পরেরটা অনেকটা ইয়োলিশ, ওটা একটু গ্রে। একটা ফিলিংস তৈরি করার জন্য কালারটা এইরকম। অনেক সময় হইছে কী, মেঘলা দিন অনেকের ভাল্লাগে না অনেকের ভাল্লাগে, তাই না? অন্ধকার দেখলে ভয় করে না? অনেকের আবার ভাল্লাগে, অন্ধকার ভাল্লাগে। অন্যরকম একটা ফিলিংস হয়। গন্ধ—ছোটবেলায় হাসনাহেনার গন্ধ পেয়েছিলাম, এখন হঠাৎ একটু হাসনাহেনার গন্ধ পাইলা, মনে হবে ছোটবেলায় জঙ্গলের পাশ দিয়ে যাইতেছিলাম, ঠিক ওই টাইমের কথা মনে পড়ে—না? এইগুলা একটা ফিলিংস তৈরি করে। বা ধরো বিমর্ষ বা কোন সাধারণ ব্যাপার, অতো কালারফুল না, একটা কষ্ট… তুমি কী মনে করো এইটারে? বিষণ্নতা। অতি সাধারণ একটা পরিবার। তাই না? ফিলিংসটা নিয়ে আসার জন্যে এই কালার। যদি এইটা লাল নীল হইতো, সেইটা অন্য জিনিস হইতো। পরিবেশ, ফিলিংস, এটা ওটা দেয়ার জন্য কালারটা এরকম।

'কিন্তু ছবিটা প্রথমেই যে এরকম তা না। মনে হলো এরকম ভালো লাগতেছে, বাস, ওখানে থেমে গেলাম। পরে আর আগালাম না। ভাল্লাগতেছে ছবি, বাস ওখানে ফিনিশড। আবার দেখা যায় মুডের উপরে নির্ভর করতেছে, আমার এখন মুডটা কী রকম? হয়তো এই ছবিটাই একসময় মনে হবে, আরে এই ছবিটা এইভাবে আঁকলে কেমন হয়? হয়তো আবার চেঞ্জ করেও ফেলতে পারি, ঠিক নাই। কিন্তু আমরা মোটামুটি একটা পর্যায়ে এসে, ঠিক আছে এইটা ভাল্লাগতেছে, এইটা স্টপ, আর কাজ করবো না—শেষ। তা নাহলে ছবি আবার শেষ করা মুশকিল, কোথায় শেষ করবো!

আরেকজন আবার দেখলে বলবে, এই তোমার এখানে এইটা দিলে আরেকটু ভালো হইতো না? কিংবা ওইখানে ওইটা দিলে আরেকটু ভালো হইতো না? একেক জনের ক্যারেক্টার একেক রকম। অভিজ্ঞতা, সেন্স সবকিছু মিলিয়ে সে কমেন্ট করে। হ্যাঁ, হয়তো তার এইটা ভাল্লাগতেছে না। ওইরকম হইলে বোধ হয় ভাল্লাগতো, ওটা সে বলে। কিন্তু যে শিল্পী, মোটামুটি যার ডিসিশন উইক, সে কিন্তু "তাই তো, ও তো ঠিক বলছে…" বাস, চেঞ্জ করা শুরু করলো! এটা একেকজনের উপর, একেকটা ক্যারেক্টারের উপর নির্ভর করে।'

………
লাইফ-২
………

কথা হলো 'লাইফ-১'-এর পাশাপাশি আঁকা 'লাইফ-২' নিয়েও। এটিও ক্যানভাসের উপর অ্যাক্রিলিকে আঁকা। কেবল এটার ক্যানভাসটি বর্গাকৃতির, 'লাইফ-১'-এর ক্যানভাসটি ছিলো আয়তাকার। এ ছবিটি নিয়ে তিনি বললেন, 'ছবিটাতে দেখতেছো মা একটা বাচ্চারে কোলে কইরা ওদিক ঘুইরা বসে রইছে। হয়তো বা ব্রেস্ট ফিডিং করাইতেছে, ছেলেটা পাশে বইসা রইছে, এরকম তো দেখা যায়, তাই না? কিন্তু, কালারটাও প্রায় একইরকম… ঐ একই। (গুনগুন করে কিছুক্ষণ গান গেয়ে চানাচুর মুখে দিয়ে চায়ের কাপে কয়েকটা চুমুক দিলেন) আচ্ছা, কী যেন বলতেছিলাম?… এটার কালারও ওইরকমই, কিছুটা মিনিমাইজড কালারে আঁকা, দেখো রেডের—ফিগারের কিছু জায়গায় রেড ইউজ করছি, একেবারে মিনিমাইজড কালারে। যেমন 'লাইফ-১'-এর ভিতরেও কিন্তু রেড আছে, কিন্তু এইটার ভিতরে একটু বেশি, আবার ব্লু রংটাও ইউজ করা। এই থিমটাও প্রায় একই রকম। বাংলাদেশের মানুষের লাইফ এটা। মানে আমাদের বড়লোকদের লাইফ অন্যরকম, কিন্তু আমরা যেটা পথেঘাটে দেখি, যেখানে দেখি না কেন, সেম জিনিস, হ্যাঁ।'

'আমি ছবি আঁকার আগে মোটামুটি প্লান করি, খসড়া কইরা আঁকি। একটা লেআউটের মতো করি। হালকা ড্রইং-ট্রইং করে মোটামুটি ইমেজ মাথার ভিতর থাকলো। আঁকার সময় চেঞ্জ হয়ে যায়, কারণ এর ব্যাকগ্রাউন্ড। ছবি এবং ব্যাকগ্রাউন্ডের রিলেশন করতে যাইয়া অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আবার ভালো হইলো না, ওইটাকে চেঞ্জ করে ফেললাম—এইরকম। তো এই হইলো ঘটনা।'

আমি খসড়াগুলো দেখতে চাইলাম—'খসড়াগুলা কই?'

"লাইফ-১' এর খসড়া বোধহয় আর নাই, হারায় গেছে, দেখি খুঁইজা পাই নাকি।' একটা ছোট আর্টখাতা বের করে খুঁজতে লাগলেন। 'এই যে এইটার ['লাইফ-২'] খসড়া পাইছি। কিন্তু… নাই, ওইটার খসড়া আর নাই।'

………
খসড়া: লাইফ-২
………
'তবে পেইন্টিংটা শুরু করার আগে আমি ক্যানভাসটা প্রিপেয়ার করি। ক্যানভাসে ব্রাশ, নাইফ, রোলার এগুলো দিয়ে টেক্সচারটা আনি—ওই উঁচু-নিচু একটা ইয়া দেখো না, টেক্সচার। এই জিনিসটা নেই। এটা না নিলে হবে কী… যেমন ক্যানভাস যেটা আমরা নিই, যেটা সারফেস, সারফেসরে যখন নিই, তখনই তো আমরা কাজটা শুরু করি। এখন ব্যাপার হচ্ছে কী, ক্যানভাসেরও একটা রিপিটেশন—একটা টেক্সচার থাকে। পেইন্টিং করে হয়তো একটা ভেতরের ফর্ম তৈরি হয়, ওই ফর্মকে বেস করে ওর ভিতরে ফিগার দেই। যেমন এই জায়গায়, এখানে একটা টেক্সচার আছে না, [আরেকটা ক্যানভাস দেখিয়ে, যেখানে কেবল টেক্সচারটা তৈরি করা হয়েছে, ছবি এখনো তিনি আঁকেননি।] এটাতে আমি হয়তো বা পরে ফিগারের ভিতরে ফিগার তৈরি করবো। হ্যাঁ, পরে ফিগারটা তৈরি করে, ভিতরে ওই ইয়াটা দিবো আর কি—অবজেক্টগুলা দিয়ে দিবো।'

তাঁর সমসাময়িক অনেক শিল্পীই রিয়েলিস্টিক ফর্মে ছবি না এঁকে বেছে নিয়েছিলেন অ্যাবস্ট্রাক্ট ফর্মকে। তিনি কেন রিয়েলিস্টিক ফর্ম বেছে নিলেন? জিজ্ঞেস করলে তিনি এর উত্তরে তাঁর শিল্পীজীবনের, ঠিক শিল্পীজীবন না, প্রাক-শিল্পীজীবন বা শিল্পীজীবনের প্রস্তুতিপর্ব বা শিক্ষাজীবনের আদ্যোপান্তের বর্ণনাই দিলেন।

'আমি নাইন্টিন সেভেন্টি সিক্সে এখানে আসছি। চারুকলা তখন আর্ট কলেজ ছিল। পরে ইন্সটিটিউট হইলো, এখন তো ফ্যাকাল্টি। তখন ম্যাট্রিক পাস করে এখানে আসছি। আসার পরে এখানে ড্রয়িং পেইন্টিং বিভাগে ভর্তি হই। আগে আমাদের একসাথে ক্লাশ হইতো। সমস্ত ডিপার্টমেন্টের ক্লাশ একসাথে হতো। সেটাকে প্রি-ডিগ্রি বলে। প্রি-ডিগ্রি ২ বছর, যেইটা হইলো ইন্টারমিডিয়েট লেভেল। তারপর ৩ বছর হইলো ডিগ্রি। তারপর ২ বছর মাস্টার ডিগ্রি। আমি পেইন্টিংয়ে ভর্তি হওয়ার পরে এগুলো সব পাশ করলাম। মাস্টার ডিগ্রি ভর্তি হওয়ার পরে মনবুশো স্কলারশিপ পেলাম। জাপান সরকার দেয় যে, প্রত্যেক বছরই আমাদের ছেলেপেলেরা যায়। এবারও বোধহয় যাচ্ছে একটা ছেলে, পরের বছরও যাবে, মেইনলি যায় ড্রইং এন্ড পেইন্টিং আর গ্রাফিক প্রিন্ট থেকে, তারপর গ্রাফিক ডিজাইন থেকেও যায়। তবে যে কোনো জায়গা থেকে একজন। ফাইন আর্টস থেকে একজন, তবে আগে দুইজনও গেছে, যেমন গত বছরই তো দুইজন গেছে, তার আগে একজন গেছে। তো যখন জাপান…—আচ্ছা, যখন আমি এখানে আঁকলাম ছবি, অনেকটা রিয়েলিস্টিক ফর্মে, কিন্তু কিছুটা সেমি রিয়েলিস্টিক ফর্মে আবার কিছুটা অ্যাবস্ট্রাক্ট, এরকম—এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম। তারপর তো ওখানে স্কলারশিপ নিয়ে গেলাম, জাপানে। ওদের ইসে পড়তে গেলাম, ওয়েস্টার্ন স্টাইল পেইন্টিং। সেটা অ্যাক্রিলিক কালার হতে পারে, অয়েল কালার হতে পারে, এগুলি, জলরংও হতে পারে। আর অন্যান্য ডিপার্টমেন্টও আছে, সেটা তো আর আমি জানি না, যেহেতু আমি অয়েল পেইন্টিং নিয়ে পড়ে তারপর ওখানে গেছি। তো ওখানে পড়তে পড়তে দেখা যেতো অ্যাবস্ট্রাক্ট দেখে আমি অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং শুরু করছি। তো আমার যে প্রফেসর ছিলেন উনি হলেন তানাকাইয়োশি তাকা। হ্যাঁ, উনি একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মে… এবং ইম্প্রেশনিস্ট—এই টাইপ, না ইম্প্রেশনিস্ট না, এক্সপ্রেশনিস্ট টাইপ ছবি আঁকতো। হ্যাঁ, তো উনার আন্ডারে ছবি আঁকা শুরু করলাম তখন ওই ফর্মে। একটু অ্যাবস্ট্রাক্ট ফর্ম বা ইয়া। তার কিছুদিন পরে আমার ওই টিচারটা মারা যায়। অনেক বয়স হইছে তো, অসুখে মারা যায়। মারা যাওয়ার পরে আমি যে প্রফেসরের আন্ডারে পড়লাম, সে প্রফেসর আবার রিয়েলিস্টিক পেইন্টিং পছন্দ করতো। তো আমার তানাকা স্যার যখন অসুস্থ হয়ে পড়লো, তখন উনার আন্ডারে আমাকে দিয়ে দিলেন, যে তুমি উনার আন্ডারে পড়বা।"

"তো উনি তখন আমার সমস্ত ফাইল, আমার পেইন্টিং, ফটোগ্রাফস—এগুলো সব দেখলেন, দেখার পরে, বললেন যে, 'আসলে তুমি যেগুলা আঁকতেছো সেগুলা তোমার ওয়ে না, এখন তোমাকে অন্যভাবে চেষ্টা করতে হবে।' তো তখন আমি ইয়ে করলাম—ঠিক আছে, চেষ্টা করবো। 'এবং যেটায় তুমি ইকটু ইজি মনে করো, বা তুমি প্রথম টোকিওতে অনেক ইয়ে দেখো—পেইন্টিং এক্সিবিশন দেখো। এক্সিবিশন দেখলে তোমার একটা ধারণা হবে। সেই ধারণা থেকে তুমি তোমার স্টাইল মিলায়ে একটা জিনিশ দাঁড় করাতে পারবা। তার কারণ এই অ্যাবস্ট্রাক্ট, এই রিয়েলিস্টিক, এটা ওটা, তুমি তো আনসার্টেন, বুঝতে পারতেছো না কোনদিকে যাবা। এটা তোমার আগে দেখতে হবে।' তখন প্রায় সপ্তায় সপ্তায় টোকিওতে যেয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল এক্সিবিশন, তারপর ওদের লোকাল এক্সিবিশন এগুলা দেখতাম। দেখতে দেখতে দেখি যে, আমি প্রথম তো রিসার্চ শুরু করি, দেড় বছর, রিসার্চ শেষ হলো, তারপর ডিগ্রিতে, না, কোর্সে ভর্তি হলাম পরীক্ষা-টরিক্ষা এগুলা দিয়ে। কোর্সে ভর্তি হওয়ার পরে প্রায় এক বছর চলে গেছিল। চলে যাওয়ার পরে যেগুলো ছবি আঁকতে লাগলাম ওইগুলো দেখি যে আমার প্রফেসর একটু পছন্দ করলো। যে, 'হ্যাঁ এইভাবে তুমি আগাইতে পারো, কাছাকাছি আসছো।' তো, এইটা তখন দেখলাম একটু রিয়েলিস্টিক ফর্ম। আগে আমি মনে করতাম যেইটা.. অবশ্য আমার ঢাকার প্রফেসর বাসেত স্যার, রফিকুন্নবী স্যার—উনি তো আমার প্রফেসর ছিলেন, আমার গাইড ছিলেন—আব্দুল বাসেত, উনাদের আন্ডারে যখন, উনারা তো সবাই, নবী স্যার রিয়েলিস্টিক পেইন্টিং করেন। কিন্তু আমার এডভাইজার ছিলেন হইলো বাসেত স্যার, বাসেত স্যার অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং করতেন। কিন্তু উনি প্রায়ই বলতেন, 'তুমি শুধু অ্যাবস্ট্রাক্ট করার জন্য চেষ্টা করতেছ কেন? তুমি রিয়েলিস্টিক করো, রিয়েলিস্টিক দিয়েও মডার্ন আর্ট হতে পারে। শুধু যে অ্যাবস্ট্রাক্ট আঁকলেই মডার্ন হবে, তা না। রিয়েলিস্টিক আঁকো।' তো তখন তো আর বিশ্বাস করতাম না, কয় কী! উনি তো করতেছে অ্যাবস্ট্রাক্ট আর আমারে রিয়েলিস্টিক করতে কয়, আমারে কি ডুবাইবো নাকি? এরকম মনে করতাম আর কি! পরে দেখি আমাদের ইয়ে স্যার, রনবী স্যারও একইরকম, 'তুমি ওদিকে যাও ক্যান? তোমার, যেইটা তুমি ভালো মনে করো, সেইটা করো। রিয়েলিস্টিক কাজ করতে পারো।' মুশকিল ছিলো যে, ওইরকম ইন্টারন্যাশনাল এক্সিবিশন তো আমাদের এইখানে হয় না! এইটাই—আমাদের হরেক রকম ছবির এক্সিবিশন দেখার ওইরকম সুযোগ নাই। এইটা এখন তো, ইন্টারনেটে গেলেই তো সারা দুনিয়া দেখা যায়, ওইটা তখন ছিলো না। তো যাই হোক, এটা ইয়া করতে লাগলাম। তখন 'নিকি আর্ট এক্সিবিশন' একটা টোকিওতে, এখন খুব বড় এক্সিবিশন হয়ে গেছে পুরা জাপানে, ওই এক্সিবিশনে আমি একজন মেম্বার ছিলাম। ওইখানে পার্টিসিপেট করতাম, তারপরে ওখান থেকে পুরস্কারও পেয়েছি। তবে ঢাকা থেকেও পুরস্কার অনেক পেয়েছিলাম, যখন এখানে পড়তাম তখন প্রত্যেক বছরই পুরস্কার পেতাম, ক্লাশ পুরস্কার, বেস্ট পুরস্কার, এগুলা পেতাম। তো ওখানে, ওদের এনএসকে পুরস্কার পেয়েছিলাম, তারপর ওই 'নিকি আর্ট এক্সিবিশন'-এ দুইবার পুরস্কার পেয়েছিলাম। তো এইগুলো (যখন পেলাম), তখন দেখলাম যে, না, তার কারণ চেঞ্জ করার, সাহস করার একটা ব্যাপার, আমি এই ধরনের ছবি আঁকি, কিন্তু এই ধরনের ছবি আঁকতে যে সাহস দরকার, ওই সাহসটা মোটামুটি তখন চলে আসছে, যে ঠিক আছে এরকম করেও তো আঁকা যায়। তো ওইটা এঁকে তখন ওখানে খুব প্রশংসাও পেলাম। আমার প্রফেসর খুব ইয়ে করলেন যে 'না, তুমি তোমার যে ধরনের কাজ, তোমার ক্যারেক্টার, সবকিছু মিলে এই টাইপের কাজ তুমি শুরু করো।' তো তখন আমি যে কাজগুলো শুরু করলাম, সেগুলা অনেকটা রিয়েলিস্টিক। তো এখন যেরকম ছবি আঁকি, সেরকম সবই ওইরকম ফিগার—বাচ্চা, মেইনলি হলো আমি বাচ্চাদের ছবি বেশি আঁকি। সাবজেক্ট হইলো ফিগার, অবজেক্ট হইলো সবই বাচ্চা, ফিগার নিয়ে করা।"

নিজের স্টুডিওতে বসে আঁকার প্রস্তুতি নিচ্ছেন শেখ আফজাল।

এখনকার শিল্পীদের নিয়ে তাঁর চিন্তাভাবনা কী? মানে তরুণ শিল্পীদের কাজকে তিনি কীভাবে মূল্যায়ন করেন? এসব নিয়েও তিনি কথা বললেন। "এখন, আমাদের দেশে যে, নতুন শিল্পীরা যে ছবি আঁকছে, তার ভিতরে ইয়াংরা অ্যাবস্ট্রাক্ট থেকে আমার মনে হয়, ফিগার পেইন্টিংয়ের দিকে একটু বেশি ঝুঁকছে। এইটা কিন্তু আগে কিন্তু, সিক্সটিজ—ওই সময়টায় অ্যাবস্ট্রাক্টটা বেশি ছিলো। তখন আমাদের শিক্ষক যারা, বা তাদের শিক্ষক, যেমন আমিনুল ইসলাম স্যার, এরকম মূর্তজা বশীর, রশীদ চৌধুরী—ইনারা বিদেশে গিয়ে না একটু অ্যাবস্ট্রাক্ট, এই টাইপের, তখন অ্যাবস্ট্রাক্টের এই রকম একটা যুগ চলতেছিলো; কিন্তু না, তখন রিয়েলিস্টিকও একরকম চলতেছিলো, কিন্তু তারা অ্যাবস্ট্রাক্টের দিকে বেশি ঝুঁকে পড়ছিলো, এইটা আমার ধারণা। আমার যেইটা মনে হয়, জয়নুল আবেদীন আর্ট কলেজ করার পরে—আর্ট স্কুল করার পরে, জয়নুল আবেদীন তো রিয়েলিস্টিক ইয়াটা শুরু করে, উনার ড্রয়িংটা হইলো মেইন। অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং উনার অতোটা দেখি নাই। উনি মেইনলি ফিগার নিয়েই কাজ করতেন। যদিও একটু স্টাইলিক, স্টাইলিক ফিগার, হু, লম্বা, গলা লম্বা, এরকম, এই টাইপের, কিন্তু মেইনলি ফিগার নিয়ে কাজ করতেন। তো ওইটা যারা উনার ছাত্র-ছাত্রী এরা বিদেশে যেয়েই না একটা কী যেন—একটা অনীহা কিংবা যাই হোক না কেন আমি বুঝতে পারি নাই, তারা অ্যাবস্ট্রাক্টের দিকেই ঝুঁকে পড়লো। তো তার কারণ রিয়েলিস্টিক তো বাংলাদেশে হচ্ছেই, এরকমও ধারণা হইতে পারে। আমরা একটা নতুন কিছু নিয়ে যাই। তখন অ্যাবস্ট্রাক্টটা ইয়ে করলো আরকি। তো এটা আমার ধারণা। আবার অন্যজন কইলে হয়তো অন্যরকম মিনিংস, অন্যরকম এক্সপ্লেনেশন করবে।"

"এখন ছবি আঁকার যে ব্যাপারটা, এখন শিল্পী অনেক বেড়ে গেছে। এখন দেখা যায় যে অন্যান্য দেশের থেকে—আমাদের এশিয়ার ভিতর অন্যান্য দেশের থেকে—বাংলাদেশের শিল্পীরা ভালো ছবি আঁকতেছে। কারণ আমি তো, মাঝেমধ্যে এদিক ওদিক যাই তো, আমি দেখি, বিদেশে গেলে দেখি, বিদেশের আর্টিস্টদের এক্সিবিশন দেখি, এশিয়ান আর্ট এক্সিবিশন দেখি, দেখা যায় যে আমাদের ইয়াংরা—মোটামুটি এখন যারা ছবি আঁকতেছে, খুব ভালো ছবি আঁকতেছে। খুব স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ড। এটা কিন্তু আমাদের ছেলেরা, নতুন ছেলেরা, ওরা এগুলো করতেছে।

তো ওইজন্যে, এবং আর্টের কদরটাও বেশি, সেটার মূল্যায়নটাও বেশি হচ্ছে। অনেক আর্ট কালেক্টর বের হয়ে গেছে বাংলাদেশে, যেটা আগে মোটেও ছিলো না। আগে যারা ছবি আঁকতো, বিশেষ করে আমরা যখন এখানে ছাত্র ছিলাম, ম্যাক্সিমামই দেখা যাইতো যে, বিদেশীরা ছবি কিনতো। কিন্তু এখন দেখা যায় যে বিদেশী অতো না, আমাদের বাংলাদেশীরাই অনেক কালেক্ট করতেছে। সেটা ভালোর দিকে, তাই না? আর্ট লাভার বেড়ে গেছে। অনেক ইয়াংরা, যাদের মোটামুটি টাকা হইছে—অনেকরকম বিজনেস কইরা-টইরা, তারা কিন্তু আর্টের দিকে ঝুঁকছে, তাদের ড্রইংরুমে একটা ভালো শিল্পীর একটা আর্ট রাখতে চায় বা আর্ট কালেকশন করতে গেলে অনেক শিল্পীর কালেকশন করতে হয়, ওগুলো তারা কালেক্ট করতেছে।

এগুলোর দিক দিয়ে আমি শুধু একজন আর্টিস্টের নাম বলতেছি না, এরকম অনেক আর্টিস্ট আছে বাংলাদেশে, যাদের ছবির কদর অনেক বেশি, প্রাইস অনেক হাই। এখন জাপানের কিন্তু খুব বাজে অবস্থা, ছবির মার্কেট অত ভালো না, কিন্তু বাংলাদেশের অনেক ভালো অবস্থা।… আগে যেটা কোনো বাপ-মা পছন্দ করতো না, এখনও অবশ্য তাই, অনেক বাপ-মা পছন্দ করেন না, যে ছবি আঁকার ভবিষ্যৎ নাই, তো এরকম আমার মনে হয় শুধু ছবি আঁকার ভবিষ্যৎ না, অনেক ডাক্তারি পড়া ছেলেপেলেও তো অনেক ঘুরে বেড়াইতেছে, তাই না? ভালো না করলে কোথাও কদর নাই। ভালো করতে পারলে ভালো, ভালো করতে পারবে না তো বাস—এটা যে কোনো জায়গায়। আমাদের সময় তো চারুকলায় আমরা প্রায় ২০ জন পেইন্টিংয়ে পড়াশুনা করছি, আমাদের মধ্যে তো দশজনও ছবি আঁকতেছে বলে আমি জানি না। আর দশজন চলে গেছে, কোনো ইয়ারের দেখা গেছে যে একজনও নাই, ছবির লাইনে নাই, বিজনেস করতেছে।

আমার মনে হয়, ছবির ভবিষ্যৎ ভালো বাংলাদেশে। এশিয়ান আর্ট হয় বা অন্যান্য আর্টের এক্সিবিশন হয়, তখন আমরা দেখি যে বাংলাদেশে আর্টের কোয়ালিটিটা অনেক সুন্দর, অনেক হাই। এখন ডিজিটাল যুগ হওয়াতে ইন্টারনেটে গেলে দুনিয়ার ছবি দেখা যায়, তো এগুলা দেখতেছে। এবং তাদের ভিতর একটা, ঐ চয়েসটা করতে পারতেছে যে আমি কী ধরনের ছবি আঁকবো। এখন দুনিয়ায় কী ধরনের যুগ চলতেছে, ইন্টারনেটে ঘুরলেই পেয়ে যাচ্ছে। এইটার একটা প্রভাব, বাংলাদেশে যারা মোটামুটি আর্টের দিকে ঝুঁকতেছে তারা মোটামুটি ভালো করতেছে। এবং ভবিষ্যৎ ভালো।"

কিন্তু এরপর আমাদের কথার বিষয়বস্তু যে কীভাবে কোনদিকে মোড় নিলো তা বুঝতে পারলাম না; 'এক জাপানিজ আসছে কালকে, কয়েকদিন আগে, সে কোনোদিন আসেনি, বাংলাদেশে এই প্রথম আসছে, প্রথম আইসা কইতেছে এত লোওওক বাংলাদেশে! সবসময় মনে হচ্ছে যে উৎসব হচ্ছে। ওদের কাছে উৎসব লাগে। এত লোক। এটা তো, আমাদের দেশে লোকের অভাব নাই, এত লোক। এদিকে মেইনলি আসে তোমার হইলো যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় হয়, নদী ভাঙে, যেমন পদ্মা নদী ভাঙে, ওই জায়গা চিন্তা করলে একটা জিনিস দেখো, আমরা কতো সুখে আছি, যার কারণ…।'

কারণটা আর শোনা হলো না, বদলে আমরা পদ্মার বাংলাদেশে প্রবেশ আর মহানন্দার অবস্থান নিয়ে আলোচনায় নিমগ্ন হয়ে গেলাম, অতঃপর ভুলে গেলাম কারণটার অনুপস্থিতির কথা। আর তিনি তাঁর এ দীর্ঘ আলাপচারিতা শেষ করলেন এই বলে, 'চানাচুর হইলো ডেঞ্জারাস খাবার, একবার খাইতে শুরু করলে আর থামা যায় না।' তিনি তার শেষ মুঠো চানাচুর খেতে সক্ষম হলেও আমি পারলাম না, আরো বেশ কিছুক্ষণ খাওয়া চালিয়ে গেলাম।

যা হোক, আমাদের অসমবয়সীদের সে আলোচনার দৈর্ঘ্য আর খুব বেশি দীর্ঘ হলো না, আমি বের হয়ে তাকে বিদায় সম্ভাষণ করার আগেই তিনি বারকয়েক সম্ভাষণ করে, আমার হয়েও যেন বলে দিলেন; তবু আমি তাঁকে বিদায় সম্ভাষণ জানালাম। আর তাঁর স্টুডিওতে ছবিগুলো প্রস্তুত হতে থাকলো, আসছে সেপ্টেম্বরে পাকিস্তানে গিয়ে মানুষকে মুগ্ধ করার জন্য।

[শেখ আফজালের জন্ম ১৯৬০ সালে ঝিনাইদহ জেলায়। ১৯৮৪ সালে তৎকালীন ইন্সটিটিউট অফ ফাইন আর্টস থেকে মাস্টার্স শেষ করে তিনি 'মনবুশো' স্কলারশিপ নিয়ে জাপানে যান। ১৯৯৩ সালে জাপানের ৎসুকুবা ইউনিভার্সিটি থেকে দ্বিতীয়বার মাস্টার্স পাশ করেন এবং ১৯৯৯ সালে জাপানিজ প্রিন্ট মেকিং ও সুমি আর্টের উপর কোর্স শেষ করে বাংলাদেশে আসেন। এ পর্যন্ত তিনি বাংলাদেশ, জাপান, ইতালি, বাহরাইন ও পাকিস্তানে প্রায় ১৬টির মতো সলো এক্সিবিশন করেছেন। এ ছাড়াও অসংখ্য গ্রুপ এক্সিবিশনে তাঁর ছবি প্রদর্শিত হয়েছে। এ পর্যন্ত নিকি আর্ট এক্সিবিশন পুরস্কার (জাপান), এনএইচকে পুরস্কার (জাপান), দেলোয়ার স্মৃতি পদক (বাংলাদেশ) সহ ১৫টিরও বেশি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ, ভারত ও ইতালিতে ১০টি আর্ট ক্যাম্পে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে (সাবেক ইন্সটিটিউট অফ ফাইন আর্টস, তারও আগে আর্ট কলেজ) ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।]

nabeelaljahan@gmail.com