২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুর্তজা বশীর আমার গুরু

কাজী রকিব

Published : 18 Aug 2020, 01:47 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


তখন আমি চট্টগ্রামে থাকি, ১৯৭৪ সালের শেষ দিকে। মেজদা টাকা পাঠান আমার জীবনযাপনের জন্য। তেলরংয়ে ছবি আঁকি বড় বড়। বাজারের কেনা টিউবে এতছবি আঁকা ঐ মাসোহারায় চলে না। কিছুমাস আগেই বশীর স্যারের সাথে পরিচয়। তিনি জানান টিউবের রংয়ের অনেক দাম, রং বানিয়ে কাজ করো, খরচ কম পরবে। আমাকে তিনি অক্সাইড রংদিয়ে তিসি তেল মিশিয়ে রং বানানো শেখান। বাজারে তিসিতেলে আস্থা কম, বললেন তাজা তেল নিয়ে পরিশুদ্ধ করতে পারলে ভালো। আমি ফরিদপুরের টেপাখোলা বাজারের পোদ্দারের দোকান থেকে সেরদরে তেল কিনি। পরিশুদ্ধ পদ্ধতিও শিখিয়ে দেন। প্রথমে এক বোতলের অর্ধেকটা তেল নিতে হবে। তাতে বাকি অর্ধেক চুনের পানি নিয়ে বোতলের মুখ বন্ধ করে বেশ ভালো করে ঝাকিয়ে নিতে হবে। এর পর অনেকটা সময় শান্তভাবে রেখে থিতিয়ে নিয়ে উপর থেকে তেলটুকু আলাদা পাত্রে ঢেলে নিতে হবে। ময়লা বা অন্য কিছু চুনের পানিতে থেকে যাবে। রসায়নবিদের মতো ব্যাবস্থা। তিনি ম্যটেরিয়েল নিয়ে কথাবার্তা বলতেন রসায়নবিদ বা পদার্থবিদের মতো। তখন মনে হতো কোন ল্যাবরেটরতে কাজ হচ্ছে। এরপর তিসিতেলকে উনুনে জ্বাল দিয়ে ঠান্ডা করে ব্যাবহার করতে হবে। এতে তেলরংয়ে ফাংগাস পরেনা। একেবারে বৈজ্ঞানিকের মতো কথাবার্তা ।

তিনি শিখিয়েছিলেন কিভাবে ম্যাস্টিক ভার্নিস বানাতে হবে। তেলরং চিত্র শুকিয়ে গেলে ম্যাস্টিক ভার্নিসের প্রলেপ দিতে বলতেন উজ্জ্বলতা রক্ষার জন্য। মনে রাখতে হবে প্রায় পঞ্চাশ বছর আগে বর্তমানের মতো আর্টম্যাটেরিয়াল বাংলাদেশে প্রচুর পাওয়া যেত না। আর দাম ছিলো বেশি। আমরা যারা ছাত্রাবস্থায় বেশি ছবি আঁকতে চাইতাম তাদের জন্য দামি রং ব্যাবহার করা সমস্যা ছিলো।

ক্যানভাস প্রিপারেশনের কায়দাও তিনি শিখিয়েছিলেন। হাসিদা ( হাসি চক্রবর্তী ) একসাথে প্রচুর ক্যানভাস তৈরি করতেন। থাকতেন সার্সন রোডের জয়পাহাড় স্টেটের এক বাড়ির ছয়তলায়। বিশাল হলঘরে আমি হাসিদার জন্য প্রায় চল্লিশটা ক্যানভাস প্রিপায়ার করি কয়েকদিন ধরে বশীর স্যারের শেখানো পদ্ধতিতে। মজুরী পাই চারটি ক্যানভাস আর একটা সেরোলিন ব্লু ক্যামেলের বড় টিউব। আমরা অক্সাইড গুড়া রংয়ে উজ্জ্বল রং পেতাম না। অক্সাইড ছাড়া অন্য কিছু রং পাওয়া যেতো কিছুটা উজ্জ্বল। কোন ক্যমিক্যাল রং ব্যাবহারে স্যারের আপত্তি ছিলো। কারণ সময়ের ব্যাবধানে আশেপাশে তা ছড়িয়ে ছবির রং নষ্ট করে দেয়ার প্রবণতা থাকতো। কিছু কিছু বিষয়ে বশীরস্যার ছিলেন খুব রক্ষনশীল।

আমি তখন স্যুররিয়ালিস্ট। দালি অনুসারী। আকাশ আমাকে আঁকতেই হতো। বড় আকাশ আমার ক্যানভাস জুড়ে। তিনি বলতেন আকাশ দেখো, সেখানে দেখার অনেক কিছু আছে। আমি টাকা বাঁচাতে চটের উপরে আঁকতাম। সুতি ক্যানভাসের দাম পাটের চট থেকে বেশি। তখন ঠাসবুননের একধরনের চট পাওয়া যেতো। মুসকিল হতো শিরিষ আঠা দেয়ার পর সারফেস ধারালো হয়ে যেতো। শিরিশকাগজ দিয়ে তা বারবার ঘসে, প্রলেপের পর প্রলেপ দিয়ে তাকে আঁকার উপযুক্ত করতাম। পদ্ধতি আমিই আবিষ্কার করে নিয়েছিলাম। তিনি সংযুক্ত করলেন প্রতি প্রলেপে একটু একটু করে তিসিতেল বাড়িয়ে নিতে। তাতে ভালো ফল পাওয়া গিয়েছিলো।


বশীর স্যার থাকতেন আলমাস সিনেমা হলের পাশের বিল্ডিংয়ের ডান উইংসের দোতলায়। বাড়িটা পরিচিত ছিলো রেডক্রস ভবন নামে। বিশাল ভবন, সামনে বিরাট চত্বর, বাগান। শুনেছি তিনি তাঁর বাড়িতে ছাত্রদের প্রবেশ ব্লক করতেন। আমার কোনদিন প্রবেশে অসুবিধা হয় নাই। বাড়িতে উঠতি বয়সের সুন্দরী কন্যা থাকলে পিতার সাবধানতা থাকে। আমাকে একদিন গল্পচ্ছলে বললেন, আর্টিস্ট সারাক্ষণই কাজের মধ্যে থাকে। এর ভিতরের অর্থ তখন বুঝিনি। প্রায় কুড়ি বছর লেগেছিল তা বুঝতে। যখন স্টুডিয়োতে কাজ করে তখন তো সরাসরি করেই, বাকী সময় ভাবনায় করে। ভাবনার মধ্যে আর্ট নির্মিত হতে থাকে। এই ভাবনাকে বিস্তৃত করতে বলতেন। আঁকো বা না আঁকো ভাবনায় বিচ্যুতি ঘটানো যাবে না।

তাঁর ড্রইং ক্লাশ করেছিলাম। ফুলশীট কার্টিজে পেন-এ ড্রইং। কাগজে কলম বসালে আর তোলা যেতো না। একবারে ড্রইং শেষ করে তারপর। ফিগার ড্রইং। আমার মানুষেরা কোমরের নিচ থেকে বড় হয়ে যেতো। তিনি বললেন, ড্রইং হলো কনফিডেন্স তৈরীর প্রাক্টিস। হাল ছাড়া যাবে না। তিনি বুদ্ধি দিলেন পা থেকে শুরু করো। দুয়েকটা ড্রইংয়ের পর দেখি প্রপোসন মিলে গেছে। ঐদিন পা থেকেই আঁকার নির্দেশ। পরদিন বললেন এবার মাথা থেকে আঁকো। আঁকলাম। বাহ, সমস্যা দূর হয়ে গেছে। স্যার বললেন, চোখ-মাথা-হাতের সমন্বয় লাগবে। বলতেন ড্রইং হলো ম্যাথামেটিক্স। সবকিছু অংকের মতো হিসাবের ব্যাপার, প্রপোশন হলো অংক। অথচ তাঁর ড্রইং কবিতার মতো।

তিনি বলতেন ভাবনা এগুতে এগুতে যখন কনফিডেন্সে আসবে, তখন শুরু করবে। তারপর বাকিটা যোগবিয়োগের ব্যাপার। ওভারওয়ার্ক নিরুৎসাহিত করতেন। বাড়তি কথা কেন বলবে।

ভাবনা পরিষ্কার হলে বাড়তি কথার দরকার পরে না। তিনি একটু অহংকারী ছিলেন বলে আমার মনে হতো। নিজেকে নিয়ে তাঁর গল্প ছিলো খুব। তিনি চট্টগ্রাম কলাভবনে স্টুডিয়ো ব্যাবহার করতেন, সময়টা ১৯৭৪ সাল। আঁকছেন 'এপিটাফ' সিরিজ। আমি, উত্তম ও দীপা তাঁর আঁকা দেখতে স্টুডিয়োতে যেতাম। তিনি অনেক কথা বলতেন। মানুষের মৃত্যুর পর চিহ্ন হিসাবে পাথর রাখা হয় সমাধিতে। পাথরের ক্ষয় খুব ধীর, দীর্ঘকাল পাথর মৃত ব্যাক্তির কথা আমাদের স্মরণে রাখে। তিনি পাথরের কিছু টুকরা আমাদের দেখাতেন। এর মধ্যের টেক্সার রং ইত্যাদি। একাত্তরের শহীদদের স্মরনে পাথরের ছবি বিমূর্ত আকারে এঁকেছেন সাদা পটভূমিতে। আজ তিনি চলে গেলেন। স্মৃতিতেই আমাদের মনে এফিটাফ রচনা হবে। যার সাথেই তাঁর যোগাযোগ ছিলো, প্রত্যকের মনেই ভিন্ন ভিন্ন এফিটাফ তৈরি হবে শিল্পী মুর্তজা বশীরের জন্য।